নাগেশ্বরীতে ডিএনসি সদস্যদের অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে সদস্যদের অভিযানে ১১ কেজি গাঁজাসহ  দুই মাদক ব্যবসায়ী  আটক হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নাগেশ্বরী উপজেলার মনোদ্দির তেপতি এলাকায় নাগেশ্বরী – কুড়িগ্রাম সড়কে অটোরিকশা তল্লাশি করে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের সাজেদুল ইসলামের ছেলে বুলবুল আলম মনু (২৬) এবং একই  গ্রামের আমিনুর রহমানের ছেলে রানা মিয়া (২৪)।

এ প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় জানান,  সোমবার দুপুরে কুড়িগ্রামগামী ওই অটোরিকশাটি তল্লাশী করে দুইজনের নিকট থেকে ১১ কেজি গাজা উদ্ধার করা হয়।

পরে নাগেশ্বরী থানায় দুইজনের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

নওগাঁয় চলতি বছর ৪৫৩০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলায় চলতি রবি/২০২১-২০২২ মওসুমে মোট ৪ হাজার ৫শ ৩০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের নানাভাবে উৎসাহ প্রদানসহ সর্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে। উল্লেখিত পরিমান জমি থেকে চলতি বছর ৫৪ হাজার ২শ ৬৯ মেট্রিকটন পেঁয়াজ উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ প্রত্যাশা করছে।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ জানিয়েছেন প্রান্তিক পেঁয়াজচাষীদের সরকারী প্রনোদনা প্রদানের আওতায় নেয়া হয়েছে। এসব প্রাস্তিক পেঁয়াজচাষীদের বিনামুল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে।

কৃষি বিভাগের সুত্রমতে, জেলায় উপজেলাভিত্তিক পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৪৫৫ হেক্টর, রানীনগর উপজেলায় ১২৫ হেক্টর, আত্রাই উপজেলায় ১৪৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ৫৪০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৫১০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ১৮০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৫৬৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৫২৫ হেক্টর, পোরশা উপজেলায় ১৪০ হেক্টর, মান্দা উপজেলায় ১১ হাজার ২৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৩২০ হেক্টর জমিতে।

এসব পেঁয়াজ চাষীদের মধ্যে ১ হাজার প্রান্তিক চাষীদের প্রত্যেককে ১ বিঘা জমির বিপরীতে বিনামুল্যে ১ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।

কুলাউড়ায় বিজয় মেলার জমকালো উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে চারদিন ব্যাপী বিজয় মেলা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কুলাউড়া পৌরসভার আয়োজনে ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শহরের বঙ্গবন্ধু উদ্যানে এই মেলা অনুষ্ঠিত হবে। দীর্ঘ দেড় যুগ পর বিজয় মেলা আয়োজনে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত দেখা দিয়েছে।

মেলা আয়োজক সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

ইতোমধ্যে পৌর শহরের বঙ্গবন্ধু উদ্যানে মেলার স্টল ও বিজয় মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে। মেলায় ৩০ টি স্টল বরাদ্দ করা হয়েছে। চারদিনব্যাপী মেলায় থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক মঞ্চ নাটক, বিভিন্ন শিল্পী গোষ্ঠির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান,নৃ-তাত্বিক গোষ্ঠির পরিবেশনায় গারো ও মনিপুরী নৃত্য। বিশেষ করে বিজয় মেলায় বিজয়ের উৎসবে গান করতে আসছেন চ্যানেল আইয়ের শিল্পী সাদিয়া সুলতানা লিজা ও জনপ্রিয় গানের শিল্পী “আমি তো ভালা না ভালা লইয়া থাইকো” গানের কণ্ঠ শিল্পী কামরুজ্জামান রাব্বি।

কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, বিজয় মেলা আয়োজনের খবরে সকল স্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। মেলা সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ আশা করছি। আগামীতেও পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে এরকম আয়োজনের উদ্যাগ নেওয়া হবে এবং সকলের সহযোগিতা ও সৌহার্দ্য পূর্ন পরিবেশে গড়ে উঠুক মেলা প্রাঙ্গণ।

জালিয়াতির মাধ্যমে শিক্ষক কর্মচারী নিয়োগ, মাদ্রাসার সহকারী সুপার ও সভাপতি কারাগারে

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ জালিয়াতির মাধ্যমে শিক্ষক কর্মচারী নিয়োগের অভিযোগে দায়েরকৃত মামলায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার জাতীয়করণকৃত শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার দাবীকারী সহঃ সুপার শাহানুর আলম ও  ভুয়া সভাপতি আব্দুল খালেকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ ডিসেম্বর) কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলী এ আদেশ দেন। শাহানুর আলম ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর ঘুঘুরহাট গ্রামের ময়েন উদ্দিনের ছেলে ও আব্দুল খালেক দাশিয়ারছড়ার মৃত আজগার আলীর ছেলে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাদ্রাসার সহকারী সুপার পদে থেকে শাহানুর আলম নিজেকে সুপার এবং আব্দুল খালেককে সভাপতি দেখিয়ে মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম মিয়া ও সভাপতি আ.রহমান মিয়ার অজান্তে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেন। বিষয়টি জানতে পেরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান মিয়া চলতি বছরের জুন মাসে শাহানুর আলম ও আব্দুল খালেকের বিরুদ্ধে জালিয়াতি অভিযোগ এনে মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন আদালতে জমা হওয়ার পর সোমবার অভিযুক্ত সহকারী সুপার শাহানুর আলম ও ভুয়া সভাপতি আব্দুল খালেক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।  আদালত তাদের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম মিয়া জানান, শাহানুর আলম সহকারী সুপার হলেও নিজেকে সুপার এবং আব্দুল খালেককে ভুয়া সভাপতি দেখিয়ে উভয়ের যোগসাজসে প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে সেসব কাগজ পত্র মন্ত্রণালয়ে প্রেরণ করেন। পরে বিষয়টি জানতে পেরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আ.রহমান মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, আমি সুপার পদে এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা আ. রহমান নিজে প্রতিষ্ঠাতা সভাপতি হলেও সহকারী সুপার শাহানুর আলম নিজেকে সুপার এবং আব্দুল খালেককে ভুয়া সভাপতি দেখিয়ে ভুয়া সিল বানিয়ে প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়েছেন। যা অবৈধ এবং প্রতারণার শামিল।

আদালতের নির্দেশে অভিযুক্তদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী হারুন অর রশীদ।

প্রসঙ্গত, ছিটমহল বিনিময়ের পরপরই ২০১৫ সালে দাশিয়ারছড়ার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। পরে ২০২০ সালের জানুয়ারি মাসে মাদ্রাসাটি জাতীয়করণ করা হয়।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৯ জন শিক্ষক-কর্মচারী বৈধ নিয়োগে কর্মরত আছেন। তবে শিক্ষক কর্মচারীরা এখনও মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) পাননি।

নওগাঁর আত্রাইয়ে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানার তদন্ত ওসি মোঃ মোজাম্মেল হক কাজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ রোখসানা হ্যাপী,উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার আকতারুজ্জামান আকতার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, নওগাঁ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ মহিলা নেত্রী ফেরদ্যেসী বেগম ডেজি, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন সহ উপজেলা আইন-শৃঙ্খলা সভার সকল সদস্য বৃন্দ।

সভার শুরুতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সন্ত্রাস,জঙ্গিবাদ- মাদক, চোরাচালান প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃইকতেখারুল ইসলাম।

এ ছাড়া তিনি আরো বলেন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার প্রার্থীদের এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারনা বিষয়ে নির্বাচন কমিশন থেকে দেয়া আচরণ বিধি মেনে প্রচার-প্রচারণা করতে সকল প্রার্থী নিকট আহ্বান জানানো হয়।

খেলাকে কেন্দ্র করে ১যুবক খুন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ক্যারাম খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাব্বির আলী (১৭) নামে কিশোর নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে ২জন আসামিকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।

কুলাউড়া থানা সূত্রে জানা যায়, রোববার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর ও অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় এর দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান নির্ণয় করে পুলিশ।

পরে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই মো. শাহ আলম সহ একটি দল রাতভর অভিযান পরিচালনা করে সোমবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সিলেটের গোয়াইনঘাট থানার গুচ্চগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের দুলাল মিয়ার ছেলে, জুয়েল মিয়া ও আব্দুর রহিম।

তাবলিগ জামাতকে সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ ধর্মভিত্তিক সংগঠন তাবলিগ জামাতকে ‘সন্ত্রাসবাদের অন্যতম দরজা’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করেছে সৌদি আরব। খবর বার্তা সংস্থা এএনআইয়ের।

দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স দফতরের মন্ত্রী ডা. আব্দুললতিফ আল শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এ কথা জানিয়েছেন। এছাড়া শুক্রবার জুমার নামাজে তাবলিগ জামাত নিয়ে মানুষকে সতর্ক করে দিতে মসজিদের ইমামদের নির্দেশ দিয়েছেন।

তাবলিগ জামাত সম্পর্কে সৌদি সরকারের পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়েছে, এটি সন্ত্রাসবাদের একটি প্রবেশপথ। এদের বিপদ সম্পর্কে মানুষকে বোঝান। এদের ভুলগুলো তুলে ধরুন।

তাবলিগ জামাতের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে দাওয়া নামে আরেকটি সংগঠনকে। মন্ত্রী টুইটে জানিয়েছেন, মসজিদে ইমামদের ভাষণে উল্লেখ করা উচিত, এরা কীভাবে সমাজের জন্য বিপজ্জনক। ১৯২৬ সালে দাওয়া নামের এ সংগঠনটি গঠিত হয়।

প্রসঙ্গত, তবলিগ জামাত ও দাওয়া দুটিই সুন্নি মুসলিমদের সংগঠন। অন্যদিকে সৌদি আরবের অধিকাংশ মানুষ আহলে হাদিস মতাদর্শের অনুসারী। দুই পক্ষই ইসলামের অনুশীলন আরও বেশি শুদ্ধ করার পক্ষপাতী হলেও দুই শিবিরের মধ্যে একটি সংঘাত রয়েছে। সারা বিশ্বে তাদের ৩৫০-৪০০ মিলিয়ন অনুসারী রয়েছে বলে দাবি সংগঠনের। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের লক্ষ্যই হলো ধর্মীয় বিষয়ের ওপর জোর দেওয়া এবং অত্যন্ত কড়াভাবে রাজনীতি এড়িয়ে চলা।

তবে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশগুলোতে তাবলিগ নিষিদ্ধ করা কঠিন হতে পারে বলে মনে করছেন ইসলামী বিশেষজ্ঞরা। কারণ এসব দেশে প্রচুর তাবলিগী জনসংখ্যা রয়েছে।

চলতি ডিসেম্বর মাস থেকেই বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ চলতি ডিসেম্বর মাস থেকেই করোনার বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের (সম্মুখসারির কর্মী) অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া আরও ১ হাজার টিকার বুথ বাড়ানোর নির্দেশ দিয়েছি। বর্তমানে আড়াই হাজার আছে।  একইসঙ্গে সুরক্ষা অ্যাপ আপডেট করার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে বুস্টার ডোজের কার্যক্রম ৭ থেকে ১০ দিনের মধ্যে শুরু করা সম্ভব হবে।

তিনি বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কের কিছু নেই। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এয়ারপোর্টে আমরা আরও জোরদার স্কিনিং করেছি। বর্ডারগুলোতেও আমরা স্কিনিং জোরদার করেছি। আফ্রিকার থেকে যারা দেশে আসবেন, তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার জন্য ব্যবস্থা করেছি।

মন্ত্রী বলেন, ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো আছেন। নতুন করে কারও শরীরে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যায়নি।

নরসিংদীতে স্ত্রী সন্তানকে গলাকেটে হত্যা, স্বামী আটক

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী শহরের ঘোড়াদিয়ার সংগীতা এলাকায় পরকীয়া সন্দেহে স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা করেছে এক যুবক। রোববার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় স্বামী ফখরুল মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলো- রেশমী আক্তার (২৬) ও তার দেড় বছরের শিশুসন্তান সালমান সাফায়াত। নিহত রেশমী পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে।

নিহতের স্বজনরা জানান, গত দুই বছর আগে পারিবারিকভাবে পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে রেশমীর সঙ্গে ঘোড়াদিয়া সংগীতা এলাকার মো. সাইফুল্লার ছেলে ফখরুলের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমীর ওপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালাতো। এরই মধ্যে তাদের কোলজুড়ে ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু নির্যাতন বন্ধ হয়নি।

সবশেষ রোববার দিবাগত রাত ৩টার দিকে রেশমী ও তার শিশুকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বাবা পারভেজ মিয়া বলেন, বিয়ের পর থেকে আমার মেয়েটাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। আমরা কষ্ট পাব ভেবে মেয়ে আমাদের কিছুই বলত না। জামাই ফখরুল মাদকাসক্ত ছিল। কিন্তু আমরা জানতাম না। এসব তথ্য আমাদের কাছ থেকে গোপন রেখে বিয়ে দিয়েছিল। এখন আমি আমার মেয়ে ও নাতি হত্যার বিচার চাই।

সদর থানার ওসি সওগাতুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রেশমীর পরকীয়া সম্পর্ক ছিল এমন বিষয় নিয়ে তার স্বামী তাকে সন্দেহ করত। এরই জের ধরে ফখরুল তার স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা করে। ফখরুলকে আটক করা হয়েছে।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে গ্লোবাল চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের দল

সিএনবিডি ডেস্কঃ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে ‘বেস্ট মিশন কনসেপ্ট’ ক্যাটাগরিতে গ্লোবাল চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের দল ‘মহাকাশ’। বিশ্বের ১৬২ টি দেশের ২৮০০০ প্রতিযোগী এবং ৪৫৩৪ টি টিম এর সাথে যুদ্ধ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কুয়েট ও বাউয়েট এর সম্মিলিত দল ” মহাকাশ”।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়া এই দলটি বাংলাদেশের খুলনা থেকে চ্যাম্পিয়ন হিসেবে নাসাতে মনোনয়ন পায়। কুয়েটে যন্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সুমিত চন্দ’র নেতৃত্বে এই দলের অপর সদস্যরা হলেন- বাংলাদেশে আর্মি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্রী তৃষা বসাক, কুয়েটের চামড়া প্রকৌশল বিভাগের ছাত্র আলভী রনক, সিএসই বিভাগের সমীর ইমতিয়াজ, সিভিল বিভাগের শিশির কাইরি এবং বাউয়েট সিএসই বিভাগের মোমিনুল হক।

পুরস্কার পাওয়ার কারনঃ মহাকাশচারীরা বিভিন্ন মিশনে গিয়ে যেসব সমস্যায় পড়েন, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের প্রতিযোগীরা মূলত সেসব সমস্যারই সমাধান খুঁজতে চেষ্টা করেন। এবার চ্যালেঞ্জ ছিল মোট ২৮টি। চাঁদের পৃষ্ঠে একধরনের ধূলিকণা থাকে। ওখানে যেহেতু মাধ্যাকর্ষণ কম কাজ করে, তাই এই ধুলা বাতাসে ভাসতে থাকে। ফলে নমুনা সংগ্রহ করতে মহাকাশচারীদের সমস্যা হয়। কখনো কখনো ধুলা তাঁদের স্পেস স্যুটে লেগে যায়। যন্ত্রপাতি নষ্ট হওয়ারও ভয় থাকে।

টিম মহাকাশ এমন একটি টুলসেটের নকশা করেছে, যা এই ধুলিকণাকে একটি চেম্বারে আটকে ফেলে; বাতাসে ভাসতে দেয় না। সুমিতেরা তাঁদের ডিজাইন করা টুলের নাম দিয়েছেন ‘অ্যাডভান্সড রেগোলিথ স্যাম্পলার সিস্টেম’ (এআরএসএস)। বিচারকদের কাছে ভাবনাটি বাস্তবসম্মত এবং কার্যকর মনে হয়েছে বলেই পুরস্কার পেয়েছে ‘মহাকাশ’ দল।