দেশে ৪ দিন পর আসছে শৈত্যপ্রবাহ

ডিবিএন ডেস্কঃ আর মাত্র ২ দিন পরেই শুরু হবে শীতের প্রথম মাস পৌষ। তবে তার আগে সারাদেশে শীতের আমেজ শুরু হলেও পৌষের প্রথম সপ্তাহেই দেখা মিলতে চলেছে শৈত্যপ্রবাহের সাথে। এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ জানিয়েছেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বরের দিকে দেশের উত্তরাঞ্চল রাজশাহী, রংপুর, যশোর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ধীরে ধীরে এর বিস্তার ঘটবে। চলতি সপ্তাহে বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩-৪ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই।

এদিকে রোববার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সোমবার (১৩ ডিসেম্বর) সকালে তা বেড়ে হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি বা দুটি মৃদু কিংবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

উল্লেখ্য, বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

কিশোরীর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করায় আটক ২

খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় এক কিশোরীকে (১৩) অপহরণ করে নগ্ন ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে ২ বখাটে যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১০টায় উপজেলার দক্ষিণ মুরাদিয়া ৫ নম্বর ওয়ার্ডের আকন বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, আবদুল হক আকনের ছেলে কামরুল ইসলাম (১৯) ও লতিফ আকনের ছেলে হাবিবুর রহমান (২২)।

সুত্রে জানা গেছে, প্রায় ৩ মাস পূর্বে ভুক্তভোগী কিশোরী রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। এ সময় আটক ২ যুবকসহ আরও দুজন আগে থেকে ঘরের পাশে ওত পেতে ছিল। পরে তারা ভুক্তভোগী কিশোরীর মুখ বেঁধে পাশের পুকুর পাড়ে নিয়ে নগ্ন করে মোবাইল ফোন দিয়ে ছবি তোলে।

এদিকে সম্প্রতি ওই ছবি ফেসবুকে প্রকাশ করলে ভুক্তভোগী কিশোরী তার অভিভাবকদের বিষয়টি অবহিত করেন। পরে রোববার (১২ ডিসেম্বর) রাতে কিশোরীর পরিবারের পক্ষ থেকে দুমকি থানায় অভিযোগ করলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

২১ বছর পর মিস ইউনিভার্স ২০২১-র তাজ উঠল মিস ইন্ডিয়া হরনাজের মাথায়

বিনোদন ডেস্কঃ ভারতের ২১ বছরের মুকুট খরা কাটিয়ে মিস ইউনিভার্স ২০২১-র তাজ উঠল ২১ বছর বয়সী মিস ইন্ডিয়া হরনাজের মাথায়। ১৩০ কোটি ভারতীয়র মুখ বিশ্ব মঞ্চে উজ্জ্বল করল চণ্ডীগড়ের মেয়ে হরনাজ সান্ধু।

ভারত প্রথম মিস ইউনিভার্স মুকুট পেয়েছিল ১৯৯৪ সালে। সেবার বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন বাঙালি কন্যা সুস্মিতা সেন। এরপর ২০০০ সালে মিস ইউনিভার্স খেতাব জেতেন লারা দত্ত। তারপর কেটে গেছে দীর্ঘ ২১ বছর। এবার ভারত পেল তার তৃতীয় মিস ইউনিভার্স হরনাজ সান্ধুকে। এবছর ইজরায়েলে বসেছিল মিস ইউনিভার্সের ৭০তম আসর।

এদিন মিস ইউনির্ভাস প্রতিযোগিতার আয়োজকদের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে সেই সোনালি মুহূর্ত, যেখানে ২০২১ সালের মিস ইউনিভার্সের বিজয়িনীর নাম ঘোষণা করা হচ্ছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘মিস ইউনিভার্স ২০২১-র তাজ উঠল মিস ইন্ডিয়ার মাথায়’। হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করলেন হারনাজ, হিরে খচিত মিস ইউনিভার্সের তাজ তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিল।

উল্লেখ্য, ২১ বছর বয়সী হরনাজের জন্ম পাঞ্জাবি পরিবারে। চন্ডীগড়ের মেয়ে পেশায় মডেল, ফিটনেস লাভার ও যোগ ব্যায়ামে পারদর্শী। ইতোমধ্যেই দুটি পাঞ্জাবী ছবিতে অভিনয় করেছেন তিনি।

সিরাজগঞ্জে ৫৩ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ র‌্যাব-১২ এক বিশেষ অভিযানে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ৫৩ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মোস্তাফিজুর রহমান।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার মানিকপুর গ্রামের মনির হোসেন (৩৫) একই গ্রামের শাহজালাল (২০) ও জামালপুর জেলার জামিয়ার পাড় গ্রামের সুমন মিয়া (২৬) ও হাজরা বাড়ি গ্রামের ছামিউল হক (৩৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৩ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের এর একটি দল তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৩ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়। মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি ট্রাকও অভিযানের সময় জব্দ করে র‌্যাব সদস্যরা।

এছাড়া, আটককৃতদের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা হয়েছে।

জোড়া শিশু লাবিবা-লামিসাকে আলাদা করতে চলছে অস্ত্রোপচার

সিএনবিডি ডেস্কঃ নীলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপুর গ্রামের জোড়া শিশু লাবিবা-লামিসাকে আলাদা করার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে অস্ত্রোপচার শুরু করেছেন চিকিৎসকরা। অস্ত্রোপচারটি করতে প্রায় ১০-১৩ ঘণ্টা সময় বা তার চেয়ে বেশী সময় লাগতে পারে বলে জানিয়েছে হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান।

লাবিবা ও লামিসা ওই গ্রামের লাল মিয়া-মনুফা আক্তারের সন্তান। ২০১৯ সালের ১৫ এপ্রিল জন্মগ্রহণ করেন লাবিবা ও লামিসা। জোড়া শিশুর মা তাদের সফল অস্ত্রপচারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম গণমাধ্যমকে বলেন, আশা করছি দ্রুতই তাদের অস্ত্রোপচার শেষ হবে। হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ-উল-হকের নেতৃত্বে ৪০ জনের চিকিৎসক দল অস্ত্রোপচার করছেন।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল হাসপাতালে ২০১৭ সালে জোড়া লাগা তোফা-তহুরা ও ২০১৯ সালে রাবেয়া রোকাইয়াকে আলাদা করা হয়।

 

হাত পা বাঁধা শিশুর লাশ মনুতে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের মনু নদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাহিন মিয়া (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব সম্পাশি এলাকার সংলগ্ন নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মাহিন মৌলভীবাজারের রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের বদরুল মিয়ার সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহিন তার মায়ের সঙ্গে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পূর্ব সম্পাশি গ্রামে নানার বাড়িতে বসবাস করে আসছে। গত রোজ শনিবার থেকে হঠাৎ করে তাকে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে রোববার তার লাশ মনু নদে ভেসে ওঠে। তখন স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক এর সাথে যোগাযোগ করা হলে প্রতিবেদককে জানান, শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন। তবে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত তথ্য জানা যাবে।

ট্রাকের চাকায় পৃষ্ট মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় গত রবিবার (১২ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের বেতার কেন্দ্রের সামনে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. সবুজ(৪৫) নামে এক মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত সবুজ ঠাকুরগাঁও পৌরসভার পূর্ব গোয়ালপাড়া এলাকার মৃত শাহজাদা দারগার বড় ছেলে এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এর সাবেক নেতা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের সামনের সড়কে মহেন্দ্র ট্রাক্টরের পড়ে থাকা গিয়ারওয়েলে স্লীপ খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকের নিচে পড়ে যায় মটরসাইকেল আরোহী সবুজ।এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

পরে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম সড়ক দূর্ঘটনায়  নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, এ ঘটনায় একটি মহেন্দ্র ট্রাক আটক করেছে হাইওয়ে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নৌকার প্রার্থীসহ ৮ ইউনিয়নে ৩৪জন চেয়ারম্যান প্রত্যাশী

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে চতুর্থ ধাপে ৮ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত, বিদ্রোহী, স্বতন্ত্রসহ ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্রোহীর দাপটে আওয়ামী লীগের ভোটার বিভক্ত হয়ে পড়েছেন। এতে সুবিধা পেতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা।

আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। রাজনগর উপজেলার ৮ ইউনিয়নের ৭টিতে বিদ্রোহীদের দৌরাত্ম্যে বিপাকে পড়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। কোনো কোনো ইউনিয়নে একের অধিক বিদ্রোহী প্রার্থী থাকায় ঘরের আগুনে পুড়ছে আওয়ামী লীগ। এদিকে বিদ্রোহীদের কোণঠাসা করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বখতিয়ার উদ্দিনের সঙ্গে বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সদস্য নকুল চন্দ্র দাশ। এছাড়া স্বতন্ত্রের মোড়কে বিএনপি প্রার্থী রয়েছেন আমির আলী ও মোহাম্মদ শামছুদ্দিন।

উত্তরভাগ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সোহেল আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন। অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী রাজা মিয়া, স্বতন্ত্র প্রার্থী এস মিয়া, সৈয়দ আবুল কালাম, জুনেদ আলী, আওয়ামী লীগ সমর্থক দীগেন্দ্র চন্দ্র সরকার চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

মুন্সিবাজার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন স্বতন্ত্র প্রার্থী রাহেল হোসেন ও আবুল হোসেন।

পাঁচগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শামছুন নূর আহমদ আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন। এদিকে আওয়ামী লীগের মনোনয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলাম ছানা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে লেচু মিয়া, অতষী বরণ ভট্টাচার্য, সাইদুল ইসলাম বাচ্চু, জহিরুল ইসলাম বাচ্চু একই পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

রাজনগর সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম সোহেলের বিপরীতে ভোটযুদ্ধে নেমেছেন গত জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগে যোগদান করা বর্তমান চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও লড়ছেন শিপলু আহমেদ, জুবায়ের আহমদ চৌধুরী।টেংরা ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ উদ্দীনের সঙ্গে লড়ছেন আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী টিপু খান, আকমল হোসেন, আরজান খান জাপান ও স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমেদ।

তবে কামারচাক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান, মান্না ছালামত, ইনছান মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করায় আওয়ামী লীগের আতাউর রহমান এখন একমাত্র প্রার্থী।

মনসুরনগর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিলন বখত ভোটের মাঠে রয়েছেন। তার বিরুদ্ধে উপজেলা ছাত্রলীগের এক সময়কার নেতা সৈয়দ গোলাম কিবরিয়া বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন। এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন হুমায়ুন কবির ও আজিদ উল্লাহ।

রাজনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিলন বখত বলেন, যারা কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রের নির্দেশক্রমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, বিদ্রোহী প্রার্থী কিংবা তাদের অনুসারী আওয়ামী লীগের যারাই দলীয় প্রার্থীর বিজয়ী হওয়ার পথে অন্তরালে বিরোধী হিসেবে কাজ করবেন, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশ মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল নেতাকর্মীর সমন্বয়ে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা ঐকান্তিকভাবে কাজ করে বিদ্রোহীদের প্রতিহত করবে।

কিশোরী নিখোঁজের ১৩ ঘন্টার ব্যবধানে উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা থেকে মামনি বাউড়ি সোনিয়া (১৩) নামের এক কিশোরী নিখোঁজের ১৩ ঘন্টার ব্যবধানে উদ্ধার নিখোঁজ হওয়ার অভিযোগ জানা গেছে।

গত শনিবার (১১ ডিসেম্বর) হঠাৎ করে বেড়াতে আসা এক অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় কিশোরী সোনিয়া। নিখোঁজ হওয়ার পর যে স্থানে কিশোরী সোনিয়া গৃহপরিচারিকার কাজ করতো সেই বাড়ির মালিক সুরঞ্জিত চন্দ্র দাস জানার পর অনেক খুজাখুজি করার পর কোন সুরাহা না করতে পেরে, ততক্ষনাৎ গৃহপরিচারিকা সোনিয়ার বাড়িতে খবর দেয় এবং সোনিয়ার পিতা অনিল বাউড়িকে এ বিষয় জানালে ঐসময় সোনিয়ার পিতা সরাসরি বড়লেখা থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের (জিডি) দায়ের করেন।

বড়লেখা থানা পুলিশ ঘটনা তদন্তে মাঠ পর্যায়ে নেমে পড়েন অভিযানে নিয়োজিত একটি চৌকস দল। থানা পুলিশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৩ ঘন্টার ব্যবধানে নিখোঁজ হওয়া তরুণীকে উদ্ধার করতে সক্ষম হয়।

গত রাতে ১২ ডিসেম্বর আনুমানিক ৮ ঘটিকার দিকে উদ্ধার হওয়া সোনিয়াকে তার পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়।

বড়লেখা থানা এসআই মোঃ মাসুক বড়লেখা থানা এতথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ওসি স্যারের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করে মাত্র ১৩ ঘন্টার ব্যবধানেসোনিয়াকে তার পরিবারের নিকট ফেরত দেয়া হয়।

বগুড়ার শেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উদযাপিত

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়াঃ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী লিংকন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইলিয়াস উদ্দিন মিন্টু, শেরপুর মহিলা অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ স ম হাফিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলাম, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব প্রমুখ উপস্থিত ছিলেন।