বড়লেখায় পুনঃ নির্বাচনের দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দুটি কেন্দ্রের ভোট পুনরায় গণনা এবং পুনঃনির্বাচনের দাবি ও অভিযোগ জানিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস (স্বপন)। শুক্রবার রাত সাড়ে ৭টায় অফিসবাজারস্থ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি। স্বপন আনারস প্রতীক নিয়ে ওই ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে গত ২৮শে নভেম্বর এ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস স্বপন অভিযোগ করেন, ‘২৮শে নভেম্বর দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নে ভোটের নামে প্রহসন হয়েছে। ভোট শুরুর কিছু সময়ের মধ্যেই বিভিন্ন কেন্দ্রে নৌকার প্রার্থীর লোকজন আমাদের ২জন চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের বের করে দেন। তারা জোরপূর্বক ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল দেন। নৌকার প্রার্থীর লোকজন প্রশাসনের সহযোগিতায় কয়েকটি কেন্দ্র দখল করে রাখেন এবং প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট নিয়ে নৌকা প্রতীকে সিল দিয়ে ব্যালট বাক্সে ইচ্ছে মত ভরেছেন।’

আব্দুল কুদ্দুস স্বপন বলেন, ‘মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থীর এজেন্টরা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জোরপূর্বক ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল দেন।

ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকার প্রার্থীর সমর্থকরা প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে ২০০ ব্যালট পেপার ছিনিয়ে সিল মারে। এগুলো ধরা পড়ে। কিন্তু এর আগে আরও ব্যালটে সিল দেয়া হয়। বোবারথল ভোট সেন্টারের ফলাফল পরিবর্তন করে নৌকার প্রার্থীর পক্ষে ফলাফল দেয়া হয়েছে। সুষ্ঠু ভোট হলে সকল কেন্দ্র মিলিয়ে নৌকার প্রার্থী দুই হাজারের বেশি ভোট পেতেন না।’

স্বপন আরও বলেন, ‘মৌলভীবাজার জেলা প্রশাসকের আশ্বাসে আমরা আশ্বস্ত ছিলাম। তিনি প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা মিটিংয়ে বলেছিলেন এবারের নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ হবে। কোনো ধরনের কারচুপি হবে না। কিন্তু নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে দেখি প্যাডে সিল নেই, কালি নেই। আমার এলাকার ৪টি কেন্দ্রে ভোট শুরুর পর এই অবস্থা দেখে প্রিজাইডিং অফিসারকে বলি। প্রিজাইডিং অফিসার আমাকে কিনে দিতে বলেন। আমি লাইব্রেরি থেকে নিজের অর্থে প্যাড, কালি কিনে দেই। আমার সহযোদ্ধা বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিনও নিজের অর্থে একটি কেন্দ্রে প্যাড, কালি কিনে দেন। এটা কোন ধরনের নির্বাচন হয়েছে। আমার বোধগম্য হয়নি।’

পুনঃভোটের দাবি করে এই প্রার্থী বলেন, ‘দুটি কেন্দ্রের ভোট পুনরায় গণনা এবং পুনঃনির্বাচনের দাবি জানিয়ে রিটার্নিং অফিসার বরাবর ১লা ডিসেম্বর লিখিত অভিযোগ দিয়েছি। আমি সরকার ও সংশ্লিষ্ট বিভাগের কাছে পুনরায় সুষ্ঠু ভোট দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য দাবি করছি। প্রতিকার না পেলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করবো।’

সংবাদ সম্মেলনে এলাকার সমাজসেবক শাজাহান উদ্দিন, জয়নুল ইসলাম, কামাল উদ্দিন, হাজী ওয়াইসুর রহমান, আং রুপসহ গন্যমান্য, নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই সাংবাদিক সম্মেলনে।

ভয়াবহ টর্নেডোতে যুক্তরাষ্ট্রের পাঁচ রাজ্য লণ্ডভণ্ড, নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ টর্নেডোতে যুক্তরাষ্ট্রের পাঁচ রাজ্য লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। নিহতের সংখ্যা একশ জন ছাড়িয়ে গেছে। এছাড়াও টর্নেডোর আঘাতে এসব এলাকার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আলজাজিরা।

টর্নেডোকে ইতিহাসের ‘সবচেয়ে বড়’ দুর্যোগ হিসেবে আখ্যায়িত করেছেন জো বাইডেন। টর্নেডোর আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য কেন্টাকিকে গতকাল শনিবার (১১ ডিসেম্বর) জরুরি দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি। এই রাজ্যে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জো বাইডেন বলেন, এটি একটি ট্র্যাজেডি। আমরা এখনো জানি না এই আঘাতে কতজন মারা গেছেন এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে।পরিস্থিতি মোকাবিলা করার জন্য যা যা প্রয়োজন, আমার সরকার তা করার জন্য সর্বাত্নক চেষ্টা চালাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের রাজ্যগুলোতে শুক্রবার শক্তিশালী ঝড় হানা দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে ২৪টি টর্নেডো স্থলভাগে তাণ্ডব চালায়। এসময় বিরামহীন বজ্রপাত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইলিনয়ে অ্যামাজনের একটি গুদামে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছে। টর্নেডো আঘাত হানার পর কেন্টাকিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা ওই টর্নেডোকে রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ টর্নেডো হিসেবে অভিহিত করেছেন।  বেশিরভাগ ক্ষতি হয়েছে গ্রেভ কাউন্টি নামক এলাকায়। ওই কাউন্টির মেফিল্ড শহরে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে টর্নেডো। এই টর্নেডোতে শতাধিক মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

কেন্টাকি ছাড়াও আরাকানসাস, ইলিনয়স, মিশউরি ও টেনিসি রাজ্যে সবমিলিয়ে ২৪টি টর্নেডোর খবর পাওয়া গেছে। আরাকানসাসে এ পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান

ডা. মুরাদের অবস্থান নিয়ে ধূম্রজাল, কোথায় আছে সে?

সিএনবিডি ডেস্কঃ ডা. মুরাদের অবস্থান নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। কোথায় আছে সে? বলতে পারছে না কেউ! বিশেষ করে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি তাঁকে ঢুকতে না দেওয়ায় তিনি কোথায় আছেন তাই এখন ধোঁয়াশার সৃষ্টি করেছে।

কেউ বলছেন, কানাডার টরন্টো বিমানবন্দরেই তাকে আটকে রাখা হয়েছে। কভিড নেগেটিভের সাম্প্রতিক সনদ তার সঙ্গে না থাকায় কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। আবার কেউ বলছেন, কানাডায় তাকে ঢুকতে না দিয়ে ফেরত পাঠানো হয়। তিনি দেশে না ফিরে দুবাইয়ে অবস্থান করছেন। দুবাই থেকে শিগগির তিনি দেশেও ফিরতে পারেন।

অন্য একটি সুত্র বলছে, দুবাইয়ে অবস্থান করে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ সময়ে তিনি দেশে-বিদেশে তার ঘনিষ্ঠ এবং সরকারের সংশ্নিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

তবে কোনো সূত্রই নিশ্চিত করে ডা. মুরাদের অবস্থান সম্পর্কে বলতে পারছে না।

এর আগে দুবাই থেকে গত বৃহস্পতিবার সকালে এমিরেটসের ফ্লাইটযোগে রওনা হয়ে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় টরন্টো পিয়ারসন বিমানবন্দরে পৌঁছান মুরাদ। তাঁর কানাডায় প্রবেশ ঠেকাতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন কানাডা সরকারের কাছে অনলাইনে আবেদন করেছিল।

এদিকে একাধিক সূত্রে জানা গেছে, কানাডা ও দুবাই ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নিয়েছেন ডা. মুরাদ। তিনি দুবাই থেকে দেশে ফিরছেন। তিনি দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) বিমানে দেশে ফিরছেন সকাল ৭টা ৫৬ মিনিটের ফ্লাইটে- এমন খবরে সাংবাদিকরা ভোর থেকেই ভিড় করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু নির্ধারিত বিমানটি ল্যান্ড করলেও এই ফ্লাইটে ডা. মুরাদ হাসান আসেননি।

উল্লেখ্য, ডা. মুরাদ হাসান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও এখন পর্যন্ত সংসদ সদস্য আছেন। কানাডায় বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করে জানা গেছে, মুরাদ হাসানের কানাডা সফরসংক্রান্ত কোনো তথ্য তারা সরকারিভাবে পায়নি। আর ডা. মুরাদ হাসানের কূটনৈতিক পাসপোর্টে কানাডার দীর্ঘমেয়াদি ‘মাল্টিপল এন্ট্রি’ ভিসা আছে। ২০১৯ সালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় স্বাস্থ্যবিষয়ক একটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি এটি পেয়েছিলেন।

প্রথমবারের মতো উত্তরা-আগারগাঁও চললো স্বপ্নের মেট্রোরেল

সিএনবিডি ডেস্কঃ প্রথমবারের মতো উত্তরা-আগারগাঁও চললো স্বপ্নের মেট্রোরেল। আজ রোববার (১২ ডিসেম্বর) রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে সকাল ৯টা ৩৯ মিনিটে আগারগাঁওয়ের উদ্দেশে ছেড়ে যায় স্বপ্নের মেট্রোরেল। তবে এতে কোনো যাত্রী ছিলেন না।

মেট্রোরেলের প্রকল্প ব্যবস্থাপক এ বি এম আরিফুর রহমান জানান, আজ সকালে পরীক্ষামূলকভাবে এ রুটে মেট্রোরেল চলাচল শুরু হয়। এর আগে পারফরম্যান্স টেস্টের অংশ হিসেবে দিয়াবাড়ীর উত্তরা সেন্টার, উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর-১১ হয়ে মিরপুর-১০ নম্বর স্টেশন পর্যন্ত ট্রেন চালানো হয়েছিল। যাত্রীবিহীন অবস্থায় আজ শেওড়াপাড়া ও কাজীপাড়া হয়ে আগারগাঁও পর্যন্ত চললো।

প্রসঙ্গত, প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল পথ (এমআরটি-৬) নির্মাণ চলছে। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, ২০২৪ সালে কাজ শেষ হবে। তবে আগামী বছরের ডিসেম্বরে দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত পৌনে ১২ কিলোমিটার অংশে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, রাস্তার মাঝ বরাবর পিয়ারের (খুঁটি) ওপর নির্মিত ভায়াডাক্টে (উড়ালপথ) বসানো রেললাইনে চলবে মেট্রোরেলের ট্রেন। এমআরটি-৬ লাইনে ২৪ সেট ট্রেন চলবে। ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এসব ট্রেনে ছয়টি করে বগি আছে। বিদ্যুৎচালিত এ ট্রেনের সামনের ও পেছনের বগিতে থাকবে ইঞ্জিন। ৬ বগিতে ৩১২ জন যাত্রী বসার ব্যবস্থা থাকবে। তবে দাঁড়িয়েই বেশি যাত্রী চড়বে। প্রায় ২ হাজার দাঁড়ানো যাত্রীসহ ট্রেনে সর্বোচ্চ ২ হাজার ৩০৮ জন যাত্রী চড়তে পারবেন।

***সিএনবিডি টিভি***

প্রচার-প্রচারণায় জমে উঠেছে লোহাগাড়ার ইউপি নির্বাচন

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ প্রচার-প্রচারণায় জমে উঠেছে লোহাগাড়ার ইউপি নির্বাচন। সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়া  উপজেলায় ৪র্থধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। সবকিছু ঠিক থাকলে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন।
উপজেলার ৯ টি ইউনিয়নের ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে ইউপির অলি-গলি, বাসা-বাড়ি, চায়ের দোকান ও বিভিন্ন স্থাপনায়।
নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা খাওয়া-দাওয়া ছেড়ে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন। তারা ভোটারদের কাছে গিয়ে তাদের আদর্শের বয়ানসহ ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।
সরজমিনে দেখা গেছে,চট্টগ্রামের লোহাগাড়া  উপজেলায় চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা দলবেঁধে প্রচার প্রচারণায় নির্বাচনী এলাকা সরগরম করে তুলছেন। তারা অটোরিকশা, ইজিবাইক, নসিমন ও রিকশায় মাইক বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
৬টি ইউনিয়নে ২৬২ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহণ করছেন।
এরমধ্যে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বডুয়া,পুটিবিলা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সভাপতি মোঃজাহাঙ্গীর হোসেন মানিক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীরা ব্যতীত চেয়ারম্যান পদে ১৪ জন এবং সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ২৪৮ জন প্রার্থীও মাঠে-ঘাটে কোমর বেঁধে অবিরাম প্রচার-প্রচারণায় ভাসছেন। নির্বাচনী সময় ঘনিয়ে আসার সাথে ইউপিগুলোর বাজার, অলি-গলি, চায়ের দোকান, হোটেল, বিভিন্ন স্থাপনা ও বসত বাড়ির সামনে পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে। প্রার্থীরা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যান্য প্রার্থীরাও বলেন জনগণের ইচ্ছাতেই নির্বাচনে প্রার্থী হয়েছি। তাই জনগণ নির্বাচনে ভোট দিয়ে জয় করবেন এ কামনা করছেন তারা।
এদিকে নারী প্রার্থীদের সাথে মাঠে নেমেছেন স্বামী সন্তানরাও। তেমনি পুরুষ প্রার্থীদের সাথেও স্ত্রী সন্তানরা বসে নেই। সবার আশা ভোট যুদ্ধে জিততেই হবে। তবে সাধারণ ভোটাররা ভোট দেয়ার ব্যাপারে কোনও প্রার্থীকেই নিরাস করছেন না। প্রার্থীরা ব্যবসায়ী ভোটারদের দোকানে গিয়েও ভোট প্রার্থনা করছেন। শুধু তাই নয় মাঠে কর্মরত শ্রমিকদের কাছেও যাচ্ছেন ভোটের আশায়। দিচ্ছেন নানা ধরণের প্রতিশ্রুতি।
করিম নামে এক ভোটার জানান, ভোট আসলে প্রার্থীদের আনা-গোনার কমতি থাকে না। ভোট শেষ হলেই তাদের দেখা পাওয়া যায় না। প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে, সে মোতাবেক কাজ করে না। তারা নির্বাচনের পর সব ভুলে যান।
ভোটার আব্দুর রহিম জানান, অনেক প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা নির্বাচিত হন। কিন্তু ইউনিয়নের তেমন কোন উন্নয়ন হয় না।
চুনতি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) ও বর্তমান চেয়ারম্যান  মোঃজয়নুল আবদিন বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি নির্বাচিত হতে পারলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো। ইউনিয়ন আওয়ামী লীগকে সংগঠিত করাসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
চুনতি  ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ শহিদুল্লাহ (চশমা)বলেন, জনগনের কাছে যাচ্ছি। ব্যাপক সাড়া পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভাটে আমি নির্বাচিত হব।
কলাউজান ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. এয়াছিন জানান, জনগনের ইচ্ছায় আমি নির্বাচন করতেছি। জনগণ চাইলে আমি ৫ বছর তাদের পাশে থাকবো।
পদুয়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) হারুনর রশিদ বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আশাকরি জনগণ নির্বাচনে ভোট দিয়ে আমাকে জয় করবে। আমি নির্বাচিত হলে পদুয়াকে মাদকমুক্ত, কিশোর গ্যাং মুক্ত একটি ডিজিটাল ইউনিয়নে রুপান্তর করবো।

মৌলভীবাজারে নির্বাচনী আচরণ বিধি সচেতনতা মূলক অনুষ্ঠান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: আসন্ন মৌলভীবাজার সদর উপজেলার ইউনিয়ন পরিষদসমূহের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা ১১ ডিসেম্বর শহরের পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার সাবরীনা রহমান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক।
এ সময় মৌলভীবাজার সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান পদপ্রার্থী, সদস্য পদপ্রার্থী ও উপজেলার গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

দুই শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ইউএনও

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মর্জিনা বেগম (৭০) ও নয়ন হোসেন নামে দুই শারীরিক প্রতিবন্ধীকে দুটি হুইলচেয়ার দিলেন রাণীশংকৈল ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

মর্জিনা উপজেলার পৌরশহরের ভান্ডারা এলাকার মৃত সুজারউদ্দিনের স্ত্রী ও নয়ন বনগাঁও শিয়ালডাঙ্গী গ্রামের লিটন আলীর ছেলে।

গত শুক্রবার ১০ ডিসেম্বর সন্ধায়  ইউএনও’র প্রতিনিধি হিসাবে সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা নিজে  ওই প্রতিবন্ধী দুজনকে দুটি হুইলচেয়ার তাদের বাড়িতে দিয়ে আসেন। এ সময় সহকারি ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা গেছে চলাফেরায় একেবারে অক্ষম শারীরিক প্রতিবন্ধী মর্জিনা ও নয়ন  দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের পক্ষ থেকে চেয়ার কেনার সামর্থ্য তাদের ছিলোনা। গত ১০ ডিসেম্বর ইউএনও স্টিভ কবির ওই এলাকার জৈনেক ব্যক্তির মারফর তাদের হুইলচেয়ার কেনার অসামর্থ্যের কথা জানতে পারে। এরপর তিনি পরের দিনই দুটি হুইলচেয়ার কিনে নিয়ে আসেন। এবং শুক্রবার এসিল্যান্ড মারফত চেয়ার দুটি তাদের বাড়িতে পৌঁছে দেন।

হুইলচেয়ার পেয়ে শারীরিক প্রতিবন্ধী  মর্জিনা ও নয়ন এবং তাদের পরিবারের সদস্যরা ইউএনও’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশসহ তার জন্য দোয়া করেন।

এ ব্যাপারে সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা বলেন, আমি ইউএনও স্যারের পক্ষ থেকে চেয়ার দুটি দিতে আসি। এবং এরকম একটি মহৎ কাজে এসে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

ফুলবাড়ীতে ভোট পুনরায় গণনার দাবী তিন প্রার্থীর

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে সদ্য সমাপ্ত ৩য় ধাপের ইউপি নির্বাচনে ভোট গণনায় নানা অনিয়মের অভিযোগ তুলে ৩টি ইউনিয়নের পৃথক ৩জন পরাজিত প্রার্থী পৃথকভাবে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার নিকট পুনরায় ভোট গণনার দাবিতে আবেদন করেছেন । এদের মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থী একজন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও একজন সাধারন সদস্য প্রার্থী রয়েছেন ।

জানা গেছে, ৩য় ধাপের ইউপি নির্বাচনে ফুলবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে গত ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে কাশিপুর ইউনিয়নের নৌকা মার্কার পরাজিত প্রার্থী রেয়াজুল ইসলাম ওই ইউনিয়নের সকল কেন্দ্রের ভোট পুনঃ গণনার দাবিতে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেন।

এ ছাড়াও ভোট পুনঃ গণনার দাবিতে সংশ্নিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবরে আবেদন করেছেন শিমুলবাড়ী ইউনিয়নের ১ , ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মোছাঃ মর্জিনা আক্তার পারভীন ও ফুলবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারন সদস্য প্রার্থী মিজানুর রহমান।

শিমুলবাড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে পরাজিত প্রার্থী মোছাঃ মর্জিনা আক্তার পারভীন জানান, আমার প্রতীক ছিল বক। ১ নম্বর ওয়ার্ড তালুক শিমুলবাড়ী ভোট কেন্দ্রে আমার বক মার্কায় ৬৩১ ভোট আর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হেলিকপ্টার মার্কায় ৪৩৭ ভোট পড়েছে। কিন্তু প্রিজাইডিং অফিসার অনিয়মের আশ্রয় নিয়ে ফলাফল পরিবর্তন করেছেন। তিনি ফলাফল সিটে বক মার্কার ৪৩৭ আর হেলিকপ্টার মার্কার
৬৩১ ভোট লিখে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। তাই আমি ওই কেন্দ্রের ভোট পুনঃ গণনার দাবীতে আবেদন করেছি।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মমিনুল আলম জানান, পৃথক তিনটি অভিযোগ পেয়েছি। কিন্তু পুনরায় নির্বাচন কিংবা ভোট গণনার ক্ষমতা আমাদের হাতে নেই। তবে আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-এ তারা মামলা করতে পারেন।

আদালত যে আদেশ দেবেন পরবর্তী সে মোতাবেক কাজ করা হবে।

ডিবির জালে ১কেজি গাঁজাসহ আটক ১জন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১২ নং পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রাম থেকে ১ কেজি গাঁজা সহ কিতেন্দ্র চন্দ্র শীল(৪৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত কিতেন্দ্র চন্দ্র শীল পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের দিজেন্দ্র শীলের ছেলে।
গত শুক্রবার রাত সাড়ে ১০ ঘটিকার সময় গোপন তথ্য ভিত্তিতে জেলা ডিবি শাখার এসআই জুনেদ আহমেদ, এএসআই মোঃ রাজিব সহ একটি দল কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামে অভিযান চালিয়ে তাকে ১কেজি গাঁজা জব্দ করে কিতেন্দ্র’কে আটক করতে সক্ষম হয়।
মৌলভীবাজার জেলা ডিবি শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর আগে যোগাযোগ করা হলে দৈনিক পর্যবেক্ষণ প্রতিবেদক’কে জানান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া স্যারের ঘোষিত বিশেষ অভিযানে কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রাম থেকে কিতেন্দ্র চন্দ্র শীল নামের মাদক কারবারিকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে শনিবার হাজির করলে, মাননীয় আদালতের নির্দেশের মাধ্যমে আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রথমবারের মতো দেশে দুই জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

সিএনবিডি ডেস্কঃ প্রথমবারের মতো বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে এই ধরন শনাক্ত হয়।

আজ শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা শিশু হাসপাতাল থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, জিম্বাবুয়ে থেকে খেলা শেষ করে ফিরে আসা জাতীয় মহিলা ক্রিকেট দলের দুই ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। তাদের শরীরে কোনো ধরনের জটিল উপসর্গ নেই। তারা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আইসোলেশনে আছেন।

তিনি আরো বলেন, ফ্রিকার বাইরেও ৬৮টা দেশেও ওমিক্রন পাওয়া গেছে। ভাইরাসটি খুবই সংক্রমণ এবং দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু এর উপসর্গটা মৃদু। এই ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংবাদ আমরা পাইনি। ডেল্টা ভাইরাসের মতো ধরন। এই ভ্যারিয়েন্ট দ্বারা এখনো ক্ষতি ততটা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে ব্যবহৃত টিকাগুলো এই উপসর্গকে কিছুটা মোকাবেলা করার ক্ষমতা রাখে।

প্রসঙ্গত, করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে মাঝপথেই স্থগিত হয়ে যায় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। জিম্বাবুয়ে থেকে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করছিলেন মেয়েরা। ১ ডিসেম্বর দেশে ফেরার পর হোটেল সোনারগাঁওয়ে পাঁচ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রবেশ করেন নিগার সুলতানার দল। তাদের নমুনা পরীক্ষা করা হলে দুই নারী ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ আসে।

পরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জিনোম সিকোয়েন্স পরীক্ষায় তাদের দেহে ধরা পড়া ধরনটি ওমিক্রন বলে নিশ্চিত করা হয়।