জার্মানিতে গির্জায় বন্দুক হামলায় ৭জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির হামবুর্গ শহরের একটি গির্জায় বন্দুক হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। গত বৃহ্স্পতিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামের সড়কে অবস্থিত একটি গির্জায় এই ঘটনা ঘটে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে পুলিশ। এর মধ্যে কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করেও নিয়ে যাওয়া হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গির্জার ওপরের দিকে একটি গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। এরপর সেখানে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিই হামলাকারী।

এক টুইট বার্তায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে হামবুর্গের মেয়র পিটার চেনসচার বলেন, অপরাধীদের শনাক্ত করতে নিরাপত্তাবাহিনী কাজ করছে।

তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আশপাশের রাস্তাঘাট ও দোকানপাট বন্ধ রাখা এবং বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২০তম বৃহৎ অর্থনীতির দেশ হবে

অর্থনীতিক ডেস্কঃ আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২০তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১১ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ বিজনেস সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। করোনায় পুরো বিশ্ব থমকে গেলেও আমাদের অর্থনীতি থামেনি। ২০০৬ এর ৬০ বিলিয়ন ডলারের জিডিপি এখন ৪৬৫ বিলিয়ন ডলারে পরিণত হয়েছে।

তিনি বলেন, পোশাক খাতে বিশ্বে এখন দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। বেসরকারি খাতকে গুরত্ব না দিলে এতো কিছু করা সম্ভাব হতো না।

সরকারপ্রধান বলেন, নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে। আমরা যে পারি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে সেটা প্রমাণ করেছি। রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কাজ শুরু করেছি।

এর আগে, দেশের ব্যবসা ও বিনিয়োগকে সম্প্রসারণের লক্ষ্যে ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষে বিজনেস সামিটের আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

তিন দিনব্যাপী এই সম্মেলন ১৩ মার্চ পর্যন্ত চলবে। সামিটে বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে ১৭টি সেমিনার ও ৩টি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দুই শতাধিক আন্তর্জাতিক ব্র্যান্ড, ব্যবসায়ী ও বিনিয়োগকারী।

সম্মেলনে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ ১২টি আন্তর্জাতিক সংস্থার সিইও এবং ২০০ এর বেশি-বিদেশি বিনিয়োগকারী, বিশ্বের ১৭টি দেশের ব্যবসায়ী নেতারা অংশ নেবেন। ইতোমধ্যে অনেকেই সম্মেলনে অংশ নিয়েছেন।

ফুলবাড়ীতে ৬ জুয়ারী গ্রেফতার

ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধি : জুয়া খেলার অপরাধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে গ্রেফতার করেছে। বুধবার ৮ ফেব্রুয়ারী দুপুরে গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে  উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী এলাকার দোল মেলার জন্য নির্ধারিত স্থানে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একদল পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালান। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়ারী হাতেনাতে গ্রেফতার হন। অন্যরা পালিয়ে যান।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামের মৃত শামসুল হকের ছেলে জিয়াউর রহমান জিয়া(৪৫), একই ইউনিয়নের বড়লই গ্রামের মৃত আকবর আলীর ছেলে এরশাদুল হক (৩৫), ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের মৃত আফাজ চৌধুরীর ছেলে হুমায়ুন কবির বিপ্লব চৌধুরী (৪৫), একই গ্রামের আবু বক্করের ছেলে ফারুক হোসেন (৩৮) একই ইউনিয়নের রামরামসেন গ্রামের শহীদ আলীর ছেলে গোলাম রব্বানী (২৪) ভাঙ্গামোড় গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩২)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে নারীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক নারী দিবসে দেশে দেশে নানা দাবিতে বিক্ষোভ হয়েছে। বেশিরভাগ দেশেই নারীদের দাবি ছিল সমঅধিকার প্রতিষ্ঠার। গতকাল বুধবার (৮ মার্চ) সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে তুরস্কের ইস্তাম্বুলে নারীরা বিক্ষোভে নামেন।

ব্যানার প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন তারা। তাদের ছত্রভঙ্গ করতে চড়াও হয় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীটি। এর পরও নারীরা মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাইলে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।

নারী দিবসে বিক্ষোভ হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসেও। ফরাসি সরকারের অবসর সংক্রান্ত নীতিমালা সংস্কারের প্রতিবাদে রাস্তায় নামেন নারীরা। এ সময় এক আন্দোলনকারীরা জানান, দেশটিতে পুরুষদের তুলনায় গড়ে ৪০ শতাংশ কম উপার্জন করেন নারীরা। একইসঙ্গে তাদের পেনশনও পুরুষদের তুলনায় অনেক কম। তাই সুযোগ সুবিধা বাড়ানোর দাবি তোলেন তারা।

স্পেনের রাজধানী মাদ্রিদেও এদিন বিক্ষোভ হয়েছে। সমঅধিকার আদায়ের দাবিতে প্ল্যাকার্ড ব্যানার হাতে নানা স্লোগান দিতে দেখা যায় নারীদের।

লাল রঙের পোশাকে রাস্তায় নেমে সরকারবিরোধী নানা স্লোগান দেন ইসরাইলি নারীরা। বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে নারী দিবসের দিনও বিক্ষোভ করতে দেখা যায় তাদের। এ আইন পাশ হলে নারীরা বিভিন্ন ক্ষেত্রেই বাধার মুখে পরবে বলে মত আন্দোলনকারীদের। তাই সরকারের বিচার ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত তাদের জন্য বিপজ্জনক বলেও দাবি করা হয়।

বঙ্গবন্ধুর প্রিয় ‘খলিল ভাই’ জুরাইন মাজার শরীফের কবরস্থানে সমাহিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বহস্তে লেখা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সম্পাদনায় ২০১২ সালের জুনে প্রকাশিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ তে উল্লেখিত হেকিম খলিলুর রহমান বঙ্গবন্ধুর প্রিয় ‘খলিল ভাই’ জুরাইন মাজার শরীফের কবরস্থানে সমাহিত আছেন বলে জানা গেছে। সম্প্রতি জুরাইন চিশতিয়া মাজার শরীফ-এর মোতওয়াল্লী শাহজাদা সহিদুর রহমান সেলিম মাজার শরীফের পারিবারিক সংকট নিরসনে সহায়তার আশায় মাননীয় প্রধানমন্ত্রী বরাবর লিখিত চিঠিতে জুরাইন মাজার শরীফের সাথে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা বর্ননা করতে গিয়ে হেকিম খলিলুর রহমানের এ বিষয়টি আলোচনায় এনেছেন।

জুরাইন চিশতিয়া মাজার শরীফ-এর মোতওয়াল্লী শাহজাদা সহিদুর রহমান সেলিম জানান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জুরাইন মাজার শরীফ এর সীমানা প্রাচীরের ভেতরে ভক্তবৃন্দের বিশ্রামের জন্য নির্মিত ভবনে স্থাপিত ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন  বঙ্গবন্ধুর তিন সন্তান শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ কামাল। এ সময় তারা ভোটকেন্দ্র সংলগ্ন হেকিম খলিলুর রহমানের মেঝ ভাই সাইদুর রহমানের বাসায় গিয়েছিলেন। সাইদুর রহমান জুরাইন মাজার শরীফের পীর সাহেবের বড় মেয়ের স্বামী, যিনি স্থানীয় আওয়ামীলীগ নেতাও ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাত্র ৪ দিন পূর্বে পাকসেনারা তাঁকে তুলে নিয়ে যায়, তিনি আর ফিরে আসেননি। ২০০২ সালে হেকিম খলিলুর রহমানের বড় বোনের স্বামী ও কাজী মঈনুদ্দিন মুনীর-এর পিতা কাজী শামসুজ্জোহা সাহেবের মৃত্যু সংবাদ পেয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুরাইন মাজার শরীফ আঙ্গিণাস্থ বাসায় এসেছিলেন এবং দীর্ঘক্ষণ অবস্থান করেছিলেন। আর আমরা জানতাম না যে, এই জুরাইন মাজার শরীফের পারিবারিক কবরস্থানে সমাহিত হয়েছেন বঙ্গবন্ধুর প্রিয় হেকিম খলিলুর রহমান, প্রিয় ‘খলিল ভাই’। মহান আল্লাহ খলিলুর রহমানকে জান্নাতবাসী করুন এই দোয়া করি।

এদিকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’তে হেকিম খলিলুর রহমান সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে, কিন্তু সকলের প্রিয় ‘খলিল ভাই’ এর অকাল মৃত্যুর ঘটনার রহস্য অজানাই রয়ে গেছে। তবে জানা গেছে, বঙ্গবন্ধুর সেই প্রিয় হেকিম খলিলুর রহমান খলিল ভাই খুব অল্প বয়সে পারিবারিক হিংসার শিকার হয়ে ১৯৫৪ সালের ৬ অক্টোবর আততায়ীর হাতে নিহত হয়েছিলেন।

বঙ্গবন্ধুর সেই প্রিয় হেকিম খলিলুর রহমানের পৈতৃক বাড়ি ছিল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাশিমপুরে। তিনি পারিবারিকভাবে আওয়ামীলীগ ঘরানার লোক ছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে এক সমাবেশে তিনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে কাশিমপুরে এসেছিলেন। সেই সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করতে আব্বাসউদ্দীন সহ অনেক বিখ্যাত শিল্পীরা এসেছিলেন।

বঙ্গবন্ধুর প্রিয় ‘খলিল ভাই’ সম্পর্কে ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, “অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্মেলন” এ যোগদান করতে কলকাতা থেকে হাওড়া হয়ে দিল্লী রওয়ানা হয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সফরে বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন কলকাতাস্থ ইসলামিয়া কলেজ ইউনিয়নের তৎকালীন সেক্রেটারি জনাব আশরাফ উদ্দিন মাখন। দিল্লী পৌঁছে তাঁরা এ্যাংলো এ্যারাবিয়ান কলেজ প্রাঙ্গণে তাদের জন্য রক্ষিত নির্দিষ্ট তাবুতে অবস্থান করেছিলেন।

এদিকে পরদিন কনফারেন্সস্থল ছিল লোকেলোকারণ্য, প্রচন্ড গরম। আর প্রথম দিনের কনফারেন্স শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাঁরা দিল্লীর লালকেল্লা, জামে মসজিদ, কুতুবমিনার ঘুরে নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করে রাতে তাঁবুতে ফিরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অসুস্থ হয়ে পড়েন। বুক, পেট ও সমস্ত শরীরে ব্যাথা, পায়খানা হয় নাই, প্রচন্ড অস্বস্তি। এই বিদেশ বিভূঁইয়ে  কি হবে এখন? তাদের কাছে ডাক্তার দেখানোর মতো টাকাও ছিল না । কিছু একটা করা যায় কি না ভেবে আশরাফ উদ্দিন মাখন যখন তাবু থেকে বের হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে মেঘদূতের মত সেখানে হাজির হয়েছিলেন সকলের প্রিয় খলিল ভাই। হেকিম খলিলুর রহমান, আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। ছাত্রলীগের কর্মী।

হেকিম খলিলুর রহমান আলিয়া মাদ্রাসা থেকে পাশ করে দিল্লী এসেছেন হেকিম আজমল খাঁ সাহেবের হেকিমি বিদ্যালয় থেকে হেকিমি শিক্ষা নেওয়ার জন্য। তিনি তার প্রিয় শেখ মুজিবের সাথে দেখা করতে এসেছেন। তিনি শেখ মুজিবের অবস্থা দেখে বলেছিলেন, ‘কি সর্বনাশ কাউকে খবর দাওনি’? মাখনকে থামিয়ে দিয়ে বলেছিলেন, ‘আপনার ডাক্তার ডাকতে হবে না। আমি ডাক্তার নিয়ে আসছি’। সেই যাত্রায় প্রিয় খলিল ভাই এর সহায়তায় পরের দিনই সুস্থ হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ আজ বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে বিকেল তিনটায় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচটি শুরুর আগে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে টি-টোয়েন্টিতে থ্রি লায়নসদের সঙ্গে টাইগারদের অভিজ্ঞতা বলতে সর্বসাকুল্যে একটিমাত্র ম্যাচ। দুই দেশের মধ্যে প্রথম সিরিজটি স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যেই সাগরিকায় প্রথম ম্যাচে টস জিতেই ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে মাত্র ১ বার মুখোমুখি হয়েছে দুই দল। ২০২১ সালের আরব আমিরাত বিশ্বকাপে সেই ম্যাচে টাইগারদের ৮ উইকেটে হারিয়েছিলো ইংলিশরা। দুই দলের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক সিরিজটি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলা উপহার দিয়ে স্মরণীয় করে রাখিতে চায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এই সিরিজ দিয়ে আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও শুরু করতে চান এই লঙ্কান কোচ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭০ ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড। যেখানে ৯২ ম্যাচে জিতেছে ইংলিশরা, হেরেছে ৭২টিতে। অন্যদিকে বাংলাদেশ ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৪৯ জয়ের বিপরীতে হেরেছে ৯২টিতে। তবে গোল বলের খেলা ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে, তারাই শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়বে।

মেয়ের ব্যক্তিত্ব আমার মতো হোকঃ রণবীর !

বিনোদন ডেস্কঃ গত বছরের নভেম্বরে কন্যাসন্তানের অভিভাবক হন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তারা মেয়ের নাম রেখেছেন রাহা। সম্প্রতি নিজের মুক্তি প্রতিক্ষীত ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কা’র প্রচারে গিয়ে মেয়েকে নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হন এবং সেসব প্রশ্নের উত্তরও তিনি দিয়েছেন বেশ মজার ছলে।

মেয়ে বড় হয়ে কার মতো হলে খুশি হবেন তিনি? সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হন রণবীর। তবে তার দেয়া উত্তরে অবাক হয়েছেন অনেকেই। রণবীর বলেন, ‘আমি আলিয়াকে বলেছি, আমি চাই বড় হয়ে মেয়েকে ওর মতো দেখতে হোক, তাতে ওকে দেখতে খুব সুন্দর হবে। তবে মেয়ের ব্যক্তিত্ব যেন আমার মতো হয়।’

রণবীরের মতে, ‘আলিয়া খুব চঞ্চল, ও প্রচুর বকবক করে। রাহা বড় হয়ে ওর মতো হলে আমি বিপদে পড়ে যাব! ওই রকম দু’জন মেয়েকে সামলানো আমার পক্ষে খুব কঠিন ব্যাপার!’ যদিও রণবীরের এমন মন্তব্যে বেশ মজাই পেয়েছেন তাদের ভক্ত অনুরাগীরা। রণবীরের এমন মন্তব্যের পর অনেকেই বলছেন, ‘এত দিনে রণবীর তার মনের মতো মানুষের সঙ্গে রয়েছেন।’

আলিয়া বর্তমানে কারান জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’ ছবির জন্য শুটিং এ ব্যস্ত সময় পার করছেন। আর তার সঙ্গে আছে মেয়ে রাহাও। অন্য দিকে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির প্রচারে ব্যস্ত রণবীর কাপুর।

পরমাণু শক্তিচালিত ৫টি সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভার্জিনিয়া-ক্লাসের পরমাণুচালিত ৫টি সাবমেরিন কেনার ঘোষণা দিতে পারে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে ঐতিহাসিক প্যাসিফিক নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে এই সাবমেরিন কিনবে দেশটি। গতকাল বুধবার (৮ মার্চ) চার শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যকার অকাস (এইউকেইউএস) চুক্তির আওতায় সাবমেরিন পাঁচটি অস্ট্রেলিয়াকে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উত্থান ঠেকাতে ওয়াশিংটন, ক্যানবেরা এবং লন্ডন ২০২১ সালে অকাস চুক্তি স্বাক্ষর করে।

নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র ২০২৭ সাল নাগাদ পশ্চিম অস্ট্রেলিয়ায় বেশ কিছু সাবমেরিন মোতায়েন করবে। তারই ধারাবাহিকতায় ২০৩০ এর দশকের শুরুর দিকে অস্ট্রেলিয়া ৩টি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন কেনার অর্ডার দেয় এবং আরও দুটি সাবমেরিন কেনার বিষয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে।

ধারনা করা হচ্ছে অকাস অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা প্রতিরক্ষা প্রকল্প হতে যাচ্ছে। এ প্রকল্প তিনটি দেশেই বিপুল সংখ্যক চাকরির খাত তৈরি করবে।

বর্তমানে অস্ট্রেলিয়ার নৌবহরে ছয়টি প্রচলিত চালিত কলিন্স ক্লাস সাবমেরিন রয়েছে। ধারণা করা হচ্ছে এই সাবমেরিনগুলো ২০৩৬ সাল পর্যন্ত সেবা দিতে পারবে।

গরু ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার চোরাই গরু এবং ৬ পিস ইয়াবাসহ আফতাফুর রহমান কটাই (২৩) নামে একজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার বিকেলে জুড়ী উপজেলার কামিনীগঞ্জ লামাবাজারস্থ গরুর হাট থেকে আলতাফুরকে আটক করা হয়।

জুড়ী থানা সূত্রের বরাতে জানা যায়, গতকাল (৮ মার্চ) বিকেলে জুড়ী থানা পুলিশের কাছে সংবাদ আসে যে স্থানীয় লোকজন কামিনীগঞ্জ লামাবাজারের গরুর হাটে চোরাই গরুসহ একজনকে আটক করে রেখেছে।

ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য জুড়ী থানার এসআই ফরহাদ মিয়া ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে চোরাই গরুটি জব্দ করেন।

পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেট থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি জুড়ী থানার রানীমুড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।

এই ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডে ৩৭৯ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় জুড়ী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আসামিকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন “এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

পরে পরিষদ হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার আক্তার, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, পল্লীবিদ্যৎ এর  ডিজিএম নেজামুল ইসলাম, বীর  মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক প্রশান্ত বসাক ও নাসরিন আক্তার, সহকারি শিক্ষিকা মাহাবুবা আক্তার স্নিগ্ধা প্রমুখ।

এছাড়াও মহিলা বিষয়ক অফিসের বিভিন্ন সমিতির মহিলা সদস্য, কর্মকর্তা- কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।