হঠাৎ বাড়লো পেঁয়াজ ও রসুনের দাম

সিএনবিডি ডেস্কঃ রাজধানী ঢাকায় হঠাৎ করে বেড়ে গেছে পেঁয়াজ ও রসুনের দাম। এই দু’টি পণ্য গত সপ্তাহের চেয়ে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। গত সপ্তাহে আমদানি করা বিদেশী পেঁয়াজ ৫০ টাকা বিক্রি হলেও গতকাল শুক্রবার বিক্রি হয়েছে ৭০ টাকায়। একইভাবে গত সপ্তাহে ১২০ টাকা কেজি বিক্রি হওয়া রসুন এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে।

বিক্রেতারা বলছে, বাজারে দেশী পেয়াজ ও রসুনের সরবরাহ কমে যাওয়ায় আমদানি পণ্যের উপর নির্ভরতা বেড়ে গেছে। পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির কারণে খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের।

অন্যদিকে, দেশে প্রচুর পরিমাণে শীতের সবজির উৎপাদন হলেও আগের মতোই বাড়তি দামে কিনতে হচ্ছে সব ধরনের সবজি। টমেটো ও কাঁচা মরিচের দাম কিছুটা কমলেও অন্যগুলো রয়েছে অপরিবর্তিত। তবে কয়েক মাস ধরে যেমন চড়া দামে সবজি বিক্রি হয়েছে তার চেয়ে কিছুটা কমেছে অন্যান্য সবজির দাম। আজ রাজধানীর খুচরা বাজারগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হওয়া পাকা টমেটো গতকাল থেকে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। আর আর কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। গত সপ্তাহের ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

এ ছাড়া অপরিবর্তিত রয়েছে সব ধরনের সবজির দাম। পটলের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। করলা ৬০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা এবং কাঁচকলার হালি ৩০ থেকে ৩৫ টাকা।

শিমের কেজি গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। গাজর বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা, ফুলকপির পিস ৩০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপির পিস ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। লাল শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা, মুলা শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।

সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে পাকিস্তানি কক বা সোনালি মুরগির দাম। গতকাল বিক্রি হয়েছে কেজি ২৬০ টাকায়। ব্যবসায়ীরা পোলট্রি মুরগির কেজি বিক্রি করছেন ১৫০ থেকে ১৫৫ টাকায়, ফার্মের মুরগির ডিম গতকাল বিক্রি হয়েছে ১০০ টাকায়।

তবে স্থিতিশীল রয়েছে মাছ ও গোশতের দাম। গরুর গোশত এখনো ৫৮০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খাসির গোশত ৮৫০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। একই দামে বিক্রি হচ্ছে কাতল মাছও। এ ছাড়া শিং ও টাকি মাছের কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা, ৯০০ গ্রাম থেকে এক কেজি ওজনের শোল মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা, তেলাপিয়া ও পাঙ্গাস ১৫০ থেকে ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ১ কেজি ওজনের ইলিশ মাছের কেজি ১০০০ থেকে ১২০০ টাকা, চিংড়ির কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা দরে।

নাইজেরিয়ায় ফজরে নামাজরত অবস্থায় ১৬ মুসল্লিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর নাইজেরিয়ার একটি গ্রামের মসজিদে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় ১৬ জনেরও বেশি মুসল্লি নিহত হয়েছে। শুক্রবার সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এপি’র প্রতিবেদনে জানানো হয়,  বৃহস্পতিবার নাইজার রাজ্যের মাশেগু এলাকার বায়ারে গ্রামে কয়েক ঘন্টা ধরে সশস্ত্র বন্দুকধারীদের হামলা চলে। হামলাকারী মোটরসাইকেলে করে এসে গ্রামে তাণ্ডব চালায়, মসজিদে নামাজরত লোকজনকে হত্যা করে এবং লুটপাট করে। এছাড়া স্থানীয় অনেক মানুষকে অপহরণ করেও নিয়ে গেছে।

অন্যদিকে, নাইজেরিয়ার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, মাত্র ৯ জন বাসিন্দা নিহত হয়েছে।

উল্লেখ্য, অতীতেও পুলিশ এই ধরনের হামলায় হতাহতের পরিসংখ্যান কমিয়েছে বলে অভিযোগ রয়েছে। এর আগে পশ্চিম আফ্রিকার দেশটির অশান্ত উত্তরাঞ্চলের বিভিন্ন অংশে ২৩ জন যাত্রী নিহত হয়েছেন।

সুত্রঃ ওয়াশিংটন পোস্ট।

মাধবকুন্ড জলপ্রপাতে যোগ হতে যাচ্ছে ক্যাবল কার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক জলপ্রপাত ও দ্বিতীয় বৃহত্তম ইকোপার্ক মাধবকুন্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পথ সুগম আরো একধাপ এগিয়ে নিয়ে ভ্রমন পিপাসুদের জন্য পর্যটন এলাকার প্রায় ৩ কিলোমিটার জুড়ে স্থাপিত হচ্ছে ক্যাবল কার।

এরইমধ্যে এর সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। চলছে ক্যাবল কার প্রকল্পের পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়নের প্রতিবেদন প্রণয়নের কাজ। প্রকল্প বাস্তবায়নে সম্প্রতি স্থানীয়দের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে বনবিভাগ। বন মন্ত্রণালয়ের ক্যাবল কার স্থাপনের এ প্রকল্পটি বাস্তবায়িত হলে আরো একধাপ যোগ হবে বিনোদন কেন্দ্রে বৃদ্ধি পাবে দেশি-বিদেশি পর্যটকের আগমন। পর্যটন খাতে বাড়বে সরকারের রাজস্ব আয়।

জানা গেছে, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র মৌলভীবাজারের বড়লেখার মাধবকুন্ড জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে ভ্রমন পিপাসুরা সারা বছরই সেখানে ভিড় জমান। মাধবকুন্ডের আশপাশের উঁচু-নিচু সবুজ পাহাড়, বন বাদাড়ের নানা প্রজাতির জীবজন্তু,পাহাড়ি ছড়া, খাসিয়া পল্লী, চা বাগান, গহীণ অরণ্যসহ অপরূপ প্রাকৃতিক দৃশ্য উপভোগের সঠিক ব্যবস্থা না থাকায় পর্যকটরা শুধু জলপ্রপাত দেখেই ফিরে যান।

স্থানীয় সংসদ সদস্য শাহাব উদ্দিন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তিনি মাধবকুন্ডে দেশি-বিদেশি পর্যটক আকৃষ্টে অবকাঠামো উন্নয়নে নানামূখি পদক্ষেপ গ্রহণ করেন। তারই নির্দেশনায় বন মন্ত্রণালয় পর্যটকদের মাধবকুন্ডের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগের ব্যবস্থা করে দিতে ইকোপার্ক এলাকায় ক্যাবল কার স্থাপনের প্রকল্প গ্রহণ করেছে।

বন বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, মাধবকুন্ডে ক্যাবল কার স্থাপন প্রকল্পের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়নের (ইএসআইএ) প্রতিবেদন প্রনয়নের অংশ হিসেবে মাধবছড়া বীট অফিসে স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মাধবছড়া বীট অফিস থেকে জলপ্রপাত পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় ভুমি থেকে ৭০/৮০ ফুট উপর দিয়ে ক্যাবল কার চলাচলের পরিকল্পনা নিয়ে কার্যক্রম চালাচ্ছে বন বিভাগ। অতি শীঘ্রই এ প্রকল্প বাস্তবায়ন করার জন্য যথাযত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পুলিশ প্রধান বেনজীর আহমেদ সহ ৬ কর্মকর্তা ও র‍্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সিএনবিডি ডেস্কঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্বের ১০টি প্রতিষ্ঠান ও ১৫ জন ব্যক্তির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। এরই প্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৬ জন নিরাপত্তা কর্মকর্তা ও বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাজস্ব বিভাগের ওয়েব সাইটে প্রকাশিত নিষেধাজ্ঞার তালিকায় এদের নাম যোগ করা হয়েছে।

তালিকায় আরো আছেন: মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খান মোহাম্মদ আজাদ, মোহাম্মদ আনোয়ার লতিফ খান এবং তোফায়েল মোস্তফা সরোয়ার।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজস্ব বিভাগ এসব তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “র‍্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের যুদ্ধে অংশ নিয়ে র‌্যাব আইনের শাসন ও মানবাধিকার খর্ব করেছে। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থ হুমকির মুখে পড়েছে।

যৌথ টাস্ক ফোর্স র‍্যাব ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বর্ডার গার্ড সদস্যদের সমন্বয়ে গঠিত হয়। র‍্যাবের দায়িত্ব হলো-অভ্যন্তরীণ নিরাপত্তা, অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কিত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরকার-নির্দেশিত তদন্ত।

বাংলাদেশে ২০০৯ সাল থেকে ৬০০ জনেরও বেশি লোকের নিখোঁজের পেছনে র‌্যাব ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা দায়ী বলে এনজিওগুলোর অভিযোগ। ২০১৮ সাল থেকে তাদের হাতে প্রায় ৬০০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। ভুক্তভোগীরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বিরোধী দলের সদস্য, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।”

বিজ্ঞপ্তিতে র‍্যাবের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তাকে যুক্তরাষ্ট্র প্রবেশে দেশটির পররাষ্ট্র দপ্তর বিধিনিষেধ আরোপ করেছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকারের নির্বাহী আদেশ ১৩৮১৮ এর আওতায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদেশে মানবাধিকার লঙ্ঘন বা দুর্নীতিতে সম্পৃক্ত ব্যক্তির সম্পদ বাজেয়াপ্তের কথা বলা হয়েছে।

নওগাঁয় ভূমি কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে কৃষি জমির মাটি কর্তন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর কৃষকদের সার,বীজ ও টাকার প্রলোভন দেখিয়ে মাটি ব্যবসায়ীরা তিন ফসলী জমির টপ সয়েল কেটে বিক্রি করছে বিভিন্ন ইটভাটা মালিকদের কাছে। টাকা ও সার বীজের লোভে অনায়াসে কৃষি জমির টপ সয়েল বিক্রি করছেন কৃষকেরা। জমির টপ সয়েলের পাশাপাশি গ্রাম অঞ্চলের প্রকৃতির সৌন্দর্য নষ্ট করে উঁচু ভিটা মাটি, পুকুরপাড় কেটে সয়লাব করছেন তারা। সেইসাথে প্রাকৃতিক ভাবে জন্মানো অনেক অক্সিজেন প্রদানকারী গাছ নষ্ট করে চলেছেন। একারণে জমির উর্বরতা শক্তি হারানোর সাথে উৎপাদন ক্ষমতা ব্যাহত হচ্ছে। যার কারনে জমি হারাচ্ছে শস্য উৎপাদন ক্ষমতা। এতে করে দেখা দিবে খাদ্য ঘাটতি।

এছাড়াও মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে কৃষকের ফসলি জমি কেটে পুকুর খনন করে দিচ্ছেন অসাধু মাটি ব্যবসায়ীরা। সল্প মূল্যে মাটি কিনে লাভবান হচ্ছেন ইটভাটা মালিকেরা। ফসলের মাঠজুড়ে স্কে-ভেটর (ভেকু) মেশিন বসিয়ে ট্রাক্টরে করে মাটি নিয়ে যাচ্ছেন জেলার বিভিন্ন ইটভাটায়। এতে করে গ্রামীণ ও শহুরে গুরুত্বপূর্ন রাস্তাঘাট, ব্রীজ ও কার্লভাট নষ্ট হচ্ছে। এতে ধুলা-বালির রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে স্কুল পড়ুয়া ছাত্র/ছাত্রী হতে বয়স্ক ও মাঝারি বয়সের পথচারীদের স্বাস-প্রশ্বাসের ব্যাপক প্রভাব পড়ছে। যার ফলে ভবিষ্যতে চরম ভোগান্তিতে পড়বেন ওই সব এলাকার সাধারণ মানুষ জন। যেন দেখার কেউ নেই।

অভিযোগ রয়েছে, জেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারদের ম্যানেজ করে তাদের সহযোগিতায় প্রতিনিয়ত রাস্তাঘাট নষ্ট করে মাটি বাণিজ্য করে যাচ্ছেন তারা। এসব বিষয়ে স্থানীয়রা ভূমি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)দের জানালেও ব্যবস্থা গ্রহনের পরিবর্তে তাদের সাথে সখ্যতা গড়ে চলে যান। দায় এড়াতে কর্মকর্তারা দায়সারা ভাবে স্পটে এসে ঘুরে গেলেও কোন ব্যবস্থা নেয় না তারা। দিনের পর দিন মাটি কর্তন কাজ চলছে জেলার মাঠ জুড়ে। কর্তাদের এমন কর্মকান্ড দেখে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অনেক সময় মাটি বহনকারি গাড়ি চলাচল বন্ধ করে দিলে পরে স্থানীয় প্রতিনিধিদেরকে ম্যানেজ করে আবারও বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন তারা। যার ফলে জিম্মি হয়ে পড়েছেন সাধারন ভুক্তভোগী মানুষজন। জেলায় দাপিয়ে বেড়াচ্ছেন এ সিন্ডিকেট মহল। অনেকে মাটি ব্যবসায়ীদের ভয়ে মুখ খুলছেন
না।

জানা গেছে, জেলার মান্দা উপজেলায় পরানপুর ইউপির সদরপুর গ্রামের ফসলি মাঠে তিনটি স্কে-ভেটর (ভেকু) মেশিন বসিয়ে ২০ থেকে ২৫টি টাক্টর দিয়ে মাটি বহন করে নিয়ে যাচ্ছে এ উপজেলার বিভিন্ন ইটভাটায়। প্রতি গাড়ি জমির টপ সয়েল বিক্রি হচ্ছে ৫০০ শত টাকায়। অন্যদিকে বদলগাছী উপজেলার ভুবন এলাকায় একটি স্কে-ভেটর (ভেকু) মেশিন দিয়ে টাক্টর দ্বারা নওগাঁ-মাতাজী নতুন নির্মানকৃত আঞ্চলিক সড়ককে দুর্বল করে ফেলছে। এতে করে সরকারের কোটি টাকার ক্ষতি হচ্ছে।

মান্দা বৈলশিং ও বদলগাছী ভুবন গ্রামের স্থানীয়রা জানান, এসব অসাধু মাটি ব্যবসায়ী আলম,লিটন ও মেহেদী আমাদের গ্রাম পাড়া ও মহল্লার কাঁচা-পাঁকা রাস্তা নষ্ট করে মাটি বহন করে নিয়ে যাচ্ছেন উপজেলার বিভিন্ন ইট ভাটায়। এতে করে ধুলায় পরিবেশ দূষণের পাশাপাশি আমাদের রাস্তা-ঘাট কালভার্ট নষ্ট হয়ে যাচ্ছে। মাটি বহন করে একটি কালভার্ট ভেঙ্গে ফেলেছে তারা। আমরা বাঁধা দিয়ে মাটির গাড়ি বন্ধ করে দিয়ে ছিলাম। কিন্তু কোন লাভ হয়নি। তারা প্রভাবশালী হওয়ায় কাউকে তোয়াক্কা করছে না। মান্দা ও বদলগাছী ইউনিয়ন ভূমি অফিস সহঃ কর্মকর্তাদের বলেও কোন কাজ হয়না। কিছুদিন আগে মান্দা উপজেলার কালাচিতা ও বদলগাছী উপজেলার ভুবন গ্রামে পুকুর খনন করে ওই এলাকার রাস্তাঘাট নষ্ট করে দিয়েছে।

মান্দা উপজেলার পরানপুর ইউনিয়ন ভূমি সহঃ কর্মকর্তা লতিফর রহমান ও বদলগাছী সদর ইউনিয়ন ভূমি সহঃ কর্মকর্তা রুনজু মাটি ব্যবসায়ীদের সাথে সখ্যতার বিষয়ে জানতে চাইলে তারা জানান, আমরা বার বার উপজেলা ভূমি অফিসে ভেকু ও ট্রাক্টরের চাবি জব্দ করে আনলে ব্যবস্থা গ্রহণ করেন না। চাবি নিয়ে আবার কাজ শুরু করেন মাটি ব্যবসায়ীরা।

এ বিষয়ে মাটি ব্যবসায়ী মেহেদীর সাথে ফোনে কথা হলে তিনি জানান, আমি বদলগাছী সদর ইউনিয়ন ভূমি সহঃ কর্মকর্তা রুনজু সাহেবের দ্বারা ইউএনওর কাছে থেকে অর্ডার নিয়েছি, বলে তিনিও ফোন কেটে দেয়। বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি উগ্র মেজাজে জানান, মাটি কাটার বিষয়ে কিছু বিধান আছে। সে বিধান অনুযায়ী উনারা মাটি কাটতে পারবে। তবে এতে আমরা লিখিত কাগজপত্র দেয় না। রাস্তাঘাট নষ্ট হবে আপনাদের কি বলে তিনি ফোন কেটে দেয়।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. সামশুল ওয়াদুদ বলেন, মাটির উপরিভাগের ১০-১৫ ইঞ্চির মধ্যে উর্বরতা শক্তি থাকে। মাটি খুঁড়ে বিক্রি করার ফলে তা পুনরায় ফিরে আসতে অনেক সময় লাগে। এ ছাড়া মাটির এই অংশে যে কোনো ফসল বেড়ে উঠার গুণাগুণ সুরক্ষিত থাকে। বীজ রোপণের পর এই অংশ থেকেই ফসল প্রয়োজনীয় খাদ্য উপাদান গ্রহণ করে বড় হয়। এটাকে টপ সয়েল বলে। এই টপ সয়েল একবার কেটে নিলে সে জমিতে আর প্রাণ থাকে না।

নওগাঁ জেলা প্রশাসক হারুণ-অর রশিদ জানান, এ বিষয়গুলো নিয়ে আমার কাছে বহু অভিযোগ এসেছে যার সমাধানের চেষ্ঠা করছি। আর সাংবাদিকের সাথে এমন আচরনে আমি খুবই দুঃখ প্রকাশ করছি।

মুরাদনগরে চার সফল নারী জয়িতাকে সম্মাননা প্রদান

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে সফল নারীদের জয়িতা সম্মাননা ও সম্বর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠিত হয়। নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে সফল চার জয়িতাকে এ সম্মাননা প্রদান করা হয়। জয়িতারা হলেন, উপজেলার মধ্যনগর গ্রামের মোসাঃ আছমা বেগম, নেয়ামতকান্দি গ্রামের বিলকিছ আক্তার, নিমাইকান্দি গ্রামের সামছুন্নাহার বেগম ও কামাল্লা গ্রামের আয়েশা বেগম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে ও সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর আমিন প্রমূখ।

শহীদ মিনারে জুতা পায়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী!

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম) : আসন্ন পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের আমেজ গোটা দেশের ন্যায় রাজীবপুরেও ছড়িয়ে পড়েছে। নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিচ্ছেন। এর মধ্যেই ঘটল এক কাণ্ড। এক ইউপি চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে জুতা পায়ে শহীদ মিনারে উঠে ফটোসেশন করেছেন। ঘটনাটি ঘটেছে রাজীবপুর উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে।

গত মঙ্গলবার দুপুরে মনোনয়ন জমা দিয়ে জুতাসহ শহীদ মিনারে নেতাকর্মীদের নিয়ে ফটোসেশন করেন মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ হুমায়ুন কবির ছক্কু। এ ঘটনায় সমালোচনা চলছে পুরো ইউনিয়নে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান  প্রার্থী হুমায়ুন কবির ছক্কু। তিনি মনোনয়ন জমা দিয়েই উল্লাসে ফেটে পড়েন। নেতাকর্মীদের নিয়ে মত্ত হন ফটোসেশনে। বিভিন্ন স্থানে ফটোসেশন করার পর চলে যান শহীদ মিনারে। শহীদ মিনারে জুতাসহ উঠে নেতাকর্মীদের নিয়ে ফটোসেশন করেন।

বিজয়ের মাসে এমন ন্যাক্কারজনক ঘটনায় সমালোচনা শুরু হয় পুরো উপজেলাজুড়ে।

এ ব্যাপারে অভিযুক্ত হুমায়ুন কবির ছক্কু বলেন, ‘আসলে জুতা নিয়ে শহীদ মিনারে উঠাটা ঠিক হয়নি। এজন্য আমি দুঃখিত। সরি ভাই সরি।’

রাজীবপুর উপজেলার নাম প্রকাশ না করার শর্তে এক মুক্তিযোদ্ধা বলেন, ‘এটা শহীদ মিনারকে অবমাননা করার সামিল। শহীদ মিনারে জুতাসহ উঠে ছবি তোলা সত্যিই হৃদয় বিদারক। আমার অনেক খারাপ লেগেছে বিষয়টি। এটা আমাদের জন্য লজ্জাজনক।’

জীবিত মুক্তিযোদ্ধা শহীদের তালিকায়

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: সরকারের তালিকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান শহীদ, কিন্তু বাস্তবে তিনি জীবিত আছেন। একাধিকবার বিভিন্ন দফতরে ধরনা দিয়েও নিজেকে জীবিত প্রমাণ করতে পারছেন না তিনি। ১৯৭১ এর রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখসারিতে অংশ নিয়েছিলেন রাজনগর উপজেলার রাজাপুর গ্রামের এই বীর মুক্তিযোদ্ধা। লুহাইউনি চা বাগানের সম্মুখযুদ্ধে পরাজিত করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী’কে।

জানা গেছে, রাজনগর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি আব্দুল হান্নানকে স্থান দিয়েছে শহীদ যোদ্ধাদের তালিকায়। কিন্তু এ ব্যাপারে বিভিন্ন দফতরে আবেদন ও যোগাযোগ করেও জীবিতের তালিকায় নিজেকে নিতে পারেননি। সর্বশেষ গত ১৮ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করেন তিনি।

ওই আবেদন থেকে জানা যায়, আব্দুল হান্নান সম্মুখযুদ্ধ করলেও মুক্তিযোদ্ধাদের তালিকায় তার নাম ছিল না। বর্তমান সরকারের আগের মেয়াদে দেশে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু হলে তিনি তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করেন। যাচাই-বাছাইয়ের জন্য গঠিত কমিটি ২০১৪ সালের ১৪ মে সভা করে। তাতে তৎকালীন এডিসি জহিরুল হক সভাপতিত্ব করেন। সভায় তার আবেদন যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে আব্দুল হান্নান একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হন এবং তাকে তালিকাভুক্তির সুপারিশ করা হয়।

কিন্তু রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ওই বছরের (২০১৪) ১ জুন জেলা প্রশাসকের কাছে পাঠানো তালিকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের নাম শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকায় উল্লেখ করা হয়। তেমনিভাবে একই মাসের ৩০ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় থেকেও শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় তার নাম মুক্তিযুদ্ধা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

২০১৭ সালের ৬ই ফেব্রুয়ারি মৌলভীবাজার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভা থেকে আব্দুল হান্নান জানতে পারেন, তার নাম জীবিত মুক্তিযোদ্ধার তালিকায় প্রস্তাব না করে শহীদের তালিকায় প্রস্তাব করা হয়েছে। এতে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও উল্লেখ করেন। বিষয়টি সুরাহার জন্য তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন চলতি বছরের ১৮ জানুয়ারি। আবেদনের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও এ ব্যাপারে কোনও সমাধান হয়নি।

আক্ষেপ করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান বলেন, ‘যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। নিজের জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে গিয়ে আজ সত্যিকারের লড়াইয়ে আমি এক পরাজিত সৈনিক। আমাকে খুব বেশি হয়রানির শিকার হতে হচ্ছে। আমি এখন জীবিত রয়েছি। অথচ আমাকে দেখানো হয়েছে শহীদ। নিজের নাম জীবিতের তালিকায় নেওয়ার জন্য বিভিন্ন দফতর ও বড় কর্তাদের কাছে ধরনা দিয়েও কোনও ফল পাচ্ছি না।’

এ ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, ‘মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি আমি গুরুত্ব দিয়ে দেখবো।’

রাজনগর উপজেলা সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সজল চক্রবর্তী বলেন, ‘আব্দুল হান্নান একজন বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধের সময় শান্তিবাহিনী ও রাজাকাররা তাকে দু’বার ধরে নিয়ে পাকিস্তানি সেনাদের কাছে দিয়েছিল। কিন্তু ভাগ্যবশত তিনি পালিয়ে বেঁচে যান। মন্ত্রণালয়ের তদন্ত কমিটি যখন রাজনগরে আসে তখন ভুল করে মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম না তুলে শহীদদের তালিকায় তোলে। এরপর আমরা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে তাকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য পত্রও দিয়েছি। কিন্তু এখনও তা সংশোধন হয়নি। আদৌ কোন দিন শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে মুক্তি পাবো কিনা তাও জানা নেই।

চট্টগ্রামে র‍্যাব-৭ এর অভিযানে সাড়ে ৮ কোটি টাকার ইয়াবাসহ আটক ৪

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে র‌্যাব-৭ এর পৃথক দুই অভিযানে সাড়ে ৮ কোটি টাকার ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ৪ মাদক কারবারি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য যাচ্ছিল।

আজ শনিবার (১১ ডিসেম্বর) সকালে বিষয়টি বাংলাদেশ জার্নালকে জানিয়েছেন র‌্যাব-৭ এর চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের পটিয়ার বাইবাস রোড এলাকা থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবা পাচারের সময় ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া বৃহস্পতিবার রাতের অভিযানে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে ৪ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়।

পটিয়া এলাকা থেকে আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া থানার পূর্ব ফারীর বিল এলাকার মো.হোসেনের ছেলে নুরুল ইসলাম (৪৩) এবং একই এলাকার আঞ্জুমান পাড়ার শামছুল হকের ছেলে মাহমুদুল হক প্রকাশ লালু (২৪)।

অন্যদিকে কর্ণফুলী থেকে আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া থানার ফারীর বিল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল এবং একই এলাকার পূর্ব ফারীর বিলের হাজী আবুল হোসেনের ছেলে মো. রেদওয়ান (২৬)।

র‍্যাব ৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল বলেন, কতিপয় মাদক কারবারি যাত্রীবাহী বাস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে এমন খবর পাওয়া যায়। ওই গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে পটিয়া বাইপাস রোড এলাকায় রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করা হয়। এক পর্যায়ে র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাস থামানোর সংকেত দিলে বাসটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামায়। এ সময় বাস থেকে নেমে দুইজন ব্যক্তি প্লাস্টিকের বস্তা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১ লাখ ৪৩ হাজার ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য সাড়ে ৪ কোটি টাকা বলে তিনি জানান।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার রাতের আরেক অভিযানে ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা ১ লাখ ৩৩ হাজার ৬৩০ ইয়াবা। যার আনুমানিক দাম ৪ কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দেশের বিভিন্ন স্থানে পাচারের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে পটিয়া ও কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন‘র উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) “সমতা ও বৈষম্যহীনতা মানবাধিকার অগ্রগতির মূলমন্ত্র” এই শ্লোগানকে সামনে নিয়ে বিকাল ৩ ঘটিকায় সময় সংগঠনের অস্থায়ী কার্যালয় (মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব) সভাকক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এর উপস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর ইকবাল, তৃণমূল নারী উদ্যেক্তা সোসাইটি (গ্রাসরুটস) জেলা শাখার সভাপতি ও সমাজকর্মী শ্যামলী সুত্রধর, সমাজসেবক তাজুল ইসলাম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, এ,বি,এল এ সভাপতি ও সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোঃ তাওহীদ ইসলাম, আবু তালেব চৌধুরী, আব্দুর রহমান রহমত, লুৎফুল কবীর রাউফ, মোঃ শিপন মিয়া প্রমুখ।
এছাড়াও বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও আমাদের সংগঠনের সম্মানিত সদস্য বৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে, দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।