নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৪ জনের

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন বউবাজার এলাকার আবুল হোসেনের বড় মেয়ে রিমা আক্তার (৭), মেজো মেয়ে রেশমা (৪), ও ছোট ছেলে মমিনুর রহমান(৩) এবং একই গ্রামের নবাব আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন (২৬)।

আজ বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার কুন্দরপুর ইউনিয়নে বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ জানান।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির ধারে রেললাইনে খেলছিল ওই তিন ভাই বোন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেন তাদের কাছাকাছি চলে এলে প্রতিবেশী শামীম ওই তিন শিশুকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত চারজনই ট্রেনে কাটা পড়েন।

ওসি আব্দুর রউপ জানান, এ দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই মারা যায়। নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হলে অন্যজনকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে : মির্জা ফখরুল

ডিবিএন ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল আমি হসপিটালে গিয়েছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে।’

আজ বুধবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘তার অবস্থা সংকটাপন্ন। তাকে কারাগারে নেওয়া হয়েছে এবং পিজি হসপিটালে চিকিৎসা হয়নি এই কারণে তার এ অবস্থা। তিনি গত ২৬ যাবত আইসিইউতে রয়েছেন। অনতিবিলম্বে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো দরকার।’

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা কাদের গণি চৌধুরী, শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দল নেতা মোরশেদ আলম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও এর সভাপতি রকিবুল ইসলাম রিপন, কৃষক দল নেতা লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

সমুদ্র সৈকত নগরী কক্সবাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক যায়যায়দিনের দুইদিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ২০২১ অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: দুর থেকে বহুদুর। টেকনাফ থেকে তেতুলিয়া। দেশের প্রতিটি জেলা এবং উপজেলা থেকে মিলিত হয়েছিলেন দেশের সর্বাধিক পাঠকের জনপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিনের কর্মরত প্রতিনিধিরা। আকাশ, সড়ক ও নৌ পথ দিয়ে সব বাঁধা ডিঙিয়ে প্রতিনিধিরা ছুঁটে আসেন বিশ্বের সর্ববৃহৎসমুদ্র সৈকত নগরী কক্সবাজারে। সমুদ্র নগরীর সমুদ্র ঘেঁষা জমকালো পাঁচতারকা হোটেল “সী ওয়ার্ল্ডে” গত ৩ ও ৪ঠা ডিসেম্বর দুইদিনব্যাপী এক বর্ণিল মিলনমেলার আয়োজন করা হয়। দৈনিক যায়যায়দিন কর্তৃপক্ষ এই মিলনমেলা জমকালো আর আনন্দময় করে তুলতে দুইদিন আগে থেকেই নানা প্রস্তুতি গ্রহণ করে। ‘আমরাও পারি-আমরাই সেরা’ শ্লোগান নিয়ে জমে ছিল এই মিলনমেলা। কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ সকল স্টাফ ও প্রতিনিধিদের জন্য থাকা, খাওয়া, বিনোদন ও ঘুরে বেড়ানোর সকল ব্যবস্থার আয়োজন করে।

অনুষ্ঠানের প্রথম দিনে প্রতিষ্ঠানটির সার্কুলেশন ম্যানেজার বিল্লাল হোসেন ও সিনিয়র হিসাবরক্ষক মোঃ রইচ উদ্দিন দেশের সকল জেলা উপজেলা থেকে আসা প্রতিনিধিদের সংবর্ধণ এবং টি শার্ট ব্যগ উপহার দেন।

হোটেল সী ওয়ার্ল্ড এর সপ্তম তলার সম্মেলন কক্ষে আয়োজন করা হয় প্রতিনিধি সম্মেলনের মূল পর্ব। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন দৈনিক যায়যায়দিন পত্রিকার চট্টগ্রামের লোহাগাড়া প্রতিনিধি আব্দুল জব্বার। শুরুতেই স্মরণ করা হয় যায়যায়দিনের ফ্রেন্ডস ফোরাম ও তাদের পরিবারের সদস্যদের এবং যারা চলে গেছেন না ফেরার দেশে, তাদের স্মরণে আত্মার মাগফেরাত কামণায় বিশেষ দোয়া ও
মোনাজাত করা হয়।

উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিনিধিরা তাদের বক্তব্য শুরু করেন পর্যায়ক্রমে। এ সময় তাদের বক্তব্যে যায়যায়দিনের কাছ থেকে প্রত্যাশা, প্রাপ্তি, সমস্যা ও সম্ভাবনার নানা কথা উঠে আসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা তাদের পরিচয় দিয়ে একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

আলোচনান্তে স্বাগত বক্তব্য দেন দৈনিক যায়যায়দিনের কান্ট্রি ডেক্স ইনচার্জ মায়মুনা আক্তার লীনা। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শ্রী বৃদ্ধি করেন দৈনিক যায়যায়দিনের ব্যবস্থাপনা পরিচালক হালিফ রাঈস চৌধুরী। তার বক্তব্যে প্রতিনিধিদের উদ্দেশ্যে জানালেন, সবাইকে নিয়ে সামনের দিকে আরও শক্তিশালী হয়েই এগিয়ে যাবে প্রিয় প্রতিষ্ঠনিটি। দেশসেরা যায়যায়দিন প্রতিনিধিদের সঙ্গে নিয়ে চলমান অবস্থান ধরে রেখে ভবিষ্যতের পথনির্দেশনা তৈরি করবে। সেরাদের সেরা হয়ে নিজের অবস্থান অটুট রাখবে। এজন্য সম্ভাব্য সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি
দায়িত্ব পালনে সবাইকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ করেন। প্রধান অতিথির বক্তব্যের আগে ধাপেধাপে বক্তব্য দেন, পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরো
প্রধান হেলাল উদ্দিন চৌধুরী, সিনিয়র রিপোর্টার সাখাওয়াত হোসেন ও আহমেদ তোফায়েল, চিফ রিপোর্টার (ভারপ্রাপ্ত) হাসান মোল্লা, সিনিয়র সহ-সম্পাদক আবু জাফর মো. সোহেল, সহ-সম্পাদক শামীম আহমেদ, ব্যবস্থাপক মো. নূরুল হক, উপ-ব্যবস্থাপক (বিজ্ঞাপন) ইব্রাহিম খলিল স্বপন, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. ইকবাল হোসেন, সার্কুলেশন ম্যানেজার বিল্লাল হোসেন ও সিনিয়র হিসাব রক্ষক মো. রইছ উদ্দিন প্রমুখ।

এ সময় বিভিন্ন জেলা-উপজেলা প্রতিনিধিদের নানা প্রশ্নের জবাব দেন যায়যায়দিনের বার্তা সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। জেলা ও উপজেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন, বরিশাল ব্যুরো চিফ আরিফুর রহমান, খুলনা ব্যুরো চিফ আতিয়ার রহমান শান্ত, স্টাফ রিপোর্টার (পিরোজপুর) জহিরুল হক টিটু, স্টাফ রিপোর্টার (মাদারীপুর) মঞ্জুর হোসেন, স্টাফ রিপোর্টার (নেত্রকোনা) চন্দন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) রিপন সরকার, গাজীপুর প্রতিনিধি আবুল হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি তারেক মাহমুদ, বাগেরহাট প্রতিনিধি ইসরাত জাহান, শেরপুর প্রতিনিধি তপু সরকার হারুন, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি ফখরুল ইসলাম খসরু, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি নিজামুল আলম মুরাদ, শিবগঞ্জ
(বগুড়া) প্রতিনিধি সোহেল আক্তার মিঠু, নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি রেজাউল কবির রাজীব প্রমুখ।

প্রতিনিধি সম্মেলনে পাবনা থেকে যোগ দেন জেলা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকী, সুজানগর প্রতিনিধি এম মনিরুজ্জামান , বেড়া প্রতিনিধি উজ্জল হোসাইন ও চাটমোহর প্রতিনিধি আতাউর রহমান স্বপন। অনুষ্ঠানে জেলা পর্যায়ে সেরা প্রতিনিধি হিসেবে সম্মিলিত দ্বিতীয় পুরস্কার পান পাবনা জেলা প্রতিনিধি আরিফ আাহমেদ সিদ্দিকী। এছাড়াও অন্য প্রতিনিধিদেরও উপহার দেয়া হয়।

অনুষ্ঠান চলাকালে পত্রিকার সেরা প্রতিনিধিদের পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের জমকালো পর্ব শেষ হয়। এ সময় বিভাগীয়, সারাদেশের জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিদের সেরাদের সেরা প্রতিনিধিদের পুরস্কার দেয়া হয়। এছাড়াও প্রত্যেক প্রতিনিধির জন্য ছিল বিশেষ উপহার।

দ্বিতীয় দিন সকালে ব্যবস্থাপক নুরুল হকের নেতৃত্বে হোটেল “সী ওয়ার্ল্ড” এর সামনে থেকে বের করা হয় আনন্দ বর্ণিল শোভাযাত্রা। নগরীর বিশেষ বিশেষ স্থান প্রদক্ষিন করে কক্সবাজার লাবনী পয়েন্ট বীচে গিয়ে ফটো সেশনের মাধ্যমে তা শেষ হয়। বিকেলে হোটেলের সম্মেলন কক্ষে আলোচনা সভা, র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিয় প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত এই মিলন মেলার সমাপ্তি ঘোষনা করা হয়।

ডা. মুরাদের ২৭২ অশ্লীল অডিও-ভিডিও লিঙ্ক শনাক্ত করেছে বিটিআরসি

সিএনবিডি ডেস্কঃ সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশালীন বক্তব্য সম্বলিত ২৭২টি অডিও-ভিডিও লিঙ্ক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিহ্নিত করেছে বিটিআরসি। তবে ফেসবুক ইতোমধ্যে বন্ধ করেছে ১৫টি।

আজ বুধবার (৮ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করেছে বিটিআরসির আইনজীবী খোন্দকার রেজা-ই রাকিব।

প্রতিবেদনে আরো বলা হয়, মুরাদ হাসানের অশ্লীল অডিও-ভিডিও লিঙ্ক ইউটিউবে চিহ্নিত করা হয়েছে ১১৫টি। এর মধ্যে মুছে ফেলা হয়েছে ২টি। ফেসবুক ও ইউটিউব থেকে অন্যান্য অশ্লীল অডিও-ভিডিও অপসারণের প্রক্রিয়া শুরু করেছে বিটিআরসি।

গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশ্লীল অডিও-ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অডিও-ভিডিও সরাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আদালতে জানাতে বলা হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে একই দিন সকালে ডা. মুরাদ হাসানের অশ্লীল অডিও-ভিডিও অপসারণ করতে আদালতের দ্বারস্থ হন ব্যারিস্টার সুমন। আদালতে তিনি বলেন, জরুরিভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিওগুলো অপসারণ করা প্রয়োজন। অপসারণ না করলে অল্প বয়সের ছেলেমেয়েরা এই ধরনের গালাগালি এবং অশ্লীল কথা বার্তা শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তাই প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিও দ্রুত সরাতে বিটিআরসির প্রতি নির্দেশনা প্রার্থনা করছি।

নীলফামারীর সৈয়দপুরে আটক পাঁচ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে দন্ড

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ মাদক সেবীকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। গত সোমবার বিকেলে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্র জানায়, গ্রেফতার ব্যক্তিরা হলেন মিস্ত্রিপাড়া এলাকার মোহাম্মদ সাদ্দাম(২৫), রসুলপুর এলাকার শহিদুল ইসলাম(৩২), মুন্সিপাড়ার মিলন হোসেন(২৬), হাওয়ালদার পাড়া এলাকার আকমল হোসেন জীবন(৫০) ও অফিসার্স কলোনী এলাকার মোহাম্মদ সিরাজ(২৫)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক খবির আহমেদ জানান, শহিদুল ও সাদ্দামকে এক মাস করে, মিলনের এক বছর এবং আকমল ও সিরাজের তিনমাস করে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আবরার হত্যা রায়ঃ ২০ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার বাকি তিন আসামি পলাতক। এরপর বেলা পৌনে ১২টায় তাদের এজলাসে তোলা হয়।

আজ বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।

গত ২৮ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণার জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেন। এর আগে ১৪ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত উভয় পক্ষের শুনানি শেষে মামলার রায় ঘোষণার জন্য প্রথমে ২৮ নভেম্বর দিন ধার্য করেন। এ মামলায় মোট ৪৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। গত ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০১৯ সালের ১৩ নভেম্বর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।

আবরার হত্যা মামলায় গ্রেফতার ২২ আসামি হলেন- মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মো. মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মুজাহিদুর রহমান, মুহতাসিম ফুয়াদ, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত, ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম ও এস এম মাহমুদ সেতু।

মামলার তিন আসামি এখনো পলাতক। তারা হলেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ। তাদের মধ্যে প্রথম দুজন এজাহারভুক্ত ও শেষের জন এজাহার বহির্ভূত আসামি।

উল্লেখ্য, আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

মেঘলা দিনে বিকেলের নাস্তায় গরম গরম ‘ডিমের ডেভিল’

লাইফস্টাইল ডেস্কঃ মেঘলা বা এই বুঝি বৃষ্টি নামবে টাইপ দিনে ভাজাভুজি খেতে অনেকেরই ইচ্ছা হয়। আর এই ইচ্ছাটি অপূর্ণ রাখার কোন মানেই হয় না। এমন মেঘলা দিনে বিকেলের নাস্তায় গরম গরম ‘ডিমের ডেভিল’ আড্ডাটাকে আরো মজাদার করে তুলবে। এবার সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ‘ ডিমের ডেভিল’।

চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন-

উপকরণ: আলু, লবণ, হলুদ, ভাজা মসলা, গরম মসলা, কাঁচা মরিচ, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, গোলমরিচ গুঁড়ো, কনফ্লাওয়ার, ডিম সেদ্ধ, বেডক্রামস, সাদা তেল।

প্রণালী: প্রথমেই ৫ টা সেদ্ধ করা আলুকে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। এরপর লবণ, হলুদ গুঁড়ো, ভাজা মসলা, গরম মসলা গুঁড়ো, কাঁচা মরিচ কুচি, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিতে হবে। এরপর কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে তাতে ১ টা পেঁয়াজ কুঁচি দিয়ে একটু ভেজে ১ চামচ রসুন ও ১ চামচ আদা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আলু মাখাটা কড়াইতে দিয়ে ভেজে নিয়ে সেটাকে কড়াই থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে।

এরপর ৫ টা ডিমকে সেদ্ধ করে হাফ করে নিতে হবে। এরপর ডিম এর উপর লবণ ও গোলমরিচ এর গুঁড়ো ছড়িয়ে নেবেন। এরপর দুটি ডিম ফাটিয়ে তারমধ্যে লবণ, ১/২ চামচ গোলমরিচ গুঁড়ো ও সামান্য জল দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর এর মধ্যে ২ চামচ কনফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর চপ বানানোর জন্য একটি সেদ্ধ ডিমের হাফ নিয়ে তার উপর দিয়ে আস্তে আস্তে চেপে চেপে ডিমের দুদিকের আলুর পুরটা দিয়ে কোট করে নিতে হবে। এরপর ডিমের বাটারে চুবিয়ে বেডক্রামস এ কোট করে নিতে হবে। আর তারপর সাদা তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ‘ডিমের ডেভিল’।

বিদেশের মাটিতে দারুণ সাড়া ফেলেছে ‘মিশন এক্সট্রিম’

বিনোদন ডেস্কঃ পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ বিদেশের মাটিতে দারুণ সাড়া ফেলেছে। গত শুক্রবার (৩ ডিসেম্বর) বাংলাদেশসহ পাশ্চাত্যে এবং ওশেনিয়া অঞ্চলের ৪টি দেশে মুক্তি পেয়েছে বহুল আলোচিত এই সিনেমা। মুক্তির প্রথম সপ্তাহেই সবগুলো দেশের দর্শক মহলে সিনেমাটি বেশ সমাদৃত হয়েছে। ফলে ইতোমধ্যে প্রেক্ষাগৃহগুলো সপ্তাহ শেষ হবার আগেই দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি চালানোর ঘোষণা দিয়েছে এবং বাড়িয়েছে শো সংখ্যা।

সিনেমাটি সব থেকে এগিয়ে আছে নিউইয়র্কে। ইতোমধ্যে জামাইকা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে চালানোর ঘোষণা দিয়েছে। এছাড়াও নিউইয়র্কে রিগাল এস্টোরিয়া ও রিগাল কোর্ট, সানফ্রানসিসকোসহ বেশ কয়েকটি শহরেও সিনেমাটি সাফল্যের সঙ্গে চলছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিবিউটর রাজ হামিদ গণমাধ্যমকে বলেন, এই প্রেক্ষাগৃহে কোনো সিনেমা দ্বিতীয় সপ্তাহে চলা মানে সেটাকে যুক্তরাষ্ট্রে ‘সুপার হিট’ ধরে নেয়। কেননা, বিশ্বের সব বড় বড় সিনেমা এখানে প্রেস্টিজিয়াস প্রেক্ষাগৃহ হিসেবে মুক্তি দেওয়া হয়। সেখানে আমরা ডিজনির ২টি সিনেমা, ইন্ডিয়ান অন্তিমসহ ডজনখানেক সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে দ্বিতীয় সপ্তাহে চালানোর ঘোষণা পেলাম।

ফ্রান্সের পরিবেশক রাব্বানি খান জানান, প্যারিসের গোমোঁ মাল্টিপ্লেক্সে সিনেমাটি ৩ ডিসেম্বর থেকে প্রথম সপ্তাহের জন্য ৭টি শো বরাদ্দ দিলেও দর্শক সাড়ায় এগিয়ে থাকায় পরবর্তী সপ্তাহের জন্য ৩১টি শো বরাদ্দ দিয়েছে, যেখানে কমেছে ইন্ডিয়ান সিনেমা ‘অন্তিম’-এর শো। গতকাল এ খবরটি পাওয়ার পর থেকে আমরা খুবই এক্সাইটেড। সত্যি কথা বলতে এখানে দর্শকদের মাঝে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পরিবেশক তানিম -আল মিনারুল মান্নান জানান, সিনেমাপ্রেমী দর্শকবৃন্দ উৎসবের আমেজ নিয়ে সিনেমাটি দেখছে। সিডনির পাশাপাশি রাজধানী ক্যানবেরায় সিনেমাটি চলছে। সব জায়গায় প্রতিটি শো ৭০-৮০ শতাংশ দর্শক থাকছে যা এই করোনা পরিস্থিতিতেও হাউজফুল হিসেবে ধরা যায়।

প্রসঙ্গত, কুল নিবেদিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)-এর কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানী সানোয়ার। সিনেমাটির সহযোগী প্রযোজনা করেছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব। পরিচালনা করেছেন পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরিফিন শুভ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমীত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ জাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

উল্লেখ্য, ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি বিশ্বের জনপ্রিয় মুভি রেটিং ওয়েব সাইট “আইএমডিবি” তে ৮/১০ রেটিং পেয়েছে।

সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার সন্তান নিহত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ৬ ডিসেম্বর রাত ৯ টার দিকে রাণীশংকৈল -নেকমরদ মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খোকন (৩৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

খোকন পৌরশহরের শিবদিঘী এলাকার বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের ছেলে।

প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে,  খোকন মোটরসাইকেলযোগে নেকমরদ থেকে রাণীশংকৈল আসছিলেন। অপরদিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে ফায়ার স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে  মুখোমুখি সংঘর্ষে খোকন পাকা সড়কে ছিটকে পড়ে। এতে তার মুখে প্রচন্ড আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয় সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্টার তাকে মৃত ঘোষনা করেন।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ সেখ সড়ক দুর্ঘটনায় এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কামারচাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আতাউর রহমানকে চেয়ারম্যান ঘোষণা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আতাউর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আজ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা (কামারচাক ও টেংরা ইউনিয়ন) গোলাম রব্বানী খান ইউনিয়ন পরিষদ নির্বাচনী বিধিমালা ২০১০ এর ২১ বিধি অনুসারে আতাউর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করে গনবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

এর আগে গতকাল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে এই ইউনিয়নে তার প্রতিদ্বন্দ্বি আরও ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় আতাউর রহমানের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথ সহজ হয়।

প্রতিদ্বন্দ্বিরা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর মনোনয়ন জমা দেয়ার শেষে দিনে কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দাবি করে দুইজন সহ মোট ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দেন। ২৯ নভেম্বর যাচাই-বাছাইয়ে আতাউর রহমানকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রেখে বর্তমান চেয়ারম্যান নজমুল হক সেলিমের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম রব্বানী খান। ৫ই ডিসেম্বর আপীলের শুনানী শেষে মো. নজমুল হক সেলিমের আবেদন না-মঞ্জুর করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এর ফলে আওয়ামী লীগের আতাউর রহমান সহ মোট ৪ জন চেয়ারম্যান প্রার্থী এই ইউনিয়নে ছিলেন।

সোমবার (৬ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের দিনে বাকী ৩ জন প্রার্থী জিয়াউর রহমান জিয়া, মান্না ছালামত, মো. ইনছান মিয়া প্রার্থীতা প্রত্যাহার করলে ওই ইউনিয়নে আতাউর রহমান ছাড়া আর কোনো প্রার্থী ছিলনা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান।

নির্বাচনের মনোনয়ন প্রত্যহারকারী প্রার্থী মান্না ছালামত জানান, মাননীয় প্রধানমন্ত্রী আতাউর রহমানকে নৌকা দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে আমরা মনোনয়ন প্রত্যাহার করেছি।

অপর প্রার্থী মো. ইনছান মিয়া জানান, এলাকার উন্নয়নের প্রশ্নে আতাউর রহমানকে সাপোর্ট দিয়ে আমি প্রত্যাহার করে নিয়েছি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, এই ইউনিয়নে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এক জনের আপীল আবেদন খারিজ হওয়ায় ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করার কথা ছিল। কিন্তু প্রত্যাহারের শেষ দিনে ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় শুধু এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আতাউর রহমান ছিলেন। নির্বাচনী বিধি অনুযায়ী তাকে বিজয়ী ঘোষণা করে আজ সোমবার (৭ ডিসেম্বর) গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।