রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে দুই সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ৬ ডিসেম্বর সন্ধায় দুই সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে,  সরকারি নির্ধারিত মূল্য তালিকার অতিরিক্ত মূল্যে সার বিক্রি, সার ক্রয়কারীকে ক্যাশ মেমো না দেয়ায় দায়ে রাউতনগর বাজারের হাসান ট্রেডার্সের মালিক হাসান আলীকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে নেকমরদ বাজারের মেসার্স আল ইমরান ট্রেডার্সেের মালিক বিশিষ্ঠ্য ব্যবসায়ী খায়রুল আলমকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকাসহ দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা বলেন, “খবর পেয়ে দ্রুত এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, সরকার কর্তৃক নির্ধারিত মূল্য থেকে অধিক মূল্যে সার বিক্রি এবং ডিলাররা সার মজুদ রেখে সার সংকটের সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সচিবালয়ে ডা. মুরাদের পদত্যাগপত্র

সিএনবিডি ডেস্কঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর সচিবালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন ডা. মুরাদ হাসান এবং তা যথাযথ প্রক্রিয়ায় মন্ত্রীপরিষদ বিভাগে জমা নেয়া হবে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদত্যাগপত্র ইমেইলে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করা মাত্রই কেবিনেট থেকে তার পদত্যাগ কার্যকর হয়ে যাবে।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে সচিবালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, বেশ কয়েক দিন ধরেই বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনায়-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ডা. মুরাদ হাসান। সম্প্রতি খালেদা জিয়া, তারেক রহমান ও তার মেয়েকে নিয়ে অসৌজন্যমূলক কথা বলেন ডা. মুরাদ। এছাড়া যৌন হয়রানিমূলক, বিকৃত, বর্ণবাদী ও বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তোপের মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। পাশাপাশি নায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশ্লীল আহ্বান ও মাহিকে তুলে এনে ধর্ষণের হুমকির কল রেকর্ড ফাঁসের পর চারদিকে সমালোচনার ঝড় উঠে। এসব বিষয় নিয়ে বিভিন্ন অভিযোগ উঠায় তাকে আজ মঙ্গলবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ডা. মুরাদ হাসান বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন বলে গণমাধ্যমকে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

নবাবগঞ্জে মানবাধিকার এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সেমিনার

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে মানবাধিকার শীর্ষক সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর মাদ্রাসা মাঠে ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার নবাবগঞ্জ শাখার প্রজেক্ট ম্যানেজার ডাঃ মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলার সন্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করনীয়, আইনী সহায়তা, নারী অধিকার এবং সামাজিক সুরক্ষা সেবার বিষয়ে গুরুত্বপূর্ণ  আলোচনা করেন।

এছাড়াও যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা মুলক আলোচনা হয়।

চট্টগ্রাম সমিতি কানাডা ইনকে্র আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রবাস ডেস্কঃ চট্টগ্রাম সমিতি কানাডা ইনকে্র নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা গত শনিবার (৪ ডিসেম্বর) ৩০৯৮ ডেনফোর্থস্থ চট্টগ্রাম সমিতি কানাডার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়াঁ। কনকনে ঠান্ডা আর করোনার এই বিরূপ পরিস্থিতিতেও ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ৫১জনই উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়াবলী ছিল-

১. প্রথম ও দ্বিতীয় সভার আয় ও ব্যয় সংক্রান্ত বিবরণী পেশ।
২. ২০২২ সালের বৎসরব্যাপী অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের বিবরণ এবং এ ব্যাপারে সকলের মতামত গ্রহণ।
৩. আসন্ন বিজয় দিবস পালন।
৪. সমিতি সংক্রান্ত অন্যান্য বিষয়।

এদিকে অসুস্থতার কারণে অর্থসম্পাদক মোহাম্মদ আরিফ রহমান অনুপস্থিত থাকায় প্রথম ও দ্বিতীয় সভার আর্থিক সংগ্রহ ও ব্যয় সংক্রান্ত বিবরণী পেশ করেন যুগ্ম-আহবায়ক মোহাম্মদ হাসান। এই সময়ে তিনি চট্টগ্রাম সমিতি কানাডা ইনকে্র বিশেষত্ব তুলে ধরতে গিয়ে বলেন, সংগঠনের আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবংশৃঙ্খলা রক্ষার্থে প্রত্যেকটা অনুষ্ঠানের আয়-ব্যয় এর হিসাব প্রত্যেকটা মেম্বারদেরকে অনুষ্ঠানের পরপরই জানানো হয়। তিনি বিগত অনুষ্ঠানে যারা আর্থিক সহযোগীতা দিয়েছেন, বিশেষ করে মাহবুবুল ইসলাম সাইফুল, মোহাম্মদ এরশাদ, আমিন মিয়া, এমদাদ চৌধুরী, এহসানুল বারী লাবু, মন্জুর চৌধুরী ও মোহাম্মদ হাসানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এরপর সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও বৎসরব্যাপী অনুষ্ঠিতব্য কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানমালাগুলো হলো:

১. ২১ ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন,

২. স্বাধীনতা দিবসপালন,

৩. ইফতার মাহফিল আয়োজন,

৪. ঈদ পুনর্মিলনী ও তহবিল সংগ্রহ এবং মেজবান,

৫. চট্টগ্রাম মেলা ও বলি খেলা,

৬. বার্ষিক বনভোজন,

৭. পিঠা উৎসব ওআঞ্চলিক গানের অনুষ্ঠান,

৮. প্রবারণা/বৌদ্ধ পূর্ণিমা পালন,

৯. সরস্বতী পূজাউদযাপন,

১০. চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে সেমিনার,

১১. এবং কানাডা ডে পালন।

এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার উপর উপস্থিত অনেকেই তাদের নিজ নিজ মতামত ব্যক্ত করেন। আলোচনায় অংশ নেন যথাক্রমে – ডঃ হারুনুর রশিদ , মাহবুবুল ইসলাম সাইফুল, উজ্জ্বল চৌধুরী, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার তপন বড়ুয়া, মোহাম্মদ হাসান, মানস রক্ষিত, হাসান তারিক চৌধুরী, রফিকুল ইসলাম, তানভি হক, নাইমা ফেরদৌসী, মিনহাজ আজম, আমিন চৌধুরী, শেখ জসিম উদ্দিন, শাহ আমানত রিন্টু, সেকান্দর আলী, ডঃ নুরুল হুদা এবং মোহাম্মদ জসিম। এ’প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোহাম্মদ ইলিয়াস মিয়া। সবার সম্মতিক্রমে ২০২২ সালের কর্মপরিকল্পনা গৃহীত হয়।

আসন্ন মহানবিজয় দিবস পালনের দিন সমিতির অস্থায়ী কার্যালয়ে আগামী ১৮ ডিসেম্বর শনিবার, সন্ধ্যা ৬ টায় ধার্য করা হয়। বিজয় দিবস পালন উপলক্ষে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন : আহবায়ক – মোহাম্মদ হাসান, সদস্য সচিব -তানভি হক, সদস্যবৃন্দরা হলেন যথাক্রমে মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মাহবুবুল ইসলাম সাইফুল, শেখ জসিম উদ্দীন, মানস রক্ষিত, উজ্জ্বল চৌধুরী, প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী তপন বড়ুয়া, মন্জুর চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন , মনিরুল ইসলাম, এবং নাঈমা ফেরদৌসী।

এছাড়া সভায় আগামী বৎসরের বর্ষপঞ্জি প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়। তত্ত্বাবধানে থাকবেন যথাক্রমে : মাহবুবুল ইসলাম সাইফুল, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ হাসান এবং মনজুর চৌধুরী।

পরিশেষে, সভার সভাপতি তার সমাপনী বক্তব্যে সকলকে তাদের মূল্যবান সময়ের জন্যে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতি ইলিয়াস মিয়া তার বক্তব্যে এককালীন ১০০ ডলার প্রদানের মাধ্যমে স্থায়ী সদস্য সংগ্রহের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে প্রত্যেক সদস্যের পরিবারকে অন্তর্ভুক্ত করে সকলের সমন্বিত উদ্যোগে নন্যূতম এক সহস্র আজীবন সদস্য সংগ্রহের আশাবাদ ব্যক্ত করেন। সংগৃহীত এই চাঁদা সংগঠনের তহবিলে সঞ্চিত থাকবে। অনুষ্ঠানে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে মোহাম্মদ এরশাদ, কাওসার সুমন, শওকত আলী, লাবু, ধ্রুব সহ সবাকে ধন্যবাদ দেন।

সর্বশেষে সদস্যসচিব মনজুর চৌধুরীর সৌজন্যে এবং এহসানুল বারী লাবুর ব্যবস্থাপনায় সুস্বাদু রাতের খাবার পরিবেশন করা হয়।

ডিবির জালে ইয়াবা সহ আটক ১জন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্ধুরখান ইউপি’তে অভিযান পরিচালনা করে সোমবার (৬ ডিসেম্বর) রাত ৭ ঘটিকার সময় পূর্ব বেলতলী গ্রামের আলমগীর মিয়ার বসত বাড়ি থেকে মোঃ ফারুক মিয়া ওরফে ফারুক হোসেন (৪৫) নামের এক মাদক কারবারিকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে মৌলভীবাজার জেলা ডিবি পুলিশ।
গ্রেফতার ফারুক মিয়া শ্রীমঙ্গল থানার কুঞ্জবন গ্রামের মৃত মোঃ আব্দুর রহমানের ছেলে।
মৌলভীবাজার জেলা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, আসামিকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি ফারুক’কে গ্রেফতার করেছে জেলা ডিবি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্রাজিলে ভুল করে দুই নবজাতক পেল করোনার টিকা

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে দুই নবজাতককে ভুল করে করোনাভাইরাসের টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।

ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুই মাস বয়সী এক কন্যা শিশু ও চার মাস বয়সী এক ছেলে শিশুকে ভুল করে ফাইজারের টিকা দেওয়া হয়। তাদেরকে হেপাটাইটিস-বি, টিটিনাসসহ অন্যান্য কয়েকটি রোগ প্রতিরোধী টিকা দেওয়ার কথা ছিল।

কিন্তু ভুল করে ফাইজারের টিকার ডোজ দেওয়ায় গুরুতর পার্শপ্রতিক্রিয়ায় দেখা দেয় তাদের শরীরে। পরে হাসপাতালে ভর্তি করা হয় দুইজনকেই।

এ ঘটনার পর পরই টিকা দেওয়া ওই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটির তদন্তে নেমেছে প্রশাসন।

করোনার উপসর্গ আছে এমন পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের শরীরে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর এমন দাবি প্রতিষ্ঠানটির। এরপর কয়েকটি দেশে পাঁচ থেকে ১১ বছর বয়সীদের ফাইজারের টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়, তবে সতর্কতার সঙ্গে।

এদিকে আজ সোমবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে জানা গেছে, করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৬৭৪ জনের। মোট সংক্রমিত হয়েছে ২ কোটি ২১ লাখ ৪৩ হাজার ৯১ জন।

সুত্রঃ এনডিটিভি। 

নবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : আজ ৬ ই ডিসেম্বর নবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস।  বর্ণাঢ্য র‌্যালি, শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নবাবগঞ্জ  হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে  কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বর গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক নেতা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরে স্মৃতিসৌধ চত্বরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সেখানে শহীদদের আত্মার প্রতি শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় থানার ওসি(তদন্ত) তাওহীদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, সাবেক ডিপুটি কমান্ডার এখলাছুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউনুছ আলী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আজ বড়লেখা হানাদার মুক্ত দিবস পালিত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: আজ ৬ ডিসেম্বর সোমবার। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় হানাদার ‘মুক্ত দিবস’। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের আক্রমণে নাকাল পাকহানাদার বড়লেখা ছাড়তে বাধ্য হয়। ওইদিন ভোরে বড়লেখা সম্পূর্ণ শত্রুমুক্ত হলে বর্তমান উপজেলা পরিষদের সামনে এক বিজয় সমাবেশ করা হয়। স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত না হলেও ওইদিন বড়লেখায় উদিত হয় লাল সবুজের পতাকা। এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, বড়লেখা প্রেসক্লাব ও উদীচী শিল্পীগোষ্ঠী যৌথভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

জানা গেছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বড়লেখাবাসী জেগে উঠেছিল রণহুঙ্কারে। ৩২৫টি গ্রাম যেনো প্রতিরোধের এক একটি বিশাল দূর্গে পরিণত হয়। বড়লেখা থানাটি ৪ নম্বর সেক্টরের আওতাভুক্ত ছিল। মেজর সি.আর দত্ত সেক্টর কমান্ডারের দায়িত্বে ছিলেন। এ সেক্টরের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় ভারতের করিমগঞ্জে প্রয়াত এমপি দেওয়ান ফরিদ গাজীর নেতৃত্বে। বড়লেখা থানার পার্শ্ববতী বারপুঞ্জি ও কুকিরতলে সাব-সেক্টর স্থাপন করা হয়। হানাদারদের বিরুদ্ধে অসংখ্য ছোট বড় আক্রমণ চালিয়েছে এ সাব সেক্টরের মুক্তি সেনারা। যুদ্ধের শুরুতেই বড়লেখার বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তোলে সংগ্রামী মানুষ। অবিশ্বাস্য দ্রুততায় তাঁরা নেমে পড়েন শত্রুর মোকাবেলায়। ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের আক্রমণে নাকাল পাক হানাদার বড়লেখা ছেড়ে পালায়। ভোরে বড়লেখা সম্পূর্ণ শত্রুমুক্ত হয়। পরে বর্তমান উপজেলা পরিষদের সামনে এক বিজয় সমাবেশ ওড়ানো হয় লাল সবুজের পতাকা। মুক্তিযোদ্ধারা বড়লেখা উপজেলার লাতু, সারোপার, শাহবাজপুর, ধামাই চা বাগান, হাকালুকি পারের কয়েকটি গ্রাম, বোরাথল, মাইজগ্রাম, ডিমাই, কেছরিগুল, কাঁঠালতলী, মাধবকুন্ড, দশঘরিতে অপারেশন চালিয়েছেন।

বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন বলেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বড়লেখা সম্পূর্ণ শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধের সময় যেসব রাজাকার, আলবদর অনেক বাড়ি-ঘর জ্বালিয়েছে, অনেক মা-বোনের সম্ভ্রমহানী ও নর-নারীকে হত্যা করেছে, তাদের অনেকের বিচার ইতিমধ্যে হয়েছে। অন্যদেরও বিচার বাংলার মাটিতেই হবে। তিনি জানান, কুলাউড়া, বিয়ানীবাজারের চেয়েও বড়লেখায় বেশি নারী নির্যাতনের শিকার ও হত্যাকাণ্ড হয়েছে।

নওগাঁ-নাটোর নব-নির্মিত আঞ্চলিক মহাসড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের মৎস্য ও শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ের সাহাগোলা-আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশানের পশ্চিম পাশ দিয়ে নির্মাণাধীন নবনিমিত আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এ আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ শেষ হলে তিন জেলার প্রায় ছয় উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। পাশাপাশি তরাম্বিত হবে আথ-সামাজিক উন্নয়ন ব্যবস্থা। কৃষিপণ্য সরবরাহ সহজ হওয়াসহ নওগাঁ থেকে ঢাকার সাথে সড়ক যোগাযোগ প্রায় ষাইট কিঃমিঃ কমে যাবে।

সড়কটি নওগাঁর ঢাকা মোড় থেকে শুরু করে রাণীনগর-আত্রাই (আহসানগঞ্জ) রেল লাইনের পার্শ দিয়ে রাণী ভবানীর স্মৃতি বিজড়িত শহর নাটোর শহরে পৌঁছবে। প্রায় ২৯ কিঃমিঃ পাকা করণ কাজের কিছু অংশ বাঁকি থাকলেও ইতি মধ্যে বিভিন্ন এই নব-নির্মিত আঞ্চলিক মহা সড়কে যানবাহন চলাচল শুরু করেছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন না হলেও এই জনপদের মানুষরা প্রতিনিয়ত সরাসরি নানা যানবাহনে নওগাঁর ঢাকা মোড় থেকে শুরু করে রাণী নগর-আত্রাই, বীরকৎসা, মাধনগর, নলডাঙ্গা, বাসুদেবপুর হয়ে স্বল্প সময়ে নিজেদের প্রয়োজনে কম খরচে জেলা শহর নাটোরে যাতায়াত করছেন।

এই মহাসড়ক এলাকার স্থানীয়রা বলছেন, নব-নিমিত“ আঞ্চলিক মহাসড়ক” বিনোদন প্রেমীদের জন্য বিনোদনের একটি নতুন স্পটে পরিনত হয়েছে। নব-নির্মিত আঞ্চলিক মহা সড়কের কিছু কিছু জায়গায় কাপেটিংয়ের কাজ এখনও শেষ না হওয়ায় সড়কের ধুলো-বালির কারণে দূর্ভোগ পোহাতে হচ্চে এই সড়কের পথ চলা মানষের।তারপরও এই সড়কে চলাচল করতে পারায় নিজেরা স্বস্থি প্রকাশ করছেন।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ বলছে, ২০২১-২০২২ অর্থ বছরেই বাঁকি কাজ গুলো সম্পন্ন করে জন সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

জানা গেছে, ২০০১সালে জোট সরকার ক্ষমতায় আসার পর এই সড়কটি নির্মাণ কাজের জন্য সেই সময়ে নওগাঁ-৬ আসনের সংসদ ও গৃহায়ন ওগণপূত প্রতিমন্ত্রী আলমগীর কবির নওগাঁর ঢাকা রোড নামক স্থানে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সেই মোতাবেক কিছু কাজ শুরু হলেও রাজনৈতিক নানা জটিলতার কারণে তা ফাইল বন্দী হয়ে পড়ে। এরপর ঢাকা রোড় থেকে রাণীনগর রেলওয়ে ষ্টেশন পর্যন্ত আট কিঃমিঃ সড়কের কাজ অনেক আগেই পাকাকরণ করা হয়। পরে অনেক জটিলতা কাটিয়ে নওগাঁ-৬ আসনের প্রয়াত এমপি ইসরাফিল আলম ২০১৮ সালে পূনঃরায় রাণীনগর রেলওয়ে ষ্টেশন থেকে আত্রাই হয়ে নাটোর জেলার সীমানা পর্যন্ত আঞ্চলিক সড়কের নিমান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এরপর থেকে এই সড়কের নির্মান কাজ দ্রুতগতিতে এগিয়ে চলায় যা এখন এলাকা বাসীর কাছে দৃশ্যমান। এই সড়কটি নাটোর বাইপাস সড়কের সাথে যুক্ত হয়েছে। পুরো সড়কে আটটি ব্রীজ ও পনেরটি কালভাট নির্মাণ কাজ ইতি মধ্যেই প্রায় শেষ হয়েছে। বর্তমান সড়কের উপরিভাগের কাজও শেষের দিকে। কিছু কিছু জায়গায় শুধু মাত্র কাপেটিং এর কাজ বাঁকি আছে।

এই মহা-সড়কের নির্মান ব্যয় ধরা হয়েছে প্রায় দু,শ কোটি টাকা। পুরো প্রকল্পটিকে চারটি ফেজে ভাগ করে চারটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছেন। নওগাঁ- নাটোর আঞ্চলিক সড়কটির নির্মাণ কাজের দেখভাল করছেন নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ। উপজেলার মহাদিঘী গ্রামের বাসিন্দা হামিদুল হক বাবু, আবু হান্নান মন্ডল, সাহাগোলা গ্রামের বিলকিছ বেগম, ভূট্টো,আবু জহিদ ডালিমসহ অনেকে জানান,খুব দ্রুত গতিতেই মহাসড়কের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়। ইতি মধ্যে আমরা কম খরচে অল্প সময়েআত্রাই-মাধনগর হয়ে বিভিন্ন যানবাহনে নাটোর যেতে পারছি। মাঝে মধ্যে কিছু কাজ বাঁকি থাকায় আমাদের অসুবিধা হচ্ছে। এই কাজগুলো সম্পন্ন করা হলে আমরা আরো ভালো ভাবে দ্রুত চলাচল করতে পারবো।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান জানান, ২০২১-২০২২ অর্থ বছরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার লক্ষে বতমানে কাজ চলমান রয়েছে। সরকারের দেওয়া নির্দেশনা মোতাবেক প্রকল্পের আর সময় বাড়ানো হবে না। কাজের সিডিউল মোতাবেক সঠিক ভাবে কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান গুলেকে কঠোর ভাবে হুশিয়ারী প্রদান করা হয়েছে।সড়কটি নির্মাণ কাজ শেষ হলে এই জনপদের মানুষের ব্যবসা বানিজ্যসহ অথনৈতিক জীবণ যাত্রার মান উন্নয়ন হবে।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর)আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল জানান, নওগাঁ-নাটোর আঞ্চলিক সড়কের নির্মাণ কাজ অনেক আগে থেকেই চলছে। ইতি মধ্যে নির্মাণ কাজ শেষ পর্যায়। এই সড়কটি পুরোদমে চালু হলে এলাকাবাসী পাবে একটি চলাচলের আধুনিক সড়ক। যার মাধ্যমে রাণীনগর-আত্রাইয়ের লোকজন অল্প খরচে কম সময়ে নাটোর হয়ে রাজধানী ঢাকায় যেতে পারবে।পাশা পাশি ব্যবসা-বানিজ্য সহ নানাবিধ উন্নয়নের প্রসার ঘটবে।

ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সিসি ক্যামেরার ফুটেজ দেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে পুলিশ আটক করেছে।

আটকৃতরা হলেন, উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের নাগদহ গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আহাম্মুদুর রহমান (৩০) এবং একই গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৫)। সোমবার দুপুরে আটককৃতদের আদলতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী বাজার থেকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ভুরিয়ারকুটি গ্রামের কাজিমুদ্দিনের ছেলে অটোরিকশা চালক নুরনবী মিয়ার অটোরিকশা ভাড়া নিয়ে নাগদহ অভিমুখে রওয়ানা দেয় ছিনতাইকারী চক্রের কিশোর সদস্য সাদ্দাম হোসেন (১৫)। অটোরিকশাটি নাগদহ মাদ্রাসার কাছে পৌছিলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চক্রের অন্যান্য সদস্যরা চালককে মারপিট করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে অটোচালক নুরনবী ফুলবাড়ী থানায় অভিযোগ করলে পুলিশ ফুলবাড়ী বাজারের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সাদ্দামকে সনাক্ত করে। সাদ্দামের স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকারী চক্রের মুলহোতা আহাম্মুদুর রহমানকে ছিনতাইকৃত অটোরিকশা সহ আটক করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আটক আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।