বৃষ্টির কারনে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত

স্পোর্টস ডেস্কঃ আজ রোববার বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারনে স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রথম দিনে আলো স্বল্পতার কারণে ৫৭ ওভারের খেলা শেষ হবার পর দ্বিতীয় দিনের খেলা শেষ হলো মাত্র ৬ ওভার ২ ওভার শেষে।

এদিকে মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হলেও ৬ ওভার ২ বল খেলা হবার পর পুনরায় শুরু হয় বৃষ্টি। প্রায় ঘণ্টা খানিক খেলা বন্ধ থাকার পর জানানো হয়, দ্বিতীয় দিনে আর খেলা সম্ভব না বৃষ্টি এবং আউট ফিল্ড ভেজা থাকার কারণে।

চলতি টেস্টের প্রথম দিনে খেলার মাঝে বৃষ্টি হয়েছে দুই বার। প্রথম দিনে আগে পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে তোলে ১৬১ রান।

আজ দ্বিতীয় দিন শেষে ৬৩.২ ওভারে ২ উইকেটে পাকিস্তান সংগ্রহ করেছে ১৮৮ রান। গতকাল প্রথম দিনের প্রথম সেশনে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন দুই ওপেনার আবদুল্লাহ শফিক (২৫) ও আবিদ আলী (৩৯)। অপরাজিত রয়েছেন বাবর আজম (৭১) ও আজহার আলী (৫২)।

মৌলভীবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মৌলভীবাজারে পৃথক স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ছাত্রদলের দুটি অংশ। রোজ শনিবার ( ৪ঠা ডিসেম্বর) মৌলভীবাজার জেলা ছাত্রদলের একাংশ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে। অপরাংশ শহরের টিসি মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে।

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও তার অনুসারীরা প্রেসক্লাবের সম্মুখে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা পালন করে। দুপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাইমিনুর রহমান দিপু।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন পারভেজ, আবিদ রহমান, মারুফ আহমেদ, যুগ্ম সম্পাদক জসিম তালুকদার, সাজিবুর রহমান, আজমল আহমেদ, সহ-সাধারন সম্পাদক হোসাইন আহমেদ, হাসান আব্দুল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, রিপন আহমেদ, আফজাল শরীফ শুভ।

সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাবেদ আলী নাঈম, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মিলন, আজিজ চৌধুরী, জাফরান খান, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ আহমেদ, মাকনুনুর রহমান, শামীম আহমেদ সানি, শেখ মাহফুজ রহমান, সৈয়দ তপু আলী, ইমাদ হোসেন অর্নব, নেছার তালুকদার।

কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমদ, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফুর, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম, শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ।

অপরাংশে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি ও জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে ও  জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসহাক আহমদ রাহিন এর পরিচালনা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি টিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে চৌমোহনা জামে মসজিদ হয়ে সেন্ট্রাল রোডে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক এম এ নিশাত। জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. রিপন মিয়া,  জাকির হোসেন অপু, রাকিব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আহমদ, জায়েদ আহমদ, আরাফাত ময়নুল খাঁন, তাজুদ চৌধুরী দপ্তর সম্পাদক রুমেল আহমদ মাসুম, সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাব্বী প্রমূখ।

এছাড়া সদর উপজেলা, বিভিন্ন কলেজ ও পৌর ছাত্রদলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নওগাঁয় বলিহার কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার বলিহার কলেজের মোঃ আতিকুর রহমানের বিরুদ্ধে বিপুল পরিমাষ টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এর ফলে কলেজের অপরাপর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সচেতন জনগণের পক্ষে থেকে এলাকায় তার বিরুদ্ধে পোষ্টারিং এবং লিফলেট বিতরন করা হয়েছে। এসব পোষ্টার এবং লিফলেট থেকে জানা গেছে ২০২১ সালে ঐ কলেজের ৩ জন ল্যাব এ্যাসিষ্ট্যান্ট নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় অনেক যোগ্য প্রার্থী থাকা সত্বেও জন প্রতি ২০ লক্ষ করে টাকা নিয়ে অন্য এলাকার প্রার্থীদের নিয়োগ দেয়া হয়েছে। ঐ ৩ জনের নিকট থেকে ৬০ লক্ষ টাকা নেয়া হলেও কলেজ ফান্ডে কোন টাকা জমা হয় নি। তাই এই নিয়োগ গোপন রাখতে স্থানীয়ভাবে যাতে জানাজানি না হয় সে কারনে অধ্যক্ষের পরামর্শে ঐ ল্যাব এ্যসিষ্ট্যান্টরা নিয়মিত কলেজে আসেননা। কিন্তু তাদের বেতন নিয়মিত পরিশোধ করা হয়।

অপরদিকে, ২০২০ সালে এইচ এস সি পরীক্ষার্থীদের অটোপাশ দেয়া হয়েছে। কিন্তু তাদের নিকট থেকে পরীক্ষার ফি, কেন্দ্র ফি ইত্যাদি বাবদ যে টাকা নেয়া হয়েছে বোর্ড ফেরত দিলেও সেই টাকা শিক্ষার্থীদের ফেরত দেয়া হয় নি। এ বাবদ অধ্যক্ষ মোট ৪ লক্ষ  টাকা আত্মসাৎ করেছেন।
এ ছাড়াও কলেজের ছাত্রীদের টিউশন ফি’র ২ লক্ষ টাকা পুরোপুরি আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কলেজের ৭৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ছাত্রছাত্রীদের নিকট থেকে ভর্তি, সেশন চার্জ, পরীক্ষার ফরম ফিলাপ বাবদ টাকা রশিদের মাধ্যমে আদায় করা হলেও তার অর্ধেক টাকা জমা দেখানো হয়েছে। অর্ধেক টাকা অধ্যক্ষের পকেটে চলে গেছে। কলেজের কোন টাকা ব্যাংকের হিসাবে জমা না করে নিজের কাছে রেখে ইচ্ছামত খরচ করে থাকেন।

এ ছাড়াও কলেজের শিক্ষক কর্মচারীদের চাকুরী ১৬ বছর পূর্তির ফলে সরকারী যে উচ্চতর বেতন স্কেল প্রদান করা হয় সে ক্ষেত্রেও টাকার বিনিময়ে ব্যাপক অনিয়ম করেছেন। কিছু কিছু শিক্ষকের নিকট থেকে টাকার বিনিময়ে উচ্চতর বেতন স্কেল প্রদানের জন্য রেজুলেশন গ্রহণ করলেও কলেজের ৬ জন প্রদর্শক, ২ জন অফিস সহকারী, ১ জন গ্রন্থাগারিক এবং ৯ জন অফিস সহায়কের উচ্চতর স্কেল প্রদানে কোন রেজুলেশন গ্রহনের প্রক্রিয়া গ্রহন করেন নি। এর ফলে এসব কর্মচারী তাঁদের উচ্চতর স্কেল পাওনা থেকে বঞ্চিত হতে চলেছেন।

এ ব্যপারে জানতে পার পার দুই দিন কলেজে গিয়ে তাকে পাওয়া যায় নি। এ ছাড়াও তাঁর ব্যবহৃত ০১৭১৭৩৬৩৪০৮ নম্বর মোবাইল ফোনে গত এক সপ্তাহ ধরে কল করেও তিনি সে কল রিসিভ করেন নি। এই দুই দিন কলেজে গিয়ে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ল্যাব এ্যাসিণ্ট্যান্ট ওমর ফারুখ ও আতিকুর রহমানকে পাওয়া যায় নি।

আজ জুড়ী “শত্রু মুক্ত” দিবস

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: আজ রবিবার ৫ ডিসেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলা ‘শত্রুমুক্ত দিবস’। ১৯৭১ সালের এ দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে জুড়ী উপজেলা শত্রুমুক্ত হয়।

১৯৭১ সালের ১ এবং ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের রানীবাড়ী সাব-সেক্টরের অধীনস্থ ক্যাম্পের মুক্তিযোদ্ধারা দেশের অভ্যন্তরে প্রবেশের সব প্রস্ততি সম্পন্ন করে।

৩ ডিসেম্বর সন্ধ্যায় ভারতের বাগপাশা থেকে অগ্রসর হয়ে রাঘনা এলাকায় ভারত-বাংলাদেশের সীমানা নির্ধারণকারী জুড়ী নদীর ওপর অস্থায়ী সেতু নির্মাণ করে বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনী। তারা সীমান্তবর্তী ফুলতলা ইউপির ফুলতলা বাজার বিনা বাধায় দখল করে নেয়। রাতের মধ্যেই পার্শ্ববর্তী সাগরনাল ইউপির ডিফেন্সও মুক্তিবাহিনীর দখলে চলে আসে। এখানে মুক্তিবাহিনীর ক্যাপ্টেন সুখ লালসহ কিছু সংখ্যক সৈন্য রয়ে যান, বাকিরা জুড়ীর দিকে অগ্রসর হতে থাকেন। রত্না চা-বাগানের কাছে এসে পাক বাহিনীর বাধার মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা গুলি বিনিময়ের পর পাক বাহিনী পিছু হটে কাপনা পাহাড় চা- বাগানের কাছে চলে আসে। যৌথ বাহিনীও এখানে এসে ডিফেন্স নেয়।

পরদিন দিনভর পাক বাহিনীর সঙ্গে প্রচুর যুদ্ধ চলে এক লাগাদার। এতে উভয়পক্ষের বেশ কিছু সৈন্য হতাহতের ঘটনার পর ওই রাতে পাক হানাদার বাহিনী জুড়ীর দিকে পালিয়ে আসে। কাপনা পাহাড় থেকে যৌথবাহিনীর সৈন্যরা দুই ভাগে বিভক্ত হয়ে একদল কুলাউড়া শত্রুমুক্ত করার উদ্দেশ্যে গাজীপুর চা-বাগানের রাস্তা ধরে কুলাউড়ার দিকে অগ্রসর হতে থাকে।

৪ঠা ডিসেম্বর ভারতের কুম্ভিগ্রাম বিমানবন্দর থেকে কয়েকটি যুদ্ধবিমান যৌথবাহিনীর সমর্থনে এসে জুড়ী ও কুলাউড়াতে সেলিং করতে থাকে। বিমান বাহিনীর সেলিংয়ের মুখে জুড়ীতে অবস্থানরত পাক দখলদার বাহিনী টিকতে না পেরে রণে ভঙ্গ দিয়ে ওই রাতে পালিয়ে যায়। শত্রুমুক্ত হয় জুড়ী। মুক্তিযোদ্ধারা লাল-সবুজ পতাকা হাতে নিয়ে শহরে প্রবেশ করে জয়বাংলা স্লোগানে মুখরিত করে তোলেন গোটা অঞ্চল এলাকা জুড়ে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্দ্ধিত সভা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল বলেছেন‘ জননেত্রী শেখ হাসিনার মনোনয়ন বোর্ড যাচাই –বাছাই করে নৌকার প্রার্থী দিয়েছেন। আমরা যেহেতু দল করি,তাই দলের সিদ্ধান্ত আমাদেরকে মানতেই হবে। এখানে অন্য কোন চিন্তা করার সুযোগ নেই। গতবারের কোনো বিদ্রোহী প্রার্থীকেই এবার দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। ভূলক্রমে কোথাও দুই-একজনকে মনোনয়ন দেওয়া হলেও পরে তা পরিবর্তন করা হয়েছে।

চার ডিসেম্বর শনিবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক বর্দ্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, দলের কোনো কমিটিতে বিদ্রোহীদের আর স্থান না দিতে আমাদের কাছে নির্দেশনা এসেছে। যারা নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হবেন, তারা আওয়ামী লীগের কাউন্সিলে কোনো পদে আসা তো দূরের কথা সদস্য পদ পর্যন্তও পাবেন না।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান বলেন, রাজনীতি এক দিনের নয়। এটা দীর্ঘ মেয়াদী একটা প্রক্রিয়া।এই প্রক্রিয়ার মধ্যে থেকেই রাজনীতি করে যেতে হবে। তাই বিদ্রোহী হয়ে নিজেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে ধ্বংস করবেন না। সকলের কাছে অনুরোধ ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করুন।

সভায় সভাপতিত্ব করেন ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ-ষভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, সহ- সভাপতি মোঃগহের আলী, সহ-সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নিবাচনে ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের সরকার দলীয় মনোনিত প্রার্থী নৌকা মার্কা (নৌকার মাঝি) মোঃ নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক ও আহসান গঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, যুগ্ন –সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগ সভাপতি শেখ হাফিজুর রহমান হাফিজ,ভোঁপাড়া ইউনিয়ন যুব লীগ সভাপতি মোঃ জালাল আহম্মেদ টুকু, সাধারণ সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক সাংবাদিক আবু হান্নান খাঁনসহ অনেকে।

কুলাউড়ায় ফাইজার টিকা কার্যক্রম শুরু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১ম বারের মতো গণহারে ফাইজার করোনার টিকাদান শুরু হয়েছে। শনিবার (৪ ঠা ডিসেম্বর) সকাল থেকে কুলাউড়ার ইউনি এইড ডায়াগনস্টিক সেন্টার টিকাকেন্দ্রে ফাইজার ১ম টিকা গ্রহণ করেন সাংবাদককর্মী এস আর অনি চৌধুরীসহ ৩০০ টিকা গ্রহীতা।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, ফাইজারের টিকা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। এই ব্যবস্থা শুধু ইউনি এইড ডায়াগনস্টিক সেন্টার আছে। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে টিকা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কুলাউড়ায় গণহারে প্রথম দিনে ৩০০ জনকে শুরু করে টিকা দেয়া হয়েছে। ৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ৩০০ করে মোট ১৮০০ জনকে ফাইজারের টিকা দেয়া হবে। তিনি ফাইজারের টিকা গ্রহীতাদের কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার জন্য আহবান জানান সকলকে।

লালমনিরহাটের পাটগ্রামে ফেন্সিডিলসহ দুইযুবক গ্রেফতার

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলার পাটগ্রাম উপজেলার বাউরা এলাকা থেকে একটি মাইক্রোবাস থেকে ৬৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এসময় মাইক্রোবাস চালকসহ মাদক কারবারিকে আটক করা হয়।

শুক্রবার (৩ডিসেম্বর) দুপুরে ফ্লাইট লেফটেন্যান্ট সহকারি পরিচালক (মিডিয়া) অধিনায়কের মাহমুদ বশির আহমেদ পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে উপজেলার পাটগ্রামের বাউরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। আটকৃতরা হলেন, মোঃ বাদল হাসান জীবন (২৭), শ্রী মানিক দাস (৩৫)। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

জানাগেছে, র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন বাউরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি মাইক্রোবাস সন্দেহ করলে গাড়ীটিকে আটক করে তল্লাশী করলে ৬৪৮ বোতল ফেন্সিডিল গাড়ির ভিতরে পাওয়া যায়। পরে মাইক্রোবাস চালক জীবনসহ মাদককারবারি মানিক দাসকে আটক করে র‌্যাব। ওই রাতে পাটগ্রাম থানায় তাদের হস্তান্তর করে তাদের নামে থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেন র‌্যাব-১৩।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) ওমর ফারুক বলেন, আটকের পর তাদের থানায় র‌্যাব-১৩ একটিমাদক মামলা রুজু করেছে। বিকেলে তাদের লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ের হরিপুর পাথরকালির মিলনমেলায় এবার দু’দেশের স্বজনদের হলোনা মিলন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তে প্রতিবছর কালী পূজার পরপরই  আয়োজন করা হয় দুই বাংলার মিলন মেলার। জানা গেছে কিন্তু করোনা ভাইরাসের কারণে এবার মিলনমেলা বন্ধ করে দিয়েছে ভারতীয় কতৃপক্ষ। এবং কাঁটাতারের কাছে কোন বাংলাদেশীরা যেন না যায় সে বিষয়ে অনুরোধ করেছেন।

নারীর টানে ক্ষণিকের জন্য হলেও স্বজনদের সঙ্গে দেখা করতে ছুটে আসে বাংলাদেশ ও ভারতের লোকজন। বছরের পর বছর ধরেই এভাবে চলছে এই মিলনমেলা। তেমনি মিলনমেলা বসেছিল ৩ ডিসেম্বর শুক্রবার হরিপুরের ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া গোবিন্দপুর জামরকালিতে (পাথরকালি) স্থানে।

সীমান্তে কাঁটাতারের বেড়া দুই দেশের মানুষকে আলাদা করে রেখেছে । কিন্তু দুটি ভিন্ন ভৌগোলিক সীমারেখা আলাদা করতে পারেনি মানুষের মনের টান। এটানেই মানুষ ছুটে যায় কাঁটাতারের বেড়ার কাছে, সুযোগ পেলেই মিশে যায় একে অন্যের সঙ্গে । পেতে চায় মায়া-মমতা, স্বজনদের সান্নিধ্যে উপজেলার মাকড়হাট ক্যাম্পের ৩৪৬ পিলার সংলগ্ন টেংরিয়া গোবিন্দপুর গ্রামের কুলিক নদীর পারে ঐতিহ্যবাহী পাথরকালি মেলা উপলক্ষে ভারত বাংলাদেশ সীমান্তে যুগ যুগ ধরে দুই বাংলার হাজারো মানুষ স্বজনদের সঙ্গে মিলিত হয়ে কুশল বিনিময় করে আসছে।

মেলাকে ঘিরে একদিনের জন্য সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হয় । দুই বাংলার মানুষ আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে । তারা মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন জিনিসপত্র কেনে ।

সরেজমিনে গিয়ে দেখা যায় মুঠোফোনে চলছিলো আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ।

জানা যায়, হরিপুর উপজেলার অধিকাংশ এলাকা পাকিস্তান-ভারত বিভক্তির আগে ভারতের দক্ষিন দিনাজপুর জেলার অধীনে ছিলো। দেশ বিভক্তির কারণে আত্মীয় স্বজনেরা দুই দেশে ছড়িয়ে পড়ে । সারা বছর তারা দেখা-সাক্ষাৎ করতে পারেনা। তাই অপেক্ষায় থাকে কালীপুজার পরের শুক্রবার পাথরকালি মেলার এই দিনের জন্য।

এ মিলনমেলাতে দুই দেশের হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও শত শত মুসলমান দুই বাংলার আত্মীয়-স্বজন একে অপরকে এক নজর দেখার জন্য ভারতীয় কাঁটাতারের বেড়ার দুই পাশে ভিড় জমান। এ সময় সেখানে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। প্রিয়জনকে কাছে পাওয়ার প্রত্যাশায় কাঁটাতারের এপার-ওপারে কান্নায় ভেঙে পড়েন অনেকে।

দেখা গেছে সকালে হাসিমুখে দেখা করতে এসে বিকালে বিদায় বেলায় কাঁদতে হয় তাদের, আত্মীয়স্বজনদের সাথে দেখা হওয়ার পরেও এবং দেখা না হওয়ার জন্যেও ।

শুক্রবার (০৩ডিসেম্বর) সকালেই জমুরকালী (পাথর কালী) জিউ পূজা উপলক্ষে প্রতি বছরের মত এবারও পূজার আয়োজন করেছিল পূজা উদযাপন কমিটি। তবে এবার আগেরমত পূঁজা উপলক্ষে দুই বাংলার সীমান্তে লাখো মানুষের মিলনমেলা করা সম্ভব হয়নি। কাঁটাতারের বেড়ার ফাঁকে কথা বলা আর দেখা না করার আক্ষেপ অধরা রয়ে গেল একবছর ধরে অপেক্ষারত ওপারে থাকা তাদের আত্মীয়স্বজনদের সাথে।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে এবার সীমান্তের কাঁটাতারের কাছে কোন মানুষজনকে ভীড় জমাতে দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী।

হরিপুর উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, পাথরকালী জিউ পূজা উপলক্ষে প্রতিবছর এইদিনে গোবিন্দপুর কুলিক নদীরপাড়ে কাঁটাতারের কাছে দুই সীমান্তে ইংরেজি মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহের শুক্রবার দিনে লাখো মানুষের সমাগমে ঐতিহ্যবাহী বাংলাদেশ-ভারত মিলনমেলা হয়ে থাকে। এবার করোনা ভাইরাস সংক্রমণের কারণে মিলনমেলা’র আয়োজন করা হয়নি। এতে কাঁটাতারের ওপারে থাকা আত্মীয়স্বজনরা মিলিত হতে পারনেনি।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা বাজার এলাকা থেকে আসা নাজমা বেগম বলেন, ভারতে ভাই-ভাবি বসবাস করেন। তাই তাদের সঙ্গে দেখা করতে এই কাঁটাতারের বেড়ার কাছে এসেছি।

এখনো দেখা হয়নি, তারা এলে দেখা হবে। করোনাভাইরাসের কারণে দুই বছর দেখা হয়নি। এবার কালীপূজার পরে পাথরকালি মেলায় কাঁটাতারের বেড়ার কাছে এসেছি তাদের সঙ্গে দেখা করতে।

দিনাজপুরের বড়খাতা ইউনিয়ন থেকে আসা শ্রী সুদর্শন বলেন, ভারতে আমার ভাগ্নি থাকেন। তাদের সঙ্গে দুই বছর পর দেখা করতে এসেছে। করোনা অজুহাতে এবার দেখা করতে দেয়া হয়নি। প্রতি বছর যেন দেখা করার সুযোগ করে দেওয়া হয়।

নীলফামারীর জলঢাকা থেকে ভারতে বসবাস করা ছেলেকে দেখতে এসেছিলেন বৃদ্ধা মধুবালা। তিনি কেঁদে কেঁদে জানালেন, টাকার অভাবে ভারতে যেতে পারি না, তাই খবর পেয়ে এলাম ছেলেকে দেখতে; না দেখেই ফিরে যাচ্ছি। প্রতি বছর যেন আমাদের মতো অভাবী মানুষদের জন্য সীমান্তে মিলনমেলার আয়োজন করা হয়।

পীরগঞ্জ থেকে আসা বাকলী রাণী (৫৭), চন্দ চাঁদ রায় (৬০) আমল (৪৭) সহ বিভিন্ন এলাকার অনেকে বলেন, সকাল থেকে আমরা আত্মীয়স্বজনদের সাথে দেখা করার জন্য অপেক্ষায় রয়েছি। দুপুর গড়িয়ে বেলা শেষের দিকে তারপরেও দেথা করতে পারছিনা। করোনা ভাইরাসের কারণে সব বন্ধ। আত্মীয়রা ওপারে অপেক্ষায় রয়েছে কাঁটাতারের কাছে আসতে পারছেনা। এবার পূজা সম্পন্ন করেই বাড়ি যাব। আগামী বছর দেখা করার অপেক্ষায় রইলাম ।

পূজা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল বলেন,করোনা ভাইরাসের কারণে মিলনমেলা করা সম্ভব হয়নি শুধু পূ্জা পালন করা হয়েছে।

এবিষয়ে ভাতুঁড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান সরকার বলেন, করোনার কারণে দুই বছর ধরে মিলনমেলা হয়নি। দুই বাংলার এই সম্পর্ক যেন যুগ যুগ থাকে।

হরিপুরের গোবিন্দপুর ও চাপাসার ক্যাম্পে কর্মরত সীমান্ত বাহিনীরা জানান, করোনা ভাইরাসের কারণে এবার মিলনমেলা বন্ধ করে দিয়েছে ভারতীয় কতৃপক্ষ। এবং কাঁটাতারের কাছে কোন বাংলাদেশীরা যেন না যায় সে বিষয়ে আমাদের অনুরোধ করেছেন।

অপহৃত শিশু ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার ও ২ নারী আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: প্রবাসীর বন্ধু সেজে বাড়িতে আসে ২ যুবক।  আপ্যায়ন সমাদরে খাওয়া দাওয়া শেষে ২২ মাসের শিশুকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে ওই শিশুকে উদ্ধার করেছে।

এক নারীকে বিয়ে করতে রাজি না হওয়ায় আক্রুশ মেটাতে এ অপহরণের ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউপি কেশর পাড়া গ্রামের জাবেদ আহমেদের বাড়িতে।

রাজনগর থানা পুলিশ শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাবেদ আহমেদের ছেলে শিশু আহমদ সাইফ রাজকে(২২ মাস) ওসমানি নগর থানা আওতাধীন তাজপুরের রুকনপুর গ্রাম থেকে উদ্ধার করে।

পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে কেশর পাড়া গ্রামের জাবেদ আহমেদের বাড়িতে সাদা রংঙের প্রাইভেট গাড়ি নিয়ে দুই যুবক আসেন। তারা জাবেদের ওমান প্রবাসী ভাই জাহেলের প্রবাসী বন্ধু পরিচয় দেয়। এ সময় জাবেদের পরিবার তাদের আপ্যায়ন আদর সমাদর করে। দুপুর বেলা খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন। বিকেল ৩ টার দিকে জাহেলের ভাতিজা জাবেদের ছেলেকে কুলে নিয়ে বাড়ির বাহিরে গিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়।

এরপর জাবেদ মিয়া ‘ ৯৯৯ ‘ এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ অভিযানে নেমে যায়। ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই নারীসহ শিশু সাইফকে উদ্ধার করা হয়।

জাবেদ আহমেদের মা সুফিয়ারা বেগম বলেন, আমার ছোট ছেলে জহিরের সাথে অভিযুক্ত রুহেনার মোবাইল ফোনে সম্পর্ক হয়। রুহেনা জহিরকে বিয়ের প্রস্তাব দেয়। এ প্রস্তাবে আমার ছেলে জহির রাজি না হওয়ায় রুহিনা অপহরণের ঘটনা ঘটিয়েছে। পুলিশ রুহেনা ও তার বোনকে আটক করেছে। এ ব্যপারে আমরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি। অপহরণকারী দুই যুবক আমার ওমান প্রবাসী ছেলের বন্ধু সেজে বাড়িতে এসে ছিল।

রাজনগর থানার ওসি তদন্ত ফরিদ আহমদ বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ব্যাপক অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টার মধ্যে টেকনোলজি ব্যবহার করে অপহরণ হওয়া শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ নারীকে আটক করা হয়েছে ও জিজ্ঞাসাবাদ চলছে।

নবাবগঞ্জে কৃষকের আম বাগান কেটে সাবাড়

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক কৃষকের আম বাগানের ৫২ টি উন্নত জাতের আম গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের বামনগড় (পত্নীচান) গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ইউপি নির্বাচনে প্রতিপক্ষের সমর্থন ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা বাগানের গাছ কেটে ক্ষতি করতে পারে।

এ ঘটনায় তাঁদের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে থানায় অভিযোগ করা হয়েছে। শুক্রবার সরেজমিনে জানা গেছে, উপজেলা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে বামনগড় গ্রাম।

ওই গ্রামের কৃষক মোঃ জিয়াব উদ্দিন (৬০) তার নিজ নামীয় আধা একর ধানী জমিতে বাণিজ্যিকভাবে উন্নত জাতের আম বাগান থেকে ৫২ টি গাছ কেটে নষ্ট করে দেয়া হয়েছে ।

বাগান মালিক মোঃ জিয়াব উদ্দিন জানান, গাছগুলোর বয়স প্রায় ২ বছর। আগামী আম মৌসুমে গাছগুলো থেকে ফলন পাওয়া যেত । শত্রুতা থাকলে আমার সাথে, কিন্তু গাছের সাথে আবার কেমন শত্রু ! স্থানীয় কৃষক নুরুজ্জামান জানান, তাদের সাথে কারো শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছগুলো কি অপরাধ করল ! এমন ঘটনা এলাকায় প্রায় ঘটছে সঠিক বিচার হলে এমন ঘটনা আর ঘটবে না দাবি করেন তিনি ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গাছ কেটে ফেলার অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে সাব ইন্সপেক্টরকে পাঠিয়েছি । তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।