ডোমারে ১০টি ইউপি নির্বাচনে আ’লীগের প্রার্থী ঘোষণা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার মনোনয়ন বোর্ডের সভা শেষে রংপুর ও রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এবারের এই ১০ ইউপিতে রয়েছে অনেক নতুন মুখ।

দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন- ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান (বকুল), কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম স্বাধীন, গোমনাতি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল হামিদ, জোড়াবাড়িতে মো. এহতেশামুল হক, বামুনিয়ায় মনোরঞ্জন রায়, পাঙ্গা মটুকপুরে বর্তমান চেয়ারম্যান মো. এমদাদুল ইসলাম, বোড়াগাড়িতে মোছা. জেবুন্নেছা আক্তার, ডোমার সদরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ, সোনারায়ে গোলাম ফিরোজ, হরিণচড়ায় মো. রাসেল রানা।

প্রসঙ্গত, ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ই জানুয়ারি।

রাণীশংকৈল ৩ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ০৩ ডিসেম্বর পাক-হানাদার মুক্ত দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে পৌর শহরে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়।
পরে, চৌরাস্তা মোড়ে সভায় বক্তব্য দেন-সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, যুবলীগ সম্পাদক রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও বিদেশি চন্দ্র রায়, যুদ্ধকালীন কমান্ডার সিরাজুল ইসলাম ষড়জ শিল্পি গোষ্ঠীর সভাপতি রেজাউল ইসলাম বাবু প্রমুখ।
সঞ্চালনা করেন আ’লীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। বক্তরা জাতীয় ও স্থানীয় পর্যায়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হলেন সুলতান মাহমুদ

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন যুগ্ম সাধারণ সুলতান মাহমুদ।

শেরপুর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই দায়িত্ব দেওয়া হয় তাঁকে। শহরের টাউন কাব পাবলিক লাইব্রেরী মহিলা অর্নাস কলেজের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. গোলাম ফারুক, মোহাম্মদ আলী মন্টু মাষ্টার, মুনসী সাইফুল বারী ডাবলু, এড. ইলিয়াস উদ্দিন মিন্টু, এড. আজমী আরা পারভীন শান্তনা, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, আ.লীগ নেতা গৌরদাস রায় চৌধুরী, শাহজামাল সিরাজী, মনসুর রহমান আকন্দ, শাহাদত হোসেন, আজিজুল ইসলাম মজনু, আব্দুল মান্নান, ডা. আব্দুল হামিদ, গোলাম রফিকসহ উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বহিস্কার হওয়ায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদকে।

এ সময় এই আ.লীগ নেতা দলকে সুশৃঙ্খল ও সুসংগঠিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

রাণীশংকৈলে বিরল প্রজাতির শকুন উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের  ধানক্ষেতের মাঠ থেকে বৃহস্পতিবার সকালে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। ওইদিন সকাল ১০টার দিকে গ্রামবাসিরা ওই মাঠে দাঁড়িয়ে থাকা শকুনটিকে

দেখতে পায়। তারা প্রায় আধঘন্টা ধরে শকুনটিকে ধাওয়া করে ধরে রিক্সাভ্যানযোগে উপজেলা চত্বরে নিয়ে আসে। উপজেলা চত্বরে এসে শকুনটি অসুস্থ হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে দলছুট শকুনটি পার্শ্ববর্তী সীমান্ত পার হয়ে অভূক্ত ও ক্লান্ত অবস্থায় ওই মাঠে নেমেছিল।
খবর পেয়ে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন তাৎক্ষণিকভাবে বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে উপজেলা বন কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।
বন কর্মকর্তা শাহজাহান আলী জানান, “শকুনটিকে প্রাথমিক চিকিৎসা ও খাদ্য দেওয়া হয়েছে। ইতোমধ্যে বীরগঞ্জের সিংড়া ফরেস্ট-বীটের সঙ্গে যোগাযোগ করে শকুনটিকে সংরক্ষণের জন্য সেখানে পাঠানো হয়েছে।

মৌলভীবাজারের সওজ এর সাঁটানো সাইনবোর্ডে ভুল লেখার হিড়িক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া-রবিরবাজার-টিলাগাঁও সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজার জেলার আওতাধীন নবনির্মিত রাস্তায় বিভিন্ন এলাকার নাম ভুল করে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয়দের। তারা ভুল সংশোধন করার দাবি জানিয়েছেন।

সওজের দেওয়া অধিকাংশ সাইনবোর্ডে কুলাউড়া উপজেলা নামের স্থলে লেখা হয়েছে কুলাউরা। এ ছাড়া কুলাউড়া-রবিরবাজার-রাজাপুর সড়কের পাশে রাউৎগাঁও এর স্থলে রাইতগাঁও, পুরশাই এর স্থলে কুসাই, মুদিপুর এর স্থলে মদিপুর ও মুড়ইছড়া নাম সংবলিত সাইনবোর্ড দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ভুলের কারণে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে কাঁদা মাটি দিয়ে সেগুলো ঢেকে দিয়েছেন। এলাকার বাহির থেকে আসা মানুষজন নামের সাথে ঠিকানার মিল না পেয়ে ও বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে।

জানা গেছে, এ সড়কে বিভিন্ন মোড়ে এলাকার দূরত্ব ও পরিচয় সংবলিত ২৫০টি সাইনবোর্ড প্রতিস্থাপনের কাজ করে ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনের অধীনে শামীম এন্টারপ্রাইজ। কাজ শেষে বিভিন্ন মোড়ে এলাকার নাম সঠিক নাম কিনা সেটা যাচাই করেন সওজ মৌলভীবাজার এর জেলা নির্বাহী প্রকৌশলী, উপ- বিভাগীয় প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী।

লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞ। বিষয়টি স্থানীয় সচেতন নাগরিক ও উপজেলা প্রশাসনকে নিয়ে সমন্বয় করে এলাকার সঠিক নাম যাচাই করা উচিত ছিল কর্তৃপক্ষের। এলাকার নাম ভুল করে সাইনবোর্ড টানানোর কারনে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এটি দ্রুত সমাধান করার দাবি জানান।

ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনের সাইড ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলাম বলেন, ভাষাগত ও প্রিন্টিং সমস্যার কারণে এই ভুল হয়েছে। আমরা দ্রুত সেটা সংশোধন করে দিব।

সড়ক ও জনপথ বিভাগের (কুলাউড়া) কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সুভাষ পুরকায়স্থ বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান কুলাউড়া সড়ক বিভাগে মোট ২৫০টি সাইনবোর্ড তৈরি করেছে। এরমধ্যে কয়েকটি এলাকার নাম ভুল হয়েছে। সংশোধনের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান কয়েকদিনের সময় নিয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বলেন, কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন করেছে। আমরা স্থানীয় এলাকার নামের বানান বিষয়ে তেমনটি পরিচিত নই। এটা অনাকাঙ্ক্ষিত ভুল। দ্রুত সংশোধনের জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, বিষয়টি অনেকেই আমাকে জানিয়েছেন। এটা খুবই দুঃখজনক। ভুল নামের বানানগুলো সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নওগাঁর আত্রাইয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

এসময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা হ্যাপী, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ কে এম কাওছার হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জুনায়েদ আলম, আত্রাই থানা ওসি’র প্রতিনিধি এস আই বদরুহোদা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমন্ডার মোঃ আকতারুজ্জামান, আত্রাই বণিক ও মালিক সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী,উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী অফিসারবৃন্দ, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানগন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ছকাপন রেলগেট এলাকায় আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ রা ডিসেম্বর) ১২টার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছকাপন রেলগেট এলাকায় পৌঁছা মাত্র অজ্ঞাত এক যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা কুলাউড়া রেলওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া রেলওয়ে থানার ওসি শ.ম কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১০টা পর্যন্ত অজ্ঞাত ঐ যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি। তাই লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাড়িতে বাবার লাশ,পরীক্ষা কেন্দ্রে মেরাজ!

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: বাড়িতে বাবার লাশ রেখে অশ্রু শিক্ত নয়নে এইচএসসি পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। অথচ বৃহস্পতিবার সকালে বাবার পা ছুঁয়ে দোয়া নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার কথা ছিল  তার। এর আগে বুধবার মধ্য রাতে নিজ বাড়ীতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন তার বাবা শরিফুল হক মিল্টন (৪৭)। হতভাগ্য এ পরীক্ষার্থীর নাম মেরাজ হক। সে ফুলবাড়ী ডিগ্রী কলেজের বিএম শাখার শিক্ষার্থী। তার বাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের হকটারী গ্রামে।

গেল বৃহস্পতিবার উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৩ নম্বর কক্ষে বসে হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিচ্ছে মেরাজ হক। তার রোল নম্বর ৮৩১৪৪৪। এক হাতে চোখের পানি মুছে অন্য হাতে পরীক্ষার খাতায় লিখে চলছে সে। আবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে মাঝে মধ্যে। আর শান্তনা দিয়ে যাচ্ছে পাশের পরীক্ষার্থী সহপাঠিরা। পরীক্ষা শুরুর কিছুক্ষনের মধ্যে তার বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় গোটা কেন্দ্রে নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার অধিকাংশ পরীক্ষার্থীর সাথে এসছেন তাদের অভিভাবকরা। বাবা না থাকায় মেরাজের সাথে এসেছেন তার খালু পলাশ হোসেন। তিনি জানান, বাবাকে হারানোর পর ভেঙে পড়লেও স্বজনদের সান্তনায় কাঁদতে কাঁদতে পরীক্ষা দিতে আসে মেরাজ। দুপুর আড়াইটার দিকে তার বাবার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাইফুর রহমান সরকারি কলেজর অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো.রফিকুল ইসলাম জানান, পরীক্ষার্থী মেরাজ হকের বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। পরীক্ষা দেয়ার জন্য আমরা তাকে সান্তনা ও উৎসাহ দিয়েছি। তবে তাকে বিশেষ কোন সুবিধা দেয়া হয়নি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে।

নবাবগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে এইচ,এস,সি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সময় তিন ঘন্টা থেকে কমিয়ে দেড় ঘন্টা করা হয়েছে। উপজেলায় উচ্চ মাধ্যমিকে ৭৫১জন, কারিগরি শাখায় ২৯৯জনও আলিমে ২৫৭ জন, মোট এক হাজার তিনশ সাতজন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

আজ বৃহস্পতিবার পরীক্ষার প্রথমদিন নকল মুক্ত পরিবেশে উপজেলায় উচ্চ মাধ্যমিক বিভাগ ভিত্তিক পরিক্ষায় ১৫৬ জনেমধ্যে ৩ অনুপস্থিত, কারিগরি শাখায় ২৯৯ জন মধ্যে ১৩ জন পরিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন বলে জানিয়েছে মাধ্যমিক শিক্ষাঅফিসার তোফাজ্জল হোসেন।

এছাড়াও আলিম পরিক্ষায় ২৫৭ জন পরীক্ষার্থী মধ্যে ৩১জন অনুপস্থিত রয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসার হল সচিব মো.আলতাব হোসেন।

শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবের সভাপতি ও যুগ্ম সম্পাদক এর জন্মদিন পালন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবের ২ সংবাদকর্মীর পৌর প্রেসক্লাবের সভাপতি আবিদ হোসেন তানভীর (দৈনিক সিলেটের সময়) ও যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমেদ মানিক (দৈনিক আমার সংবাদ) ২ জনের জন্মদিন উপলক্ষে কেককাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

রোজ বুধবার (১ ডিসেম্বর) রাতে ৯ টায় শ্রীমঙ্গল শহরের নূর ফুডস চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজির উদ্দিন শিহাব ও সহ-সভাপতি জব্বর আলী রানার যৌথ উপস্থাপনায় সিনিয়র সহ-সভাপতি তিমির বনিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মেহেদি হাসান সোহেল, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল ওয়াহিদ সোহেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন অপু, সমাজ কল্যাণ সম্পাদক সৌরভ আলম শাহী, সদস্য ইমরান হোসেন, এ ডি স্বপ্নসহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

পৌর প্রেসক্লাবের সভাপতি আবিদ হোসেন (তানভীর) ও যুগ্ম সম্পাদক সোলেমান আহমেদ (মানিক) এমন অনুষ্ঠানের মাধ্যমে উভয়ের জন্মদিন পালন করায় পৌর প্রেসক্লাব এর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সকলের সহযোগিতা ও ভালোবাসায় সিক্ত হয়ে আগামীতেও যেন সকলে একসাথে সুন্দর ভাবে অতিবাহিত করতে পারি এই আশায় ব্যক্ত করেন।