বড়লেখায় ১৮ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১৮ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাদের মধ্যে উপজেলার বর্ণি ইউপি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জোবায়ের হোসেনও রয়েছেন।

জোবায়ের হোসেন বর্ণি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নির্বাচনে ওই ইউনিয়নে ভোট পড়েছে ৯ হাজার ৯২৪টি। এখানে আওয়ামী লীগের মনোনীত মো. জোবায়ের হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ১ হাজার ২১১। যা মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম। জামানত ফেরত পেতে তার ১ হাজার ২৪০ ভোটের প্রয়োজন ছিল। গত ২৮ নভেম্বর উপজেলার ১০ টি ইউপিতে তৃতীয় ধাপের নির্বাচনে ভোটগ্রহণ হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করেন। নির্বাচনে দশটি ইউপির পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি পাঁচটির মধ্যে তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও দুটিতে স্বতন্ত্র (বিএনপির একজন) প্রার্থী জয়ী হয়েছেন।

জামানত হারানো অন্য প্রার্থীরা হলেন- দাসেরবাজার ইউপি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কয়েছ আহমদ ও বিমান কান্তি দাসের জামানত রক্ষায় প্রয়োজন ছিল ১২১৫। কয়েছ আহমদ ৬৪ ভোট ও বিমান কান্তি দাস পেয়েছেন ৯৬ ভোট।

নিজ বাহাদুরপুর ইউপি’তে স্বতন্ত্র প্রার্থী মো. আবু সাহেদ জামানত রক্ষায় ১৪৩৫ ভোটের স্থলে পেয়েছেন ৩৭ ভোট।

উত্তর শাহবাজপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুমিনুর রহমান টনি জামানত রক্ষায় ১৬১৮ ভোটের স্থলে পেয়েছেন ৫৫৫ ভোট। দক্ষিণ শাহবাজপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আমির উদ্দিন জামানত রক্ষায় ১৭১৫ ভোটের স্থলে পেয়েছেন ৭৪ ভোট।

দক্ষিণভাগ উত্তর ইউপিতে জামানত হারিয়েছেন ৭ জন চেয়ারম্যান প্রার্থী। জামানত ধরে রাখতে তাদের প্রয়োজন ছিল ১১১৩ ভোট। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী আব্দুল মানিক (৮৪ ভোট), আব্দুল মালিক (৩১ ভোট), মোসাহিদ আহমদ (২৪ ভোট), আ’লীগ বিদ্রোহী প্রার্থী আশরাফ হোসেন (৪৯৪ ভোট), বিএনপি-স্বতন্ত্র মোহাম্মদ ময়নুল হক (৮৮২ ভোট), জামায়াত স্বতন্ত্র মোহাম্মদ লুৎফুর রহমান (৬৪১ ভোট) ও আ’লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল জলিল ফুলু (৩৬ ভোট)।

সুজানগর ইউপি’তে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম জামানত রক্ষায় ১৩৮২ ভোটের স্থলে পেয়েছেন ১২২০ ভোট, অপর প্রার্থী ফখরুল ইসলাম পেয়েছেন ২৪০ ভোট।

দক্ষিণভাগ দক্ষিণ ইউপি’তে ৩ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন- বেলাল খান ওলন (৭০ ভোট), শরফ উদ্দিন (৪৩ ভোট) ও সায়দুর রহমান (১৫০ ভোট)। এই ইউপি’তে জামানত রক্ষায় চেয়ারম্যান প্রার্থীদের প্রয়োজন ছিল ২১৩৬ ভোট।

বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান বুধবার সন্ধ্যায় জানান, নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী কোনো প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। ওই প্রার্থীরা প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোটও পাননি। এ কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হবে বলে জানান।

নওগাঁর আত্রাইয়ে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ এর শুভ উদ্বোধন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১লা ডিসেম্বর) দুপুরে আত্রাই খাদ্য গুদাম চত্বরে সারা দেশের ন্যায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন আত্রাই উপজেজলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী জুয়েল,উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত অফিসার আত্রাই এলএসডি, নওগাঁ মোঃ রিয়াজুল হক।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোহাজের হাসান,আত্রাই উপজেলা মিল মালিক সমিতির সভাপতি ওহিদুর রহমান প্রামানিক,সাধারণ সম্পাদক হেলালুজ্জামান হেলাল প্রমূখ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান বলেন, সরকারি বিধি মোতাবেক কৃষক ও মিলাররা যেন খাদ্য গুদামে ধান-চাল সরবরাহ করেন।দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের কাতারে নিয়ে গেছেন।দেশ এখন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ধান-চালের গুনগতমান ধরে রাখতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোঃ ইকতেথারুল ইসলাম বলেন,কৃষকেরা কোন রকম হয়রানি ছাড়াই যেন খাদ্য গুদামে ধান সরবরাহ করতে পারে,সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃমোহাজের হাসান জানান,আত্রাই উপজেলায় তিনশত আট চল্লিশ মেঃটন ধান, প্রতি কেজি সরকারী মূল্য সাতাশ টাকা, আর চালের বরাদ্ধ চার শত সাতাশ মেঃ টন প্রতি কেজি সরকারী মূল্য চল্লিশ টাকা দরে সরাসরি কৃষকের নিকট থেকে ক্রয় করা হবে। তিনি আরো জানান কৃষকের এ্যাপ এর মাধ্যমে কৃষক নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র ও ব্যবহার করা মোবাইল নম্বর এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নতুন কৃষকদের নিবন্ধন ই ধান বিক্রয়ের আবেদন হিসাবে গণ্য হবে।পুরাতন নিবন্ধিত কৃষকগনকে শুধু মাত্র ধান বিক্রয়ের আবেদন করতে হবে। আত্রাইয়ে এবার সাতাশ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট হতে তিনশত আট চল্লিশ মেঃটন ধান ও বৈধ লাইসেন্সধারী মিল মালিকদের নিকট হতে চাল চারশত সাতাশ মেঃটন সংগ্রহের লক্ষ্য মাত্রা নিদ্ধারণ করা হয়েছে। ধান –চাল সংগ্রহ শুরু হয় ০৭-১১-২১ আর শেষ হবে আগামী ২৮-০২-২২ পর্যন্ত নিদ্ধারণ করা হয়েছে।

মৌলভীবাজারে বিড়াল হত্যার শাস্তি দিল আদালত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে একটি মেছো বিড়াল হত্যার ঘটনায় মামুন মিয়া নামের এক ব্যক্তিকে শাস্তি দিয়েছেন আদালত। বিড়ালটি হত্যার এক বছর পর মামুনকে সাজা হিসেবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত সূত্র জানিয়েছে, মেছো বিড়াল হত্যার ঘটনায় এই প্রথম বন আদালতে কাউকে সাজা দেওয়া হলো।

মৌলভীবাজার বন আদালতের জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান গত সোমবার মামুন মিয়াকে সাজা দেন। ২০২০ সালের নভেম্বরে বাড়ির পুকুরে মাছ খাওয়ার সময় সহযোগীদের নিয়ে মেছো বিড়ালটি হত্যার অভিযোগ ওঠে মামুনের বিরুদ্ধে। তিনি মৌলভীবাজারের রাজনগরের কাজীরহাট গ্রামের বাসিন্দা।

বন বিভাগের বন মামলা পরিচালক জুলহাস উদ্দিন বুধবার সাজার তথ্য নিশ্চিত করেছেন। মামুন মিয়া আদালতে দোষ স্বীকার করেছেন।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মামলা ও আদালত সূত্রে জানা গেছে, মেছো বিড়াল হত্যা বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। কাজীরহাটে মেছো বিড়ালটি হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সে সূত্র ধরে মামুনকে শনাক্ত করা হয়। পরে এ ঘটনায় মামলা করেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার মো. আনিসুজ্জামান।

ঘটনার তদন্ত ও স্থানীয় লোকজনের সাক্ষ্য গ্রহণ শেষে গত বছরের ৩১ ডিসেম্বর বন আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় রাজনগর থানা পুলিশ।

বন বিভাগের বন মামলা পরিচালক জুলহাস উদ্দিন জানান, এর আগে সাপ, বানর হত্যার ঘটনায় আদালতে অভিযুক্ত ব্যক্তিদের সাজা দেওয়া হয়েছে। মেছো বিড়াল হত্যা নিয়ে কোনো মামলায় এই প্রথম জরিমানা করা হয়েছে। মেছো বিড়াল হত্যায় সর্বোচ্চ দুই বছরের জেল, দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের দন্ডিত এর বিধান রয়েছে।

নবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস উদযাপন

মোঃ অলিউর রহমান মেরাজ, দিনাজপুরঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং ইউনিয়ন পরিষদ- এর আয়োজনে, ল্যাম্ব এ্যাডলোসেন্ট ও কমিউনিটি ট্রান্সফরমেশন (এসিটি) প্রজেক্ট এর সার্বিক সহযোগিতায় গত ১ ডিসেম্বর ২০২১ খ্রিঃ “বিশ্ব এইডস” দিবস উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ”।

এই দিবস উপলক্ষে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, ডাঃ শাহাজান আলী বলেন, ”ধর্মীয় অনুশাসন ও সচেতনতাই পারে মরণব্যাধি এইডস থেকে মুক্ত করতে”।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী, কমিউনিটি লিডার, কিশোর-কিশোরীবৃন্দ, স্বাস্থ্যকর্মীবৃন্দ, এসিটি প্রজেক্ট স্টাফ ও অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জুড়ীতে ৫০ লিটার চোলাইমদসহ আটক ১জন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী থানায় ৫০ লিটার চোলাই মদ সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশের একটি দল।

আটককৃত ব্যাক্তি মাদক কারবারির নাম মিলন কাহার (৫০)। সে জুড়ী থানার গোয়ালবাড়ি ইউপির এলাপুর চা বাগানের মৃত লক্ষিন্দর কাহারের ছেলে।

গত মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত পৌনে ৯ ঘটিকার সময় এসআই জাকির হোসেনের সঙ্গীয় একটি দলের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫০ লিটার চোলাই মদ সহ মিলন কাহারকে গ্রেফতার করে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ লিটার মদ সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশের একটি দল।

তিনি আরো বলেন, আসামীকে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওমিক্রন রোধে দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, বিমানবন্দরে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদনঃ করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিদেশ থেকে দেশে আসা প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে যেকোনো দেশ থেকে দেশে আসতে হলে ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে, যা আগে ছিল ৭২ ঘণ্টা।

(বুধবার) দুপুর ১২টায় রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, যে যাত্রীরা আফ্রিকা থেকে আসবেন, বাধ্যতামূলকভাবে তাদের ১৪ দিনের কোয়ারান্টাইনে নিতে বলেছি। একই সঙ্গে তাদের ৪৮ ঘণ্টা আগের করোনার সার্টিফিকেট দেখাতে হবে। যদি কোনো দেশ থেকে করোনা টেস্ট ছাড়া কেউ আসে, তাদের অবশ্যই ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে যেতে হবে।

এদিকে করোনাভাইরাসের নতুন ও ভয়ংকর ধরন বা ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব কয়টি ইমিগ্রেশনের সতর্কতা জারি করেছে সিভিল সার্জন সিলেট। সিলেট জেলা সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল জানিয়েছেন, এই মুহুর্তে ভয়ংকর ধরন বা ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়ানো আফ্রিকার দেশগুলো থেকে যারা সিলেটে আসবে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারান্টিনে করতে হবে পাশাপাশি সকল ইমিগ্রেশন সেন্টারকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গলে ধর্ষণের অভিযোগে এক টিকটকার গ্রেফতার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ধর্ষণের অভিযোগে এক টিকটকারকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।

গ্রেফতারকৃত ধর্ষকের নাম মাসুদ গণি মান্না (২৫)। সে হবিগঞ্জ জেলার সদর থানার অনন্তপুর গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে।

অভিযুক্ত মাসুদ গণি মান্না সামাজিক যোগাযোগমাধ্যমে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার এক তরুনীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে একটি রিসোর্টে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে তা ভিডিও ধারন করে ফেক ফেসবুক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

পরে ভুক্তভোগী শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে কয়েকঘন্টার মধ্যেই শ্রীমঙ্গল থানার ইন্সপেক্টর তদন্ত জনাব মোঃ হুমায়ূন কবিরের সহায়তায় এসআই মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট জেলার টুকেরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মাসুদ গণি মান্নাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে । অভিযুক্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জে কলেজ ছাত্র সৌরভের পায়ের রগ কাটা লাশ উদ্ধার

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মোঃ সৌরভ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।

আজ বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামে তার নিজ বাড়ির পাশে নলশীষা নাদীর পাড় থেকে পায়ের রগ কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত সৌরভ উপজেলার চামুন্ডাই গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে সে আফতাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র বলে জানিয়েছেন এলাকাবাসী।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান,সৌরভ নামে এক যুবকের লাশ বাড়ির পাশে নলশীষা নদীর পাড় থেকে পায়ের রগ কাটা মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় নাই। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা চলমান।

বিয়ের ১মাসের মাথায় গৃহবধূর উপর নির্মম নির্যাতন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিয়ের এক মাসের মাথায় শিরিন বেগম (২২) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য পাষন্ড স্বামীর অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় গৃহবধূ আহত শিরিন বেগমের মা সোনাবান বেগম বাদী হয়ে মেয়ের জামাই শফিক মিয়াকে আসামি করে মৌলভীবাজারের জেলা আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বরাবর একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে শিরিন বেগমের উপর হত্যার উদ্দেশ্য তার স্বামী পেশায় ড্রাইভার শফিক মিয়া অমানবিক নির্যাতনের উদ্দেশ্যে করে হামলা চালায় ‌

অভিযোগ সূত্রে আরোও জানা যায়, শফিক আমার এবং আমার মেয়ের কাছ থেকে বিভিন্ন অজুহাতে প্রায়ই টাকা পয়সা দাবী করতো সে অনুযায়ী আমরা তাকে অনেক টাকাও দিয়েছি। ঘটনার দিন শফিক আমার মেয়ে শিরিনের কাছে আমার দেয়া ৩ ভরি ওজনের সোনার হার যার মূল্য প্রায় এক লক্ষ পয়ষট্টি হাজার টাকা, সেই হারটি শফিক বিক্রি করার জন্য আমার মেয়েকে চাপ দেয়। আমার মেয়ে হারটি না দিলে রাগান্বিত হয়ে শফিক বেপরোয়া হয়ে আমার রান্না ঘর থেকে ধারালো দা দিয়ে আমার মেয়ে শিরিনকে প্রানে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। শিরিনকে প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্যে করে কোপ মারলে সেই কোপ লক্ষ্যভ্রষ্ট হয়ে বাম হাতের বুড়ো আংগুলের ডানফাকে পরে বুড়ো আংগুল দ্বিখন্ডিত হয়ে চামড়ায় লেগে ঝুলে থাকে। এরপর শফিক আমার মেয়ে শিরিনের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার এস.আই সিরাজ জানান, এই মামলার তদন্তের দায়িত্ব আমার কাছে দেয়া হয়েছে। ঘটনাটি সত্য, আসামি শফিক পলাতক রয়েছে। কিন্তু আসামিকে গ্রেফতারের চেষ্টা চলেছে। খুব দ্রুত আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরন করার জন্য সব রকম চেষ্টা অব্যাহত আছে বলে নিশ্চিত করেন।

কালীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতার হাতে নৌকার সিল মারা ব্যালট

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলায় সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ২০ টি সিল মারা ব্যালট পেপার নিয়ে লালমনিরহাটের কালীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তিনি দাবি করেন টয়লেটে রাখা এসব ব্যালট নৌকার প্রার্থী মাহাবুবর রহমানের।

অপরদিকে ওই চন্দ্রপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহাবুবর রহমানের দাবি, প্রতিপক্ষ নৌকার ভোট কমাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গণনার সময় ব্যালটগুলো চুরি করে ফেলে দিয়েছে। এ নিয়ে উভয়পক্ষ একজন আরেকজনকে দোষারোপ করে যাচ্ছেন। সাধারন জনগনের এখন প্রশ্ন এসব ব্যালট পেপার তাহলে কার!

সোমবার রাতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ব্যালটগুলো প্রদর্শন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম।

গত রোববার ইউপি নির্বাচনে চন্দ্রপুর ইউনিয়নে দুই প্রার্থী ৯ হাজার ৮৪০ ভোট পেয়ে সমান অবস্থানে রয়েছেন। যার ফলে এ ইউনিয়নের নির্বাচনী ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চন্দ্রপুর ইউপি নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, নৌকার কর্মী-সমর্থকরা নৌকায় সিল মারা কিছু ব্যালট ওই ইউনিয়নের গোসাইরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের টয়লেটে ফেলে রাখে। সোমবার সকালে ২০টি ভুয়া ব্যালট উদ্ধার করলে স্থানীয়দের মাধ্যমে আমার কাছে আসে। এসব নৌকার কর্মীরা ভোট বাক্সে রাখার সময় না পেয়ে ফেলে রেখেছে। এভাবে ভুয়া ব্যালট দিয়ে নৌকার ভোট বাড়িয়ে সমান অবস্থানের ফলাফল তৈরি করে ফলাফল স্থগিত করা হয়। তাই আমি এ ইউনিয়নে পুনরায় ভোট দাবি করছি। এ সময় উদ্ধার হওয়া ২০টি ব্যালট হাতে নিয়ে ক্যামেরায় প্রদর্শন করেন বিএনপির এ নেতা।

নৌকার প্রার্থী মাহাবুবর রহমান এ বিষয়ে বলেন, স্থানীয় সমর্থকদের মাধ্যমে নৌকায় সিল মারা ব্যালটের বিষয়ে শুনেছি। এসব ব্যালট তাদের কাছে কেন? এটা তো আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করার কথা। তারা নৌকার ভোট কমাতে ব্যালট চুরি করেছে। তাদের কাছে থাকা ব্যালটগুলো উদ্ধার করে গণনায় সম্পৃক্ত করতে প্রশাসনকে মৌখিকভাবে অনুরোধ করেছি। আমি অতিদ্রুত দলীয় নেতাকর্মীদের সাথে পরামর্শ সাপেক্ষে লিখিত অভিযোগ দায়ের করব।

সংবাদ সম্মেলনে প্রদর্শন করা নৌকায় সিল দেওয়া ব্যালটগুলো উদ্ধার করে ভোট গণনায় সম্পৃক্ত করে আমাকে বিজয়ী ঘোষণা করা হোক। একইসঙ্গে নৌকার সিল দেওয়া এসব ব্যালট তারা প্রশাসনকে না জানিয়ে নিজেদের জিম্মায় কেন রেখেছেন, প্রশ্ন রেখেছেন তিনি এবং ন্যায় বিচার দাবি করেন নৌকার প্রার্থী মাহাবুবর রহমান।

উল্লেখ্য যে , লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ৩ জন নির্বাচিত হয়েছেন এবং ৩ জন প্রার্থী পরাজিত হয়েছেন। অপর একটিতে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। যে কারণে আবারও ওই ইউনিয়নে ভোট হবে বলে ঘোষণা করেন দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা। তবে নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করা হয়নি।