বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস

স্বাস্থ্য ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আজ (৯ মার্চ) বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। এবার এই দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সবার জন্য সুস্থ কিডনি’।

দিবসটি উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কিডনির কার্যক্ষমতা প্রায় ৯০ শতাংশ কমলে উপসর্গ প্রকাশ পায়। কিডনি বিকল হওয়ার অন্যতম কারণ কিডনি প্রদাহ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। এছাড়া অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক সেবনেও বিকল হতে পারে কিডনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, ২০২০ সালে দেশে ১০ হাজার ৮৪১ জন কিডনি রোগে মৃত্যু বরণ করেন। ২০২১ সালে প্রকাশিত নেফ্রোলজি ওয়ার্ল্ড ওয়াইড বইয়ে নেফ্রোলজি ইন বাংলাদেশ প্রবন্ধে বলা হয়েছে, কিডনি বিকল রোগীদের মাত্র ৫ শতাংশ প্রতিস্থাপনের সুযোগ পান। এর প্রধান কারণ গুলো হলো, কিডনি রোগের চিকিৎসার উচ্চ ব্যয়ভার, সারাদেশে কিডনি রোগের অপ্রতুল চিকিৎসা সুবিধা, প্রশিক্ষিত ডাক্তার-নার্স ও টেকনিশিয়ানের স্বল্পতা।

ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি’র তথ্য মতে, দেশের ১২ থেকে ১৫ শতাংশ মানুষ দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত। প্রতিদিনই এ রোগের প্রকোপ বাড়ছে। প্রতি ঘণ্টায় পাঁচ জন কিডনিজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন। দেশে প্রায় দুই কোটিরও বেশি লোক কোনো না কোনো কিডনি রোগে ভুগছেন। প্রতিবছর নতুন করে ৩০ থেকে ৪০ হাজার মানুষের কিডনি ডায়ালাইসিস প্রয়োজন। প্রতি বছর প্রাপ্তবয়স্ক ১০০ জনের মধ্যে ১০ থেকে ১৪ জন আক্রান্ত হচ্ছেন কিডনি রোগে।

কিডনি রোগের ঝুঁকি কমাতে বিশেষজ্ঞ চিকিৎসকরা ৮টি গোল্ডেন রুলের কথা বলছেন, এসব হচ্ছে নিয়মিত ব্যায়াম করা ও সক্রিয় থাকা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা, পরিমিত পরিমাণে পানি পান করা, ধূমপান পরিহার করা, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করা, স্থূলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত কিডনীর কার্যক্ষমতা পরীক্ষা করা।

শবেবরাতের নামাজ শেষে বাড়ি ফেরা হয়নি রাহিনের

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শবেবরাতের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঘাতক গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালো রাফসান রাহীন (২৩) নামের এক কলেজ ছাত্র। এ ঘটনায় অজ্ঞাতনামা ঘাতক গাড়ির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন নিহত ব্যক্তির বড় ভাই সৈয়দ ইনামুল কবির রিয়ান।

থানার এজহার সুত্রের বরাতে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শবেবরাতের নামাজ শেষে উপজেলার রহিমপুর ইউনিয়নের আতুরেরঘর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বেপরোয়া গতির একটি গাড়ি এনামুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন সড়কে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাত ১ টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

পরে উদ্ধার করা অজ্ঞাতনামা মরদেহের পরিচয় মিলে। নিহত সৈয়দ এনামুল কবির রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। এ ঘটনায় বুধবার দুপুরে অজ্ঞাতনামা ঘাতক গাড়ির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করেন।

নিহত রাহীনের চাচা সিদ্দেক আলী জানান, পবিত্র শবেবরাতের রাতে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তার বন্ধুদের সাথে বাহিরে গিয়েছিল। পরে রাত দেড়টায় খবর আসে সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। দোষীদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে এবং গাড়ির পরিচয় বের করতে পুলিশ মাঠে কাজ করছে।

রাণীশংকৈলে শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব উপলক্ষে উৎসব

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের নাজবাড়ি সংলগ্ন শ্রীশ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গণে মঙ্গলবার ৭ মার্চ বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৭তম শুভ আবির্ভাব উপলক্ষে এক উৎসবের আয়োজন করা হয়। ওই মন্দির কমিটি এ উৎসব আযোজন করে।

উপজেলা ইসকন কমিটির সভাপতি ডাঃ কমলা প্রসাদ দাসাধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী,  সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, বাংলাদেশ শিক্ষার্থী ঐক্য পরিষদের সভাপতি বাবু রিংকু রায়, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক।

প্রধান আলোচক ছিলেন শ্রীশ্রী রাধা গোপীনাথ মন্দির, গড়েয়া(ঠাকুরগাঁও)’র সহকারী অধ্যক্ষ শ্রীমান কংসহন্ত দাস ব্রহ্মচারী। বিশেষ আলোচক ছিলেন- কমিটির সহ-সভাপতি শ্রী নিত্যানন্দ বসাক, সহ-সভাপতি অমল কুমার রায়, অধ্যক্ষ মহাদেব বসাক।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতা, ভক্ত ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিথি ও আলোচকরা ছাড়াও বক্তব্য দেন-কমিটির সাধারণ সম্পাদক অমল বসাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক প্রশান্ত বসাক।

৭৩ বছর বয়সে মাস্টার্স ডিগ্রি অর্জন

শিক্ষা ডেস্কঃ বিশিষ্ট ব্যবসায়ী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু ইন্টারন্যাশনাল বিজনেস লতে মাস্টার ডিগ্রি (এলএলএম) অর্জন করেছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের কুইন মেরি কলেজ থেকে ৭৩ বছর বয়সে তিনি মাস্টার্স তিনি এই ডিগ্রি অর্জন করেন।

গত সোমবার (৬ মার্চ) লন্ডনের বার্বিকান সেন্টারে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত থেকে আবদুল আউয়াল মিন্টু এ সনদ গ্রহণ করেন। আবদুল আউয়াল মিন্টু ২০১৭ সালে ইউনিভার্সটি অব লন্ডনে ইন্টারন্যাশনাল বিজনেস লর ডিপ্লোমা কোর্সে ভর্তি হন। তিনি সাফল্যের সঙ্গে চারটি কোর্স সম্পন্ন করেন। এর আগে আবদুল আউয়াল মিন্টু আরও দুটি বিষয়ে মাস্টার্স করেন। একটি অ্যাগ্রিকালচারাল অব ইকোনমিকস, অন্যটি মেরিন ট্রান্সপোর্টেশন।

এই বয়সে বাবা আবদুল আউয়াল মিন্টুর এমন কীর্তিতে অভিভূত ছেলে তাবিথ এম আউয়াল। ইন্টারন্যাশনাল বিজনেস লতে বাবা মাস্টার ডিগ্রির সনদ নেওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে একটি পোস্ট দেন।

তাবিথ আউয়াল লিখেছেন, ‘আমার বাবা আবদুল আউয়াল মিন্টু প্রতিনিয়ত তার কাজের মধ্য দিয়ে আমাদের অনুপ্রাণিত করেন। রাজনীতি, সমাজসেবা, ব্যবসা সবকিছু সামলে এখনও জ্ঞানচর্চার জায়গায় বিন্দুমাত্র ছাড় নেই। বরং প্রতিবছরই যেন আমাদের জন্য সফলতার নতুন নতুন মান নির্ধারণ করে দেন তিনি। আজ বাবাকে আবারও অভিনন্দন জানাই, তার তৃতীয় মাস্টার ডিগ্রি (মাস্টার অব লজ) অর্জনের জন্য।’

১৯৪৯ সালে ফেনীর দাগনভূঞা উপজেলায় আবদুল আউয়াল মিন্টুর জন্ম। তিনি ফেনী পাইলট হাইস্কুল থেকে ১৯৬৪ সালে এসএসসি এবং ১৯৬৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ১৯৬৮ সালে চট্টগ্রামের মার্কেন্টাইল মেরিন একাডেমি থেকে নৌবিজ্ঞানে ডিপ্লোমা করেন। এরপর মেরিন একাডেমি থেকে জাহাজের ক্যাডেট হিসেবে চাকরিতে যোগ দেন। ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে মেরিন ট্রান্সপোর্টেশন বিজ্ঞানে বিএসসি ডিগ্রি ও ১৯৭৭ সালে মাস্টার্স (এমএসসি) করেন।

আবদুল আউয়াল মিন্টুর যুক্তরাষ্ট্রে পড়ালেখা শেষে সেখানকার একটি জাহাজ কোম্পানিতে চাকরি নেন। ১৯৮১ সালে এই চাকরি ছেড়ে তিনি দেশে ফিরে শিপিং ব্যবসায় যুক্ত হন। তিনি ১৯৮৩ সালে দেশের প্রথম বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠাতাদের অন্যতম। ১৯৯৫ সালে লাল তীর সিড কোম্পানি প্রতিষ্ঠা করেন। সেই থেকে দেশে মানসম্পন্ন সবজি বীজ উৎপাদন ও সরবরাহে কাজ করে যাচ্ছেন। লাল তীর সিড এখন দেশের শীর্ষ সবজি বীজ কোম্পানি। বিদেশেও এই বীজ রপ্তানি হচ্ছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’—এ প্রতিপাদ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ (২০২৩) ইং রোজ  বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে হইতে শোভাযাত্রা বের হয়।

পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের  সভাপতিত্বে,  আমিনা ইসলাম মৌ এর সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য আপা প্রকল্পের  কর্মকর্তা স্বর্ণালী সিনহা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা পজীপ বি আর ডি বি মোর্শেদা খানম , সাংবাদিক সীতারাম বীম, উপজেলা মেডিকেল অফিসার সোমা বেগম, এনজিও প্রতিনিধিগন ও মুন্সীবাজার কিশোর কিশোরী ক্লাবের সদস্য বর্ষা মালাকা প্রমুখ।

নেত্রকোণায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নেত্রকোণা এর আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, মহিলা বিষয়ক অধিদপ্তর নেত্রকোণার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আব্দুর রৌফ সরকার, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলমসহ অন্যরা।

কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত  মঙ্গলবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আলীনগর চা বাগানে কথা কাটাকাটির জের ধরে মা দেওন্তী নুনিয়ার (৪৫) মাথায় লাঠি দিয়ে আঘাত করে ছেলে সাধন নুনিয়া। রাতে পুলিশ ঘাতক ছেলে সাধনকে আটক করে। মৃত দেওন্তী নুনিয়া চা বাগানের ইন্দ্রপ্রসিদ নুনিয়ার স্ত্রী।

জানা যায়, দুপুরের দিকে মা দেওন্তীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে  কথা কাটাকাটি হয় সাধনের। একপর্যায়ে ছেলে ঘরে থাকা একটি লাঠি দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করলে সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। আহত দেওন্তীকে উদ্ধার করে শমসেরনগর ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর সাধন নুনিয়া পালিয়ে যান।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ রাত ১০টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। রাতে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল বুধবার ভোরে আলীনগর চা বাগানের একটি নির্জন স্থান থেকে পলাতক সাধন নুনিয়াকে আটক করে।

এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেই মাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে। রাতেই ঘাতক ছেলেকে আটক করা হয়। বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সৌদি আরবে ওমরাহ পালনকারীদের জন্য ৯ হাজার ইলেক্ট্রিক গাড়ির ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্কঃ বয়স্ক ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ওমরাহ পালনকারীদের জন্য প্রায় ৯ হাজার ইলেক্ট্রিক গাড়ির ব্যবস্থা করেছে সৌদি আরব । ওমরাহ পালন ও পবিত্র দুই মসজিদে যাতায়াতের সময় ওমরাহকারীরা যেন সমস্যার সম্মুখীন না হন, সেজন্য এই পদেক্ষপ নিয়েছে কর্তৃপক্ষ।

এক প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদুল হারাম ও মসজিদে নববী কর্তৃপক্ষ বয়স্ক ‍ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ২৪ ঘণ্টা ইলেক্ট্রিক গাড়ি সরবরাহের উদ্যোগ নিয়েছে।

খবরে বলা হয়েছে, তানাকল (পরিবহন) নামের একটি অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এসব গাড়ি অগ্রিম বুক করতে পারবেন। এছাড়া অ্যাপটি দিয়ে টিকিটও কেনা যাবে। এই অ্যাপ ব্যবহারের ফলে গাড়ির বিতরণ ও টিকিট বিক্রির স্থানের ভিড় এড়ানো যাবে।

সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, পবিত্র দুই মসজিদে মানুষের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য স্মার্ট অ্যাপ ও রোবটের মতো উচ্চ-প্রযুক্তি নির্ভর সেবা চালু করেছে কর্তৃপক্ষ।

গত কয়েক মাসে ওমরাহ পালনকারীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে সৌদি কর্তৃপক্ষ। পর্যটক ভিসায় সৌদিতে গিয়ে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ওমরাহ পালনের সুবিধাও চালু করেছে দেশটি। এছাড়াও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারতও করতে পারবেন পর্যটকরা।

গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিতে ভয় নিয়ে চলছে তৃতীয় দিনের উদ্ধারকাজ

অনলাইন ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটিতে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়। তবে ভবনের নিচে পানি জমে থাকায় উদ্ধার অভিযান কিছুটা বাঁধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন তারা। তারাও কাজ করছেন ভয় নিয়ে।

ভবনটির ভেতরে প্রবেশ করা ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, ওই ভবনের বেসমেন্টে অনেক পানি জমে আছে, এতে উদ্ধারকাজ বাঁধাগ্রস্ত হচ্ছে। এখন পানি সরানোর কাজ চলছে।
 
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, ইতোমধ্যে ভবনটি ব্যবহারের অনুপোযোগী ঘোষণা করা হয়েছে। এর ২৪টি পিলারের মধ্যে ৯টিই ক্ষতিগ্রস্ত। ভবন ব্যবহার অথবা অপসারণের জন্য হলেও কিছুদিনের জন্য সংস্কার করতে হবে। এখন পরিষ্কারের কাজ চলছে। পাশাপশি ভেতরে কেউ আছে কি না, তা দেখা হচ্ছে। ভেতরে কোনো মরদেহ নেই- এটা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে সেখানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।

বিস্ফোরণের পরই উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেয়ার কাজ করে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নেন। বিস্ফোরণে বুধবার রাত পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা পুলিশ। আর ঘটনাটি তদন্ত করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস ও ডিএমপির সিটিটিসি।

খাগড়াছড়িতে কয়লার খনির খোঁজ পেয়েছে স্থানীয়রা

অনলাইন ডেস্কঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়ন থেকে প্রায় পাঁচ কিলোমিটারেরও বেশি সরু পাহাড়ি পথ আর ঝিরি মাড়িয়ে ৮নং ওয়ার্ডের দুর্গম বামা গোমতীতে মাটি খুঁড়ে সম্ভাব্য কয়লার খনির সন্ধান পেয়েছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গণি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রায় এক বছর আগে পাহাড়ে কৃষি কাজ করার উদ্দেশ্যে মাটি খনন করতে গিয়ে ওই কয়লার সন্ধান পান স্থানীয়রা। এসব কয়লা সংগ্রহ করে তারা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহারও করছেন। কালো সোনা খ্যাত কয়লার খনি দেখতে স্থানীয় বাসিন্দারা প্রতিদিন সেখানে ছুটে গেলেও এখনও তা প্রশাসনের নজরে আসেনি।

স্থানীয়রা জানান, গোমতীতে কোদাল দিয়ে মাটি খুঁড়ে কয়লা বের করে নিয়ে আসছে স্থানী বাসিন্দারা। এই কয়লা শুকিয়ে বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেখানে বেশ কয়েকটি জায়গায় এমন কয়লা আছে বলে জানিয়েছেন তারা।

আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গণি জানান, ‘কয়লার খনির বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে, দেশে বিদ্যমান কয়লা ঘাটতি কিছুটা পূরণ হবে আশা করছি।’

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান জানান, ‘কয়লার খনির বিষয়টি শুনেছি। আমতলী ইউপির বামা গোমতী এলাকায় কয়লা পাওয়া যাচ্ছে। কয়লাগুলো মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করছে। সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তাকে বলব, বিষয়টি তদন্ত করে আমাদের কাছে যেন রিপোর্ট পাঠায়।’

তিনি আরও জানান, ‘রিপোর্ট নিয়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হব। যদি এটি সত্যিই কয়লা হয়, তাহলে সারাদেশে জ্বালানি খাতে বিপ্লব ঘটতে পারে।’