বগুড়ায় ধুনটের ১০ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে ১০ জন নির্বাচিত হয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ৪জন এবং স্বতন্ত্র প্রার্থী ৬ জন। রোববার রাত ১০টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলার ধুনট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত এসএম মাসুদ রানা (নৌকা) পেয়েছেন ৯ হাজার ৯৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর মন্টু (মোটর সাইকেল) পেয়েছেন ৬ হাজার ৭২৭ ভোট। এলাঙ্গীতে আওয়ামী লীগ মনোনীত তোজাম্মেল হক (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৭২৪ ভোট, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শামছুদ্দোহা জিএম সম্রাট পেয়েছেন ৩ হাজার ৫৮৩ ভোট। নিমগাছিতে সোনিতা নাসরিন (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৪৮০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রুহুল আমীন মাসুদ (অটোরিক্সা) পেয়েছেন ৪ হাজার ৭৮৭ ভোট।

কালেরপাড়ায় স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন শিপন (মোটর সাইকেল) পেয়েছেন ৮ হাজার ৮৩৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারেজ উদ্দিন (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৯০০ ভোট। চিকাশিতে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন জুয়েল (মোটর সাইকেল) পেয়েছেন ৪ হাজার ১৭৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৭৩০ ভোট। গোসাইবাড়িতে স্বতন্ত্র প্রার্থী মাসুদুল হক বাচ্চু (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ১০১ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত সামসুল বারী (নৌকা) পেয়েছে ৪ হাজার ৫৩২ ভোট।

ভান্ডারবাড়িতে স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসের বাবু (মোটর সাইকেল) পেয়েছেন ৫ হাজার ৯৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী আতিকুল করিম আপেল পেয়েছেন ৩ হাজার ৮১৩ ভোট। গোপালনগরে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম (আনারস) পেয়েছেন ১১ হাজার ৭৫৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহ আলম (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৬৭৪ ভোট।

মথুরাপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান আহম্মেদ জেমস মল্লিক (নৌকা) পেয়েছেন ১১ হাজার ২২২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম (আনারস) পেয়েছেন ৬ হাজার ৭৬৪ ভোট। চৌকিবাড়িতে স্বতন্ত্র প্রার্থী হাসানুল করিম পুটু (আনারস) পেয়েছেন ৭ হাজার ৪২৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত কুদরত-ই-খুদা জুয়েল (নৌকা) পেয়েছেন ৫ হাজার ২১৭ ভোট।

 উল্লেখ্য, উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৩৭৫ জন।

করোনা ভাইরাস নতুন রূপ “ওমিক্রন” সম্পর্কে মুরাদনগর থানার ওসি আবুল হাসিমের সর্তকবার্তা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বর্তমানে করোনা ভাইরাস নতুন রূপ “ওমিক্রন” বিস্তার লাভ করছে এবং সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশনা সবাই মেনে চলুন। “ওমিক্রন” ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে জরুরী প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাওয়া থেকে সবাই বিরত থাকতে হবে। “ওমিক্রন” ভাইরাস থেকে রক্ষা পেতে হলে জনসচেতনতার বিকল্প নেই। আসুন আমরা সবাই সচেতন হই।

সরকারের প্রদত্ত নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সর্বক্ষেত্রে মাস্ক পরিধান করুন, সামাজিক দুরুত্ব বজায় রাখুন। নিজে বাঁচুন, আপনার পরিবার, সমাজ এবং দেশের জনগনকে বাঁচান।

* মসজিদসহ সকল উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

* গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

* যেসব দেশে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, সেসব দেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

* সকল শিক্ষা প্রতিষ্ঠান (সকল মাদ্রাসা, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সহশিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

* সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সেবাগ্রহিতা, সেবা প্রদানকারী ও স্বাস্থ্যকর্মীদের সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের ১৫ নির্দেশনায় বলা হয়েছে :

* দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, এসওয়াতিনি, লেসোথোসহ যেসব দেশে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে, সেসব দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করতে হবে।

* সব ধরনের (সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অন্যান্য) জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

* বাড়ির বাইরে সবার সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

* রেস্তোরাঁয় ধারণক্ষমতার অর্ধেক বা তার কম আসনে বসে খাওয়ার ব্যবস্থা করতে হবে।

* সকল প্রকার জনসমাবেশ, পর্যটন স্থান, বিনোদনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল/থিয়েটার হল ও সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, বৌভাত, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি) ধারণক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক লোক অংশগ্রহণ করতে পারবে।

* অফিসে প্রবেশ এবং অবস্থানকালীন বাধ্যতামূলক নাক-মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাটা দাফতরিকভাবে নিশ্চিত করতে হবে।

* মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা তৈরির জন্য কমিউনিটি পর্যায়ে মাইকিং ও প্রচার চালানো যেতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনে মসজিদ/মন্দির/গির্জা/প্যাগোডার মাইক ব্যবহার করা যেতে পারে এবং ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের সদস্যসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা যেতে পারে।

আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন!

অনুরোধক্রমেঃ- মোঃ আবুল হাসিম অফিসার ইনচার্জ মুরাদনগর থানা, কুমিল্লা।

তৃতীয় বারের মতো নৌকার প্রার্থী বদল হলো রাজনগরে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে ৩ বার নৌকার প্রার্থী বদল হলো। দুজন প্রার্থীকে ২ বার করে মোট চারবার দলীয় প্রতীক দিয়ে শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি আসে। সর্বশেষ যিনি মনোনয়ন পেয়েছেন তিনি আওয়ামী লীগ করেন না বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কোনো মন্তব্য করতে রাজি হচ্ছে না।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ দিন কামারচাক ইউনিয়নেও ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।

গত ২৩ নভেম্বর প্রকাশিত দলীয় মনোনয়ন তালিকায় কামারচাক ইউনিয়নে নৌকা প্রতীক পান বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা মো. নজমুল হক (সেলিম)। পর দিনই আতাউর রহমান নামে দলের বাইরের একজনকে নৌকা প্রতীক দিয়ে শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি আসে। এর পরদিন আবারও শেখ হাসিনা স্বাক্ষরিত ‘চূড়ান্ত’ চিঠি আসে যুবলীগ নেতা সেলিমের নামে।

সর্বশেষ সোমবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে আবারও ‘চূড়ান্তভাবে’ শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি আসে আতাউর রহমানের নামে।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা ও উপজেলা আওয়ামী লীগের স্বাক্ষরে নজমুল হক সেলিমের নাম কেন্দ্রে যায়। সেখানে আতাউর রহমানের নাম ছিল না। জেলা ও উপজেলা আওয়ামী লীগের সুপারিশ উপেক্ষা করে চূড়ান্ত তালিকায় আতাউর রহমানের নাম আসায় ধূম্রজালের সৃষ্টি হয়েছে, দলের মধ্যে বেড়েছে ক্ষোভ। জেলাজুড়ে আলোচনার কেন্দ্রে এখন এ ঘটনায় আলোচিত।

নাজমুল হক সেলিমের আইনজীবী অ্যাডভোকেট জাহেদুল হক কচি বলেন, ‘নাজমুল হক সেলিমের মনোনয়নপত্র বাতিল করা রিটার্নিং অফিসারের সঠিক হয়নি। রিটার্নিং অফিসার বলছেন, ২৫ তারিখ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড নজমুল হক সেলিমের মনোনয়ন বাতিল করে আতাউর রহমানকে মনোনয়ন দেয়। অথচ ২৫ তারিখে নজমুল হক সেলিমের চূড়ান্ত মনোনয়নের একটা চিঠি আছে। চিঠিতে আতাউর রহমানের মনোনয়ন বাতিল করে নজমুল হককে দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসার মনোনয়ন বোর্ড কর্তৃক নজমুল হক সেলিমকে দেওয়া চিঠি আমলে না নিয়ে আমাদের মনোনয়ন বাতিল করেছেন। আমরা উচ্চ আদালতে আপিল করব।’

রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখ্তের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আতাউর রহমান আওয়ামী লীগে আছেন আমার জানা নেই। আমার জানামতে তিনি আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে অবগত না। এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ ভালো বলতে পারবে।’

উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা ও কামারচাক ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার গোলাম রব্বানী খানের কার্যালয়ে যোগাযোগ করলে তিনি কার্যালয়ে সাংবাদিক প্রবেশ করতে দেননি। অফিস গেটে তালা ঝুলিয়ে অফিস পিয়নকে দিয়ে বলান, ভেতরে কোন সাংবাদিক প্রবেশ করা নিষেধ।

বদলগাছীর কোলা বিজলী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে আয়া পদে ১৫ লাখ টাকায় নিয়োগের অভিযোগ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার কোলা বিজলী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি ও অনিয়মের মাধ্যমে আয়া পদে নিয়োগ বন্ধের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের সামনে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে সচেতন এলাকাবাসীরা অংশ নেয়।

জানা গেছে, কোলা বিজলী দ্বিমূখী উচ্চ বিদ্যালয় প্রায় অর্ধশত বছর অলিখিতি ভাবে কোলা গ্রামের দছির উদ্দিন মন্ডল গংদের ১৩ শতাংশ জমির ওপর বিদ্যালয়ের ভবন নির্মাণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া আরো দুই শতাংশ জমি বিদ্যালয়ের নামে লিখে দেওয়া হয়। সেসময় দছির উদ্দিন মন্ডলের চাকরি দেওয়ার কথা থাকলেও কয়েক মাস তাকে হয়রানির পর অন্য একজনকে নিয়োগ দেয়া হয়। সম্প্রতি বিদ্যালয় থেকে আবারও তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ আয়া পদে দছির উদ্দিন মন্ডলের মেয়ে গোলাপি আক্তারকে চাকরি দেওয়ার কথা। কিন্তু মোটা অংকের টাকার বিনিময়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য দুলাল হোসেনের স্ত্রী মুনিয়া আক্তারকে নিয়োগ দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এসব জটিলতায় আয়া পদে নিয়োগ পরীক্ষা প্রথম দফা স্থগিত হয়। গত শনিবার বিদ্যালয়ের অফিস সহায়ক তালহা’র মাধ্যমে নিয়োগ পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য আবেদনকারীদের নিকট নোটিশ পাঠানো হয়। কিন্তু তিনি আবেদনকারী প্রত্যেকের নিকট নোটিশ পৌঁছে না দিয়ে নিপা আকতার নামে এক প্রার্থীকে তারসহ চারটি নোটিশ দিয়ে চলে আসেন। এতে করে সোমবার (২৯ নভেম্বর) আয়া পদে পরীক্ষায় শারমিন আক্তার ও আফরিন সুলতানাসহ চারজন উপস্থিত হতে পারেনি। আবেদনকারী ১০জন প্রার্থীর মধ্যে পাঁচজন পরীক্ষায় অংশ নেয়।

জমিতাদা শরিকান গৃহবধু মাছুদা বেগম বলেন, দাতা সদস্য হিসেবে সে সময় আমার স্বামী দছির উদ্দিন মন্ডলকে বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু কয়েকমাস হয়রানির পর দোলন নামে অন্য একজনকে চাকরি দেওয়া হয়। বর্তমানে আমার স্বামী অসুস্থ ও বিছানাগত। আয়া পদে আমার মেয়ে গোলাপি আক্তারকে চাকরি দেওয়ার কথা। কিন্তু আমাদের পরিবারে চাকরি না দিয়ে ১৫ লাখ টাকার বিনিময়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সদস্যের স্ত্রীকে চাকরি দিচ্ছে। দূর্নীতি ও অনিয়মের মাধ্যমে এ নিয়োগ বন্ধের দাবী জানিয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি।

দাতা পরিবারের সদস্য এসএম মাহাবুব জামান অভিযোগ করে বলেন, বোনের আয়া পদে চাকরির জন্য প্রধান শিক্ষক ১০ লাখ টাকা দাবী করেন। আমরা বিদ্যালয়ের জমিতাদা কিন্তু তারপরও চাকরির জন্য টাকা দিয়েছি। এখন বেশি টাকা নিয়ে অন্য একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। পরীক্ষার আগে প্রশ্নপত্র ও উত্তর ওই প্রার্থীকে আগেই সরবরাহ করা হয়েছে।

বদলগাছী কোলা বিজলী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, টাকার বিনিমিয়ে যে নিয়োগের গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবেদনকারী ১০জনের মধ্যে পাঁচজন উপস্থিত হয়েছিল। পরীক্ষায় যে ভাল করবে সেই নিয়োগ পাবে। এছাড়া চারটি নোটিশ প্রত্যেক আবেদনকারীকে না দিয়ে একজনকে দেওয়া ঠিক হয়নি বলে স্বীকার করেন তিনি। ডিজি প্রতিনিধি ও নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা আক্তার বলেন, পরীক্ষা নেওয়া হয়েছে। ফলাফলের ভিত্তিত্বে নিয়োগ পাবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের জমি দাতা পরিবারের সন্তান এসএম মাহাবুব জামান, রুবি বেগম, মামুন হোসেন, কোলা গ্রামের সাদেকুল ইসলাম, সাদ্দাম হোসেন ও আরাফাত হোসেন।

বগুড়া শাজাহানপুর নির্বাচনে নির্বাচিত প্রার্থী যারা

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার ৯ ইউপিতে আওয়ামীলীগের ৬ জন, আওয়ামীলীগের বিদ্রোহী ১ জন এবং স্বতন্ত্র ২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসের দেয়া ফলাফলে – আশেকপুর ইউনিয়নে নৌকা প্রতীকে ৭ হাজার ৯শ ৪৩ ভোট পেয়ে ফিরোজ আলম নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হযরত আলী আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫শ ৪৪ ভোট।

মাঝিড়া ইউনিয়নে নৌকা প্রতীকে ৬ হাজার ৩শ ১৬ ভোট পেয়ে নূরুজ্জামান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থক মাওলানা আব্দুস সালাম আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট।

খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে ৫ হাজার ৯শ’ ৪৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল্লাহ্ আল ফারুক।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী আবু সুফিয়ান আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮শ’ ৩০ ভোট।

আমরুল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী সাইফুল ইসলাম বিমান আনারস প্রতীকে ৪ হাজার ৭শ ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আসাফুদ্দৌলা সরকার শামীম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৪হাজার ২শ ৮২ ভোট।

চোপীনগর ইউনিয়নে নৌকা প্রতীকে ৫ হাজার ২শ ৪১ ভোট পেয়ে মাহফুজার রহমান বাবলু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এমরান হোসেন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯শ ৯৫ ভোট।

গোহাইল ইউনিয়নে নৌকা প্রতীকে ১০ হাজার ৫শ ২১ ভোট পেয়ে আলী আতোয়ার তালুকদার ফজু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮শ ২১ ভোট।

আড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান টেবিল ফ্যান প্রতীকে ৭ হাজার ৩শ ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬শ ৫ ভোট।

মাদলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ঘোড়া প্রতীকে ৪ হাজার ৩শ ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫শ ৭৪ ভোট।

এছাড়া খরনা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ভিপি সাজেদুর রহমান শাহীন বিনা প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এদিকে, গত ২৮ নভেম্বর রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৯টি ইউপির ৯৪ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

তথ্যাভাবে ধুঁকছে কুবির ওয়েবসাইট, আশ্বাসেই সীমাবদ্ধ নতুন ওয়েবসাইট নির্মাণ

মানছুর আলম, কুবিঃ বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হলো অনেকটা প্রতিবিম্বের ন্যায়। যেখানে তাকালে একটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার ১৫ বছর পার করলেও এখনো নামমাত্র ওয়েবসাইট দিয়েই পার করছে দৈনন্দিন কার্যক্রম।

ওয়েবসাইট নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে ১০ লক্ষ টাকা ব্যয়ে একটি আধুনিক ওয়েবসাইট নির্মাণের জন্য কমিটি গঠন করা হলেও মাঝপথে উপাচার্যের মৌখিক নির্দেশে সে কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে ওয়েবসাইট সংক্রান্ত সমস্যার আধও কোনো সমাধান হয়নি। যার ফল স্বরুপ প্রতিবছরের ন্যায় এবছরেও ভর্তিচ্ছুদের আবেদনের সময় ওয়েবসাইট হ্যাং হয়ে যাওয়া এবং গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে না পাওয়াসহ নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে।

ওয়েবসাইট ঘেঁটে দেখা যায় বিজ্ঞান অনুষদ ও ব্যবসা শিক্ষা অনুষদ ছাড়া অধিকাংশ বিভাগেই স্নাতকে কোন কোর্স গুলো পড়ানো হয় তার কোনো তথ্য নেই। শুধুমাত্র ভিশন ও মিশন লিখেই সীমাবদ্ধ রয়েছে বিভাগগুলোর কার্যক্রম। অন্যদিকে সান্ধ্যকালীন কোর্স করানো অধিকাংশ বিভাগের নোটিশ বোর্ডগুলোতে নিয়মিত শিক্ষার্থীদের নোটিশ না থাকলেও উইকেন্ড/ইভেনিং এম.এ/এমবিএ’র নোটিশ রয়েছে।

সিলেবাসের দিকে নজর দিলে দেখা যায়, গণিত, লোকপ্রশাসন, মার্কেটিং ও সিএসই বিভাগে সিলেবাস দেওয়া থাকলেও শুধুমাত্র লোকপ্রশাসন ব্যতিত বাকি বিভাগ গুলোতে আপডেট নেই। এছাড়া প্রতিটা বিভাগের পোর্টফোলিও তৈরি করা থাকলেও  গণিত, লোকপ্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতে বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশল অনুষদের দুই বিভাগ ছাড়া আর কোন বিভাগের পোর্টফোলিওতে বিভাগের ছবিও দেওয়া নেই। সারাবছর বিভিন্ন দিবস, অনুষ্ঠানের আয়োজন করা হলেও আপডেট করা হয়নি বিশ্ববিদ্যালয়ের পোর্টফোলিও।

এছাড়াও ওয়েবসাইটটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পরিচয় বিস্তারিত দেওয়া হয়নি। শুধুমাত্র নাম, ছবি, ই-মেইল, ফোন নম্বরে পরিচয় সীমাবদ্ধ। একজন শিক্ষক কোন বিষয়ে গবেষণা করছে বা করেছেন সেসব বিষয় নিয়ে কিছুই লেখা নেই ওয়েবসাইটে। ফলে, শিক্ষার্থীরা কোনো গবেষণার কাজে কোনো শিক্ষকের কাছ থেকে সঠিক দিক-নির্দেশনা পেতে পারেন তা নিয়ে সংশয়ে থাকেন।

ওয়েবসাইটে প্রতিটি বিভাগের জন্য রিসার্চ গ্রুপ নামে আলাদা একটি পেজ রয়েছে যেখানে গবেষণা সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য থাকার কথা। কিন্তু লোক প্রশাসন ও আইসিটি বিভাগ ছাড়া বাকি বিভাগ গুলোর পেইজটি সম্পুর্ণ ফাঁকা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাবলিকেশন এড করার প্রয়োজনীয়তার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক নয়াশতাব্দীকে বলেন, ”প্রতিটি ডিপার্টমেন্টেই কম বেশি গবেষণা হয়। তাছাড়া প্রত্যেক শিক্ষককে পদোন্নতির জন্য আবেদন করার আগে কিছু নির্দিষ্ট পাবলিকেশন দেখাতে হয়। যা বিশ্বের বিভিন্ন নামীদামী প্রতিষ্ঠানে পাবলিশড হয়ে থাকে। এই পাবলিকেশন গুলো বিভাগ ওয়াইজ বা বিশ্ববিদ্যালয়ের জার্নাল সাইট গুলোতে রাখা যেতে পারে। এতেকরে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলেই উপক্রিত হবে।”

এছাড়াও ওয়েবসাইট ঘেঁটে আরও দেখা যায় ট্রান্সপোর্ট সেকশন, ব্যাংক, পোস্ট অফিস, ক্যাফেটেরিয়া, গেস্ট হাউসের জন্য যে লিংক গুলো বরাদ্দ রয়েছে তার অধিকাংশই ফাঁকা পড়ে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের অপর্যাপ্ত তথ্যের পাশাপাশি রয়েছে কিছু ভুল তথ্যও যা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারভুক্ত সংগঠনগুলোর জন্য বিভ্রান্তিকর। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১০ টি রেজিস্ট্রারভুক্ত সংগঠন থাকলেও ওয়েবসাইটে মাত্র ৫ সংগঠনের নাম উল্লেখ রয়েছে। যারমধ্যে ১ টি অস্তিত্বহীন সংগঠনও রয়েছে।

এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় চলা ১৬৫৫ কোটি ৫০ লক্ষ টাকার মেগাপ্রজেক্টের ব্যাপারেও কোনো আপডেট তথ্য নেই। যা অনেকটা বিশ্ববিদ্যালয়টির অগ্রযাত্রাকে অন্ধকারে ঢেকে রাখার মতো।

কুবির সনাতনী ওয়েবসাইটটিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্যও খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও নীরব ভূমিকা পালন করেছে। যার ফল স্বরুপ বিগত ১৫ বছরে মাত্র ৪ জন বিদেশি শিক্ষার্থী পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

ওয়েবসাইটে তথ্যের অপর্যাপ্ততা ও সীমাবদ্ধতা নিয়ে সিনিয়র প্রোগ্রামার মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, আমাদের পক্ষ থেকে ওয়েবসাইট উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বিভাগ গুলোর অসম্পূর্ণ তথ্যের জন্য বিভাগের দায়িত্বরত ব্যক্তিবর্গরা দায়ী কেননা তারা আমাদের ইনফরমেশন দিলে আমরা অবশ্যই সেটা সংযুক্ত করে দিবো।

কালচার এন্ড স্পোর্টস অংশে তথ্য বিভ্রাটের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, নতুন অনুমোদন পাওয়া সংগঠন গুলোর ব্যাপারে আমাদের জানা নেই। দায়িত্বরতরা আমাদের ইনফরমেশন দিলে আমরা অবশ্যই কারেকশন করে নিবো।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের জন্য ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ। শিগ্রই কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি নতুন ওয়েবসাইট পেতে যাচ্ছে। আমাদের আগের কমিটির কাজ এখনো চলমান আছে। আমি আজকে বসে কমিটির দায়িত্বরতদের নির্দেশনা দিয়েছি যেন দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক ওয়েবসাইট নির্মাণ করা হয়।

ঠাকুরগাঁওয়ে প্রথম মহিলা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন টেলিনা সরকার হিমু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গত ২৮ নভেম্বর  অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে   ১১নং বৈরচুনা ইউনিয়নে টেলিনা সরকার হিমু  জেলার  প্রথম মহিলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৭৪৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী আইয়ুব আলী চৌধুরী চশমা প্রতীকে পেয়েছেন ৩০৭০ ভোট।

শুধু ঠাকুরগাঁও জেলা নয়, বৃহত্তর দিনাজপুর জেলার প্রথম মহিলা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। বিষয়টি এখন জেলাজুড়ে মানুষের মুখে মুখে আলোচনায়।

প্রসঙ্গত সেলিনা সরকার হিমুর স্বামী নুরে আলম সিদ্দিকী দুলাল পীরগঞ্জ  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে তিনি অল্প ভোটের ব্যবধানে হেরে যান। দু’বছর আগে  দুলালের অকাল মৃত্যু হয় । স্বামীর অবর্তমানে এবার চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনী লড়াইয়ের মাঠে অবতীর্ণ হয়েছিলেন হিমু। তিনি আ’লীগের প্রার্থী হওয়ায়  উপজেলা ও জেলা আ’লীগের নেতাকর্মিরা স্বতঃস্ফূর্তভাবে তার নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন। সাধারণ ভোটাররা বিশেষত মহিলা ভোটাররা ব্যাপক উৎসাহে হিমুর পক্ষে সাড়া- সমর্থন দিয়েছিলেন।

নব-নির্বাচিত চেয়ারম্যান টেলিনা সরকার হিমু বলেন, জনগণ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছে। আমি  সুখে-দুঃখে তাদের পাশে থেকে সাধ্যমত কাজ করে যাব ইনশাআল্লাহ। । আমি বিশ্বাস করি এই বিজয়ে নারীরা আরও এক ধাপ এগিয়ে যাবে ও দল শক্তিশালী হবে।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা বলেন, প্রথমে আমি মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যিনি নারীদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেন। তিনি চান নারীরাও দেশের উন্নয়নে এগিয়ে আসুক। সেই ধারাবাহিকতায় তিনি টেলিনা সরকার হিমুকে মনোনয়ন দিয়েছিলেন এবং আমরা বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছি। আমি মনে করি এ বিজয় আওয়ামী লীগসহ শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবে। হিমুর এ বিজয়ে আমি প্রিয় এলাকার জনগন ও দলের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই।

নওগাঁয় মেয়ের কোলে চড়ে ভোট দিলেন মা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: বয়সের ভারে শরীরটা ন্যুব্জ হয়ে পড়েছে। চলাচলের ক্ষমতাও হারিয়ে গেছে। এমনকি চোখে যা একটু দেখা হয় সেটাও অস্পষ্ট। তৃতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়ে রেজিয়ার কোলে চড়ে ভোট দিতে কেন্দ্রে এসেছিলেন নব্বই বছর বয়সী বৃদ্ধা আয়েশা বেওয়া। গেল রোববার সকাল পৌনে ৯ টায় নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর (কলকুঠি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন তিনি।

গোপালপুর গ্রাম থেকে ভ্যানে করে কেন্দ্রের চত্বরে প্রবেশ করেন। এরপর সেখান থেকে মেয়ের কোলে করে ভোট কক্ষে যান। তার অবস্থা দেখে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা অন্যদের থেকে আগেই ভোট দেওয়ার সুযোগ করে দেয়। একই ভ্যানে করে এসেছিলেন আরেক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা সুনছি। তিনি তার মেয়ে কাঞ্চনের কাঁধে ভর করে ভোট কক্ষে গিয়ে ভোট দিয়েছেন।

বৃদ্ধা আয়েশা বেওয়া বলেন, জীবনের শেষ সময় এসে মেয়ের কোলে চড়ে ভোট দিলাম বাপো। আর হয়ত ভোট দিবার পারমু কিনা আল্লাহ ভাল জানে। শরীলডা আর চলে না। তারপরও ভোট দিচি।

বৃদ্ধার মেয়ে রেজিয়া বলেন, বাড়িতে গিয়ে মেম্বাররা জোরাজুরি করছিল মাকে নিয়ে যেন ভোটটা দিয়ে আসি। মা চলাফেরা করতে পারে না। ভ্যানে করে কেন্দ্রে নিয়ে আসার পর কোলে করে কক্ষে গিয়ে ভোট দিলাম। সঙে নিজের ভোটও দিয়েছি।

জগৎনগর (কলকুঠি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা এস.এম জামান বলেন, এ কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ১১৬। যেখানে পুরুষ ভোটার ১ হাজার ২৭৯ জন এবং মহিলা ভোটার ৮৩৭ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২৫০ টি। সুষ্ঠু সুন্দর ভাবে ভোট গ্রহন হয়।

পেশায় গৃহিণী ২৩ বছর বয়সী নতুন ভোটার মাহবুবা খানম। তিনি বদলগাছীর উপজেলার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি বলেন, ভোটার হয়েছেন কয়েক বছর আগে। কিন্তু আগে কখনও ভোট দেননি। জীবনের প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছেন। নতুন এ পদ্ধতিতে ভোট দিতে পেরে তিনি আনন্দিত। ভালো লাগছে। কোনো ঝামেলা ছাড়াই সবাই সুন্দর ভাবে ভোট দিয়েছে।

গাঁজার গাছসহ ১ জন গ্রেফতার

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়াঃ বগুড়ার শেরপুরে সিমলা গ্রাম থেকে গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

জানা যায় উপজেলার সীমাবাড়ি ইউনিয়ন এর শিমলা গ্রামের বাবর আলীর ছেলে আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে ব্যবসা করে আসছিল।

এমন ঘটনার গোপন সংবাদ পেয়ে শেরপুর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলামের নির্দেশে এসআই জাহিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিমলা পুর্বপাড়া এলাকা থেকে আব্দুর রাজ্জাক কে আটক করে এবং প্রায় ১৫ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে ১৫ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জার্মানি ও ইতালিতে শনাক্ত হলো ‘ওমিক্রন’

আন্তর্জাতিক ডেস্কঃ সাউথ আফ্রিকাতে পাওয়া করোনার নতুন ধরণ ‘ওমিক্রন’  যুক্তরাজ্যে শনাক্ত হবার পর এবার জার্মানি ও ইতালিতে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া গেল। শনিবার আলজাজিরা এ তথ্য  জানিয়েছে।

জার্মানির আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাভারিয়া রাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুজনকে পাওয়া গেছে। তারা গত ২৪ নভেম্বর মিউনিখ বিমানবন্দর দিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন।

এদিকে, ইতালির স্বাস্থ্য ইনস্টিটিউট বলছে, তারা মিলানে ওমিক্রনে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করেছে। তিনি মোজাম্বিক থেকে ইতালিতে এসেছেন।

অন্যদিকে চেক রিপাবলিকের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত একজনকে তারা সন্দেহ করছেন, যিনি ওমিক্রনে সংক্রমিত হয়ে থাকতে পারেন। তিনি নামিবিয়া থেকে সময় কাটিয়ে সবে মাত্র দেশে ফিরেছেন।

এরই মধ্যে দক্ষিণ আফ্রিকাকে ভাইরাস বৈচিত্র্যের এলাকা হিসেবে চিহ্নিত করেছে জার্মানি।  আফ্রিকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে দেশটি।

এর আগে শনিবার যুক্তরাজ্যে ওমিক্রন ধরনে দুজনের আক্রান্তের খবর জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার পর ইউরোপের বিভিন্ন দেশ আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোর সঙ্গে আপাতত যোগাযোগ বন্ধ করেছে এবং ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। জাতিসংঘের হেলথ এজেন্সি ওমিক্রনকে ‘উদ্বেগের ধরন’ বলে উল্লেখ করেছে। সুত্রঃ আলা-জাজিরা।