টেলিটকে ফাইভ-জির গতি সেকেন্ডে ১৫১২ এমবিপিএস!

প্রযুক্তি ডেস্কঃ আগামী ১২ ডিসেম্বর দেশে সরকারি মোবাইল অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে উচ্চগতির ইন্টারনেট সেবা ফাইভ-জি চালু করতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত টেস্টিং পারপাসে টেলিটকে ১৫১২ এমবিপিএস গতিতে তথ্য স্থানান্তরের (ডেটা ট্রান্সফারের) অভিজ্ঞতা পাওয়া গেছে। রাজধানীর কয়েকটি এলাকায় বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এই নেটওয়ার্ক চালু করবে টেলিটক। তবে ১২ ডিসেম্বর থেকে সবাই এই সেবা ব্যবহার করতে পারবেন না।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, আমরা প্রাথমিকভাবে কয়েকটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ফাইভজি চালুর পরিকল্পনা করেছি। এরমধ্যে রয়েছে-বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয় ও ধানমন্ডি ৩২ নম্বর। এছাড়া  টুঙ্গিপাড়া ও রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ফাইভ-জি চালুর পরিকল্পনা রয়েছে।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন জানিয়েছেন,  গ্রাহকদের জন্য ২০২২ সালের মধ্যে ঢাকায় ২০০টি জায়গায় ৫-জি চালু করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ঢাকাসহ অন্যান্য স্থানে ৫-জি সেবা বিস্তৃত করা হবে। গ্রামাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

উল্লেখ্য, ফাইভ-জি সেবা চালু করতে তরঙ্গ বরাদ্দ পেয়েছে টেলিটক। আগামী ২০২২ সালে অন্যান্য মোবাইল ফোন অপারেটরও ফাইভ-জি চালু করবে। এছাড়া আগামী ২০২২ সালের মার্চ মাসে ফাইভজির জন্য তরঙ্গ (স্পেক্ট্রাম) নিলাম অনুষ্ঠিত হবে।

দুই দিনে সালমানের মুভির আয় সাড়ে ১০ কোটি!

বিনোদন ডেস্কঃ গত শুক্রবার (২৬ নভেম্বর) মুক্তি পায় বলিউড সুপারস্টার সালমান খান ও তাঁর বোনজামাই আয়ুশ শর্মা অভিনীত মুভি ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’। আর মাত্র দুদিনে সিনেমাটির আয় দাড়িয়েছে সাড়ে ১০ কোটি রুপিতে। তবে মুক্তির দিনে বক্স অফিসে মোটামুটি সংগ্রহ করেছে সিনেমাটি।

ইন্ডিয়া টিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার ভারতের বক্স অফিসে ‘অন্তিম’ নেট ৪.২৫ কোটি থেকে ৪.৫০ কোটি রুপি সংগ্রহ করে। গতকাল শনিবার সংগ্রহ কিছুটা বেড়ে ৫.২৫ কোটি থেকে ৫.৫০ কোটি রুপি সংগ্রহ করেছে সিনেমাটি। অর্থাৎ মুক্তির দুই দিনে ভারতের বক্স অফিসে এ সিনেমার সংগ্রহ প্রায় ১০ কোটি রুপি।

এদিকে ২৬ নভেম্বর একই দিনে মুক্তি পায় জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে টু’। তাই বক্স অফিসে দর্শক ভাগাভাগি হওয়ায় আয় তত বেশী হচ্ছে না।

উল্লেখ্য, সালমান খান ফিল্মস প্রযোজিত মহেশ মাঞ্জরেকার পরিচালিত ‘অন্তিম’ সিনেমাটি মারাঠি ‘মুলশি প্যাটার্ন’ সিনেমার রিমেক।

চট্টগ্রামে চিকনদন্ডী ইউনিয়নে দুই কেন্দ্রে গোলাগুলি ও সংঘর্ষ

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের একটি কেন্দ্রে গোলাগুলি এবং অপর আরেকটি কেন্দ্রে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। এতে প্রায় আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয় দুটি কেন্দ্রে।

আজ রবিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সুত্রে জানা গেছে, দুটি কেন্দ্রেই নৌকা প্রতীকের প্রার্থীর হাসানুজ্জামান বাচ্চুর সমর্থকদের সঙ্গে স্থানীয়দের গোলাগুলি ও সংঘর্ষ হয়। এতে হামলার শিকার হন ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. জাবেদ।

স্থানীয়রা বিষয়টি স্বীকার করলেও কোনও মন্তব্য করতে রাজি হননি হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

এদিকে নির্বাচনে দায়িত্ব পালন করা নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, ঝামেলার খবর শুনেছি তবে আমারা ঘটনাস্থলে আসার পর আর কোন কিছু দেখতে পাইনি। বর্তমানে সব কিছু স্বাভাবিক রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৫ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজ তাদের প্রতিবেদনে জানায়, উত্তর ২৪ পরগনার বাগদা থানার পারমদন ফরেস্ট এলাকার এক বাসিন্দার মরদেহ সৎকার করতেই পরিবার ও প্রতিবেশীরা মিলিয়ে প্রায় ৩০-৪০ জন একটি ট্রাকে করে নবদ্বীপে যাচ্ছিলেন। রাত ২টার দিকে নদীয়ার ফুলবাড়ি খেলার মাঠের কাছে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় শ্মশানযাত্রীদের বহনকারী ট্রাকটি। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

ইন্ডিয়া টুডে জানায়, মর্মান্তিক এ দুর্ঘটনায় গাড়ির চালকসহ এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, ৬ জন নারী ও এক শিশু রয়েছে। নিহত ওই শিশুর বয়স ৬ বছর।

ভয়াবহ এই দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত শ্রাবণী মুহুরির মৃতদেহ-সহ সকলকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৩ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। কিছু সময় পরে আরও চার জনকে মৃত ঘোষণা করা হয়। আরও কিছু সময় আরেকজন মারা যান। বাকিদের চিকিৎসা চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করছেন চিকিৎসকরা।

সুত্রঃ জি নিউজ ও ইন্ডিয়া টুডে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দেওয়ায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার দায়ে আলাউদ্দিন (২৭) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত আলাউদ্দিন সরাইলের টিঘর গ্রামের বাসিন্দা।

আজ রবিবার (২৮ নভেম্বর) সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, আজ রোববার সকালে পানিশ্বর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী লায়েছ মিয়ার তালা প্রতীকে জাল ভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন আলাউদ্দিন। তিনি ইদ্রিস মিয়া নামের এক ভোটারের ভোট দিতে গিয়েছিলেন।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন আলাউদ্দিন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০-এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(২) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

এছাড়া ৬ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

নবাবগঞ্জে ৯টি ইউনিয়নে শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন চলছে

অলিউর রহমান মেরাজ, দিনাজপুরঃ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শান্তিপুর্ন ভাবে
ভোট গ্রহন চলছে।

আজ রোববার সকাল ৮টা থেকে নবাবগঞ্জ উপজেলায় ব্যালট পেপারের মাধ্যমে ৯টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

সকাল থেকেই ভোটরা উৎসব সুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। সকাল থেকে নারী ভোটাদেও উপস্থিতি চোখে পড়ার মতো।

নির্বাচন কর্মকর্তা আতাউল হক জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের জন্য বিজিবি, পুলিশ ও আনসার নিয়োগ করা হয়েছে। শান্তি পূর্ন পরিবেশেই ভোট গ্রহন চলছে।

নির্বাচনে উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জন, সদস্য পদে ৩৩১ জন এবং মহিলা সংরক্ষিত পদে ১১৫ জন নির্বাচন করছেন উপজেলার ৯টি ইউনিয়নে ৮১টি ভোট কেন্দ্রে ১ লক্ষ ৮০ হাজার ৮শ ৩৩ জন ভোটার ব্যালটের এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

টেস্টে অষ্টমবারের মতো তাইজুলের ৫ উইকেট শিকার

স্পোর্টস ডেস্কঃ টেস্টে অষ্টমবারের মতো ৫ উইকেট শিকার করলো তাইজুল ইসলাম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৩০ রান করে অলআউট হয়। লিটন দাস ১১৪ ও মুশফিকুর রহিম ৯১ রান করেন। হাসান আলি নেন ৫ উইকেট। আব্দুল্লাহ শফিককে এলবিডব্লিউ করে প্রথম শিকার ধরেন তাইজুল। ৫২ রানে ফিরেছেন পাকিস্তান ওপেনার। পরের বলেই আজহার আলিকে রানের খাতা খুলতে দেননি টাইগার স্পিনার, হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে এলবিডব্লিউ করেন আজহারকে।

টেস্টের দ্বিতীয় দিনের দুই সেশনে উইকেট তুলতে না পারার গেরো রোববার সকালে টপাটপ দুই উইকেট তুলে কাটান তাইজুল। জোড়া সাফল্যে নতুন দিনের সূচনা করে দেন বাংলাদেশকে। পরে তাইজুল পান তৃতীয় শিকারের দেখা। ফাওয়াদ আলমকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন টাইগারদের বাঁহাতি স্পিনার। পথের কাঁটা হয়ে ওঠা সেঞ্চুরিয়ান আবিদ আলিকে সাজঘরে পাঠান তিনি। ২০৯ বলে ২টি করে চার-ছক্কায় তিন অঙ্কে পৌঁছান তিনি। ফিফটি ছুঁয়েছিলেন ৮৪ বলে। শেষপর্যন্ত ২৮২ বলের ইনিংসটি থামে ১৩৩ রানে, ১২ চারের পিঠে যাতে ২ ছয়ের মার। সাজঘরে ফিরিয়েছেন হাসান আলিকেও।

তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২০৩ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি ৭ উইকেটে ২২৯ রানে পৌঁছে গেছে। চালকের আসনে থাকা বাংলাদেশ এখনও এগিয়ে ১০১ রানে।

মুরাদনগরে ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের দিনব্যাপি অভিযানে ৫৬টি মাটি কাটার মেশিন ও ২৬ হাজার ফুট পাইপ ধংস

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় ড্রেজার মেশিনের বিরুদ্ধে দিনব্যাপি অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। এসময় ৫৬টি মাটি কাটার মেশিন ও মাটি সরবরাহের কাজে ব্যবহৃত ২৬ হাজার ফুট পাইপ ধংস করা হয়।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী কৃষি জমি কিনে তাতে ড্রেজার মেশিন স্থাপন করে দীর্ঘদিন যাবত মাটি উত্তোলন করে বিক্রয় করে আসছিল। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন সময় মেশিন জব্দ ও জরিমানা করেছিল ভ্রাম্যমান আদালত। কিন্তু তাতেও সুফল আসছিল না। মেশিন জব্দের কিছুদিন না যেতেই ওইসব ব্যবসায়ীরা নতুন মেশিন কিনে মাটি কাটার ব্যবসা পুনরায় পরিচালনা করে আসছিল। এরই অংশ হিসেবে ড্রেজার মেশিনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন দিনব্যাপী অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, নিয়মিত ড্রেজারর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আজ এ উপজেলার ২২টি ইউনিয়নে একযোগে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি প্রত্যেক ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা তাদের নিজ ইউনিয়নে অভিযান চালান। আজকের অভিযানে ৫৬টি ড্রেজার মেশিন ও ২৬হজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। আগামীতেও আমাদের এমন অভিযান অব্যাত থাকবে।

শীত আসতে না আসতেই দেশে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সিলসিয়াস

সিএনবিডি ডেস্কঃ দেশে  ধীরে ধীরে ঝেঁকে বসতে শুরু করেছে শীত। কমছে তাপমাত্রা। শীত তেমনভাবে আসতে না আসতেই দেশে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সিলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ। তবে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আজ রোববার (২৮ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। গতকাল সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নীলফামারীর সৈয়দপুরে হেরোইনসহ আটক ১

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মুন্সীপাড়া দমাপট্টি এলাকা থেকে হেরোইনসহ ওয়াকাছ (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে  র‍্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল। গত শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৮ঃ৩০ মিনিটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ওয়াকাছ সৈয়দপুর পৌরসভার মুন্সিপাড়া গ্রামের উকিল ইসলামের ছেলে।
নীলফামারী র‌্যাব-১৩, প্রেস বিজ্ঞপ্তিতে জানায় , সৈয়দপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মুন্সীপাড়া দমাপট্টি এলাকা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হেরোইন বিক্রেতা ওয়াকাছ কে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মূল্য ১,৪০,০০০/- টাকা।
এ ঘটনায় সৈয়দপুর থানায় নীলফামারী র‌্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামী-কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জানান র‌্যাব কর্মকর্তা।
সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, আসামীর নামে মাদক আইনে মামলা হয়েছে। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।