ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির নীলগাই আটক

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী মিনাপুর গ্রামে বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় ধূসর রঙের ১টি পুরুষ নীলগাই আটক করেছে হরিপুর থানা পুলিশ ও স্থানীয়রা।
গেল শুক্রবার সন্ধাায় মিনাপুর গ্রামের পথচারীরা এটি দেখতে পায়। খবর পেয়ে হরিপুর থানা পুলিশের একটি চৌকশ টিম ও স্থানীয় লোকজন মিলে ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে গাইটিকে ধরতে করতে সক্ষম হয়। খবর পেয়ে স্থানীয় কারিগাও বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়। পরে পুলিশ নীলগাইটিকে বিজিবির নিকট হস্তান্তর করেন।
মিনাপুর এলাকার প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন বলেন, দ্রুতগতিতে আসা নীলগাইটি থানা পুলিশ ও অর্ধশতাধিক লোকজন মিলিত হয়ে উদ্ধার করে পা বেঁধে নিরাপদে রাখে। পরে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নীলগাই উদ্ধারের সত‍্যতা স্বীকার করে বলেন, সাথে সাথে উপস্থিত কারিগাও বিজিবি’র নিকট নীলগাইটি হস্তান্তর করা হয়েছে।
পরে সন্ধ্যায় কারিগাও ক‍্যাম্পে চিকিৎসা দেয়া অবস্থায় নীলগাইটি মারা যায়।
হরিপুর থানার এ আই জলিলুর রহমান জানান, ধরার সময় পর্যাপ্ত পরিমাণ জখম হওয়ায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই  হয়তো নীলগাইটি মারা গেছে।

নেত্রকোণায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে স্পেশাল অলিম্পিক ইয়ং অ্যাথল ট্রেনিং প্রোগ্রাম

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্পেশাল অলিম্পিক ইয়ং অ্যাথল ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল নেত্রকোণা ইনডোর স্টেডিয়ামে দিনব্যাপী স্পেশাল অলিম্পিক ইয়ং অ্যাথল ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্পেশাল অলিম্পিক বাংলাদেশ-এর ম্যানেজার অরিন্দম পান্ডে, কো-অর্ডিনেটর রাসেল আহমেদ, ন্যাশনাল কোচ সোহেল রানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক গবেষক অধ্যাপক গোলাম মোস্তফা ও কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র সেন।

অফিসের নির্ধারিত সময়ের পর কাজের জন্য ফোন করলেই জরিমানা!

আন্তর্জাতিক ডেস্কঃ এবার অফিস শেষের পর কাজ থেকে কর্মীদের মুক্তি দিতে পর্তুগাল সরকার এক নতুন পথে হাঁটল। নতুন এক আইনের মাধ্যমে অফিসের নির্ধারিত সময়ের পর কাজের জন্য ফোন করলেই জরিমানা গুনতে হবে কোম্পানিকে। অফিসের নির্দিষ্ট সময়ের কাজের পরও ফোন বা মেইল করে কাজের জন্য চাপ দিতে পারবে না আর কেউ।

নতুন এ আইনে বলা হয়েছে, অফিসের নির্দিষ্ট সময়ের কাজ শেষে কোনো কর্মীকে ফোন, মেসেজ বা মেইল করতে পারবেন না তার বস।

গত শুক্রবার এই আইন পাশ হয়েছে পর্তুগাল পার্লামেন্টে। কার্যকর হয়েছে তার পর দিন থেকেই। কাজের বাইরে কর্মীদের ব্যক্তিগত জীবনে সময় দিতে, পরিবারকে সময় দিতেই এই ধরনের আইনে সম্মতি দিয়েছে পর্তুগাল সরকার।

আইনে উল্লেখ করা হয়েছে, কোনো ‘বস’ যদি কর্মীর নির্ধারিত সময়ের কাজ শেষে তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেন, তা হলে সেটা গুরুতর অপরাধ হিসেবে ধরা হবে এবং প্রয়োজনে জরিমানা করা হতে পারে।

নতুন আইনে বলা হয়েছে, কর্মীদের ব্যক্তিগত জীবন এবং গোপনীয়তাকে সম্মান জানাতে হবে মালিক বা ‘বস’কে। তাই কাজ শেষে ইচ্ছে হলেই কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না তারা।

এ ছাড়াও কোনো কর্মী যদি মনে করেন তিনি যেকোনো জায়গা থেকে অফিসের কাজ করবেন, তা হলে তাকে প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার দায়িত্ব বর্তাবে মালিক বা ‘বস’-এর ওপর। শুধু তাই নয়, বাড়ি থেকে অফিসের কাজ করতে গিয়ে যদি অতিরিক্ত খরচ হয়, তাহলে সেই অতিরিক্ত খরচও বহন করতে হবে মালিককে। কানাডাতেও একই আইন প্রযোজ্য আছে ।

সূত্র: সিএনএন ও এনডিটিভি।

ওমিক্রন আতংকে কমল জ্বালানি তেলের দাম

সিএনবিডি ডেস্কঃ বিশ্বে চলমান মহামারীর নাম করোনাভাইরাস। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। সম্ভাব্য অতিসংক্রামক এই ধরন শনাক্তের খবরের জেরে গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) রীতিমতো ধস নেমেছে বিশ্ব অর্থনীতিতে। বড় বড় শেয়ারবাজারগুলোতে সূচকের পতন হয়েছে মোটা দাগে। এদিন তেলের বাজারও ছিল নিম্নমুখী।

ফিন্যান্সিয়াল টাইমসের খবর অনুসারে, শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশের বেশি। মার্কিন তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৬৮ দশমিক ১৫ ডলার। আর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১২ শতাংশ কমে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৭২ দশমিক ৭২ ডলারে। ২০২০ সালের এপ্রিল, অর্থাৎ করোনা মহামারির প্রথমদিকে রেকর্ড ধসের পর বিশ্ববাজারে তেলের দামের এটিই সবচেয়ে বড় অবনমন।

এর মাত্র কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বেশ কয়েকটি দেশ সমন্বিতভাবে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) বা কৌশলগত মজুত থেকে বিপুল পরিমাণ তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। কিন্তু যে আশা করা হয়েছিল, তা পূরণ হয়নি। বিশ্ববাজারে এর প্রভাব পড়ে একেবারেই সামান্য। তবে করোনার নতুন ধরনের ছড়ানোর খবর সামনে আসতেই কমতে শুরু করে জ্বালানি তেলের দাম।

শুধু তেলের বাজারই নয়, ওমিক্রনের ধাক্কায় অস্থির হয়ে উঠেছে শেয়ারবাজারও। রয়টার্সের খবর অনুসারে, শুক্রবার যুক্তরাষ্ট্রের ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের সূচক কমেছে ২ দশমিক ৫ শতাংশ, যা ২০২০ সালের অক্টোবরের পর থেকে তাদের সবচেয়ে বাজে পরিস্থিতি। এদিন ইউরোপীয় শেয়ারবাজারগুলোর সময় কেটেছে বিগত ১৭ মাসের মধ্যে সবচেয়ে খারাপ।

শুক্রবার ইউরোপীয় বেঞ্চমার্ক স্টক্স ৬০০’র লেনদেন শেষে হয়েছে সূচকে ৩ দশমিক ৭ শতাংশ পতনের মাধ্যমে, যা ২০২০ সালের জুনের পর থেকে সর্বনিম্ন।

সবচেয়ে বেশি বিপদ যাচ্ছে এয়ারলাইন ও ভ্রমণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। শুক্রবার ক্রুজ পরিচালনাকারী কার্নিভাল করপোরেশন, রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজেস ও নরওয়েজিয়ান ক্রুজ লাইনের শেয়ারের দম কমেছে ১০ শতাংশের বেশি। ইউনাইডেট এয়ারলাইনস, ডেল্টা এয়ারলাইন ও আমেরিকান এয়ারলাইনসের অবস্থাও ছিল প্রায় একই।

এদিকে, করোনাভাইরাসের নতুন এই ধরনকে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারা জানিয়েছে, করোনার অন্য সংক্রামক ধরনগুলোর তুলনায় নতুনটিতে পুনঃআক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। শুক্রবার (২৬ নভেম্বর) সংস্থাটির উপদেষ্টা প্যানেলের এক জরুরি বৈঠকে করোনার বি.১.১৫২৯ ধরনের একটি নামও দেওয়া হয়েছে। গ্রিক বর্ণমালা অনুসারে নতুন ধরনটির নাম রাখা হয়েছে ওমিক্রন। প্রচলিত টিকা এর বিরুদ্ধে কতটা কার্যকর, এখন সেটি পরীক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, ওমিক্রন ধরনটি প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এরপর বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল এবং হংকংয়ে এর দেখা মিলেছে। নতুন ধরন শনাক্তের খবর ছড়ানোর পরপরই বৈশ্বিক কর্তৃপক্ষগুলো দ্রুত ব্যবস্থা নিতে শুরু করে। এরই মধ্যে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকার দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী সোমবার (২৯ নভেম্বর) থেকে এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রও।

তৃতীয় ধাপে নওগাঁয় দুুই উপজেলার ২২ ইউনিয়নে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : সারাদেশে ইউনিয়নপরিষদ সমূহে নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁ জেলার দুই উপজেলার ২২টি ইউনিয়ন
পরিষদের নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২৮ নভেম্বর রবিবার জেলার মান্দা উপজেলার ১৪টি এবং বদলগাছি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানিয়েছেন এ দুই উপজেলার ১২১৪টি ভোট কেন্দ্রের ১১৫৯টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে
এসব কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যালটপেপার. ভোটবাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী প্রেরন করার কার্যক্রম চলছে। তিনি জানিয়েছেন
রবিবারের ইউপি নির্বাচনে মান্দা উপজেলার মান্দা ইউনিয়ন উপজেলার এবং বদলগাছি উপজেলার পাহাড়পুর ও বদলগাছি সদর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। বাকী ১৯ টি ইউনিয়নে যথারীতি ব্যলটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬ হাজার ৮শ ৮৮ জন এবং বদলগাছি
উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ২শ ৩২ জন। মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে ‘৪০টি কেন্দ্রের ৬৮১ টি কক্ষে এবং বদলগাছি উপজেলার ৮টি ইউনিয়নে ৭৪টি কেন্দ্রের ৪৭৮ টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।

উল্লেখ্য মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭৩ জন এবং সাধারন সদস্য পদে ৫৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বদলগাছি উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৮ জন এবং সাধারন সদস্য পদে ২৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে রবিবারের ইউপি নির্বাচন সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার
প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া জানিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানিয়েছেন, পূর্বের মতই এ দুই উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রতি কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্যের সাথে ২২/২৪ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল টীম এবং প্রতি ৩টি ইউনিয়নের জন্য একটি করে ষ্ট্রাইকিং ফোর্স টহলরত থাকবে। নির্বাচনী এলাকায় ম্যাজিষ্ট্রেট এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বরত থাকবেন। এ ছাড়াও সাদা পোষাকে পুলিশ এবং বিজিবি সদস্যরা সার্বক্ষনিক টহলরত থাকবে বলে তিনি জানিয়েছেন।

চট্টগ্রাম শহরে মৃদু ভূমিকম্প

চট্টগ্রাম শহরে আজ শনিবার  ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের তাৎক্ষণিক কোনো খবর না পাওয়া গেলেও শহরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। শুক্রবার যে ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন এলাকা কেঁপেছিল, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ওই একই এলাকার কাছাকাছি।

এর আগে গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে সারাদেশ ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমার সীমান্ত।

পঞ্চম ধাপে যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

সিএনবিডি ডেস্কঃ আজ শনিবার (২৭ নভেম্বর) পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী বছরের ৫ জানুয়ারি ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের ৯০তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ নভেম্বর রোববার তৃতীয় ধাপে এক হাজার এবং চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর ৮৪০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, দেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এরমধ্যে প্রায় ৪ হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত নয়বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়াও ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০১১ ইউপি নির্বাচন হয়েছে। চলতি ২০২১ সালে জুন-জুলাই মাস থেকে অনুষ্ঠিত হচ্ছে দশম ইউপি নির্বাচন। সর্বশেষ ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি প্রথম বারের মতো দলীয় প্রতীকে নবম ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই বছরের ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ছয় ধাপে ৪ হাজার ২৭৫টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

বরেণ্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা’র অকাল প্রয়াণ; এক রাজনৈতিক নক্ষত্রের পতন

সিএনবিডি ডেস্কঃ বৃহত্তর ময়মনসিংহের প্রখ্যাত, বরেণ্য নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশা গত সপ্তাহের রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসারত অবস্থায় মারা যান। তার এই অকাল প্রয়াণ হাজারো মানুষকে বাক্রুদ্ধ করে দিয়েছে। তারাগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তার জানাজা নামাজে দেখা যায় হাজারো জনতার উপস্থিতি। মানুষ তাকে কতটা মনে প্রাণে ভালবাসে তার প্রমাণ পাওয়া গেল তাকে বিদায় দেওয়ার শেষ বেলায়। আত্মীয়-স্বজন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ হাজারো মানুষের ঢল নেমেছিল সেদিন।

কৃষিবিদ বদিউজ্জামান বাদশা শুধু একজন ব্যক্তি নন, একটি রাজনৈতিক প্রতিভার নাম, সকল কৃষিবিদের অনুভূতির নাম। তিনি ছিলেন অত্যন্ত গণমুখী, বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ অনুসারী, জনবান্ধব, একজন নিবেদিত প্রাণ এবং ত্যাগী ছাত্র নেতা। মানুষের জন্য আজীবন ভেবে গেছেন, কাজ করে গেছেন। তবে মানুষটি অনেকটা অবমূল্যায়িত হয়ে সকলের অগোচরে প্রদীপের নীচের অন্ধকারে থেকেই চলে গেলেন। তার এই অকাল প্রয়ানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওমীলীগের সবাই গভীর মর্মাহত হয়েছেন এবং শোক প্রকাশ করেছেন।

না ফেরার দেশে চলে যাওয়া ৬৩ বছর বয়সী কৃষিবিদ বদিউজ্জামান বাদশা তিন মাস আগে অসুস্থ হয়ে পড়েন। গত ২১ সেপ্টেম্বর রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে তাকে ভর্তি করা হয়। প্রথমে তিনি ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হন পরে তার জন্ডিস, ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্ট, ইনসুলিন ও অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়াসহ নানা সমস্যা ধরা পড়ে। ২৩ অক্টোবর তাকে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়ার পর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ক্যানসার ধরা পড়ে বদিউজ্জামান বাদশার শরীরে।

পরবর্তীতে বাংলাদেশে নিয়ে এসে বাদশাকে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুর আগের শেষ দুই দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

১৯৫৮ সালের ৫ জানুয়ারি নালিতাবাড়ীর ছিটপাড়ায় জন্মগ্রহণ করেন কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। মেধাবী ছাত্র বদিউজ্জামান বাদশা ১৯৭৪ সালে ৫টি লেটারসহ এসএসসি পাস করে ঢাকা কলেজে ভর্তি হয়েছিলেন। সেখানে তিনি বঙ্গবন্ধু পুত্র শেখ জামালের সহপাঠী ছিলেন। কিন্তু তিনি কখনো শেখ জামালের সহপাঠী পরিচয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে বিশেষ সুবিধা নেননি বা নেওয়ার চেষ্টাও করেননি, যা ইদানীং হচ্ছে। এইচএসসি পাশ করে সিলেট মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। নালিতাবাড়ীর অজপাড়াগাঁয়ের মেধাবী ছাত্র বদিউজ্জামান বাদশা গ্রামবাংলার কৃষি ও কৃষকদের সেবার ব্রত নিয়ে মেডিকেল কলেজ ছেড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অকালে চির বিদায় নিলেও তার ছিল দীর্ঘ এক বর্ণাঢ্য  ও সংগ্রামী রাজনৈতিক জীবন।

রাজনৈতিক জীবনে তিনি প্রথমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ছিলেন।

 

চট্টগ্রামে ৪ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম শহরের আনোয়ারা উপজেলায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১ লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৭। গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুল মান্নান। আব্দুল মান্নান আনোয়ারা থানার খোদ্দগহিরা এলাকার মৃত ছালেহ আহম্মদের ছেলে।

গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় আনোয়ারার রায়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল জানিয়েছেন, মাদক ব্যবসার খবর পেয়ে শুক্রবার সকালে আনোয়ারার রায়পুর এলাকায় অভিযানে যায় র‍্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল মান্নান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

পরে তার বাড়ি থেকে এক লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। গ্রেপ্তার আব্দুল মান্নানকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে সতন্ত্র প্রার্থীর অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: আসন্ন মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর নির্বাচনে নৌকার পক্ষে কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্র দখলে নেয়ার নির্দেশ দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।

গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে পানসি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মহসিন মিয়া বলেন, প্রতিদ্বন্দ্বি নৌকা মার্কার প্রার্থীর অব্যাহত আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় শ্রীমঙ্গল পৌরসভার সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

মহসিন মিয়া লিখিত বক্তব্যে বলেন, প্রতিপক্ষের সমর্থকরা শত শত মোটরসাইকেল নিয়ে আমার বাসার সামনে মহড়া দিয়ে, পটকা ফাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে। প্রকাশ্যে মিছিল করে আমার পিঠের চামড়া তুলে নেয়ার শ্লোগান দিচ্ছে- এতে ভোটারদের মনে ভীতির পরিবেশ সৃষ্টি করছে। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।

সর্বশেষ গত ২৩ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রে এজেন্ট নিয়োগ সংক্রান্ত কাগজপত্র ফটোকপি করতে গেলে পূর্ব পরিকল্পনা মাফিক নৌকা প্রতীকের কর্মীরা আমার ২ কর্মীকে গুহ রোডের নৌকার নির্বাচনী অফিসে নিয়ে মারধর করে। ভয়ভীতি দেখিয়ে আমার বিরুদ্ধে জোরপূর্বক টাকা বিতরণ করার মিথ্যা স্বীকারোক্তি নিয়ে ফেসবুকে প্রচার করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। এরপর ছাত্রলীগ কর্মীরা কোর্ট রোডে আমার সমর্থক অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গির হোসেন এর বাসায় হামলা করে।

তিনি আরো অভিযোগ করে বলেন, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান নৌকার সমর্থনে প্রচারণায় অংশ নিয়ে কিভাবে ‘ভোটকেন্দ্র দখলে নিতে কর্মী-সমর্থকদের প্রকাশ্যে নির্দেশ’ দিচ্ছেন। এক ভিডিও ফুটেজ কদিন থেকে ভাইরাল হয়েছে মিছবাহুর রহমানের,প্রকাশ্যে হুকুম করছেন ভোট কেন্দ্র দখল করা নিয়ে।

এসব বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছি না। আমার বাসার সামনে ডাকবাংলো সরকারি রেস্ট হাউস, সরকারি যানবাহন নির্বাচনী কাজে ব্যবহার করছেন নৌকার প্রার্থীর কর্মী সমর্থকরা।

এ ব্যাপারে নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক এ অভিযোগ মিথ্যা বলে জানান। আওয়ামী লীগ সমর্থিত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান, কমলগঞ্জ, কুলাউড়া, বিয়ানিবাজার পৌরসভার বহিরাগত মেয়রগণ সরকারি যানবাহনে নৌকা প্রতীকের স্টিকার লাগিয়ে পদ-পদবী ব্যবহার করে শ্রীমঙ্গল এসে বিভিন্ন ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হলেও কোন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।

অন্যদিকে, আমার সমর্থক শ্রমিক সংগঠনের পক্ষে মিছিল করলে তাদের জরিমানা করা হয়। আমার ছেলের ব্যক্তিগত কারে স্টিকার লাগানোর কারণে জরিমানা করা হয়েছে। এসব বিষয়ে আমি ৫ দফায় জেলা নির্বাচন অফিসারকে লিখিত এবং পুলিশ সুপার, উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল থানার পুলিশকে মৌখিক অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছি না। এতে করে আগামী ২৮ নভেম্বর নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আমি সন্দিহান। এজন্য নির্বাচন কমিশন সহ আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।