স্বাধীনতার ৫০ বছর পর ‘জয় বাংলা বধ্যভুমি’ সংস্কারের তদারকি জেলা প্রশাসনের

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: স্বাধীনতার ৫০ বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত ‘জয়বাংলা বধ্যভূমি’ সংস্কার কাজ হাতে নিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউপি অন্তগত সিঁন্দুরখান বাজার বিজিবি ক্যাম্প সংলগ্ন ফিনলে চা বাগানে অবস্থিত এই বধ্যভুমিটি একদিন সাধারণ মানুষের অজানা ছিল। অনেকেই জানা ছিল না, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী কর্তৃক নিরস্ত্র বাঙ্গালীদের ধরে এনে নির্যাতন ও গনহত্যা চালাতো। সম্প্রতি স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবীর পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় বধ্যভূটি সংস্কার ও একটি নান্দনিক স্মৃতি স্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহন করে।

সোমবার (২২ নভেম্বর) সকালে এই বধ্যভূমির স্থান পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা স্মৃতিসৌধ নির্মানে স্থান নির্ধারণ ও ভূমি জরিপ করেন।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা এখানে এসেছি জায়গাটি চিহ্নিত করতে। এর সাথে আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে। যে কারণে দেরিতে হলেও এখানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি সম্মানে একটি সৌধ নির্মাণ করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ সৌধ নির্মান কাজ বাস্তবায়ন করবে’ বলে তিনি জানান।

শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব বলেন, সিঁন্দুরখান বাজারের পাশে বর্তমান বিজিবির ক্যাম্পই ৭১ সালে পাক হানাদার বাহিনী ক্যাম্প হিসেবে ব্যবহার করছিলো। তারা নিরস্ত্র বাঙ্গালীদের ধরে এনে এ মাঠে নির্যাতন ও হত্যা নিপিরন করে পাশের একটি পুকুরে ফেলে দিত। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর পুকুরটি থেকে ৪ বস্তা মানুষের মাথার খুলি ও হাঁড উদ্ধার করে মুক্তিযুদ্ধ যাদুঘরে পাঠিয়ে দেয়া হয়। স্বাধীনতার ৫০ বছর পর হলেও শহিদ মুক্তিযোদ্ধাদের সম্মানে এখানে একটি সৌধ নির্মান হচ্ছে এতে আমরা আনন্দিত ও গর্বিত।

এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মো. আজিমুদ্দিন সরদার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, সিঁন্দুরখান ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার জামাল উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসনে ছমরু, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়াসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডোমারে স্থানীয় সুশীল সমাজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে পল্লীশ্রীর মতবিনিময়

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে বেসরকারী সাহায্য সংস্থা পল্লীশ্রী রিপ প্রকল্পের স্থানীয় সুশীল সমাজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় পল্লীশ্রী রিপ প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার।

বিশেষ অতিথি কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু, উপজেলা পল্লীশ্রী”র ইউনিট ম্যানেজার সামসুল হক, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফরহাদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম, ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা পল্লীশ্রী রিপ প্রকল্পের সহকারি এ্যাডভোকেসি হুমায়রা মৌ”র সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম তার বক্তব্যে বলেন এলাকায় পুষ্টি, বাল্যবিবাহ, জঙ্গী,সন্ত্রাস,মাদক নিমূলের উপর বিষদ বিবরণ টেনে আলোচনা করেন। পাশাপাশি এসব রোধ কল্পে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়িচাপায় নিহত ৫, আহত অন্তত ৪০

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে ক্রিসমাসের প্যারেডে বেপরোয়া গাড়ির নিচে পড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। স্থানীয় সময় রবিবার রাতে উইসকনসিনের উয়াউকেশা শহরে এ ঘটনা ঘটে।

ওয়াউকেশা পুলিশ প্রধান ড্যান থম্পসন বলেছেন, গাড়িটি আটক করে চালককে হেফাজতে নেওয়া হয়েছে।

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, একটি লাল গাড়ি দ্রুত গতিতে প্যারেডের মধ্যে ঢুকে যাচ্ছে। অসংখ্য মানুষ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, পুলিশ গাড়ির ওপর গুলি চালাচ্ছে।

ঘটনাস্থলের পাশেই অবস্থিত ক্যারল ইউনিভার্সিটি। এ ঘটনার কারণে এখন বিশ্ববিদ্যালয় ও এর ক্যাম্পাস লকডাউন করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সবাইকেই যার যার স্থানে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আপাতত কোনো হুমকি নেই, তারপরেও শহর ও এর আশপাশের এলাকার মানুষকে বাড়িতে বা নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শই দিচ্ছে পুলিশ। খবর রয়টার্স।

খুলনায় পুলিশ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত ১৪

খুলনা প্রতিনিধিঃ আজ সোমবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর থানার মোড়ে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ সময় প্রায় ১৪ জন আহত হয়েছেন।

জানা গেছে, সোমবার (২২ নভেম্বর) দুপুরের এ ঘটনায় খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ আটজন নেতাকর্মী, দুজন ফটোসাংবাদিক ও চারজন পুলিশ সদস্য আহত হয়েছে।

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুরাদ জানান, সোমবার (২২ নভেম্বর) সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয় ও নেতাকর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ে। এরপর পুলিশ পাল্টা টিয়ারশেল ছোড়ে।

তবে এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোনো মন্তব্য করতে রাজি হননি।

নওগাঁয় এনজিও পরিচালনার নামে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

কামাল উদিদ্দন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়িতে অফিস খুলে সভাপতির দায়িত্ব নিয়ে গ্রাহকদের কাছ থেকে দেড় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করেছে এবং জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত ভোলাই সরদারের ছেলে মোঃ আশরাদুল ইসলাম (৫০) ও একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে মোঃ ফিরোজ (৩৪) মিলে আশরাদুলের নিজ বাড়ীতে প্রতিভা বহুমুখী সমবায় সমিতি নামে অফিস খুলে ফিরোজ সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন ধরে সমিতি পরিচালনা করে আসছিল। যার নিবন্ধণ নং-নও-২০৪/১১। কিন্তু হঠাৎ উক্ত সমিতি পরিচালনা করিয়া আসিতে থাকাকালে প্রায় ৪ মাস যাবত পূর্বে পরিকল্পনা মতে সমিতির কার্যক্রম বন্ধ করিয়া দিয়েছে। এতে উক্ত সমিতির গ্রাহকগন তাদের কাছে জমাকৃত টাকা ফেরত চাইলে তাদের টাকা ফেরত না দিয়ে আজ দিব কাল দিব করে নানা টালবাহনা করতে থাকে।

অভিযোগে তারা আরও বলেন, গ্রাহকগণ তাদের দুজনকে টাকা ফেরত দেবার জন্য বিভিন্ন চাপ দিলে আশারাদুলের সহযোগিতায় ফিরোজ আত্মগোপন করে এবং যে কোনো সময় সে বিদেশে চলে যেতে পারে বলেও অভিযোগে তারা বলেন। এ ঘটনায় তারা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।

স্প্যানিশ লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্কঃ রোববার রাতে স্প্যানিশ লা লিগায় গ্রানাডার বিপক্ষে ৪-১ ব্যবধানের  বড় জয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এস্তাদিও নুয়েভো লস কারমেনেসে মাদ্রিদের দলটির হয়ে একটি করে গোল করেছেন মার্কো অ্যাসেনসিও, নাচো, ভিনিসিয়াস জুনিয়র ও ফেরলান্ড মেন্ডি। প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেজ।

প্রথম গোলটি আসে ১৯ মিনিটের মাথায়। টনি ক্রুসের এসিস্টে দলকে এগিয়ে দেন মার্কো অ্যাসেনসিও। এর ছয় মিনিট পর ব্যবধার দ্বিগুণ করেন নাচো ফার্নান্দেজ। বিরতিতে যাওয়ার আগে ৩৪ মিনিটের সময় গ্রানাদার পক্ষে একটি গোল শোধ করেন লুইস সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধে ফিরে স্কোরলাইন ৩-১ করেন ভিনিসিয়াস জুনিয়র। আরেক অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচের এগিয়ে দেওয়া বলে গোল করেন তিনি। আর ৭৬ মিনিটের সময় ক্যাসেমিরোর পাস থেকে শেষ গোলটি করেন ফারল্যান্ড মেন্ডি।

রোববারের এ জয়ে ১৩ ম্যাচ শেষে নয় জয়, তিন ড্র ও এক পরাজয়ে লস ব্লাঙ্কোসদের মোট পয়েন্ট ৩০। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে গ্রানাডা। ২০ পয়েন্ট তুলে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বার্সেলোনা।

কব্জী দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে অদম্য মেধাবী মোবারক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই হাতের কব্জী দিয়ে লিখে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছে অদম্য মেধাবী মোবারক আলী। দুটি হাতের আঙ্গুল না থাকলেও সুস্থ স্বাভাবিক শিক্ষার্থীর মতই মোবারক কব্জী দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে। তার হাতের লেখাও সুন্দর।

শারীরিক প্রতিবন্ধী মোবারক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের দিনমজুর এনামুল হকের ছেলে। জন্মের পর থেকে এভাবেই সে বড় হয়ে উঠে। তার দুটো হাত অচল হলেও কখনও দমেনি এ লড়াকু সৈনিক । মোবারক ২০১৮ সালে কাশিপুর উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ন হয়। শারীরিক প্রতিবন্ধকতা সত্বেও কঠোর পরিশ্রম করে বিজ্ঞান বিভাগ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছে সে।

আজ সোমবার (২২ নভেম্বর) সকালে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের ৯ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসাবে গণিত বিষয়ের পরীক্ষা দিচ্ছে সে। তার রোল নম্বর ২১৫৭৭৩। সে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু বাড়তি সময় লাগেনা তার। অন্য শিক্ষার্থীদের মতোই নির্ধারিত সময়ে পরীক্ষা দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে সে।

মোবারক জানায়, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভাল রেজাল্ট করে বাবা-মা সহ শিক্ষকদের মুখ উজ্বল করতে পারি ।

কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দুল হক জানান, মোবারক প্রতিবন্ধি হলেও যথেষ্ঠ মেধাবী এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও
পারদর্শী। আমি আশা করছি সে ভাল ফলাফল করবে।

ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব গোলাম কিবরিয়া জানান, মোবারক অন্য শিক্ষার্থীদের মতই প্রতিটি পরীক্ষায় অংশ নিয়েছে। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাকে বাড়তি সময় দেয়া হয়েছে।

ইসলামি শরিয়ত-পরিপন্থি অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান সরকার

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে ইসলামি শরিয়ত-পরিপন্থি অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ করেছে তালেবান সরকার।

তালেবান সরকারের ‘সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ’ মন্ত্রণালয় টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো এক চিঠিতে বলেছে, এসব চ্যানেল যেন নারী চরিত্র সম্বলিত কোনো নাটক বা সিরিয়াল সম্প্রচার না করে। ওই মন্ত্রণালয় বলেছে, টেলিভিশন চ্যানেলগুলো এমন কোনো নাটক, সিনেমা বা সিরিয়াল সম্প্রচার করতে পারবে না যা ইসলামি শরিয়ত ও আফগান সমাজের মূল্যবোধের পরিপন্থি।

ওই মন্ত্রণালয় আরো বলেছে, যেসব দেশি-বিদেশি সিনেমায় পশ্চিমা সংস্কৃতি ও রসম-রেওয়াজ তুলে ধরা হয় এবং সমাজে চারিত্রিক অধোঃপতনের কারণ হতে পারে সেসব সিনেমাও সম্প্রচার করা যাবে না।

তালেবান সরকারের ‘সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ’ মন্ত্রণালয়ের নির্দেশনামায় আরো বলা হয়েছে, টেলিভিশনের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো এমনভাবে তৈরি করা যাবে না যেখানে কাউকে হেয় প্রতিপন্ন বা বিদ্রূপ করা হয়। একইসঙ্গে দ্বীনি পরিচয় ফুটে ওঠে এমন কোনো নিদর্শন নিয়েও বিদ্রূপ করতে নিষেধ করা হয়েছে।

তালেবান সরকারের নির্দেশে আরো বলা হয়েছে, নারী উপস্থাপক বা সংবাদ পাঠিকাদেরকে উপযুক্ত ইসলামি হিজাব পরিধান করতে হবে এবং তারা কোনো কমেডি প্রোগ্রাম উপস্থাপন করতে পারবে না। পাশাপাশি এমন কোনো সিরিয়াল সম্প্রচার করা যাবে না যেখানে রাসূলুল্লাহ (সা.) ও তাঁর সাহাবীদের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই কাজকে হারাম ও কঠোরভাবে নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান যখন ক্ষমতায় ছিল তখন অনৈতিকতার কথা বলে আফগানিস্তানে টেলিভিশন, সিনেমা ও বিনোদনের মাধ্যমগুলো নিষিদ্ধ করা হয়েছিল। গত দুই দশকে তালেবানের অনুপস্থিতিতে দেশটিতে বেশকিছু টেলিভিশন রেডিও চালু হয়েছে। আবারও তালেবানের শাসনামল ফিরে আসায় বেশ নিয়ন্ত্রণের মুখে পড়েছে এগুলো। তালেবানের এ নির্দেশের ফলে বেশিরভাগ তুর্কি ও ইন্ডিয়ান সিরিয়াল সম্প্রচার বন্ধ রাখতে হবে। সুত্রঃ পার্সটুডে।

 

নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২০

রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ নাটোরের আলাইপুর এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনকালে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও সংবাদকর্মীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।

আজ সোমবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। একইসঙ্গে ঘটনাস্থল থেকে ৪জন বিক্ষোভকারীকে আটকের তথ্য জানিয়েছেন সদর থানার ওসি মুনসুর রহমান।

জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, সোমবার (২২ নভেম্বর) সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনের জন্য নাটোর শহরের আলাইপুর এলাকায় বিএনপি কার্যালয়ে জড়ো হন জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারপরেই বিনা উসকানিতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে। এ সময় আলম ও কমিশনার সোহাগ গুলিবিদ্ধ হন।

এ ছাড়া বিএনপি নেতা আসাদসহ ছাত্রদল ও যুবদলের মাসুদ, ডালিম, তুষার ও কামরুলসহ প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন।

নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে যুগান্তরের সাংবাদিক শহিদুল হোক সরকার ও বাংলাভিশনের কর্মী কামরুল আহত হয়েছে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, রাস্তার ওপর বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ করতে নিষেধ করা হয়। এ সময় তারা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে সদর থানার ওসি মুনসুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পরে পুলিশ, লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।

সিলেট বিভাগে চলছে পরিবহণ ধর্মঘট

সিলেট প্রতিনিধিঃ সিলেট বিভাগে সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। কোনো গণপরিবহন চলছে না। শ্রমিক ইউনিয়ন নেতাদের নামে করা মামলা প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ, মেয়াদোত্তীর্ণ সেতু থেকে টোল আদায় বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ে সিলেট বিভাগের চার জেলায় একযোগে পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে আন্তজেলা বাস, ট্রাক, পিকআপ ভ্যানসহ দূরপাল্লার সব ধরনের যান চলাচলও বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ সোমবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে পূর্বঘোষণা দিয়ে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।

সরেজমিনে দেখা গেছে, সিলেট কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকেও কোনো বাস ছেড়ে যায়নি। পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে হাসপাতালে থাকা রোগী ও রোগীদের স্বজনদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এই অনির্দিষ্টকাল পরিবহন কর্মবিরতি শ্রমিকদের পূর্বঘোষিত জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ জানান, গেল ৯ নভেম্বর সিলেটের জেলা প্রশাসক বরাবরে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানায় অনির্দিষ্টকাল পরিবহন শ্রমিকদের কর্মবিরতি আহ্বান করা হয়। তবে এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী পরিবহন কর্মবিরতির বাইরে থাকবে বলে জানান জাকারিয়া আহমদ।