মুন্সীগঞ্জে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ ৫ ও ১ মৃত্যু

ঢাকা বিভাগীয় প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংতার ঘটনায় ৫জন গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া ককটেল বিস্ফোরণের সময় ‘আতঙ্কে’ ১ ব্যক্তি মারা গেছেন। যদিও স্বজনরা অভিযোগ করেছেন, ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যুবরণকারী আব্দুল হক (৪৫) ওই এলাকারই বাসিন্দা এবং মঞ্জিল হকের ছেলে।

পুলিশ জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে চরকেওয়ার ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছিলো। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি এলাকায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান জীবনের সমর্থকরা আওয়ামী লীগের আফসার উদ্দিন ভূঁইয়ার সমর্থকদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় নৌকা প্রতীকের সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর (আওয়ামী লীগের বিদ্রোহী) সমর্থকরা গুলি চালায়। পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ সময় অর্ধশতাধিক বাড়িঘরে হামলা চালানো হয়। হামলায় নৌকা প্রতীকের সমর্থক শরীফ, সাইফুল, নাজমুল, বাবু হালদার, মনির ও রমজান গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে ৩জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং ২জনকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব রাতে গণমাধ্যমকে বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল হক ককটেল বিস্ফোরণের সময় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সুমন দেব।

বিএনপি’র ঘোষিত ‘কঠিন’ সমাবেশ শুরু

সিএনবিডি ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি ঘোষিত ‘কঠিন’ সমাবেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হয়েছে। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে এ এলাকায় জড়ো হতে থাকেন। বর্তমানে সেখানে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী অবস্থান করছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, আগামী বুধবার (২৪ নভেম্বর) আমরা সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবো। এতে যদি মুক্তি না হয় তাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মির্জা ফখরুল বলেন,  খালেদা জিয়ার মুক্তির দাবিতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সামনে এখন আর কোনো পথ নেই। একটিমাত্র পথ আছে সেটি হলো আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন।

এর আগে গত শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। এদিন একই দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপি।

তিন দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে ঢাকায় মালদ্বী‌পের ভাইস প্রেসি‌ডেন্ট

সিএনবিডি ডেস্কঃ আজ সোমবার (২২ ন‌ভেম্বর) সকাল সোয়া ৯টায়  তিন দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে ঢাকা পৌঁছেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের এ সফরকালে বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং শিক্ষাসহ বাংলাদেশের একাধিক মন্ত্রীর সঙ্গে ফয়সাল নাসিমের বৈঠক করার কথা রয়েছে।

এর আগে, এ বছরের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

রাজধানীর মুগদায় একই পরিবারের ৪ জন দগ্ধ

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর মুগদায় বাসার ভেতরে গ্যাস লিকেজে আগুন লেগে একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার লিকেজ থেকে বাসায় জমে থাকা গ্যাসের আগুনে তারা দগ্ধ হয়েছেন।

আজ সোমবার (২২ নভেম্বর) সকালে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর পাঁচ তলা বাড়ির নিচতলায় আগুন লাগার এ ঘটনা ঘটে। পরে প্রতিবেশীরা দগ্ধ ৪জনকে দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেছেন।

দগ্ধরা হলেন, সুধাংশু বৌদ্ধ (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা বারৈ (৩২), একমাত্র ছেলে অরুপ বৌদ্ধ (৫) ও শ্বাশুড়ি শেফালী রাণী বারৈ (৫৫)।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিস্ফোরণে বাসার অধিকাংশ জিনিসই পুড়ে গেছে। জানলার গ্লাসও ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাসের চুলা চালু করা ছিল। ফলে রান্না ঘরে গ্যাস জমে ছিলো। দিয়াশলাই জ্বালাতেই সেই গ্যাস বিস্ফোরণ হয়েছে।

দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বারৈ জানান,  সকালে ঘুম থেকে উঠে প্রিয়াংকা পানি গরম করতে রান্না ঘরে যান। গ্যাসের চুলা চালু করে দিয়াশলাই জ্বালাতেই রান্না ঘরে বিস্ফোরণ হয়। এতে গ্রামের বাড়ি থেকে আসা তার বোনের পরিবারের ৩ জন সহ শেফালী রাণী দগ্ধ হন। প্রতিবেশীদের সাহায্যে তাদের সাথে সাথে হাসপাতালে নেওয়া হয়।

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে মেয়ে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার রাজিয়া ইসলাম নিছা নামের এক শিক্ষার্থী বাবার মৃত্যুর পরও এসএসসি পরীক্ষা দিচ্ছে। রোববার (২১ নভেম্বর) ভোরে তার বাবা হূদরোগে আক্রান্ত হয়ে সিলেট উইমেন্স হাসপাতালে মৃত্যু বরণ করেন।
রাজিয়া ইসলাম নিছা উপজেলার পতনঊষার ইউপি পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজের ছাত্রী। তার বাবা মিজানুর রহমান বাবু (৪৫) উপজেলার পতনঊষার এলাকার আব্দুল মুহিতের ছেলে।
এ বিষয়ে স্বজনেরা জানান, আজ নিছার এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন। এরই মধ্যে তার বাবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ভোরে সিলেট উইমেন্স হাসপাতালে মারা যান। মৃত্যুর পর বাবা হারা নিছা ভেঙে পড়লেও স্বজন ও শিক্ষকদের উৎসাহে সে আজ সকালে উপজেলার কালী প্রসাদ উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে অংশগ্রহণ করে পরীক্ষা দিচ্ছেন।
পতনঊষার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ জানান, পরীক্ষার্থী নিছার বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনে সকালে তার বাড়িতে যাই। সেখানে গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে আসি।
এ ব্যাপারে কালী প্রশাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল জানান, নিছা সবার সঙ্গে স্বাভাবিক ভাবেই পরীক্ষা দিচ্ছে। সার্বক্ষণিক আমরা তার খোঁজখবর রাখছি তার মানসিক ভাবে যেন কোন প্রকার চাপে পড়ে পরীক্ষার জন্য কোন অন্য মনস্ক হয়ে না পড়ে।

রৌমারীতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী  উপজেলা সশস্ত্রবাহিনী (অবসর প্রাপ্ত) কল্যাণ সংস্থার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।নকর্মসূচীর মধ্যে ছিল-র‍্যালী, আলোচনা সভা ও প্রীতিভোজ।

গত রোববার (২১ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা মোড়ে এসে শেষ হয়।সকাল ১০টায় নিজ কার্যালয়ে উপজেলা সশস্ত্র বাহিনী (অবসর প্রাপ্ত) কল্যাণ সংস্থার সভাপতি সার্জেন্ট (অবঃ) জিন্নাত আলীর সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা সশস্ত্র বাহিনী (অবসর প্রাপ্ত) কল্যাণ সংস্থার উপদেষ্ঠা মন্ডলীর সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মো. সোহরাব হোসেন, মো. সামছুল হক, মো, এমদাদুল হক, মো. আব্দুর রউফ, মো. আবুল কাশেম, আশরাফুল ইসলাম, আব্দুস সালাম, মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক ল্যান্স কপোর্রাল (অবঃ) আফজাল হোসেন বিপ্লব, উপজেলা সশস্ত্র বাহিনী (অবসর প্রাপ্ত) কল্যাণ সংস্থার সদস্য সার্জেন্ট (অবঃ) মো. ইয়াকুব আলী, ফ্লাইট সার্জেন্ট (অবঃ) মাহবুব হোসেন, পেডি অফিসার (অবঃ) আক্কাস আলী, সার্জেন্ট (অবঃ) নাছির উদ্দিন প্রমূখ।

চট্টগ্রামের খুলশীতে ৫হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. শাহাজাহান (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম ডিবি পুলিশ (উত্তর)। গ্রেপ্তার শাহজাহান কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালীর হাজী মো. ইলিয়াছের ছেলে।

গতকাল রবিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় খুলশী থানার এমইএস কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের (উত্তর) সহকারী পুলিশ কমিশনার মো. কামরুল হাসান।

সহকারী পুলিশ কমিশনার মো. কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে খুলশী থানার এমইএস কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়বাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খুলশী থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

বিধিনিষেধ ও লকডাউন বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপ

আন্তর্জাতিক ডেস্কঃ ফের ইউরোপের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইউরোপে এখনই কঠোর ব্যবস্থা না নিলে আগামী কয়েক মাসে করোনায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে। সংস্থাটির এমন বার্তায় ইউরোপের বিভিন্ন দেশে ফের বিধিনিষেধ ও লকডাউন দেওয়া শুরু হয়েছে। যা মেনে নিতে পারছেন না অনেকেই। বিধিনিষেধ ও লকডাউনের প্রতিবাদে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ইতালি, ক্রোয়েশিয়া ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।

স্থানীয় সময় শনিবার (২০ নভেম্বর) রাতে নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশের গুলিতে আহত হয় অন্তত তিনজন।

করোনা বেড়ে যাওয়ায় গত ১৩ নভেম্বর থেকে আংশিক লকডাউন দেয় নেদারল্যান্ডস সরকার। ২১ দিনের জন্য জারি করা এই লকডাউনের প্রতিবাদে শুক্রবার (১৯ নভেম্বর) রটারডামে বিক্ষোভে নামেন কয়েক হাজার মানুষ। তাদের ছত্রভঙ্গে ফাঁকা গুলি ছোড়ে হয়। আটক করা হয় অন্তত ৫০ জনকে। এতেও দমানো যায়নি প্রতিবাদকারীদের।

এ ছাড়া অস্ট্রিয়ায় ভিয়েনায়, ইতালির রাজধানী রোমে, ক্রোয়েশিয়ার জাগরেবে, সুইজারল্যান্ডের জুরিখসহ বেশ কিয়েকটি দেশে বিক্ষোভ করেন বিধিনিষেধ ও লকডাউন বিরোর্ধী আন্দোলনকারীরা।

শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর মিললো মৃত দেহ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর নির্জন রাবার বাগান থেকে  মিনা বেগম (১১) নামে এক কিশোরী মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগানের ভিতরে ওই কিশোরীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী  খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মিনা বেগম মিজাপুর ইউনিয়নের কামাশী গ্রামের মঈনু মিয়ার মেয়ে। কিশোরীর ভাই আবুল হোসেন জানান, তার বোন স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পড়তো। শুক্রবার জিনিষ কিনতে সমশেরগঞ্জ বাজারে যায় এর পর থেকে সে নিঁখোজ। শনিবার তারা এলাকায় মাইকিংও করেন।আজ রবিবার সকালে রুপাইছড়া রাবার বাগানে তার বোনের লাশ মিলে।
তিনি জানান, লাশের গলায় উড়না পেঁছানো ছিলো। পায়ে আঘাতের চিহ্ন আছে।গায়ে কামিজ ছিলো কিন্তু সেলোয়ার ছিলো না।
শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহের শরীরে আগাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে বাগানে ফেলে রাখা হয়েছে।মৃতদেহটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরো জানান, ময়তদন্তের রিপোর্ট পাওয়ার পর আরোও বিস্তারিত জানা যাবে।

রোলস-রয়েস তৈরি করেছে ‘বিশ্বের দ্রুততম’ বিদ্যুৎচালিত উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্কঃ ‘বিশ্বের দ্রুততম’ বিদ্যুৎচালিত উড়োজাহাজ তৈরি করেছে রোলস-রয়েস। প্রতিষ্ঠানটির দাবি-‘স্পিরিট অব ইনোভেশন’ নামের উড়োজাহাজটি বিশ্বের দ্রুততম বিদ্যুৎচালিত উড়োযান। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের ডার্বিতে অবস্থিত রোলস-রয়েসের অ্যারোস্পেস সদর দপ্তর বরাতে বিবিসি জানিয়েছে, পরীক্ষামূলক উড্ডয়নে উড়োজাহাজটির সর্বাধিক গতি ঘণ্টায় ৬২৩ কিলোমিটার পর্যন্ত উঠেছে। উড়োজাহাজটি তিনটি ভিন্ন দূরত্ব অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে বলে মনে করা হচ্ছে। সত্যতা যাচাইয়ের জন্য এ পরিসংখ্যান বিশ্ব এয়ার স্পোর্টস ফেডারেশনে পাঠানো হয়েছে।

গত ১৬ নভেম্বর উইল্টশায়ারের আমেসবুরির বসকম্ব ডাউনে পরীক্ষামূলক ফ্লাইটগুলো পরিচালনা করা হয়। ফ্লাইট উড্ডয়নের পরিচালক ও পাইলট ফিল ও’ডেল সর্বোচ্চ গতি তোলেন। তিনি বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ঘটনা এবং পুরো দলের জন্য এটি অনন্য এক অর্জন।’

এদিকে, রোলস-রয়েস জানিয়েছে, ২০১৭ সালে সিমেন্স ই-এয়ারক্র্যাফটের ‘এক্সট্রা ৩৩০ এলই অ্যারোব্যাটিক’ উড়োজাহাজের রেকর্ডের তুলনায় ‘স্পিরিট অব ইনোভেশন’ ঘণ্টায় ২১৩ কিলোমিটার বেশি দ্রুততম ছিল। ‘স্পিরিট অব ইনোভেশন’ নয় হাজার ৮৪২ দশমিক ৫২ ফুট ওপরে উঠতে দ্রুততম সময় নেওয়ার রেকর্ডটিও ভেঙেছে ৬০ সেকেন্ডের ব্যবধানে। ওই উচ্চতায় উঠতে ২০২ সেকেন্ড সময় লাগতো। উড়োজাহাজটিতে একটি ৪০০ কেডব্লিউ বৈদ্যুতিক পাওয়ারট্রেন ব্যবহার করা হয়েছে, যা একটি ৫৩৫ বিএইচপি সুপারকারের সমতুল্য।

তারা আরো জানিয়েছে, তাদের উড়োজাহাজটিতে অ্যারোস্পেসে এ যাবৎকালে সবচেয়ে শক্তিশালী প্রোপালশন ব্যাটারি প্যাক যুক্ত করা হয়েছে, যা দিয়ে একসঙ্গে সাড়ে সাত হাজার ফোন চার্জ করা সম্ভব।

রোলস-রয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন ইস্ট বলেছেন, “কপ-২৬” জলবায়ু সম্মেলনে প্রয়োজনীয় পদক্ষেপের নেওয়ার গুরুত্বের ওপর বিশ্বের দৃষ্টি নিবদ্ধ হওয়ার পর এটি আরেকটি মাইলফলক, যা ‘জেট জিরো’-কে বাস্তবে পরিণত করতে সাহায্য করবে ৷ ‘বায়ু, স্থল ও সাগরে কার্বনমুক্ত পরিবহণ আনার যে গুরুত্ব সমাজে তৈরি হয়েছে, সেখানে কাঙ্ক্ষিত প্রযুক্তি নিয়ে আসার লক্ষ্যকে সমর্থন করে আমাদের এই উড়োজাহাজটি। আর রোলস-রয়েস আশা করছে অ্যারোনটিক ফেডারেশন  ইন্টারন্যাশনাল-এফএআই অদূর ভবিষ্যতে নতুন বিশ্ব রেকর্ড হিসেবে তাদের তথ্যগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে।