ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাক-সিএনজি সংঘর্ষে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়ালো।

আজ বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ত্রিশালের সিএনজি অটোরিকশার চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০), বাউপুর গ্রামের কলিমউদ্দিন (৭০), আজহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫), ত্রিশালের বাগান এলাকার আব্দুল কদ্দুসের ছেলে সালাম নবি (৩৫) ও আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (১০ নভেম্বর) সকালে ত্রিশাল উপজেলা সদর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, এ সময় ঘটনাস্থলেই ২ জন মারা যান। পরে বাকি আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যান। ইতোমধ্যে ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় একশিশুর মৃত্যু ও ২০ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ২০টি বসতঘর পুড়ে গেছে। এ সময় ৬মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া শিশুটির মাসহ আরো ৩ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১০ নভেম্বর) ভোর ৩টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের রঙ্গিপাড়া এলাকার ফজল হক সওদাগরের বাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে ভোর পৌনে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন লাকি (৩৫) ও তার ছেলে কালু (১৭), নিহত শিশুটির মা বৃষ্টি (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজল হক সওদাগরের বাড়ির ভাড়াটিয়া আনোয়ারা বেগমের বসতঘরে হঠাৎ আগুন দেখতে পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে রাত ৪টার সময় হাটহাজারী ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আটটি বসতঘর আগুন পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনাস্থল থেকে আগুনে দগ্ধদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শিশু আতিকুল ইসলাম মারা যান বলে জানা যায়।

আগুন লাগার পর ঘর থেকে পরিবারের সদস্যরা কোনো কিছুই বের করতে পারেননি। নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মৃত নূরুল হকের স্ত্রী নূর বেগম, পুত্র নুরুল আলম, মৃত নসু ড্রাইভারের পুত্র মোঃ ফোরক আহম্মদ, মোহাম্মদ আলীর স্ত্রী মাবিয়া খাতুন, মৃত আব্দুল আজিজের পুত্র মো. শাহা আলম, মৃত আনোয়ার মিয়ার পুত্র মোঃ বাদশা, আনোয়ারা বেগম ও লাকী আক্তার।

এবিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন কর্মকর্তা শাহাজাহান বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট, রান্নার চুলা অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শুষ্ক মৌসুম হওয়ায় আগুন দ্রুত পুরোবাড়ির বসতঘরে ছড়িয়ে পড়ে।

এদিকে খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

মহসীন মিয়ার সমর্থনে প্রবাসী “শ্রীমঙ্গল কমিনিউটি” যুক্তরাজ্যে মতবিনিময় সভা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (৮ নভেম্বর) যুক্তরাজ্যে স্থানীয় সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল “যুক্তরাজ্য কমিনিউটির” রসনা স্পাইস রেস্টুরেন্টে এক মত বিনিময় সভা।

আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে বার বার নির্বাচিত মেয়র মহসিন মিয়া (মধু) সমর্থনে “রসনা স্পাইস”এ মতবিনিময় সভায় সাবেক ছাত্রনেতা মহসিন আহমেদ ও আমিরুল ইসলাম (সামাদ) এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন মোঃ রুনু মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাজা আহমেদ।

বিশেষ অতিথি: হাসান কবির (রুপক), ছাত্রনেতা জালালউদ্দিন আহমেদ (জিপু), ছয়ফুল আহমেদ(সুজা), মোঃ ইমরান আহমেদ, হারুনুর রশিদ, শ্রী অলক দাস, সরফরাজ আহমেদ (সরফু), মোঃ মসাইদ মিয়া, সুফিয়ান মিয়া , মুহিব উদ্দিন (সুমন), আল মামুন (টিটু), মোঃ আজিম উদ্দিন, রাজু আহমেদ, মোশাররফ আহমেদ (মনি), রাসেল আহমেদ, দুধু মিয়া, মোর্শেদ আহমেদ, শিপন আহমেদ, প্রিন্স আহমেদ, মোঃ রাগীব হাসান, মো: রুহিন আহমেদ, মোঃ আব্দুল হাশিমসহ শ্রীমঙ্গল যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির বয়জেষ্ঠ ব্যাক্তিবর্গ।

মতবিনিময় সভার শুরুতে মোঃ রাজা আহমেদ পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করে মহসিন মিয়া ( মধু ) সধ্য প্রয়াত চাচা সাবেক সংসদ সদস্য মরহুম আহাদ মিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মতবিনিময় সভায় প্রারম্ভে শ্রীমঙ্গল পৌরবাসীর জন্যে দোয়া কামনা করেন। আগামীর সম্ভাবনাময় পৌরসভায় রূপান্তরিত করতে একটি আধুনিক মানসম্মত মডেল পৌরসভা, পর্যটন নগরী ও শান্তির শহর গঠন করার লক্ষ্যে মহসিন মিয়া (মধু)কে পুনরায় জনগণের ভোটাধিকার প্রয়োগ করে জয়যুক্ত করার আশা ব্যাক্ত করেন এবং সাথে সাথে সরকারের প্রতি দাবি জানান, শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল প্রকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন কর্তৃক নিরপেক্ষ সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের জন্য সাধারণ জনগণের ভোট প্রক্রিয়া তৈরি ও সরকারের কর্তাব্যক্তিদের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনবান্ধব মূলক আচরণ পালনের আশা ব্যাক্ত করেন।

উপস্থিত প্রত্যেক বক্তা, তাদের বক্তব্যে একটি বিষয় বিশেষ ভাবে তুলে ধরেন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করার মত পরিবেশ তৈরি করার জন্য আশা করেন।

মতবিনিময় সভায় ভার্চুয়াল ভাবে যুক্ত হোন বর্তমান মেয়র মহসীন মিয়া (মধু) তিনি বক্তব্যের শুরুতে সকলের প্রতি কৃতজ্ঞ ও অতীতের ন্যায় শ্রীমঙ্গল পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির সকলের উদ্দেশ্যে বলেন আপনাদের বিগত দিনের মত করে সহযোগিতাই পারে শ্রীমঙ্গল পৌরসভাকে আরো অনেক দুর এগিয়ে নিতে।

মতবিনিময় সভায় উপস্হিত সকল সাংবাদিক ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ জানান সভা আয়োজক ছয়ফুল আহমেদ (সুজা) ও “রসনা পরিবার”।

ফুলবাড়ীতে বিনামুল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এমপি

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২১-২২ এর আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁযাজ, মুগ ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩ হাজার ২৯০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ । ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী কুড়িগ্রামের উপপরিচালক মঞ্জরল  হক ও ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার।

এ সময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন সহ বিভিন্ন দপ্তেরর সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন জানান, কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২১-২২ এর আওতায় রবি মৌসুমে নয়টি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩ হাজার ২৯০ জন  ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ  করা হবে। আজ উদ্বোধনী দিনে ১ হাজার ১৮০ জন সরিষা চাষীর মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকিদের মাঝেও বিতরণ করা হবে।

ডিসেম্বরে পৃথিবী ঘেঁষে ছুটে যাবে আইফেল টাওয়ারের সমান গ্রহাণু

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ চলতি বছরের ১১ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটের দিকে ৪৬৬০ নিরিয়াস নামের একটি গ্রহাণু পৃথিবীর পাশ ঘেঁষে আবার উল্টো দিকে ফেরা শুরু করবে বলে জানিয়েছেন মহাকাশ গবেষকরা। সে সময় গ্রহাণুটি ঘণ্টায় ১৪ হাজার ৭০০ মাইল বেগে ধেয়ে যাবে। ৪৬৬০ নিরিয়াস নামের গ্রহাণুটির উচ্চতা ১ হাজার ৮২ ফুট যা  ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারের উচ্চতার (১০৬০ ফুট) থেকে একটু বেশী।

এটি প্রথম ১৯৮২ সালে খুঁজে পান মার্কিন জ্যোতির্বিদ এলিয়ানর হেলিন। প্রায় ৪০ বছর পরে ২০৬০ সালে এটি পৃথিবী থেকে ৭.৫ লাখ মাইল দূরে থাকবে। গ্রহাণুটি পৃথিবী থেকে কয়েক মিলিয়ন মাইল দূরে আসার পরই শক্তিশালী টেলিস্কোপে একে পর্যবেক্ষণ করা যাবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার রাডারে ধরা পড়েছে ৪৬৬০ নিরিয়াস।

বিজ্ঞানীরা বলছেন, এই মুহূর্তে পৃথিবী থেকে প্রায় আড়াই মিলিয়ন মাইল দূরে থাকায় এটি তেমন কোনো ঝুঁকি তৈরি করবে না। তবু নাসা সেটিকে ‘আশঙ্কাজনকভাবে ঝুঁকিপূর্ণ গ্রহাণু’র কাতারে ফেলেছে। বিশেষ করে গ্রহাণুটির আকার পৃথিবীর ‘পাশ কাটিয়ে’ যাওয়ার গতিপথ জানার পর।

উল্লেখ্য, আকারে ১০০ মিটার বা তার চেয়ে বড় গ্রহাণু পৃথিবীতে আঘাত হানতে পারে এমন আশংকা প্রতি ১০ হাজার বছরে একবার হতে পারে বলে মনে করেন মহাকাশ বিজ্ঞানীরা। যার ফলে ৪৬৬০ নিরিয়াস নামের গ্রহাণুটির দ্বারা পৃথিবীর ক্ষতির সম্ভাবনা একেবারে নেই বললেও চলে। এখন পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর ‘নিকটবর্তী’ প্রায় ২৭ হাজার গ্রহাণু পর্যবেক্ষনে রেখেছেন যেগুলো ১ কিলোমিটার বা তার চেয়ে বড় আকারের।

আজ থেকে শুরু হয়েছে পদ্মা সেতুর কার্পেটিং

সিএনবিডি ডেস্কঃ আজ বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিট থেকে শুরু হয়েছে পদ্মা সেতুর সড়ক পথের কার্পেটিং (বিটুমিনাস ওয়ার্ক) কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) এই কার্পেটিংয়ের কাজ করছে ।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এটি দেখাশোনা করছেন। এর মাধ্যমে পদ্মা সেতুতে লক্ষ্য অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে বলে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

পদ্মা সেতু কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, এরই মাঝে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ৯৫ শতাংশ। প্রায় ৮৯ শতাংশ প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে। আর নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে।

গত ২০২০ সালের ১০ ডিসেম্বর সেতুর শেষ স্প্যান বসানো হয়। এর মাধ্যমে দৃশ্যমান হয় ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু।

এরপর সেতুর স্প্যানের ওপর কংক্রিটের তৈরি রোড স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয়। সেতুতে ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব ও ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছে।

প্রসঙ্গত, দ্বিতলবিশিষ্ট পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করবে যানবাহন, আর নিচ দিয়ে রেল। সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানীসহ সারা দেশের যোগাযোগ সহজ হবে। আগামী ২০২২ সালের জুন মাসের আগেই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তারপরই যান ও রেল চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আর বাস্তবায়ন হবে কোটি বাঙালির অনেকদিনের স্বপ্ন।

ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামির আত্মসমর্পণ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যবসায়ী নেতা নাজমুল হাসানের চাঞ্চল্যকর হত্যা মমলার ১৩ নম্বর এজহারভুক্ত পলাতক আসামি তাহির আহমদ তারেক (৪০) আদালতে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তারেক। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মহাদেব বাচাল বিষয়টি নিশ্চিত করে জানান, রোজ বুধবার তার রিমান্ড চাওয়া হবে আদালতের মাধ্যমে। এর আগে ৭ নভেম্বর শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানের পাহাড়ি এলাকায় র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে ব্যবসায়ী নেতা নাজমুল হত্যার এজহারভুক্ত দুই আসামি নিহত হন। নিহতরা হলেন- এজাহারভুক্ত ২ নম্বর আসামি তোফায়েল আহমেদ (৩৫) ও ৮ নম্বর এজহারভুক্ত আসামি শহীদ মিয়া (৪০)।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দুপুর ২টায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউপি চৈত্রঘাট বাজারে নাজমুল হাসানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর সিলেটের একটি হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৭টায় নাজমুলের মৃত্যু হয়।

রৌমারীতে সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে এক গৃহবধূর অনশন

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের উত্তর খেদাইমারী গ্রামে সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন শিরিনা বেগম নামে এক গৃহবধূ।

কয়েকদিন ধরে এলাকার মাতাব্বরদের দ্বারে দ্বারে ঘুরলেও তিনি কোনো সুরাহা বা বিচার পাচ্ছেন না। অবশেষে ভুক্তভোগী ওই গৃহবধু বাদী হয়ে রৌমারী থানায় একটি অভিযোগ করেছেন। তিনি স্বামীর বাড়িতেই পালন করছেন অনশন।

জানা গেছে, রৌমারী উপজেলার বড়চর গ্রামের শুক্কুর আলীর মেয়ে শিরিনা বেগম বিয়ে হয় একই ইউনিয়নের উত্তর খেদাইমারী গ্রামের মহির উদ্দিনের ছেলে শুক্কুর আলীর সঙ্গে। ঢাকায় গার্মেন্টেসে কাজ করার সময় দু’জনের প্রেমের সম্পর্কে বিয়ে হয় ২০১৩ সালে।

তাদের দাম্পত্য জীবনে মিম আক্তার নামের ৮ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। দুই মাস আগে গৃহবধূর স্বামী শুক্কুর আলী তার স্ত্রীকে কিছু না জানিয়ে নিজ বাড়ি রৌমারীতে চলে আসেন। তিনি স্ত্রী ও সন্তানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

গৃহবধূ শিরিনা বেগম স্বামীর এই আত্মগোপনে থাকার বিষয়টি বুঝতে পেরে স্বামীর খোঁজে ঢাকা থেকে নিজ এলাকায় আসেন। পরে তার স্বামী বাড়িতেই রয়েছেন জানতে পেয়ে মেয়ে মৌসুমীকে নিয়ে স্বামী শুক্কুর আলীর বাড়িতে যান।

স্ত্রীর উপস্থিতি দেখে স্বামী শুক্কুর আলী এ সময় তাদের বিয়ের কথা অস্বীকার করেন। মেয়েকেও অস্বীকার করেন। বিয়ে ও সন্তান অস্বীকার করায় গৃহবধূ তার মেয়েকে নিয়ে সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে স্বামী শুক্কুর আলীর বাড়িতে অনশন শুরু করেন।

চরশৌলমারী ইউপি চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমাম দুলাল সত্যতা স্বীকার করে বলেন,  ভুক্তভোগী গৃহবধূ ও তার মেয়ে আমার কাছে বিচার চেয়েছে। তার স্বামী শুক্কুর আলীকে বিচারের তারিখ দিলে সে বাড়ি থেকে পালিয়ে যায়।

শিরিনা বেগম বলেন, আমি আমার স্বামী শুক্কুর আলীকে ভালোবেসে বিয়ে করেছি। আমাদের দাম্পত্য জীবনে একটি মেয়ে সন্তান রয়েছে। অথচ আমার স্বামী শুক্কুর আমাদের বিয়ে ও সন্তানকে অস্বীকার করছে।

এ ব্যাপারে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, গৃহবধূ শিরিনার অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আদিবাসীদের পৃথক কমিশনের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন ও পথসভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইএসডিও’র বাস্তবায়নে ও হেকস ইপারের সহযোগিতায় মঙ্গলবার ৯ নভেম্বর দুপুর ১১টায় আদিবাসীদের পৃথক কমিশনের দাবিতে পৌরশহর শিবদীঘি যাত্রী ছাউনি চত্বরে র‌্যালী, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আদিবাসী সংগঠনের সভাপতি শুগা মরমূ ,প্রেমদীপ প্রকল্পের সমম্বয়কারি সেরাজুল শালেকিন প্রমূখ।

এ সময় শতাধিক আদিবাসী নারী-পুরুষকে তাদের দাবী আদায়ের জন্য বিভিন্ন বিভিন্ন লেখার ফেস্টুন গলায় ঝুলিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করতে দেখা যায়।

অনুষ্ঠান পরিচালনা করেন ইএসডিও প্রেমদ্বীপ প্রকল্পের  ম্যানেজার খাইরুল আলম।

বাঘ আতংকে ৪ গ্ৰামের মানুষ, পরিদর্শনে তদন্ত দল

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউপি ৪ গ্রামের মানুষের মধ্যে বাঘের আতঙ্ক দেখা দেয়ায় গেল সোমবার বেলা ৩টায় ওই এলাকা পরিদর্শন শুরু করে মৌলভীবাজার বন্য প্রাণী বিভাগের একটি দল।

পরিদর্শন শেষে পায়ের চাপ দেখে পরিদর্শণকারী দল নিশ্চিত হন কয়েকদিন থেকে ওই এলাকায় বিচরণ করা প্রাণী বাঘ নয় মেছো বিড়াল ।

বন বিভাগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাজার ইউপি ৩ নং ওয়ার্ডের পশ্চিম সাতরা এলাকার আশপাশে বিগত কয়েকদিন থেকে বাঘ আকৃতির একটি প্রাণী মানুষের গৃহপালিত পশু-পাখি ও মানুষকে আক্রমণের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে বন অধিদপ্তর, বন্য প্রাণী বিভাগ মৌলভীবাজারের এই দলটি ওই স্থান পরিদর্শন করেন। এসময় তাঁরা মেছো বিড়ালের আক্রমণে মৃত ছাগলের মালিককে ক্ষতিপূরণ প্রদান করেন।

পরিদর্শনে অংশ নেন মৌলভীবাজার বন্য প্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা শ্যামল কুমার মিত্র, টোকিও মেট্টোপলিটন ইউনিভার্সিটি অব জাপানের সহকারী অধ্যাপক ও ফিশিং ক্যাট গবেষক ড. আই সুজুকি, মৌলভীবাজার রেঞ্চ কর্মকর্তা গোলাম সারওয়ারসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।

মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আমরা আজ ওই এলাকার বিভিন্ন স্থানে পায়ের চাপ দেখে নিশ্চিত হতে পেরেছি যে এটা বাঘ নয়, মেছো বিড়াল। মেছো বিড়াল সাধারণত হাওর এলাকা বা পুকুরের আশপাশে থাকে। মেছো বিড়াল খাদ্য হিসেবে ৬০ থেকে ৭০ ভাগ ভোগ করে মাছ ও ইঁদুর। আর এখানে এসে শুনলাম ছাগল ও রাজহাঁস মেরেছে। এ ধরণের ঘটনা অনেক সময় হয়ে থাকে। কারণ মেছো বিড়াল যখন বাচ্চা জন্ম দেয় তখন খাবারের সংকট দেখা দিলে এমনটা ঘটে থাকে।

মেছো বিড়াল যে স্থানে থাকে তার আশপাশের প্রায় ২ কিলোমিটার জায়গায় বিচরণ করে। তবে এরা মানুষের কোনো ক্ষতি করে না। তাই এসব এলাকার মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছি। মেছো বিড়াল এ ধরণের আচরণ বেশি দিন করে না। সেজন্য কয়েকদিন গৃহপালিত পশু-পাখি খেয়াল করে রাখার আহবান করেছি এলাকাবাসীকে।

প্রত্যেক প্রানী কোনো না কোনোভাবে প্রকৃতি বা আমাদের উপকারে আসে। পরিদর্শন দল এলাকার সবার প্রতি অনুরোধ করেন কোনো বন্য প্রানী হত্যা না করার জন্য।