কুলাউড়ায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে কিশোরের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে সাব্বির আহমদ (১৮) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। গেল বুধবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার হাজীপুর ইউপি’তে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজিপুর ইউপির উত্তর পাবই গ্রামে ক্যারাম খেলা নিয়ে মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে আব্দুর রশিদের ছেলে সাব্বির একই গ্রামের দুলাল মিয়ার ছেলে তায়জুলের সাথে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার জেরে এ নিয়ে একসময় তাদের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সাব্বির গুরুতর আহত হয়। আহত সাব্বিরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ নভেম্বর) সকালে সাব্বিরের মৃত্যু হয়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনা তদন্তে দুই নারীকে থানায় আটক করে এনে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁয় সাংবাদিকদের উপর হামলাকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সাংবাদিকের উপর হামলাকারী ওষুধ কোম্পানির প্রতিনিধিদের (রিপ্রেজেন্টেটিভ) গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। গেল বুধবার (৩ নভেম্বর) বেলা ১১টায়হাসপাতাল চত্বরে জেলা সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। এসময় জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সচেতন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হাসপাতালের বহিঃর্বিভাগে ডাক্তারদের কক্ষে রিপ্রেজেন্টেটিরা অবস্থান নিয়ে তাদের কোম্পানীর ওষুধ চিকিৎসককে দিয়ে লেখান। যা পুরোপুরি অবৈধ। সেই চিত্র ধারন করতে গিয়ে দুই সাংবাদিকের উপরহামলা করা হয়েছে। হামলাকারী রিপ্রেজেন্টেটিরা বিষয়টি নিয়ে এখনো সাংবাদিকদের হুমকি ধামকি অব্যাহত রেখেছেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের কলম চালিয়ে যেতে চায়। এ অবস্থা নিরসনে হামলাকারী ওষুধ কোম্পানির প্রতিনিধিদের (রিপ্রেজেন্টেটিভ) অবিলম্বে গ্রেফতারের দাবী জানান বক্তারা।

মানববন্ধন শেষে সাংবাদিকদের উপর হামলাকারী রিপ্রেজেন্টেটিভদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মুক্তার হোসেনকে স্বারকলিপি প্রদান করেন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

নতুন কালো টমেটো ‘ব্লাক বিউটির‘ আদ্যোপান্ত

সিএনবিডি ডেস্কঃ কালো টমেটো যা ব্লাক বিউটি হলো টমেটোর নতুন এক জাত। কালো রঙের নতুন জাতের এই টমেটোটির উদ্ভাবক হলেন আহমেদ জামিল সেলিম নামের কুমিল্লার একজন সৌখিন কৃষক। তিনি ২০১৭ সালে আমেরিকার সাউদ ক্যারোলিনা থেকে এই কালো জাতের টমেটোর বীজ সংগ্রহ করেন। কুমিল্লায় তার নিজ বাড়ির আঙ্গিনায় বীজ বপন করে বাগান গড়ে তোলেন। বর্তমানে তার গাছগুলোতে অনেক টমেটো ধরেছে। ইতিমধ্যে জামিলের কালো টমেটো পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে কৃষি গবেষণা ইন্সটিটিউট এবং কৃষি অধিদফতর।

এছাড়া দেশের আরো বিভিন্ন জায়গায় সৌখিন পর্যায়েই চাষ হচ্ছে এই টমেটো। যদিও এখনো এই টমেটো বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়নি। তবে কৃষি গবেষণা ইন্সটিটিউট এবং কৃষি অধিদফতর অতি শীঘ্রই এর বাণিজ্যিক উৎপাদনে অনুমতি দিবে বলে জানা গেছে।

কালো টমেটো দেখতে প্রচলিত দেশী জাতের টমেটো যা সাধারণত লাল এবং গবেষণাগারে উদ্ভাবিত সাদাটে সবুজ টমেটোর মতোই দেখতে। কিন্তু এটি আকারে বড় হয়। এই টমেটো গাছের উচ্চতাও বেশি। এর ফলন কেবলমাত্র শীতকালে হয়। স্বাভাবিক তাপমাত্রায় কালো টমেটো বেশি দিন সংরক্ষণ করা যায়। এর নানা রকম ঔষধি গুণাগুণ রয়েছে বলে ধারণা করা হয়।

যদিও ব্লাক বিউটির ঔষধি গুণাবলী নিয়ে দেশে কোনো পরীক্ষা এখনো হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট।

কালো টমেটোর বৈশিষ্ট্যঃ

  • এই জাতের টমেটো গাছ লম্বায় প্রায় ৪ ফুট হয়ে থাকে।
  • এটি কাঁচা, পাকা অবস্থায় এবং সবজি হিসেবে খাওয়া যায়।
  • বীজ বপনের দুই থাকে তিন মাসের মধ্যে ফল পাকতে শুরু করে।
  • এই জাতের টমেটোগুলো কাঁচা অবস্থায় সবুজাভ বেগুনী রং ধারণ করে এবং পরবর্তীতে ধীরে ধীরে পাকতে শুরু করলে নীলচে বেগুনী রঙের হয়ে থাকে।
  • সম্পূর্ণ পাকা টমেটোর ভিতরের অংশ দেখতে গাঢ় লালচে রঙের হয়ে থাকে।
  • এই জাতের টমেটো পাকার জন্য রোদের প্রয়োজন হয়ে থাকে। কেননা সূর্যের আলো না পেলে কালো রং ধারণ করে না।
  • এই জাতের টমেটোর বাইরের ত্বক তুলনামূলক শক্ত হওয়ায় অন্যন্য জাতের তুলনায় এর সংরক্ষণ ক্ষমতা ৮-১০ দিন বেশি।
  • সাধারণত মধ্য অক্টবর থেকে মধ্য নভেম্বর বীজ বপন করলে মধ্য ফেব্রুয়ারি থেকে মধ্য মার্চে ফল পাকতে শুরু করে।

পুষ্টি উপাদানঃ কালো জাতের টমেটোতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন-এ ও সি রয়েছে।

ঔষুধি গুনাগুণঃ

  • এ জাতের টমেটোতে এন্থোসায়ানিন ( Anthocyanin ) থাকে যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।
  • সুগার নিয়ন্ত্রণ করে অর্থাৎ ডায়াবেটিস কমাতে সাহায্য করে।
  • এটি হৃদ রোগীদের জন্য উপকারী এবং রক্ত চলাচলে সহায়তা করে।

কোথায় পাওয়া যাবে কালো টমেটো বীজ?

এখনো বাণিজ্যিক চাষাবাদ শুরু না হলেও ইতিমধ্যেই কৃষি অধিদপ্তর দেশের বিভিন্ন সরকারি নার্সারিতে কালো টমেটোর বীজ ও চারা রাখতে শুরু করেছেন। কৃষি অধিদপ্তরের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় সরকারি নার্সারিতে এই টমেটো প্রমোট করা হচ্ছে। কালো টমেটোর ভেতরে পানি কম থাকে, যে কারণে এই টমেটো সহজে নষ্ট হয় না। ফলে দেশের কৃষকদের কাছ থেকে এই টমেটোর ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

সুত্রঃ কৃষি বাতায়ন ও বিবিসি বাংলা। 

প্রথমবারের মতো ২ বাঙালি নারী বিজয়ী হলেন নিউইয়র্ক সিটি নির্বাচনে

সিএনবিডি ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ ও অ্যাটর্নি সোমা সাঈদ কুইন্স। বেসরকারিভাবে তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার মধ্যে দিয়ে নিউইয়র্কে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন এই দুই নারী।

স্থানীয় সময় মঙ্গলবার (২ নভেম্বর) নিউইয়র্ক সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এতে বিপুল ভোটে বিজয়ী হয়ে নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম নারী হিসেবে কাউন্সিলওমেন নির্বাচিত হয়েছেন শাহানা হানিফ। তার পৈতৃক নিবাস চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায়।

শাহানা হানিফ ব্রুকলিনের নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট-৩৯ থেকে মোট ভোটের ৮৯.৩ শতাংশ ২৮ হাজার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ব্রেট ওয়েনকফ পেয়েছেন মাত্র ২ হাজার ৫২২ ভোট যা মোট ভোটের ৮ শতাংশ।

এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী হিসেবে সিভিল কোর্টের বিচারক পদে বিজয়ী হয়েছেন অ্যাটর্নি সোমা সাঈদ কুইন্স। তার পৈতৃক নিবাস টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা।

এই প্রথমবারের মতো নিউইয়র্ক সিটি নির্বাচনে দুই বাংলাদেশি নারীর বিজয়ে নগরের বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরের কুইন্সের জ্যাকসন হাইটস, ওজোনপার্ক, জ্যামাইকা, এস্টোরিয়া, ব্রঙ্কসের পার্কচেস্টার, স্টারলিংক, ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে বসবাসরত বাংলাদেশিরা তাদের বিজয়ে বেশ উচ্ছ্বসিত।

প্রসঙ্গত, বাঙালি কমিউনিটিতে শাহানা হানিফ ও সোমা সাঈদ কুইন্স দুজনেরই ছিল ব্যাপক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা। পাশাপাশি অন্যান্য কমিউনিটি এবং ধর্ম-বর্ণের মানুষের সঙ্গেও তাদের সুসম্পর্ক ছিল। যে কারণে শুধু বাংলাদেশিদের ভোটই না অন্যান্য দেশের মানুষের ভোটও পেয়েছেন এই দুই বিজয়ী।

নিউইয়র্ক সিটির এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন একাধিক বাংলাদেশি। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মুজিব রহমান ডিস্ট্রিক্ট-২৪ থেকে এবং রিপাবলিকান প্রার্থী শাহ শহীদুল হক ডিস্ট্রিক্ট-২৫ থেকে প্রার্থী হয়েছিলেন।

উল্লেখ্য, শাহানা হানিফ ও সোমা সাঈদ কুইন্স ডেমোক্র্যাটিক পার্টি থেকে চলতি বছরের ২২ জুন অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে বিজয়ী হয়ে সাধারণ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।

সুত্রঃ নিউইয়র্ক টাইমস। 

আফগানিস্তানে নিষিদ্ধ হলো বিদেশি মুদ্রার ব্যবহার

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে বিদেশি মুদ্রার ব্যবহার। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) ক্ষমতাসীন দল তালেবান দেশটিতে এই নিষেধাজ্ঞা আরোপ করে। যা পতনের দ্বারপ্রান্তে থাকা দেশটির অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত করতে পারে।

আজ বুধবার (৩ নভেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে,  “তালেবান বলছে, ‘দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থে সকল আফগানের তাদের প্রতিটি বাণিজ্যের ক্ষেত্রে আফগানি মুদ্রা ব্যবহার করা প্রয়োজন।”

আফগানিস্তানের বাজারে মার্কিন ডলারের ব্যাপক প্রচলন রয়েছে। দেশটির সীমান্তবর্তী প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে যেমন পাকিস্তানের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রেও ডলার ব্যবহৃত হয়ে থাকে।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, “ইসলামী আমিরাত সকল নাগরিক, দোকানদার, ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে এখন থেকে আফগানিতে সকল লেনদেন পরিচালনা করতে এবং বিদেশি মুদ্রা ব্যবহার থেকে কঠোরভাবে বিরত থাকতে নির্দেশ দিয়েছে।”

উল্লেখ্য, গত আগস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলে নেওয়ার পর ইউএস ফেডারেল রিজার্ভ এবং ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলো আফগানিস্তানের বিলিয়ন ডলারের বৈদেশিক সম্পদ জব্দ করে।

এদিকে আফগানিস্তানে চলমান খরার কারণে বেশিরভাগ গমের ফসল নষ্ট হয়ে গেছে এবং এর ফলে দামও বেড়ে গেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে যে খরা, সংঘাত এবং কোভিড-১৯ সমন্বিত আঘাতের প্রভাবে লাখ লাখ আফগান অনাহারের সম্মুখীন হতে পারে।

সূত্র: বিবিসি।

নওগাঁর আত্রাইয়ে সেবাদানকারী সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে ডাসকো’র মতবিনিময় সভা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে সেবাদানকারী সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে রিপ প্রকল্প ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে ও বিএমিজেড এবং নেটস বাংলাদেশের সহযোগিতায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নিবার্হী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর, আত্রাই থানা তদন্ত ওসি মোজাম্মেল হক কাজী, আত্রাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আহসান গঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্যা, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান জানবক্স সরদার, মনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লা-মা শেরই বিপ্লব, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, ডাসকো আত্রাই শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন, হিসব রক্ষক, মোঃ আলমগীর, ইউনিট ম্যানেজার মোঃ আজিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন ৪৮ প্রার্থী

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩, সাধারণ সদস্য পদে ৩৩ ও সংরক্ষিত নারী আসন পদে ১২ জনের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে।

আগামী ২৮ নভেম্বর শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৩, সাধারণ সদস্য পদে ৩৩ ও সংরক্ষিত নারী আসনের পদে ১২ জনের মনোনয়নপত্র দাখিল করেন।

মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান তিন তিন বারের সতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন মেয়র মো. মহসিন মিয়া (মধু), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন সৈয়দ মো. মনসুরুল হক ও সতন্ত্র প্রার্থী শেখ আছাদ উদ্দিন আহমেদ।

সাধারণ সদস্য আসন পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আলকাছ মিয়া ও মো. লুৎফুর রহমান; ২নং ওয়ার্ডে মো. নজরুল ইসলাম, মো. আমির হোসেন, মো. আব্দুল জব্বার ও মো. শাকির হোসেন; ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. জিনু মিয়া, মো. হানিফ চৌধুরী ও মো. মনিরুল ইসলাম; ৪নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম (একক প্রার্থী); ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মিল্লাদ হোসেন মিরাশদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মসুদুর রহমান মসুদ ও এম. এ কাইয়ুম; ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কাজী আব্দুল করিম, মো. বদরুল হক, মো. আব্দুল বারী বেলাল, বিপ্লব দেব ও মো. কুঠি মিয়া; ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মীর এম. এ সালাম, শেখ মো. দিদার আলম, মো. আজির উদ্দিন ও অসীম মজুমদার; ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. ছাদ উদ্দিন ও মো. মোহন চৌধুরী; ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর চয়ন কুমার রায়, মো. কাওছার ইকবাল, সুজিত রায়, সুব্রত বনিক, মো. রুবেল, নাঈম আহমেদ, মো.শামছুল ইসলাম, মো. কবির ও অর্জুন দাশ।

সংরক্ষিত নারী আসনের পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোছা. হামিদা বেগম বেবী, মিসেস ফাতেমা বেগম, মোছা. তানিয়া আক্তার, কাজল রেখা, রোজিনা আক্তার রোজি, কাকলী বেগম ও শামসুন নাহার; ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রোকেয়া পারভীন ও মোছা. খাইরুন নাহার লিপি; ৩নং ওয়ার্ডে শাহনাজ আলম, শাহানা জামান ও শারমিন জাহান।

এসব তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা রিটার্নিং কর্মকর্তা তপন জ্যোতি অসীম। আগামী ১২ নভেম্বর এসব প্রার্থীদের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য: শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফুলবাড়ীতে মোটর সাইকেলের ট্যাংকির ভিতর গাঁজা, আটক-১

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ কায়দায় মোটরসাইকেলের ট্যাংকির ভিতর গাঁজা পরিবহনের সময় সাড়ে চার কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেল সহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সদস্যরা।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার যতিন্দ্রনারায়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।  আটক যুবকের নাম নুর ইসলাম (২০)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক জান্নাতুল ফেরদৌস জানান, মঙ্গলবার সকালে লালমনিরহাট গামী ওই মোটরসাইকেলটি তল্লাশী করে ট্যাংকির ভিতর বিশেষ কায়দায় রাখা সাড়ে ৪ কেজি গাঁজা সহ চালককে আটক করা হয়। পরে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

হোমনায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান ৫১,সাধারণ সদস্য ৩১৭ ও সংরক্ষিত নারী ৯৬ মনোনয়ন পত্র দাখিল

মো.নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লাঃ কুমিল্লার হোমনায় উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫১ সাধারণ সদস্য পদে-৩১৭ও সংরক্ষিত সদস্য পদে ৯৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মঙ্গলবার ২ নভেম্বর ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৯ ইউনিয়নে মধ্যে মাথাভাঙ্গা  ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ সাধারণ সদস্য -৩৭ সংরক্ষিত সদস্য ১২ জন ,ঘাগুটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ সাধারণ সদস্য-২৯ জন,সংরক্ষিত সদস্য ৯ জন, দুলালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ সাধারণ সদস্য ৩৯ জন,সংরক্ষিত সদস্য ১৩ জন, চান্দেরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ সাধারণ সদস্য ৪১-জন, সংরক্ষিত সদস্য ৯ জন, আছাদপুরে  চেয়ারম্যান ৬ সাধারণ সদস্য ৩৬-জন সংরক্ষিত -১৩জন, নিলখী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ সাধারণ সদস্য ৩৪ জন সংরক্ষিত সদস্য ১২ জন, ভাষানিয়া ইউনিয়নে চেয়ারম্যান ৫ সাধারণ- ৪১ জন সংরক্ষিত ৮- জন, ঘারমোড়া ইউনিয়নে চেয়ারম্যান ৬ সাধারণ সদস্য ৩২ -জন সংরক্ষিত সদস্য ১০ জন, জয়পুর ইউনিয়নে চেয়ারম্যান -৫ সাধারণ সদস্য ২৮ জন সংরক্ষিত সদস্য ১০ জন।
এ দিকে চান্দেরচর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি মো. মোজাম্মেল হক এ ইউনিয়নের  আ’লীগের সভাপতি আবুল বাশার মোল্লা ও সেক্রেটারী মো. আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এবং জয়পুর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছে বর্তমান চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, এ ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস সাত্তার  ও সেক্রেটারী মো.দেলোয়ার হোসেন ধনু  স্বতন্ত্র প্রার্থী হিসাবে  মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এছাড়া  দুলালপুর ইউনিয়নে মো. হাবিবুর রহমান ও আছাদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ভুরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সানিয়া (৪)। সে উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী গ্রামের মোঃ রফিকুল ইসলামের মেয়ে ।

জানা গেছে, মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল ১১ টার দিকে শিশুটি তার মাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মাদার ক্লিনিকে চিকিৎসা নিতে আসে। এসময় হঠাৎ করে শিশুটি রাস্তায় গেলে চলন্ত ভটভটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য মুমুর্ষ অবস্থায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ‍্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা ভটভটি আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ভটভটি থানায় নিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।