রাণীশংকৈলে ইউপি নির্বাচনী আইনশৃঙ্খলা বিষয়ক সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার ২ নভেম্বর বিকেলে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও সহকারী কমিশনার (ভূমি)  ইন্দ্রজিৎ সাহা।
এছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুরুষ ও মহিলা সদস্য পদপ্রার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- সিনিয়র সহকারি পুলিশ কমিশনার সার্কেল তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার নূর-ই আলম, ওসি এসএম জাহিদ ইকবাল, চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম, এনামুল হক, লোকমান আলী,  হামিদুর রহমান, বকুল হোসেন, গোলাম রব্বানী, সদস্য মরিয়ম বেগম, আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কাসেম প্রমুখ।
পুলিশ সুপার ও জেলা প্রশাসক তাদের বক্তব্যে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্বাচনী বিধিসমূহ মেনে চলার জন্য প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন।

আজ ৩রা নভেম্বর জেলহত্যা দিবস

সিএনবিডি ডেস্কঃ আজ ৩রা নভেম্বর সুরক্ষিত কারাগারে বর্বরোচিত হত্যাকাণ্ডের দিন, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের পর আজকের এই দিনে কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকাবস্থায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর দেশের ইতিহাসে দ্বিতীয় কলঙ্কজনজ দিন ৩রা নভেম্বর।

জেলহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বাণীতে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার পাশাপাশি জাতিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতা বিরোধীচক্র কারাবন্দী অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। ঘাতকচক্রের উদ্দেশ্য ছিল দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসন উত্থানের পাশাপাশি নতুন প্রজন্মের চেতনা থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলা। কিন্তু ঘাতকচক্রের সেই উদ্দেশ্য সফল হয়নি। তিনি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার আদর্শ অম্লান থাকবে। বঙ্গবন্ধু সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। এটাই হোক জেলহত্যা দিবসে অঙ্গীকার।

জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা কারাগারের অভ্যন্তরে এ ধরনের বর্বর হত্যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। প্রধানমন্ত্রী বলেন, কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতার হত্যাকাণ্ড ছিল বঙ্গবন্ধু পরিবারের বেশির ভাগ সদস্যসহ হত্যার ধারাবাহিকতা। বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চার নেতার জঘন্য হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি ও দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। ঘাতকদের উদ্দেশ্যই ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ভেঙে আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র ও আইনের শাসনের ধারা সমুন্নত রাখা এবং সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের সুদৃঢ় অঙ্গীকার।

জাতি আজ মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টি স্মরণ করবে। আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে পালিত হচ্ছে শোকাবহ এই দিনটি।

কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ক্ষণে বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ। সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ৯টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহত ও কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মুনাজাত।

রাজশাহীতে জাতীয় নেতা কামারুজ্জামানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মুনাজাত অনুষ্ঠিত হবে। এ ছাড়াও বেলা ১১টায় জেলহত্যা দিবস উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের আলোচনা সভা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সব সাংগঠনিক জেলা, উপজেলা, ইউনিয়ন শাখা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণকে যথাযথ মর্যাদা ও শোকাবহ পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে জেলহত্যা দিবস পালনের আহ্বান জানিয়েছেন।

ভুরুঙ্গামারীতে নদী দখল-দূষণ মুক্ত রাখার দাবীতে গ্রীন ভয়েসের মানববন্ধন

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নদী দখল-দূষণ মুক্ত ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবীতে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস ভুরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গেল সোমবার বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের সোনাহাট সেতুর পশ্চিমপাড়ে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস ভুরুঙ্গামারী উপজেলা শাখার টিম লিডার শামিম রানা, রোকনুজ্জামান রোকন, শাহিন, রানা, খাদেমুল, নয়ন সহ স্থানীয় জনসাধারন। মানববন্ধনে নদী ভাঙন রোধ ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবী জানানো হয়।

গ্রীন ভয়েস ভুরুঙ্গামারী উপজেলা শাখার টিম লিডার শামিম রানা জানান, দেশের প্রায় প্রত্যেক জেলা উপজেলার ন্যায় গ্রীন ভয়েস ভুরুঙ্গামারী উপজেলা শাখার সবুজ সহযোদ্ধাদের নিয়ে আগামী এক বছর নদী রক্ষায় এ মানববন্ধন কর্মসূচী অব্যাহত থাকবে।

বিশ্ব নেতাদের কাছে ট্রাম্পের কর্মকান্ডের জন্য ক্ষমা চাইলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ স্কটল্যান্ডের গ্লাসগোতে ঐতিহাসিক  কপ-২৬ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প প্রশাসনের প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার জন্য বিশ্ব নেতাদের কাছে ক্ষমা চেয়েছেন। এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

জো বাইডেন বলেন, বিগত প্রশাসনের ওই পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে আমি খুবই লজ্জিত। ওই সিদ্ধান্ত আমাদের যেই জলবায়ু লক্ষ্যমাত্রা ছিল তা অর্জন করা থেকে পিছিয়ে দিয়েছে।

তিনি বলেন, ‘আমি মনে করি আমার ক্ষমা চাওয়া উচিত নয়, তবে আমি এই সত্যের জন্য ক্ষমাপ্রার্থী যে সাবেক মার্কিন প্রশাসন প্যারিস চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল।’

জলবায়ু বিপর্যয় এড়ানোর আহ্বানের মধ্য দিয়ে রবিবার গ্লাসগোতে শুরু হওয়া এ সম্মেলনে অংশ নিয়েছেন প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা। সেখানে তারা পৃথিবীর সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয় নিয়ে আলোচনা করবেন।

বিশ্ব সুখী দেশের সূচকে প্রতিবেশী সব দেশকে পেছনে ফেলল বাংলাদেশ

জাতীয় ডেস্কঃ দক্ষিণ এশিয়ায় আমাদের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও মিয়ানমারকে টপকে বিশ্বে সুখী দেশের তালিকায় ৬ধাপ এগিয়েছে বাংলাদেশ।

কান্ট্রিইকোনোমি.কম বিশ্বের শতাধিক দেশে জরিপ চালিয়ে মোট ১৪৯টি সুখী দেশের তালিকা-২০২১ প্রকাশ করেছে। এ বছরের তালিকার নতুন এই সূচকে গত বছরের তুলনায় ৬ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১০১ তম। যেখানে ২০২০ সালে বাংলাদেশ ছিল ১০৭ তম অবস্থানে। আর ২০১৯ থেকে ২০২০ সালে বলতে গেলে এক লাফেই এগিয়েছিল বাংলাদেশ। যেখানে  ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২৫ তম।

এ বছরের ১৪৯টি সুখী দেশের তালিকায় প্রথম অবস্থানে আছে ফিনল্যান্ড। এছাড়া ভারত ১৩৯তম, পাকিস্তান ১০৫তম, শ্রীলংকা ১২৯তম ও মিয়ানমার ১২৬তম স্থানে অবস্থান করছে। তবে এই তালিকায় তলানিতে গিয়ে অবস্থান ঠেকেছে রাজনৈতিকভাব বিধ্বস্ত দেশ আফগানিস্তানের।

তালিকাটি মূলত বেশ কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে করা হয়। এরমধ্যে একটি দেশে আইনের শাসন, জনগণের মাথাপিছু আয় ও জীবন ধারণের মানসহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকে। এসব কিছুর ওপর ভিত্তি করে বিভিন্ন দেশকে নির্দিষ্ট পয়েন্ট দেয়া হয়। আর এর মাধ্যমেই তালিকার ক্রম সাজানো হয়ে থাকে।

প্রসঙ্গত, ২০২১ সালের এই তালিকায় বাংলাদেশ পেয়েছে ৫.০২৫ পয়েন্ট। আর ২০২০ সালে ৪.৮৩৩ এবং ২০১৯ সালে বাংলাদেশের দখলে ছিল ৪.৪৫৬ পয়েন্ট।

ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাশ মাত্র ১৬.৮৯ শতাংশ

শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ, ৮৩ শতাংশ ফেল ।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

আজকের ফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, খ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনসহ প্রমুখ।

এবার ঢাবির ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে আবেদন করেন ৪৭ হাজার ৬৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪১ হাজার ৫২৪ জন।

উল্লেখ্য, গত ২ অক্টোবর ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা হয়।

আজ বিকালে দক্ষিণ আফ্রিকার সাথে মুখোমুখি হবে টাইগাররা

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে টাইগারদের চতুর্থ ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যাদের বিপক্ষে টি-ফরম্যাটে কোনো জয়ই নেই টাইগারদের। দল হিসেবে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও, এবারের দেখায় ইতিহাসটা বদলাতে চায় বাংলাদেশ। যদিও সুপার টুয়েলভে নিজেদের তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তবে কাগজে কলমের হিসেবে সেমিফাইনাল খেলার আশা থাকলেও বাস্তবতা হচ্ছে আগামী দুই ম্যাচ জিতলেও সেমিফাইনালে খেলার কোনো আশাই নেই বাংলাদেশের।

এদিকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা সঠিক পথে আছে। তিন ম্যাচের দুটি জিতেছে প্রোটিয়ারা। ফেভারিট হিসেবে এই ম্যাচ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। কারণ হেড টু হেডে বাংলাদেশের বিপক্ষে তাদের একচ্ছত্র আধিপত্য। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের দেখা হয়েছে মাত্র ছয়বার। আগের দেখায় প্রত্যেকবার জিতেছে প্রোটিয়ারা। মানে বাংলাদেশ ৬-০ তে পিছিয়ে। বিশ্বকাপে একবারই দেখা হয়েছিল দুই দলের। ২০০৭ সালে প্রথম আসরে কেপ টাউনে ওই ম্যাচে ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে ইনজুরির ধাক্কায় বড় ভরসা সাকিব আল হাসানও ছিটকে গেছেন। এখন পাওয়া-না পাওয়ার সমীকরণ, পিছুটান, হারানোর আসলে কিছুই নেই।

আজ বলিউড কিং শাহরুখ খানের শুভ জন্মদিন

বিনোদন ডেস্কঃ “তুম পাস আও, কিউ মুস্কোরাও” গানে দেখতে পাওয়া সবার প্রিয় রাহুলের (শাহরুখ খান) আজ জন্মদিন। না শুধু মুভিতে না বাস্তবেও অনেক রোমান্টিক কিং খান। বলিউড কাপিয়ে বেড়ানো এই কিং খান আজ মঙ্গলবার (২ নভেম্বর) ৫৬ বছরে পা রাখলেন। ১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লীতে জন্মগ্রহণ করেন বলিউডের কিংখান খ্যাত এই অভিনেতা।

দিল্লীর থিয়েটার একশন গ্রুপের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু হয় কিং খানের। এরপর ন্যাশনাল স্কুল অব ড্রামাতে পড়াশোনা। প্রধান চরিত্রে তাঁর প্রথম কাজ ছিল লেখ ট্যান্ডনের টেলিভিশন ধারাবাহিক ‘দিল দরিয়া’। ১৯৮৮ সালে ধারাবাহিকটির শুটিং শুরু হয়, কিন্তু নির্মাণ-বিলম্বের কারণে ১৯৮৮ সালে রাজকুমার কাপুর পরিচালিত ‘ফৌজি’ টেলিভিশন ধারাবাহিকে অভিনেতা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। বলিউডে ১৯৯২ সালে ‘দিল আশনা হেয়’ চলচ্চিত্র দিয়ে তাঁর অভিষেক হলেও প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার।

কর্মজীবনের শুরুর দিকে খল চরিত্রে ‘ডর’, ‘বাজিগর’ ও ‘আনজাম’ সিনেমায় অভিনয় করে পরিচিতি লাভ করেন। এরপর তিনি বাণিজ্যিকভাবে অসংখ্য সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং চলচ্চিত্রের জগতে বাদশাহ খেতাব পান তিনি। তাঁর সফল সিনেমা রয়েছে অসংখ্য। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫), ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭), ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮), ‘বাদশাহ’ (১৯৯৯), ‘মোহাব্বতেন’ (২০০০) ও ‘কাভি খুশি কাভি গম’ (২০০১), ‘দেবদাস’ (২০০২) ইত্যাদি।

এছাড়া, স্বদেশ, ভিরজারা, ডন, চাক দে ইন্ডিয়া, ওম শান্তি ওম, রা ওয়ান, জাব তাক হেয় জান, চেন্নাই এক্সপ্রেস, ফ্যান, রইস, জিরোর মত জনপ্রিয় সব চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে ১৪ বার পেয়েছেন ফিল্ম ফেয়ার পুরস্কার। ভারত সরকারের পদ্মশ্রী, ফ্রান্স সরকারের অদ্র দে আর্ত এ দে লেত্র সম্মাননার পাশাপাশি পৃথিবীর পাঁচটি সেরা বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শাহরুখ।

তবে পুরস্কার ও সম্মাননার চেয়েও বেশি জিতেছেন দর্শকদের হৃদয়। আর আজকের এই দিনের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকেন শাহরুখ-ভক্তরা। সন্ধ্যা থেকে জড়ো হন শাহরুখের মুম্বাইয়ের বাসভবন মান্নাতের সামনে। দীর্ঘ অপেক্ষার পর শাহরুখ এসে হাত নেড়ে জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন।

কিন্তু প্রায় এক মাস বড় ছেলে জেলে থাকার পর ঘরে ফিরলেও ঘটা করে এবার জন্মদিন পালন করছেন না কিং খান। নভেম্বরে ছেলে জেলে থাকাকালে স্ত্রী গৌরী খানের জন্মদিন ও এ যুগলের বিবাহবার্ষিকী উদযাপন হয়নি। অবশ্য দুঃসময় কেটেছে। ছেলে কারাগার থেকে ফিরেছেন।

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ পিরানহা মাছ ধংস করল ভ্রাম্যমাণ আদালত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। এই মাছ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, সোমবার (০১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট বাজারের পাশে একতা মাছের আড়তে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা অভিযান চালিয়ে ১০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ উদ্ধার করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী, স্যানিটারি ইন্সিপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবু বক্কর সিদ্দিক। পরে উদ্ধারকৃত পিরানহা মাছ উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী বলেন, পিরানহা মাছ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক। এটি রাক্ষসী মাছ হিসেবে পরিচিত। তাই এ ক্ষতিকারক মাছ চাষ ও বিক্রি নিষিদ্ধ । ক্ষতিকারক পিরানহা মাছ সম্পর্কে জনসচেতনা সৃষ্টিতে হাটবাজারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা বলেন, মাঝে মধ্যে বাইরের এলাকা থেকে এক শ্রেণির ব্যবসায়ী অধিক মুনাফার লোভে উপজেলার বিভিন্ন হাটবাজারে রূপচাঁদা বলে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে প্রতারণা করে আসছে। এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

কুড়িগ্রামে দাদার শেষকৃত্যের পরেই বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দাদার শেষকৃত্য সম্পন্নের পর সমাধিস্থলে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশতঃ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রামকৃষ্ণ ঝিনুক (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার গভীর রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে এ দুর্ঘটনা। নিহত যুবক ওই গ্রামের রঞ্জিত চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাদা হরেকান্ত রায়ের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা রোববার বিকেলে শুরু হয়ে রাতে শেষ হয়। দাদার সমাধিস্থল আলোকিত করার জন্য রামকৃষ্ণ ঝিনুক বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় সকেট সেটিং করতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। একই দিনে পরিবারে দুই জনের মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারসহ ঐ এলাকায়  শোকের ছায়া নেমে আসে।
রাজারহাট থানার ওসি রাজু সরকার বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, এ বিষয়ে  থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।