নবাবগঞ্জে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে ইউ,পি নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরে দলীয় কার্যলায় থেকে উৎসব মুখর পরিবেশে নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত নৌকা মার্কার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ১নং জয়পুর ইউনিয়নের মোঃ আইনুল হক চৌধুরী, বিনোদনগর ইউনিয়নের মোঃ সানোয়ার হোসেন মন্ডল, ৪নং শালখুরিয়া ইউনিয়নের মশিউর রহমান, ৫নং পুটিমারা ইউনিয়নের সরোয়ার হোসেন, ৬নং ভাদুরিয়া ইউনিয়নের বাবুল আহসানুল কবীর(শামীম), মাহমুদপুর ইউনিয়নের আমির হোসেন, ৯নং কুশদহ ইউনিয়নের আবু সাহাদত মোহাম্মাদ সায়েম আলী স্ব-স্ব রির্টানিং অফিসারের নিকট তাদের মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক শাহ আলমগীর, স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় প্রার্থীরা স্ব-স্ব ইউনিয়নে জয়ের আশা ব্যক্ত করেন।

ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৩০ ডাকাত

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে ব্যাংক ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের আগাম অভিযানে নিহত হয়েছে সংঘবদ্ধ ব্যাংক ডাকাতি চক্রের ৩০ জন সদস্য। স্থানীয় সময় গতকাল রবিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাইস গেরাইসের ভারগিনহা শহরে এ ঘটনা ঘটে।

ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ জানায়, শহরটির বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ও এটিএম বুথে ডাকাতি করতে পাশ্ববর্তী দুটি খামারে জড়ো হন বেশ কয়েকজন অপরাধী। এমন খবরে ওই খামারে আলাদা অভিযান চালায় পুলিশ। এর মধ্যে একটি খামারে অভিযানে নিহত হন অপরাধী চক্রের ২৮ সদস্য। অন্য খামারে দুজন নিহত হন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। নিহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য নেই।

অভিযানে ওই দুটি খামার থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে রাইফেল ও গ্রেনেডও রয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে চুরি করে আনা কয়েকটি যানবাহন।

পুলিশ বলছে, ব্যাংক ও এটিএমে ডাকাতি করে পালিয়ে যাওয়ার পথে এসব যানবাহনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের পরিকল্পনা ছিল অপরাধীদের। এ জন্য বিভিন্ন জায়গা থেকে যানবাহনগুলো চুরি করা হয়েছিল।

সুত্রঃ নিউইয়র্ক টাইমস। 

ভারতে কালী প্রতিমা সাজবে ২ কোটি ৮৫ হাজার টাকার স্বর্ণালঙ্কারে!

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের বোলপুরে তৃণমূলের জেলা অফিসের কালী প্রতিমা আড়াই কোটি রুপি অর্থাৎ ২ কোটি ৮৫ হাজার টাকার সোনার গয়নায় সেজে উঠতে চলেছে। ওই কালী প্রতিমায় গয়নার পরিমাণ প্রতি বছর বাড়তে বাড়তে এখন হয়েছে ৫২০ ভরি সোনা। ওই পূজা শুরু হয়েছিল তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে। এখনও পূজার রাশ তার হাতেই।

বোলপুরে তৃণমূলের জেলা দপ্তরের ওই কালী পূজায় প্রতিবারই চমক থাকে। এবার সেখানকার প্রতিমা সেজে উঠছে ৫২০ ভরি স্বর্ণালঙ্কারে। সোনার মুকুট, হার, কানের দুল, হাতের বালা, বাউটি, চূড়, বাজুবন্ধ, নেকলেস, নূপুরসহ নানা রকমের গয়না রয়েছে ওই কালীর।

এত অধিক পরিমাণ সোনার উৎস নিয়ে অনুব্রত বলেন, ‘আমি দেই না, সকলে দেয়। এবার ১৭০ ভরির গয়না দেওয়া হবে। আগে ৩৫০ ভরি ছিল।’

প্রতি বছর বোলপুরে ওই কালী পুজো দেখতে ভিড় জমান অনেকে। কালী প্রতিমার গয়না হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার অলঙ্কারের পরিমাণ বাড়ায় সেই আকর্ষণ আরও জোরালো হবে বলেই মনে করা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার। 

রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “দক্ষ যুবক সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসন ও ইএসডিও প্রেমদ্বীপ প্রকল্পের সহযোগিতায় ১ নভেম্বর সোমবার  জাতীয় যুব দিবস পালিত হয় ।

এ উপলক্ষ্যে এদিন সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা হলরুমে সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সহকারি যুবউন্নয়ন অফিসার নজরুল ইসলাম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম সুজন প্রমুখ।

এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, যুব প্রশিক্ষণার্থীসহ সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন বিধবা মহিলার প্রতিজনকে ১২ টি করে হাঁস পালন করার জন্য দেয়া হয় এবং ইএসডিও’র আয়োজনে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বই বিতরণ ও যুবকর্মিদেরকে চেক প্রদান করা হয়। শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উইন্ডোজ ১১-এ যুক্ত হয়েছে যেসব নতুন ফিচার

প্রযুক্তি ডেস্কঃ প্রায় ৬ বছর আগে মাইক্রোসফট অবমুক্ত করেছিল উইন্ডোজ ১০। আর উইন্ডোজের নতুন সংস্করণ হিসেবে উইন্ডোজ-১১ গত মাসের শুরুর দিকে বাজারে এসেছে। উইন্ডোজের এই নতুন সংস্করণটিতে যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন ফিচার। ইতোমধ্যে বেশ কিছু কম্পিউটারে নতুন এই অপারেটিং সিস্টেম আপডেটের বার্তা জানিয়ে দিলেও এখনো সিংহভাগ কম্পিউটারে উইন্ডোজ ১১ আপডেটের বার্তা আসেনি।

তবে অনেক ব্যবহারকারী সংশয়ে আছে অপারেটিং সিস্টেমে উইন্ডোজ ১০ থেকে উইন্ডোজ ১১তে যাওয়া নিয়ে। অনেকের মনেই অনেক প্রশ্ন জাগছে। কি কি নতুন থাকছে উইন্ডোজ ১১তে? এটি কম্পিউটারে চালাতে হার্ডওয়্যার কনফিগারেশশন কেমন হতে হবে? সব কম্পিউটারে চলবে কিনা?

যদিও উইন্ডোজ ১০ থেকে ১১তে যাওয়ার জন্য ২০২৫ সাল পর্যন্ত সময় পাবেন ইউজাররা, তবে নিজেকে আপডেটেড রাখতে চান টেক স্মার্টরা। উইন্ডোজ ৭ ও ৮ ব্যবহারকারীদের মতো উইন্ডোজ ১০ ব্যবহারকারীরাও বিনামূল্যে উইন্ডোজ ১১-তে আপডেট করতে পারবেন। উইন্ডোজ ১১ আপডেট পেতে কম্পিউটারটিকে কমপক্ষে ৬৪ বিট সিপিইউ, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সংবলিত হতে হবে।

আসুন জেনে নেওয়া যাক উইন্ডোজ ১১-তে নতুন কী কী থাকছে? 

স্টার্ট বাটনঃ উইন্ডোজ ১১-এ রয়েছে নতুন, সহজ ইন্টারফেসসহ সাবলীল সব ফিচার। এর মধ্যে অন্যতম আকর্ষণীয় স্ক্রিনের কেন্দ্রে থাকা স্টার্ট বাটনটি। এই বাটনটি উইন্ডোজের আগের সব ভার্সনে বাঁ পাশে দেখা যেত। অ্যাপলের ম্যাক ওএসের মতো এখন মাঝে থাকায় ব্যবহারকারীরা সহজেই তাদের প্রয়োজনীয় অপশনগুলো খুঁজে নিতে পারবেন।

স্টার্ট বাটনের সঙ্গে ক্লাউড ও মাইক্রোসফট ৩৬৫ এর সমন্বয় করা হয়েছে। ফলে আপনি ওই একই ই-মেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ডিভাইস ও প্ল্যাটফর্মে কাজ করে এখানে ফিরে এসে সেখানে ব্যবহার করা সর্বশেষ ফাইল সামনে দেখতে পাবেন। ফলে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড বা আইওএস বা অন্য কম্পিউটারে কাজ করা সর্বশেষ ডকুমেন্ট সহজেই খুঁজে নিতে পারবেন।

তবে স্টার্ট বাটনটি যদি মাঝে থাকায় অস্বস্তি বোধ করেন, ঘাবড়াবেন না। আপনি চাইলেই এখনকার মতো বাটনটিকে বাঁ পাশে সরিয়ে আনতে পারবেন।

স্ন্যাপ লে আউট, স্ন্যাপ গ্রুপঃ উইন্ডোজ ১১-এর অত্যন্ত চমৎকার সংযোজন স্ন্যাপ লেআউট, স্ন্যাপ গ্রুপের মতো ফিচারগুলো। আগে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হলে একই সময়ে একটির বেশি উইন্ডো ব্যবহার করা যেত না। মাল্টি টাস্কিংয়ের জন্য ‘স্ন্যাপ লেআউট’ নামে নতুন যে সুবিধা দেওয়া হয়েছে উইন্ডোজ-১১তে তা এর আগে অন্য কোনো অপারেটিং সিস্টেমে দেয়নি উইন্ডোজ। এখন নতুন সংস্করণে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো একই সময়ে অনেকগুলো উইন্ডো ব্যবহার করতে পারবেন।

পাশাপাশি ব্যবহারকারীরা একাধিক অ্যাপ পাশাপাশি রেখে একসঙ্গে সাবলীলভাবে কাজ করতে পারবেন। কোন উইন্ডো স্ক্রিনের কতটুকু জায়গা দখল করবে সেটাও নিজের মতো করে নির্ধারণ ও প্রয়োজনে পরিবর্তন করে নিতে পারবেন। আলাদা উইন্ডোর জন্য ব্যবহার করা যাবে আলাদা আলাদা থিম। ফলে, সহজেই নিখুঁতভাবে একসঙ্গে অনেক কাজ করা যাবে। বাড়বে কাজের গতি।

ডেস্কটপঃ উইন্ডোজ ১১ আপনাকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিন্ন ভিন্ন লেবেলযুক্ত একাধিক ডেস্কটপ তৈরি করতে দেবে।

উদাহরণস্বরূপ, আপনি আপনার শপিংয়ের তালিকা এবং ব্যক্তিগত ই-মেইল দিয়ে একটি ডেস্কটপকে ‘হোম’ হিসেবে তৈরি করে রাখতে পারবেন আবার স্প্রেডশিট, স্ল্যাকস এবং অন্যান্য তালিকা সাজিয়ে আরেকটি ডেস্কটপকে ‘ওয়ার্ক’ হিসেবে আলাদা সাজাতে পারবেন।

উইজেটসঃ উইজেটসের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। উইজেটসে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহূত হয়েছে। ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী নির্ধারিত তথ্য নিউজ ফিডে দেখাবে। নতুন উইন্ডোজে মাইক্রোসফট এজের মাধ্যমে আরও স্বচ্ছন্দে ব্রাউজ করা যাবে। মাইক্রোসফটের মেসেজিং অ্যাপ, মাইক্রোসফট টিমসকে উইন্ডোজ ১১-এর সঙ্গে যুক্ত করা হয়েছে। ক্যালেন্ডার, ট্রাফিক, খবর বা খেলাধুলা- সবকিছুর জন্যই নতুন উইজেটস যুক্ত হয়েছে উইন্ডোজ ১১তে।

মাইক্রোসফট স্টোরঃ উইন্ডোজ ১১-এর সঙ্গে রয়েছে একেবারেই নতুন মাইক্রোসফট স্টোর, যা বৈচিত্র্য এবং ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নতুনভাবে তৈরি করা হয়েছে। এতে রয়েছে ফার্স্ট ও থার্ড পার্টি অ্যাপের বিস্তৃত ক্যাটালগ। থাকছে আরও সুন্দর ডিজাইন ও ডেভেলপারদের আকৃষ্ট করার মতো সব ফিচার।

কম্পিউটারে অ্যান্ড্রয়েডের অ্যাপঃ অ্যান্ড্রয়েডের অ্যাপ কম্পিউটারে না পাওয়ার আক্ষেপ ঘুচিয়ে দেবে উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের। প্রথমবারের মতো অ্যান্ড্রয়েডের অ্যাপগুলোও এখন থেকে মাইক্রোসফট স্টোরে পাওয়া যাবে। এই অসাধারণ ব্যাপারটি সম্ভব হয়েছে মাইক্রোসফট ও অ্যামাজনের পার্টনারশিপের মাধ্যমে।

এখন থেকে অ্যামাজন অ্যাপ স্টোরে থাকা অ্যান্ড্রয়েড অ্যাপগুলো সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারবে নতুন উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা।

অ্যাপ অ্যাসিউরঃ উইন্ডোজ ১০-এর মতোই উইন্ডোজ ১১-তেও অ্যাপ অ্যাসিউরের মাধ্যমে অ্যাপের সামঞ্জস্য বজায় রাখতে বরাবরের মতো প্রতিশ্রুতিবদ্ধ মাইক্রোসফট। অ্যাপ অ্যাসিউরের মাধ্যমে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই ১৫০ বা তারও বেশি অ্যাপবিষয়ক সমস্যার সমাধান করবে প্রতিষ্ঠানটি।

সুরক্ষাঃ অনলাইন ও অফলাইনে কাজের সমন্বয় করতে এবং সুরক্ষিত অপারেটিং সিস্টেম নিশ্চিত করতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে উইন্ডোজ ১১। এতে বিল্ট ইন সুরক্ষা প্রযুক্তি রয়েছে এবং বিভিন্ন ডিভাইস ব্যবহারে ও তথ্য সুরক্ষিত রাখতে রয়েছে জিরো ট্রাস্ট রেডি অপারেটিং সিস্টেম।

নতুন গেমিং প্রযুক্তিঃ উইন্ডোজ ১১ সিস্টেম হার্ডওয়্যারের কিছু পরিবর্তন আনছে। ফলে উইন্ডোজ সাম্প্রতিক কিছু গেমিং প্রযুক্তি এখন সমর্থন করবে। উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দিতে যুক্ত করেছে ডিরেক্টএক্স ১২ আলটিমেট। এখানে ব্যবহারকারীরা উচ্চ ফ্রেম রেটে অসাধারণ উন্নতমানের গ্রাফিক্স উপভোগ করতে পারবেন।

এ ছাড়া ডিরেক্ট স্টোরেজ লোডিং সময় আরও কমিয়ে আনবে ফলে গেমিং দুনিয়ায় আরও সহজে বিচরণ করতে পারবেন। আরও থাকছে একশর বেশি উচ্চমানসম্পন্ন কম্পিউটার গেম ও নতুন গেম খেলার সুযোগ। তবে তা পেতে গেলে পিসির জন্য এক্সবক্স গেম পাস বা আলটিমেট ক্রেতাদের একজন হতে হবে।

টাস্কবারের সঙ্গে মাইক্রোসফট টিমসঃ 
টাস্কবারের সঙ্গে মাইক্রোসফট টিমসের সমন্বয় করা হয়েছে। ফলে উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা কম্পিউটারের মাধ্যমে তাদের প্রিয়জনদের সঙ্গে আরও সহজে যোগাযোগ করতে পারবেন।

টেক্সট, চ্যাট, ভয়েস অথবা ভিডিওর মাধ্যমে উইন্ডোজ, অ্যান্ড্রয়েড কিংবা আইওএসে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে। আলাদা কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না। টিমস অ্যাপ ব্যবহার করে না এমন কারও সঙ্গে যোগাযোগ করার জন্য আছে টু-ওয়ে-এসএমএস সার্ভিস। ব্যবহারকারীরা টাস্কবার থেকে সরাসরি টিমস নিয়ন্ত্রণ করতে পারবেন।

ডেভেলপারদের জন্যঃ
মাইক্রোসফটের উইন্ডোজ ১১-এর মাধ্যমে ক্রিয়েটর ও ডেভেলপারদের জন্য আরও উন্মুক্ত ইকোসিস্টেম তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ডেভেলপাররা ব্যবহারকারীদের জন্য আরও অনেক বেশি অ্যাপ, গেম, মুভি, টিভি শো এবং ওয়েব কনটেন্ট তৈরি করতে পারবেন। ডেভেলপার ও স্বাধীন সফটওয়্যার ভেন্ডরস অ্যাপ (আইএসভিএস) তাদের অ্যাপগুলো মাইক্রোসফট স্টোরে আনতে পারবেন। এ ক্ষেত্রে উইন৩২ কিংবা প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ (পিডব্লিউএ) ফ্রেমওয়ার্ক কোনো বাধা হবে না। মাইক্রোসফটের রেভিনিউ শেয়ার নীতি পরিবর্তনের ফলে ডেভেলপাররা তাদের শতভাগ ব্যবসায়িক রেভিনিউ পাবেন। অ্যাপ ডেভেলপাররা এখনও ৮৫/১৫ রেভিনিউ শেয়ারে মাইক্রোসফটের বাণিজ্যিক ইকোসিস্টেম ব্যবহার করতে পারবেন। মাইক্রোসফট এটাকে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন মনে করছে।

অন্যান্যঃ
বড় সাইজের স্ক্রিন যুক্ত ডিভাইসের জন্য উইন্ডোজ ১১ উন্নতমানের প্রযুক্তি নিয়ে কাজ করছে। এ ছাড়া উন্নতমানের ভয়েস টাইপিং ফিচারও আসতে যাচ্ছে উইন্ডোজ ১১তে। যুক্ত হয়েছে অটো এইচডিআর, যার ফলে আরও ভলো গেমিং উপভোগ করতে পারবেন উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা।

আগামী বছরের ৩০ জুন পর্যন্ত নিষিদ্ধ হলো জাটকা শিকার

সিএনবিডি ডেস্কঃ আজকের জাটকাই আগামী দিনের রুপালি ইলিশ। তাই আজ ১লা নভেম্বর থেকে ৮ মাসের জন্য ইলিশের উৎপাদন বাড়াতে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ অভিযান। এখন থেকে জাটকা শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত দেশে জাটকা শিকার, সংগ্রহ, মজুত কিংবা বিক্রয়ের ওপর সরকার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সময় জেলেরা যাতে জাটকা শিকার না করে সেজন্য তাদেরকে বিশেষ ভিজিএফ দেয়ার ব্যবস্থা করেছে সরকার।

এছাড়া সরকারের এ নিষেধাজ্ঞা মেনে জেলেদের জাটকা ধরা থেকে বিরত রাখতে চলছে সচেতনতামূলক কার্যক্রম। পাশাপাশি আইন অমান্যকরীদের বিরুদ্ধে পরিচালনা করা হবে সমন্বিত অভিযান।

মৎস্য অধিদপ্তরের বরিশাল দপ্তরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ২৫ সেন্টিমিটার পর্যন্ত আকারের (প্রায় ১০ ইঞ্চি) ইলিশকে জাটকা হিসেবে গণ্য করা হয়। নদনদীতে গত তিন-চার মাসের মধ্যে যেসব মা ইলিশ ডিম ছেড়েছে, তাতে জন্ম নেওয়া ইলিশের আকৃতি এখন ২৫ সেন্টিমিটারের মধ্যেই আছে। জন্মের পর থেকে এক বছর বেঁচে থাকতে পারলে সেটি কমপক্ষে ১২ ইঞ্চি বা এক ফুট আকৃতির বড় ইলিশে পরিণত হবে। এ জন্য প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা নিধনে আট মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় জেলেরা ৫ দশমিক ৬ সেন্টিমিটার কম ফাঁসের জাল ব্যবহার করলে জেল-জরিমানা করা হবে।

চাঁদপুর ইলিশ গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আনিছুর রহমান বলেন, মা ইলিশ সারা বছরই ডিম দেয়। তবে ৮০ শতাংশ ইলিশ ডিম ছাড়ে আশ্বিনের পূর্ণিমায়। এ জন্য প্রতি বছর আশ্বিনের পূর্ণিমা ও অমাবস্যার মাঝের ২২ দিন ইলিশ নিধন বন্ধ রাখা হয়। এ বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৫ অক্টোবর।

এদিকে অভ্যন্তরীণ নদনদীতে শুধু জাটকা নিধন নিষিদ্ধ হলেও পটুয়াখালীর আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটারের অভয়াশ্রমে রোববার মধ্যরাত থেকে আগামী ৩১ জানুয়ারি টানা তিন মাস ইলিশ নিধন পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। অন্য মাছ ধরার অজুহাতে ইলিশ নিধন বন্ধ করতে অভয়াশ্রমভুক্ত নদীতে নামতে পারবেন না জেলেরা। আগামী মার্চ ও এপ্রিলজুড়ে একই ধরনের নিষেধাজ্ঞা অপর পাঁচটি অভয়াশ্রমে পালিত হবে। এ ছাড়া অন্যান্য মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধিতে গভীর সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে আগামী বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত।

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় দপ্তরের সহকারী পরিচালক নাজমুস সালেহীন বলেন, আট মাসের নিষেধাজ্ঞা পালনের জন্য জেলেদের প্রণোদনা হিসাবে প্রতি মাসে ৪০ কেজি করে চার মাসে ১৬০ কেজি চাল সহায়তা দেওয়া হয়। বরিশাল বিভাগে তালিকাভুক্ত জেলে রয়েছেন তিন লাখ ৯৩ হাজার ১৯১ জন। গত বছর চাল সহায়তা পেয়েছিলেন দুই লাখ ৩২ হাজার ৭১ জন জেলে। এবারও তারা এ সহায়তা পাবেন।

নওগাঁর আত্রাইয়ে ১লা নভেম্বর জাতীয় যুব দিবস-২০২১ পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ “ দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গ বন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিস, আত্রাই, নওগাঁ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আজ সোমবার (১ নভেম্বর) সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে এর আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আহসান গঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার ইলিয়াস হোসেন,আব্দুস সালাম,উপকার ভোগী শফিকুলইসলাম প্রমূখ।

আলোচনা শেষে ১৫জন যুব ও যুব মহিলার মাঝে প্রকল্প ভিত্তিক ৬লাখ ৫০হাজার টাকার লোনের চেক বিতরন এবং ৬০জন প্রশিক্ষার্থীর মাঝে সনদপত্র এবং বিভিন্ন ফলজ গাছ বিতরণ করা হয়।

ডিমের সম্পুর্ণ পুষ্টিমান অক্ষুণ্ণ রাখতে যে ভাবে খাওয়া উচিত

লাইফস্টাইল ডেস্কঃ ডিম প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পরিচিত। রোজ একটি করে ডিম খাওয়ার কথা অনেক চিকিৎসকই বলেন। চিকিৎসকদের মতে, বেশিরভাগ পুষ্টিকর উপাদান প্রাকৃতিকভাবে যেসব খাবারে সবচেয়ে বেশি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল ডিম। যার জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকায় ডিম রাখার বিকল্প নেই।

চীনে প্রায় ৫ লাখ লোকের ওপর এক গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা বলছেন, প্রতিদিন একটা করে ডিম খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমতে পারে। ডিম থেকে শারীরিক উপকার পেতে হলে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে।

যদিও ডিমের কুসুমে অধিক মাত্রায় কোলেস্টেরল থাকে, তাই যাদের হার্ট ডিজিজ রয়েছে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি তাদের জন্য ডিমের কুসুম ক্ষতিকর এরকম একটা ধারণা ছিল আগে। কিন্তু বর্তমানে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে, ডিমের কুসুম থেকে যে কোলেস্টরেল পাওয়া যায় তা রক্তের কোলেস্টেরলের মাত্রা বাড়ায় না।

ডিমে ফলেট, কোলিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, লেটিইন এবং জি-অ্যাকজানথাইন থাকে। অনেকেই কুসুম ছাড়া ডিম খান কিন্তু কুসুমসহ ডিম ক্ষতিকর নয়।

কিন্তু ডিম আসলে কীভাবে খাওয়া উচিত? কোনভাবে ডিম রান্না করে খাওয়া শরীরের জন্য সবচেয়ে ভালো আর কীভাবে ডিম খাওয়া শরীরের জন্য কম ভালো? তা কি কেউ জানেন? 

সাধারণত কেউ ডিম সেদ্ধ করে খান, কেউ খান ভেজে। সেই সেদ্ধরও আবার হয় নানা ধাপ। কেউ পুরো সেদ্ধ করে খান, কেউ অর্ধেক। কেউ কেউ আবার একটু লবণ মিশিয়ে কাঁচাই খেয়ে নেন ডিম। শরীরচর্চার ফাঁকে বিভিন্ন ফল-সবজি দিয়ে বানানো স্মুদিতে ঢেলে দেন দুটি কাঁচা ডিম।

একটি গবেষণায় দেখা গেছে, কাঁচা ডিম খাওয়াই সবচেয়ে খারাপ। তাতে শরীরের ক্ষতি হয়, এমন নয়। কিন্তু তুলনায় কম পুষ্টি যায় শরীরে। ডিমের সব প্রোটিন ভালোভাবে পায় না শরীর, যদি তা রান্না না করা হয়। অনেকে ডিম বেক করেও খান। সকালে ওভেনে বসিয়ে দেন ডিম। কিন্তু এতে বাকি সব পুষ্টিগুণ থাকলেও বেশিক্ষণ তাপে থেকে ভিটামিন ডির মাত্রা কিছুটা কমে যায়। তাই সাধারণভাবে সেদ্ধ করে কিংবা হাল্কা তেলে অল্প ভেজে ডিম খেলে শরীরের অনেক বেশি উপকার হয় বলেই দেখা গেছে গবেষণায়।

আসুন জেনে নিই ডিম হাল্কা ভেজে বা ওমলেট করে কিংবা সিদ্ধ করে খেলে কি কি পুষ্টিগুণ পাওয়া যেতে পারে? 

ডিমের ওমলেটে এ রয়েছে ৯০% ক্যালরি, ৬.৮ গ্রাম ফ্যাট, ২ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট, ১০% ফসফরাস।

আর সেদ্ধ ডিমে রয়েছে ৭৮ % ক্যালরি, ৬.৩% গ্রাম প্রোটিন, ৫.৩% গ্রাম ফ্যাট, ০.৬% গ্রাম কার্বহাইড্রেট, ১.৬% গ্রাম স্যাচুরেটেড ফ্যাট, ১২.১০% ভিটামিন ‘বি’, ৯% ফসফরাস।

তবে বেশিরভাগ পুষ্টিবিদ ডিমের ওমলেট না করে খাবার পরামর্শ দেন কারণ ডিম যে তেলে ভাজা হয়, তার মধ্যেকার স্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। আর ব্লাডপ্রেশারের সমস্যা থাকলে এটি খাওয়া থেকে বিরত থাকতে হবে।

ডিমের সাথে কোন কোন খাবার খাওয়া উচিত নয়? 

ডিমের সঙ্গে এমন অনেক খাবার যেমন কলা, মধু, লেবু, টক দই একসঙ্গে খাওয়া উচিত নয়। এতে বদহজমসহ পেটের নানাবিধ সমস্যা হয় বলে মত দিয়েছেন অনেক বিশেষজ্ঞরা।

ডিমের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে কীভাবে সংরক্ষণ করবেন?

ডিমকে ভাল রাখতে ফ্রিজে রাখুন। ডিম বাক্সের ভেতরে থাকলে ডিমের সাদা অংশ তিন সপ্তাহ পর্যন্ত ভাল থাকে। কিন্তু ডিমের কুসুম ভাল থাকে তিনদিন। ফ্রিজে ডিমের সাদা ও কুসুম ভাল থাবে তিন মাস পর্যন্ত।

নাগেশ্বরীতে স্ত্রীর চায়ের দোকান থেকে স্বামী মরদেহ উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীর চায়ের দোকান থেকে স্বামী হযরত আলী (৫৫)’ র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলার নাগেশ্বরী পৌরসভার পয়রাডাঙ্গা দাদামোড় এলাকায় বাড়ির অদূরে থাকা স্ত্রীর চায়ের দোকান থেকে মরদেহটি উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়।

হযরত আলীর স্বজন এবং স্থানীয়রা জানান, পয়রাডাঙ্গা গ্রামের মৃত আছমত আলীর ছেলে হযরত আলী পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী। ভ্যানগাড়িতে গ্রামে গ্রামে ঘুরে ফেলে দেওয়া জিনিস কিনে মহাজনের কাছে বিক্রি করেন। তার দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম বাড়ির পাশে দাদামোড়ে একটি চায়ের দোকান চালান।শনিবার সন্ধ্যায় ওই চায়ের দোকানের যান হযরত আলী। পরে রাত দুটার দিকে স্বজনদের মোবাইল ফোনে তার মৃত্যুর কথা জানান ফিরোজা বেগম।

হযরত আলীর বোনের ছেলে (ভাগিনা) সোলায়মান রনি জানান, রাত দুইটায় মামি ফিরোজা বেগমের ফোন পাই। ফোনে তিনি জানান, তার মামা (হযরত) রাত ১১টায় অসুস্থ হয়ে পড়ে এবং ২টার কিছু আগে মারা যায়। আমরা এসে দেখি চায়ের দোকানে একটি টেবিলের ওপর পড়ে আছে মামার দেহ। মামার মৃত্যু আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে।

হযরত আলীর ভাইয়ের ছেলে (ভাতিজা) মতিয়ার রহমান জানান, বেশ কিছুদিন থেকে চাচির অন্য লোকের সঙ্গে অনৈতিক সম্পর্ক আছে এমন সন্দেহে চাচা ও চাচির মধ্যে ঝগড়া চলছিল। এই জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবিউল হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমলগঞ্জে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে এক ব্যবসায়ীকে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল রোববার (৩১ অক্টোবর) বেলা ২ ঘটিকার দিকে চৈত্রঘাট বাজার এ ঘটনাটি ঘটে। নাজমুল হাসান কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকার লকুস মিয়ার ছেলে বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা নাজমুলকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০শয্যা সদর হাসপাতালে পাঠালে অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ডা: পরামর্শ ক্রমে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তিনি মারা যান।

কমলগঞ্জ থানার (ওসি তদন্ত) সোহেল রানা জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে যারা এ ঘটনার সাথে সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আসামিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।