রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ!

রৌমারী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন শ্রেণির ১৬০০ কেজি সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে চরশৌলমারী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয়ের গত প্রায় আট বছরে জমা হওয়া এক হাজার ৬০০ কেজি পুরাতন ও নতুন সরকারি পাঠ্যবইগুলো স্থানীয় এক ব্যবসায়ীর দোকানে বিক্রি করেছেন প্রধান শিক্ষক মিজানুর রহমান।

জানা গেছে, গত ২০ অক্টোবর রাতের আঁধারে চর শৌলমারী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক স্তরের ২০১৩ সাল থেকে ২০২১ সালের এক হাজার ৬০০ কেজি সরকারি বই ১৩ টাকা কেজি দরে চরশৌলমারী বাজারের আবুল কাসেম শিকদার নামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন তিনি।

বই ক্রয়কারী ব্যবসায়ী আবুল কাশেম শিকদার জানান, বইখাতাসহ এলাকায় বিভিন্ন ভাঙারি মালামাল আমি ক্রয় করে থাকি। কয়েকদিন আগে চর শৌলমারী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে ডেকে নিয়ে তার স্কুলের বইগুলো বিক্রি করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের টয়লেটে পুরাতন বইগুলো রাখা হয়েছিল। টয়লেট ব্যবহারের জন্য বইগুলো রাখার অন্য জায়গা না থাকায় উপজেলা মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা স্যারকে বিষয়টি জানিয়ে বইগুলো বিক্রি করে দিয়েছি।

রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে  বলেন, সরকারি বই বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। একাডেমিক সুপারভাইজারের নেতৃত্বে তদন্ত কমিটির প্রতিবেদনে বই বিক্রির সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে  বলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা করে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাঞ্ছারামপুরের মেঘনা নদীতে স্পিডবোট ও বালুবাহী ভলগেটের সংঘর্ষে নিহত ৩, আহত ৮

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে স্পিডবোট ও বালুবাহী ভলগেটের সংঘর্ষে পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮জন। গেল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক ও উপজেলার হোসেনপুর গ্রামের মরহুম ইউনুছ ডাক্তারের একমাত্র সন্তান  মাহাবুবুর রহমান জুয়েল (৩৫) স্পীডবোট চালক মরিচাকান্দী গ্রামের  মধ্যপাড়ার খুর্শিদ মিয়ার ছেলে ভুট্টো (২০) এবং নরসিংদী সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ফরিদ মিয়া(৪৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, যাত্রীবাহী স্পিডবোটটি ১০-১২ জন যাত্রী নিয়ে কোন ধরনের লাইট ছাড়াই দ্রুতগতিতে চলছিল  নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাওয়ার পথে চালকের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে ঘাটে আগে থেকে বেঁধে রাখা বালুবাহী ভলগেটকে সজোরে ধাক্কা দিলে  দুর্ঘটনাটি ঘটে। দুটি নৌযানের একটিতেও কোন আলো ছিলোনা, আলো থাকলে এই দুর্ঘটনা থেকে রক্ষা পেত বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় গুরুতর  আহত দুইজনকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে জুয়েল এবং নরসিংদী নেওয়ার পথে ফরিদ মিয়ার মৃত্যু হয় এবং নিখোঁজ স্পীডবোর্ট চালক ভুট্টোর লাশ রবিবার বিকালে মেঘনা নদীতে ভেসে উঠে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, যাত্রীবাহী  স্পিডবোটটি ১০-১২ জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাচ্ছিল। পথে একটি বালুবাহী ভলগেইটের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধারের পর ঢাকায় নেওয়া পথে জুয়েল এবং নরসিংদী নেওয়ার পথে ফরিদ মিয়ার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

জলবায়ু ও পরিবেশ মন্ত্রী শপথ গ্ৰহনের পরও বিদ্রোহী প্রার্থী!

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইউপি পরিষদ নির্বাচনে পরিবেশ মন্ত্রীর শপথ করানোর পরও ১০টি ইউপি থেকে মনোনয়ন বঞ্চিতরা ‘বিদ্রোহ প্রার্থী’ হিসাবে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন৷ অনেকে ইতিমধ্যে উপজেলা নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। গোপনে শুরু করেছেন প্রচার প্রচারনা। বিদ্রোহী প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যানরাও রয়েছেন। যারা দলীয় মনোয়ন পাননি৷

জানা গেছে, গত শনিবার (১৬ অক্টোবর) দুপুরে বড়লেখা পৌর শহরস্থ জেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ সভায় উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়৷ ৫৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য জীবন বৃত্তান্ত জমা দেন ৷ পরে সেখান থেকে জীবন বৃত্তান্ত যাচাই বাচাই শেষে ৩৮ জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়।কেন্দ্র থেকে গত মঙ্গলবার দুপুরে ১০টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করা হয় ৷ এদিন দল যাকে মনোনয়ন দেবে এর বাহিরে কেউ যাতে বিদ্রোহী প্রার্থী না হয় সেজন্য মনোনয়ন প্রত্যাশীদের শপথ করান বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। কিন্তু শপথ করানোর পরও উপজেলার দশটি ইউনিয়নের ১০ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার প্রস্তুতি গ্রহন করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১ নং বর্ণি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ। এই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শামিম আহমদ। ২ নং দাসেরবাজার ইউনিয়নে দলীয় মনোয়ন পেয়েছেন উপজে’লা যুবলীগের সহ-সভাপতি জিয়াউর রহমান। এই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সাবেক চেয়ারম্যান মাতাব উদ্দিন মাতাই। ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নে দলীয় মনোয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক উদ্দিন। এই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রস্তুতি নিচ্ছেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ব্যবসায়ী আতাউর রহমান সৈয়দ ও মুক্তিযোদ্ধা সন্তান মুমিনুর রহমান টনি। ৫ নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়নে দলীয় মনোয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান নাহিদ আহম’দ বাবলু ৷ এই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রস্তুতি নিচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের শাহাব উদ্দিন। ৬ নং সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের সদস্য সালেহ আহম’দ জুয়েল। এই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রস্তুতি নিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সিরাজ উদ্দিন। ৭ নং তালিমপুর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস। এই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রস্তুতি নিচ্ছেন সাবেক চেয়ারম্যান সুনাম উদ্দিন (সোনাই বন্ধু) ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এখলাছুর রহমান। ৮ দক্ষিণ ভাগ (উত্তর) ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোয়ন পেয়েছেন এনাম উদ্দিন। এই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। ৯ নং সুজানগর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম নিকু। এই ইউনিয়নে এখন পর্যন্ত বিদ্রোহী প্রার্থী হিসাবে কারও নাম শুনা যায়নি। ১০ নং দক্ষিনভাগ (দক্ষিণ) ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনের স্ত্রী ও ইউপি মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা কোহিনুর সারোয়ারী। এই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর জানান,  অনেকে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনের প্রস্তুতি নিলেও এখন পর্যন্ত কেউ মনোনয়ন দাখিল করেনি। এখনও মনোনয়ন পত্র দাখিল কিংবা প্রত্যাহারের সময় আছে। শেষ পর্যন্ত কেউ যদি বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা হবে শ্রীমঙ্গল সাংবাদিক মতবিনিময় সভায়- মনসুরুল হক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করছেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নৌকা মনোনীত প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। শনিবার রাতে শহরের এক প্রেসক্লাব হল রুমে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএসএম আজাদুর রহমান প্রমুখ।

মতবিনিময়কালে মনসুরুল হক বলেন, একটি নান্দনিক শ্রীমঙ্গল পৌরসভা গড়তে আসন্ন নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনোয়ন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন ও তার পাশাপাশি শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্বে নিষ্ঠার সাথে চালিয়ে যাচ্ছেন। একটি নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা গড়তে পৌরসভার মেয়র প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছেন তিনি।

সৈয়দ মনসুরুল হক বলেন, আমি ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ ৩৫ বছর অব্দি জনগণের আশা-আঙ্খাক্ষা ধারণ করে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, খেলাধুলা, শিক্ষাসহ সকল কর্মকাণ্ডে নিজেকে জরিয়ে আছি। আমাদের শ্রীমঙ্গল একটি পর্যটন নগরী। দেশ বিদেশ থেকে এখানে পর্যটকরা আসেন। আমাদের শহরের যত্রতত্র ময়লা আর্বজনা পরে থাকে। রাতের বেলা সড়কবাতির বেশীরভাগই জ্বলে না, অবৈধভাবে চলা যানবাহনের কারনে যানজট নিত্য দিন লেগেই রয়েছে। নাগরিক সেবায় পৌরসভার জনপ্রতিনিধিদের কাছ থেকে যতটুকু সেবা পাওয়ার কথা তার অনেক কম সেবা পান জনগণ। আমার কাছে প্রায়ই লোকজন আসেন তাদের বিভিন্ন সমস্যা বিষয় নিয়ে। তারা মেয়র সাহেবের কাছে যেতে পারেন না, সাধারণ জনগনের সাথে মেয়রের দূরত্ব অনেক।

তিনি বলেন, আমাদের এই পৌরসভার অনেক ভোটার রয়েছেন যারা শ্রীমঙ্গল শহরের বাহিরে থাকেন এবং ভোটের সময় এসে তারা ভোট দিয়ে চলে যান এমন অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন। আমাদের পৌরসভার অসহায় মানুষেরা সরকারের বিভিন্ন প্রনোদনা থেকে বঞ্চিত হচ্ছে। একটি প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে শহরে অনেক কিছুই করা যেত। নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করেই গত দশ বছরের কাজ একসাথে করা শুরু হয়ে গেছে। কিন্তু এতদিন জনপ্রতিনিধিরা কি করলো বুঝলাম না?

তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবৎ নির্বাচন বিহীন শ্রীমঙ্গল পৌরসভার জনগণ প্রকৃত নাগরিক সেবা থেকে বঞ্চিত। জনপ্রতিনিধিরা মনে করেছিলেন সীমানা বর্ধিত করন মামলা দিয়ে পৌরসভার নির্বাচন আটকে রাখবেন। সে জন্য তারা পৌরবাসীর কথা কানেই দেন নি। আমি চাই আমাদের পৌরসভার আর কোন জনগন সেবা থেকে বঞ্চিত হয়ে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরবে না। আমি মেয়র হলে পৌরসভার সব কাজে আধুনিকায়ন নিয়ে আসবো। পৌরবাসী বাসায় বসেই নাগরিক সেবা পাবেন। আমাকে শ্রীমঙ্গলবাসী সব সময় কাছে পেয়েছেন। জনগণের পাশে থেকে উন্নয়নে আমি কাজ করবো। আমি মেয়র নির্বাচিত হলে পৌরবাসীকে সাথে নিয়ে একটি নান্দনিক পর্যটন শহর হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলবো।

উল্লেখ্য, শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন আগামী ২৮ নভেম্বর। এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে প্রার্থী এসব বক্তব্য তুলে ধরেন।

আজ শুরু হচ্ছে জাতিসংঘের কপ-২৬ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের গ্লাসগোতে স্কটিশ এক্সিবিশন সেন্টারে আজ জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২৬) বসছেন বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে অ্যান্ডোরার প্রধানমন্ত্রীসহ প্রায় ১২০ জন বিশ্বনেতার উপস্থিতিতে হবে এ সম্মেলন সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

গোটা বিশ্বের নজর এখন গ্লাসগো’র স্কটিশ এক্সিবিশন সেন্টারে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশেষজ্ঞ প্যানেলসহ সম্মেলনে অন্তত ২৫ হাজার অতিথি থাকবেন এতে। সম্মেলনের শেষ দিন ১২ নভেম্বর পর্যন্ত অতিথিরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে থাকবেন জানালেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সম্মেলনে থাকছেন না। বিবিসি বলছে, জলবায়ু পরিবর্তনকে অগ্রাধিকারের তালিকায় রাখেন না বলে পুতিন এ সম্মেলন এড়িয়ে গেছেন।

অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও সম্মেলনে হাজির হবেন না বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বনেতাদের পাশাপাশি বিশেষজ্ঞ এবং পরিবেশ আন্দোলনের প্রথিতযশা কর্মীরাও এতে অংশ নেবেন। ব্রিটিশ ইতিহাসবিদ ও লেখক স্যার ডেভিড অ্যাটেনবরোকে এবারের সম্মেলনের পিপলস অ্যাডভোকেট মনোনীত করা হয়েছে। তিনি বিশ্বনেতাদের সামনে জলবায়ু পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

এ ছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জলবায়ু বিষয়ে সোচ্চার তরুণদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিশ্বব্যাপী তাঁদের কাজ সম্পর্কে জানবেন।

উল্লেখ্য, ২০২০ সালে গ্লাসগোতে এ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা মহামারির কারণে তা পেছানো হয়।

আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশে আজ রোববার সকালে ঢাকা ছেড়েছেন।

রাষ্ট্রীয় মর্যাদায় সুপারস্টার পুনীত রাজকুমারের শেষকৃত্য সম্পন্ন

বিনোদন ডেস্কঃ ভারতের দক্ষিণী সুপারস্টার পুনীত রাজকুমারের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে সম্পন্ন হয়েছে। আজ রবিবার (৩১ অক্টোবর) সকালে এ শেষকৃত্য সম্পন্ন হয়। খবর-ইন্ডিয়া ডট কমের।

ইন্ডিয়া ডট কম জানায়, আজ রোববার সকালে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয় দক্ষিণ ভারতীয় এ তারকার। প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে রাজকুমারের মরদেহ রাখা হয় শেষ শ্রদ্ধা জানানোর জন্য। সাধারণ মানুষের পাশাপাশি গণমান্য ব্যক্তিরা ফুলেল শ্রদ্ধা জানান। সেখানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বলেন, ‘ব্যক্তিগত কারণে বললেও এটা আমার কাছে অপূরণীয় ক্ষতি। আমরা একজন বড় মাপের প্রতিভাবানকে হারালাম। পুরো পরিবারের সঙ্গে আমার ভালো বন্ধন ছিল। সেই ছোট থেকে ওকে দেখছি। আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছি।’

এর আগে গতকাল শনিবার পুনীত রাজকুমারের মরণোত্তর চক্ষুদান কার্যক্রম শেষ হয়। অভিনেতার ইচ্ছে অনুসারে চিকিৎসকদের একটি দল তাঁর মৃত্যুর পর ছয় ঘণ্টার মধ্যে প্রক্রিয়া সম্পাদন করেন।

২৯ অক্টোবর মাত্র ৪৬ বছর বয়সে জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন পুনীত রাজকুমার। এর পর বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কিংবদন্তী অভিনেতা ড. রাজকুমার-এর সুযোগ্য সন্তান ছিলেন তিনি।

পুনীত রাজকুমার ক্যারিয়ার শুরু করেছিলেন শিশু অভিনেতা হিসেবে। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন; পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে কন্নড় সিনেমায় তুমুল জনপ্রিয়তা পান তিনি। প্রায় ২৯টি সিনেমায় অভিনয় করেছেন পুনীত রাজকুমার। ছিলেন কন্নড় চলচ্চিত্র জগতের সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। সামাজিক কার্যক্রম ও দানশীলতার জন্যও সুপরিচিত ছিলেন এ তারকা।

পুনীত রাজকুমারের মৃত্যুর খবরে শোকাতুর বিনোদন অঙ্গন। দেশের সীমানা ছাড়িয়ে জনপ্রিয়তা ছিল তাঁর।

আজ রাত ৮ টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত

স্পোর্টস ডেস্কঃ আজ টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮ টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ভারত বনাম নিউজিল্যান্ডের কার্যত ‘ডু অউর ডাই’ ম্যাচ। যদিও কাগজে কলমে তা মিলবে না। তারপরও দুই দলই পাকিস্তানের কাছে হেরে এখন প্রথম জয়ের স্বাদ নিতে মুখিয়ে আছে।

পরিসংখ্যানে দেখা গেছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে দুই দলেরই রয়েছে সমান ৮টি করে জয়। আর পরিত্যক্ত হয়েছে অন্য ম্যাচটি। আজ ১৮তম ম্যাচে যারা জিতবে, তারাই এগিয়ে যাবে মুখোমুখি পরিসংখ্যানে।

তবে আইসিসি টুর্নামেন্টে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ১৪ বার এ পর্যন্ত মুখোমুখি সমর হয়েছে, আর তাতে মাত্র ৩ বার জয় পেয়েছে ভারত।

তাছাড়া কিছুটা এগিয়ে থাকবে নিউজিল্যান্ড। কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৭ ও ২০১৬ এ নিউজিল্যান্ড ভারতের মুখোমুখি হয় দুইবার। আর দুইবারই জিতেছে কিউইরা। তাই আজ ভারতের সামনে বিশ্বকাপে কিউইদের প্রথমবার হারানোর মিশন।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, বরুন চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেইন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, টিম সেইফার্ট, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় তুমুল মারামারি

চট্টগ্রাম প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়েতে খাবার টেবিলে অতিরিক্ত মাংস না দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে দফায় দফায় তুমুল সংঘর্ষ হয়েছে। এতে বর ও কনের মা-বাবাসহ অন্তত ৮-১০ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার দুপুরে উপজেলার মৌলভীর দোকান এলাকার নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিরিবিলি কমিউনিটি সেন্টারে উপজেলার ছদাহা পূর্ব কাজীরপাড়া এলাকার কালা মিয়ার ছেলে মোহাম্মদ শাহজাহানের সঙ্গে নোয়াখালী জেলার সুবর্ণচর চরওয়াবদা এলাকার (বর্তমানে চট্টগ্রামের চন্দনাইশের হাছনদন্ডী) জসিম উদ্দিন ফারুকের মেয়ে মুক্তা বেগমের বিয়ের খাবারের আয়োজন করা হয় মৌলভীর দোকান এলাকার নিরিবিলি কমিউনিটি সেন্টারে।

দুপুর ১২টা থেকে বর-কনে উভয়পক্ষের লোকজন কমিউনিটি সেন্টারে খাবার গ্রহণ শুরু করে। দুপুর দেড়টার দিকে খাবার টেবিলে বরপক্ষের এক ব্যক্তিকে অতিরিক্ত মাংস এনে না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু করে। এতে আটজন আহত হয়। ঘটনা থামাতে আশেপাশের লোকজন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে বর শাহজাহান নিজেও ঘটনাস্থলে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অনেকেই আহত হয়।

মেয়ের চাচা বলেন, ‘বিয়েতে বরপক্ষের ৩০০ লোককে খাবারের কথা থাকলেও দুপুর দেড়টা পর্যন্ত (বর) তাদের ৪০০ জনেরও বেশি খাওয়ানো হয়। এ সময় খাবার টেবিলে বরপক্ষের এক ব্যক্তিকে তৃতীয়বার অতিরিক্ত গরুর মাংস এনে না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু করে। ঘটনা থামাতে আশেপাশের লোকজন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে বর নিজে এসে মারামারিতে যোগ দেন।

ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী এ সময় বিষয়টির মীমাংসা করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ‘বিয়েতে মাংস কম দেওয়ার ব্যাপারে সংঘটিত অপ্রীতিকর ঘটনা জানার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

আফগানিস্তানে বিয়েতে মিউজিক বাজানোয় তালেবানের গুলিতে নিহত ২, আহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের নানগারহার প্রদেশে বিয়ের অনুষ্ঠানে মিউজিক বাজানোয় তালেবান সদস্যরা নির্বিচারে গুলি চালিয়েছে। এ ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আফগান বার্তা সংস্থা ‘আভা’ এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় নেতা বলেছেন, দুদিন আগে শুক্রবার তাদের এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে অনেকেই অংশ নেন। তালেবান প্রথমে বিয়েতে মিউজিক বাজানোর অনুমতি দেয়। কিন্তু কিছু সময় পর তাদের একদল সদস্য সেখানে উপস্থিত হয় এবং গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, আফগানিস্তান আবারও ক্ষমতা নেওয়ার পর সেদেশ থেকে অনেক গায়ক ও বাদক পালিয়ে গেছেন। অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছেন এবং মিউজিক ইন্সট্রুমেন্ট লুকিয়ে ফেলেছেন। সুত্রঃ পার্সটুডে।

১২-১৭ বছরের শিক্ষার্থীরা রাজধানীর যেসকল টিকা কেন্দ্রে টিকা পাবে

শিক্ষা ডেস্কঃ আগামীকাল সোমবার (১ নভেম্বর) থেকে রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। মোট ৮টি কেন্দ্র ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেকের এ টিকা দেওয়া হবে। এর মধ্যে আগামীকাল সোমবার একটি কেন্দ্র উদ্বোধন হবে, পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি ৭ কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান।

মাঈদুল ইসলাম প্রধান জানান, প্রাথমিকভাবে ১২টি কেন্দ্র নির্বাচন করা হলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় আটটি কেন্দ্রকে টিকাদানের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত ১২ কেন্দ্রের মধ্যে রয়েছে- হার্ডক ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, কসমো পলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল, স্কলাসটিকা স্কুল, বিএইচ খান স্কুল অ্যান্ড কলেজ এবং আহমেদ বাওয়ানী একাডেমি।

তবে শেষ পর্যন্ত কোন ৪টি স্কুল নির্বাচিত হওয়া থেকে বাদ পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পর্যায়ক্রমে সারাদেশেই এ কার্যক্রম চলবে।

প্রসঙ্গত, স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে এরইমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সে তথ্য আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে টিকার তথ্য ভাণ্ডারে যোগ হওয়ায় শিক্ষার্থীরা এখন নিবন্ধন করতে পারছে।