নওগাঁ জেনারেল হাসপাতালে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের (রিপ্রেজেন্টেটিভ) দ্বারা বৈশাখী টেলিভিশনের নওগাঁ সংবাদদাতা এবাদুল হক এবং বণিক বার্তার নওগাঁ প্রতিনিধি আরমান হোসেন রুমন লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে সাড়ে ১১টায় হাসপাতাল চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

এ সময় বিএমএসএফ ও সুজনের সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিএমএসএফ ও সুজনের সাধারন সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, বিএমএসএফ এর সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সাধারন সম্পাদক একে সাজু ও আব্বাস আলী এবং জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল নয়ন বক্তব্য রাখেন।

মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সচেতন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হাসপাতালে সেবা নিতে আসা রোগীরদের ব্যবস্থাপত্রে নিজেদের কোম্পানির ঔষধ লেখা আছে কিনা তা দেখার জন্য টানাটানি ও হুমড়ি খেয়ে পড়েন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা। তাদের অনেকেই মুঠোফোন দিয়ে ব্যবস্থাপত্রের ছবি তুলে রাখেন। এতে রোগীদের অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

এমনকি হাসপাতালের বহির্বিভাগে ডাক্তারদের কক্ষে তাদের অবস্থান করতেও দেখা যায়। সেই চিত্র ধারন করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়। হাসপাতালে রিপ্রেজেন্টিভ কর্তৃক সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

মানববন্ধন শেষে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মুক্তার হোসেন এর সাথে সাংবাদিকদের মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।

এসময় ডা. মুক্তার হোসেন বলেন, সচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিতরণ ও দেওয়ালে সাটানো আছে। হাসপাতালে রিপ্রেজেন্টেটিভদের কারণে রোগীদের প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয়। হাসপাতাল চত্বরে তাদের মোটরসাইকেল রাখাতে সমস্যা হয়। দুপুর ১টার পর সপ্তাহে দু’দিন ডাক্তার ভিজিট করার নিয়ম থাকলেও তারা মানছেন না। সাংবাদিকদের তিনি লিখিত স্মারকলিপি দিতে বলেন। এর প্রেক্ষিতে যা করণীয় তা করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রিপ্রেজেন্টেটিভ-চিকিৎসক সম্পর্কের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে তাদের রোষানলে পড়েন বৈশাখী টেলিভিশনের নওগাঁ সংবাদদাতা এবাদুল হক এবং বণিক বার্তার নওগাঁ প্রতিনিধি আরমান হোসেন রুমন। প্রতিদিন সদর হাসপাতাল থেকে প্রায় ১২০০-১৫০০ হতদরিদ্ররা চিকিৎসা সেবা নিয়ে থাকে।

লোহাগাড়ায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত

মোঃমিনহাজ উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সকল ধর্মের মানুষের অংশগ্রহণে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’  অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে দুর্গাপূজার উৎসবের মাঝে এবং পরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে এ সমাবেশের আয়োজন করা হয়।

৩০ অক্টোবর (শনিবার) বিকেলে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ-সংগঠনের আয়োজনে এ সম্প্রীতির সমাবেশে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।

সমাবেশে বক্তব্যে রাখেন  লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী,সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আওয়ামীলীগের অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদুল হক, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, নিবাস দাশ সাগর,  সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি তাপস জ্যোতি ভিক্ষু,মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার,ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল,দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রসেনজিৎ পালসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হাজার বছর ধরে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসতেছে।কোনো বিবেকবান মানুষ অন্য ধর্মের অনুভূতিতে আঘাত আনতে পারে না। বক্তারা আগামীদিনগুলো কোন ধর্মের মানুষ যাতে এক জন অন্য জনের ধর্মীয় অনুভূতিতে আগাত হানতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান।

কুড়িগ্রামে বর্নীল আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বর্নীল আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে।

পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় কুড়িগ্রাম  জেলা পুলিশও শনিবার (৩০ অক্টোবর) সকাল কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় কুড়িগ্রাম  জেলা পুলিশের আয়োজনে শেখ রাসেল অডিটরিয়াম এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

সভায় কুড়িগ্রাম-২ আসনের সাংসদ ও উপদেষ্টা জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি কুড়িগ্রাম  আলহাজ্ব মোহাম্মদ পনির উদ্দিন আহমেদ, সাবেক এমপি, চেয়ারম্যান জেলা পরিষদ কুড়িগ্রাম ও কুড়িগ্রাম জেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ জাফর আলী, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমান উদ্দিন আহমেদ (মন্জু), কুড়িগ্রাম পৌরসভার মেয়র ও জেলা পুলিশিং সমন্বয় কমিটি সভাপতি মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও কুড়িগ্রাম কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক মতলুবর রহমান সফি খান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবিব নিলু, বীর মুক্তিযোদ্ধা ও কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সিরাজুল ইসলাম টুকু,কুড়িগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা মোঃ নাসির উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি কুড়িগ্রাম এর সদস্য সচিব রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা আওয়ামিলীগ কুড়িগ্রাম এর সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুরবক্ত, রবি বোস সভাপতি জেলা পূজা উৎযাপন কমিটি কুড়িগ্রাম, দুলাল চন্দ্র রায় সাধারণ সম্পাদক জেলা পূজা উৎযাপন কমিটি কুড়িগ্রাম, উদয় শংকর চক্রবর্তী সাধারন সম্পাদক রামকৃষ্ণ আশ্রম কুড়িগ্রাম সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ এবং জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ বিভিন্ন সামাজিক অপরাধ- ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গি, মাদক, এসিড নিক্ষেপ, শিশু অপহরণ, নারী ও শিশু পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং এবং সন্ত্রাস দমন ও প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। কার্যকরী কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতার মাঝে দূরত্ব কমিয়ে কিভাবে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা যায় সে বিষয়েও অলোকপাত করা হয়।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স কতৃক শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য মোস্তাফিজার রহমান সাজু ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে জয়নুল আবেদীন এসআই (নিঃ) ভূরুঙ্গামারী থানা দ্বয়কে সম্মাননা স্বারক ক্রেস্ট ও সনদ পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।

এছাড়াও জেলার প্রতিটি থানায় জাঁকজমক ভাবে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন করা হয়েছে।

‘পুলিশিং ডে-২০২১’ পালিত হলো মৌলভীবাজারে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: “মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে মৌলভীবাজারে।

পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে  বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মতো মৌলভীবাজারেও  অদ্য শনিবার (৩০ অক্টোবর) “কমিউনিটি পুলিশিং ডে” পালন করা হয়।

সকাল সাড়ে ১০ টার দিকে পৌর জনমিলন কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এর সভাপতিত্বে এবং মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমানের পরিচালনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়ের উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের জেলা সভাপতি নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা কমিউনিউটি পুলিশিংয়ের সভাপতি এডভোকেট শান্তিপদ ঘোষ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী এবং একাটুনা ইউপি পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান।

মৌলভীবাজারে এ বছরের সেরা কমিউনিটি পুলিশ অফিসার নির্বাচিত হন মৌলভীবাজার মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ইফতেখারুল ইসলাম।

সভা শেষে পুলিশ ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নওগাঁর আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ “মুজিবর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন উপলক্ষে আত্রাই থানা চত্বর থেকে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর নেতৃত্বে এক বণার্ঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আত্রাই থানা চত্বরে এসে শেষ হয়।

গতকাল শনিবার সকালে আত্রাই থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

সভায়অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর, যুগ্ন-সাধারন সম্পাদক ও চ্যানেল এস আত্রাই প্রতিনিধি কাজী রহমান, দৈনিক করতোয়া আত্রাই উপজেলা প্রতিনিধি মুজাহিদ খান, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আত্রাই মহিলা কলেজ সহযোগী অধ্যাপক দ্বীন মোহম্মাদ, আত্রাই কলোকাকলী কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ মাজেদুর রহমান মাজেদ,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাজিমুদ্দিন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মান্নান প্রমূখ।

অনুষ্ঠানে আত্রাই থানার অফিসার ইনচাজ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ জনগনের শত্রু নয়, একজন প্রকৃত বন্ধু।পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সেবা গ্রহন করুন।পুলিশ জনগনের সেবক হয়ে সব সময় জনগনের পাশে থেকে কাজ করছে।

তিনি আরো বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোন অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে জন প্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক,রাজনৈতিক ব্যক্তি,সুশিলসমাজ,কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন আত্রাই থানার তদন্ত ওসি মোজাম্মেল হক কাজী।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কমিনিউটি পুলিশিং ডে পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “মুজিববর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রতি” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ৩০ অক্টোরব শনিবার কমিনিউটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকাল ১০ টায় থানা চত্বর থেকে একটি র‍্যালি বের পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কমিনিউটি পুলিশ ফোরামের আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি সিনিয়র পুলিশ কমিশনার তোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও  অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, কমিনিউটি পুলিশ ফোরামের সভাপতি আহম্মদ হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক ও পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

এছাড়াও ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ, ধর্মগড় ইউনিয়র আ’লী সভাপতি আবুল কাশেম, নেকমরদ ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হোসেন, নন্দুয়ার ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম, কাউন্সিলর হালিমা আক্তার ডলিসহ থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এস আই মোমিনুল ইসলাম।

নবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে নবাবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে থানা হলরুমে মতবিনিময় সভা, অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ওহিদুন্নবী , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবাবগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক ডাঃ মোঃ মোশাররফ হোসেন ,পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার সাহা, পুলিশিং কমিটিতে রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে/২০২১ পালন করা হয়েছে।

শনিবার কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ফুলবাড়ী থানার হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
গোলাম রব্বানী সরকার।

এ সময় ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী জছিমিঞা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান, সাংবাদিক আব্দুল আজিজ মজনু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ বক্তব্য রাখেন।

ফুলবাড়ীতে মাদক বিরোধী প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী প্রচারণামূলক প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফুলবাড়ী উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে শনিবার বিকাল ৪ টায় কাশিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ভলিবল ম্যাচের উদ্ধোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস এম তৌহিদুল-আলম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস ,সহকারী কমিশনার (ভুমি) বিমল চাকমা, কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার মাসুদ হোসেন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, কাশিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাইদুল হক ও কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল উপস্থিত ছিলেন।

প্রীতি ভলিবল ম্যাচে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন ও ফুলবাড়ী উপজেলা ভলিবল দলের সদস্যরা অংশ গ্রহন করেন।

শ্রীমঙ্গলে ২ ছিনতাইকারী আটক, লুন্ঠিত মাল উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বিগত বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়ক হতে ছিনতাইকারীরা একজন মহিলার গতিপথ রোধ করে জোড়পূর্বক কানের দুল নিয়ে দ্রুত পালিয়ে যায়। অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম ওর রশিদ তালুকদার’র নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির’র নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা  এস আই (নিঃ) মোঃ জাকির হোসেন এক্সরে-১টি দল ঘটনাস্থলের সিসি ফুটেজ, ভিকটিমের দেয়া তথ্যমতে ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যেই (২৮ অক্টোবর) বৃহস্পতিবার আসামি সনাক্ত করে আটক করেন। লুন্ঠিত হওয়া মহিলার কানের দুল উদ্ধার করেন।

আটককৃত আসামীরা হলো – শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউপি’র যাত্রাপাশা গ্রামের স্থায়ী বাসিন্দা শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডস্থ টি,ভি,এস সো রুম শ্রীমঙ্গল অটো গ্যালারির সত্ত্বাধীকারী ভানু ভূষন চৌধুরীর পুত্র শুভ চৌধুরী ও সিন্দুরখান রোডের বাসিন্দা মৃত- সুধীর কপালীর পুত্র বিকাশ কপালী।

আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ মোতাবেক মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামীদের ধরতে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির।