বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালিত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: চা বাগানের প্রাথমিক বিদ্যালয় গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত ও শিক্ষকদের উপযুক্ত মর্যাদা প্রদানের দাবিতে কমলগঞ্জ উপজেলার ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) পরিচালিত ১০টি বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষকাবৃন্দ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানবব্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ উপজেলা ময়নাচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পাত্রখোলা চা বাগানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রদিপ পাল,পদ্মছড়া চা বাগানের প্রধান শিক্ষক রওশন আলী, কুরমা চা বাগানের প্রধান শিক্ষক চামেলি রানী দাশ, মাধবপুর চা বাগানের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ নুনিয়া, কুরঞ্জি চা বাগানের প্রধান শিক্ষক নিপেন সাহা, পাত্রখোলা চা বাগানের হাজারিবাগ প্রথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল দাশ প্রমুখ।

মানববন্ধন শেষে মৌণ মিছিল সহকারে যাত্রা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে যান। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।

কুড়িগ্রামে দুই মাথা বিশিষ্ট কন্যা শিশুর জন্ম

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে দুই মাথা বিশিষ্ট এক কন্যা সন্তানের জন্ম হয়েছে । কুড়িগ্রাম সদরের মোগলবাসা ব্যাপারি পাড়ার বাসিন্দা সেকেন্দার-আফরোজা দম্পতির কোলে জন্ম নেয় এই নবজাতক কন্যা শিশুটি।

জানা যায়, কুড়িগ্রামের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করে মুদি দোকানি সেকেন্দার আলী জানতে পারেন তার স্ত্রীর গর্ভে দুই মাথা বিশিষ্ট একটি সন্তান রয়েছে । পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত শনিবার সন্ধ্যায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান । সেখানে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট এক নবজাতকের জন্ম দেন আফরোজা (২২)। নবজাতক ও প্রসূতি  সুস্থ রয়েছেন।

ওই এলাকার ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও স্থানীয় জাহিদ হাসান জানান, শুনেছি মুদি দোকানি  সেকেন্দার আলীর স্ত্রী রংপুর মেডিকেলে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।  সন্তান ও সন্তানের মা সুস্থ রয়েছে । এটাই তাদের এটাই প্রথম সন্তান।

দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম সম্পর্কে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ আল আমিন মাসুদ বলেন, এ ঘটনাটিকে কনজয়েনটুইন বলা হয়। কেননা মায়ের গর্ভে ভ্রূন অনেক সময় বৃদ্ধি হওয়ার কারনে আলাদা হতে পারে না, একটি আরেকটির সাথে যুক্ত হয়ে দেহ এক মাথা দুইটি হয়। কুড়িগ্রামে এরকম ঘটনা প্রথম, তবে দেশে এ ধরনের বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠলেও পরবর্তীতে বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রপাচারের প্রয়োজন হয়।

কুলাউড়া ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়ায় ১৩টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোননয়ন বোর্ড তাদের ফেসবুক পেইজে কুলাউড়ার ১৩টি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তালিকা প্রকাশ করে।

তালিকায় কুলাউড়া ১৩টি ইউনিয়নের নৌকার প্রার্থীরা হলেন বরমচালে আবুল হোসেন খছরু উদ্দিন, ভূকশিমইলে ময়নুল ইসলাম সোহাগ, ভাটেরায় জুবায়ের সিদ্দিকী সেলিম, জয়চণ্ডীতে আব্দুর রব মাহবুব, ব্রাহ্মণবাজারে বর্তমান ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, কাদিপুরে ছালিক আহমেদ, কুলাউড়া সদরে মোছাদ্দিক আহমদ নোমান, রাউৎগাঁওয়ে আকবর আলী সোহাগ, টিলাগাঁওয়ে মো. আব্দুল মালিক, হাজীপুরে ওয়াদুদ বক্স, শরীফপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মো. চিনু মিয়া, পৃথিমপাশায় আব্দুল মন্নাফ, কর্মধায় বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আতিক।

ভূরুঙ্গামারীতে ৩২৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সাত ইউপির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া  হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। এসময় উৎসব মুখর পরিবেশে বিভিন্ন পদের প্রার্থীদের কর্মী-সমর্থকরা ঢাক-ঢোল বাজিয়ে প্রতীক নিতে উপজেলা চত্বরে সমবেত হন। আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৮৫ জন ও সাধারণ সদস্য পদে ২২২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। যাচাই-বাছাই কালে বলদিয়া ইউপির একজন সংরক্ষিত সদস্য, তিলাই ইউপির দু’জন, সোনাহাট ইউপির দু’জন এবং পাইকেরছড়া ইউপির একজন সাধারণ সদস্য পদ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। গত মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন দুইজন চেয়ারম্যান প্রার্থী ও আটজন সাধারণ সদস্য প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। এতে চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা ৩৪ জন, সংরক্ষিত সদস্য ৮৪ জন এবং সাধারণ সদস্য পদে প্রার্থীর সংখ্যা দাড়াল ২০৯ জন।

বুধবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য এবং সাধারণ সদস্য পদে মোট ৩২৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।একই প্রতীক একাধিক প্রার্থী দাবীদার হলে লটারির মাধ‍্যমে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মশিউর রহমান জানান, তিলাই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের কামরুজ্জামান কামরুল নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি জিয়াউল হক জিয়া হাতপাখা ও স্বতন্ত্র প্রার্থী একেএম ফরিদুল হক শাহিন শিকদার ঘোড়া প্রতীক পেয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ জনকে প্রতীক প্রদান করা হয়েছে।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ফারুক আহমেদ নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের রফিকুল ইসলাম হাতপাখা, জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক সরকার লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থী সোলায়মান আলী ঘোড়া প্রতীক পেয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ২৭ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
জয়মনিরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাখাওয়াৎ হোসেন (সানোয়ার) নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার হোসেন হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াদুদ মোটরসাইকেল, জাহাঙ্গীর আলম ঘোড়া ও গোলাম রব্বানী তালুকদার বাদল আনারস প্রতীক পেয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ২৫ জনকে প্রতীক প্রদান করা হয়েছে।

আন্ধারীঝাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ফজলুল হক মন্ডল নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোলায়মান আলী হাতপাখা, জাতীয় পার্টির জাবেদ আলী মন্ডল লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী সামিউল আলম আনারস, রাজু আহম্মেদ খোকন ঘোড়া ও এটিএম গাজিউর রহমান মোটরসাইকেল প্রতীক পেয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

বলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের খোকন মিয়া নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামুল হক হাতপাখা, জাতীয় পার্টির মোজাম্মেল হক লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী এএম সাজ্জাদ হোসাইন খোকন মোটরসাইকেল, আব্দুল বারেক ঘোড়া, জাবেদুল ইসলাম চশমা ও মোখলেছুর রহমান আনারস প্রতীক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৪০ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

চর ভূরুঙ্গামারী ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এনামুল ইসলাম রোকন নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মানিক উদ্দিন হাতপাখা, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী এটিএম ফজলুল হক ঘোড়া ও মিজানুর রহমান শিকদার আনারস প্রতীক পেয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ জনকে প্রতীক প্রদান করা হয়েছে।

বঙ্গসোনাহাট ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মায়নুল ইসলাম লিটন নৌকা, জাতীয় পার্টির শাজাহান আলী মোল্লা লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাইদুল ইসলাম হাতপাখা ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী মন্ডল চশমা প্রতীক পেয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ২৬ জনকে প্রতীক প্রদান করা হয়েছে।

বাঞ্ছারামপুরে দলীয় কাউন্সিলে পরাজিত মতিনকে নৌকা দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবাড়িয়া-প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া এক প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন।

গতকাল বুধবার দুপুরে ইউনিয়নের খাককান্দা বাজারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বাঞ্ছারমাপুর উপজেলার ১৩টির মধ্যে ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার এসব ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান আবদুল মতিনের নাম ঘোষণা করা হয়। এর প্রতিবাদেই এবং আবদুল মতিনকে রাজাকারপুত্র দাবি করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতৃত্বে এলাকার নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

জানা গেছে, বুধবার দুপুরে ছলিমাবাদ ইউনিয়নের খাককান্দি বাজারে এই ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন পাওয়া আবদুল মতিনের  নৌকা প্রতীকের মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনার দাবিত শত শত নারী পুরুষ বিক্ষোভ মিছিল বের করে মানববন্ধন করেছে। মানববন্ধনে ছবি সম্বলিত ব্যানারে দলীয় মনোনয়ন পাওয়া আবদুল মতিন রাজাকারপুত্র, সন্ত্রাসীদের গডফাদার, সালিশ বানিজ্যের মূল হোতা লেখা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক বাবুল মিয়া, ওই ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অহিদ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রব, ওয়ার্ড কৃষকলীগের সভাপতি তনু মুন্সী, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার হােসেন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম।

মানববন্ধনে আওয়ামী লীগের এই নেতারাসহ বক্তারা বলেন, আবদুল মতিনের বাবা সমন্দর মিয়া মেম্বার ছিলেন রাজাকার। আবদুল মতিন একজন রাজাকারের পুত্র। রাজাকারের পুত্রকে আওয়ামী লীগ নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আর চেয়ারম্যান হিসেবে টাকা ছাড়া তিনি কোনো কাজই করেননি। সকল কাজের জন্যই তাকে টাকা দিতে হয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, গত ২১ অক্টোবর উপজেলার সদরের মাওলাগঞ্জ বাজারে ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম অডিটোরিয়ামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে ছলিমাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই করতে ভোট অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়নের নয়টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দেন। ভোটে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল মিয়া ১৩২ ভোট,  আব্দুল মতিন ১১৭ ভােট পান।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জালাল মিয়া  বলেন, কাউন্সিলে আমি ১৩২ ভোট পেয়ে প্রথম হয়েছি। মতিন দ্বিতীয় হয়েছেন। মতিনের বাবা একজন যুদ্ধাপরাধী ও রাজাকার ছিল। তাই লোকজন তাঁর মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন।

ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বলেন, আমার মৃত বাবার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। এসব ঠিক না। আমার বাবা যদি রাজাকারই হয়ে থাকে তাহলে গোয়েন্দা প্রতিবেদন দেননি কেন? আর গত ইউপি নির্বাচনেই বা আমাকে কেন নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে।

টাকা ছাড়া কাজ করেন না প্রসঙ্গে তিনি বলেন, মানুষ বললে তো আর তাদের মুখ ধরে রাখতে পারবো না।

ছুরিকাঘাতে যুবক আহত, আটক ১জন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৮নং রাউৎগাঁও ইউপি কিশোর গ্যাং’র ছুরিকাঘাতে হাসান আহমদ নামের এক কিশোর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহত হাসান আহমদ (১৫) আবাদিপুর ইউপি গ্রামের চিনু মিয়ার ছেলে ও রাউৎগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, ২৬ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময়, একই ইউপি নর্তন গ্রামের রজব আলীর ছেলে আসাব আলী (১৭) ও রমজান আলীর ছেলে আলমাস আহমদ (১৪) ব্যাটারি চালিত অটোরিকশা-যোগে স্থানীয় আমঝুপ বাজার থেকে, জোরপূর্বক রিস্কায় তুলে নিয়ে যায় হাসানকে । আধা কি: মি: রাস্তা অতিক্রম করার পর রিস্কার ভিতরে সংঘবদ্ধভাবে হামলা চালায় ঘাতক আসাব ও আলমাস। হাসান প্রান রক্ষা করতে রিস্কা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে ঘাতক আসাব ও আলমাস রিস্কা থামিয়ে ছুরি দিয়ে তার গলায় আঘাত করে, গুরুতর আহত হাসানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রান রক্ষা পায় ও ঘাতক আলমাসকে ধরতে সক্ষম হলেও আসাব আলী পালিয়ে যায়।

আহত হাসানকে আব্দুস সালাম ও খালেদ জামান কুলাউড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিয়ে গেলে, তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে দ্রুত সিলেট ওএমজি হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন।

পরবর্তীতে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে আটককৃত আলমাসকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার কারণ সম্পর্কে আহত হাসানের পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায়, হাসান খুব শান্ত স্বভাবের ছেলে কারো সাথে কোন ঝগড়া মারামারির অভিযোগ আসে নি কোন দিন। তবে কি কারণে তার সাথে এমন হলো তা এখনো বুঝতে পারছেন না কেউ। সে বর্তমানে মোটামুটি সুস্থ অবস্থায় সিলেট ওএমজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনায় জড়িত পলাতক আসাব আলীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন হাসানের পরিবারের সদস্যরা।

এ বিষয়ে নিশ্চিত করতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, ঘটনা সত্য এবং এক জন আসামি আটক করা হয়েছে,ঐ আসামি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে জাতীয়তাবাদী যুব দলের ৪৩ তম প্রতিষ্ঠা বাষিকী পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয়তাবাদী যুব দলের সংগ্রাম, সাফল্য গৌরবের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতার শুরু হয়।

বুধবার আত্রাই থানা জাতীয়তাবাদী দল বিএনপি,র দলীয় কাযালয় (সাবরেজিষ্ট্রী) অফিস সংলগ্ন সাবেক চৌধুরী বয়লার মিল চত্বরে আত্রাই থানা যুব দলের আয়োজনে থানা যুব দলের আহ্বায়ক শেখ একরামূল বারী রঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির সাবেক সভাপতি, নওগাঁ জেলা বিএনপির সদস্য আত্রাই-রাণীনগর সংসদ উপ-নির্বাচনে ধানের শীষ প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুল জলিল চকলেট, আত্রাই থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন সাখিদার, নওগাঁ জেলা যুব দল কমিটির সদস্য আব্দুল হাই লিটন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান সরদার, মনিয়ারি ইউপি’র সাবেক চেয়ারম্যানও থানা বিএনপি’র অন্যতম নেতা এসএম ফারুখ বখত, হালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান থানা বিএনপি,র অন্যতম নেতা আব্দুল হাকিম, বীর মুক্তি যোদ্ধাথানা বিএনপির নেতা আব্দুল মান্নান, যুব দলের যুগ্ন-আহবায়ক আশরাফুল ইসলাম লিটন, যুব দলের যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর আলম মিঠু বিশ্বাস, খোরশেদ আলম, আত্রাই থানা যুব দলের সাবেক নেতা ও ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হামিদুল হকবাবু আত্রাই থানা ছাত্র দলের সাবেক আহবায়ক রায়হান কবির রতন, সজীব বিন-আজাদ, শেখ সাব্বির হোসেন, স্বেচ্ছা দলের আহবায়ক শেখ মনোয়ার হোসেন লটাস, প্রবাসী মুক্তার হোসেন প্রমূখ।

মৌলভীবাজারে জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে গৌরবময় ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে।
বাংলাদেশের বহুদলীয় গনতন্ত্রের প্রর্বর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোজ বুধবার (২৭ অক্টোবর) মৌলভীবাজার জেলা যুবদল আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারন সম্পাদক এম এ মুহিত। প্রতিটি উপজেলার যুবদলের সভাপতি ও সম্পাদকসহ জেলা বিএনপির ফয়ছল আহমদ, ফখরুল ইসলাম, বকসি মিছবাহুর রহমান, পৌর বিএনপির সৈয়দ মমসাদ আহমদ, ফরহাদ রশীদ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।

ইরাকের দিয়ালায় আইএস জঙ্গিদের হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামিক স্টেট জঙ্গিরা মঙ্গলবার ইরাকের পূর্বে দিয়ালা প্রদেশের একটি গ্রামে হামলায় এক নারীসহ ১১ জনকে হত্যা করেছে। দেশটির যৌথ অপারেশন কমান্ড এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। খবর-রয়র্টাস।

বিবৃতিতে বলা হয়েছে যে, মুকদাদিয়া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামে ‘নিররক্ষাহীন বেসামরিক লোকদের’ লক্ষ্য করে হামলায় অন্যরা আহত হয়েছেন।

নিরাপত্তা ও চিকিৎসা সূত্র মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছে, অজ্ঞাত বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা তাদের হামলায় বেশ কয়েকটি গাড়ি এবং আধা স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করেছে। সুত্রঃ রয়টার্স।

ফেসবুকে প্রধানমন্ত্রী ও সেতু মন্ত্রীকে নিয়ে বিকৃত ছবি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগে রায়হান আহমদ নামে এক যুবককে আটক করেছে রাজনগর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজনগর থানার অফিসার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন ও এসআই বিনয় ভূষণ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ রায়হানকে নিজ বাড়ি থেকে মোবাইলসহ আটক করে।
এসআই বিনয় ভূষণ চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিকৃত ছবি এবং হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার মূর্তি অবমাননা করে ফেসবুকে কয়েকটি ছবি আপলোড করে রায়হান৷ এতে সাম্প্রতিক দাঙ্গার আশঙ্কা ছিলো। তাকে আটকের সময় মোবাইলে সেইসব বিকৃত ছবি পাওয়া গেছে। তার বিরুদ্ধে রাজনগর থানায় মামলা হয়েছে।
জানা গেছে, রায়হান আহমদ রাজনগর উপজেলার মুন্সীবাজারে একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত। তার বাড়ি রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউপি নয়াটিলা গ্রামে।