টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল টাইগাররা

স্পোর্টস ডেস্কঃ টিম টাইগার আজ বুধবার (২৭ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলেভে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।  আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। বল মাঠে গড়ানোর আগে হাঁটু গেড়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

এদিকে কোমরের চোটে বিশ্বকাপ শেষ সাইফ উদ্দিনের। তার জায়গায় মূল স্কোয়াডে সুযোগ হয়েছে রুবেল হোসেনের। তবে একাদশে জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী পেসার শরিফুল ইসলাম।

এই ম্যাচের নামার আগে ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংলিশদের হারানোর সুখস্মৃতি সামনে আসছে টাইগারদের। অন্যদিকে প্রথমবারের মতো দল দুটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে।

বাংলাদেশে থেকে ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

বাংলাদেশ একাদশ-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ও নাসুম আহমেদ।

রাজশাহী সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মোঃ জাহাঙ্গীর আলম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ রাজশাহী সীমান্তে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে পবা উপজেলার চর মাঝাড়দিয়াড়ের হারুমণ্ডলের পাড়া সংলগ্ন সীমান্ত এলাকায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

নিহত ব্যক্তির নাম মো. মিঠুন (২৫)। তিনি উপজেলার চর মাঝাড়দিয়াড়ের হারুমণ্ডলের পাড়ার কৃষক মনজুর হোসেনের ছেলে।

উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল জানান, মিঠুন চরে মোটরসাইকেল চালক ছিলেন। ভাড়ায় যাত্রী নিয়ে মোটরসাইকেল চালাতেন তিনি।

তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, মিঠুন চরে মোটরসাইকেলের রাইডার ছিলেন। ভারতীয় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে তার লাশ পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তার মৃত্যু হয়েছে। সকালে জানতে পেরে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, কে গুলি করেছে তা এখনই বলতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে, সীমান্ত অতিক্রমকালে মিঠুনকে গুলি করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সরকার vs সব দলঃ

আরও একটি রাজনৈতিক দলের অভিষেক হল। ১৬ কোটি মানুষের দেশে এত দলের প্রয়োজনীয়তাটি ভাবনার বিষয় বটে। দল গঠন দোষের নয় তবে এই দল গঠনের প্রক্রিয়াটি ছিল অভিনব। একজন অন্যজনকে প্রস্তাব করে নেতা নির্বাচিত হয়েছেন। আহ্বায়ক হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী এ এস এম কিবরিয়ার ছেলে ড.  রেজা কিবরিয়া এবং সদস্য সচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভি পি নূরুল হক। তারা দুজনেই নানা কারনে রাজনীতিতে আলোচিত। ড. কিবরিয়া গত নির্বাচনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্ধিতা করেছেন হবিগঞ্জ থেকে। ড. কামাল হোসেনের গনফোরামেরও মহাসচিব ছিলেন তিনি।

অতিথি হয়ে উপস্থিত ছিলেন আরেক ডাক্তার জনাব জাফরউল্লা চৌধুরী। চৌধুরী সাহেব নতুন দলের প্রতি আগ্রহ একটু বেশী। কামাল হোসেনের গনফোরামেও তার স্বরব উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। তিনি সরকারের পতন চান। যেন বর্তমান সরকারের পতন হলেই তর তর করে দেশ উন্নত হয়ে যাবে। কিন্তু বাস্তব চিত্রটি কি খতিয়ে দেখা দরকার।

বাংলাদেশ গত ১২ বছরে উন্নতির শিখরে পৌছে গেছে। ৫০ বছরে অন্য কোন সরকার এমন সাফল্য দেখাতে পারেনি। উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক ভাবেও দেশ এখন স্বাবলম্বি। খাদ্য ঘটতি পুরন করে বাংলাদেশ এখন খাদ্য রপ্তানিকারী দেশ। রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রন করে দেশ এখন উৎপাদনমূখী। সব সূচকেই বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের চেয়ে এগিয়ে। প্রবৃত্তির হারও ভারতকে ছাড়িয়ে গেছে। এমন অবস্থায় নতুন দল গঠনের প্রয়োজন হল কেন? কারন একটা অবশ্যই আছে।

তিনটি নির্বাচনে বি এন পি জামাতের অবস্থান হতাশ করেছে অনেককে। দেশকে পুর্বাবস্থায় ফিরিয়ে নিতে যারা সর্বদা ব্যস্ত তাদের উদ্দেশ্য সফল করতেই নতুন দল গঠিত হয়েছে। ধর্মানুভুতিকে উস্কে দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় তারা। বি এন পি নেতৃত্বহীন আর জামাত নিষিদ্ধ। জাতীয় পার্টি সরকারী জোটে। গনফোরাম বিভাজিত আর দলছুট নেতারা সকলেই ব্যর্থ। সকলেই আওয়ামী লীগ বিরোধী। এই জন্যই বলা হয় দেশে দুটি দল স্বক্রিয়। একটি আওয়ামী লীগ এবং অন্যটি সব দলের জোট। নতুন দলের ভবিষ্যত নিয়ে অনেকের উৎসাহ থাকতে পারে। তবে নতুন দলের ভবিষ্যত নির্ভর কোন জোটে তাদের অবস্থান কেমন হবে! এই দলই শেষ দল বলা যাবেনা। ব্যর্থ নেতারা আরও কোন দল গঠন করবেনা এমনটা বলা যাবেনা।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট, টরন্টো, কানাডা ।

ফুলবাড়ীতে উন্নত প্রযুক্তি নির্ভর পাটবীজের বাম্পার ফলনের সম্ভাবনা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে উন্নত প্রযুক্তি নির্ভর নাবি পাটবীজ উৎপাদনে ব্যাপক সাফল্য ও বাম্পার ফলনের সম্ভাবণা দেখা দিয়েছে । সন্তুষ্টির হাসি ফুটেছে কৃষকের মুখে।

উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তর সুত্র জানায়, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এবছর উপজেলায় ১৫ একর জমিতে পাটবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা  নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকদেরকে প্রদর্শনী আকারে উন্নত প্রযুক্তি নির্ভর নাবি পাটবীজ, সার প্রদান করা হয়েছে। সঠিক পরামর্শ ও দিকনির্দেশা দেয়ায় প্রদর্শনী গুলোর পাট ক্ষেতের অবস্থা খুবই ভালো।

উপজেলার চরগোরকমন্ডল গ্রামের কৃষক শাহজালাল জারুল হক জানান, আমরা প্রত্যেকে এক বিঘা জমিতে উন্নত প্রযুক্তি নির্ভর পাট আবাদ করেছি বীজ উৎপাদনের জন্য। ফুলবাড়ি উপজেলা উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা সব সময় আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। বর্তমানে ক্ষেতের অবস্থা খুবই ভালো। আশা করছি শতক প্রতি আড়াই থেকে তিন কেজি ফলন হবে।

ফুলবাড়ি উপজেলা উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা বেনজির আহমেদ জানান, কৃষকদের সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা দেয়া হচ্ছে। কোন বিপদ আপদ না হলে আশা করছি ভালো ফলন হবে।

রাণীশংকৈলে ডিবি’র হাতে ১১১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৮ টায় নেকমরদ হাইওয়ে ফিলিং স্টেশন সংলগ্ন পাকা সড়কের পাশ থেকে ১১১ বোতল ফেন্সিডিলসহ মশিবুর রহমান(৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

মশিবুর পাশ্ববর্তী হরিপুর উপজেলার মারাধর পূর্বপাড়া এলাকার শুকুরদির ছেলে।

জেলা ডিবি পুলিশ জানায়, ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থেকে একটি বড় ফেন্সিডিলের চালান নৈশকোচ যোগে ঢাকা যাবে। এরই প্রেক্ষিতে জেলা ডিবি পুলিশের এস আই নবিউল ইসলাম, এ এস আই শাহাদাৎ ও জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার নেকমরদ হাইওয়ে ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী পাটগ্রাম এক্সপ্রেস নামে একটি নৈশকোচকে থামায়। গাড়ি তল্লাশি করে কোন ফেন্সিডিল না পাওয়া গেলে, ফিলিং স্টেশন সংলগ্ন পাকা সড়কের পাশে মশিবুর রহমানকে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তাসহ দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে সন্দেহ হলে ডিবি পুলিশের টিম ঘিরে ফেলে এবং মশিবুর বুঝতে পেরে দৌড়ে পালাতে গিয়ে ডিবি’র হাতে ধরা পড়ে এবং ওই বস্তা থেকে ১১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইলফোন ও ঢাকা যাওয়ার একটি গাড়ির টিকিট জব্দ করা হয়। এ নিয়ে রাত ৯ টায় রাণীশংকৈল থানায় মশিবুরের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাটুরিয়া ৫নং ফেরী ঘাটে কাত হয়ে ডুবে গেল ফেরী (ভিডিও)

সিএনবিডি ডেস্কঃ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ১৪টি যানবাহন নিয়ে একপাশ কাত হয়ে আমানত শাহ নামের একটি ফেরি ডুবে গেছে। আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

ডিজিটাল বাংলা নিউজ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।

তিনি জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে আমানত শাহ ফেরি। ওই সময় ফেরি থেকে দুই-তিনটি যানবাহন নামার পরপরই একপাশ কাত হয়ে ওই ফেরি ডুবে যায়।

এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে কাজ করছে পাটুরিয়া ঘাট ফায়ার সার্ভিস (ভাসমান স্টেশন) ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমানত শাহ ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে শিবালয় উপজেলা ৫ নম্বর ফেরিঘাটে এসেছিল। এরমধ্যে ৩ থেকে ৪ টি গাড়ি আনলোড হয়। এরপরই ফেরিটি উল্টে যায়। আমরা জানতে পেরেছি এর মধ্যে ১৭টি ট্রাক ছিল এবং বেশকিছু যাত্রী ছিল। যখন ফেরিটি কাত হয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। আমরা চেষ্টা করছি ফেরিতে যারা ছিল তাদের জীবিত উদ্ধার করে আনার।

মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ জানান, আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো। ঘটনা কেন ঘটল তা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে। আমাদের প্রথম কাজ হচ্ছে, ভিতরে যদি কোনো লোকজন থাকে তাদেরকে উদ্ধার করা। সেই কাজটি আমরা করতেছি।

গুলশানে আবাসিক ভবনে এসি বিস্ফোরণ থেকে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

সিএনবিডি ডেস্ক: রাজধানীর গুলশান-২ নম্বরের একটি ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ বুধবার (২৭ অক্টোবর) ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সদর দফতরের ডিউটি অফিসার মো. রাফি ডিজিটাল বাংলা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশান-২ এর ১০৩ নম্বরের ৩৮ নম্বর ৬ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। আগুনের প্রাথমিক কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাতে কাজ করছেন।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুলশান-২ পিংক সিটির পাশের ভবন থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ হয়। এরপরই ধোঁয়া দেখা যায়। সম্ভবত এসি বিস্ফোরণ হতে পারে।

তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বাঞ্ছারামপুরে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড।  ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার বিকালে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

আসন্ন ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় সরকার  প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এম পি’ র সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী বাঞ্ছারামপুরের ১১টি  ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত করা হয়।

বাঞ্ছারামপুর উপজেলার আওতাধীন ১৩টি ইউনিয়নের মধ্যে তৃতীয় ধাপে ১১টি ইউনিয়নের নির্বাচন তপসিল ঘোষণা করা হয়।

মনোনয়ন  প্রাপ্ত প্রতিনিধিরা হলেন- (১) তেজখালি ইউনিয়নে এ কে এম শহিদুল হক বাবুল, (২) পাহাড়িয়া কান্দি ইউনিয়নে মো.গাজীউর রহমান বর্তমান চেয়ারম্যান (৪) সোনারামপুর ইউনিয়নে মো.শাহীন বর্তমান চেয়ারম্যান, (৫) দরিকান্দি ইউনিয়নে মো.সফিকুল ইসলাম স্বপন বর্তমান চেয়ারম্যান, (৬) ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে আমিনুল ইসলাম তুষার বর্তমান চেয়ারম্যান (৭) সদর উত্তর ইউনিয়নে আব্দুর রহিম বর্তমান চেয়ারম্যান, (৯) ফরদাবাদ- ইউনিয়নে মো.রাশেদুল ইসলাম, (১০) রুপসদী ইউনিয়নে মো.আব্দুল হাকিম, (১১) ছলিমাবাদ ইউনিয়নে আ.মতিন বর্তমান চেয়ারম্যান, (১২) উজানচর ইউনিয়নে কাজী জাদিদ আল রহমান জনি বর্তমান চেয়ারম্যান, (১৩) মানিকপুর ইউনিয়নে ফরিদ উদ্দিন আহম্মেদ।

যে ২টি ইউনিয়ন তপসিল ঘোষণা হয়নি- (৩) তিন দরিয়াদৌলত ও (৮) আইয়ুবপুর ইউনিয়ন।

হেমন্তে ঐতিহ্যবাহী খেজুর রস সংগ্রহে ব্যস্ত নওগাঁর গাছীরা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। এক একটি ঋতুর রয়েছে এক একরকমের বৈশিষ্ট। তেমনি এক ঋতু হেমন্ত। শীতের আমেজ শুরুএই হেমন্তেই। শীতকালিন বিভিন্ন সবজি যেমন আমরা পেয়ে থাকি তেমনি হেমন্তকালে খেজুর গাছের মিষ্টি ঐতিহ্যবাহী রসও পাওয়া যায়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু খেজুর গাছের এ রস। শীতের সকালে মিষ্টি রোদে বসে মিষ্টি খেজুর রস, সেই সাথে মুড়ি মিশিয়ে খাওয়ার মজাই আলাদা। তবে আগের মত তেমন আর খেজুর গাছ না থাকায় ও গাছীরাও গাছ থেকে রস সংগ্রহ না করায় দিন দিন হারিয়ে যেতে বসেছে মজাদায়ক খেজুর রস খাওয়ার ধুম। তারপরও নওগাঁর কিছু এলাকায় এখনো গাছীরা তার আগের পেশায় খেজুর রস সংগ্রহ করেন। যা আগের তুলনায় নামমাত্র বললেই চলে।

এরই ধারাবাহিকতায় শরতের আগমনের সাথে সাথেই নওগাঁয় আত্রাইয়ে খেজুর গাছের রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন রস সংগ্রহকারী হাবিবুর রহমান গাছীরা। এখনো রস সংগ্রহের জন্য প্রস্তুতি খেজুর গাছের পরিচর্যা বা চাছার কাজেই ব্যস্ত সময় পার করছেন গাছীরা। আবার কেউ কেউ ইতিমধ্যেই রস সংগ্রহ শুরু করেছেন।এক সময় এ পেশার উপর অনেক পরিবার নির্ভরশীল হলেও খেজুর গাছের সংখ্যা দিন দিন কমে যাওয়ায় বর্তমানে রস সংগ্রহকারী গাছীর সংখ্যাও কমেছে। তারপরও যারা খেজুর রসের উপর নির্ভরশীল, মূলত তারাই এখন কেউ গাছের পরির্চযা বা কেউ রস সংগ্রহে ব্যস্ত। খেজুর গাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় খেজুর রসের ঐতিহ্যও দিন দিন হারিয়ে যেতে বসেছে।

খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে হলে প্রথমে খেজুর গাছের উপরিভাগে মাথার অংশকে ভালো করে পরিস্কার করতে হয়। সেই সাদা অংশ থেকে বিশেষ কায়দায় ছোট-বড় কলসি বা হাঁড়ি হিসেবে পরিচিত মাটির পাত্রে রস সংগ্রহ করা হয়। তবে কালের ভেদে এখন অনেক গাছী সেই মাটির পাত্রের বিকল্প হিসেবে প্লাস্টিকের জার্কিনও ব্যবহার করছেন। ছোট ও মাঝারিসহ এমনকি বিশাল বড় বিভিন্ন রকমের খেজুর গাছে অত্যন্ত ঝুঁকি নিয়েই গাছীদের কোমড়ে মোটা রশির দঁড়ি বেঁধেগাছে ঝুলে খেজুর গাছের পরিচর্যা ও রস সংগ্রহ করতে হয়।

প্রতিদিন বিকালে খেজুর খেজুর গাছের সাদা অংশ পরিস্কার করে ছোট-বড় মাটির কলসি খেজুর গাছে বাঁধেন রসের জন্য। সাতসকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন তারা। রসের মান ভালো পাওয়ার জন্য প্রতি সপ্তাহে এক থেকে দুই দিন রস সংগ্রহে বিরতি দেন।ফলে রসের স্বাদ আরো বেশি মিষ্টি হয় বলেই গাছীরা জানিয়েছেন।

রস সংগ্রহকারীরা কাঁচা রস এলাকার বিভিন্ন স্থানে ও হাট বাজারে খাওয়ার জন্য বিক্রয় করেন।আবার কেউ কেউ রস দিয়ে গুড় তৈরি করে বিক্রয় করেন। গ্রামের অনেক মানুষ শীতের সকালে সু-স্বাদু এই খেজুর রস ও খেজুর রসের তৈরি গুড় কেনার জন্য অপেক্ষায় থাকেন।

খেজুর রসের তৈরি বিভিন্ন রকমের পাটালি ও লালী গুড়এর চাহিদাও অনেক। এ রস থেকে তৈরি গুড় দিয়ে মুখরোচক খাবার, পায়েসসহ হরেক রকমের লোভনীয় পিঠাও তৈরির ধুম পড়ে গ্রামের বাড়ি বাড়ি। বলতে গেলে বাঙালীর হাজার বছরের ঐতিহ্যের একটি অংশ এই রস। খেজুর রসের ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ রক্ষাসহ নতুনভাবে রোপনের উদ্যেগ নেয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

ফুলবাড়ীতে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াইলভীড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম  শুদাস চন্দ্র (৪২) । তিনি ওই গ্রামের ভবেন চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার  (২৬ অক্টোবর)  বিকাল ৩ টার দিকে নিজ বাড়ীর কদম গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন শুদাস। গাছের ডাল কাটার এক পর্যায়ে একটি ডাল হেলে গিয়ে বিদ্যুৎ এর তারের উপর পড়ে। এতে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।