মৌরসী সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়নে ১নং ওয়ার্ডের ফুলতলা বাজারে প্রতিবেশীর বিরুদ্ধে মৌরসী সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ভুক্তভোগী মৃত আকবর আলীর ছেলে সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়া, রমজান আলী, ও আব্দুন নূর রবিবার ( ৫ মার্চ) অভিযোগ করেন, তাদের মরহুম পিতা আকবর আলীর কাছ থেকে প্রতিবেশী মৃত রফিক মিয়া ফুলতলা টি মৌজার সাবেক দাগ- ৫৬১ বর্তমান দাগ ১৭৫৮ এর ২০ শতাংশ ভূমি দলিল মূলে ক্রয় করেন। কিন্তু রফিক মিয়া আকবর আলীর মোট ২৬ শতাংশ ভূমি দীর্ঘদিন থেকে ভোগ দখল করতে থাকেন। আকবর আলীর ছেলেরা তার পিতার সম্পত্তি পর্যালোচনা করে জানতে পারেন তাদের পিতা রফিক মিয়ার নিকট ২০ শতাংশ জমি বিক্রয় করেছেন। কিন্তু রফিক মিয়া ওই দাগ থেকে ৬ শতাংশ জমি জোরপূর্বক তার দখলে রেখেছেন।

রফিক মিয়ার মৃত্যুর পর তার স্ত্রী হাসনা বেগমের সম্মতিতে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সার্ভেয়ার এনে নিয়মানুযায়ী আইনগত ভাবে গত ১ মার্চ  জরিপ করে অতিরিক্ত ৬ শতাংশ ভূমি উদ্ধার করা হয়। হাসনা বেগম গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার স্বামীর দলিল মূলে ক্রয় করা ২০ শতাংশ ভূমি  বুঝে নেন এবং তার স্বামীর দখলে থাকা ৬ শতাংশ ভূমি স্বেচ্ছায় ছেড়ে দেন।

পরদিন মাসুক মিয়া ও তার ভাইয়েরা হাসনা বেগমের ছেড়ে দেওয়া তার পিতার ৬ শতাংশ ভূমিতে মাটি ভরাট করতে গেলে হাসনা বেগম বাঁধা প্রদান করে। এক পর্যায়ে হাসনা বেগম জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা কর্মকর্তা পরিদর্শক সৈয়দ আব্দুল মান্নান অভিযোগটি তদন্ত করে মাসুক মিয়া ও তার ভাইদেরকে কাজে বাঁধা দিয়ে বন্ধ রাখতে বলেন।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রবিবার (৫ মার্চ) সরজমিন গেলে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন মল্লিক, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য দছির উদ্দিন, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল ও সাগরনাল ইউনিয়নের সাবেক এমপি সদস্য তৈমুস আলী, ফুলতলা বাজার বণিক সমিতির সভাপতি বিল্লাল আহমদ, শিজিল আহমদ, আব্বাস আলী সহ অনেকেই বলেন রফিক মিয়ার দখলে থাকা মরহুম আকবর আল ৬ শতাংশ  ভূমি  স্ত্রী হাসনা বেগম স্বেচ্ছায় ছেড়ে দেন । কিন্তু হাসনা বেগম থানায় অভিযোগ দেওয়ার কারণ তারা জানেন না।

ভুক্তভোগী মাসুক মিয়া ও তার ভাই আব্দুন নূর এবং রমজান আলী বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। পুলিশ কাজ বন্ধ রাখতে বলায় আমরা কাজ বন্ধ রাখি। তারা সুষ্ঠু তদন্ত করে তাদের পিতার ৬ শতাংশ ভূমি বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান ও সুষ্ঠু দাবি জানান।

এ বিষয়ে হাসনা বেগম বলেন আমার স্বামী ২০২২ সালের ১৪ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুতে আমি এমনিতেই মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি বুঝে পাওয়ার জন্য আমি জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

জুড়ী থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান মুঠোফোনে বলেন হাসনা বেগমের লিখিত অভিযুক্তিটি তদন্ত করে দেখা হচ্ছে।

শ্রীমঙ্গলে ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১৫০ (একশত পঁঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।

শ্রীমঙ্গল অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনা মোতাবেক এসআই/মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রোববার ( ৬ মার্চ) সোয়া ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর অপেক্ষমান অবস্থায় দাঁড়িয়ে থাকা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ১৫০ (একশত পঁঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মৌলভীবাজারের একাটুনা ইউপির দিশালোক এলাকার বাসিন্দা রাজা মিয়ার ছেলে মোঃ পারভেজ মিয়া (৩০) ও উপজেলার ছাত্রাবট এলাকার মৃত আমির আলীর ছেলে মোঃ চাঁন মিয়া (২৮)কে গ্রেফতার করে থানা পুলিশ।

আটককৃত আসামী পারভেজ মিয়ার নামে ইতি পূর্বে অপর আরেকটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় আছে। অপর আসামী চাঁন মিয়াও একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় ব্যপক পরিচিতি রয়েছে। উক্ত বিষয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। রোববার সকালে আসামীদের পুলিশি হেফাজতের মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

এবিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ইনচার্জ ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার এর সত্যতা নিশ্চিত করে আরও বলেন শ্রীমঙ্গল এলাকা মাদক মুক্ত করনের লক্ষ্যে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে এবং আগামীতে ও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাকিস্তানে পুলিশ ভ্যানে বোমা হামলায় ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে পুলিশ ভ্যানে বোমা হামলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন পুলিশ। আজ সোমবার (৬ মার্চ) দুপুরে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলানের কাম্ব্রি সেতুর কাছে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী বোমা হামলা বলা হচ্ছে। হামলার দায় এখনও কোনো পক্ষ স্বীকার করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অব্স্থা আশঙ্কাজনক।

পুলিশ বলছে, হামলাকারী একটি মোটরসাইকেল করে এসে বিস্ফোরণ ঘটায়। হামলার পর বোম্ব ডিসপোজাল ইউনিট ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। পুরো এলাকা ঘিরে তল্লাশি চলছে।

এদিকে, বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেনজো জানান, সন্ত্রাসীরা হামলার মাধ্যমে তাদের ঘৃণ্য লক্ষ্য অর্জন করতে চায়। তবে তা কোনোভাবে সম্ভব হবে না।

চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়াম!

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সোমবার (৬ মার্চ) বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যে চলমান তৃতীয় ওয়ানডের প্রথম ইনিংস শেষে গ্যালারি ছিল প্রায় দর্শকশূন্য।যেখানে গ্যালারি সবসময়ই ফুলহাউস থাকে।

বাংলাদেশের বেশিরভাগ দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচই অনুষ্ঠিত হয় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। তাই চট্টগ্রাম কিংবা সিলেটের দর্শকদের মাঝে সব সময়ই একটা আক্ষেপ থেকে যায়। তবুও যখনই বাংলাদেশের ম্যাচ হয় এই দুই ভেন্যুতে, দর্শকের কোনো কমতি থাকে না। প্রিয় দলের সমর্থনে মাঠে নামে দর্শকদের ঢল।

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ থেকে ছিটকে গেলেও আজকের ম্যাচটা টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে তারকায় ভরপুর এমন এক ম্যাচ দেখতে দর্শকদের আগ্রহের বদলে দেখা গেল অনীহা। ২২ হাজারেরও বেশি ধারণক্ষমতার স্টেডিয়ামে আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং দেখতে দশ শতাংশ মানুষের উপস্থিতি নিয়েও আছে সংশয়। এ যেন মুদ্রার পুরোপুরি উল্টো চিত্র।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাম্প্রতিক আসরগুলোতে স্টেডিয়ামে খুব একটা দর্শক সমাগম হয় না। সেই বিপিএলেও এবার দর্শকের এতটা খরা ছিল না যেটা দেখা গেছে আজকের বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে।

অথচ গত দুই ম্যাচেও দর্শকরা মাঠের যাওয়ার জন্য উদগ্রীব ছিল। টিকিট নিয়ে ছিল হাহাকার। টিকিটের চাহিদা এত বেশি ছিল যে শেষ পর্যন্ত ব্ল্যাকে টিকেট কিনতে বাধ্য হয়েছিল অনেক দর্শক। মাত্র পাঁচ দিনের ব্যবধানেই তার একদম উল্টো চিত্র।

বলার অপেক্ষা রাখে না সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে যাওয়ায় এমন চিত্র দেখা যাচ্ছে স্টেডিয়ামে। আবার ছুটির দিন না হওয়ায়ও দর্শক সমাগম কম হচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ সিরিজে অবশ্য দর্শকদের হতাশ-ই করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়লেও দ্বিতীয় ম্যাচে টাইগাররা পুরোপুরি হতাশ করেছে। দল হেরেছে বিশাল ব্যবধানে।

পাঁজরের কার্টিলেজ ভেঙেছে অমিতাভ বচ্চনের

বিনোদন ডেস্কঃ হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অমিতাভ বচ্চন। দুর্ঘটনায় পাঁজরের কার্টিলেজ ভেঙেছে তার। সম্প্রতি তার একটি ব্লগে খবরটি নিজেই জানিয়েছেন এই অভিনেতা।

অমিতাভ তার ব্লগে জানিয়েছেন, হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছি আমি। বুকের দক্ষিণ পাঁজরের তরুণাস্থি (কোমল হাড়) ভেঙে গেছে। তাই আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে এআইজি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নিয়েছি এবং স্ক্যান করা হয়েছে।

এআইজি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মুম্বাইতে ফিরিয়ে আনা হয়েছে বিগবিকে। বর্তমানে মুম্বাইতে নিজের বাসায় বিশ্রামে রয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

তিনি আরও বলেন, হায়দরাবাদ থেকে চিকিৎসা শেষে নিজের বাড়িতে ফিরেছি। বুকে ব্যান্ডেজ করা হয়েছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা চলছে। তবে খুবই যন্ত্রণা হচ্ছে, নড়াচড়া করতে বা শ্বাস-প্রশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে আমার। চিকিৎসকরা জানিয়েছেন আমার সুস্থ হয়ে উঠতে সপ্তাহখানেক সময় লাগবে। যন্ত্রণা কমার জন্য কিছু ওষুধ নিতে হচ্ছে আমাকে।

আঘাত পাওয়ার কারণে সব কাজ বন্ধ রেখেছেন। সেই সঙ্গে পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত কোনো কাজ করবেন না বলে জানান তিনি।

আমি চাই আমার ছেলে শেষ ম্যাচ বগুড়াতে খেলুক: মুশফিকের বাবা

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব তারা তার ছেলেকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তার ফাইনাল আন্তর্জাতিক ম্যাচ খেলা দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। শহীদ চান্দু স্টেডিয়ামকে বিসিবির ভেন্যু হিসেবে ফিরিয়ে আনার দাবিতে গণস্বাক্ষর অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুশফিকের বাবা এ কথা বলেন।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশুর সাথে গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন শেষে মুশফিকুরের বাবা বলেন, “আমি চাই আমার ছেলে মুশফিক তার শেষ আন্তর্জাতিক ম্যাচটি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলুক। দেশের সন্তান ও পরিবারের সন্তান বগুড়ায় শেষ ম্যাচ খেললে আমি খুশি হব”।

তিনি আরও বলেন,”মুশফিক যদি নিজের দেশে, নিজ এলাকায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে পারেন, তাহলে আর চাওয়ার কিছু নেই।”

বগুড়া শহরের সাতমাথা এলাকায় জেলা প্রেসক্লাবের উদ্যোগে গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়। টানা তিন দিন এ অভিযান চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রচারণায় সই করার পর মুশফিকুর বাবা আরও বলেন, “বিসিবির ভেন্যু প্রত্যাহারের বিষয়টি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়া এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য একমাত্র আন্তর্জাতিক মাঠ। এই স্টেডিয়ামের পিচগুলো খুবই খারাপ।”

কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে চাঁদনী আক্তার (১৫) নামে এক কিশোরী ঘরের পিছনে আম গাছের ডালের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে। শমশেরনগরের পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেওল গ্রামে এ ঘটনাটি ঘটে।আত্মহত্যাকারী কিশোরী একই গ্রামের মিজান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পাশের জমিতে বিকেলে বাচ্চারা খেলাধুলা করছে। হঠাৎ গাছের সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাচ্চারা চিৎকার করে। পরে নিহতের ফুফাতো ভাই ঝুলন্ত লাশ নিচে নামিয়ে রাখে। পরে স্থানীয়রা শমশেরনগর পুলিশ ফাঁড়িকে খবর দেয়।

নিহত চাঁদনীর বাবা মিজান মিয়া বলেন, আমার মেয়েকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। আমার মেয়ে আত্মহত্যা করতে পারেনা।

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি কি কারণে আত্নহত্যা করেছে তা এখনো জানা যায় নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

একই পরিবারে ক্যান্সারে মৃত্যুর সংখ্যা ৮

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতির মা সায়েদা বেগম (৭০) লিভার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে রবিবার (৫ মার্চ) সকালে নিজ বাড়িতে মারা যান।ন(ইন্নানিল্লাহে—ওয়া রাজিউন।) তার বাড়ি পৌরশরের নয়ানপুর গ্রামে।

এদিন বিকালে নয়ানপুর স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এদিকে ওই পরিবারে সায়েদাসহ ৮ জন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় স্থানীয়রা হতবাক হয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, ওই পরিবারের সাবেক চেয়াম্যান আসিরউদ্দিন প্রোষ্টেড ক্যান্সারে  ২০০৯ সালে মারা যায়। সর্ব প্রথম মনি আক্তার (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী ওই পরিবারে ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালে, রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বি.এস.সি শিক্ষক আমিনুল ইসলাম (৫২) দাঁত ও গলা ক্যান্সারে ১৯৯৫ সালে, মুখ ও গলা ক্যান্সারে  অমেদা খাতুন (৬৫) ১৯৮৮ সালে, ইউপি সদস্য হাজিম উদ্দীন লিভার ক্যান্সারে ২০০১ সালে,  বিশিষ্ট সার ব্যাবসায়ী শামসুল ইসলাম (৫৫) লিভার ক্যান্সারে ২০১৬ সালে ও সুনামধন্য সার ব্যবসায়ী সাদেকুল ইসলাম (৪৫) মুখের ক্যান্সারে ২০১৭ সালে মৃত্যু বরণ করেন। সর্বশেষ মতিউর চেয়ারম্যানের মা সায়েদা বেগম লিভার ক্যান্সারে ২০২৩ সালের ৫ মার্চ মারা যান।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

একই পরিবারে ক্যান্সারে এতো বেশি মৃত্যুর কারণ জানতে চাওয়া হলে, রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ডাঃ ফিরোজ আলম বলেন, তাদের জন্মগত ভাবে এ রোগ হয়ে আসছে। তাদের ডিএনএ এনালাইন্সিস রিপোর্ট করলে আগাম জানা যাবে কে কোন রোগে আক্রান্ত হতে পারে।

৯৮ বোতল নেশা জাতীয় ইস্কাফ সহ মাদক কারবারী গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফেনসিডিলের বিকল্প নেশা ৯৮ বোতল ইস্কাফ সিরাপ সহ একাধিক মাদক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি ফিরোজ ইসলাম (৩০) কে হাতেনাতে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বড়াইতলা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফিরোজের বিরুদ্ধে পূর্বের দুইটি  মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

ফুলবাড় থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামীকে শনিবার কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

জেলা সাংবাদিক ইউনিয়নের নের্তৃবৃন্দের সাথে মতবিনিময়

ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার (৪ মার্চ) বিকালে পাবলিক লাইব্রেরি কক্ষে এ সভা হয়।

সভায় সিনিয়র সাংবাদিক নুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এ টি এম সামসুজ্জোহা, সদস্যসচিব বদরুল ইসলাম বিপ্লব, সদস্য আবু তোরাব মানিক, জাকির মোস্তাফিজ মিলু, ইমদাদুল ইসলাম ভুট্টো, নাজমুল হুদা সোহান।

রাণীশংকৈল উপজেলার সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মোবারক আলী, আনিসুর রহমান বাকী, সফিকু্ল ইসলাম শিল্পী, মো.বিপ্লব, জিয়াউর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক হুমায়ুন কবির।