শত্রুদের চিহ্নিত করা জরুরীঃ

কুমিল্লায় হিন্দু মন্দিরে ভাঙ্গচুরের ঘটনা এখন বিশ্ব গনমাধ্যমেও প্রচার হচ্ছে। যারাই ঘটনাটি ঘটিয়ে থাকুক প্রচারমাধ্যম সরকারকেই অভিযূক্ত করছে। শুক্রবার আবারও চৌমোহনীতে মন্দির ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। বি এন পি জামাত মিলে ১২ বছরে দেশে যতটুকু ক্ষতি করতে পারেনি, গত এক সপ্তাহের ঘটনা সেই ক্ষতিটি করে দিয়েছে।

কুমিল্লার ঘটনাকে পুঁজি করে আন্দলনে নামার প্রস্তুতি নিচ্ছে জামাত-বিএনপি। ধর্মের রাজনীতিকে উস্কে দিয়ে আবার তারা দেশকে সংঘাতময় করতে চায়। লাশ চায় রাজপথে। সংঘাতের রাজনীতি এই দুই দলের কাছে নতুন নয়, এর আগেও আগুন সন্ত্রাস করেছে দেশে। জামাত-বিএনপি’র রাজনীতি বুঝিতে খুব বড় পন্ডিত হওয়ার প্রয়োজন হয়না ৷ তবে সূত্রটি উদ্ধার করা এখন খুব বেশী প্রয়োজন।

সন্দেহভাজন ইকবাল এখন পুলিশের হেফাজতে। সে স্বীকারও করেছে সব। ইকবালের জবানিতেই বের হবে কারা কারা জড়িত। সেই তথ্য বের হলেই মূল হোতাদের পরিচয় খোলাসা হবে। উদ্দেশ্যটিও জানা যাবে। মান্না বা আলাল কি বললো তা নিয়ে উত্তেজিত হওয়ার কারন নেই। অপরাধী যতই চালাক হউক নিজেই অপরাধের চহ্ন রেখে যায়। সার্বিক তদন্ত ছাড়া কারো কোন মন্তব্য করাও সঠিক হবেনা। তবে ঘটনাটি যে রাজনৈতিক উদ্দেশ্যে ঘটানো হয়েছে সে বিষয়ে অমত করেনি কেউ। সরকার বিষয়টি নিয়ে যেভাবে তৎপর হয়েছে, সংশ্লিষ্ঠদের তথ্য বের হবেই। উস্কানীদাতাদের পরিচয় পাওয়া গেলে পরিনতিটিও এখন অনুমান করা যাচ্ছে। যে কারনে অনেকেরই সুর পাল্টাতে শুরু করেছে।

ঘটনা ঘটার সাথে সাথে গনমাধ্যমে সরকারকে দায়ী করে যারা বক্তব্য দিয়েছে তাদের তথ্যের সূত্রটিও উদঘাটন করা খুব জরুরী। তাদের প্রচারনায় ক্ষুদ্ধ হয়ে অনেকে মন্দির ভাঙ্গায় অংশ নিয়েছে। বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু কখনোই ধর্মবিদ্বেষী নয়। দুই ধর্মের সহঅবস্থান আমাদের দেশের ঐতিহ্য। দুই ধর্মের সম্প্রীতিকে রাজনীতির হাতিয়ার হিসাবে যারা ব্যবহার করে তারা দেশের শত্রু। কুমিল্লার ঘটনার পর এই শত্রুদের চিহ্নিত করা দেশের স্বার্থেই এখন জরুরী।

আজিজুর রহমান প্রিন্স,

কলামিস্ট, টরন্টো, কানাডা। 

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলের শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সহকারী শিক্ষক সামিদুল ইসলাম (৩৬) রবিবার ২৪ অক্টোবর সন্ধায় ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহিত হয়েছেন।

সে উপজেলার কলিগাঁও গ্রামের মৃত তমিজউদদীন মন্ডলের ছেলে এবং রাউতনগড় স্কুল এন্ড  কলেজের সহকারী শিক্ষক।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সামিদুলের একমাত্র সন্তানকে বিড়াল আঁচড় দিলে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে ভেকসিন নিতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যায়।

ভেকসিন নিয়ে আসার পথে সদর উপজেলার ভাউলার হাট নামক স্থানে একটি পাগলু গাড়ীর সাথে সংঘর্ষ লেগে সামিদুল ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম দুর্ঘটনায় ওই শিক্ষকের মৃত্যু হয়েছে মর্মে নিশ্চিত করেন। শিক্ষকের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মুরাদনগরের ২০ নং পাহাড়পুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুরমোহাম্মদ বিন মুজিবুর রহমানের মতবিনিময় সভা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার ২০ নং পাহাড়পুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুরমোহাম্মদ বিন মুজিবুর রহমান গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল রোববার বিকেলে তিনি পাঁচপুকুরিয়া বাজারে এ মতবিনিময় সভা করেন।

এসময় গ্রামবাসীর উদ্দেশে নুরমোহাম্মদ বিন মুজিবুর রহমান বলেন, আমি আপনাদের গ্রামের সন্তান। আমি আগামী ইউপি নির্বাচনে ২০ নং পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী। যদি আমাদের প্রিয় নেতা আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এমপির সমর্থন ও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাই তাহলে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করব। তাই আমি দলমত নির্বিশেষে আপনাদের সবার সহযোগিতা ও সমর্থন চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা আমার পাশে থাকবেন।

আলোচনা সভায় জনগণ বলেন নুরমোহাম্মদ একজন সৎ নীতিবান ও পরোপকারী ব্যাক্তি তার সততা ভদ্রতার ও তার ক্লিন ইমেজের জন্য আমরা সর্বস্তরের জনগণ নুরমোহাম্মদকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন করলাম।উক্ত আলোচনা সভায় জনগণ আরো বলেন নুরমোহাম্মদ বিন মুজিবুর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনীত করলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে এলাকাবাসী দৃঢ়ভাবে আশাবাদী।এলাকাবাসী আরো বলেন আমাদের ইউনিয়নে নুরমোহাম্মদ বিন মুজিবুর রহমান এলাকার সর্বস্তরের জনগণের কাছে খুবই জনপ্রিয় আমরা তার সততা ও আদর্শ থেকে তাকে সমর্থন করলাম।

উক্ত ইউনিয়নের সর্বস্তরের জনগণ আরো বলেন নুরমোহাম্মদ বিন মুজিবুর রহমানের জনপ্রিয়তা যেন আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব ইউসুফ আব্দুল্লাহ্ হারুন (এফসিএ) এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন সাহেবের সুদৃষ্টি থাকে।

নওগাঁয় শীতকালীন শাকসব্জি বাজারে উঠতে শুরু করেছে : ২৫৮০ হেক্টর জমিতে আবাদ

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলার বিভিন্ন বাজারে শীতের শাকসব্জি উঠতে দেখা যাচ্ছে। জেলা সদরের পাইকারী বাজারসহ বিভিন্ন আঞ্চলিক বাজারসমূহ এবং গ্রামীন হাটবাজারে এখন শীতের শাকসব্জির ব্যপক সমাহার পরিলক্ষিত হচ্ছে। এসব সব্জির দামও সকলের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ জানিয়েছেন, চলতি শীত মওসুমে জেলায় মোট ২ হাজার ৫শ ৮০ হেক্টর জমিতে শাকসব্জির আবাদ হয়েছে। এসব শাক সব্জির মধ্যে রয়েছে সীম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, করলা, বরবটি, মূলা, লালশাক, পালংশাক, সবুজশাক ইত্যাদি।

সূত্রমতে, উপজেলাভিত্তিক শীতকালীন শাকসব্জি চাষের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৫৪০ হেক্টর, রানীনগর উপজেলায় ৮০ হেক্টর, আত্রাই উপজেলায় ৮০ হেক্টর, বদলগাছি উপজেলায় ৮০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২৬০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ২৪৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৪৭৫ হেক্টর, সাপাহার উপজেলায় ২০ হেক্টর, পোরশা উপজেলায় ৮০ হেক্টর, মান্দা উপজেলায় ৫২০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২০০ হেক্টর।

রাজনগরে কুমিল্লায় কোরআন শরীফ রাখার ঘটনা নিয়ে বিতর্কে ১জনকে পিটিয়ে আহত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকলের বাজারে নানুয়ার দীঘীরপাড় পূজা মন্ডপে পবিত্র কোরআন শরীফ রাখায় আটককৃত আসামী ইকবাল হোসেন গ্রেফতারের বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে জামাত-শিবির, বিএনপি সমর্থকেরা একপর্যায়ে উজ্জল নামে এক যুবক কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ অক্টোবর ) সন্ধায় উপজেলার আকলের বাজারে।

অভিযোগে জানা যায়, ঘটনার দিন দুপুরে জামাত বিএনপি সমর্থীত আকলের বাজার কমিটির সভাপতি ও সাবেক পাঁচগাও ইউপি বিএনপির সভাপতি রব মিয়া (৫৮) এবং বিএনপি কর্মী পাঁচগাও ইউপি ১নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর মিয়া (৩০) ও তার ভাতিজা লিটন মিয়া (২৬) সহ কয়েকজন প্রকাশ্যে আলোচনা করছিলো সাম্প্রদায়িক ঘটনায় ইকবাল হোসেনকে গ্রেফতার বিষয় সরকারের সাজানো ঘটনা। তাদের দাবী পবিত্র কোরআন শরীফ রেখেছে ছাত্রলীগের কর্মীরা।

তখন উজ্জল বলেছিলো গ্রেফতারকৃত আসামী ইকবাল হোসেনই এই কোরআন রেখেছে এবং তা জামাত শিবির, বিএনপির লোকেরাই করিয়েছে। এই বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত পরিবেশ ঘোলাটে না করে উজ্জল মিয়া তার বাড়িতে চলে যায়।

সন্ধ্যার দিকে উজ্জল আবার বাজারে আসলে রব মিয়ার নির্দেশে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর মিয়া (৩০),ঝুনুর মিয়া (৪০), দুদু মিয়া (৪৫),মিন্টু মিয়া (২০),তারেক মিয়া (১৯) সহ আরো অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন হাতে দেশীয় অস্ত্র রামদা,লোহার রড,রুল,ও লাঠিসোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।

পরে উজ্জল মিয়া আত্নরক্ষার জন্য মারাত্বক ভাবে আহত রক্তাক্ত অবস্থায় দৌড়ে আকলের বাজারের মোল্লা মার্কেটের ভিতরে গিয়ে আশ্রয় নেয়। পরে আহত উজ্জল কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হলে পরে তাকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশংকাজনক।

এ ব্যাপারে রাজনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে নিশ্চিত করতে রাজনগর থানা ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

রাণীশংকৈলে ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের আরজিপি উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার (২৪ অক্টোবর) বিকালে আওয়ামী লীগের  বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার রাতোর ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীক প্রার্থী শরৎ চন্দ্র রায়ের বিজয় নিশ্চিত করতে এবং নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার করতে এই বর্ধিত সভার আয়োজন করে রাতোর ইউনিয়ন আওয়ামী লীগ।

সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক রেজাউল করিম মুকুল সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, জেলা পরিষদের সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, রাতোর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ও নৌকা মার্কার প্রার্থী শরৎ চন্দ্র রায় ।

আরো বক্তব্য দেন আ’লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম, আ’লীগ নেতা প্রভাষক প্রশান্ত বসাক, শাসসুল হক (সাবেক মেম্বার), রাতোর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক লাবু সরকার, ছাত্রলীগ সভাপতি তাজমুল জামান বাণী, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ-নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

তারা আরও বলেন, যারা দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উলিপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রামের উলিপুরে ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় সাড়ে তিন বছ‌র বয়সের এক শিশুর মৃত‌্যু হয়েছে। গতকাল র‌বিবার দুপুরে উপজেলার ধামশ্রেণী ইউ‌নিয়নের সু‌রির ডারার পাড় মো‌ড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মুরসালিন। সে ওই এলাকার নুর আ‌মিনের ছেলে।

স্থানীয়ারা জানান, দুপুরে মুরসালিন বা‌ড়ির গেটের সামনে রাণীগঞ্জ-উলিপুর সড়কে দাঁড়িয়ে ছিল। এসময় রাণীগঞ্জ থেকে আসা দ্রুতগামী এক‌টি অটো‌রিকশা হঠাৎ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত‌্যু হয়। স্থানীয়রা অটোরিকশাটি আটক করলেও কৌশলে পা‌লিয়ে যায় চালক।

উলিপুর থানার ও‌সি ইম‌তিয়াজ ক‌বির ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনার টিকা নিলেই ৫০০ ডলার!

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কর্মচারী-কর্মকর্তাদের মধ্যে যারা এখনো করোনার টিকা নেননি, তারা ২৯ অক্টোবর শুক্রবার অপরাহ্ন ৫টার মধ্যে প্রথম ডোজ নিলেই বোনাস হিসেবে ৫০০ ডলার করে পাবেন। পরের সপ্তাহের বেতনের চেকে এই অর্থ পাওয়া যাবে। আর যারা নেবেন না তাদের ১ নভেম্বর থেকে বেতনহীন ছুটিতে যেতে হবে। টিকা না নেয়া পর্যন্ত বাধ্যতামূলক এ ছুটি বলবত থাকবে।

এ সংক্রান্ত একটি নির্দেশ গত বুধবার জারি করেছেন সিটির হেলথ কমিশনার ড. দেব চুকশি।

করোনা ভীতি দূরে ঠেলে স্বাভাবিক জীবনে ফেরার পরিক্রমায় পূর্বশর্ত হচ্ছে টিকা নেয়ার যোগ্য সবাইকে তা গ্রহণ করা। নিউইয়র্ক সিটির তেমন জনসংখ্যার ৭১ শতাংশ অন্তত একটি করে ডোজ নিয়েছেন। যারা নেননি তাদের বড় একটি অংশ হচ্ছে পুলিশ, নার্স, স্কুল শিক্ষক এবং সিটি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মচারি-কর্মকর্তা।

এদিকে সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো সকল কর্মকর্তা-কর্মচারির জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার নির্দেশ জারির পরই নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের টিকা নিতে আগ্রহী নন এমন অফিসাররা আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন। ব্যক্তির মৌলিক অধিকার খর্ব করার এখতিয়ার সিটি মেয়রের নেই বলে তারা যুক্তির অবতারণা করেছেন।

এখন টিকা না নিলে বেতনহীন ছুটির ঘোষণায় কতজন সাড়া দেবেন এটাই এখন দেখার বিষয়। যদিও চিকিৎসা-বিজ্ঞানীরা বারবার উল্লেখ করছেন যে, টিকা নিলে করোনায় সংক্রমিত হলেও হাসপাতালে যাবার মতো পরিস্থিতি হচ্ছে না ৯০ শতাংশের অধিক মানুষের। তাদেরই হাসপাতালে যেতে হচ্ছে যারা অন্য কোনো জটিল রোগে আক্রান্ত।

উল্লেখ্য, এর আগে আরও কটি স্টেটের ন্যায় নিউইয়র্ক সিটির পক্ষ থেকেও প্রথম ডোজ গ্রহণকারিকে একশত ডলার করে প্রদান করা হয়েছে। সেটি ছিল সাধারণ নাগরিকের জন্যে। ওই আহবানে অনেকে সাড়া দিয়েছেন। সুত্রঃ এনওয়াই টাইমস।

সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার সিনিয়র এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার পেন্টাগন এ কথা জানায়। ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোটের ব্যবহৃত সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটি হামলার শিকার হওয়ার দুই দিন পর এ ড্রোন হামলা চালানো হলো।

এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড মুখপাত্র সেনাবাহিনীর মেজর জন রিগসবি বলেন, ‘আজ সিরিয়ার উত্তর-পশ্চিমে মার্কিন বিমান হামলায় আল-কায়েদার সিনিয়র নেতা আব্দুল হামিদ আল-মতার নিহত হয়েছেন।’

তিনি জানান, সেখানে এ হামলায় আর কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। তিনি আরো জানান, এমকিউ-৯ বিমান ব্যবহার করে এ হামলা চালানো হয়।

তিনি বলেন, ‘আল-কায়েদার এ সিনিয়র নেতা নিহত হওয়ায় বৈশ্বিক হামলার ষড়যন্ত্রের ক্ষেত্রে এ সন্ত্রাসী সংগঠনের সক্ষমতা ব্যহত হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষের দিকে সিরিয়ার উত্তরপশ্চিমে ইদলিবের কাছে এক বিমান হামলায় আল-কায়েদার আরেক সিনিয়র নেতা সালিম আবু-আহমেদ নিহত হন বলে পেন্টাগন জানায়। খবরঃ এএফপি।

আরিয়ানের বিরুদ্ধে সাক্ষী দিতে ২০ কোটি টাকার চুক্তি!

বিনোদন ডেস্কঃ বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খান জেলে রয়েছেন। মুম্বাইয়ের আর্থার রোড জেলের কুঠুরিতে দিন কাটছে তার। আরিয়ান খানের পরিচিতি এখন ‘কয়েদি নম্বর ৯৫৬’।

এদিকে এনসিবির বিরুদ্ধে এক অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে, শাহরুখপুত্র আরিয়ান খানের বিরুদ্ধে কথা বলার জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এক ব্যক্তিকে টাকা দিয়েছে। সেই ব্যক্তিই আরিয়ানের বিপক্ষে সাক্ষী দিয়েছেন। রোববার (২৪ অক্টোবর) এমনই বিস্ফোরক দাবি করলেন সাক্ষী নিজেই। তবে সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমে ওই সাক্ষীর এমন মন্তব্য প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ‘মিথ্যে রটনা’ বলে দাবি করেছে এনসিবি।

এর আগে আরিয়ানকে গ্রেপ্তারের ঘণ্টাখানেকের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, আরিয়ানের সঙ্গে এক ব্যক্তি সেলফি তুলছেন। সেই ব্যক্তির নাম কিরণ পি গোসাভি। প্রথমে মনে করা হয়েছিলম কিরণ এনসিবির কর্মকর্তা। সে সময় অনেকেই ওই সেলফি নিয়ে প্রশ্ন তোলেন।

পরবর্তীতে এনসিবি বিবৃতি দিয়ে জানায়, কিরণ তাদের কেউ নন। শুধু তাই নয়, কিরণকে এই মামলার অন্যতম সাক্ষী হিসেবে তুলে ধরে তার খোঁজ চালায় এনসিবি। কিরণ ওই ঘটনার পর থেকেই পলাতক।

এদিকে পলাতক কিরণের সহযোগী প্রভাকর সেইল জানিয়েছেন, তদন্তকারী সংস্থা তাকে ফাঁকা পঞ্চনামায় সই করিয়েছে। এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে তাকে বিপদে ফেলার ভয়ও দেখিয়েছেন।

নিজেকে কিরণের দেহরক্ষী বলে পরিচয় দিয়ে তিনি দাবি করেন, শাহরুখপুত্রের বিরুদ্ধে মুখ খুলতে ১৮ কোটি রুপির চু্ক্তি হয়েছে বলে শুনেছেন। বাংলাদেশি টাকায় যা ২০ কোটিরও বেশি। এ বক্তব্য প্রকাশ হতেই তোলপাড় চলছে।

প্রভাকরের দাবি, কিরণ ‘রহস্যজনকভাবে নিখোঁজ’ হয়ে যাওয়ার পর থেকেই সমীর ওয়াংখেড়েকে নিয়ে এই ধরনের ভাবনা শুরু হয়েছে তার। এমনকি তার নিজের জীবন ঝুঁকিতে আছে বলেও দাবি প্রভাকরের।

প্রসঙ্গত, মুম্বাইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তাদের দীর্ঘ ছয় ঘণ্টার জিজ্ঞাসাবাদে মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন আরিয়ান। তাকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে- ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা পাওয়া গেছে। সুত্রঃ এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস।