পায়রা সেতুর উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডিবিএন ডেস্কঃ দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পায়রা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ রোববার (২৪ অক্টোবর) সকাল ১১টায় নিজের সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরই সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গণভবন থেকেই অনুষ্ঠানে যুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের ৫০ লাখ মানুষের স্বপ্নের বাস্তবায়িত হলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি মেগা উন্নয়ন প্রকল্পের একটি হচ্ছে পায়রা সেতু। দফায় দফায় সময় ও ব্যয় বাড়িয়ে পায়রা সেতুর নির্মাণকাজ পুরোপুরি শেষ করতে ৯ বছরের বেশি সময় লেগেছে। সেতুটি চালু করার মধ্য দিয়ে বরিশাল থেকে সড়কপথে পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত নিরবচ্ছিন্ন যাতায়াতের পথ খুলে যাবে। আর পদ্মা সেতু খুলে দিলে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতও হবে নিরবচ্ছিন্ন। আধুনিক প্রযুক্তি ও নান্দনিক নকশার পায়রা সেতু এরই মধ্যে দক্ষিণাঞ্চলের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৮ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) সেতু প্রকল্পটি অনুমোদন পায়। ওই সময় পায়রা সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৪১৩ কোটি ২৮ লাখ টাকা। ২০১৬ সালের ডিসেম্বরে এই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কাজ শুরু করতেই চার বছর লেগে যায়। এরপর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তিনবার প্রকল্পের ব্যয় বেড়ে হয় এক হাজার ৪৪৭ কোটি টাকা। এর মধ্যে সংযোগ সড়ক, টোল প্লাজা, নদীশাসন ও সেতু (অবকাঠামো) নির্মাণে খরচ হয়েছে এক হাজার ১১৮ কোটি টাকা।

প্রকল্প পরিচালক আবদুল হালিম বলেন, পরামর্শক নিয়োগে দেরি, সেতুর নকশা দুই দফা পরিবর্তন এবং দরপত্রের কাজে দেরি হওয়ায় কাজ শুরু হয় ২০১৬ সালে। এ ছাড়া করোনাও একটা কারণ। তবে ব্যয় বাড়ার অন্যতম কারণ হলো নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়া। পায়রা সেতু প্রকল্পের কর্মকর্তারা জানান, ঢাকা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকার পায়রা নদের ওপর নির্মাণ করা হয়েছে চার লেনের পায়রা সেতু।

এই সেতুতে রিকশা, ঠেলাগাড়ি, ভ্যান, সাইকেল থেকে শুরু করে বাস, ট্রাক ও কনটেইনারবাহী লরিও চলবে। যানভেদে নির্ধারণ করা হয়েছে টোলের হার। সবচেয়ে বেশি টোল দিতে হবে কনটেইনারবাহী লরিকে, ৯৪০ টাকা। ভারী ট্রাক ৭৫০ টাকা, মাঝারি ট্রাক ৩৭৫, বড় বাস ৩৪০, ছোট ট্রাক ২৮০, ট্রাক্টর ২২৫, মিনিবাস ১৯০, মাইক্রোবাস ১৫০, পিকআপ ১৫০, প্রাইভেট কার ৯৫, অটোরিকশা ৪০, মোটরসাইকেল ২০ টাকা। রিকশা, ভ্যান, সাইকেল, ঠেলাগাড়ির জন্য টোল দিতে হবে ১০ টাকা করে।

উল্লেখ্য, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের টোল ও এক্সেল শাখা থেকে টোলের হার নির্ধারণ করা হয়েছে।

আজ বিকাল ৪টায় সুপার টুয়েলভে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এ  প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আজ রবিবার (২৪ অক্টোবর) এবারের আসরের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের শারজা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ এ ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টিভি ও টি-স্পোটর্স চ্যানেলে।

বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারে টাইগাররা। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। স্বাগতিক ওমানের বিপক্ষে ২৬ রানের জয় পায় রিয়াদ বাহিনী। আর গ্রুপ পর্বে তৃতীয় ও শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৮৪ রানের বড় জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে বাংলাদেশ।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো আসরেই বাংলাদেশ কখনো খুব ভাল করতে পারেনি। ২০০৭ বিশ্বকাপের প্রথম আসরে সুপার এইটে খেলতে পেরেছিল, এই যা। এর পর ২০০৯, ২০১০ ও ২০১২ সালের আসরে একটি জয়ও পায়নি টাইগাররা।

২০১৪ আসরটি ১৬ দলের হওয়ায় জয় পায় বাংলাদেশ। সেবারও গ্রুপ পর্বের ৩ খেলায় ২টি জয়ে হয়েছিল গ্রুপ সেরা। এরপর সুপার টেনে ৪ ম্যাচের সবগুলোই হারে টাইগাররা। একই চিত্র ছিলো ২০১৬ সালেও।

টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে চারটিতে জিতেছে টাইগাররা। সাতটিতে জয় পেয়েছে লঙ্কানরা। সর্বশেষ দুই ম্যাচে জয় ছিলো বাংলাদেশেরই। যদিও এবারের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ।

কিন্তু সবকিছুকে পিছনে ফেলে এবারের আসরে প্রথমবারের মতো সেমি-ফাইনালে খেলার লক্ষ্যে জয় দিয়েই শুরু করতে চায় বাংলাদেশ। এ জন্য তরুণদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

 

উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের পারফরমেন্স আশানুরুপ নয়। এখন পর্যন্ত খেলা ১১৬টি ম্যাচে ৪৩টি জিতেছে তারা। বিপরীতে ৭১ ম্যাচে হার ও দু’টি পরিত্যক্ত হয়েছে। এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৮টি ম্যাচ খেলে মাত্র ৭টিতে জিতেছে বাংলাদেশ।

কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান সহযোগীসহ র‍্যাবের হাতে আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ রংপুরে অভিযান চালিয়ে মাদকসহ কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান ও তার সহযোগী রাসেল মিয়াকে আটক করেছে রংপুর র‍্যাব-১৩।

র‍্যাব জানায়, গেল শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর শহরের শাপলা চত্বর থেকে ১২বোতল দেশীয় মদসহ মশিউর রহমান ও তার সহযোগী রাসেল মিয়াকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রংপুর কোতয়ালী থানায় সোপর্দ  করা হয়।

রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ  জানান, আটক দুই আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দিনাজপুরের নবাবগঞ্জে এক যুবকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি : নবাবগঞ্জ থানার ইসলামপুর গ্রামের বাসিন্দা ২১ বছরের তরুন মোঃ রিয়াজুল ইসলাম। ২০০৯ সালে ভালোবেসে বিয়ে করেন সিরাজগঞ্জের সেতুকে। সুখের সংসারে ২০১৫ সালে উক্ত দম্পতির কোল আলোকিত করে জন্মগ্রহণ করে ফুটফুটে সন্তান আদনান সনদ। পরিবারটিতে সুখের কোথাও কোন ঘাটতি ছিলো না। শ্বশুর-শ্বাশুড়ী,স্বামী সন্তান নিয়ে সুখেই ছিলেন সেতু। ২০১৮ সালে নেমে আসে তার জীবনে অমাবস্যার ঘোড় অন্ধকার। ডিভোর্সি এবং কন্যা সন্তানের জননী বিজিবি ক্যাম্প, ফুলবাড়ি এলাকার বাসিন্দা সানজিদা আক্তার প্রিয়া নামে এক সুন্দরী নারীর সাথে পরিচয় হয় রিয়াজুলের। এক পর্যায়ে নিজের অসহায়ত্ব কাটাতে রিয়াজুলকে পরকীয়া সম্পর্কের ফাঁদে ফেলেন প্রিয়া। স্ত্রী- সন্তান রেখে রিয়াজুল ও সেই ফাঁদে পা বাড়িয়ে সম্পর্কের গভীরতা বাড়াতে অগ্রসর হন নিদারুণ প্রণয়ের দিকে। স্ত্রী, নিস্পাপ সন্তানের আর্তনাদ, পিতা-মাতার বাঁধা সকল কিছুর মায়ার জ্বলেও আটকাতে পারেনি তাদের প্রণয়। বরং স্ত্রীকে তুচ্ছ বিষয়গুলি নিয়ে মারপিট ও শারীরিক নির্যাতন করতো।
এক পর্যায়ে ২০২০ সালে সবার চোঁখের জ্বল জলাঞ্জলী দিয়ে বিয়ে করেন কন্যা সন্তানের জননী এবং ডিভোর্সি  সানজিদা আক্তার প্রিয়া নামে উক্ত নারীকে। সবকিছু জেনেও সেতু তার স্বামীকে ফিরে পাবার আশায় শ্বশুর-শ্বাশুড়ী,পিতা-মাতা আত্মীয় স্বজনের পরামর্শে নিজের সন্তান ও ১২ বছরের সাজানো সংসারের দিকে তাকিয়ে রিয়াজুলের বাড়িতেই অবস্থান করেন দীর্ঘদিন।
এরপর পারিবারিক,পারিপার্শ্বিক চাপে এবং প্রথম স্ত্রী সেতু আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানালে  একই বছর দ্বিতীয় স্ত্রী সানজিদা প্রিয়াকে তালাক প্রদান করে এবং নিজের ভুল স্বীকার করে অধিক বিশ্বস্ততার জন্য সেতুর সহিত পুনরায় ২০ লক্ষ টাকা দেনমোহরের প্রতিশ্রুতি দিয়ে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী সন্তান ও পিতামাতার নিকট ফিরে আসে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই উক্ত তালাক কার্যকর না করে পুনরায় তার দ্বিতীয় স্ত্রী সানজিদা প্রিয়াকে গ্রহণ করে শ্বশুর বাড়িতে বসবাস শুরু করে। সন্তান সহ অসহায় হয়ে পরেন তার প্রথম স্ত্রী সেতু। অপেক্ষা করেও স্বামী আর ফিরে না আসায় সন্তানসহ বাবার বাসা সিরাজগঞ্জে চলে আসেন।
অপরদিকে রিয়াজুলও তার দ্বিতীয় স্ত্রী সানজিদা প্রিয়া এবং তার আগের পক্ষের কন্যা সন্তানসহ প্রিয়ার বাবার বাড়িতে থাকতে শুরু করেন।পিত্রালয়ে থাকা সেতু এবং তার শিশু সন্তান আদনান সনদের কোন কান্না আবেগ,ভালোবাসা,পারিবারিক বন্ধন কোন কিছুতেই মন গলেনি রিয়াজুলের। ০৭ মাস পেরিয়ে গেলেও স্ত্রী সন্তানের কোন খোঁজ না নেওয়ায়, মুসলিম পারিবারিক আইন নারী নির্যাতন ও বিনা অনুমতিতে বিয়ের অপরাধে বিজ্ঞ আদালত, সিরাজগঞ্জে মামলা চলিতেছে যা বিচারাধীন রয়েছে।
উক্ত মামলায় গত ০৭-১০-২১ ইং তারিখ পুলিশ অভিযান চালিয়ে বিজিবি ক্যাম্প, এলাকা ফুলবাড়ি, দিনাজপুর রিয়াজুলের শ্বশুরালয় থেকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। তার প্রথম স্ত্রী এবং নিজ সন্তান এখনও অপেক্ষার প্রহর গুনছে তাকে ফিরে পাওয়ার আশায়।

ঠাকুরগাঁওয়ে আলী আকবর ক্রীড়া একাডেমির খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আলী আকবর ক্রীড়া একাডেমির খেলোয়াড়দের মাঝে শনিবার ২৩ অক্টোবর ১৮ সেট ট্র্যাক স্যুট ও জার্সি বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে এদিন বিকেলে পৌরশহরের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে- হরিপুর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম রবিউল ইসলাম সবুজ ও ঢাকাস্থ অগ্রণী ব্যাংক কর্মকর্তা অসিত কুমার মন্ডলের যৌথ সৌজন্যে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে একাডেমির প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লী সহ- সভাপতি সেলিনা জাহান লিটা, সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান, শিক্ষা কর্মকর্তা ও একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি এস এম রবিউল ইসলাম সবুজ,

প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রভাষক মাহমুদুল হাসান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া হাবিব, ক্রীড়া একাডেমির কোচ মানিক হোসেন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা তার শুভেচ্ছা বক্তব্যে একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, “অভিশপ্ত জীবন থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। এতে স্থানীয়ভাবে খেলাধুলায় আগ্রহী যুবকরা একসময় জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হবে।”

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের শুভ উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ১১ হাজার লিটার অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় এ প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এবং মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নেছার আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কে এম হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, মৌলভীবাজার বিএমএ সভাপতি ডা. শাব্বির হোসেন।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এই অক্সিজেন প্ল্যান্ট বড় একটা যোগান। প্রতি লিটার তরল অক্সিজেন থেকে ৮৬০ লিটার গ্যাসীয় অক্সিজেন উৎপন্ন হয়। এটি সম্পন্ন হওয়ায় হাসপাতালের ২৫০ শয্যার প্রতি শয্যায় অক্সিজেন লাইন থাকবে, প্রয়োজনে রোগীর চাপ বিবেচনায় অতিরিক্ত রাখা যাবে। এছাড়া অপারেশন থিয়েটারসহ যেখানে প্রয়োজন সেখানে লাইন রাখা যাবে। ফলে ভর্তিকৃত রোগীরা আগের চেয়ে বেশি সেবা পাবে।

এদিকে জেলা স্বাস্ব্য বিভাগ সূত্র জানায়, মৌলভীবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদা অনুসারে, স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধে ইউনিসেফের অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্যোগ নেয়া হয়। গত বছর উদ্যোগ নেয়া হলেও কাজ এগিয়েছে ধীরগতিতে। হাসপাতালে ভর্তি করোনা রোগীদের অধিকাংশেরই অক্সিজেন প্রয়োজন হয়। কিন্তু লিকুইড অক্সিজেন প্লান্ট না থাকায় নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহে জটিলতা তৈরি হয়েছে।

জানা যায়, এতোদিন সিলিন্ডার দিয়ে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। এতে ঝুঁকিতে ছিলেন করোনায় আক্রান্ত রোগীরা। দীর্ঘদিন পর হলেও চালু হচ্ছে অক্সিজেন প্লান্টের সার্ভিস। ফলে করোনা রোগীসহ অন্যান্য রোগীদের ভোগান্তি কমবে।

এই প্ল্যান্টে রয়েছে- ভ্যাকুয়াম পাইপ লাইন সিস্টেমসহ লিকুইড অক্সিজেন ট্যাংক, নাইট্রাস অক্সাইজ, মেডিকেল ভ্যাকুয়াম।

ফুলবাড়ীতে গাঁজাসহ অটোরিকশা জব্দ, আটক-৩

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজাসহ একটি অটোরিকশা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সদস্যরা। এসময় অটোরিকশা চালকসহ ৩ জনকে আটক করেছেন তারা। শনিবার সকালে উপজেলার যতিন্দ্রনারায়ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,  উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজি গ্রামের নুর মোহাম্মদের ছেলে  অটোরিকশা চালক দুলাল হোসেন(২০), একই ইউনিয়নের রোশন শিমুলবাড়ী  গ্রামের মোবারক আলীর ছেলে সোহেল রানা (২২) এবং লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর যুগিটারী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে রেজাউল করিম (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোকছেদ আলী জানান, শনিবার সকালে লালমনিরহাট গামী ওই অটোরিকশাটি তল্লাশী করে চালক ও অপর দুই যাত্রীর নিকট থেকে পৃথক পৃথক তিনটি পোটলায় মোট আড়াই কেজি গাঁজা উদ্ধার করে অটোসহ তাদের আটক করা হয়।

পরে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তিনজন পলাতক আসামী আটক

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিন জন পলাতক আসামী আটক করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর ) দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নির্দেশে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসমীদের আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার ফতেপুর মারাষ এলাকার মোজাফফর হোসেনের ছেলে রিয়াজুল ইসলাম ( ৩২)। পাকুরিয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে আব্দুল মালেক (৪০)। নীলকন্ঠ পুর এলাকার মৃত শচীন চন্দ্র বর্মনের ছেলে শ্রী দুলাল চন্দ্র (৪১)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তিন জন পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিন জনের বিরুদ্ধেই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নওগাঁয় ঐক্য পরিষদের গণ অনশন-গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষনারযথাথ অর্থে দ্রুত বাস্তবায়ন ও সম্প্রতিক সর্বনাশা চক্রান্তের প্রতিরোধে সর্বস্তরের জনগনের ঐক্যবদ্ধ ভূমিকা পালনে আহ্বান জানিয়ে কেন্দ্র কমিটির কর্মসূচির অংশ হিসাবে নওগাঁয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের নওগাঁর শাখার উদ্যোগে মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উক্ত আলোচনা সভায় সভাপত্বি করেন নওগাঁ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের আহবায়ক পিযুষ কুমার সরকার।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বাসদ নেতা মুকুল।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের আহবায়ক কমিটির সদস্য এ্যাড.সোমেন্দ্র নাত কুন্ডু, নওগাঁ জেলা আহবায়ক কমিটির নেতা তপন কুমার, পৌর কমিটির তুলশী চৌধুরী,নওগাঁ পৌর সভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের আহবায়ক কমিটির মহিলা সম্পাদিকা তারা রানী, আত্রাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি শ্রী স্বপন কুমার দত্ত, সাধারণ সম্পাদক অমেরেন্দ্র নাথ সরকারসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ প্রমূখ।

আলোচনা সভাশেষে মুক্তিমোড় শহীদ মিনার চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক তাজের মোড় পর্যন্ত প্রদর্ক্ষিন শেষে মুক্তির মোড়ে এসে বিক্ষোভ টি শেষ হয়। এ বিক্ষোভ মিছিলে নওগাঁর ১১টি উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

রাণীশংকৈলে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল অপারেশনের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত পল্লী চিকিৎসক আব্দুর রশিদের ছেলে পল্লী চিকিৎসক মোঃ বাবুলের বিরুদ্ধে এক হারনিয়া রোগীকে ভুল অপারেশন করার অভিযোগ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে একই উপজেলার মৃত মাহাল মোহাম্মদের ছেলে ফরমান আলী গত ২১ অক্টোবর বৃহস্পতিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাবে (পুরাতন) এ লিখিত অভিযোগ করেন।

অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা গেছে, পল্লী চিকিৎসক মোঃ বাবুল দীর্ঘদিন ধরে বলিদ্বারা বাজারে তার ঔষধের দোকানে ঔষধ বিক্রিসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও ছোট খাটো অপারেশন করে আসছিলেন। গত ১৬/১০/২০২১ খ্রি.বিকেলে জওগাঁও গ্রামের ফরমান আলী(৬০) তার ভাই হারনিয়া রোগী নূর মোহাম্মদকে(৫২)নিয়ে ঔষধ নিতে বাবুলের দোকানে যান  । বাবুল রোগী দেখে তার কাছে অল্প খরচে হারনিয়া রোগীর চিকিৎসা হবে মর্মে ফরমান আলীকে জানান।

পরে তিনি তার চেম্বারে ওই রোগীর অপারেশন করেন। কিন্তু অপারেশনের পরে রোগীর রক্তপাতসহ অবস্থার অবনতি হলে বাবুল এ্যাম্বুলেন্সে করে রোগীর লোকজনসহ রোগীকে নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে রোগী সেখানে চিকিৎসাধীন আছেন। রোগীর বেহাল ও আশংকাজনক অবস্থার জন্য গত ২১/১০/২১ খ্রি. ফরমান আলী তার ভাইয়ের ভুল অপারেশনের অভিযোগ এনে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম এ অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে এ ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া গেছে। বলিদ্বারা বাজারের বণিক সমিতির সভাপতি আজিজুল হক ও স্থানীয় আ’লীগ নেতা আল আমিন ও কাবুলসহ আরো অনেকে ওই অপারেশন বাবুল ডাক্তারের চেম্বারে হয়েছে বলে জানান।

এ বিষয়ে ‘ বাবুল ডাক্তারের ‘ কাছে জানতে চাওয়া হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আসলে ওই রোগীর হারনিয়ার অবস্থা আগে থেকেই খুব খারাপ ছিল। আমার এখানে তার অপারেশন করা হয়নি। রোগীকে আমি সুচিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছি।

এ ঘটনায় বাবুলের বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ  বিরাজ  করছে।