ডিসেম্বরে বাজারে পাওয়া যেতে পারে করোনার ক্যাপসুল

আন্তর্জাতিক ডেস্কঃ  সমগ্র বিশ্বে চলমান মহামারি করোনাভাইরাস প্রতিরোধ প্রতিষেধক হিসেবে অ্যান্টিভাইরাল ক্যাপসুল ‘মলনুপিরাভির’ নিয়ে আসছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক। শিগগিরই বাজারে আসছে এ ক্যাপসুল। চলতি বছরের শেষদিকে অনুমোদন দেওয়া হতে পারে। কম আয় বা দরিদ্র দেশগুলোকে এ ক্যাপসুল দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো।

স্বাস্থ্য সংস্থাগুলো বলছে, আফ্রিকার জনসংখ্যার মাত্র ৫ শতাংশকে টিকার আওতায় নেওয়া হয়েছে। যা উন্নত দেশগুলোতে ৭০ শতাংশের ওপরে। তবে, এটাও ঠিক নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে প্রচুর পরিমাণ ওষুধ পৌঁছানোর জন্য এটি (ক্যাপসুল) যথেষ্ট নয়।

অন্যদিকে, একটি বড় ক্লিনিকাল ট্রায়ালে হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীর মৃত্যুর হার ৫০ শতাংশ কমিয়ে আনার পরে ১১ অক্টোবর ‘মলনুপিরাভির’ জরুরি ছাড়পত্রের জন্য আবেদন করেছিল মার্ক। ফলে রিজব্যাক বায়োথেরাপিউটিক্স তৈরি ওষুধটি ডিসেম্বরের মধ্যেই অনুমোদন পেতে পারে।

রিজব্যাক বায়োথেরাপিউটিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেন্ডি হলম্যান এক বিবৃতিতে বলেছেন, তিনি আশা করছেন যে ওষুধটি মহামারি করোনা নিয়ন্ত্রণে গভীর প্রভাব ফেলতে পারবে।

মার্ক বলছে, এ বছর ১০ মিলিয়ন কোর্স ক্যাপসুল তৈরির পরিকল্পনা করা হচ্ছে, দিনে দুবার করে পাঁচদিন সেবন করা যাবে। পরের বছর আরও ২০ মিলিয়ন তৈরির পরিকল্পনা রয়েছে।

অনুমোদন পাওয়ার আগেই এ ক্যাপসুল সংগ্রহে বিশ্বের বিভিন্ন দেশ তৎপর হতে শুরু করেছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অনেক দেশ করোনার টিকা সংগ্রহের ব্যাপারে ধীর গতিতে কাজ করেছিল। সেখান থেকে শিক্ষা নিয়ে এবার তারা নতুন ক্যাপসুল অনুমোদন পাওয়ার আগেই কেনার চুক্তি করার জন্য ছুটছে।

আইয়ুব বাচ্চু প্রয়াণের ৩ বছর আজ

বিনোদন ডেস্কঃ আজ ১৮ অক্টোবর সোমবার আইয়ুব বাচ্চু প্রয়াণের ৩ বছর হলো। দেখতে দেখতে কেটে গেল তিন বছর। তাঁর গান ‘আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে’- এর মতই সুর মিলিয়ে রুপালি গিটার ফেলে সত্যি সত্যি এই দিনে আকাশে উড়াল দিয়েছেন কিংবদন্তী সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। হঠাৎ তার উড়ে যাওয়া কেউ-ই মেনে নিতে পারেননি।

প্রয়াণ দিবসে আইয়ুব বাচ্চুকে স্মরণ করছেন তার সহকর্মী, সংগীতযোদ্ধা, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তবে এই দিনে যার মনটা সবচেয়ে বেশি ভারী হয়ে যায়, তিনি আহনাফ তাজোয়ার আইয়ুব। আইয়ুব বাচ্চুর একমাত্র ছেলে।

চট্টগ্রামের এক রক্ষণশীল পরিবার থেকে উঠে এসেছেন আইয়ুব বাচ্চু। সংগীতের প্রতি তার অদম্য আগ্রহ আর ভালোবাসার সাক্ষী গোটা মিউজিক ইন্ডাস্ট্রির মানুষ। শূন্য থেকে সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন তিনি। দেশের ব্যান্ড মিউজিকে এনেছিলেন বিপ্লব। একাধারে গায়ক, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক হিসেবে জনপ্রিয় ছিলেন আইয়ুব বাচ্চু। তার হাত ধরে সমৃদ্ধ হয়েছে বাংলা ব্যান্ডজগৎ। এ দেশের চলচ্চিত্রও পেয়েছে অনেক শ্রোতাপ্রিয় গান।

এক নজরে আইয়ুব বাচ্চুঃ

জন্ম: ১৬ আগস্ট ১৯৬২, চট্টগ্রাম।

মৃত্যু: ১৮ অক্টোবর ২০১৮, ঢাকা।

সংগীত জীবন শুরু: ১৯৭৭।

প্রথম গান: হারানো বিকেলের গল্প।

ব্যান্ড: প্রথম ব্যান্ড ফিলিংস (১৯৭৮)। এরপর যোগ দেন সোলসে। ১৯৮০ থেকে পরবর্তী এক দশক এই ব্যান্ডে যুক্ত ছিলেন। সোলস ছাড়ার পর ১৯৯১ সালে নিজে গঠন করেন নতুন ব্যান্ড এলআরবি। প্রথমে এলআরবির পূর্ণ অর্থ ছিল লিটল রিভার ব্যান্ড। পরে এই নাম বদলে করা হয় লাভ রানস ব্লাইন্ড।

প্রথম একক অ্যালবাম : রক্তগোলাপ (১৯৮৬)।

এলআরবির প্রথম অ্যালবাম : এলআরবি (১৯৯২)।

সংগীত জীবন : ব্যান্ড অ্যালবাম-এলআরবি (১৯৯২), সুখ (১৯৯৩), তবুও (১৯৯৪), ঘুমন্ত শহরে (১৯৯৫), ফেরারী মন (১৯৯৬), স্বপ্ন (১৯৯৬), আমাদের বিস্ময় (১৯৯৮), মন চাইলে মন পাবে (২০০০), অচেনা জীবন (২০০৩), মনে আছে নাকি নেই, ২০০৫), স্পর্শ (২০০৮), যুদ্ধ (২০১২)।

একক অ্যালবাম : রক্তগোলাপ (১৯৮৬), ময়না (১৯৮৮), কষ্ট (১৯৯৫), সময় (১৯৯৮), একা (১৯৯৯), প্রেম তুমি কি! (২০০২), দুটি মন (২০০২), কাফেলা (২০০২), প্রেম প্রেমের মতো (২০০৩), পথের গান (২০০৪), ভাটির টানে মাটির গানে (২০০৬), জীবন (২০০৬), সাউন্ড অব সাইলেন্স (ইন্স্ট্রুমেন্টাল, ২০০৭), রিমঝিম বৃষ্টি (২০০৮), বলিনি কখনো (২০০৯) ও জীবনের গল্প (২০১৫)।

এ ছাড়া অসংখ্য মিশ্র অ্যালবামে কাজ করেছেন। এর মধ্যে প্রিন্স মাহমুদের সুরে করা মিশ্র অ্যালবামগুলোতে তার গান আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়।

চলচ্চিত্রের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে- ‘সাগরিকা’ ছবির ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘লুটতরাজ’ ছবির ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘আম্মাজান’ ছবির ‘আম্মাজান’, ‘স্বামী আর স্ত্রী’, ‘ব্যাচেলর’ ছবির ‘আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে’, ‘লাল বাদশা’ ছবির ‘আরো আগে কেনো তুমি এলে না’, ‘তেজী’ ছবিতে ‘এই জগৎ সংসারে তুমি এমনই একজন’, ‘তোমার আমার প্রেম এক জনমের নয়’, ‘মেয়েরা মাস্তান’ ছবিতে ‘ঘড়ির কাঁটা থেমে থাক’, ‘চোরাবালি’ ছবিতে ‘ভুলে গেছি জুতোটার ফিতেটাও বাঁধতে’।

এর মধ্যে ‘আম্মাজান’ গানটি বাংলা ছবির ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি হিসেবে বিবেচিত।

কুড়িগ্রামে শেখ রাসেলের জন্ম বার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখা’র আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়েছে।
রবিবার দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে শিশুদের এ চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ফালগুনী তরফদারের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, অসিম কুমার, সরোয়ার হোসেন সনজু প্রমুখ।
জেলার বিভিন্ন এলাকার ৫০ জন শিশু এ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়।

বঙ্গভ্যাক্স করোনার ১১ ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কতটুকু?

ডিবিএন ডেস্কঃ মহামারি করোনা সংক্রমণরোধে দেশে তৈরি বঙ্গভ্যাক্স টিকার এনিমেল (বানরের শরীরে) ট্রায়াল শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২১ অক্টোবর)। বঙ্গভ্যাক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক প্রাথমিক ফলাফলে এই টিকা ডেল্টাসহ বিশ্বে ছড়িয়ে পড়া করোনার ১১টি ভেরিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে দাবি করা হয়েছে।

আজ সোমবার (১৮ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১ আগস্ট থেকে বানরের ওপর শুরু হওয়া এ ট্রায়াল আগামী বৃহস্পতিবার শেষ হবে। এরপর আগামী সপ্তাহে ট্রায়ালের বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) কাছে হস্তান্তর করা হবে।

ড. মহিউদ্দিন বলেন, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসের ডেল্টাসহ ১১টি ভেরিয়েন্ট বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সক্রিয় ছিল। আমরা এ ১১টি ভেরিয়েন্টের সিকোয়েন্স অ্যানালাইসিস করে টিকার সিকোয়েন্স মিলিয়ে দেখেছি প্রতিটি ভেরিয়েন্টের ক্ষেত্রেই বঙ্গভ্যাক্স কার্যকর। যার প্রমাণ মিলেছে বানরের শরীরে পরীক্ষার ক্ষেত্রেও। প্রাথমিক ফলাফলে আমাদের টিকা বানরের শরীরে নিরাপদ এবং কার্যকর অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, আমরা টিকা দেওয়া বানরের শরীরে করোনাভাইরাসের ডেল্টাসহ অন্যান্য ভেরিয়েন্ট প্রয়োগ করে চ্যালেঞ্জ স্টাডি করেছি। চূড়ান্ত ফলাফলে আমাদের টিকা ডেল্টাসহ অন্যান্য ভেরিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। তাই উন্নত বিশ্ব করোনা মোকাবিলায় যে নতুন ভ্যাকসিনের কথা বলছে, আমরা মনে করি, সেই নতুন ভ্যাকসিনটি হতে পারে বঙ্গভ্যাক্স।

বঙ্গভ্যাক্স টিকার বিশেষ বৈশিষ্ট্যঃ

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমাদের টিকার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এর ১টি ডোজেই অ্যানিমেল ট্রায়ালে কার্যকর অ্যান্টিবডি পাওয়া গেছে। আশা করছি, ক্লিনিক্যাল ট্রায়ালেও একইভাবে ফল পাওয়া যাবে। এটি +৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ১ মাস এবং -২০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

তিনি বলেন, এই টিকা সিন্থেটিক্যালি তৈরি হওয়ায় তা ভাইরাসমুক্ত এবং শতভাগ হালাল। আমরা যদি দ্রুত টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশবাসীর সেবায় বঙ্গভ্যাক্সকে উৎসর্গ করতে পারি, তাহলে বাংলাদেশের অবস্থান বিশ্ব দরবারে আরও সুপ্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছরের ২ জুলাই ওষুধ প্রস্তুতকারী গ্লোব ফার্মার সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক ‘বঙ্গভ্যাক্স’ টিকা তৈরির কাজ শুরুর কথা জানায়। সেই টিকা খরগোশ ও ইঁদুরের ওপর প্রয়োগ করে ‘কার্যকর ও সম্পূর্ণ নিরাপদ’ প্রমাণিত হয়েছে বলেও তখন জানানো হয়।

আর গত বছরের ১৫ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেক কর্তৃক আবিষ্কৃত বঙ্গভ্যাক্স টিকাকে কোভিড-১৯ টিকার তালিকায় অন্তর্ভুক্ত করে। এরপর গত ডিসেম্বরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞদল বঙ্গভ্যাক্সের গবেষণাগার পরিদর্শন করে সব তথ্য-উপাত্ত ও প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের নথিপত্র পর্যালোচনা করে ক্লিনিক্যাল ট্রায়ালের অগ্রগতিতে সহযোগিতা করে।

পরবর্তী সময়ে ঔষধ প্রশাসন অধিদফতর ওই গবেষণাগার ও উৎপাদন কেন্দ্র পরিদর্শন সাপেক্ষে গত ২৮ ডিসেম্বর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ‘বঙ্গভ্যাক্স’ উৎপাদনের অনুমতি দেয়।

আজ মাস্কাটে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামছে শ্রীলংকা

স্পোর্টস ডেস্কঃ আজ শ্রীলংকা বনাম নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হচ্ছে শ্রীলংকার টি টুয়েন্টি বিশ্বকাপে ২০২১ এর মিশন। টি টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকা ও নামিবিয়া দু দলেরই জন্য আজকে ম্যাচ নিজেদের প্রথম খেলা। শ্রীলংকা জয় দিয়ে শুরু করতে চায় তাদের বিশ্বকাপ মিশন। বাছাইপর্ব পার হতে হলে আজকের ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময় আজ রাত ৮ টায় ওমানের মাসকটে শ্রীলংকা বনাম নামিবিয়ার ম্যাচটি শুরু হবে। নামিবিয়া ও শ্রীলংকা এর আগে কোন সময় একদলের বিপক্ষে আরেক দল কোন ম্যাচ খেলেনি।

সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বিবেচনায় নামিবিয়ার থেকে শ্রীলংকাকে এগিয়ে রাখা যায়। নামিবিয়া থেকে ক্রিকেটের শক্তির বিবেচনায় শ্রীলংকা অনেক শক্তিশালী দল।

তবে ক্রিকেটে শক্তিশালী দল বলতে কিছু নেই যার যার দিনে সেই রাজা বনে যায়। যেমন গতকাল বাংলাদেশ বনাম স্কটল্যান্ড ম্যাচে স্কটল্যান্ড বাংলাদেশকে ৬ রানে হারিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করে। যদিও শক্তিমত্তার দিক থেকে স্কটল্যান্ড থেকে শক্তির বিবেচনায় বাংলাদেশ অনেক এগিয়ে ছিল।

মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নওগাঁর আত্রাই থানার ৭টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ মেয়াদোর্ত্তীণ কমিটি বিলুপ্ত করে নওগাঁর আত্রাই থানার ৭টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার (১৮ অক্টোবর) সকালে ভোঁপাড়া ইউনিয়ন কমিটি, আহসানগঞ্জ ইউনিয়ন কমিটি, মনিয়ারী ইউনিয়ন কমিটি, পাঁচুপুর ইউনিয়ন কমিটি, বিশা ইউনিয়ন কমিটি,কালিকাপুর ইউনিয়ন কমিটি ও হাটকালুপাড়া ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে ভোঁপাড়া ইউনিয়ন কমিটির মোঃ হামিদুল হক বাবুকে আহ্বায়ক ও আহসানগঞ্জ ইউনিয়ন কমিটির মোঃ মাজেদুর রহমান (মেজো)কে আহ্বায়ক,মনিয়ারী ইউনিয়ন কমিটি খন্দকার আমজাদ হোসেনকে আহ্বায়ক এবং পাঁচুপুর ইউনিয়ন কমিটি মোঃ আব্দুল জলিলকে আহ্বায়ক,বিশা ইউনিয়ন কমিটির মোঃ ছাইফুল ইসলাম কে আহ্বায়ক, কালিকাপুর ইউনয়নে মোঃ আব্দুর রাজ্জাক মাষ্টার কে আহ্বায়ক এবং হাটকালুপাড়াপাড়া ইউনিয়নে মোঃ রেজাউল ইসলাম তালুদারকেআহ্বায়ক করে সদ্য ৭টি ইউনিয়ন কমিটি আত্রাই থানা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভায় আত্রাই থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল জলিল চকলেট, যুগ্ন-আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান সরদারও ১ নংযুগ্ন- আহ্বায়ক ফৌজদার মোঃ শফিকুল ইসলাম বেলালের যৌথ স্বাক্ষর কৃত স্ব-স্ব ইউনিয়ন কমিটির উপস্থিতিতে কমিটির তালিকা হস্তান্তর করেন আত্রাই থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল জলিল চকলেট।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন সাখিদার, আত্রাই থানা বিএনপির নেতা মনিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম ফারুখ বকত,বিএনপির নেতা ও আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম মন্জুরুল আলম মন্জু, থানা ছাত্র দলের নেতা আশরাফুল ইসলাম লিটন প্রমূখ।

ভুরুঙ্গামারীর ৭ ইউপিতে ৩৬ চেয়ারম্যান প্রার্থী সহ ৩৪৩ জনের মনোনয়ন দাখিল

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম  প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৭ ইউপির নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে গত রবিবার  ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ‍্য দিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩৬ জন চেয়ারম‍্যান প্রার্থী সহ মোট ৩৪৩ জন। গতকাল রবিবার সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের চেয়ারম‍্যান সংরক্ষিত মহিলা ও সাধারন সদস‍্য প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে বাদ্য যন্ত্র, অটোরিকসা, টেম্পু ও মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে সংশ্লিষ্ট রির্টানিং অফিসারদের কার্যালয়ে নিজ নিজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উলেখ্য ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ১১ নভেম্বর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে চরভূরঙ্গামারী, তিলাই, পাইকের ছড়া, বঙ্গ সোনাহাট, বলদিয়া, জয়মনিরহাট ও আন্ধারীঝাড় ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকী তিনটি ইউনিয়ন মেয়াদপূর্তি না হওয়ায় পরবর্তী ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায় , ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৫ জন ও সাধারন সদস্য পদে ২২২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ২১ অক্টোবর বৃহস্পতিবার প্রার্থীদের জমাকূত মনোনয়ন পত্র যাছাই বাছাই করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মশিউর রহমান বলেন,  নির্বাচন সূষ্ঠুভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। এ ব‍্যাপারে আমি সকলের  সহযোগিতা কামনা করছি।

আজ দুরন্ত প্রাণবন্ত শেখ রাসেলের ৫৮তম জন্মদিন

সিএনবিডি ডেস্কঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকায় ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহণ করেন। বঙ্গবন্ধু তাঁর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন ‘রাসেল’। এই নামকরণে মা বেগম ফজিলাতুন নেছা মুজিবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের। কিন্তু মাত্র দেড় বছর বয়স থেকেই প্রিয় পিতার সঙ্গে তাঁর সাক্ষাতের একমাত্র স্থান হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা ক্যান্টনমেন্ট। তবে সাত বছর বয়সে ১৯৭১ সালে তিনি নিজেই বন্দি হয়ে যান।

শেখ রাসেলের ভুবন ছিল তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা শেখ ফজিলাতুননেসা মুজিব, বোন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং ভাই শেখ কামাল ও শেখ জামালকে ঘিরে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় তার ছোট ছেলে শেখ রাসেলকেও হত্যা করে। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলে (বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ) চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন শেখ রাসেল। তার  জন্ম ১৯৬৪ সালের ১৮ অক্টোবর।

প্রসঙ্গত, শেখ রাসেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন এবং দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত ঘোষণা করে সরকার। ফলে প্রথমবারের মতো ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্য নিয়ে এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হবে।

আর এবারই প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে যথাযথ মর্যাদায় উদযাপিত হবে ‘শেখ রাসেল দিবস ২০২১’।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ ৬০টি পুরস্কার বিতরণ করবে। দিবসটির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশিত হবে।

শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আজ সোমবার সকাল ৮টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, হল অব ফেম-এ বিকাল ৩টায় ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। একই মিলনায়তনে ‘কনসার্ট ফর পিস অ্যান্ড জাস্টিস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক।

এছাড়াও ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৩ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

 

মন্দির ভাংচুরের ঘটনায় মামলায় ৫শতাধিক আসামি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউপি পূজামণ্ডপ, মন্দির ভাঙচুরের ঘটনায় পাঁচশতাধিক ব্যাক্তিকে অভিযুক্ত করে থানায় ৩টি পৃথক মামলা হয়েছে। এতে ৩ মন্দিরের পার্শ্ববর্তী ১০ গ্রামের মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ফজলু মিয়া নামক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কর্মধা ইউপি গত ১৩ অক্টোবর বুধবার রাতে কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনায় বিক্ষুব্ধ মানুষ নলডরি পূজামন্ডপ, আছগরাবাদ চা বাগান পুজামন্ডপ ও রাজানগর চা বাগান পুজামন্ডপে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় কুলাউড়া থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়।

এদিকে পুজা মন্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের পর থেকে পার্শ্ববর্তী নলডরি, নোনা হোসনাবাদ, মহিষমারা, টাট্রিউলি, ফটিগুলি, মুরইছড়া, বুধপাশা, দীঘলকান্দি, পাট্রাই ও কর্মধা গ্রামের পাঁচ শতাধিক মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক দেখা দিয়েছে।

এ ব্যাপারে কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ রহমান আতিক জানান, পুলিশ কিভাবে মামলার আসামী চিহ্নিত করছে এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে মানুষ যাতে হয়রানির শিকার না হয় এ ব্যাপারে চেষ্টা করবো।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় মামলার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার সাথে জড়িত থাকার অভিযোগে পূর্বফটিগুলি গ্রামের ফজলু মিয়া নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যান্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

ফেসবুক কমেন্টের জেরে পীরগঞ্জে হামলায় পুড়ল হিন্দুদের ২০ বাড়িঘর

ডিবিএন ডেস্কঃ দেশে দুর্গাপূজার সময় টানা তিনদিন ধরে পূজা মণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনার রেশ না কাটতেই রংপুরের পীরগঞ্জে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের প্রায় ১৮ থেকে  ২০টির মতো বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

গতকাল রোববার রাত ৯ টার দিকে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বাটের হাট না মক এলাকায় এ ঘটনা ঘটে।

রংপুর জেলার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, হিন্দু সম্প্রদায়ের এক যুবক ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দিয়েছেন- এমন অভিযোগের পর রোববার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ওই যুবকের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে পারলেও দূরে ১৮-২০টি বাড়িঘরে আগুন দেয় উত্তেজিতরা।

মোঃ কামরুজ্জামান আরো জানান, ভালবাসার প্রস্তাব নামে একটি ফেসবুক আইডির প্রোফাইল ফটোতে কাবা শরীফের ছবি ছিল। সেখানে ওই কমেন্ট করা হয়। তবে এটা ফেক আইডি হবে বলে আমরা ধারণা করছি – নামেই বোঝা যায়।

এদিকে ঘটনা নিয়ন্ত্রণে সেখানে ফাঁকা গুলি ও রাবারবুলেট নিক্ষেপ করে পুলিশ। রাত ১ টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুরো ঘটনা নিয়ন্ত্রণে সেখানে রাতভর উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি, র‌্যাব ও পুলিশ। আটক করা হয়েছে ২০ জনকে।

উল্লেখ্য, টানা তিনদিন নোয়াখালী, ঢাকা, কিশোরগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পূজা মণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। পীরগঞ্জের আগে সর্বশেষ শনিবার ফেনীতে সংঘর্ষ হয়েছে। তিনদিনে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে, তিনদিনে ৭০টি পূজামণ্ডপে হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।