আজ লালন সাঁইয়ের ১৩১তম তিরোধান দিবস

আজ রোববার (১৭ অক্টোবর) লালন সাঁইয়ের ১৩১তম তিরোধান দিবস। ১৭৭৪ সালে জন্ম নেয়া অসাম্প্রদায়িক, মানবতাবাদি, মরমী-সহজিয়া ধারার গান ও দর্শনের স্রষ্টা ফকির লালন সাঁই ১৮৯০ সালের এই দিনে  কুষ্টিয়ার ছেউড়িয়ায় মহাপ্রয়াণ হয়। বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল। 

তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।
লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়।তার গানের মাধ্যমেই ঊনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে। তাকে ‘বাউল সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে।
লালন ছিলেন একজন মানবতাবাদী। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। যাবতীয় নিপীড়ন, ধর্মীয় গোঁড়ামি আর কুসংস্কারের বিরুদ্ধে লালন ছিলেন প্রতিবাদি। ব্রিটিশ শাসন এবং হিন্দু-মুসলিম অনৈক্যের ক্ষেত্রেও উচ্চারণ করেছেন সচেতনতার বাণী।
তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুলের মত বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবিসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কন্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। ১১৬ বছর আয়ুষ্কালে লালন রচনা করেন প্রায় আড়াই হাজার গান।
বিবিসি বাংলার সেরা গান জরিপে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ অন্যতম। ২০০৪ সালে একই প্রতিষ্ঠানের সেরা বাঙালির তালিকাতেও তিনি স্থান করে নেন।
লালনের প্রভাব বাংলা ভাষা-সাহিত্য ছাড়িয়ে পৌঁছে যায় বিশ্বপরিমণ্ডলে। অ্যালেন গিন্সবার্গ তাঁকে নিয়ে লিখেছেন আফটার লালন নামে বই। রবীন্দ্রনাথ ও নজরুলের অসংখ্য কবিতা-গদ্যে-গানে লালনের প্রভাব দেখা গেছে।
এক নজরে লালন সাঁইজীর সংক্ষিপ্ত জীবনীঃ
জন্মঃ ১৭৭৪।
মৃত্যুঃ ১৭ অক্টোবর ১৮৯০ (১১৬ বছর)।
ছেউড়িয়া, কুষ্টিয়া।
মৃত্যুর কারণঃ বার্ধক্য।
সমাধিঃছেউড়িয়া, কুষ্টিয়া।
বংশোদ্ভূতঃবাঙালী।
পেশাঃ সাধক, গায়ক, গীতিকার, সুরকার।
যে জন্য পরিচিতঃ বাউল গান, মানবতাবাদী দর্শন।
ধরনঃ বাউল গান।
প্রভাবিত হয়েছেনঃ সিরাজ সাঁই।
প্রভাবিত করেছেনঃ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, গগন হরকরা, অ্যালেন গিন্সবার্গ।
উপাধিঃ ফকির, মহাত্মা, বাউল সম্রাট।
ধর্মঃ অজানা।
দম্পতিঃ বিশখা।

দেড় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

শিক্ষা ডেস্কঃ মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে দেড় বছর বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে আজ। দীর্ঘদিন পর ফের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস।

আজ রোববার সকাল থেকে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের অন্যতম প্রাণকেন্দ্র মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া, লাইব্রেরি চত্বর, মল চত্বর, হাকিম চত্বর শিক্ষার্থীদের আনাগোনায় সরগরম হয়ে ওঠে। ছাত্র সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে দীর্ঘদিন পর আবার শোনা যায় মিছিলের শব্দ।

এর আগে শনিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে রবিবার সশরীরে ক্লাস শুরুর কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ‘স্বাস্থ্যবিধি’ মেনে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম চলবে। তবে সশরীরে ক্লাসের পাশাপাশি কোনো বিভাগ বা ইনস্টিটিউট চাইলে সর্বোচ্চ ৪০ শতাংশ ক্লাস অনলাইনে নিতে পারবে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন ও অফলাইন সমন্বয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যাবে। এ ক্ষেত্রে ন্যূনতম ৬০ ভাগ ক্লাস সশরীরে নিতে হবে। সেশনজটে কাটাতে ৬ মাসের সেমিস্টার চার মাসে সম্পন্ন করার কথাও বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে মানতে হবে বেশ কিছু নিয়ম। এগুলোর মধ্যে রয়েছে- ‑

>> সবাইকে বাধ্যতামূলকভাবে নিয়মিত ও সার্বক্ষণিক মাস্ক নাক-মুখ ঢেকে পরিধান করতে হবে।

>> স্বাস্থ্যবিধি পালনের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে।

>> স্বাস্থ্যবিধি অনুযায়ী পরস্পরের কাছ থেকে কমপক্ষে ১ মিটার (৩ ফুট) শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

>> শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করতে হবে।

>> ল্যাবে কাজের ক্ষেত্রে ল্যাবরেটরির ধারণ ক্ষমতা, বসার ব্যবস্থা, কাজের বিন্যাস এবং যাতায়াতের পথযুক্ত নকশা তৈরি করতে হবে ও সর্বত্র প্রদর্শন করতে হবে।

>> সব নির্দেশনাবলি শিক্ষার্থীদের আগেই জানাতে হবে।

>> শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে ল্যাবে প্রতিটি শিক্ষার্থীর অবস্থান চিহ্নিত করতে হবে।

>> ব্যবহৃত পিপিই যথাযথ ব্যবস্থাপনা ও অপসারণের ব্যবস্থা করতে হবে।

>> পরিচ্ছন্নতাকর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং শৌচাগারগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।

>> কোভিড-১৯ লক্ষণ থাকলে বাসা বা হলের কক্ষে থাকতে হবে ও কর্তৃপক্ষকে জানাতে হবে।

>> লক্ষণযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের যানবাহনে চলাচলের সময় অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পরতে হবে।

>> বাসে ওঠার আগে দেহের তাপমাত্রা পরিমাপ বাধ্যতামূলক করতে হবে।

>> বাস এবং অন্যান্য যানবাহনে প্রবেশ ও বহির্গমন পথে ভিড় এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

>> যানবাহনে প্রবেশ ও বহির্গমণের জন্য আলাদা দরজা নির্ধারণ করতে হবে।

>> শুধু ক্লাস থাকলেই নিয়মিত ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের যানবাহন ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ এবং প্রস্থান করতে পারবে।

>> সম্ভব হলে গণপরিবহন ব্যবহার পরিহার করতে হবে।

ঢাবি উপাচার্য জানান, তাঁদের পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে দিতে যথাসাধ্য চেষ্টা করবেন তাঁরা। প্রয়োজনে ছুটির দিন শুক্রবারেও ক্লাস নেওয়া হবে বলে জানান তিনি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে ফিরতে পেরে তাঁরা উচ্ছ্বসিত। মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস হচ্ছে। তবে দেড় বছর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্ষতি পুষিয়ে উঠতে সবার সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

এর আগে গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব শিক্ষার্থী অন্তত এক ডোজ টিকা নিয়েছেন, তাঁরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস কার্যক্রমে অংশ নিতে পারবেন। এক্ষেত্রে তাঁদের টিকা কার্ড দেখাতে হবে।

চট্টগ্রামে বাড়িতে বিস্ফোরণে একজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধিঃ আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার কাশেম কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, হতাহতের পরিচয় জানা যায়নি। তবে তারা একই পরিবারের বলে জানিয়েছেন।

তিনি বলেন, বিস্ফোরণে আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একটা দল পাঠানো হয়েছে। কী ধরনের বিস্ফোরণ, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রাজধানীর খিলক্ষেত থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঢাকাঃ রাজধানীর খিলক্ষেত থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের নরেন নিবাস নামে একটি ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে।

খিলক্ষেত থানা পুলিশ জানায়, রাজধানীর নিকুঞ্জ-২ এর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সদ্য পাস করা এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করে।

ওই চিকিৎসকের নাম দেবাশীষ কুমার দাস (২৫)।

খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ বলেন, ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে- এমন খবরে আমরা ঘটনাস্থলে যাই। দরজা ভেঙে খাটে শোয়া অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করি।

পাশের কক্ষের বাসিন্দা ও অন্যদের জিজ্ঞাসাবাদের বরাতে ওসি সাব্বির বলেন, যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে চিকিৎসকরা মেস করে থাকতেন। মৃত দেবাশীষ কুমার দাস সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পাস করেছেন বলে জানতে পেরেছি। তবে তিনি ঢাকায় কোনো হাসপাতালে চাকরি করছিলেন কি-না তা প্রাথমিকভাবে জানা যায়নি।

বাড়ির দারোয়ানের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, তিন দিন আগে দেবাশীষ বাসায় প্রবেশ করেছেন। এর পর আর বের হননি।

ওসি আরও বলেন, মরদেহের আলামত সংগ্রহ শেষে সুরতহাল করা হয়েছে। এর পর পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।

মুরাদনগরে বর্ণাঢ্য অয়োজনে মোচাগড়া মডেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নতুন ভবনের উদ্বোধন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া মডেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে ওই উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি মধ্যে বক্তব্য রাখেন: কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল, কলেজ প্রতিষ্ঠাতা শামীম মিয়া, ব্যবসায়ী সাইফুল করিম খান ইমন, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম মামুন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম মুন্সী।

যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের আশ-পাশের ১০ গ্রামের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য কোন কলেজ ছিল না। ফলে এসএসসি পাশ করার পরে অনেকে পড়ালেখা থামিয়ে দিয়ে অন্য পেশায় মনোনিবেশ করতেন। বর্তমানে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে অভিভাবক, ছাত্রছাত্রীসহ গ্রামবাসীর মধ্যে এক উৎসবের আমেজ বিরাজ করছে।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন।

রাঙ্গামাটির কাপ্তাইয়ে চেয়ারম্যান পদ প্রার্থীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধিঃ চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ সভাপতি নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৬ অক্টোবর) দিনগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে।

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তিনি।

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুছাইন চৌধুরী এবং রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছেন।

অংসুছাইন চৌধুরী বলেন, তিনি (নেথোয়াই মারমা) এতদিন উপজেলা রেস্ট হাউজে ছিলেন। আজই মনোনয়ন জমা দিয়ে নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে দেখা করতে এলাকায় গিয়েছিলেন। রাতে তার নিজ বাড়িতে জেএসএস এর একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তাকে গুলি করে হত্যা করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, এর আগে চিৎমরমে দুইজন যুবলীগ নেতাকে হত্যার ঘটনার পর তিনি (নেথোয়াই) উপজেলা সদরে রেস্ট হাউজেই থাকতেন। আজই মনোনয়ন জমা দিয়ে বাড়িতে গেছেন পরিবারের সঙ্গে পরামর্শ করতে। কিন্তু শনিবার রাত ১২টার পরে তার আগাপাড়া এলাকার বাসায় প্রায় ১৪-১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী দরজা ভেঙে প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করে ফেলে গেছে। এ হত্যাকাণ্ড নিঃসন্দেহে সন্তু লারমার জনসংহতি সমিতির কাজ।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর এই হত্যাকাণ্ডের জন্য ‘জনসংহতি সমিতি’কে দায়ী করে বলেছেন, পাহাড়ে নির্বাচন আসলেই হত্যাকাণ্ডে মেতে ওঠে এই সন্ত্রাসী সংগঠনটি। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পার্বত্য জেলার সব ইউনিয়নের প্রার্থীদের নিরাপদে ও সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা জেনেছি আওয়ামী লীগের নৌকার প্রার্থী নেথোয়াই মারমাকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। পুলিশ তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা নিবে।

চীনে ‘কোরআন মজিদ’ অ্যাপ সরকারের অনুরোধে সরিয়ে নিলো অ্যাপল

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সরকারের অনুরোধে দেশটিতে নিজেদের অ্যাপ ‘কোরআন মজিদ’ বন্ধ করে দিয়েছে অ্যাপল।

অ্যাপটির প্রস্তুতকারী কোম্পানি পিডিএমস এক বিবৃতিতে এ সম্পর্কে বলেছে, ‘আমরা অ্যাপল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি- চীনের অ্যাপস্টোর থেকে আমাদের অ্যাপ কোরআন মজিদ মুছে ফেলা হয়েছে। অ্যাপল কর্তৃপক্ষ আমাদের বলেছে, চীনের সরকার এই অ্যাপটির সঙ্গে সংশ্লিষ্ট কিছু অতিরিক্ত তথ্য চেয়েছে। আমরা চীনের সাইবারস্পেস প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করছি, দ্রুত বিষয়টির সমাধান হবে।’

ঠিক কী কারনে চীনে এই অ্যাপটি বন্ধ করা হলো তা অ্যাপল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিল বিবিসি; কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেছে, ‘আমরা সব সময় যে কোনো দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিভিন্ন জটিল ইস্যুতে মতের ভিন্নতা থাকলেও শেষ পর্যন্ত সরকারের সিদ্ধান্তকেই গুরুত্ব দেওয়াই আমাদের নীতি।’

চীনের সরকারের কাছে এ বিষয়ে জানতে চাইলে কোনো কর্মকর্তা এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি এখনও স্পষ্ট নয়- ঠিক কী কারণে এই অ্যাপটি চীনে বন্ধ করা হলো। তবে ধারণা করা হচ্ছে- দেশে সাম্প্রদায়িক সংঘাত ও উত্তেজনা এড়াতে এ পদক্ষেপ নিয়েছে চীনের সরকার।

অ্যাপলের জনপ্রিয়তার শীর্ষে থাকা অ্যাপসগুলোর মধ্যে অন্যতম ‘কোরআন মজিদ’। বিশ্বজুড়ে এ অ্যাপটি ব্যবহার করেন প্রায় সাড়ে ৩ কোটি মুসলিম। অ্যাপটির রিভিউ সংখ্যা প্রায় দেড় লাখ।

চীনে এই অ্যাপটি কোন আইন ভঙ্গ করেছে তা এখনো স্পষ্ট নয়। দেশটির অন্তত ১০ লাখ মানুষ অ্যাপটি ব্যবহার করতেন বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে অ্যাপটির প্রস্তুতকারী কোম্পানি পিডিএমএস।

খবরঃ বিবিসি। 

বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ আগামীকাল রোববার (১৭ অক্টোবর) মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১। উদ্বোধনী দিনেই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। মূল লড়াইয়ের আগে আজ শনিবার ওমানে বাংলাদেশের বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপকে সামনে রেখে কিছুদিন আগেই ওমান যায় বাংলাদেশ দল। সেখানে গিয়ে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলেছে লাল-সবুজের দল। কিন্তু আইপিএল ব্যস্ততার কারণে এতদিন দলের সঙ্গে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার।

গতকাল আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে ২৭ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল ম্যাচটি শেষে ওমানে দলের সঙ্গে যোগ দিতে রওনা দেন সাকিব। আজ শনিবার সকালে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। এক জৈব সুরক্ষা বলয় থেকে আরেক জৈব সুরক্ষা বলয়ে আসায় আলাদা করে কোয়ারেন্টাইনের দরকার নেই তার। তাই সরাসরি দলের সঙ্গে যোগ দিতে পেরেছেন বাঁহাতি অলরাউন্ডার।

বিশ্বকাপ শুরুর আগে আজ শেষবারের মতো অনুশীলন নামবে টাইগাররা। কলকাতা নাইট রাডার্সের হয়ে টানা আইপিএল খেলার ধকল ও দুবাই থেকে ওমান জার্নির পর আজ অনুশীলনে নামবেন কি না সাকিব সেটা নিশ্চিত নয়। নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এবারের বিশ্বকাপে প্রাথমিক পর্বের দুই গ্রুপে অংশ নেবে আটটি দল। দলগুলো হলো—বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডে ভালো করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হবে বাংলাদেশসহ এই আট দলকে।

অন্যদিকে, সুপার টুয়েলভে দুই গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে যোগ দেবে প্রাথমিক পর্বের সেরা চার দল।

ভিডিও কলে শাহরুখ ও গৌরী, কাঁদলেন আরিয়ান

বিনোদন ডেস্কঃ মাদক মামলায় গ্রেপ্তার বলিউড সুপারস্টার শাহরুখ খানপুত্র আরিয়ান খান বর্তমানে আছেন মুম্বাইয়ের আর্থার রোড জেলে। সেখান থেকে ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলা সুযোগ পেয়েছেন তিনি।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই কারা কর্মকর্তার বরাতে এক টুইট বার্তায় জানিয়েছে, আরিয়ান খান তাঁর বাবা শাহরুখ খান এবং মা গৌরী খানের সঙ্গে কারাগারের ভিতর থেকে ভিডিও কলের মাধ্যমে কথা বলেছেন। গতকাল শুক্রবার ১০ মিনিটের সেই কথোপকথনে আরিয়ান আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন বলে জেল সূত্রে দাবি করেছে ইন্ডিয়া টিভি, ইন্ডিয়া টুডেসহ একাধিক ভারতীয় গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ানের মা গৌরী খান ছেলের কাছে জানতে চেয়েছেন জেলে কী খাবার খাচ্ছেন, কোনও সমস্যা হচ্ছে কি না এসব।

মাদক মামলায় গ্রেপ্তার বলিউড সুপারস্টার শাহরুখ খানপুত্র আরিয়ান খান জামিন পাবেন কি না তা জানা যাবে আগামী ২০ অক্টোবর। দুই পক্ষের শুনানি শেষে ওই দিন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) বিশেষ আদালত দিন ধার্য করেছেন।

মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে। ২৩ বছর বয়সী আরিয়ান খানের পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন মুম্বাইয়ের অন্যতম শীর্ষ আইনজীবী সতীশ মানশিন্ডে ও জ্যেষ্ঠ আইনজীবী অমিত দেশাই।

উল্লেখ্য, মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা। সুত্রঃ এএনআই, ইন্ডিয়া টুডে।

বিশ্ব খাদ্য দিবস আজ

সিএনবিডি ডেস্কঃ আজ শনিবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হবে ‘বিশ্ব খাদ্য দিবস-২০২১’।

দিবসে এবারের প্রতিপাদ্য হলো- ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ- ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন।’

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে বলেন, ‘জাতির পিতার পথ ধরেই গ্রামীণ ও কৃষি উন্নয়নের মাধ্যমে উন্নত, সুখী ও সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

রাষ্ট্রপতি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি অন্তপ্রাণ। সদ্যস্বাধীন দেশ পুনর্গঠনে জাতির পিতা কৃষি বিপ্লবের ডাক দিয়েছিলেন। তিনি কৃষির উন্নয়নে কৃষকদের মাঝে খাস জমি বিতরণ, ভর্তুকি মূল্যে সার, কীটনাশক, উন্নত বীজ, সেচ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করেন। জাতির পিতা গ্রামীণ ও কৃষি উন্নয়নের মাধ্যমে যে উন্নত, সুখী ও সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের যুগোপযোগী নীতি ও পদক্ষেপে দেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ফল, সবজির উৎপাদন অনেক গুণ বেড়েছে। দেশের অভ্যন্তরীণ জলাশয়ে উৎপাদিত মাছ এবং মাংস উৎপাদনে দেশের চাহিদা পূরণে সক্ষমতা অর্জিত হয়েছে। বাংলাদেশের কৃষিপণ্যে রফতানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষিকে লাভজনক করতে কৃষি যান্ত্রিকীকরণে উন্নয়ন সহায়তা প্রদান করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘সরকার মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আমাদের সরকার গৃহীত কৃষিবান্ধব নীতি ও কার্যক্রমে দানাদার খাদ্য, মাছ, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ এবং দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে।’

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বর্তমান বিশ্বে পাট ও কাঁঠাল উৎপাদনে দ্বিতীয়, ধান ও সবজি উৎপাদনে তৃতীয়, আম ও আলু উৎপাদনে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম, অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে  মৎস্য উৎপাদনে তৃতীয় এবং বদ্ধ জলাশয়ে মৎস্য উৎপাদনে পঞ্চম অবস্থানে রয়েছে। বর্তমানে আমাদের মোট খাদ্যশস্য উৎপাদন বেড়ে ৪ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার  মেট্রিক টন হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা ও কার্যক্রমের ধারাবাহিকতায় বর্তমান আওয়ামী লীগ সরকার গত সাড়ে ১২ বছরে কৃষি উন্নয়নে কৃষিবান্ধব ও বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘২০০৯ সালে সরকার গঠনের পর আমরা কৃষির উন্নয়ন ও কৃষকের কল্যাণকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে রূপকল্প-২০৪১-এর আলোকে জাতীয় কৃষিনীতি-২০১৮, নিরাপদ খাদ্য আইন, টেকসই উন্নয়ন অভীষ্ট, ডেল্টা প্ল্যান-২১০০ সহ উল্লেখযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছি। কৃষির উন্নয়নে আমরা কৃষকদের জন্য সার, ডিজেল, বিদ্যুৎ ও কৃষিযান্ত্রিকীকরণে আর্থিক সহায়তা প্রদান এবং কৃষি প্রণোদনা/কৃষি পুনর্বাসন, কৃষিঋণ, কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ, ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ই-কৃষির প্রবর্তন, জলবায়ু ও ঝুঁকি সহনশীল ফসলের জাত/প্রযুক্তি উদ্ভাবন ইত্যাদির ব্যবস্থা করেছি। কৃষি শিক্ষা-গবেষণা খাতে আরও বরাদ্দ বৃদ্ধি করেছি। যার ধারাবাহিকতায় খোরপোশের কৃষি আজ বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশব্যাপী ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে এতে কৃষিনির্ভর শিল্পের কাঁচামাল সরবরাহে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও আধুনিক দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো।’

প্রধানমন্ত্রী ‘বিশ্ব খাদ্য দিবস-২০২১’ উপলক্ষ্যে নেওয়া সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

এদিকে বিশ্ব খাদ্য দিবস ২০২১ উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক খাদ্য দিবসের বিস্তারিত তুলে ধরেন। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ আয়োজনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম ও গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন এফএও’র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংস্থা প্রধানেরা উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘করোনাকালে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কৃষি মন্ত্রণালয় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে। ফলে করোনাকালেও দেশে খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রয়েছে ও তা আরো বৃদ্ধি পেয়েছে। ২০২০-২১ অর্থবছরে রেকর্ড পরিমাণ বোরো উৎপাদন হয়েছে, দুই কোটি টনেরও বেশি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গত বছরের তুলনায় এ বছর সব ফসলের উৎপাদনই বেশি হয়েছে।’

ব্রিফিংয়ে জানানো হয়, দিবসটির গুরুত্ব তুলে ধরতে কৃষি মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি নিয়েছে। দিবসের প্রথম ভাগে সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রতিপাদ্যের উপর একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। এ সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণীয় করে রাখার জন্য কৃষি মন্ত্রণালয় বেশকিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ করেছে। তার অংশ হিসেবে এ সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ‘বঙ্গবন্ধু ধান ১০০ অবমুক্ত করবেন। এছাড়া, প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু ধান ১০০ দিয়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করবেন।

অন্যান্য কর্মসূচির মধ্যে আন্তর্জাতিক সেমিনারের পর বিকেলে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে একটি কারিগরি সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী উপস্থিত থাকবেন। সেখানে দেশ বিদেশের কৃষি ও খাদ্য বিষয়ে প্রথিতযশা বিশেষজ্ঞরা অংশ নেবেন।

খবরঃ বাসস।