মুহু মুহু ঘ্রানে চারিদিকে আম্র মুকুল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: আম্র মুকুল এসেছে,আর মাত্র কয়েক মাস। এরইমধ্যে গাছে গাছে ফুটছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। ফুটতে শুরু করেছে আমের মুকুল। গাছে-গাছে ছড়িয়ে এই মুকুলে হবে আম। গ্রামবাংলার আনাচেকানাচে রয়েছে ছোট বড় অনেক আম গাছ। কিছু বাড়ি ব্যতীত জুড়ীর প্রায় সব বাড়িতে রয়েছে আম গাছ। এসব গাছে ফুটেছে মুকুল। মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। তবে এসব মুকুল থেকে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে না থাকলে অনেক মুকুল টিকে না।

উপজেলার বাহাদুরপুর, ফুলতলা, পূর্বজুড়ী ইউনিয়নের অনেক স্থানে রয়েছে ছোট বড় অনেকগুলো বাগান। মুকুলে ভরে গেছে এসব বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলোতে। ইতোমধ্যে এসব গাছে মুকুল আসা শুরু হয়েছে।

শরিফুল রহমান নামের আম গাছের এক মালিক জানান, প্রায় ১৫-২০ দিন আগে থেকে তাদের বাড়ির আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। বেশিরভাগ গাছ মুকুলে ছেয়ে গেছে। বৃষ্টি না হলে অনেক গাছের মুকুল টিকে না। এলাকা ভিত্তিক এসবের মধ্যে বেশির ভাগ দেশীয় প্রজাতির আম গাছ রয়েছে। ব্যবসায়ীরা ফজলি, আম রুপালিসহ বিভিন্ন আম গাছ রোপণ করেছেন। এসবেও মুকুল ধরেছে।

তিনি বলেন, আবার আম বড় হওয়ার ফলে পোকা ধরে। অনেকে কৃষি বিভাগের পরামর্শে এক ধরনের স্প্রে ব্যবহার করেন। বাড়িগুলোতে গাছ কম থাকায় সাধারণত লোকজন স্প্রে ব্যবহার করেন না। বৃষ্টি না থাকার কারণে বেশিরভাগ গাছের গুড়িতে পানি দেন, গোবর দেন, যাতে উর্বরতা শক্তি বাড়ে।

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এবছর আম গাছে ভালো মুকুল এসেছে। সাধারণত এ সময়ে মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়। এতে মুকুলের পরিপক্বতা পায়। তিনি আরও জানান, তারা গাছের মালিকদেরকে সালফার জাতীয় ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করার পরামর্শ দেন। প্রয়োজন বোধে যে কোন পরামর্শ দিতে সব সময় তৈরি।

ফুলবাড়িতে তিন দিনব্যাপী শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়িতে তিন দিনব্যাপী যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ পারস্পরিক সহযোগিতায়  শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

রোববার সকাল ১১টায় ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসাইন। কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ও ফুলবাড়ী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে  এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, বাংলাদেশ স্কাউট ফুলবাড়ী উপজেলা সম্পাদক আমিনুল ইসলাম, ইউনিসেফ বাংলাদেশ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুনিতা রায়, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার রেফারী আব্দুল মতিন, জেলা ক্রীড়া অফিসের কামাল হোসেন ও  বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষার্থী।

উদ্বোধনী খেলায় ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গঠিত নীল ও সবুজ এবং ছাত্রীদের নিয়ে গঠিত লাল ও হলুদ ক্রীকেট  দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার হিসেবে মেডেল, জার্সি, সনদ এবং ক্রীড়া সামগ্রী উপহার প্রদান করা হয়।

জেলা ক্রীড়া অফিস জানায়, আগামী সোম ও মঙ্গলবার ফুলবাড়ী উপজেলার  গঙ্গারহাট এম এস উচ্চ বিদ্যালয়ে ব্যাডমিন্টন, রাবাইতাড়ি এস বি উচ্চ বিদ্যালয়ে ফুটবল, শাহবাজার এ এইচ ফাজিল মাদ্রাসায় কাবাডি এবং ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

চিকিৎসা ব্যয়ে হিমশিম খাচ্ছে রোগীর স্বজনরা

স্বাস্থ্য ডেস্কঃ ঢাকা শিশু হাসপাতালে বহির্বিভাগে টিকিটের দাম ৬০ থেকে ২০০ টাকা। আর একদিনের শয্যা ভাড়া ৭০০ এবং আইসিইউ বেডের জন্য গুনতে হয় সর্বনিম্ন সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত। এর বাইরে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ব্যয় তো আছেই। এতে হিমশিম অবস্থা রোগীর স্বজনদের।

দেশের শিশু চিকিৎসায় অভিভাবকদের অন্যতম ভরসারস্থল বাংলাদেশ শিশু হাসপাতল ও ইনস্টিটিউট। প্রায় সাতশ বেডের এ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার শিশু চিকিৎসা নেয়। যাদের অধিকাংশই গ্রাম থেকে আসা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির। চিকিৎসা ব্যয়ের পাশাপাশি রাজধানীতে স্বজনদের থাকা ও খাওয়ার খরচ মেটাতে গিয়ে হোঁচট খান অনেকেই।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, প্রত্যেকটা মানুষ মনে করেন, ঢাকা শিশু হাসপাতাল একটা সরকারি হাসপাতাল, সরকারি হাসপাতালে প্রবেশ করে দেখে এখানে প্রতিটি জিনিসের চার্জ দিতে হচ্ছে, বেশি, তখন তারা অবাক হয়ে যান। এটি দীর্ঘদিনের সমস্যা, এটার আমরা সমস্যার সমাধান করতে পারব না যতক্ষণ পর্যন্ত সরকারের সহায়তা আমাদের আরও বৃদ্ধি না করে।
সমস্যা সমাধানে সরকারকে সহায়তা বৃদ্ধি করতে হবে। সরকারের যেহেতু এটি একটা নিয়ন্ত্রণাধীন সংস্থা হয়ে গেছে, সেহেতু সরকারের উচিত এটার উন্নত করার জন্য কাজ করা। প্রতিটি উন্নত প্রজেক্ট তৈরির সহায়তা করা। এমনকি আমাদের যে বেতন-ভাতাটা লাগছে সেটার সম্পন্নটা সরকারের পক্ষ থেকে দেয়া উচিত।

গরিব ও অসহায় রোগীদের জন্য ৩৯ শতাংশ বেড ভাড়া মওকুফ আছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, সরকার আরেকটু নজর দিলেই পাল্টে যাবে হাসপাতালটির চিত্র।

 

ইরাকে মদ আমদানি ও বিক্রি নিষিদ্ধ করায় খ্রিস্টানদের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে মদ আমদানি ও বিক্রি নিষিদ্ধ করার পর ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন। ওই আইন পরিবর্তনের জন্য চেষ্টাও চালাচ্ছেন ইরাকের খ্রিস্টান রাজনীতিবিদরা। খবর বিবিসি।

গত শনিবার (৪ মার্চ) মদ আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে শুল্ক কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়। তীব্র বিরোধিতা সত্ত্বেও গত মাসে মদ আমদানি ও বিক্রি নিষিদ্ধের বিষয়টি আইনে পরিণত হয়।

ইরাকের পার্লামেন্টে ৫টি আসনে প্রতিনিধিত্ব করা খ্রিস্টান গ্রুপ এই আইনের বিরোধিতা করে একটি মামলা দায়ের করেছে। তারা বলছে, এটি অগণতান্ত্রিক। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ ইরাকে প্রকাশ্যে মদ্যপানকে ভালো চোখে দেখা হয় না। কিন্তু অনুমোদিত মদের দোকান বা পানশালা থেকে মদ কিনে পান করা যায়।

মদ আমদানি ও বিক্রির এই আইনটি মূলত ২০১৬ সালে পাস করেছিল ইরাকের পার্লামেন্ট। তখন এই আইনের লঙ্ঘনকারীকে সর্বোচ্চ ২৫ মিলিয়ন ইরাকি দিনার জরিমানা দেয়ার বিধান ছিল।

তবে আইন পাসের ৭ বছর পর মদ বিক্রি, আমদানি ও উৎপাদন নিষিদ্ধ করে আনুষ্ঠানিকভাবে এটি কার্যকর করা হয়। এদিকে এই আইনটি কতটুকু কঠোরভাবে বাস্তবায়ন করা হবে তা এখনও স্পষ্ট নয়।

মোবাইল ফোনসেট কিনে না দেয়ায় ছাত্রের আত্মহত্যা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শনিবার (৪ মার্চ) মোবাইল ফোনসেট কিনে না দেয়ায় তুহিন (১৪) নামে এক স্কুল ছাত্র বিষ পান করে আত্নহত্যা করেছে। ঘটনার দিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । তুহিন উপজেলার ভোমরাদহ ইউনিয়নের গাজীপাড়া গ্রামের মৃত্য আমজাদ হোসেনের ছেলে। এবং সে শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ালেখা করতো।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশের তথ্য মতে, মা ও ভাবির কাছে স্মার্ট মোবাইল ফোন সেট কিনে চায় স্কুল ছাত্র তুহিন। মোবাইল কিনে না দেয়ায় শুক্রবার বিকালে বাড়ির আসবাব পত্র ভাঙ্গচুর করে তুহিন। সন্ধায় পরিবারের উপর অভিমান করে বিষ পান করে সে। অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম ঘনটার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা কলেজ

শিক্ষা ডেস্কঃ রাজধানী ঢাকার আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার ত্রিমুখী সংঘর্ষের পর তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা কলেজ। গতকাল রোববার (৫ মার্চ) বিকেলে অনিবার্য কারণ দেখিয়ে একদিন, শুভ দোলযাত্রা এবং পবিত্র শবে বরাত উপলক্ষে দু’দিন মিলিয়ে মোট তিন দিনের ছুটি ঘোষণা করা হয়।

এদিন ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামীকাল (৬ মার্চ) কলেজের সব ক্লাস স্থগিত থাকবে। এছাড়া শুভ দোলযাত্রা উপলক্ষে ৭ মার্চ এবং পবিত্র শবে বরাত উপলক্ষে ৮ মার্চ কলেজের সব ক্লাস বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৮ মার্চ ছাড়া উল্লেখিত অন্য তারিখে (৬ ও ৭ মার্চ) কলেজের অফিস ও বিভাগগুলো খোলা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। তবে ঢাকা কলেজের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে বলেও জানানো হয়।

বকেয়া মজুরি পেয়েও কেন খুশি নন চা শ্রমিকরা?

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চা শ্রমিকরা বকেয়া মজুরি হিসেবে জনপ্রতি ১১ হাজার টাকা করে পাবেন বলে গত বুধবার রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশীয় চা সংসদ (মালিকপক্ষ) এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নেতাদের সাথে মতবিনিময় শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দিয়েছেন। পরে রাতেই শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, চা শ্রমিকদের বকেয়া মজুরি থেকে পরিশোধ সংক্রান্ত বিষয়ে উদ্ভুত পরিস্থিতি নিরসনে বাংলাদেশীয় চা সংসদ (মালিকপক্ষ) এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (শ্রমিকপক্ষ) এর সাথে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মতবিনিময় করেন। এরপর তিনি চা শ্রমিকদের বকেয়া মজুরি থোক হিসেবে পরিশোধের জন্য জনপ্রতি ১১ হাজার টাকা নির্ধারণ করে ঘোষণা করেন।

এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সিলেটে চা শ্রমিকদের মাঝে। সরকারের এই সিদ্ধান্তে খুশি নন সিলেটের অনেক চা শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, তাদের অনেকেরেই বকেয়া মজুরি ১১ হাজার টাকার বেশি আছে। এই ১১ হাজার দিলে বাকি টাকা না পাবার সম্ভবনা আছে।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালি সভাপতি রাজু গোয়ালা বলেন, সরকারের এই সিদ্ধান্তে খুশি হওয়ার কারন নেই। আমার নিজেরই বকেয়া মজুরি ২৯ হাজার টাকা পাওনা আছে। আর পাচ্ছি মাত্র ১১ হাজার টাকা। বাকি ১৮ হাজার টাকা কি পাবো না?

রাজু গোয়ালা আরো বলেন, আমরা আমাদের দাবি আদায়ে আন্দোলনে নেমেছিলাম। সরকারের কাছে আমাদের দাবি তুলে ধরেছিলাম। সেই প্রেক্ষিতেই এই ১১ হাজার টাকা বকেয়া মজুরি দেয়া হচ্ছে। এই সিদ্ধান্তে আমদের সাধারণ চা শ্রমিকরা খুশি হবেন না। আমাদের প্রধানমন্ত্রীর উপর আস্তা আছে, তিনি আমাদের বিষয়টি বিবেচনা করবেন।

উল্লেখ্য, গত বছর ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৫০ বৃদ্ধি করে ১৭০ টাকা নির্ধারণ করে দেন। সেই সঙ্গে মজুরি নির্ধারণের পাশাপাশি বার্ষিক ছুটি, বেতনসহ উৎসব ছুটি, অসুস্থতা ছুটি বাড়ানোর ঘোষণা দেয়া হয়। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেরদিন থেকেই চা শ্রমিকরা যথারীতি বর্ধিত মজুরিসহ বর্ধিত অন্যান্য সুবিধাদি পেয়ে আসছেন। তবে শ্রমিকরা ২০২১ এর জানুয়ারী থেকে ২৭ আগস্ট ২০২২ পর্যন্ত সময়ের জন্য বর্ধিত মজুরির বকেয়া দাবি জানিয়ে আসছিলেন।

ইমরান খানকে গ্রেপ্তার করতে বাসভবনে পুলিশ

আন্তর্জাতিক ডেস্কঃ তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করতে তার বাসভবনে গেছে পুলিশ। গতকাল রোববার (৫ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইসলামাবাদ পুলিশ পাঞ্জাব পুলিশের সহযোগীদের নিয়ে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের লাহোরের জামান পার্কের বাসভবনে পৌঁছান। সরকারপ্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে (তোশাখানা মামলা) দায়ের হওয়া মামলায় হাজিরা না দেওয়ায় পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর ফলে তাকে গ্রেপ্তার করতেই পুলিশ সেখানে গিয়েছে।

পুলিশ ইমরান খানের বাসভবনে পৌঁছলে তার চিফ অব স্টাফ সিনেটর শিবলি ফারাজ পিটিআই প্রধানের গ্রেপ্তারের পরোয়ানা গ্রহণ করেন। এ সময় তিনি পুলিশকে জানান, সাবেক প্রধানমন্ত্রী তার জামান পার্কের বাসভবনে নেই। তবে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

এদিকে দলীয় চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে তার বাসভবনে পুলিশ আসার খবর পেয়ে হাজার হাজার নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন। পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার করলে গণবিক্ষোভের ডাক দেওয়া হবে বলে তারা হুঁশিয়ার করেছেন। তবে পুলিশ জানিয়েছে, ইমরান খানকে গ্রেপ্তার না করে তারা ফেরত যাবেন না।

বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশ এখন বাংলাদেশ

জাতীয় ডেস্কঃ ভারতকে টপকে বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশ এখন বাংলাদেশ। ভারতের উৎপাদন কমে যাওয়ায় বাংলাদেশ শীর্ষস্থান দখল করে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ স্ট্যাটিস্টিক্যাল বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, পাটসহ বেশ কিছু পণ্য উৎপাদনে বাংলাদেশ কখনও ভারতে টপকাতে পারেনি। কিন্তু গত কয়েক বছরে ভারতের পাটের উৎপাদন ধারাবাহিকভাবে কমে যায়। ২০২০-২১ অর্থবছরে ভারতে পাটের উৎপাদন ৯ লাখ ৮০ হাজার টন। আর বাংলাদেশের উৎপাদন ছিল ১৪ লাখ ৮ হাজার টন। এর মাধ্যমে ভারতকে টপকে যায় বাংলাদেশ।

বিশ্লেষকরা বলছেন, উৎপাদন বৃদ্ধিতে ঘাতসহিষ্ণু জাত উদ্ভাবন করা গেলে অন্তত ১০ লাখ হেক্টর জমিতে পাটের আবাদ বাড়ানো সম্ভব। একইসঙ্গে কৃষকদের কাছে সব সুবিধা দ্রুত পৌঁছে দিতে হবে। ফলে, উৎপাদন ভালো হবে, রপ্তানি আয়ও বাড়বে।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, পাটের উৎপাদন বাড়াতে সরকার বীজের সংকট মেটানোয় কাজ করছে। আধুনিক কলাকৌশলের বিষয়ে পাটচাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া পাটবীজ উৎপাদনে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে একটি রোডম্যাপও তৈরি করা হয়েছে। আশা করি বাংলাদেশ উন্নত পাটবীজ উৎপাদনে স্বনির্ভর হবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, ২০২১-২২ অর্থবছর পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ১১২ কোটি ৭৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। ২০২২-২৩ অর্থবছরে এ খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্য ১২৮ কোটি ডলার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, বাংলাদেশের ইতিহাসে ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ ১ লাখ ৮৭ হাজার ৩০০ একর জমিতে প্রায় ৮৮ লাখ ৯৫ হাজার বেল পাট উৎপাদন হয়েছিল।

বগুড়ায় বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ১০ দিনব্যাপি বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন রোববার বেলা ৩ ঘটিকায়  শহীদ খোকন পার্কে জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক বগুড়া জেলা কার্যালয় এ মেলার আয়োজন করে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের অর্থনীতির প্রাণ। তাদের কার্যক্রম এবং উদ্ভাবনে অর্থনীতির গতি সঞ্চার হয়। সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহযোগিতা প্রদান করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।তিনি আরো বলেন, এই মেলার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পন্যের প্রচার ও প্রসার ঘটবে। নতুন উদ্যেক্তা সৃষ্টি, উদ্যোক্তা ও ক্রেতার মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সংযোগ বৃদ্ধিতে সহায়ক হবে উদ্যোক্তা মেলা।  উদ্যেক্তাদের উৎপাদিত পণ্যের মান উন্নয়নে সৃজনশীল মতামত প্রাপ্তির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান মিলন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) জেলা শাখার সভাপতি টি জামান নিকেতা।উইমেন এন্ড ই-কমার্স ফোরাম তহমিনা তনুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান।

এর আগে, বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। কর্মকর্তারা জানান, ১০ দিনব্যাপি এই মেলায় ৫০টি স্টল স্থান পেয়েছে। মেলায় বগুড়াসহ অন্য জেলা থেকে উদ্যোক্তাগণ স্টগুলোতে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন।