সোনাহাট স্থলবন্দর দিয়ে পাঁচদিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গেল শনিবার সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে জানা যায়, সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ সংক্রান্ত যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম আগামীকাল ১২ অক্টোবর মঙ্গলবার থেকে ১৬ অক্টোবর শনিবার পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর রবিবার বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি যথা  নিয়মে চালু হবে।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বিজিবির সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি এবং এই স্থলবন্দরের বিপরীতে  অবস্থিত ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের জানানো হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে আশরাফ আলী (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। রোববার বেলা এগারো টায় পাঁচুপুর ইউনিয়নের মধ্যে বোয়ালিয়া গ্রামের একটি আম বাগান থেকে উক্ত লাশ উদ্ধার করা হয়। আশরাফ আলী ওই গ্রামের মৃত জাবেদ আলী মন্ডলের পুত্র।

আত্রাই থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে নিজ বাড়িতে খাবার খেয়ে আশরাফ আলী বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে।

এক পর্যায়ে রোববার (১০ অক্টোবর)সকালে আনুমানিক বেলা এগারো টার দিকে স্থানীয়রা ওই আম বাগানে আশরাফ আলীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনারস্থল থেকে আশরাফ আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নবাবগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ল্যাম্ব হেলথ্ ও সিডার ফান্ড এর সহযোগিতায়, ল্যাম্ব- এ্যাডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন ও চার্চ এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন এর বাস্তবায়নে “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস” উদযাপন করা হয়। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ল্যাম্ব এর সার্বিক সহযোগিতায়  নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শাহজান আলী।

উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার- ডাঃ মোঃ শাহ্জাহান আলী বলেন, “ জনগোষ্ঠীর বিরাট অংশ ভ্রান্ত ধারণা, কুসংস্কার ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সেজন্য আত্মহত্যার হার কমানো ক্ষেত্রে কাউন্সিলিং সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নিজ পরিবার, সমাজে হতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

এছাড়াও ল্যাম্ব- প্রজেক্ট ম্যানেজার, উৎপল মিন্জ বলেন, “অধিকাংশ কিশোর-কিশোরী বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক অবহেলা ও বৈষম্যের শিকার, তারা বিভিন্নভাবে মানসিক রোগে আক্রান্ত। এর প্রধান কারণ মানসিক স্বাস্থ্য ও রোগ ও এর চিকিৎসার প্রতি জনগণের নেতিবাচক দৃষ্টিভঙ্গি। সেজন্য কমিউনিটি পর্যায়ে কাউন্সিলিং সেবা প্রচলন করা অতীব জরুরী”।

এসময় উপস্থত ছিলেন উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে কর্মরত ডাক্টার ও কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টেকনিক্যাল অর্ডিনেটর, ল্যাম্ব-এসিটি প্রজেক্ট মোঃ গোলাম মোস্তফা।

এছাড়াও  উপজেলা, এফডব্লিসি ও কমিউনিটি ক্লিনিক- এর স্বাস্থ্যকর্মীবৃন্দ, চেয়ারম্যানগণ, প্রজেক্ট স্টাফ ও সমাজের অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ীর ৬৯টি মন্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি : শরতের আকাশে সাদা মেঘের ভেলা আর দৃষ্টি নন্দন কাশবন যেন জানান দিচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা। মরনঘাতি করোনার সংক্রমন কমে যাওয়ায় এ বছর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৬৯টি মন্ডপে মহা ধুমধাম ও বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। তাই প্রতিটি মন্ডপে চলছে পূজার শেষ মুহুর্তের প্রস্তুতি।

জানা গেছে, ১১ অক্টোবর দেবী বোধনের  মধ্যদিয়ে শুভ সূচনা হবে হিন্দু  ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজার। এবার দেবী দূর্গা আসবেন ঘোটকে চড়ে এবং যাবেন দোলায় চড়ে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গা ঘোটকে চড়ে আসায় এবার পৃথিবী ধন-ধান‍্যে পূর্ণ হবে। ধরাধামে বইবে সুখ শান্তির সুবাতাস।

১৫ অক্টোবর বিজয়া দশমী এবং প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক ভারত চন্দ্র রায় জানান, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ৬৯ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

নেত্রকোণায় দূর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া চেক বিতরণ অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধিঃ “ধর্ম যার যার,উৎসব সবার” এই স্লোগানে শারদীয় দূর্গোৎসব ২০২১ উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ দেয়া চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে জেলা প্রেসক্লাবের হল রুমে চেক বিতরণ করেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত কুমার সজল সদস্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজি মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মনোয়ার জাহান সুজন, এডভোকেট শীতাংশু বিকাশ আচার্য্য, শ্রী মঙ্গল চন্দ্র সাহা, অধ্যাপক মানিক রায়, মোঃ হুমায়ুন কবির, শ্রী সমীরণ সরকার, শ্রী করোনা সিন্দু রায়, ডাঃ পলাশ মজুমদার, শিল্পী ভট্টাচার্য, পহেলী দেসহ আরো অনেকে।

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, মনোয়ার জাহান সুজন, এডভোকেট শীতাংশু বিকাশ আচার্য্য, মোঃ হুমায়ুন কবিরসহ অন্যরা।

লালমনিরহাটের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাক্টারের সাথে অটোরিকশার ধাক্কা লেগে আবু বক্কর সিদ্দিক (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। গেল শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘ্যনেশম (মিয়া পাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষক আবু বক্কর সিদ্দিক (৪০) উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘ্যনেশম আক্কেল আলী মুন্সী ছেলে। তিনি হাজরানিয়া উত্তরণ ডিগ্ৰী কলেজের শিক্ষক ছিলেন। তিনি ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা বলেন, বিকেলে তুষভান্ডার-আমিনগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে বাড়িতে ফিরছিল। হঠাৎ করে ট্রাক্টর-অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশা খাদে পড়ে যায়। এ সময় ওই অটোরিক্সার থাকা কলেজ শিক্ষকসহ অনেকেই আহত হন। পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজে রেফার করেন। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, নিহতের পরিবারের কেও থানায় কোন অভিযোগ করেননি।

রাণীশংকৈল ২ শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ইউএনও স্টিফ কবির

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অসহায় ও চলাচলে অক্ষম দুই শাররীক প্রতিবন্ধীকে কে দুটি হুইলচেয়ার দিলেন রাণীশংকৈল ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। তারা দুজন উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব ভোলাপড়া গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে জুঁই আকতার (২২) এবং বাচোর ইউনিয়নের ছোট চোপড়া গ্রামের রফিকের ছেলে হাকিম (৪০)।

গত শুক্রবার ৯ অক্টোবর বিকালে ইউএনও’র প্রতিনিধি হিসাবে সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা নিজে  ওই প্রতিবন্ধী দু’জনকে দুটি হুইলচেয়ার তাদের বাড়িতে দিয়ে আসেন। এ সময় বাচোর ইউপি চেয়ারম্যান জিতেন চন্দ্র রায়, ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, চলাফেরায় একেবারে অক্ষম শাররীক প্রতিবন্ধী জুঁই ও রফিত দীর্ঘদিন ধরে অসুস্থ। সাংসারিক অভাব ও চরম কষ্টের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতে হয় তাদের। উপরন্ত আশে পাশে চলাফেরা করার জন্য হুইলচেয়ার কেনা তাদের কাছে ছিল দুঃস্বপ্ন।

এমতাবস্থায় স্থানীয় দুজন লোক মারফর তাদের হুইলচেয়ার কেনার স্বপ্নের কথা জানতে পারে  ইউএনও। এবং খোঁজ নিয়ে তাদের কষ্টের সত্যতার প্রমান পেয়ে গত ৭ অক্টোবর রাতেই দুটি নুতুন  হুইল চেয়াররের ব্যবস্থা করেন তিনি। পরদিন শুক্রবার বিকালে এসিল্যান্ড মারফত চেয়ার দুটি তাদের বাড়িতে পৌঁছে দেন।

হুইলচেয়ার পেয়ে জুঁই আনন্দে কেঁদে ফেলে এবং রফিক বলে আমার অনেক দিনের আশা পরুন করলো ইউএনও স্যার। তারা ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ তার মঙ্গল কামনা করেন।

নওগাঁয় শারদীয় দূর্গাপূজো উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা গড়ার কারিগররা

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ সামনেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজো। ঘরে ঘরে দেবী-দূর্গার আগমনী বার্তায় এখন মুখরিত সময় পার করছেন নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা। আর কয়েক ঘন্টা পরেই দেবী দূর্গা আসছেন মর্তলোকে। দেবী দুর্গাকে সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর প্রতিমা গড়ার কারিগররা।কারিগরদের শৈল্পিক হাতের ছোঁয়ায় প্রাণ পাবে দেবী দুর্গার। এখন দেবী দুর্গাকে ঘিরেই প্রতিমা কারিগররা ব্যাস্ত সময় পার করছে।

জেলায় পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্যে মতে, জেলার ১১ টি উপজেলায় মোট ৮১৯ টি মন্ডপে শারদীয় দূর্গা পূজোর আয়োজন চলছে। নওগাঁ সদর উপজেলায় ১১৭টি, মহাদেবপুরে ১৫৮ টি, মান্দায় ১২৫টি, বদলগাছীতে ১০৬টি, পত্নীতলায় ৮১টি, নিয়ামতপুরে ৬৩ টি, রানীনগরে ৫১ টি, আত্রাইয়ে ৪৯ টি, ধামইরহাটে ৩৩টি, পোরশায় ১৮টি এবং সাপাহারে ১৭টি পুজো মন্ডপ স্থাপনের কাজ চলছে।

নওগাঁ জেলার বিভিন্ন পূজামন্ডপ গুলো ঘুরে দেখা যায়, প্রতিমা কারিগররা কাঁদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে নিপুণ হাতে গড়ে তুলছেন দেবীদূর্গার প্রতিমা। এরপর প্রতিমাতে দেয়া হবে রং তুলির আঁচড়। আজ ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ৫ দিন ব্যাপী ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। স্থানীয় প্রতিমা কারিগর ছাড়াও বিভিন্ন স্থান থেকে আশা প্রতিমা কারিগর তাদের নরম হাতের ছোঁয়া দিয়ে প্রতিমা তৈরি ও রং তুলির কাজ করছেন।

এছাড়াও পূজা উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্ডপ গুলোতে চলছে নানান সাজসজ্জার প্রস্তুতি। ইতিমধ্যে বেশির ভাগ মন্ডপে প্রতিমায় মাটি লাগানোর কাজ শেষ। কিছু কিছু মন্ডপে চলছে রং তুলির কাজ। বৈশিক করোনা মহামারি অনেকটা কম থাকায় মাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন জেলার সকল শ্রেণী পেশার মানুষ।

প্রতিমা তৈরির কাজে নিয়োজিত কারিগড়রা বলেন, দু’এক দিনের মধ্যে শুরু হবে রং এর কাজ। প্রতিমাগুলোকে মনোমুগ্ধকর ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন তারা। নির্ধারিত সময়ের আগেই শেষ হবে সকল প্রতিমা তৈরির কাজ।

নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা জানান, আজ ১১ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হবে এ পূজা উৎসব। ১৫ অক্টোবর শুক্রবার দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব।

এব্যাপারে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম বলেন, পূজো উৎসবকে ঘিরে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটতে দেয়া হবে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিটি পূজামন্ডপসহ আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রামে অনুপ্রবেশের দায়ে আটক-২

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলার পাটগ্রামের দহগ্রামে অনুপ্রবেশের দায়ে দুইজনকে আটক করেছেন বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গেল শনিবার (২ অক্টোবর) সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ডাঙ্গারপাড় সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার আফাজ উদ্দিনের ছেলে মমিন উদ্দিন (৪২) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চাতল গ্রামের নাসির উদ্দিনের ছেলে মোঃ সুজন মিয়া (৩২)।

প্রাথমিকভাবে জানা যায়, প্রায় ২ মাস পূর্বে কাজের সন্ধানে অবৈধপথে ভারতে যান মমিন উদ্দিন ও সুজন মিয়া। কাজ শেষে শনিবার (২ অক্টোবর) সকালে দহগ্রামের ডাঙ্গারপাড় সীমান্তের মেইন পিলার ১ এর ৩ নং সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় বডার গার্ড বাংলাদেশ ৫১ ব্যাটালিয়নের দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কমান্ডাী সুবেদার জাহাবুল ইসলাম বলেন, আটকৃতদের বিরুদ্ধে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে মামলা করে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

ডোমারের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণ, নতুন কমিটি গঠন উপলক্ষে অনলাইনে নির্বাচন অনুষ্ঠিত

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি ১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণ এর ৭ম নির্বাচন (২০২১) এ গেল শনিবার দিনব্যাপী সকল সদস্যদের অনলাইনে ভোট প্রদানের মাধ্যমে সভাপতিঃ মোঃ আসাদুজ্জামান (রিফাত) এবং সাধারণ সম্পাদকঃ মাহমুদুল হাসান (রিগান) নির্বাচিত হয়েছে। ৯ অক্টোবর নতুন কমিটি গঠন উপলক্ষে অনলাইনে সংগঠনটির নির্বাহী কমিটির অনলাইন বৈঠকের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন কমিটি গঠন উপলক্ষ্যে অনলাইন নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয় এবং অন্বেষণের সকল সদস্য ভোট প্রদান করেন। নির্বাচনে ৪২ ভোট পেয়ে মোঃ আসাদুজ্জামান (রিফাত) সভাপতি নির্বাচিত হয় এবং সাধারণ সম্পাদক পদে ৩৮ ভোট পেয়ে মাহদুল হাসান(রিগান) নির্বাচিত হয়।

আয়োজিত অনলাইন নির্বাচনে ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে যুক্ত ছিলেন, আশরাফুল ইসলাম সহকারী শিক্ষক চিলাহাটি,মোকারমা খাতুন লেকচারার তেজগাঁও কলেজ,ইন্জিনিয়ার রোকনুজ্জামান মেইনটেনেন্স অফিসার, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইন্সটিটিউট  ইন্জিঃ সাদিক আল সাফিন সহকারী কমিশনার ও এক্সিকিউটিব মেজিসট্রেট,জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর ।

উল্লেখ থাকে যে অন্বেষণ ২০১৪ সাল থেকে অত্র এলাকায় বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছে, ইতিমধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প,কম্বল বিতরণ,চিকিৎসার খরচ বহন,গরীব মেধাবী শিক্ষার্থীদের খরচ বহন,বৃক্ষরোপন কর্মসূচি পালন করে আসছে।