আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন

সিএনবিডি ডেস্কঃ আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করবে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ এদিন সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়াও একইদিন কেন্দ্রীয়ভাবে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। একইসাথে সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার (মেরুল বাড্ডা), ২৮ সেপ্টেম্বর প্রথম প্রহরে (২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২.০১ মিনিটে) খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস চার্চ (২৯ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০) সকাল ৬টায় তেজগাঁও জকমালা রাণীর গীর্জা এবং বিকাল ৫টায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে গত ২৪ সেপ্টেম্বর অন্যান্য বিশ্বনেতাদের অংশগ্রহনে ইউএনজিএ’র সাধারণ আলোচনায় অন্যান্য বছরের মতো বাংলায় ভাষণ দেন। এর আগে তাকে জাতিসঙ্ঘের এসডিজি অগ্রগতি পুরস্কার প্রদান করা হয়। জাতিসঙ্ঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এবার এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করা হয়। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের পর টেকসই উন্নয়নের লক্ষ্যে (এসডিজি) দ্রুত এগিয়ে চলার ক্ষেত্রে এ পুরস্কার বাংলাদেশের সফলতার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি ।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। তার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে হয়েছেন প্রশংসিত। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে করোনাকালেও দেশের প্রবৃদ্ধি এশিয়ায় প্রায় সব দেশের ওপরে ।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল থাকায় আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এশিয়ার প্রায় সব দেশের ওপরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব, সময়োচিত পদক্ষেপ, মানুষের জন্য আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা, অর্থনীতিকে বাঁচানোর জন্য অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা এবং বাস্তবায়নের কারণে দেশে সাড়ে ছয় মাসে অনাহারে একজন মানুষেরও মৃত্যু হয়নি, খাদ্যের জন্য কখনো কোথাও হাহাকার হয়নি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, ‘আমরা যেমন বলি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তেমনই শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের কাজ জাতি চোখে দেখতো না। শেখ হাসিনার জন্মের সফলতা ও স্বার্থকতা কর্মের মধ্য দিয়ে।

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল। শেখ হাসিনা আমাদের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল। তিনি নিজে যা অর্জন করেছেন, তা নজিরবিহীন। বিশ্বদরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। তার জন্মদিন পালন না করলে আমরা জাতির কাছে অকৃতজ্ঞ থেকে যাব।’

শেখ হাসিনার নেতৃত্বে স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানী ও বিদ্যুৎ, বাণিজ্য, আইসিটি এবং এসএমই খাতে এসেছে ব্যাপক সাফল্য। যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার, পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিসহ জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি।

বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের পাশাপাশি শেখ হাসিনার ঝুলিতে জমেছে অনেকগুলো অর্জন। পেয়েছেন আন্তর্জাতিক অনেক সম্মাননা ও পদক। এ পর্যন্ত শেখ হাসিনাকে দেওয়া আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যাও অনেক। টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতা জন্য ২০১৯ এর ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার দেয় গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই)। একই মাসে শেখ হাসিনাকে ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পদক প্রদান করা হয়।

এর আগে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র সমুন্নত ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য প্রধানমন্ত্রীকে বিভিন্ন পর্যায়ের পদক প্রদান করে। রোহিঙ্গা ইস্যুতে দূরদর্শী নেতৃত্ব এবং রোহিঙ্গাদের আশ্রয়দানে দায়িত্বশীল নীতি ও তার মানবিকতার জন্য প্রধানমন্ত্রী আইপিএস ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং ২০১৮ স্পেশাল ডিসটিংশন এওয়ার্ড ফর লিডারশিপ গ্রহণ করেন।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী এই নেতা ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয় এবং ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থ বারের মত নির্বাচনে জয়লাভ করে দলকে দেশের নেতৃত্বের আসনে বসাতে সক্ষম হন।

দাদা শেখ লুৎফর রহমান ও দাদি সাহেরা খাতুনের অতি আদরের নাতনি শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে টুঙ্গিপাড়ায়। শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা এবং শেখ রাসেলসহ তারা পাঁচ ভাই-বোন। বর্তমানে শেখ হাসিনা ও রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বাবা শেখ মুজিবুর রহমান এবং মাতা ফজিলাতুন্নেছাসহ সবাই ঘাতকদের নির্মম বুলেটে নিহত হন।

শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয়েছিল টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। তখন পুরনো ঢাকার রজনী বোস লেনে ভাড়া বাসায় ওঠেন তারা।

বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হলে সপরিবারে ৩, নম্বর মিন্টু রোডের বাসায় তারা বসবাস শুরু করেন। শেখ হাসিনাকে ঢাকা শহরে টিকাটুলির নারী শিক্ষা মন্দিরে ভর্তি করা হয়। এখন এই শিক্ষা প্রতিষ্ঠানটি শেরেবাংলা গার্লস স্কুল এন্ড কলেজ নামে খ্যাত। শুরু হয় তার শহর বাসের পালা।
তিনি ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। ওই বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন।

শেখ হাসিনা ইন্টারমিডিয়েট গার্লস কলেজে পড়ার সময় ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আইয়ুব বিরোধী আন্দোলন এবং ৬-দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু উত্থাপিত ৬-দফা দাবিতে পূর্ববাংলায় এক অভূতপূর্ব জাতীয় জাগরণ সৃষ্টি হয়। শাসকগোষ্ঠী ভীতসন্ত্রস্ত হয়ে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। শুরু হয় প্রচণ্ড দমন-নির্যাতন। আটক থাকা অবস্থাতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানি শাসক গোষ্ঠী আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। তার জীবন ও পরিবারের ওপর নেমে আসে গভীর বিপদাশংকা ও দুঃসহ দুঃখ-যন্ত্রণা।

এই ঝড়ো দিনগুলোতেই বঙ্গবন্ধুর আগ্রহে ১৯৬৮ সালে পরমাণু বিজ্ঞানী ড.ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার বিয়ে হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের করাচিতে নিয়ে যাওয়ার পর গোটা পরিবারকে ঢাকায় ভিন্ন এক বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়। অবরুদ্ধ বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই শেখ হাসিনা গৃহবন্দী অবস্থায় তার প্রথম সন্তান ‘জয়’-এর মা হন। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর কন্যা সন্তান পুতুলের জন্ম হয়।

বঙ্গবন্ধু ১৯৭৫ সালে সপরিবারে নিহত হবার আগে ছোট বোন শেখ রেহানাসহ শেখ হাসিনা ইউরোপ যান। সেখানে অবস্থানকালে তিনি সপরিবারে বঙ্গবন্ধুর নিহত হওয়ার খবর পান। তাৎক্ষণিকভাবে দেশে ফেরার কোনো পরিবেশ না থাকায় তিনি ইউরোপ ছেড়ে স্বামী-সন্তানসহ ভারতে রাজনৈতিক আশ্রয় নেন।

শেখ হাসিনার পরবর্তী ইতিহাস একবিংশ শতকের অভিযাত্রায় তিনি কীভাবে বাঙালি জাতির কান্ডারি হয়েছেন তারই ইতিহাস। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন রূপায়নের দায়িত্ব নিয়ে বাঙালি জাতির আলোর দিশারী হওয়ার ইতিহাস। ১৯৮১ সালে আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। আর ঐ বছরেরই ১৭ মে দীর্ঘ ৬ বছর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসেন। তিনি ১৯৯০ সালের ঐতিহাসিক গণআন্দোলনে নেতৃত্ব দেন। আওয়ামী লীগ ১৯৯৬ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে দীর্ঘ ২১ বছর পর সরকার গঠন করে এবং সে বছরের ২৩ জুন প্রথমবারের মত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তাকে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড নিক্ষেপ করে হত্যার ষড়যন্ত্র করা হয়। তিনি অলৌকিকভাবে বেঁচে গেলেও ওই হামলায় ২৪ জন নিহত এবং পাঁচ শ’ নেতা-কর্মী আহত হন।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে বিশাল বিজয় অর্জন করে। এই বিজয়ের মধ্যদিয়ে শেখ হাসিনা দ্বিতীয় বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালের ৫ জানুয়ারি তৃতীয়বার এবং ২০১৮ সালের ডিসেম্বরে সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

তিনি রাজনৈতিক প্রজ্ঞা ও কূটনৈতিক দক্ষতা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য কুড়িয়েছেন সুনাম। দেশের জন্য বয়ে এনেছেন গৌরব ও সাফল্য। রাষ্ট্র পরিচালনায় বিগত বছরের রাজনৈতিক পরিস্থিতি ও দেশের চলমান উন্নয়নের ধারার কথা তুলে ধরে রাজনৈতিক বিশ্লেকরা প্রধানমন্ত্রীকে বর্তমান বিশ্বের একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষতা ও বিচক্ষণতা দিয়ে এখন বিশ্বমানের নেতার পর্যায়ে নিজের স্থান করে নিয়েছেন।

শিল্প সংস্কৃতি ও সাহিত্যঅন্তপ্রাণ শেখ হাসিনা লেখালেখিও করেন। তার লেখা এবং সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৩০টিরও বেশি। প্রকাশিত অন্যতম বইগুলো হচ্ছে- শেখ মুজিব আমার পিতা, সাদা কালো, ওরা টোকাই কেন, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, দারিদ্র্য দূরীকরণ, আমাদের ছোট রাসেল সোনা, আমার স্বপ্ন আমার সংগ্রাম, সামরিকতন্ত্র বনাম গনতন্ত্র, আর্ন্তজাতিক সর্ম্পক উন্নয়ন, বিপন্ন গনতন্ত্র, সহেনা মানবতার অবমাননা, আমরা জনগণের কথা বলতে এসেছি, সবুজ মাঠ পেরিয়ে ইত্যাদি।

সূত্র : বাসস।

শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠলো ফিলিপাইনের লুজন দ্বীপ

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের লুজন দ্বীপ কেপে উঠলো শক্তিশালী ভূমিকম্পে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।  গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে দেশটির বাতাঙ্গাস প্রদেশে এই ঘটনাটি ঘটে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তালিসে শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে এবং এর গভীরতা ছিল অন্তত ৯৪ কিলোমিটার।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না পাওয়া গেলেও স্থানীয় বাসিন্দারা জানান কম্পনটি ছিল অত্যন্ত শক্তিশালী।

‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত ফিলিপাইন নিয়মিতই ভূমিকম্প হয়। কম্পনপ্রবণ এ অঞ্চলটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত।

চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

শিক্ষা ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দুই পরীক্ষার সূচি চূড়ান্ত করে প্রকাশ করেছে।

এ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু নৈর্বাচনিক বিষয়ে। অন্যান্য আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়া হবে। চতুর্থ বিষয়েরও পরীক্ষা নেয়া হবে না। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট এবং ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এস.এস.সি. রুটিনঃ

এইচ.এস.সি. রুটিনঃ

আন্তশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ১৪ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। করোনার এ সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৩ সেপ্টেম্বর মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা রুটিন প্রকাশ করে। এ পরীক্ষাও শুরু হবে ১৪ নভেম্বর থেকে, চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

২৩ তম জন্মদিনে গুগল, নতুন ভাবে সেজে উঠল ডুডল

প্রযুক্তি ডেস্কঃ বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ২৩ তম জন্মদিন (Google’s 23rd Birthday)। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন। প্রতি বছর জন্মদিন উপলক্ষে গুগল একটি বিশেষ ডুডল তৈরি করে। এবারও সেটাই করেছে গুগল। টানা ২২ বছর ধরে আমাদের নিত্য প্রয়োজনের সঙ্গী হয়ে উঠেছে গুগল। এবছর একটি অ্যানিমেটেড কেকের ছবি দিয়ে তৈরি হয়েছে ডুডল।

গুগলের জন্ম ১৯৯৬ সালে। স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের রিসার্চ প্রজেক্ট হিসাবে গুগলের পথ চলা শুরু হয়। শুরুতে নাম ছিল ‘BackRub’। দুই বন্ধু এই ওয়েব পেজ বানিয়েছিলেন নিজেদের ব্যবহারের জন্য। এখন সেটি সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও ইন্টারনেটের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। ১৯৯৭ সালে দুই বন্ধু মিলে নতুন সংস্থা শুরুর উদ্যেগ নেন। তখন এর নাম পরিবরর্তন করে রাখা হয় ‘Google’।

Google নামটি এসেছে ‘googol’ শব্দটি থেকে। যার মানে হলো ১ এর পর ১০০টি শূন্য। শব্দের বানান ভুল থেকে গুগল নামের উৎপত্তি। এই সার্চ ইঞ্জিনের বিশাল পরিমাণ তথ্য দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিতেই হয়তো এই নামটি বেছে নিয়েছিলেন তাঁরা।

১৯৯৮ তে ইন্টারনেটে প্রথম নিজের অস্তিত্ব প্রমাণ করে গুগল। তার ৪ বছর পর ২০০২ সালে প্রথম ডুডল বানিয়ে গুগলের জন্মদিন পালন করা হয়। ২০০১ সালে তাদের প্রযুক্তির জন্য গুগল পেটেন্ট পায়। এই আবিষ্কারের জন্য স্বীকৃতি পান ল্যারি।

গুগলের আসলে ৬টি জন্মদিন আছে। গুগল তাদের অফিসিয়াল জন্মদিন হিসাবে অন্য তারিখের উল্লেখ করলেও আজকের দিনটা কেন জন্মদিন হিসাবে পালন করে তা এখনও রহস্য রয়ে গিয়েছে।

গুগলকে একটি ক্রিয়াপদ হিসেবে (গুগল করা অর্থে) প্রথম অভিধানে অন্তর্ভুক্ত করা হয় ২০০৬ সালে। মিরিয়াম-ওয়েবস্টার অভিধান লিখেছিল, গুগল করা মানে হচ্ছে ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে কোনো তথ্য অনুসন্ধান করার জন্য গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করা’।

প্রসঙ্গত, গুগল এখন শুধু একটি সার্চইঞ্জিন নয়, ভবিষ্যতে এখানে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্ট্রিমিং-ভিত্তিক গেম খেলার ব্যবস্থা, এমনকি চালকবিহীন গাড়ি। এ বছরে প্রথমবারের মতো এক লাখ কোটি (এক ট্রিলিয়ন) ডলার বাজারমূল্যের মাইলফলক ছুঁয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। ২০১৮ সালে প্রথম অ্যাপল, এরপর মাইক্রোসফট ও আমাজন—চতুর্থ মার্কিন প্রতিষ্ঠান হিসেবে মাইলফলকটি স্পর্শ করে অ্যালফাবেট। তথ্যসুত্রঃ উইকিপিডিয়া।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআরবি

আজ সব্যসাচী সৈয়দ শামসুল হকের ৫ম মৃত্যু বার্ষিকী

অলিউর রহমান নয়ন : আজ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৫ম মৃত্যু বার্ষিকী। বাংলা সাহিত্যের সব্যসাচী খ্যাত সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা শহরের থানা পাড়ার পৈত্রিক নিবাসে  জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন ও মা হালিমা খাতুন। বাবা পেশায় ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার। সৈয়দ হক তার বাবা-মায়ের আট সন্তানের মধ্যে সবার বড়। জন্মভূমি ও দেশের মানুষের মমত্ববোধকে আগলে রাখতে নিশ্চিত মৃত্যু জেনে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর কয়েকদিন কাটানোর জন্য  দ্রুত লন্ডন থেকে ছুটে আসেন। তার ইচ্ছে ছিল নিজ দেশ বাংলাদেশে চির নিদ্রায় শায়িত হবেন। ঠিক কয়েকদিন না কাটাতেই ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেছেন। কবির শেষ ইচ্ছে অনুযায়ী জন্মের শহর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

বাংলা সাহিত্যের সব শাখায় সমানভাবে পদচারণার জন্য সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক হিসেবে  ১৯৬৪ সালে মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। এ পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এটি অর্জন করেন। এছাড়াও তিনি একুশে পদক এবং স্বাধীনতা পদক পেয়েছেন।

১৯৫০-এর দশকে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’। এছাড়াও তার লেখা অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে খেলারাম খেলে যা, নিষিদ্ধ লোবান, সীমানা ছাড়িয়ে, নীল দংশন, বারো দিনের জীবন, তুমি সেই তরবারী, কয়েকটি মানুষের সোনালী যৌবন ও নির্বাসিতা।

তার বিখ্যাত কাব্যগ্রন্থ গুলোর মধ্যে রয়েছে-একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙক্তিমালা, পরানের গহীন ভিতর, অপর পুরুষ, অগ্নি ও জলের কবিতা, পায়ের আওয়াজ পাওয়া যায় ও নুরুলদীনের সারা জীবন, সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাট্য।

তিনি মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বেশ কিছু সিনেমার চিত্রনাট্য লিখে ব্যাপক সুনাম অর্জন করেছেন। যেমন- মাটির পাহাড়, তোমার আমার, কাঁচ কাটা হীরে, বড় ভালো লোক ছিল ইত্যাদি। তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভও করেছেন।

১৯৭১ সালের নভেম্বরে তিনি লন্ডন চলে যান। সেখানে বিবিসি’র বাংলা খবর পাঠক হিসেবে চাকরি করেন। ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসর্মপণের খবর পাঠ করেছিলেন তিনি।

আজ সোমবার সকাল ১০ টায় সব্যসাচী সৈয়দ শামসুল হকের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসকসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্থানীয় লোকজন কুড়িগ্রাম সরকারী কলেজে সৈয়দ শামসুল হকের কবরে ফুল দিয়ে শ্রেদ্ধা ও দোয়া কামনা করেন। শ্রদ্ধা জানানো শেষে জেলা প্রশাসকের আয়োজনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

হোমনায় খরস্রোতা কলাতিয়া নদী এখন মরা খাল, খনন ও রক্ষণাবেক্ষণের দাবী এলাকাবাসির

নাছির উদ্দিন, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা উপজেলার  এক সময়ের খরস্রোতা  কলাতিয়া নদী খনন ও রক্ষণাবেক্ষণের অভাবে মরা খালে পরিনত হয়েছে।   সংকুচিত হয়ে পড়ছে পানির প্রবাহ। হুমকির মুখে পড়ছে, জীববৈচিত্র ও  বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ।
স্থানীয়রা জানায়, কলাতিয়া নদী ছিল এ এলাকার মানুষের জীবন-জীবিকার মাধ্যম। কৃষি কাজে পানি সেচ ছাড়া ও মাছ ধরে জীবিকা নির্বাহ করত জেলে সম্প্রদায়।
জানাগেছে, কুমিল্লা জেলার ৫ নং সীটের হোমনা উপজেলার শ্রীপতির চর মৌজার ওপর দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা কলাতিয়া নদীটি মেঘনা নদী হয়ে দুই চরের মধ্যদিয়ে রাধানগর এলাকায় হাভাতিয়া নদীতে পড়েছে। কিন্ত বর্তমানে নদীটি শুকিয়ে গেছে। অনেক স্থানে নদীর চিহ্ন পর্যন্ত হারিয়ে যাচ্ছে। এক সময় মেঘনার শাখা নদীটি হোমনার জন্য আশীর্বাদ এলেও এখন তা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পলি জমে নদী ভরাট হয়ে চরে পরিনত হওয়ায় তা দখলের প্রতিযোগীতা চলছে।
জানাগেছে, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তেনের লক্ষে নদী ও খাল পুন: খনন কর্মসূচী পালন করছে সরকার। বাংলাদেশ কৃষি  উন্নয়ন কর্পোরেশন বিএডিসি, জেলা প্রশাসন ও বিএডব্লিওটিএ  এর মাধ্যমে বিভিন্ন খাল ও নদী খনন করা হলেও কলাতিয়া নদীটি খনন করা হবে, সচল করা হবে পানির প্রবাহ—এ ধরনের কথা শোনা যাচ্ছে । কিন্ত রহস্যজনক কারনে তা বাস্তবে কিছুই হয়নি। এতে  মেয়রসহ নির্বাচিত জন প্রতিনিধিদের উদাসিনতাকে দায়ী করছেন এলাকাবাসি। তাদের অভিযোগ এক সময় এ নদীর পানি দিয়েই কৃষকেরা দুই পাড়ের শত শত হেক্টর জমিতে  ফসল ফলাতো। সেই খরস্রোতা নদী এখন চরে রূপ নিয়েছে। নদীটি ছিল ছোট-বড় নানা প্রজাতির মাছের অফুরন্ত উৎস। মাছও পাওয়া যেত সারা বছর। জেলেরা ডিঙ্গি ও ছোট নৌকা দিয়ে দিন রাত মাছ ধরতো। সেই মাছ বিক্রি করে জেলেরা সংসার চালাতো। সময়ের ব্যবধানে সেই ভরা যৌবনা নদীটি পরিণত হয়েছে মরা খালে।
গত শুক্রবার সরেজমিনে গেলে লটিয়া গ্রামের লোকজন জানান,  এ নদীর প্রবাহ এক দিনে বন্ধ হয়নি। পূর্বথেকে এ নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে এটি চরে পরিণত হতো না। এ নদীর প্রভাবে গোয়ারীভাঙ্গা-লটিয়ার খাল ভূমি খেকোদের দখলে চলে গেছে। খালের মুখ বন্ধ হওয়ায় জলাবদ্ধতার কবলে পড়েছে হাজার হাজার হেক্টর ফসলী জমি।
এ বিষয়ে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবাহান জানান, স্থানীয় প্রশাসন ও সরকারের আন্তরিকতার অভাবে একশ্রেণির দখলবাজরা নদী দখল করে ফেলেছেন।
হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম জানান, পূর্বে নদীটি খননেরর উদ্যোগ নেয়া হয়নি। নদীটি খনন করা না হলে এক সময় নদীটি মানচিত্র থেকেই বিলীন হয়ে যাবে। প্রশাসনের সাথে আলোচনা করে কলাতিয়া নদীকে প্রবহমান রাখতে পরিকল্পিতভাবে খননসহ যথার্থ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, মাননীয় সংসদ সদস্যের সুপারিশে উপজেলার ছোট নদী ও খাল খননের কাজ চলছে।  দ্বিতীয় পর্যায়ে এ নদীটি খননের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রস্তাবটি অনুমোদিত হলেই নদী খননের কাজ শুরু করা হবে।

ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন; তমাল-সভাপতি ও হ্যাভেন-সম্পাদক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখা কুড়িগ্রাম এর আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। রবিবার বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ রাজু আহম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন সাক্ষরিত পত্রে মোঃ তৌকির হাসান (তমাল) কে সভাপতি ও মোঃ মোছাব্বীর রহমান (হ্যাভেন) কে সাধারণ সম্পাদক করে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের এক বছর মেয়াদী এ আংশিক কমিটি অনমোদন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি- মোঃ হাবিবুর রহমান (খুশু), সৈয়দ সবুজ রানা, মোঃ বদরুল ইমাম মিলটন, আবুল বাসার সর্দার, যুগ্ন-সাধারণ সম্পাদক- মোঃ আব্দুল্লাহ আল- রাকিব (রাতুল), মোঃ লোকমান হোসেন, মোঃ সজল পোদ্দার, মোঃ শরিফুর রহমান (শাওন), সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম আজাদ (রাবু) তাহাদ হাসান (তুষার), মোঃ বায়োজিদ বোস্তামী (বাঁধন) ও মোঃ লিমন মিয়া।

এদিকে কমিটি অনুমোদনের চিঠি ফুলবাড়ী উপজেলায় পৌছিলে রবিবার রাত ১০টায় নব-নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে উপজেলা সদরে আনন্দ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় নব- নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পুষ্পমাল্যে ভুষিত করা হয়। মিছিল শেষে সদরের তিনকোনা মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নব-নির্বাচিত সভাপতি তৌকির হাসান (তমাল) ও সাধারণ সম্পাদক মোছাব্বীর রহমান (হ্যাভেন) তাদের বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগকে আরও সুসংগঠিত, সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠনে পরিনত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

রাণীশংকৈলে চাঞ্চল্যকর নাসিরুল নির্যাতন মামলার মূল আসামী গ্রেফতার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ি গ্রামের যুবক নাসিরুলকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন মামলার মূল আসামি করিমুল ইসলাম (৩৫)কে ২৬ সেপ্টেম্বর রবিবার গ্রেফতার করেছে পুলিশ। রাণীশংকৈল থানা পুলিশ ঠাকুরগাঁও থানা পুলিশের সহযোগিতায় করিমুলকে বিকেল ৫ টায় ঠাকুরগাঁও শহর থেকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, এর আগে গত২৪ সেপ্টেম্বর শুক্রবার আরেক আসামী করিমুলের স্ত্রী সেলিনা আকতার (৩০)কে গ্রেফতার করে পুলিশ।
ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে নাসিরুল (২১)একই এলাকার করিমুল ইসলামের মেয়ে কেয়ামনি(১৮)কে প্রেম করে বিয়ে করায় গত ২০ সেপ্টেম্বর করিমুল ও তার পরিবারের লোকজন নাসিরুলকে একটি গাছের সঙ্গে বেঁধে অমানবিকভাবে নির্যাতন করে। এ নিয়ে নাসিরুলের বাবা থানায় লিখিত এজাহার দাখিল করেন। গুরুতর অসুস্থ নাসিরুল বর্তমানে রংপুরে চিকিৎসাধীন আছে।
রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল করিমুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে রাণীশংকৈল থানায় নিয়ে আসা হয়েছে।

ভুরুঙ্গামারীতে ফেন্সিডিল ও টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে ৪৬ বোতল মাদক ও মাদক বিক্রির ২ লাখ ৫৭ হাজার টাকাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

জানাগেছে, শনিবার গভীররাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়মনির হাট ইউনিয়নের দক্ষিন শিংঝাড় গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের মৃত  আবুল কাশেমের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী,৬ টি মাদক মামলার আসামী জহুরুল হক (৩৭)কে তার বাড়ি থেকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ি তল্লাশি করে ২৩ বোতল ফেন্সিডিল, ২৩ বোতল স্ক্যাফ সিরাপ, ৫০ গ্রাম গাজা ও মাদক বিক্রির ২লাখ ৫৭ হাজার ১শত ৩০ টাকা উদ্ধার করে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ  আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর রোববার আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে মাদক,বাল্যবিবাহ,পারিবারিক অপরাধ, ইভটিজিং এবং পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

আত্রাই থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে শনিবার বিকালে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পুলিশ সুপার,নওগাঁ প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসবি’র ইন্সপেক্টর, নওগাঁ নন্দিতা সরকার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন আত্রাই থানা তদন্ত ওসি মোজাম্মে কাজী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামীগ সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্যা, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান জানবক্স সরদার, উপজেলা ছাত্র লীগ সভাপতি মেহেদী মসনদ স্বরুপ, উপজেলা মহিলা লীগ নেত্রী
জাহেদা বেগম, ইউপি সদস্য শ্রী স্বপন কুমার, ইউপ সদস্য শেখ মোঃ আব্দুল হাকিমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি সদস্য ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।