নাগেশ্বরীতে অবিনব কায়দায় গাঁজা পাচার, আটক-২

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিনব কায়দায় মোটর সাইকেলের সিটের নিচে গাঁজা পাচার করার সময় দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

আটককৃতরা হলেন, জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৪) এবং নাগেশ্বরী উপজেলার বেড়াকুটি বানারভিটা গ্রামের জহির হোসেনের ছেলে জাকির হোসেন (১৯)।

জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা এলাকার টেপুর মোড়ে অভিযান চালায় নাগেশ্বরী থানার একদল পুলিশ। এ সময় মোটর সাইকেল যোগে ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের গতিরোধ করেন তারা। পরে তল্লাশী করে মোটর সাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে মোটর সাইকেল সহ তাদের আটক করা হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন
আইনে মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

লালমনিরহাটের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে গ্রেফতার-২

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলার কালীগঞ্জে মাদকের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এর নির্দেশে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আলোচিত দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ আলোচিত দুই সহোদর মাদক ব্যবসায়ী দলগ্রাম ইউনিয়ন এর উত্তর দলগ্রাম মৌজার জালাল উদ্দীনের পুত্র আলাল মিয়া ও তার ছোট ভাই মেসিন মিয়াকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ীত্বরত অফিসার জুয়েল রানা বলেন, গ্রেফতারকৃত দুই ভাই দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এ স্বীকার করেছে। তিনি আরও বলেন তাদের বিরুদ্ধে এজাহার দায়ের করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

দুই নবজাবকের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দায়িত্বরত নার্স ও স্টাফদের দায়িত্ব অবহেলায় ২ নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার সকল সেচ্ছাসেবী সংগঠন। বুধবার দুপুর সাড়ে ১২ টায় কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জড়িতদের শাস্তির দাবিতে জেনারেল হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।

এ সময় মৃত এক শিশুর মা অঞ্জনা কান্নায় ভেঙ্গে পড়েন। ওই শিশুর বাবা দিলীপ রায় বলেন, ওষুধ আর স্যালাইন নিয়ে এসে তা নার্সদের দিয়ে বাচ্চাকে দেওয়ার জন্য অনুরোধ করলেও তারা কথা শোনেন নি। তারা রুমে বসে মোবাইলে ফেসবুক চালাচ্ছিলেন। এখনও স্যালাইন ও ইনজেকশন অমনি (অব্যবহৃত) পড়ে আছে।

পরে মানববন্ধনে অংশগ্রহনকারীরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শহিদুল্লাহ লিংকনের নিকট স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত ২০সেপ্টেম্বর সোমবার দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সের অবহেলায় চিকিৎসা সেবা না পেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠে। এ নিয়ে মৃত দুই শিশুর স্বজনসহ ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অভিভাবকদের রোষানলে পড়ে দায়িত্বরত নার্সসহ হাসপাতাল কর্তৃপক্ষ।

নওগাঁর আত্রাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা কমিটির মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙখলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানা তদন্ত ওসি মোঃ মোজাম্মেল হক কাজী,আত্রাই উপজেলা প্রেস ক্লাব
সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোখসানা হ্যাপী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন, উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমন্ডার আকতারুজ্জামান, উপজেলা আওয়ামীগ সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্যা, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, মনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লা-মা শেরই বিপ্লব, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিনসহ উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।

ভুরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় একজন আটক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর নিয়ে কটুক্তি করায় জয়নাল আবেদীন (৫০) নামের এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। আটক ওই ব্যক্তিকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর বিকেলে জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বাসিন্দা জয়নাল আবেদীন একই উপজেলার তিলাই ইউনিয়নের ধামেরহাট বাজারে চায়ের দোকানে বসে বিভিন্ন রাজনৈতিক আলাপ-আলোচনার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর নিয়ে মন্তব্য করে বলেন, নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে বাংলাদেশি বাসিন্দারা জুতা ছুঁড়ে মেরেছে। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অনেক অপমানজনক কথা বলেন।

তার কথা-বার্তা শুনে আশপাশে উপস্থিত স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা তাকে ধরে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মঞ্জুরুল ইসলাম (মঞ্জু), আবু হানিফ ও আব্দুর রশিদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নামে কটূক্তি করায় আমরা তা মানতে পারিনি। তাই তাকে ধরে পুলিশে দেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জয়নাল আবেদীনকে নিবর্তনমূলক মামলায় আটক দেখিয়ে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।

স্বল্প মুল্যে ইট বিক্রির নামে ৮কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় স্বল্প মূল্যে ইট বিক্রির নামে শতাধিক মানুষের কাছ থেকে ৮ কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ ওঠেছে। উপজেলার ব্রাহ্মণবাজার ইউপি এম এন এইচ ব্রিকস্ ফিল্ডের মালিক নজিবুর রহমান (মোহাম্মদ আলী) ও ব্যবস্থাপক মানিক বর্ধনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীদের পক্ষে অভিযোগ করে লিখিত বক্তব্য দেন কয়ছর রশীদ, মুহিবুর রহমান জাহাঙ্গীর, আজাদ আলী, আবুল কাসেম উসমানী, রুবেল আহমদ ও জালাল উদ্দিনসহ অর্ধশতাধিক ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গত ১০ বছর ধরে উপজেলার ব্রাহ্মনবাজার ইউপি এম এন এইচ ব্রিকস্ ফিল্ডের মালিক নজিবুর রহমান (মোহাম্মদ আলী) ও ব্যবস্থাপক মানিক বর্ধন প্রতি বছর স্বল্প মূল্যে ইট দেওয়ার কথা বলে বিভিন্ন ধাপে কুলাউড়ার বিভিন্ন এলাকার প্রায় ১৩৫ জন মানুষের কাছ থেকে অগ্রিম টাকা সংগ্রহ করেন। কিন্তু নির্দিষ্ট সময় ইট না দিয়ে নানান তালবাহানা শুরু করেন নজিবুর রহমান ও মানিক বর্ধন। বর্তমানে মানিক বর্ধন গা-ডাকা দিয়েছেন এবং ভাটার মালিক নজিবুর রহমান (মোহাম্মদ আলী) প্রকাশ্য এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তিনি এখন স্বপরিবারে বিদেশ চলে যাওয়ার পায়তারায় লিপ্ত রয়েছেন।

তাঁরা জানান, এ ঘটনায় জেলা পুলিশ সুপার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল), অফিসার ইনর্চাজ ও স্থানীয় ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগও দিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত ইট ভাটার মালিক নজিবুর রহমান মোহাম্মদ আলী জানান, বর্তমানে ইট ভাটার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। ২০১৬ সালে আমার ইট ভাটাটি ব্যবস্থাপক মানিকের কাছে লিজ দিয়েছি। সে এখন ব্যবসা পরিচালনা করছে।

৮ কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, মালিক আমি একা নই, আলী হায়দর ও নোমান নামে আরো দু’জন রয়েছেন। আর্থিক লেনদেনের বিষয়ে আমি কিছুই জানি না, ভাটার ব্যবস্থাপক মানিক বর্ধন সবকিছু জানেন। তার সাথে গ্রাহকরা লেনদেন করেছেন এবং ওনার সাথে যোগাযোগ করার কথা জন্য জানান।

কুকুরের উপর গাড়ি উঠে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪জন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে সড়কে কুকুরের উপর গাড়ির চাকা উঠে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদমপুরের আদকানী-পূর্বজালালপুর সড়কে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, কমলগঞ্জ সদর ইউপি বাঘমারা গ্রামের মৃত তৈয়ব উল্লাহর ছেলে সোয়াব আলী (৫৫), একই এলাকার তৌয়াব আলীর ছেলে ইসমাইল মিয়া (২১) ও গাড়ি চালক রজব আলী (৩০) ও রবি মিয়া (২৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার আদমপুরের আধকানি এলাকার রশিদ মিয়ার ছেলে আমিন মিয়ার সাথে বাঘমারার তৌয়াব মিয়ার মেয়ে শারমিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে কনের বাড়ি থেকে বরের বাড়িতে দুটি গাড়ি নিয়ে ওয়ালিমায় যাওয়ার পথে বেলা ২ ঘটিকায় আদমপুরের জালালপুর এলাকায় সড়কের একপাশ থেকে অন্যপাশে একটি কুকুর দৌঁড় দিলে কুকুরের উপর দিয়ে গাড়ির চাকা উঠে যায়। তবে কুকুরটি বেঁচে যায়।

কিন্তু হঠাৎ করে আধকানী এলাকার হান্নান, শামীম ও খতই মিয়া নামে তিনজনসহ নাম না জানা আরো কয়েকজন মিলে গাড়ি গতিরোধ করে আটকিয়ে  চালকদেরকে জেরা করতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে হান্নান, শামীম ও খতই মিয়া দা-লাঠি নিয়ে এসে হামলা চালায়। এতে গাড়ির দুই চালকসহ ৪ জন আহত হন।

সড়কে এমন ঘটনা দেখে আদমপুর ইউপি সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের হাসপাতালে যেতে বলেন। তিনি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় বক্তব্য নিতে হামলাকারী শামীমকে পাওয়া না গেলেও তার ভাই লতিফ খান বলেন, ‘এ ঘটনায় সুষ্ঠ বিচার করে দেওয়া হবে। তিনি চেষ্টা করছেন আহতদের দেখতে যাবেন।’

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ সিংহ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ও সোয়াব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, ‘এ বিষয়ে আমাদেরকে কেউ জানায়নি। তবে হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

ফুলবাড়ীতে দুই দিন ব্যাপি বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শুরু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ “শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিন ব্যাপি বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ৬ষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড ২০২১ শুরু হয়েছে।

বুধবার সকাল ৯ টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজর হলরুমে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার এবং সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।

এ সময় ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই প্রমূখ উপস্থিত ছিলেন।

ভারতীয় বিড়ি অবৈধ ভাবে পাচারকালে বিড়িসহ ১জন আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখায় অভিযান চালিয়ে পুলিশ ৪ লাখ ২০ হাজার শলাকা ভারতীয় অ’বৈধ নাসির বিড়িসহ জাহাঙ্গীর আলম (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

জাহাঙ্গীর বড়লেখার তালিমপুর ইউপির তালিমপুর গ্রামের বদর উদ্দিন ওরফে বদই মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে নগদ ৪ লাখ ৪ হাজার ৫ টাকা উদ্ধার করা হয়। গত সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দগ্রাম বাজারে এ অভিযান চালানো হয়।

বড়লেখা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে চান্দগ্রাম বাজারে অ’ভিযান চালানো হয়। অভিযানকালে পিকআপ গাড়িতে বিড়ি উঠানোর সময় ১০টি বস্তা ভারতীয় অবৈধ শেখ নাসিরুদ্দিন ১৪ নম্বর বিড়ি উদ্ধার ও জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার বিড়ির আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। পরে জাহাঙ্গীর হোসেনের ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশি করে নগদ ৪ লাখ ৪ হাজার ৫ টাকা উদ্ধার করা হয়। এসময় বিড়ি পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ও তার (জাহাঙ্গীর) ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।

এ ঘটনায় বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বাদী হয়ে তার বিরুদ্ধে ১৯৭৪ ইংরেজি সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

অভিযানে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ, উপপরিদর্শক (এসআই) আতাউর রহমানসহ একদল পুলিশ অংশ নেয়।

বিষয়টি নিশ্চিত করে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ সোমবার বিকেলে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জাহাঙ্গীর শুল্ক ফাঁকি দিয়ে সীমান্তের চোরাই পথে নাসির বিড়ি এনে বিক্রির কথা স্বীকার করেছে। বিড়ি উদ্ধারের ঘটনায় জাহাঙ্গীর ও অজ্ঞাতনামা আরও দুজনের নামে মামলা হয়েছে। তাকে ২১ সেপ্টেম্বর মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

শেরপুরে জিনাত কম্পিউটার পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তর যুগ্ম সচিব আব্দুল লতিফ মোল্লা

নুর মোহাম্মাদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার শেরপুরের বাসষ্ট্যান্ড ডক্টরস কমপ্লেক্স মার্কেটের জিনাত কম্পিউটার ট্রেনিং এন্ড ল্যাঙ্গুয়েজ একাডেমি পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা (যুগ্ম সচিব) পরিচালক পরিকল্পনা আব্দুল লতিফ মোল্লা।

এ সময় তিনি জিনাত কম্পিউটার ট্রেনিং এন্ড ল্যাঙ্গুয়েজ একাডেমির কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং যুবকদের প্রশিক্ষনের আগ্রহ বাড়িয়ে তোলার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা উপ-পরিচালক (পরিকল্পনা) মো: সেলিমুল ইসলাম, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার তোছাদ্দেক হোসেন, সহকারি পরিচালক কে এম আব্দুল মতিন, মো: সেলিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার বিজয় চন্দ্র দাস, জিনাত কম্পিউটার ট্রেনিং এন্ড ল্যাঙ্গুয়েজ একাডেমির চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম।