শ্রীমঙ্গলে পার্পলকিং চাষে মডেল চাষি অবিনয়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: অল্প জমিতে অধিক ফলন হওয়ায় লাভবান হয়েছে অবিনয় দেব। তার চাষের সফলতা দেখে এলাকার মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তার এ সফলতা দেখে গ্রামের অনেকেই পার্পলকিং চাষ করার পরিকল্পনা করছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউরা গ্রামের মডেল চাষি অভিনয় দেব। অধিক ফলনশীল ও আকর্ষণীয় হাইব্রিড বেগুন পার্পলকিং চাষে চমক সৃর্ষ্টি করেছেন অভিনয় দেব।

অভিনয় দেব আগে বিভিন্ন ধরনের সব্জি চাষ করতেন। পার্পলকিং চাষ করে এবার বাম্পার ফলন পেয়েছেন তিনি। প্রথম অবস্থায় এক লাখ টাকার বেগুন বিক্রি করেছেন কৃষক অভিনয় দেব। প্রতি কেজি বেগুন ২৩ টাকা দরে বিক্রি করেছেন। এই জমি থেকে আরো ৭ মাস বেগুন বিক্রি করতে পারবেন তিনি। দুই দিন পরপর ২০০ থেকে ২৫০ কেজি বেগুন বিক্রি করেছেন।

অভিনয় দেব বলেন, প্রতিটি বেগুনের ওজনে প্রায় ১৫০ থেকে ১৮০ গ্রাম হয়। একটি গাছ থেকে প্রায় ৩০ কেজি বেগুন প্রতি বছর ফলন পাওয়া যায়। দীর্ঘমেয়াদি ফল দেয় এই বেগুন। দুই বিঘা জমিতে এই বেগুন চাষ করতে আমার খরচ হয়েছে ৭০ হাজার টাকার মতো। পাশাপাশি আমার এই বেগুন চাষে এলাকার বেকার চার জন মানুষের কর্মসংস্থান এর সুযোগ হয়েছে। চাষ শুরু করার পর থেকে ৭০ হাজার টাকা খরচ হলেও প্রথম অবস্থাতেই এক লাখ টাকার বেগুন বিক্রি হয়েছে।

কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হাইব্রিড পার্পলকিং চাষ করে কৃষক অল্প সময়ে লাভবান হবেন। উনাকে দেখে এখন অনেক কৃষক বেগুন চাষে আগ্রহী হয়ে ওঠেছেন। যার বাস্তব প্রমাণ উত্তর ভাড়াউরা গ্রামের মডেল চাষি অভিনয় দেব। তিনি আরও বলেন সরকারি সহযোগিতা পৃষ্ঠপোষকতা পেলে আরো বড় আকারে কিছু করা সম্ভব বলে ও তিনি জানান।

ভুট্টা ক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাইফুল ইসলাম (১৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার রামরায় দিঘির পূর্বপাশে ভুট্টা ক্ষেত থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

নিহত সাইফুল হরিপুর উপজেলার দামোল গ্রামের নুর ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে  গত ২৮ ফেব্রুয়ারী  সন্ধ্যা ৬ টার পর অটোবাইকে  যাত্রীনিয়ে রাণীশংকৈলে আসে সাইফুল। এরপর সে আর বাড়ি ফিরেনি।  সাইফুলের পরিবার তার  নিখোঁজের ব্যপারে হরিপুর থানায় একটি সাধারণ ডাইরি করেন।

রাণীশংকৈল থানার ওসি গলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা  নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চা বাগানের ভূমি দখলের পাঁয়তারা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে একটি ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে ‘সাবাজপুর’ চা বাগানের প্রায় ৫৫০ একর ভূমি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে চক্রটি রাতের আঁধারে বাগানে ছোট কয়েকটি ঘরও নির্মাণ করেছে। প্রায় তারা বাগানের চা গাছ কেটে নষ্ট করার পাশাপাশি অবৈধভাবে বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশ কেটে বিক্রি করছে। এছাড়া বাগানের চা শ্রমিকদের হুমকি-ধমকি ও নানা ভয়ভীতি প্রদর্শন করছে। এতে শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ‘সাবাজপুর’ চা বাগান মালিকানা গ্রহণ করে স্কয়ার গ্রুপ। ২০০৭ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে চা বাগানের ইজারা গ্রহণ করে। বাগানের আয়তন প্রায় ২৮৮৭ একর। বাগানের মালিকানা গ্রহণের পর থেকেই স্কয়ার গ্রুপ সরকারের নির্ধারিত ইজারার শর্ত পালন করে ভূমিতে চা চাষ ও চা উৎপাদন করে আসছে। চা বাগান কর্তৃপক্ষ প্রতি বছর সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব প্রদান করছে। বর্তমানে বাগানে ৫’শ শ্রমিক কাজ করছেন।

চা বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ১৮ জুন হঠাৎ বোবারথল এলাকার একটি ভ‚মিদস্যু চক্র অবৈধভাবে ‘সাবাজপুর’ চা বাগানের লীজকৃত প্রায় ৫৫০ একর ভূমি দখলের উদ্দেশ্যে সেখানে কয়েকটি ঘর তৈরি করে। এরপর থেকে তারা চা শ্রমিকদের কাজ করতে বাধা দিচ্ছে। নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। এতে বাগানের চা পাতা উত্তোলনের কাজ ব্যহত হচ্ছে। ওই ভূমিদস্যু চক্রটি ২০১৬ সালে একইভাবে বাগানের আরেকটি অংশের ভূমি দখলের চেষ্টা চালায়। পরে প্রশাসন অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করতে সক্ষম হয়। কিন্তু আবারো ওই চক্রটি বাগানের ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে। বাগান কর্তৃপক্ষের দাবি, এভাবে চলতে থাকলে লোকসানের মুখে পড়েব চা বাগান। এমনকি বন্ধ হয়ে যেতে পারে বলেও সংশ্লিষ্টদের আশঙ্কা। এতে বেকার হবে চা শ্রমিকরা। রাজস্ব হারাবে সরকার। পাশাপাশি দেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

সরেজমিনে দেখা গেছে, বাগানের যে অংশের ভূমি চক্রটি দখল করে রেখেছে সেই এলাকাটি বেশ দুর্গম। তারা কয়েকটি টিলার ওপর ছোট ছোট কয়েকটি ঘর নির্মাণ করেছে। এসময় দূর থেকে দুই ব্যক্তিকে পাহাড় থেকে বাঁশ কেটে নিয়ে আসতে দেখা যায়। এ প্রতিবেদকসহ কয়েকজনকে দূর থেকে দেখতে পেয়ে সেখানে তারা বাঁশ ফেলে ‘রাজ্জাক’ নামে একজনকে ডাকতে শোনা যায়। এলাকাটি অনিরাপদ সেজন্য সেখান থেকে দ্রুত ফিরে আসতে হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত ওই ভূমিদস্যু চক্রটি বাগানের ভূমি দখলের চেষ্টা করছে। কারও উপস্থিতি টের পেলে ওই চক্রের প্রায় দেড় থেকে দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সেখানে জড়ো হয়। তাদের ভয়ে কেউ এদিকে আসেন না।

তবে বাগানের ভূমি দখলের বিষয়ে অভিযুক্ত কারও সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

নামপ্রকাশে অনিচ্ছুক বাগানের কয়েকজন চা শ্রমিক ও পাহারাদার জানান, বোবারথল এলাকার ভূমিদস্যু একটি চক্রটি বাগানের দখলকৃত এলাকায় কাজে যেতে তাদের বাধা দিচ্ছে। নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি দিচ্ছে। যার কারণে তারা চা পাতা সংগ্রহ করতে পারছেন না। চরম নিরাপত্তহীনতায় ভুগছেন।

সাবাজপুর চা বাগানের মহ-ব্যবস্থআপক আলী আহমেদ বলেন, কিছু দুস্কৃতিকারী ‘সাবাজপুর’ চা বাগানের ভূমি দখলের চেষ্টা করছে। তারা সেখানে কয়েকটি ঘরও নির্মাণ করেছে। প্রায় তারা বাগানের চা গাছ কেটে নষ্ট করছে এবং অবৈধভাবে বিভিন্ন ধরনের মূল্যবান গাছ ও বাঁশ কেটে বিক্রি করছে। বাগানের কর্মরত শ্রমিকদের কাজে যেতে বাঁধা দিচ্ছে। নানা ভয়ভীতি দেখাচ্ছে। বাগানের চৌকিদার ও গাড়ি চালকদের উপর হামলা চালাচ্ছে। ২০১৬ সালেও এভাবে দখলের চেষ্টা করেছিল। পরে প্রশাসনের সহায়তায় তাদের প্রতিহত করা হয়েছিল। এখন আবারও ওই দুস্কৃতিকারীরা বাগানের লীজকৃত ভূমিতে দখলের উদ্দেশ্যে ঘর তৈরি করেছে। দুস্কৃতিকারীদের প্রতিহত করার বিষয়ে সহায়তার জন্য বাংলাদেশ চা বোর্ড, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন বলেন, আগে একবার বাগানের জায়গা দখল হয়েছিল। বাগান কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছিল। এখন আবারও বাগানের জায়গা দখল হয়েছে কি না জানিনা। তবে বিষয়টি তিনি খোঁজ নেবেন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তারা কল ধরেননি।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, বাগানের ভূমি দখলের বিষয়ে বাগান কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে আগুন লেগে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৪ মার্চ) ভোরে দেশটির নিউইয়র্কের স্প্রিং ভ্যালিতে এ ঘটনা ঘটে।

নিউইয়র্ক পোস্টের তথ্যমতে, একটি আবাসিক বাসভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে দ্রুত ছুটে যায়। তারা ওই বাড়িতে আটকেপড়াদের উদ্ধার করতে একাধিক চেষ্টা করেও ব্যর্থ হয়। বাড়িটি কাঠের হওয়ার আগুনের ভয়াবহতা বেশি ছিল। যে কারণে বাড়িতে প্রবেশ করা অসম্ভব ছিল।

তবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতর থাকে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে আগুন লাগার কারণ ও উৎস উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

অনলাইন ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।

আজ রোববার (৫ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে উখিয়ার ১১ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখান থেকে ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পেও ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে রোহিঙ্গারা।

জানা গেছে, উখিয়ার ১০, ১১ ও ১২ ক্যাম্পে আগুন লাগে। ক্যাম্পগুলোতে আগুন ছড়িয়ে পড়লে রোহিঙ্গারা ঘরবাড়ি ছেড়ে পালায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান জানান, উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ইন্দোনেশিয়ায় জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৬

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবার (৩ মার্চ) রাতে দেশটির জাকার্তা শহরে এ ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরার তথ্যমতে, বজ্রপাতের কারণে একটি পাইপলাইন ফেটে গেলে আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়লে অনেক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইন্দোনেশিয়ার জ্বালানি চাহিদার প্রায় ২৫ শতাংশ এই ডিপো থেকে আসত। যদিও কর্তৃপক্ষ বলছে, তেলের সরবরাহে কোনো সমস্যা হবে না।

দেশটির সরকার অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছে।

সায়েন্স ল্যাবের বিস্ফোরণে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট

অনলাইন ডেস্কঃ রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাবে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ধসে পড়েছে তিনতলা ভবনের একাংশ। এই বিস্ফোরণে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে পৌঁছেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের ক্যামিক্যাল ডিজাস্টার রেসপন্স ইউনিট সিডিআরটি। আজ রোববার (৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছান তারা। তারপর দলটির সদস্যরা ভবনের নিচে অবস্থান নেন।

এর আগে ঘটনাস্থলে আইনশৃঙ্খলাবাহিনীর বিভিন্ন বিভাগ থেকে টিম পৌঁছায় সেখানে। ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। ফেরার পথে তিনি গণমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণের ঘটনা তদন্তে আমরা একটা তদন্ত কমিটি করব। তদন্ত কমিটি ফায়ার সার্ভিসের ও ঘটনাস্থলে কাজ করা এক্সপার্টদের ওপিনিয়ন (মতামত) নেবেন। পরে তারা একটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে মনে হচ্ছে এটি নাশকতা নয়, দুর্ঘটনা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। বিশেষজ্ঞরা কাজ করছেন।’

ঘটনাস্থলে স্প্লিন্টার, বিস্ফোরক বা নাশকতার কোনো আলামত মিলেছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, ‘এখনও বিস্ফোরক, নাশকতামূলক বা স্প্লিন্টার জাতীয় কোনো আলামত পাওয়া যায়নি।’

সুশীলদের ষড়যন্ত্র বাস্তবায়নে রাজনীতির মাঠ উত্তপ্ত করতে নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি-জামায়াত

শহীদ মাহমুদ হেমী: শনিবার সকাল দশটায় জুরাইনে বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শ্যামপুর-কদমতলী থানা আওয়ামীলীগ কর্তৃক যৌথভাবে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগ নেতা ডঃ মোঃ আওলাদ হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নকে ব্যাহত করতে, ও তথাকথিত সুশীলদের দেশবিরোধী সূক্ষ্ম ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য বিএনপি-জামায়াত আজ পদযাত্রার নামে নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। স্বাধীনতা বিরোধীদের যে কোন ষড়যন্ত্র রাজনৈতিক ভাবে প্রতিহত করার জন্য ঢাকা-৪ নির্বাচনী এলাকা শ্যামপুর ও কদমতলী থানা আওয়ামীলীগ ও অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে’।

আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৪ নির্বাচনী এলাকায় শেখ হাসিনার মনোনীত আওয়ামীলীগ এর প্রার্থীকে নৌকা মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করে কদমতলী থানা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ডঃ মোঃ আওলাদ হোসেন আরও বলেন,‘শেখ হাসিনার নেতৃত্বে চতুর্থবার সরকার গঠন করে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার গড়ে তুলবো এটাই হোক আজকের শপথ‘।

সমাবেশ শেষে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল রাজপথ প্রদক্ষিন করে।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শ্যামপুর থানা আওয়ামীলীগের প্রবীণ নেতা ৫৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত মুফতি, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা বেগম, সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী ইয়াসমিন পপি, ৫২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফারুক হোসেন, ৫৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মহব্বত হোসেন, ঢাকা জেলা পরিষদের সাবেক নির্বাচিত সদস্য আলমগীর হোসেন, শ্যামপুর থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শরীফ মোহাম্মদ শাহজাহান, কদমতলী থানা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক হাজী আমজাদ হোসেন, কদমতলী থানা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আয়শা আলম, কদমতলী থানা আওয়ামীলীগ সদস্য হাজী নজরুল ইসলাম, ডঃ মনিরুল ইসলাম, রোকসানা বেগম পারুল, শহীদ মাহমুদ হেমী, কাজী জাহিদ, ৫২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন, ৫৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরিদ হোসেন, ৫২ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক দবিরুল ইসলাম, ৫৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ বিভিন্ন ভোটকেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটির নবনির্বাচিত সভাপতি-সাধারন সম্পাদকবৃন্দ।

তিস্তায় আবারও পানি প্রত্যাহার করতে চলেছে ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ দুটি নতুন ক্যানেলের মাধ্যমে তিস্তায় আবারও পানি প্রত্যাহার করতে চলেছে ভারত। আজ শনিবার (৪ মার্চ) পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ প্রকল্পের অধীনে খাল দুটি খননকাজ শুরু করেছে দেশটি। স্থানীয় কৃষিকাজে সহায়তার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।

গতকাল শুক্রবার (৩ মার্চ) প্রায় ১ হাজার একর জমি অধিগ্রহণ করে রাজ্যটির সেচ বিভাগ। ফলে কোচবিহার ও জলপাইগুড়ির লক্ষাধিক হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

তিস্তায় পানি স্বল্পতার দাবিতে সরব রয়েছে মমতা সরকার। তাতে আবারও বিশ বাও পানিতে পড়তে চলেছে বাংলাদেশ সরকারের চুক্তি। দেশের উত্তরাঞ্চলে পানি সংকট নিরসনে প্রায় এক দশকের বেশি সময় ধরে তিস্তার পানি দাবি করে আসছে দেশটি।

২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরে এই চুক্তি বাস্তবায়নের কথা ছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সফরসঙ্গী না হওয়া এবং রাজ্যের স্বার্থ দেখিয়ে সরে আসার কারণেই তা বাস্তবের মুখ দেখেনি।

জলপাইগুড়ি জেলা প্রশাসকের দপ্তরে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে প্রায় ১ হাজার একর জমি সেচ দপ্তরকে হস্তান্তর করা হয়। এই জমি তিস্তার বাম তীরে দুটি খাল তৈরি করতে প্রশাসনকে সহায়তা করবে।

জানা গেছে, কেবল তিস্তা নয়, ভুটান হয়ে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত জল ঢাকা নদীর পানিও সেচের কাজে প্রত্যাহার করবে ভারত।

সরকার এখন যেহেতু সেচ প্রকল্পে সম্প্রসারণের চিন্তাভাবনা নিয়েছে, স্বভাবতই এই ঘটনায় স্পষ্ট; তিস্তা থেকে আরও বেশি পানি নতুন খালের মাধ্যমে প্রবাহিত হবে। এর অর্থ গ্রীষ্ম মৌসুমে তিস্তা থেকে বাংলাদেশে আরো কম পানি প্রবাহিত হবে।

এদিকে, গ্রীষ্মকালে এই তিস্তায় পানি থাকে ১০০ কিউমেকস (কিউবিক মিটার প্রতি সেকেন্ড)।  সেখানে ভারত ও বাংলাদেশ উভয় দেশের কৃষিজমিতে শেষ কাজের জন্য প্রয়োজন হয় ১৬০০ কিউমেকস পানি।

 

ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় ৫ জনকে বহিষ্কার

শিক্ষা ডেস্কঃ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ফুলপরী নামে এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরীসহ পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। আজ শনিবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী ওরফে অন্তরা (সেশন ২০১৭-১৮), চারুকলা বিভাগের হালিমা আক্তার উর্মি (সেশন ২০২০-২১), আইন বিভাগের ইসরাত জাহান মিম (সেশন: ২০২০-২১), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম (সেশন ২০২০-২১) ও একই বিভাগের একই সেশনের মুয়াবিয়া জাহান। এর মধ্যে সানজিদা চৌধুরী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। বাকিরা ছাত্রলীগের কর্মী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন জানান, শনিবার দুপুর ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত উপাচার্যের দপ্তরে শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালাম। সভা থেকে অভিযুক্ত পাঁচ ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে তাদের চূড়ান্ত বহিষ্কার করা হবে।

উল্লেখ্য, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর র‌্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে হল তদন্ত কমিটি, বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি ও হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়েছে। পাশাপাশি নির্যাতনের প্রমাণ মিলেছে ছাত্রলীগ গঠিত তদন্ত কমিটিতেও। যার প্রেক্ষিতে ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, কর্মী তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, হালিমা খাতুন ঊর্মি, ও ইশরাত জাহান মীমকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।