ডোমারের চিলাহাটিতে নিরীহ লোকজনের নামে একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার  চিলাহাটির ১নং ভোগডাবুড়ি ইউনিয়নের কাঠালতলী গ্রামের নিরীহ লোকজনের নামে সফিকুল ইসলাম সাবু নামের এক ব্যক্তি একাধিক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পঞ্চগড় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

জানা যায়- পাবনা জেলার গোবিন্দা গ্রামের সফিকুল ইসলাম সাবু ২০০০ সালে চিলাহাটির কাঠালতলীতে সুবসতি নামে একটি এনজিও চালু করেন। কিছুদিন সোলার নিয়ে কার্যক্রম চালু থাকার পর বন্ধ হয়ে যায় এনজিওটির কার্যক্রম। এরপর থেকে সফিকুল ইসলাম সাবু ওই এলাকায় এনজিওটির নামে জমি ক্রয় করেন।

অভিযোগে জানা যায়- একজনের জমি অন্যের কাছ থেকে ক্রয়, অন্যের ক্রয় কৃত জমি পুনরায় ক্রয়,জোরপূর্বক জবর দখল সহ নানা অনিয়ম শুরু করেন তিনি। প্রকৃত জমির মালিকরা বাধা দিলে তাদের নামে হত্যার চেষ্টা, চুরি, চাঁদাবাজি ছিনতাইসহ ফৌজদারী মামলা দিয়ে হয়রানি করেন।

কাঠালতলী গ্রামের নুর ইসলাম, আলী আকবর, অহিদুল, সিরাজ আলি, শিরিন বেগম ,আমির হোসেন, রুবেল ইসলাম  জানান- তাদের বিরুদ্ধে সফিকুল ইসলাম সাবু ১০-১২টি মিথ্যা মামলা দিয়েছেন। সব মামলার বাদী সফিকুল ইসলাম সাবু। আমিনুল ইসলাম, ইনসান আলী, জামরুল ফকির, আবদুল ছাত্তার এই ৪ ব্যক্তি সবগুলো মামলার সাক্ষী।

কাঠালতলী বাদাম বিক্রেতা সিরাজ আলী জানান- আমার জমি জোরপূর্বক দখল করার পাঁয়তারা করে আসছেন সাবু। প্রতিবাদ করলে আমি ও আমার পরিবারের লোকজন বিরুদ্ধে একাধিক মামলা করেন সফিকুল ইসলাম সাবু । প্রায় প্রতি মাসে এখন আমাকে আদালতে এই মামলার হাজিরা দিতে হয়। সিরাজ বলেন-গত ১৬ সেপ্টেম্বর একটি মামলার হাজিরা দিতে হয়েছে। হাজিরার দিন আমার বাদাম বিক্রি বন্ধ থাকে। সেদিন পরিবারের লোকজন নিয়ে আমাকে না খেয়ে থাকতে হয়।

কাঠালতলী গ্রামের নুর ইসলাম জানান- সাবু ২০ দাগে ১১.৫০ একর জমি চলতি বছরের ৭ জুন ঢাকা গুলশানের সাইফুল ইসলাম সিদ্দিকী নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। দেবিগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত জমির দলিল নং ২৬৪৯/২১। তিনি বলেন ১১.৫০ একর জমির মধ্যে সাবুর জমি প্রায় ৪ একর। বাকি জমি গুলো অন্যের। যা নিজ নিজ মালিকদের দখলে রয়েছে। সেই জমি গুলো সাবু বিক্রি করে দেন। তিনি আরো বলেন- দীর্ঘদিন ধরে সাবু এলাকার নিরীহ মানুষদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তার মামলার কারনে কাঠালতলীর ৯-১০ টি পরিবার আজ সর্বস্বান্ত। ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান এর উপস্থিতিতে এক সালিশ বৈঠকে সাবু স্থানীয় আর কোন ব্যক্তির সাথে জমিজমা নিয়ে বিরোধ করবে না মর্মে অঙ্গীকার করেন। কিন্তু এর পরও তিনি একের পর এক জমিজমা নিয়ে বিরোধ ও মামলা করে আসছেন।

সফিকুল ইসলাম সাবু কথাও এনজিও সুবসতির সভাপতি, কথাও ম্যানেজার আবার কোথাও প্রতিষ্ঠানের কিছুই নন বলে থাকেন। আসলেই তিনি এই এনজিওর কি তা এলাকাবাসী এখনো জানেনা। (১৭ সেপ্টেম্বর) সরেজমিনে কাঠালতলীতে সুবসতির অফিসে গিয়ে দেখা যায় অফিসটি তালাবদ্ধ,আর অফিসের চারদিকে ময়লা আবর্জনা জমে আছে। দীর্ঘদিন থেকে অফিস খোলা হয়নি এমত অবস্থায় পড়ে আছে।

এলাকাবাসী জানান- দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সুবসতির অফিসটি। অফিসে দেখা-শোনার দায়িত্বে রয়েছেন আবদুস সাত্তার নামের আগে স্থানীয় ব্যক্তি। সে বলে অফিস দীর্ঘদিন ধরে বন্ধ আর সফিকুল স্যার মাঝে মাঝে আসেন জমিজমা দেখতে।

এ ব্যাপারে সফিকুল ইসলাম সাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ করে বেড়াচ্ছেন।

রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ২০ সেপ্টেম্বর সোমবার বিকেলে মডেল সরকারি স্কুল মাঠে।

উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়।

বিশেষ অতিথি ছিলেন জেলা আ’ লীগ সিনিয়র সহ সভাপতি মাহাবুবুর রহমান বাবলু, জেলা আ’লীগ সহ- সভাপতি ও সাবেক সংসদ সদস্য  সেলিনা জাহান লিটা, সহ সভাপতি এ্যাডভোকেট ফজলুল হক, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, দপ্তর সম্পাদক এডভোকেট নাসিরুল ইসলাম নাসির, উপ-প্রচার সম্পাদক আবু সাঈদ সোহেল।

এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন,সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ’লীগ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা আহমেদ হোসেন বিপ্লব প্রমুখ।

সভায় আ’লীগ নেতা ইমরান আলী ও খায়রুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সভা সঞ্চালনা করেন আ’লীগ নেতা তাজউদ্দিন ও প্রশান্ত বসাক।

নেত্রকোনা সীমান্তে ভারতীয় মদসহ আটক ২

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার  সীমান্তবর্তী কলমাকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

গত (১৯ সেপ্টেম্বর) রবিবার রাত প্রায় ৯টার দিকে উপজেলার খারনই ইউনিয়নের খারনই বিওপির সুবেদার মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে বলমাঠ এলাকা থেকে তাদের কে আটক করা হয়।

এ সময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল ও দুই বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৩ হাজার টাকা।আটককৃতরা হচ্ছে, কলমাকান্দা উপজেলা সদরের মোঃ মারুফ খান (১৮) এবং একই এলাকার প্রবীর সরকার (১৮)।

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া সোমবার এক ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা সীমান্ত এলাকা থেকে মোটর সাইকেলযোগে আসছিল। এসময় তাদের সন্দেহ হলে মোটর সাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে। জব্দকৃত মালামালসহ আটককৃতদের সোমবার কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাটের কালিগঞ্জে বাবুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর ২০১৯ সালে ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবনের বরাদ্দ আসে। নতুন ভবনের বরাদ্দ আসার পরে বিদ্যালয়ের পুরাতন ভবনগুলো নিলাম না দিয়ে সেটি আত্মসাৎ করেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোল্লা বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, প্রধান শিক্ষক পুরনো বিল্ডিংয়ের নিলামের ঘোষণা না দিয়ে অফিস কক্ষের ২ রুম ও শ্রেণীকক্ষের ০৬টি কক্ষ ভেঙ্গে পুরাতন ইট ,টিন, বৈদ্যুতিক সরঞ্জাম নিজের বাড়ির দেয়াল ও গোডাউনের কাজে লাগান এবং অন্যান্য সামগ্রী বিক্রি করে আনুমানিক ১০ লক্ষ টাকা আত্নসাৎ করেন।

এলাকাবাসী আরো জানান, পরিত্যাক্ত জিনিসপত্র নিলাম বা ওয়াকশনে নিলে উক্ত প্রতিষ্ঠান এবং সরকার ১০ লক্ষ টাকা পেতো কিন্তু প্রধান শিক্ষক নিজের স্বার্থ হাসিলের জন্য তিনি কোন প্রকার নিলাম বা ওয়াকশন না দিয়ে গোপনে উক্ত মালামাল গুলো বিক্রয় ও নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে ও বিক্রয়কৃত টাকা বিদ্যালয়ের ফান্ডে জমা প্রদান না করে নিজেই আত্মসাৎ করেন।

গোপন সুত্রে জানা গেছে প্রধান শিক্ষক তার একক সিদ্ধান্তে রাতারাতি মনগড়া বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করে এবং সেই কমিটি দ্বারা নিয়োগ বাণিজ্য করে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, তাছাড়া তিনি রাতারাতি কতিপয় লোকের সহযোগীতায় বিদ্যালয় পাশ্ববর্তী রাস্তার গাছ কাটে যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। এই ব্যক্তি প্রতিষ্ঠানের প্রধান হওয়ায় একক ক্ষমতায় প্রতিষ্ঠানের গাছ আরো কয়েক ধাপে কেটে আত্মসাৎ করেন।

এলাকাবাসীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন তিনি উক্ত বিষয়ে কথা বলতে রাজি নন বলে মুঠোফোনে জানান।

ঘটনার বিষয়ে উচ্চ মাধ্যমিকের উপ -পরিচালক (রংপুর) বলেন,আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি জেলা শিক্ষা অফিসার কে দায়িত্ব দেয়া হয়েছে তদন্ত চলছে ।

মুরাদনগরে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত খাদিজা আক্তার (১৪) দৌলতপুর পূর্বপাড়ার জাহাঙ্গীর মিয়ার মেয়ে এবং নার্গিস নজরুল বিদ্যা নিকেতনের ৮ম শ্রেণির ছাত্রী।

নিহতের মা জানায়, খাদিজার মানষিক সমস্যা থাকার কারনে সে পড়া লেখায় অমনোযোগী ছিলো, সে প্রায় মানুষের সাথে অকারনে গঝগড়া করতো। ঘটনার আগের দিন তিনি বড় মেয়ের বাড়িতে বেড়াতে যায়, খাদিজা বাড়িতে একা ছিলো। পরের দিন সন্ধ্যায় তিনি বাড়ি এসে দরজা জানালা সব বন্ধ দেখে চারিদিকে মেয়েকে খুজতে থাকে। পরে স্থানীয় এক লোকের মাধ্যমে ঘরের জানালা ভেঙ্গে মেয়ের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয় মেম্বারের মাধ্যমে থানাকে অবগত করা হয়।

তবে স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজা আক্তারের কোন মানসিক সমস্যা ছিলনা। মেয়েটির বয়স ১৪ বছরের বেশি হবেনা। মেয়েটির মা কিছুদিন পূর্বে তার বিয়ে ঠিক করেছিলো।

তারা আরো জানায়, মেয়েটির লাশ যখন মাটিতে নামানো হয় তখন শরীর অনেক শক্ত ছিলো। মনে হচ্ছিলো অনেক আগেই মেয়েটি মারা গেছে।

আরো জানা গেছে, তার মা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধারের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে আসার পুর্বেই নিহত খাদিজার মা লাশ নামিয়ে ফেলেন। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নার্গিস নজরুল বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান, খাদিজা আক্তার আমার বিদ্যালয়ের ছাত্রী, তার কখনোই মানসিক কোন সমস্যা ছিলো বলে মনে হয়নি। মেয়েটি অনেক সুশীল ছিলো।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ফুলবাড়ীর এক বিদ্যালয়েই বাল্যবিয়ের শিকার ৮৫ শিক্ষার্থী

অলিউর রহমান নয়ন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৫ জন শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকার সুবাদে এ সকল বিয়ে সম্পন্ন হয়েছে। ফলে বিদ্যালয় খোলার পর কমে গেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি ।

বিদ্যালয় সুত্র জানায়, ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৪৫ জন। এর মধ্যে ৬ষ্ঠ শ্রেণীতে ২ জন, সপ্তম শ্রেণীতে ১১ জন , অষ্টম শ্রেণীতে ১৭জন, নবম শ্রেণীতে ২৮ জন, দশম শ্রেণীতে ১৪ জন এবং চলতি বছরের এস এস সি পরীক্ষার্থী ১৩ জন বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে না।

পরে খোজ নিয়ে জানা গেছে, তাদের সকলের বিয়ে হয়ে গেছে। তারা এখন স্বামীর বাড়ীতে ঘর- সংসার করছে।

সুত্র আরও জানায়, প্রতিষ্ঠান বন্ধ হওয়ার আগে প্রতিদিন গড়ে ৭০থেকে ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত হলেও বর্তমানে উপস্থিতির সংখ্যা ৪০-৫০ শতাংশে নেমে এসেছে।

ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নুপুর, আশামনি, নাছিমা, আতিকা খাতুনসহ অনেকেই জানায়, ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খোলার দিনে ১৭ জন বান্ধবীর বিয়ে হওয়ার খবর শুনে তাদের সকলের মন খারাপ হয়ে যায়। দীর্ঘদিন পর বিদ্যালয় খোলার
আনন্দ ম্লান হয়ে যায় সহপাঠিদের বিয়ের খবরে।

বাল্যবিয়ের শিকার নবম শ্রেণীর শিক্ষার্থী বিথী খাতুনের বাবা ভ্যান চালক বাদশা মিয়া বলেন , আমরা গরীব মানুষ। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। মেয়ে বড় হয়েছে,কখন কি হয় তাই ভালো সমন্ধ পাওয়ায় মেয়েটার বিয়ে দিয়েছি।

বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা: মতিউর রহমান খন্দকার জানান, বিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ায় প্রতিটি শিক্ষার্থীর বাড়ী গিয়ে খোঁজ নিয়ে তাদের বাল্য বিয়ের খবর জানা গেছে। করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা পড়াশুনা থেকে পিছিয়ে পড়েছিল। এই সুযোগে পরিবার তাদের বাল্যবিয়ে দিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল হাই জানান, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের বাল্যবিয়ের তথ্যটি পেয়েছি। এ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের মোট ৭৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ চলছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস জানান, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৫ জন শিক্ষার্থীর বাল্যবিয়ের বিষয়টি শুনেছি। বাল্যবিয়ে কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে সভা-সমাবেশসহ বিভিন্ন ধরণের প্রচার-প্রচারণার মাধ্যমে আমরা কাছ শুরু করেছি।

রাণীশংকৈলে আওয়ামী লীগ নেতার মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার উত্তর সন্ধ্যারই গ্রামের নজিরউদ্দিনের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মীরডাঙ্গী বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক খায়রুল আলম (৪৮) সোমবার ২০ সেপ্টেম্বর বিকাল ৪ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল রাত ১০ টায় পারিবারিক কবরস্থানে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

তাঁর মৃত্যতে রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা গভীর শোক প্রকাশ করেছেন।

রাশিয়ার পার্ম বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পার্ম বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর এলোপাথারি গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। এছাড়া, প্রাণভয়ে জানালা দিয়ে ঝাঁপ দিতে গিয়েও বেশ কয়েকজন আহত হয়েছেন।

রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার বরাতে স্থানীয় সময় সকাল ১১টায় এ ঘটনা ঘটে বলে জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

রাশিয়ার অপরাধের তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, সোমবার দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত পার্ম স্টেট ইউনিভার্সিটিতে এ গুলির ঘটনা ঘটেছে। এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ গুলি ছোড়ে। গোয়োন্দারা সন্দেহভাজন ওই শিক্ষার্থীকে আহতাবস্থায় আটক করেছে।

স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, হামলার সময় শিক্ষার্থীরা পালানোর চেষ্টা করছিলেন। অনেককে এক তলা থেকে লাফ দিতে দেখা যায়।

সেমন কারিয়াকিন নামের এক শিক্ষার্থী রয়টার্সকে বলেন, ক্লাসে অন্তত ৬০ জনের মতো শিক্ষার্থী ছিল। আমরা ক্লাসরুমের দরজা বন্ধ করি এবং চেয়ার দিয়ে ব্যারিকেড তৈরি করেছিলাম।

পার্ম অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় ১৪ জনের মতো আহত হয়েছে।

আহতদের সংখ্যা নিয়ে রাশিয়ার তদন্ত কমিটি ও পারম অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য ভিন্ন। তবে কোন সংখ্যাটি সঠিক তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, রাশিয়ায় চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন নির্বিচার গুলির ঘটনা ঘটল। দেশটির কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে গুলির ঘটনা খুবই কম ঘটে। পাশাপাশি দেশটিতে বৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনাও অনেক কঠিন।

উল্লেখ্য, চলতি বছরের ১১ মে এক কিশোরের গুলিতে ৭ শিশু ও ২ শিক্ষক নিহত হলে বন্দুকের মালিকানা সংক্রান্ত আইন কঠোর করা হয়।

কক্সবাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত ২

কক্সবাজার প্রতিনিধিঃ আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের মহেশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। প্রায় একই সময়ে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের সিলটকাটায় দুই পক্ষের প্রার্থীর সমর্থকদের সহিংসতায় আরো একজন নিহত হয়েছেন। উভয় ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত আরও ১০ জন।

এদিকে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বলেছেন, ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আর বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলি হয়েছে। তাতে একজন নিহত হয়েছে এবং চারজন গুলিবিদ্ধ হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে কুতুবজোম ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটেছে।

অন্যদিকে কুতুবদিয়ার ওসি মোঃ ওমর হায়দার জানিয়েছেন, কুতুবদিয়ার সিলটকাটায় আওয়ামী লীগ সমর্থিত প্রর্থী, বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে গোলাগুলি হয়। তাতে অন্তত একজন নিহত আর পাঁচ ছয় জন আহত হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের পর উভয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, আজ সোমবার বাংলাদেশের ১৬১ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হচ্ছে। গত ২১শে জুন এসব পরিষদে নির্বাচন আয়োজনের কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণ বাড়ার কারণে স্থগিত করা হয়েছিল। সেই সাথে ৯টি পৌরসভাতেও আজ ভোট গ্রহণ করা হচ্ছে।

হোমনায় গলায় ফাঁস দিয়ে অফিস সহায়ক মাইন উদ্দিনের আত্মহত্যা

মো.নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লা, প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় গলায় ফাঁস দিয়ে উপজেলা তথ্যকেন্দ্রের “তথ্যআপা” প্রকল্পের আউট সোর্সিং এর অফিস সহায়ক (এমএলএসএস) মো.মাইন উদ্দিন ওরফে টিটন (৩৫) আত্মহত্যা করেছেন।

রবিবার দুপুরে তার ভাড়া বাসায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার হরিপুর গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে ।

নিহত মাইনুদ্দিনের পারিবারিক সূত্রে জানাগেছে,মাইন উদ্দিন টিটন স্বপরিবারে হোমনা সদরের বড় কান্দায় এক ভাড়া বাসায় স্বপরিবারে  থাকতেন। আজ রবিবার দুপুরে বাসায় খাবার খেতে এসে  তাঁর ঘরে গিয়ে সবার অগোচরে  রশি দিয়ে ফাঁস দেন। পরে লোকজন পুলিশে খবর দিলে হোমনা থানার এসআই শামীম আহম্মেদ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, মাইন উদ্দিন ওরফে টিটনের স্ত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। সে এক ছেলে ও এক মেয়ের জনক। ঘটনার সময় তাঁর স্ত্রী ও সন্তানরা  মায়ের সাথে স্কুলে ছিলেন। কি কারণে মাইনউদ্দিন টিটন আত্মহত্যা করেছেন, এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন কিছু বলতে পারেননি।

হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।