কুড়িগ্রামে করোনাকালীন স্বাস্থ্য বার্তা প্রচারে একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সাকিব আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে করোনাকালীন স্বাস্থ্য বার্তা প্রচারে ” শিশু ও নারী উন্নয়নে সচেতন মূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয় একদিনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সহযোগিতায় জেলা তথ্য অফিস কুড়িগ্রামের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালায় অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। পৌর মেয়র কাজিউল ইসলাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান,জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরুন্নবী খন্দকার,কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাডঃআহসান হাবীব নীলু প্রমুখ।

দিনব্যাপী এই কর্মশালায় অর্ধশতাধিক শিক্ষক, স্বেচ্ছাসেবক, উদ্যোক্তা,সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলার গণমাধ্যম কর্মী।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ‘মিতালী দত্ত’

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা পরিষদের (মহিলা) ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।

মিতালী দত্ত জানান, বুধবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি এসে পৌঁছায়। যেহেতু প্যানেল চেয়ারম্যান নিজ দায়িত্ব থেকে নিজ ইচ্ছায় পদত্যাগ করেন। সেহেতু বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ওনার দায়িত্ব সম্পন্ন করতে সরকারি নির্দেশনা অনুযায়ী পালনে ইউএনও  ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সরকার নির্দেশিত চিঠি পাওয়ার পর মূহুর্তে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার বুঝিয়ে দেন। বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বুধবার প্রথম কার্যদিবস সম্পন্ন করেন।

তিনি তার দায়িত্ব চলাকালীন সময়ের জন্য সকলের কাছে দোয়া আশীর্বাদ কামনাসহ উপজেলা বাসীর সহযোগিতা কামনা করেন। আগামী ৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ- নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব মৃত্যু বরণ করেন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী এ আসনটিকে শূন্য ঘোষণা করে।

ডোমারের চিলাহাটি উপ-স্বাস্থ্যকেন্দ্র পুনঃ চালুকরণ বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারী : নীলফামারী জেলার ডোমারে চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবা পুনরায় চালু করা এবং মান উন্নয়ন ও সম্প্রসারনের জন্য এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত  হয়েছে।

বুধবার (১৫সেপ্টেম্বর)  দুপুর ১২ টায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে  চিলাহাটি অনির্বাণ যুবসংগঠনের আয়োজনে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ডোমার উপজেলার প্রত্যন্ত অঞ্চল হলো ভোগডাবুড়ী, কেতকীবাড়ী, বামুনিয়া ও গোমনাতী ইউনিয়ন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই এলাকাগুলো থেকে গড়ে প্রায় ১৮ কিলোমিটার দূরে হওয়ায় এই সব এলাকায় কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র অন্যতম স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান। এই এলাকার মধ্যে একটি উপস্বাস্থ্য কেন্দ্র ১নং ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি বাজারে অবস্থিত। এই উপস্বাস্থ্য কেন্দ্রটি র্দীঘ কয়েক যুগ থেকে অত্র অঞ্চলে স্বাস্থসেবা দিয়ে আসছিলো। কিন্তু গত প্রায় ৩ বছর ধরে এই স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ রয়েছে। জানা গেছে, স্বাস্থ্য বিভাগের আওতাধীন উক্ত জায়গায় পরিবার পরিকল্পনা বিভাগের ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণকেন্দ্র নির্মিত হচ্ছে। ভবনটি নির্মাণের সময় থেকে উপস্বাস্থ্যকেন্দ্রের চলমান স্বাস্থ্যসেবা হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এবং এই পর্যন্ত বন্ধই আছে। ফলে প্রাথমিক স্বাস্থ্যসেবাথেকে বঞ্চিত হচ্ছে অত্র এলাকার সাধারণ মানুষ।

বন্ধ থাকা  চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবা  পুনরায় চালু করা এবং মান উন্নয়নের জন্য জনঅংশগ্রহন নিশ্চিতকরণে চিলাহাটি অর্নিবাণ যুব সংগঠনের উদ্যোগে কেআইআই (কী ইনফরমেন্ট ইন্টারভিউ) মাধ্যমে কমিউনিটি থেকে সরেজমিন তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ্যাডভোকেসীর  মাধ্যমে উপস্বাস্থ্য কেন্দ্রে সেবা প্রদানকারী ও সেবা গ্রহীতা উভয়ের মাঝে একটি যোগসূত্র স্থাপন করে বন্ধ থাকা চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবা পুনরায় চালু করার চেষ্টা করা হয়েছে।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবা পুনরায় চালুকরণ বিষয়ক এ্যাডভোকেসী সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ রায়হান বারী, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) জনাব আবুল আলা এবং চিলাহাটি অনির্বাণ যুবসংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজায় মেয়াদ উত্তীর্ণ কোভিড ভ্যাক্সিন পাঠিয়েছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় ৫০,০০০ ডোজ মেয়াদোত্তীর্ণ করোনার ভ্যাক্সিন পাঠিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব ৪৮ ওয়েবসাইট এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় পাঠানোর জন্য রাশিয়ায় তৈরি ভ্যাক্সিনগুলো ইহুদিবাদী ইসরাইলকে দেয়া হলেও তেল আবিব এগুলো অনুপযুক্ত অবস্থায় রেখে দিয়েছিল। এছাড়া, ভ্যাক্সিনের চালানটি ঠিক সময়ে গাজায় পৌঁছাতে বাধা দেয় ইসরাইল।

সম্প্রতি গাজার কারেম আবু সালেম ক্রসিং দিয়ে রাশিয়ার তৈরি স্পুৎনিক লাইট টাইপের ভ্যাক্সিনের চালানটি অবরুদ্ধ এ উপত্যকায় পাঠানো হয়। কিন্তু সেফটি টেস্টে দেখা যায়, ভ্যাক্সিনগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে।

এর আগে ইসরাইলি গণমাধ্যম খবর দিয়েছিল, মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া ভ্যাক্সিনগুলো প্রথমে তেল আবিব পশ্চিম তীরের স্বশাসন কর্তৃপক্ষকে দিতে চেয়েছিল। কিন্তু মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ ওই চুক্তি বাতিল করে দেয়। এরপরই চালানটি গাজা উপত্যকায় পাঠায় দখলদার ইসরাইল।

সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, গাজা উপত্যকায় এখন পর্যন্ত এক লাখ ৪৭ হাজার ৩৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে এক হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ২০ লাখ মানুষ বসবাস করলেও এ পর্যন্ত মাত্র তিন লাখ ৫৪ হাজার মানুষ করোনাভাইরাসের টিকা নিতে পেরেছেন।

উল্লেখ্য, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের জন্য করোনাভাইরাসের টিকা সরবরাহ করার প্রতিশ্রুতি রক্ষা করতে ইহুদিবাদী ইসরাইল চরমভাবে ব্যর্থ হয়েছে। অথচ তেল আবিব তার নিজের প্রাপ্তবয়স্ক প্রায় সব নাগরিককে টিকার আওতায় এনেছে এবং অনেকে এরইমধ্যে বুস্টার ডোজও নিয়ে ফেলেছে।

সুত্রঃ পার্সটুডে।

শীঘ্রই আসছে আইফোন ১৩, থাকছে যেসব ফিচার

প্রযুক্তি ডেস্কঃ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তার নতুন মডেলের স্মার্টফোন আইফোন ১৩-এর ঘোষণা দিয়েছে। যেটিতে ‘পোরট্রেট মোড’-এ ভিডিও করা যাবে, যাতে থাকবে ‘ডেপথ অব ফিল্ড’ ইফেক্ট। নতুন এই ‘সিনেমাটিক মোড’ ক্যামেরার ফ্রেমে চলে আসা কোন ব্যক্তিকে আগেভাগেই শনাক্ত করতে পারবে এবং ফোকাস পরিবর্তিত হয়ে সেই ব্যক্তির ওপর চলে যাবে।

অ্যাপলের প্রধান টিম কুক বলেন, এটাই একমাত্র স্মার্টফোন যেটি ভিডিও ধারণের পরও ইফেক্ট সম্পাদনা করার সুযোগ দেবে ব্যবহারকারীকে। তবে, নতুন এই ফোনে আর যেসব ফিচার রয়েছে তার সবই প্রায় আগের আইফোন ১২ মডেলের মতোই। ফিচারগুলোতে স্রেফ কিছু আপডেট যোগ করা হয়েছে।

নতুন ফিচার

নতুন আইফোনে রয়েছে অপেক্ষাকৃত দ্রুত গতির এ১৫ চিপ এবং উজ্জ্বলতর ডিসপ্লে। পূর্ববর্তী মডেলগুলোর চাইতে এর ব্যাটারি স্থায়িত্বও আড়াই ঘণ্টা বেশি হবে।

নতুন মডেলটি পাওয়া যাবে গোলাপি, নীল, ‘মিডলাইট স্টারলাইট’ এবং লাল রঙে।

নতুন আইফোনে সর্বোচ্চ ৫০০ গিগাবাইট স্টোরেজের ব্যবস্থা থাকবে। এছাড়া সর্বনিম্ন স্টোরেজের পরিমাণও থাকবে ১২৮ গিগাবাইট, যা এর আগে ছিল ৬৪ গিগাবাইট।

অ্যাপল দাবি করছে, নতুন আইফোনের অনেক কিছু পরিবেশবান্ধব উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। অ্যাপলের ভাষ্যমতে, ফোনটির অ্যান্টেনা লাইন প্লাস্টিকের পানির বোতল থেকে তৈরি করা হয়েছে।

নতুন এই আইফোন এমন সময় বাজারে আসতে যাচ্ছে যখন অনেক ব্যবহারকারী বহুদিন ধরে তাদের পুরনো ফোন আপগ্রেড করছেন না। বিনিয়োগ প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ২৫ কোটি আইফোন ব্যবহারকারী গত সাড়ে তিন বছর ধরে তাদের আইফোন আপগ্রেড করেননি। নতুন মডেলে আইফোন ১২ এর মত ফাইভ জি সংযোগের সুযোগ রয়েছে।

আইফোন ১৩ এর পাশাপাশি অ্যাপল ১৩ মিনি, প্রো এবং প্রো ম্যাক্স নামে আইফোনের আরো তিনটি নতুন মডেলেও ঘোষণা দিয়েছে। আইফোন ১৩ প্রো এবং প্রো ম্যাক্সে তিনটি করে ক্যামেরা রয়েছে। অ্যাপল এই ক্যামেরা সিস্টেমকে বলছে ‘আইফোনের সবচেয়ে উন্নত ক্যামেরা সিস্টেম’।

আইফোন ১৩ মিনির দাম যুক্তরাজ্যে ৬৭৯ পাউন্ড, টাকায় যার মূল্য দাঁড়ায় প্রায় ৮০ হাজার টাকা। এছাড়া আইফোন ১৩ এর দাম ৭৭৯ পাউন্ড, আইফোন ১৩ প্রো এর দাম ৯৪৯ পাউন্ড এবং অপেক্ষাকৃত বড় আইফোন ১৩ প্রো ম্যাক্সের দাম ১০৪৯ পাউন্ড। বাংলাদেশি টাকায় রূপান্তর করলে যার দাম দাঁড়ায় যথাক্রমে প্রায় ৯২ হাজার, ১ লাখ ১২ হাজার ও ১ লাখ ২৪ হাজার টাকা।

সুত্র : বিবিসি।

আজ ১৫ সেপ্টেম্বর ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী

সাহিত্য ডেস্কঃ বাংলা ভাষার সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী আজ ১৫ সেপ্টেম্বর (বুধবার)। ১৮৭৬ সালের এই দিনে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার কারণে তিনি অপরাজেয় কথাশিল্পী নামেও খ্যাত। শরৎচন্দ্রের অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোয় অনূদিত হয়েছে।

ঔপন্যাসিক শরৎচন্দ্র পাঁচ বছর বয়সকালে মতিলাল দেবানন্দপুরের প্যারী পণ্ডিতের পাঠশালায় ভর্তি হন, যেখানে তিনি দু-তিন বছর শিক্ষালাভ করেন। তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুল থেকে ১৮৯৪ সালে দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পরীক্ষা পাস করেন তিনি। কলেজ ত্যাগ করার পর শরৎচন্দ্র ভাগলপুর শহরের আদমপুর ক্লাবের সদস্যদের সঙ্গে খেলাধুলা ও অভিনয় করে সময় কাটাতে শুরু করেন। ১৯০৩ সালের জানুয়ারি মাসে রেঙ্গুনে লালমোহন গঙ্গোপাধ্যায়ের ভগ্নিপতি উকিল অঘোরনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে চলে যান। অঘোরনাথ তাকে বর্মা রেলওয়ের অডিট অফিসে একটি অস্থায়ী চাকরির ব্যবস্থা করে দেন। ১৯০৬ সালের এপ্রিল মাসে বর্মার পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস অফিসের ডেপুটি একজামিনার মণীন্দ্রনাথ মিত্রের সাহায্যে শরৎচন্দ্র রেঙ্গুনে এই অফিসে চাকরি পান ও পরবর্তী ১০ বছর এই চাকরি করেন।

তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো- বড়দিদি, পল্লীসমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, পথের দাবী, পরিণীতা, নিষ্কৃতি, শেষ প্রশ্ন এবং শেষের পরিচয়। উপন্যাসের পাশাপাশি নাটকও লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ষোড়শী, রমা, বিরাজ বউ ও বিজয়া।

তার সাহিত্যকর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এ পর্যন্ত প্রায় ৫০টি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে। এরমধ্যে ‘দেবদাস’ উপন্যাসটি বাংলা, হিন্দি এবং তেলেগু ভাষায় আটটি চলচ্চিত্র নির্মিত হয়েছে।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান। এছাড়াও তিনি ১৯৩৬ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ‘ডিলিট’ উপাধি পান। তিনি ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলিকাতায় মৃত্যুবরণ করেন।

সময় বাড়লো এইচএসসি ফরম পূরণের

শিক্ষা ডেস্কঃ ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবারো বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ফরম পূরণ চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান হতে এসএমএস পাঠানোর সময় ১৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর করা হয়েছে। এসএমএস প্রাপ্তির পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার ওই প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়।

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় পৃথক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ৬শ’ ১০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা। পাটকেলঘাটা থানার বাইগুনি, কলারোয়া থানার শাকদাহ এবং শার্শা থানার উলাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক দ্রব্যসহ আসামীদের আটক করা হয়।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের বাইগুনি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের মৃত. আনসার আলী সরদারের ছেলে কামরুল ইসলাম (৩২)কে ৯০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এঘটনায় পাটকেলঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৮(৯)২১।

অপরদিকে, অন্য এক অভিযানে রাত ৮টার দিকে কলারোয়া থানার শাকদাহ বাজারের মতলব মার্কেটের মনজেল সাইকেল স্টোর ও মেশিনারী হার্ডওয়ার দোকানের সামনে অভিযান চালোনো হয়। এ সময় যশোরের ঝিকরগাছা থানার বাকড়া গ্রামের লেয়াকত আলী কারিগরের ছেলে মোঃ ইদ্রিস আলী (৩০)কে ২৩০ পিস ইয়াবসহ আটক করা হয়। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৬(৯)২১।

এর আগে সোমবার বিকেলে যশোরের শার্শা থানার পূবালী ব্যাংক নাভারন বাজার শাখার সামনে অভিযান চালিয়ে শার্শা থানার বৃত্তিবাড়িপোতা গ্রামের মতলেব হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২৫) ও একই গ্রামের নাসির হোসেনের ছেলে রাজু হোসেন (২১)কে ২৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৮(৯)২১।

র‌্যাব জানিয়েছে, আটককৃতরা সকলেই দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে মাদকের ব্যবসা করে আসছিল।

ভারত থেকে মুখ ফিরিয়ে বাংলাদেশের দিকে ছুটে আসছে ইলিশ

সিএনবিডি ডেস্কঃ ভারতভিত্তিক সংস্থা সাউথ এশিয়া নেটওয়ার্ক অব ড্যাম রিভার অ্যান্ড পিপলস সম্প্রতি একটি রিপোর্টে জানিয়েছে, এখন গঙ্গা মোহনায় আর ইলিশের দেখা মিলছে না। গঙ্গায় দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে মুখ ফিরিয়ে নিয়েছে ইলিশ। ঝাঁকে ঝাঁকে ইলিশের গন্তব্য এখন বাংলাদেশের পদ্মা পাড়ে। গঙ্গা থেকে অচিরেই উধাও হতে চলেছে ইলিশ।

ভারতীয় বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গে নদীর পাড় বরাবর গড়ে ওঠা একশোটিরও বেশি পৌরসভার ময়লা আবর্জনা ও কলকারখানার বর্জ্যে গঙ্গায় দূষণের মাত্রা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তাদের মতে, ডিম সংরক্ষিত রাখার জন্য ইলিশের মিষ্টি পানির প্রয়োজন হয়। সেইজন্যই তারা গঙ্গায় আসে। কিন্তু দূষণের ফলে গঙ্গায় লবণের মাত্রা অত্যাধিক বেড়ে গিয়েছে। সেই কারণেই ইলিশ এখন গঙ্গার মোহনায় এসেও ফিরে যাচ্ছে।

অন্যদিকে, গঙ্গা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে ইলিশের গন্তব্য এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশের পদ্মা পাড়ে এখন জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠছে।

বাংলাদেশের মৎস্য বিভাগের এক পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ২ বছরের তুলনায় বাংলাদেশে ১৯ শতাংশ ইলিশ বেশি ধরা পড়েছে। শুধু পদ্মাপাড়েই নয়, মিয়ানমারের উপকূলেও এখন প্রচুর ইলিশের দেখা মিলছে।

বাংলাদেশের মৎস্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ‌পদ্মা পার বরাবর ভারী শিল্প, কলকারখানা তেমন গড়ে ওঠেনি। তাই এখনও পদ্মার মোহনা ইলিশের কাছে ব্রাত্য হয়ে ওঠেনি।’‌ তবে গঙ্গার দূষণ বাড়ায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে মৎস্যজীবীদের। তাদের এখন মাথা চাপড়ানো ছাড়া কোনও উপায় নেই।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

রৌমারীতে অটোচালককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে আমজাদ হোসেন নামের এক অটোচালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সম্পৃক্ত মধু মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। নিহত আমজাদ হোসেন (৫৫) ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

নিহত আমজাদ হোসেনের স্ত্রী জিনারা খাতুন অভিযোগ করে বলেন, আমাদের বসতভিটার আম গাছের ডাল কাটতে থাকেন মধু মিয়া। এতে বাধা দিতে গেলে চার-পাঁচজন নিয়ে তিনি অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালান। এসময় মধু মিয়া দাও দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন থেকে মধু মিয়ার সাথে আমজাদ হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আমজাদ হোসেন মারা যান। এ ঘটনায় এলাকাবাসী উত্তেজিত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আমজাদ হোসেন নামের একজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে। মূল আসামী মধু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে আসামীকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।