আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের সঙ্গে স্থলবন্দর খুলছে

সিএনবিডি ডেস্কঃ আগামী ১৯ সেপ্টেম্বর (রোববার) থেকে ভারতের সঙ্গে প্রায় সব স্থলবন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ওইদিন মোট ১০টি স্থলবন্দর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম শুরু করবে। পর্যটক ছাড়া অন্য সবাই বন্দরগুলো দিয়ে প্রবেশ করতে পারবেন এবং বাংলাদেশে প্রবেশের জন্য কোনো ধরনের নো-অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হবে না। সুত্রঃ পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, দুই দেশের করোনা মহামারি পরিস্থিতি উন্নতির কারণে আমরা স্থলবন্দরগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগে ৫টি বন্দর খোলা ছিল। আগামী রোববার থেকে আরো ৫টি বন্দর খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের এপ্রিলের শেষের দিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের সঙ্গে সবগুলো স্থল সীমান্ত বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মৌলভীবাজারে পরিদর্শন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোঃ হাসিবুল আলম আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মৌলভীবাজার জেলা প্রশাসক, মীর নাহিদ আহ্সান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মোঃ মেহেদী হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ৷

পরিদর্শনকালে সম্মানিত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস মহামারীর কারণে দীর্ঘ ১৮ মাসের বিরতির পর শ্রেণী কার্যক্রম শুরু হওয়া প্রাইমারী স্কুলের শ্রেণী কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত করার জন্য স্কুলগুলোর গৃহীত উদ্যোগসমূহ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং স্কুলের শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়া দীর্ঘ বিরতির পর শুরু হওয়া শ্রেণী কার্যক্রম শিশুদের মনন ও মেধার বিকাশের জন্য  সুষ্ঠু ও সুন্দরভাবে পাঠদানের জন্য কতৃপক্ষেকে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন৷

চ্যাম্পিয়ন্স লিগঃ মেসিহীন বার্সার বড় পরাজয়, জয় দিয়ে শুরু চেলসির পথ চলা

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনই একের পর এক চমক আর উত্থান ও পতন দেখল ফুটবল বিশ্ব। বায়ার্ন মিউনিখের কাছে বড় গোলের ব্যবধানে হারতে হল লিওনেল মেসিহীন বার্সেলোনাকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি জয় দিয়ে অভিযান শুরু করল।

মেসিবিহীন বার্সেলোনার মাঠের পারফর্মেন্স হতাশার। তারা উয়েফা চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরেছে। জার্মান ক্লাবটির একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে কাতালানরা। ১৯৯৭-৯৮ মৌসুমের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে হারের স্বাদ পায় তারা। বার্সেলোনা গোলের উদ্দেশে পাঁচটি শট নিলেও কোনোটিই ছিল না লক্ষ্যে। বিপরীতে বায়ার্নের ১৭ শটের সাতটি ছিল লক্ষ্যে। ম্যাচের প্রতিটি ধাপে মিউনিখের আধিপত্যের চাপে ছিল বার্সা। বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেয়ান্দোস্কি ছিল আজকের মূল খেলোয়ার। সেই মূলত বার্সেলোনাকে এক প্রকারে চেপে ধরেছিল। খেলার ৩৩তম মিনিটে মুলারের শট আর ঠেকাতে পারেনি টের স্টেগেন। ডি-বক্সে বল পেয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন জার্মান এ ফরোয়ার্ড। কাতালানদের হয়ে সদ্য দলে ভেড়ানো মেম্ফিস ডিপেই ও লুক ডি জং কোনো সুযোগ করতে পারছিলেন না। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ক্লাবটি। বিরতি থেকে ফিরে বায়ার্ন বারবার আক্রমণ করে যাচ্ছিল কাতালানদের। ৫৬তম মিনিটে জার্মান ক্লাবটির স্কোরলাইন দ্বিগুণ করেন লেভানডভস্কি। জামাল মুসিয়ালার শট গোলপোস্টে থেকে ফিরে এলে পরের শটেই বার্সার জাল খুঁজে নেন পোলিশ এ তারকা। ৮৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ান লেভানদোভস্কি। সের্গে জিনাব্রির শট পোস্টে লেগে ফেরার পর বল ধরে এক ডিফেন্ডারকে এড়িয়ে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন পোলিশ তারকা। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৯৭ ম্যাচে তার মোট গোল ৭৫টি। জার্মান ক্লাবটির বিপক্ষে এ নিয়ে অষ্টমবার হারল বার্সেলোনা। ১২ বারের মুখোমুখিতে বায়ার্ন জিতেছে ৮ বার, আর বার্সেলোনা ২ বার। বাকি দুটি ম্যাচ ড্র।

অন্যদিকে, জয় দিয়েই নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। এইচ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জেনিতের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলেও প্রথমার্ধে গোল পেতে ব্যর্থ হয় দুই দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের দখল চলে যায় চেলসির হাতে। ৬৯ মিনিটে রোমেলু লুকাকুর গোলে ম্যাচ জেতে ব্রিটিশ ক্লাব। একই গ্রুপে বড় জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন ক্লাব জুভেন্তাস। মালমোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের রাশ শুরু থেকে শেষ পর্যন্ত নিজের হাতেই ধরে রাখতে ইতালির ক্লাব। ২৩ মিনিটের মাথায় অ্যালেক্স সান্দ্রোর গোলে এগিয়ে যায় জুভেন্তাস। ৪৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল দেন পাওলো দিবালা। ঠিক এক মিনিটে আলভারো মোরাতার গোলে জুভেন্তাসের জয় নিশ্চিত হয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে কোনও দলই আর গোল করতে পারেনি।

হলুদ গুঁড়া ভেজাল না খাঁটি চিনবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্কঃ রান্নায় সবচেয়ে ব্যবহৃত একটি মশলা হচ্ছে হলুদ। বেশিরভাগ রান্নাতেই হলুদ ব্যবহার হয়ে থাকে। হলুদ খাবারের স্বাদ বাড়ায়, পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। আর এখন চলছে ভেজালের যুগ। তাই রান্নাঘরের সবচেয়ে ব্যবহৃত মশলা হলুদে ভেজাল মেশানো হতেই পারে। তাই চলুন জেনে নেয়া যাক কীভাবে বুঝবেন হলুদ গুঁড়ায় ভেজাল আছে কিনা-

    • বাজারে অনেক সময় এমন দোকান পাবেন যেখানে সামনেই খাঁটি হলুদ থেকে গুঁড়া করা হয়। সে রকম এক প্যাকেট হলুদ কিনুন। অন্য দিকে আপনি নিয়মিত যে হলুদ গুঁড়া ব্যবহার করেন, সেইটাও এক প্যাকেট কিনুন।
    • এবার দু’টো গ্লাসে পানি নিয়ে এক চামচ করে দুটিতে দু’রকম হলুদ গুঁড়া দিন। এবার দু’টো আলাদা চামচ দিয়ে একটু নেড়ে পানির রঙের পরিবর্তন খেয়াল করুন। যে গ্লাসের পানির রং উজ্জ্বল হলুদ হবে, বুঝে নিতে হবে সেটাই ভেজাল।
    • হলুদের রং উজ্জ্বল করতে তাতে ক্রোমেট রাসায়নিক মেশানো হয়েছে। অন্যদিকে যে গ্লাসের পানির হলুদের রং অনেকটাই ফিকে এবং হলুদ গুঁড়া গ্লাসের তলায় থিতিয়ে পড়েছে, সেটিই খাঁটি হলুদ।

বিএনপি সবসময় পেছনের দরজা খোঁজে : তথ্যমন্ত্রী

রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে একটি গণ্ডগোল লাগিয়ে পেছনের দরজা দিয়ে কিছু করা যায় কি না, সেই অপচেষ্টা। বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে এবং সেকারণেই তারা সবসময় পেছনের দরজা খোঁজে। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ প্রচার সেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন নিয়ে বিএনপির মন্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি ২০১৪ সালেও নির্বাচন বানচাল করতে চেয়েছিল। ভোটকেন্দ্র পুড়িয়ে, নির্বাচন কর্মকর্তাসহ মানুষ পুড়িয়েও তা পারেনি। ২০১৮ সালেও প্রথমে বয়কট ও পরে অংশ নেয় তারা। সাড়ে ১২ বছর ধরে তাদের তর্জন-গর্জন শুনে আসছি, খালি কলসি বাজে বেশি।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা থেকে ১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব খতিয়ে দেখার উদ্যোগ সম্পর্কে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, পত্রিকায় এটি দেখেছি। সরকার এটি দেখতেই পারে, কিন্তু কি কারণে এটি করা হলো সেবিষয়ে আমি খোঁজ নেব।

দীর্ঘদিন অপ্রকাশিত ১০টি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিলাদেশ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী ড. হাছান বলেন, প্রায় ৪০০ পত্রিকা চরম অনিয়মিত রয়েছে, যারা প্রায় দু’বছর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে পত্রিকা জমা দেয়নি। এগুলো ভূতুড়ে পত্রিকা, যেদিন বিজ্ঞাপন পায় সেদিন কয়েক কপি ছাপে আর অনেকে অল্প কয়েক কপি ছেপে শুধু তথ্য মন্ত্রণালয় আর কিছু গুরুত্বপূর্ণ দফতরে দেয়। ভূতুড়ে পত্রিকার কী প্রয়োজন সেটিই প্রশ্ন এবং এগুলো বন্ধের দাবি সাংবাদিকদেরই।

এর আগে ব্রিটিশ শাসন থেকে মুক্তির অকুতোভয় প্রাণ মাস্টারদা সূর্যসেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণে ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ১৯৩০ এবং তারুণ্যের প্রেরণা’ বিষয়ে ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সভাপতিত্বে ও সহযোগী সংস্থা ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ড. নীপা চৌধুরীর সঞ্চালনায় আসাদুজ্জামান নূর এমপি, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ এবং ইয়ুথ অপরচুনিটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ড. ওসামা বিন নূর ওয়েবিনারে বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পাবনা জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সভায় যোগ দেন। সভায় বক্তব্য রাখেন-আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের সভাপতিত্বে দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি প্রমুখ।

সূত্র : বাসস।

নওগাঁয় ৪ উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম শুরু হয়েছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় চার উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম শুরু হয়েছে।

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সকাল সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ।

নির্বাচন কমিশন সচিবালয়ের আই ই ডি এ -২য় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ’র পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, নওগাঁ’ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক বক্তব্য রাখেন।

জেলার নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রানীনগর এই চার উপজেলার মোট ৭ লক্ষ ৯৫ হাজার ৪৭টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরনের লক্ষমাত্রা নিয়ে এই কার্যক্রম শুরু হলো। এর মধ্যে নিয়ামতপুর উপজেলার ১ লক্ষ ৭৫ হাজার ১টি, মান্দা উপজেলার ২ লক্ষ ৭৪ হাজার ৫শ ৩টি, মহাদেবপুর উপজেলার ২ লক্ষ ১১ হাজার ৬শ ৭২টি এবং রানীনগর উপজেলার ১ লক্ষ ৩৩ হাজার ৮শ ৭১টি পরিচয়পত্র।

রাণীশংকৈলে ইএসডিও’র সাংস্কৃতিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় বেসরকারি সংস্থা ইএসডিও’র আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে সভায় উপজেলা শিল্পকলা একাডেমির আহবায়ক কমিটির সদস্য কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক বেতার শিল্পি প্রভাষক সুকুমার চন্দ্র মোদক, সংগীত বিদ্যালয় সহ-সম্পাদক বেতার শিল্পি প্রশান্ত কুমার বসাক ও জাকারিয়া হাবিব ডনসহ সংগীত বিদ্যালয়ের অন্যান্য সদস্য ও আদিবাসি সাংস্কৃতিক কর্মিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সভায় ইএসডিও’র উপজেলা ম্যানেজার(প্রেমদীপ প্রকল্প) ও জেলা এডভোকেসি কর্মকর্তা সুজন খান উপস্থিত ছিলেন। বক্তারা আদিবাসিদের ও স্থানীয় সাংস্কৃতিক চর্চার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব রাখেন। এইসাথে তারা উপজেলা শিল্পকলা একাডেমির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও কার্যক্রম চালুর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সভাপতি এ বিষয়ে ইউএনও’র সঙ্গে পরামর্শ সাপেক্ষে দ্রুত পদক্ষেপ নেযার আশ্বাস দেন।

নিবন্ধিত ৯২টি ছাড়া সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

সিএনবিডি ডেস্কঃ দেশে নিবন্ধিত ৯২টি ছাড়া অননুমোদিত ও অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও তথ্য সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার  বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন দুই রিটকারী আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু।

এ বিষয়ে রাশিদা চৌধুরী নীলু গণমাধ্যমকে জানান, অনেক সময় ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়। এসব খবর মূলত অনিবন্ধিত নিউজ পোর্টাল, ফেসবুক পেজে দেখা যায়। এসব ঘটনা অহরহ ঘটছে। এতে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত ওই রুল দেন। আজ শুনানি শেষে আদালত ৭ দিনের মধ্যে অনিবন্ধিত পোর্টাল বন্ধের নির্দেশ দেন।

এদিনই ঢাকা থেকে প্রকাশিত ৯টি বাংলা দৈনিক এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিলের ঘোষণা করেছে সরকার। ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের সই করা এক প্রজ্ঞাপনে গত বুধবার দৈনিকগুলোর ঘোষণাপত্র বাতিল করা হয়, যা মঙ্গলবার এক তথ্য বিবরণীতে জানিয়েছে তথ্য অধিদপ্তর।

ঘোষণাপত্রে বাতিল করা দৈনিকগুলোর নাম হল: গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা ও রিপোর্টার এবং দ্য ফাইনান্সিয়াল ডেইলি।

এর আগে গত ১৬ আগস্ট অনিবন্ধিত নিউজ পোর্টাল কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে না এ মর্মে রুল জারি করেন হাইকোর্ট। তার দুই দিন আগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রিট করেন।

গত ৫ মে সংবেদনশীল সংবাদসহ যে কোনো খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদ মাধ্যমগুলোর জন্য ‘নৈতিক নীতিমালা’ প্রণয়ন চেয়ে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নোটিশ প্রেরণ করা হয়। তবে সে নোটিশের কোনো জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু।

রিট আবেদনে বলা হয়, সম্প্রতি রাজধানীতে ২১ বছরের এক মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় দণ্ডবিধি আইনের ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করা হয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশের সংবাদ মাধ্যমগুলোর মধ্যে বিশেষ করে অনলাইন নিউজ পোর্টালগুলোতে অগ্রহণযোগ্যভাবে নিউজ পরিবেশন করা হয়েছে। অথচ এসব সংবাদ পরিবেশনা বন্ধে বিটিআরসি কিংবা প্রেস কাউন্সিল কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এ অবস্থায় বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিক নীতিমালা প্রণয়ন জরুরি হয়ে উঠেছে। একইসঙ্গে দেশে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো চালু থাকার পরও বিটিআরসি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই এসব পোর্টালের রেজিস্ট্রেশনও জরুরি।

ওই রিটের শুনানি নিয়ে ‘ন্যাশনাল অনলাইন মাস মিডিয়া পলিসি-২০১৭’ অনুযায়ী দেশে অননুমোদিত ও অরেজিস্ট্রিকৃত অনলাইন মিডিয়াগুলো কেন বন্ধ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

কোভিড টিকার ৩য় ডোজের প্রয়োজন নেই : গবেষণা

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল সোমবার প্রখ্যাত ব্রিটিশ চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা জানিয়েছেন, কোভিড সংক্রমণ প্রতিরোধে স্বাভাবিকভাবে টিকার যে ডোজ দেওয়া হয় সেটাই যথেষ্ট কার্যকর। তৃতীয় ডোজ দেওয়ার কোনো প্রয়োজন নেই।

করোনার অতিসংক্রামক ধরন ডেল্টার প্রকোপ ঠেকাতে কিছু দেশ বাড়তি ডোজ দেওয়া শুরু করায় আপাতত তা স্থগিত রাখার আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলে আসছে, দরিদ্র দেশগুলো অল্প কিছু টিকা পেয়েছে। কোটি কোটি মানুষ এক ডোজও পায়নি। এমন পরিস্থিতিতে তৃতীয় ডোজ দেওয়া স্থগিত রাখা উচিত।

সোমবার ল্যানসেটে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য বিজ্ঞানীদের ওই নিবন্ধে উপসংহার টানা হয়েছে যে, করোনার অতিসংক্রামক ধরন ডেল্টার ঝুঁকি থাকা সত্ত্বেও ‘বৈশ্বিক একটি মহামারির এই পর্যায়ে এসে সাধারণ মানুষকে কোভিড টিকার বাড়তি কোনো ডোজ (বুস্টার ডোজ) দেওয়ার মতো পদক্ষেপ যথার্থ হতে পারে না।’

টিকার ক্লিনিক্যাল ট্রায়াল ও তার পর্যবেক্ষণের সঙ্গে যুক্ত এই বিজ্ঞানীরা গবেষণায় দেখতে পেয়েছেন, কোভিডের গুরুতর উপসর্গের ক্ষেত্রেও টিকা এখনো উচ্চমাত্রায় কার্যকর। সেটা ডেল্টাসহ মূল ভাইরাসটির যে কোনো ধরনের সংক্রমণে। তবে তারা দেখেছেন, উপসর্গহীন কোভিডের সংক্রমণ ঠেকাতে টিকা কিছুটা কম কার্যকর।

গবেষণাটির প্রধান বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনা-মারিয়া হেনাও-রেস্টেরেপো বলেছেন, ‘সামগ্রিকভাবে এখন পর্যন্ত হওয়া গবেষণায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে গুরুতর সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে টিকার সুরক্ষা হ্রাস পায়। এটাই টিকাদান কর্মসূচির প্রাথমিক লক্ষ্য। তাই যারা এখনো টিকা পায়নি তাদের আগে টিকা দেওয়া উচিত।’  খবর এএফপি।

২৭ সেপ্টেম্বরের পর খুলতে যাচ্ছে সকল বিশ্ববিদ্যালয়

শিক্ষা ডেস্কঃ আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাসে পাঠদান শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের বলেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করতে হবে। এর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু করতে পারবে। বিশ্ববিদ্যালয় চাইলে তাদের আবাসন হল খুলে দিতে পারবে। তবে সেক্ষেত্রে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে টিকা দেওয়া কার্যক্রম শুরু করতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচায়পত্র (এনআইডি) নাই, তাদের জন্ম নিবন্ধন নম্বর ইউজিসিতে পাঠাতে হবে। সুরক্ষা অ্যাপসে জন্ম নিবন্ধন নম্বর যুক্ত করে টিকার জন্য সেসব শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন।

এর আগে গত ২৬ আগস্ট করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে দেশে করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত টেকনিক্যাল কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তখন জানানো হয়েছিল, বিশ্ববিদ্যালয় খোলা শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে। তবে এর আগে সব বিশ্ববিদ্যালয় থেকে টিকা সংক্রান্ত তথ্য পাঠাতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। যেসব বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সেগুলো আগে খুলবে।

এর আগে দেড় বছর পর রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে খুলে দেওয়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। গতকাল সোমবার খুলেছে মেডিক্যাল কলেজ, ডেন্টাল ও নার্সিং সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান।