কমলগঞ্জে বরই চাষে স্বাবলম্বী আজাদুর

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বরই চাষ করে স্বাবলম্বী হয়ে এলাকার মডেল হলেন আজাদুর রহমান। তার বাগানে আছে সুস্বাদু কাশ্মীরি আপেল কুল, বাউকুল, জাম্বুকুল এবং ঢাকা-৯০ কুলের মত বরই। এলাকার চাহিদা পূরণের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিক ভাবে সরবরাহ হচ্ছে আজাদুরের এ বরই।

কৃষি বিভাগ জানায়, আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য অনুকূলে থাকায় মৌলভীবাজারে চলতি মৌসুমে সুস্বাদু ও মিষ্টি বরই আবাদ হয়েছে। আজাদের বাগানে ভালো বরই চাষ হওয়ায় এলাকার যেমন চাহিদা মিটছে; তেমনি বরই চাষ করে তিনি স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার অনেকের কাছে মডেল হয়েছেন। তার দেখাদেখি অনেকেই এখন বরই চাষের দিকে ঝুঁকছেন।

জানা গেছে, ২০০১ সালের শুরুর দিকে শমশেরনগরের আজাদুর রহমান ১০ একর জমিতে ঈগল নার্সারি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেন। পর্যায়ক্রমে কাশ্মীরি আপেল কুলসহ বিভিন্ন জাতের বরই চাষ শুরু করেন। কুমিল্লা ও যশোর থেকে চারা আনেন। প্রায় চার ফুট লম্বা আকারের লাগানো গাছে এক বছরের মধ্যে ফল আসতে শুরু করে।

আজাদুর রহমান প্রতি বছর ৩ লাখ টাকা বিনিয়োগ করে ৫ লাখ টাকা আয় করেন। তার সফলতা দেখে এলাকার লোকজন অবাক হয়ে যান। চলতি মৌসুমে আজাদুর রহমান ঢাকা-৯০ জাতের বরই চাষ করে বেশি লাভবান হচ্ছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, ১০ একর জমিতে লাগানো বাগানের প্রতিটি গাছে ঢাকা-৯০ কুলে ছেয়ে আছে। ফলের ভারে গাছসহ ডালগুলো নিচের দিকে নুয়ে পড়েছে। বাঁশের খুঁটি দিয়ে আগলে রাখা হয়েছে প্রতিটি গাছ। পাখির হাত থেকে বরই রক্ষায় পুরো বাগান জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ৫-৭ জন শ্রমিক বরই বাগানে কাজ করছেন।

বাগান মালিক আজাদুর রহমান বলেন, ‘প্রতি বছর বাগান থেকে ৪-৫ লাখ টাকা আয় হয়। অল্প দিনে বরই চাষ করে লাভবান হওয়া যায়। বিক্রির পাশাপাশি কলম চারা তৈরি করছি। বিভিন্ন ফল-ফুলের চারাও বিক্রি করি। কাশ্মীরি আপেল কুল, বাউকুল, জাম্বুকুল বিক্রি প্রায় শেষ। এ মৌসুমে টক-মিষ্টি সমৃদ্ধ রসালো ঢাকা-৯০ জাতের বরই প্রতি কেজি ১০০ টাকা বিক্রি হচ্ছে। প্রতিদিন ১৫০-২০০ কেজি বরই বাগান থেকে সংগ্রহ করা হয়।’

বাগান দেখতে আসা শমশেরনগর বিমানবন্দর এলাকার ফয়জুর রহমান বলেন, ‘আমার মতো আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন লোকজন বরই বাগানটি দেখতে আসছেন। আজাদুর এ বাগান করে স্বাবলম্বী হয়েছেন।’

বরই কিনতে মৌলভীবাজার থেকে আসা রহিমা বেগম বলেন, ‘শমশেরনগর বিমানঘাঁটি এলাকার বরই খুব মজাদার। তাই অনেক দূর থেকে বরই কিনতে এলাম।’

বরই কিনতে আসা জুয়েল আহমদ বলেন, ‘আজাদুর রহমান হলেন এ এলাকার মডেল বরই চাষি। তার দেখাদেখি শমমেরনগর এলাকায় মুন্না সিদ্দিকির হারভেস্ট ফার্মসহ আরও কয়েকটি বাগান গড়ে উঠেছে।’

মৌলভীবাজার জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সামসুদ্দিন আহমদ বলেন, ‘জেলায় ৬৫৪ হেক্টর জমিতে বরই আবাদ হয়েছে। আবহাওয়া ও মাটির গুণাবলি ভালো থাকায় বরই এর ফলন ভালো হয়েছে। শমশেরনগরে আজাদুর রহমানের বাগানের বরইগুলো খুবই সুস্বাদু এবং মিষ্টি। তার বাগান দেখে অনেক বেকার যুবক বরই বাগান করতে উৎসাহী হয়ে উঠছেন। ভালো ফলনের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে বাগান মালিকদের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে আগামীতে সহযোগিতার প্রয়োজন হলে করে যাবো”।

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়

গেলো ২ মাস আগেও ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকায়। সেই মুরগির রেকর্ড দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়। সোনালি মুরগির দামও কেজি ৩৩০ টাকা থেকে বেড়ে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে বাড়তি দামে বিক্রি হচ্ছে দেশি মুরগিও।

রাজধানীর বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে এসব চিত্র দেখা গেছে।

মিরপুর বাজারের এক মুরগি বিক্রেতা বলেন, আবার দাম বেড়েছে মুরগির। ব্রয়লার ও সোনালি মুরগির দাম বাড়তি। শবে বরাতকে সামনে রেখে বেড়েছে মুরগির দাম।

এদিকে বাজারে গরুর মাংস আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। দুই সপ্তাহ আগে বিক্রি হতো ৬৫০ থেকে ৭০০ টাকায়। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ১০০০-১১০০ টাকায়। আগে বিক্রি হতো ৯০০ থেকে ১০০০ টাকায়।

অন্যদিকে, বাজারে ফার্মের মুরগির ডিমের দাম একটু কমেছে। ডজন বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২২০ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন ১৯০ টাকা।

একই বাজারের ডিম বিক্রেতা বলেন, ফার্মের মুরগির ডিমের দাম একটু কমেছে। ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। পাড়া-মহল্লার দোকানে ডজন বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। অন্য ডিম আগের দামেই আছে।

সবজির বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। প্রতি কেজি শসা ৫০-৬০, বেগুন ৬০-৮০, টমেটো ৩০-৪০, শিম ৫০-৬০ ও করলা ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। চাল কুমড়া প্রতিটি ৫০-৬০, লাউ আকারভেদে ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।  মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৬০, পটল ৮০, ঢেঁড়স ১০০, কচুর লতি ৬০-৭০, পেঁপে ৩০-৪০, বরবটি ১০০ ও ধুন্দুল ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে কমেছে কাঁচামরিচের দাম। প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। গত সপ্তাহে কাঁচা মরিচের কেজি ছিল ১৯০ থেকে ২০০ টাকা। বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বড় রসুনের কেজি ১৪০ টাকা। ছোট রসুনের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। আদার কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। খোলা চিনি প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকায়।

এছাড়া খোলা আটার কেজি ৬০ টাকা। প্যাকেট আটা ৬৫ টাকা, যা আগে কেজি ছিল ৭০ টাকা। দুই কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

আর দেশি মসুর ডালের কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১২০-১২৫ টাকা। বাজারে সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৮৭ টাকায়। লবণের কেজি বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকায়।

লক্ষ্মীপুরে নিজ সন্তান হত্যার দা‌য়ে বাবা আটক

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের কমলনগরে রুবেনা আক্তারকে (১) মাথার ওপর থেকে রাস্তায় ছু্ঁড়ে মেরে হত্যার ঘটনায় তার বাবা রহিম মিঝিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের হাজিমার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে পরিবারের লোকজন জানিয়েছে রহিম মিঝি মানসিকভাবে অসুস্থ।

খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে সদর হাসপাতালের পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ।

আটক রহিম মিঝি কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের চরকালকিনি গ্রামের শাহাব উদ্দিন মিঝির ছেলে।

শুক্রবার (০৩ মার্চ)  সকালে পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার আগে রুবেনাকে তার বাবা রহিম কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে দোকানে যায়। সেখানে হঠাৎ করে মাথার ওপর থেকে শিশুটিকে তিনি রাস্তায় ছুঁড়ে ফেলে। এতে শিশুটি চিৎকার করে কেঁদে উঠে। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এলে রহিম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সে একটি গাছে উঠে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আটক রহিমের চাচাতো ভাই ফরিদ মিঝি বলেন, রহিম মানষিক বিকারগ্রস্ত। সেই কারণেই হয়তো শিশুটিকে রাস্তায় ছুঁড়ে মারে বলে ধারণা করা হচ্ছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, হাসপাতাল আনার আগেই শিশুটি মারা গেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে রহিমকে আটক করা হয়েছে। তিনি এখন থানা হেফাজতে রয়েছে। তবে পরিবার থেকে বলা হয়েছে রহিম মানসিক বিকারগ্রস্ত। চিকিৎসকের প্রতিবেদন পাওয়া না পর্যন্ত তা নিশ্চিত হতে পারছি না।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।

ঠাকুরগাঁওয়ে দিনমজুরকে গলাটিপে হত্যা: থানায় মামলা

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় জয়নউদ্দীন (৪০) নামে এক দিনমজুরকে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে ফরহাদের বিরুদ্ধে ।

গত বুধবার (২ মার্চ) রাত ৮ টায় উপজেলার বিদ্ধিগাঁও বাজারে এ ঘটনাটি ঘটে। জয়নদ্দীন উপজেলার বৃদ্ধিগাঁও গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। তিনি দিনমজুরের কাজ করেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম ফরহাদ হোসেন ওরফে হরিপদ। তিনি ওই গ্রামের কালু মোহাম্মদের ছেলে।

এ ব্যাপারে জাবরহাট ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল ইসলাম ও পুলিশ জানান, বিদ্ধিগাঁও গ্রামের দিনমজুর জয়নউদ্দীন কয়েক দিন আগে একই এলাকার ফরহাদ হোসেন ওরফে হরিপদের সরিষাক্ষেতে দিনমজুরের কাজ করে। কয়েকদিন কাজ করার পর মালিক ফরহাদের কাছে মজুরির ১ হাজার ২০০ টাকা বকেয়া পান। ঘটনার দিন রাতে বিদ্ধিগাঁও বাজারে ফরহাদের কাছে মজুরির পাওনা টাকা চান জয়নউদ্দীন। দুইশত টাকা কম দেয়া নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফরহাদ উত্তেজিত হয়ে জয়নউদ্দীনের গলা টিপে ধরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে ওই রাতেই জয়নউদ্দীনের ছেলে মাজেদুর রহমান বাদী হয়ে তিন জনকে আসামী করে থানায় মামলা করেন। এবং পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য  বৃহস্পতিবার ২ মার্চ  ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

ওসি আরও জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্ত চলছে, দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।

সন্ত্রাস-চাঁদাবাজিতে অতিষ্ঠ মুরাদনগর এলাকাবাসী

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে এখন মূর্তিমান আতঙ্ক মতিন বাহিনী। এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি, জমি দখল, ভাড়ায় গিয়ে মাস্তানি, ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা আদায়, প্রবাসী পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা অভিযোগ রয়েছে। উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটংঘর, হোসনাবাদ এলাকায় এ বাহিনীর রয়েছে ব্যাপক তৎপরতা। এলাকার ব্যবসায়ী, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই বাহিনীর হাতে নাজেহাল হচ্ছে। মতিন বাহিনীর প্রধান আব্দুল মতিন, সেকেন্ড ইন কমান্ড আরাফাত, মিজান, আদিবসহ বেশ কয়েকজন এখন এলাকায় সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলেছে। এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় সম্প্রতি মেটংঘর বাজারের সততা ট্রেডার্সের মালিক আলমগীর হোসেনকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কুপিয়ে রক্তাক্ত করে মতিন ও তার বাহিনীর সদস্যরা। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

জানা যায়, সন্ত্রাসী বাহিনী গঠন করে বেশ কয়েক বছর ধরে বাঙ্গরা বাজার থানাধীন মেটংঘর বাজার এবং হোসনাবাদ এলাকায় নানা অপরাধ করে চলেছে সন্ত্রাসী আব্দুল মতিন। কিশোর গ্যাং, উঠতি বয়সি যুবক, মাদকসেবী এবং ছিঁচকে চোরের সমন্বয়ে এ বাহিনী গঠন করা হয়েছে। এলাকার প্রভাবশালীদের নানা কৌশলে ম্যানেজ করে প্রায় ২০-২৫টি গ্রামে প্রভাব খাটায় এ বাহিনীর সদস্যরা। এলাকার সালিশ বৈঠক, বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা আদায়, জমি দখল, প্রবাসী পরিবারের সদস্যদের ফাঁদে ফেলে অর্থ আদায়, ইভটিজিং, ধর্ষণ, দাঙ্গাহাঙ্গামা করে অর্থ উপার্জন করাই এ বাহিনীর কাজ। বাহিনীর প্রধান মতিনের বিরুদ্ধে নারী ধর্ষণ, চাঁদাবাজি, হত্যাচেষ্টাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া বাহিনীর প্রতিটি সদস্যের বিরুদ্ধে রয়েছে পৃথক মামলা। দিন যত যাচ্ছে এ বাহিনী ততই ভয়ংকর হয়ে উঠছে। তাদের বিরুদ্ধে কথা বললেই হামলা, মারধরসহ নানা ধরনের নাজেহালের শিকার হতে হয়।

প্রশ্ন এসেছে তাহলে পুলিশ কী করছে? তাদের সঙ্গে কি প্রভাবশালীদের পাশাপাশি পুলিশের কোনো সখ্য রয়েছে? নাকি গোলকধাঁধার মধ্যে রয়েছে ভুক্তভোগীরা? তাহলে এই বাহিনীর খুঁটির জোর কোথায়? এমন নানা প্রশ্ন এখন এলাকার বাসিন্দাদের মাঝে ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি এ বাহিনীর টার্গেটে পড়েছেন এলাকার বড় ব্যবসায়ীরা। মঙ্গলবার মেটংঘর বাজারের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান সততা ট্রেডার্সে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে মতিন ও তার বাহিনীর সদস্যরা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলমগীর হোসেন চাঁদা দিতে অস্বীকার করায় তাকে কোপানো হয়। এই হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী ওই ব্যবসায়ীর অভিযোগ, সন্ত্রাসী মতিন বাহিনীর বিরুদ্ধে পুলিশ চাঁদাবাজির মামলা না নিয়ে সাধারণ ধারায় মামলা নিয়েছে। চাঁদাবাজির অভিযোগ দিতে চাইলেও থানার সেকেন্ড অফিসার এসআই মোহন চন্দ্র চাঁদাবাজির মামলা নিতে অপারগতা প্রকাশ করেন। চাঁদাবাজির ধারা উল্লেখ করা হলে মামলা নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন।

এদিকে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে একজন ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় জড়িতরা গ্রেফতার না হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

হোসনাবাদ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, মতিন বাহিনীর অত্যাচারের মুখে ৫ বছর আগে বাড়িঘর ছেড়ে এখন কুমিল্লা শহরে অবস্থান করছি। তাদের ভয়ে এলাকায় যেতে পারছি না। তারা আমার কাছে চাঁদা চেয়েছিল। না দেওয়ায় আমার বাড়িঘর ভাঙচুর করে। গত কুরবানির ঈদে বাড়ি গিয়েছিলাম, কিন্তু আমাকে কুরবানি করতে দেয়নি ওরা। পরে প্রাণের ভয়ে বাড়ি ছেড়ে চলে এসেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক হোসনাবাদ এলাকার একজন প্রবাসী জানান, কোনো প্রবাসী দেশে এলেই তাদের ৫০ হাজার থেকে এক লাখ টাকা চাঁদা দিতে হয়। অন্যথায় তারা বাড়িতে এসে মারধর ও ভাঙচুর চালায়। তাদের ভয়ে অনেক প্রবাসী পরিবার গ্রাম ছেড়ে দিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে মতিন বাহিনীর প্রধান আব্দুল মতিন বলেন, আমি এলাকায় অন্যায়ের প্রতিবাদ করি, যারা অপরাধ করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি। তাই আমিসহ আমার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। মতিন বলেন, আমি ব্যবসায়ী আলমগীরের কাছে চাঁদা চাইনি। সে আমার লোকজনকে মারধর করেছে। তাই আমি প্রতিশোধ নিয়েছি।

নিয়েছি। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, মতিনের বিরুদ্ধে আগে কী কী মামলা রয়েছে আমার জানা নেই, তবে তার অতীত রেকর্ড দেখে আমরা দ্রুত অ্যাকশনে যাচ্ছি। সন্ত্রাস-চাঁদাবাজির ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ব্যবসায়ী আলমগীর হোসেনের ওপর হামলার ঘটনার পর থেকে সন্ত্রাসী মতিন ও তার সঙ্গীরা পলাতক রয়েছে। আমরা তাদের গ্রেফতারের চেষ্টা করছি।

নাটকীয়তার পর আদালতের নির্দেশে ফরহাদ হত্যার তদন্তে সিআইডি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের নানান তালবাহানা, নাটকীয়তার পর অবশেষে আদালতের নির্দেশে শ্রীমঙ্গলের আলোচিত স্কুলছাত্র ফাহাদের মৃত্যুকে হত্যা মামলা হিসেবে সিআইডিতে স্তানান্তর করা হয়। ইতোপূর্বে এই মামলাটি মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম মিছবাউর রহমানের নির্দেশে হত্যা মামলা হিসেবে এফআইআর করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি তিনি শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ’কে এ নির্দেশ দিয়ে আদেশে আদালত উল্লেখ করেন, বিধি মোতাবেক মামলা এফআইআর দায়ের করে ২৮ ফেব্রুয়ারি মামলার নম্বর, তারিখ ও প্রতিবেদন আদালতে প্রেরণ করতে হবে।

আদেশে ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের জন্য পুরো ঘটনাটি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সুপার মৌলভীবাজার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্তভার প্রদান করা হয়।

উল্লেক্ষ, গত বছরের ১২ অক্টোবর আনুমানিক সকাল ৬টার দিকে শ্রীমঙ্গল শহরের শাহিবাগ এলাকার রেললাইনের পাশে ঝোপের পাশ থেকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকার বাসিন্দা শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমানের ছেলে ফাহাদ রহমান মারজানকে (১৭) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্য মামলা করে রেলওয়ে (জিআরপি) পুলিশ।

সে শহরের শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া হাইস্কুল থেকে গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে (জিআরপি) পুলিশের ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী ও তদন্ত কর্মকর্তা এসআই মোল্লা সেলিমুজ্জামান এর দায়সারা তদন্ত ও আসামিদের শনাক্ত করার পরও অদৃশ্য কারণে তাদের গ্রেপ্তার না করায় ফাহাদের পিতা তদন্তে অনাস্থা জানিয়ে আদালতে মামলা করেন এবং কয়েকদফা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান।

এ ব্যাপারে ফাহাদের পিতা ফজলুর রহমান রেলওয়ে পুলিশের তদন্ত কর্মকর্তা ও ওসিকে অভিযুক্ত করে বলেন, শুরু থেকেই ওই দুই কর্মকর্তা তার ছেলের মৃত্যুর বিষয়টি অপমৃত্যু হিসেবে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

এসব বিষয়টি তদন্ত ও তার ছেলের প্রকৃত খুনিদের বের করার জন্য নতুন তদন্তকারী সংস্থা সিআইডি বরাবরে আবেদন করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রেলওয়ে পুলিশ আদালতের বিষয়টি স্বীকার করে বলে, আদালতের নির্দেশ মোতাবেক ফাহাদের অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে দায়ের করা হয়েছে এবং আদালতের নির্দেশনা মোতাবেক আইনানুগ সকল কাজ সম্পন্ন করা হয়েছে।

ত্বকের যত্ন নিতে ডিমের ব্যবহার

লাইফস্টাইল ডেস্কঃ নরম, কোমল ও উজ্জ্বল ত্বক কে না চায়। কিন্তু যত্নের অভাবে অনেকের মুখে বিভিন্ন সমস্যা দেখা যায়। তবে দুশ্চিন্তা না করে হাতের কাছের উপকরণ দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন। শুধু খাওয়া নয়, ডিমের ব্যবহারও অনেক। প্রোটিন, ফ্যাটসহ প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর ডিম। ত্বক ও চুলের যত্নে ডিমের ভূমিকা অনেক।

তারুণ্য ধরে রাখতে ডিমের ভূমিকা অনেক। চলুন তাহলে দেখে নেই কিভাবে ত্বকের যত্ন নিতে ডিমের ব্যবহার করা যেতে পারে-

উপাদানঃ 

একটি ডিমের সাদা অংশ, দুই টেবিল চামচ গাজরকুচি, এক টেবিল চামচ কাঁচা দুধ।

ব্যবহারের পদ্ধতিঃ 

ডিমের সাদা অংশ একটি বাটিতে নিয়ে এর সঙ্গে গাজর ও দুধ ভালোভাবে মেশান। এবার মিশ্রণটি আপনার ত্বকে ভালোভাবে লাগান। মিশ্রণটি শুকানোর জন্য ২০ মিনিট রাখুন। কুসুম গরম পানি দিয়ে মিশ্রণ তুলে ফেলুন। সপ্তাহে একবার মিশ্রণটি ত্বকে লাগান।

 

রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঠাকুনগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় ভোটার দিবস-২০২৩ খ্রিঃ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ও প্রসাশনের সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও’র প্রতিনিধি সহকারি কমিশার (ভূমি) ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার মো. নূর- ই- আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, পল্লী বিদ্যুৎতের ডিজিএম নেজামুল ইসলাম, আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসন বিপ্লব, মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক -রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাচন অফিসে ভোটার সেবা কার্যক্রম পরিচাললিত হয়।

কুমিল্লায় ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ২০৬ জন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লায় মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন হতদরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের ২০৬ জন। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুস ছাড়া সোনার হরিণ খ্যাত এই চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব তরুণ-তরুণী।

গত মঙ্গলবার সকালে কুমিল্লায় পুলিশ সুপার আব্দুল মান্নান ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এতে ১৮১ জন ছেলে ও ২৫ জন মেয়ে প্রাথমিকভাবে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত হয়েছে। এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বিনামূল্যে চাকরি পেয়ে পুলিশ সুপারকে খুশিতে কান্নায় জড়িয়ে ধরেন অনেক অভিভাবক। পরে দুপুরে পুলিশ লাইন্স শহীদ আরআই এবিএম আব্দুল হালিম মিলনায়তনে কনস্টেবল পদে ২০৬ জন উত্তীর্ণকে বরণ করে নেয় কুমিল্লা জেলা পুলিশ।

নিয়োগ পাওয়াদের মধ্যে সাধারণ কোটায় ১১২ জন, মুক্তিযুদ্ধ কোটায় ৪০ জন। পোষ্য কোটায় পুরুষ ১৮ ও নারী ২৫ জন, আনসার কোটায় ১১ জন ও ১ জন এতিম নিয়োগ পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান (অপরাধ), সদর সার্কেল এসপি কামরান হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান (ডিএসবি) প্রমুখ।

পুলিশ সুপার বলেন, প্রতিটি মানুষ যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সৎ হয়ে কাজ করেন তাহলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। স্মার্ট পুলিশ তৈরি করার জন্য ঢাকা পুলিশ হেডকোয়ার্টারের সহযোগিতায় স্বচ্ছভাবে কুমিল্লাতে ২০৬ জনকে নিয়োগ দিয়েছি। আলহামদুলিল্লাহ এখানে সবাই মেধাবী। এরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। ঘুস ছাড়া যেহেতু চাকরি হয়েছে তারা সৎভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি কুমিল্লায় কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়। এতে ৫ হাজার ৮২২ জন আবেদন করেন। শারীরিক যোগ্যতায় বাদ পড়ে লিখিত পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ১৮৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৭১ জন। পরবর্তীতে মৌখিক পরীক্ষায় কৃতকার্য হন ২০৬ জন।

চলছে মৌলভীবাজার পুলিশ সুপার গোল্ডকাপ টুর্নামেন্ট

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পুলিশ সুপার গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গত বুধবার (১লা মার্চ) সকালে। এম সাইফুর রহমান স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরমেয়র মো: ফজলুর রহমান।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, জেলা পুলিশের মূল উদ্দেশ্যই খেলার মাঠে প্রাণ ফিরিয়ে আনা এবং এজন্যই এই টুর্নামেন্টের আয়োজন। আগামী ৪ঠা মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিলেট রেঞ্জের সদ্য নবনিযুক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

আমন্ত্রিত অতিথিগণ শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের ম্যাচে কুলাউড়া উপজেলা ও মৌলভীবাজার সদর মুখোমুখি হয় এবং কুলাউড়া জয়লাভ করে।

প্রতিদিন খেলা অনুষ্ঠিত হবে সকাল ৯ টায় এবং দুপুর ১ টায়। প্রত্যেকদিন দু’টি খেলা করে অনুষ্ঠিত হবে।