মৌলভীবাজারে করোনা সংক্রমণের হার নেমে ৭ শতাংশে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে জেলায় করোনাভাইরাস শনাক্তের হার এসে দাঁড়ালো ৭ শতাংশে। সীমান্ত ঘেঁষা জেলাটি একসময় করোনার ভয়ানক রূপ দেখেছে, তবে গত এক সপ্তাহ থেকেই শনাক্তের হার কমে এসেছে।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ শতাংশ। এর আগের দিন মৌলভীবাজারে শনাক্তের ৯ দশমিক ৯ শতাংশ।

সর্বশেষ আপডেট অনুযায়ী, জেলায় বর্তমানে মোট আক্রান্ত ৭ হাজার ৯৭৩ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৩৮ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।

নতুন শনাক্ত ১১ জন জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ৬ জন, কমলগঞ্জের ১ জন, কুলাউড়া ৩ জন, রাজনগরের ১ জন। এ নিয়ে জেলায় ৭ হাজার ৯৭৩ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ জন। এদের মধ্যে ২৮ জন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের, ৫ জন কমলগঞ্জের, ৫ জন রাজনগরের। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৭৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

বিএনপির মাঝে বিরাজ করছে ফ্যাসিবাদি মানসিকতাঃ কাদের

রাজনীতি ডেস্কঃ বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদী মানসিকতার অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তার সরকারি বাসভবনে  এক ব্রিফিংয়ের সময় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘সরকারকে ফ্যাসিবাদি বলার আগে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত। তা হলে দেখতে পাবে নিজেরাই ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছে এবং তাদের মাঝে বিরাজ করছে ফ্যাসিবাদি মানসিকতা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘সরকার ব্যর্থতা আড়াল করতে দমন-পীড়ন চালাচ্ছে’; বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে বলেন, ‘শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়। গঠনমূলক সমালোচনাকে সরকার সব সময় স্বাগত জানায়।’

তিনি বলেন, ‘বিএনপি এমন রাজনৈতিক দল, যারা গত তের বছরে সরকারের একটি সফলতাও দেখতে পায়নি। শুধু দেখেছে কথিত ব্যর্থতা। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, বিআরটি, সারাদেশে ২২টি ফ্লাইওভার, ২০টির মতো আন্ডারপাসসহ উন্নয়নমূলক কাজ তাদের চোখে পড়ে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি নেতারা মনে শান্তি ও স্বস্তি খোঁজেন। কিন্তু তারা নিজেদের ব্যর্থতা চিহ্নিত করার কোনো উদ্যোগ বা প্রয়াস চালান না। কর্মী-সমর্থকদের ধাঁধার মধ্যে রেখে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায় বিএনপি, সার্বক্ষণিক সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে অথচ তারা বলে তাদের কথা বলার সুযোগ নাকি কমে আসছে। প্রতিদিন তাদের বক্তব্য পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায় আসছে, সংসদে আসন সংখ্যা অনুযায়ী প্রাপ্ত সময়ের বেশি সময় দেওয়া হচ্ছে। তাও বলে কথা নাকি কম বলতে দেওয়া হচ্ছে।’

‘ফখরুল সাহেব বিএনপি মহাসচিব হিসেবে সংসদে গিয়ে কথা বলতে পারতেন। কিন্তু নির্বাচিত হয়েও সংসদে না গিয়ে তিনি দ্বিচারিতা করেছেন।’ বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ নারীর মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী নাগর নদীতে ডুবে ২ নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কাঠালডাঙ্গী এলাকার সামিরুদ্দিনের স্ত্রী মাজেদা বেগম (২৫) ও আট ঘরিয়া এলাকার মৃত মুহাম্মদের মেয়ে রুবিনা বেগম (২৬)।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় নদীতে লাশ দুটি দেখতে পায় এলাকাবাসী।

পারিবারিক সূত্রে গেছে, আজ সকালে হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকা মাজেদা ও আটঘরিয়ার রুবিনা নাগর নদী ডুবে যান।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব বলেন, পানিতে ডুবে দুজন মারা যাওয়ার খবর পেয়ে লাশ উদ্ধারে টিম পাঠিয়েছি। এই ঘটনায় থানায় কেউ কোনো প্রকার অভিযোগ করেনি।

দক্ষিণ কোরিয়ার নতুন আইনে জরিমানা গুনলো গুগল

সিএনবিডি ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার নতুন আইনে গুগলকে গুনতে হলো ১৭৭ মিলিয়ন ডলার বা দেড় হাজার কোটি টাকার বেশি জরিমানা। আজ মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর জরিমানার বিষয়টি জানিয়েছে কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন (কেএফটিসি)।

গুগল ও অ্যাপলের আধিপত্যবাদী আচরণে লাগাম টানতে সম্প্রতি আইন পাস করে দক্ষিণ কোরিয়া, যেটি ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। সেই আইনের আওতায় জরিমানা করা হয়েছে গুগলকে। জরিমানার প্রতিক্রিয়ায় গুগল জানিয়েছে, তারা আপিল করবে।

সারাবিশ্বে ৮০ শতাংশ মোবাইল ফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। জনপ্রিয় এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি যাতে স্থানীয় স্মার্টফোন নির্মাতারা মডিফাই করতে না পারে তার সব ব্যবস্থা করে রেখেছে গুগল। আর দক্ষিণ কোরিয়ার আপত্তি এখানেই। মোবাইল অপারেটিং সিস্টেমের বাজার নিয়ন্ত্রণে গুগলের পরেই আছে আরেক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

তথ্যসূত্র : রয়টার্স, হিন্দুস্থান টাইমস, ব্লুমবার্গ।

তুরাগ নদীতে ৩ ছাত্রীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের পাইনশাইল এলাকায় তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যাওয়া নিখোঁজ ৩ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রিয়া আক্তার স্থানীয় সোলেমানের মেয়ে ও গাছপুকুর পাড় দাখিল মাদরাসার ৩য় শ্রেণির ছাত্রী।

উদ্ধার করা মৃত ৩ ছাত্রীঃ আইরিন গাছপুকুর পাড় দাখিল মাদ্রাসার ছাত্রী, রিচি ভাওয়াল মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী এবং মায়া ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিচি ও তার ছোট বোন রিয়া তুরাগ নদের শাখা লবণদাহ খালে গোসল করতে নামে। একই সঙ্গে তাদের খেলার সাথী মায়া ও আইরিনও নামে ওই খালে। তাদের কারোই সাঁতার জানা ছিল না। এখনও বন্যার পানি থাকায় খালে ছিল তীব্র স্রোত। হঠাৎ করেই ওই চার শিশু স্রোতে ভেসে যায়। এই দৃশ্য দেখে আশপাশের লোকজন পানিতে নেমে রিচিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মায়া আক্তার ও আইরিন আক্তারের মরদেহ উদ্ধার করে। তবে এখনও রিয়ার লাশ উদ্ধার করতে পারেনি ডুবুরি দল।

তালেবান নিজেদের দেওয়া প্রতিশ্রুতি ভাঙছে : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ তালেবান নিজেদের দেওয়া প্রতিশ্রুতি ভাঙছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। নারীদের ঘরে থাকার নির্দেশ, কিশোরীদের স্কুলে যাওয়া বন্ধ করা এবং পুরোনো শত্রুদের বাড়িতে বাড়িতে তল্লাশি করা সহ বেশ কিছু প্রতিশ্রুতি তারা অমান্য করেছে। খবর- রয়টার্সের।

রয়টার্সের খবরে বলা হয়, গতকাল সোমবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট বলেন, গত মাসে ইসলামপন্থী এ গোষ্ঠী ক্ষমতা দখলের পর আফগানিস্তান নতুন ও বিপজ্জনক এক অধ্যায়ে প্রবেশ করেছে। নারী, জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন আছেন। তালেবানরা নারীদের অধিকার নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল, গত তিন সপ্তাহ ধরে তার উল্টোটা করছে। দেশটিতে নারীদের সকল ক্ষেত্র থেকে আলাদা করছে তারা।

তালেবান সরকার গঠন নিয়ে হতাশা প্রকাশ করে মিশেল ব্যাচলেট বলেন, নারীদের অনুপস্থিতি এবং তাদের ওপর পাস্তুনদের আধিপত্য বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, কিছু জায়গায় ১২ বছরের বেশি মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, নারীদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো সেই ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত চলতে থাকা তালেবান শাসকের নিয়মের মতোই।

এ সময় সাবেক সরকারের কর্মচারী ও নিরাপত্তা কর্মকর্তাদের ক্ষমা করে দেওয়া এবং ঘরে ঘরে তল্লাশি বন্ধ করাসহ তালেবানদের বিভিন্ন প্রতিশ্রুতি ভাঙার ইঙ্গিত করেন ব্যাচলেট। তিনি আরও বলেন, এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি ও নিরাপত্তা বাহিনীতে যারা কাজ করেছেন তাদের বাড়িতেও তল্লাশির একাধিক খবর পেয়েছি। জাতিসংঘের কিছু কর্মী ক্রমবর্ধমান হামলা ও হুমকির কথা জানিয়েছেন।

আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রক্রিয়ার আহ্বান জানিয়ে ব্যাচলেট বলেন, আমি আফগানিস্তান সংকটের ভয়াবহতা অনুযায়ী সাহসী ও জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য এই কাউন্সিলের কাছে আমার আবেদনের পুনরাবৃত্তি করছি।

অন্যদিকে গত ১৫ আগস্ট তালেবানদের ক্ষমতা দখল, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের অচলাবস্থা, বিদেশি সহায়তা স্থগিত হয়ে যাওয়ায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে আফগানিস্তান। এই বিপর্যয় ঠেকাতে প্রয়োজন ৬শ মিলিয়ন মার্কিন ডলার। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুনেরস।

সূত্র : রয়টার্স।

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে মোছাঃ সবিতা বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত-রাতে উপজেলা ভাদুরিয়া ইউনিয়নের ধিয়াস- তেঘরা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রাম ও পারিবারিক সূত্রে জানা যায়, তেঘরা গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ বিল্লা মিয়ার স্ত্রী সবিতা বেগম প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ১০ টার দিকে রাতের খাবার শেষে নিজের ঘরে ঘুমাতে যায়। অপর দিকে বিল্লা মিয়া রাতের খবার শেষে মাছ শিকার করতে যায়।

রাত ২ টায় মাছ শিকার শেষে বাসায় ফিরে স্ত্রীকে ডাকে। কিন্তু তার স্ত্রী দরজা না খোলায় বিল্লা মিয়ার চিৎকারে এলাকার লোকজন জরো হয়। ঘরের দরজার ভেঙ্গে ভিতরে ঢুকে দেখেন সবিতা ঘরের বর্গার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন।

এমনতাবস্তায় পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করেন।  নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ওই গৃহবধূর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুবাইতে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্কঃ গতকাল সোমবার দিবাগত মধ্যরাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে করে স্ত্রীসহ দুবাইয়ের উদ্দেশে রওয়ানা করেন ২৬ বছর বয়সী পেসার মোস্তাফিজ। ভিসা জটিলতায় রবিবার সাকিবের সাথে তিনি যেতে পারেন নি।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। এর আগে আসরটি ভারতে অনুষ্ঠিত হলেও করোনা মহামারির কারনে মাঝপথেই থেমে যায়। আসর স্থগিত হবার আগে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন মোস্তাফিজ। দলের হয়ে প্রত্যেকটি ম্যাচেই খেলেছেন। সাত ম্যাচে ওভার প্রতি ৮.২৯ গড়ে রান দিয়ে নেন ৮টি উইকেট।

আগামী ২১ সেপ্টেম্বর রয়েছে মোস্তাফিজের রাজস্থান রয়্যালস নামবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। তার আগে অবশ্য ৭ দিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে ফিজকে।

 

উৎসবের আমেজে ক্লাসে ফিরলেন বাঞ্ছারামপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা

মো.নাছির উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি কলেজে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘ ১৭ মাস পর গত ১২ই সেপ্টেম্বর রবিবার কলেজ ক্যাম্পাস  খোলা হয়েছে। ছাত্রছাত্রীদের পদচারণায় কলেজে ফিরেছে প্রাণ। দীর্ঘ দিন পর চিরচেনা পরিবেশ ফিরে পাওয়ায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বইছে। কলেজ ক্যাম্পাসে তৈরি হয়েছে মিলন মেলা। সরকারি নির্দেশনা অনুযায়ী কলেজে স্বাস্থ্যবিধি ও নানা নির্দেশনা বাস্তবায়নে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

বাঞ্ছারামপুর সরকারি কলেজের দ্বাদশ মানবিক বিভাগের  শিক্ষার্থী মুক্তা আক্তার বলেন, করোনাভাইরাসের জন্য অনেক দিন কলেজ ক্যাম্পাস বন্ধ ছিল। বহু প্রতীক্ষার পর আজ খুলেছে।

দ্বাদশ মানবিক বিভাগের শিক্ষার্থী মাহমুদ সুলতান বলেন, ঘরবন্দি জীবন কষ্টের ছিল। কলেজ খোলার কারণে এখন থেকে বন্ধুদের সঙ্গে লেখাপড়ার পাঁশাপাশি আগের মতো খেলাধুলা করতে পারবো।

বাঞ্ছারামপুর সরকারি কলেজের আর, এস, এল ও জেলা রোভার লিডার প্রতিনিধি মো.চাঁন মিয়া সরকার বলেন, বহুদিন পর কলেজ খোলার কারণে আজ আমাদের কলেজের  প্রাণ ফিরে পেয়েছে। মনে হচ্ছে, আমি একটি উৎসবে যুক্ত হয়েছি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রবেশ পথে শরীলের তাপ মাত্রা মাপা হয়েছে,বিভিন্ন জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। রোভার স্কাউটস দল কলেজের  মাঠ পরিস্কার পরিছন্ন করতে দেখা গেছে, শ্রেণিকক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে  শিক্ষার্থীদের আসন বিন্যাস ও ক্লাস করতে দেখা গেছে, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সচেতনতা তৈরিতে কাজ করতে দেখা গেছে রোভার স্কাউটস দলসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ দেখে সন্তুষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা।

বাঞ্ছারামপুর সরকারি কলেজের বিভাগীয় প্রধান প্রাণিবিদ্যা এবং স্বাস্থ্য বিধি মনিটরিং সেল প্রধান মো.আমিরুল ইসলাম  বলেন, দীর্ঘ দিন পর আমাদের কলেজের প্রাণ ফিরে পেয়েছে। কলেজ বন্ধ থাকায় আমরা অলস সময় পার করেছি। এখন আবার ব্যস্ততা বেড়েছে। খুব ভালো লাগছে।

বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহিম বলেন, আমরা দীর্ঘ ১৭ মাস পর কলেজ খুলেছি সরকারি নির্দেশনা অনুযায়ী। কলেজ খোলার জন্য যা যা করনীয় আগে থেকেই আমাদের সকল প্রস্তুতি ছিল। আজ শিক্ষার্থীদের পদচারণায় কলেজের  প্রাণ ফিরেছে।স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের কলেজে ও শ্রেণিকক্ষে প্রবেশ করানো হয়েছে। কলেজে উৎসবের আমেজ বইছে। খুব ভালো লাগছে।

রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে হাসপাতাল গেটের সামনে ১৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে ট্রাক্টরের ধাক্কায় সুন্দরী বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধা  উপজেলার রায়পুর গ্রামডাঙ্গী গ্রামের আমীর হোসেনের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে সুন্দরী বেগম কোভিড ১৯  টিকা নেওয়ার জন্য রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলেন। হাসপাতাল গেটের সামনে পাকা রাস্তা পার হতে গিয়ে একটি ট্রাক্টরের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। আহত ও অজ্ঞান অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ ফিরোজ আলম বলেন, আহত ও অজ্ঞান অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

থানার ওসি এস এম জাহিদ ইকবাল ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা  ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে এসেছি। মৃত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।