বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত

নূর মোহাম্মাদ সম্রাট, বগুড়াঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালক মোতাহার হোসেন (৪০)।

গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে বগুড়া-নওগাঁ সড়কে আদমদীঘি উপজেলার শিবপুর বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল গ্রামের শরিফুল ইসলামের ছেলে আল আমিন (৩২)।

স্বজনরা জানান, আল আমিন ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ির দিকে ফিরছিলেন। পরে রাত ৯টার দিকে অটোরিকশা শিবপুর বাবলাতলা এলাকায় পৌঁছলে নওগাঁ ছেড়ে আসা বগুড়াগামী একটি অজ্ঞাত বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যাত্রী আল আমিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন রিকশাচালক মোতাহার হোসেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিকঃ প্রেসিডেন্ট জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের নেতাদের তীর্যক সমালোচনা উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “এটি সঠিক সিদ্ধান্ত ছিল, আমি কোনভাবেই যুদ্ধ দীর্ঘায়িত করবো না।” মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ পরিবহন বিমানটি কাবুল বিমানবন্দর ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে জো বাইডেন এ মন্তব্য করেছেন।

বাইডেন আরো বলেছেন, আফগান যুদ্ধ মোটেই মার্কিন জাতীয় স্বার্থ রক্ষা করছিল না। এছাড়া, সেনাদেরকে ৩১ আগস্টের পরে আফগানিস্তানের রাজধানীর নিরাপত্তা রক্ষার জন্য রাখা হলে তাতে সেনপাদের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যেত।

জো বাইডেন বলেন, “আমি পরিষ্কার করে বলতে চাই, ৩১ আগস্টের সময়সীমা কোনো আবেগনির্ভর সিদ্ধান্ত ছিল না। মার্কিন নাগরিকদের জীবন রক্ষার জন্যই এই সময়সীমা ঠিক করা হয়েছিল। আমি অন্তহীন যুদ্ধের সময়সীমা বাড়াতে চাই না আবার আফগানিস্তান থেকে বহু বছর ধরে মার্কিন সেনাদের প্রত্যাহার সম্পন্ন করতে চাই না। আমি কাবুল বিমানবন্দর থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি মূলত বেসামরিক ও সামরিক উপদেষ্টাদের সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে।”

প্রসঙ্গত, মার্কিন কংগ্রেসের অনেক আইন প্রণেতা এবং ইউরোপীয় মিত্ররা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি সেনা প্রত্যাহার ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া দীর্ঘায়িত করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তালেবান হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যে, ৩১ আগস্টের মধ্যে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার না করলে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে।

 

মুরাদনগরে বারোমাসী তরমুজ ও সাম্মাম চাষে সাফল্য

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা প্রতিনিধিঃ মাচায় ঝুলছে হলুদ রং এর তরমুজ। সাথে রয়েছে কেনিয়া ও রকমেলন/সাম্মাম। ঝুলন্ত হলুদ রং এর বাহারি তরমুজ দেখে মনে হচ্ছে হলুদের আভায় ছেয়ে গেছে সবুজ প্রকৃতি। তাইওয়ানের গোল্ডেন ক্রাউন জাতের হলুদ রংয়ের বারোমাসী তরমুজ, কেনিয়া ও সাম্মাম চাষ করে সাড়া তৈরি করেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের কৃষি উদ্যোক্তা সামসুল হক। তিনি ভূবনঘর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। নতুন জাতের এই বারোমাসী তরমুজ ও সাম্মাম এক নজর দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছেন সামসুল হকের খেতে। বাজারে ভালো চাহিদা ও দাম থাকায় এবং লাভজনক হওয়ায় নতুন জাতের এই বারোমাসী তরমুজ ও রকমেলন চাষে অনেক কৃষক আগ্রহ দেখাচ্ছেন।

মুরাদনগর সদর হতে গোমতী নদীর ব্রীজ পাড় হয়ে বেড়ি বাধের পাশে ভূবনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার অদূরেই ৩৫ শতক জমিতে সামসুল হকের তরমুজখেত। ৫০ দিন আগে ঢাকা থেকে বীজ সংগ্রহ করে এনে বীজ বপন করেন। এ পর্যন্ত জমি প্রস্তুত, সার, বীজ, মাচা, সুতা ও জাল বাবদ তাঁর খরচ হয়েছে ৬০ হাজার টাকা। কয়েকদিন পরই তরমুজ খাওয়ার উপযোগী হবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মালচিং পদ্ধতিতে বারোমাসী তরমুজ ও রকমেলন চাষ হচ্ছে। মাচায় ঝুলছে হলুদ তরমুজ, কেনিয়া আর সাম্মাম। সবুজ পাতার মধ্যে যেদিকে চোখ গেছে, শুধু হলুদ তরমুজ আর সাম্মাম ঝুলতেই বেশী দেখা গেছে। সামসুল হক ও তাঁর সহকর্মী জমিতে গাছের পরিচর্যা করছিলেন।

কৃষি উদ্যোক্তা সামসুল হক বলেন, “আমাদের ভুবনঘরের মাটিতে তরমুজ হয় না, এই কথাটি ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু কেউ চেষ্টা করে দেখেনি। করোনার মহামারির কারনে ব্যবসা বানিজ্য প্রায় বন্ধ বললেই চলে। মনে মনে ভাবলাম বসে থেকে কি লাভ, কৃষিতে একটু মনোযোগ দেওয়া যাক। আমি ইউটিউব দেখে বারোমাসী তরমুজ, কেনিয়া আর সাম্মাম চাষ করার উদ্যোগ নিই। যেই ভাবনা সেই কাজ। ৩৫ শতক জমি বন্ধক নিয়ে ঢাকা থেকে বীজ ও মালচিং পেপার সংগ্রহ করে বারোমাসী হলুদ তরমুজ, কেনিয়া ও দুই জাতের সাম্মাম নিয়ে কাজ শুরু করে দিলাম। কৃষি বিভাগ আমাকে সহযোগিতা করছেন। হলুদ তরমুজের গায়ের রং হলুদ হলেও ভেতরে লাল টকটকে। শিলাবৃষ্টি না হলে ও বৈরী আবহাওয়া না থাকলে ভালো টাকা বিক্রি করতে পারব বলে আশা করি।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাইনুদ্দিন আহমেদ সোহাগ বলেন, “বারোমাসী হলুদ তরমুজ ও রকমেলনের পুষ্টিগুণ অনেক বেশি, খেতেও মিষ্টি। সারা বছর চাষ করা যায়। এগুলো এতোদিন বিদেশে চাষ হতো। সম্প্রতি বাংলাদেশের কিছু কৃষি উদ্যোক্তা এ বারোমাসী তরমুজ চাষ করছেন। সামসুল হক একজন কৃষি উদ্যোক্তা। এর আগেও নতুন জাতের সবজি স্কোয়াশ ও ব্রোকলি চাষ করে ভালো সফলতা পেয়েছেন এবং স্কোয়াশ চাষে কৃষকদেরকে আগ্রহী করে তোলেছেন। তাঁর আগ্রহ থেকেই মুরাদনগরে এই প্রথমবারের মতো চাষ হয়েছে হলুদ তরমুজ ও রকমেলনের। আশা করছি সামসুল হক আর কয়েকদিন পর এই অঞ্চলে নতুন সফলতার গল্পের সূচনা করবেন। আমরা তাঁর সঙ্গে আছি। যেসব কৃষক এই জাতের তরমুজ চাষে আগ্রহী হয়ে আমাদের কাছে আসবেন আমরা তাদের কারিগরি সবধরনের সহযোগিতা দিয়ে যাব।’’

ফুলবাড়ীতে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফুলবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার  সকাল ১১ টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার। উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন রুকুর সঞ্চালনায় এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আপেল মন্ডল, হাফিজুর রহমান, রিয়াজুদ্দিন রিপন, সদস্য সচিব অপুর্ব লাল সেন, আহ্বায়ক আব্দুল খালেক, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সম্পাদক মোজাম্মেল হক মাষ্টার, ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেল সরকার প্রিন্স, কাশিপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলতাফ হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক জননেতা আব্দুল মান্নান মুকুল বক্তব্য রাখেন।

মৌলভীবাজারে আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) মৌলভীবাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সংগঠক ও সক্রিয় সদস্য মোহাম্মদ আজিজুর রহমান জাহিনকে (১৯) গ্রেপ্তার করেছে।

এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, উগ্রবাদী বই, প্রশিক্ষণ ও কৌশল বিষয়ক ম্যানুয়াল, প্রচারপত্রের সফট কপি, সংরক্ষিত ভিডিও, প্রিন্টেড বই জব্দ করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) ভোরে মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় পর মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কৌশলগত কারণে গ্রেপ্তারের বিষয়টি তাৎক্ষনিক জানানো হয়নি। মৌলভীবাজার সদর থানায় ঘটনার দিনেই মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। মোহাম্মদ আজিজুর রহমান জাহিন মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মোহাম্মদ আতাউর রহমান এর ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার ছাত্র।

পুলিশ সুপার আরও জানান, জাহিন অনলাইনে আনসার-আল ইসলামের উগ্রপন্থী মতাদর্শ প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন দীর্ঘ দিন থেকে এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করত। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য বিভিন্ন নিরাপত্তা অ্যাপসের মাধ্যমে যোগাযোগ রক্ষা করত। বিষয়টি নিয়ে আরও তদন্ত হচ্ছে এবং গ্রেপ্তারের পর স্বীকার উক্তি মূলক অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনি কিছু বলা যাবে না।

নেত্রকোণায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির বঙ্গবন্ধু কর্নার শুভ উদ্বোধন

নেত্রকোণা প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেসরকারী সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে মালনীস্থ প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’র শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।এ উপলক্ষ্যে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিধি মেনে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বেগম রোকেয়া’র সভাপতিত্বে কর্মসূচি পরিচালক স্বপন কুমার পালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাবলম্বীর উপ-পরিচালক কাজী ছহুল আহমেদ, কর্মসূচি পরিচালক কৃষিবিদ আলতাফুর রহমান সেলিম, গোলাম মোস্তফা রেজু, জেলা সমন্বয়কারী সঞ্জয় কুমার সরকার ও ব্যবস্থাপক কোহিনুর বেগম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কাজি মোঃ আবদুর রহমান বলেন, বিভিন্ন অফিস আদালত ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর কর্নার স্থাপন করার পাশাপাশি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নারের উদ্দেশ্য সফল হবে।

দিনাজপুরের নবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরন

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : বর্তমান প্রজন্মকে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টিতে উদ্বুদ্ধ করণের লক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

৩১ আগস্ট(মঙ্গলবার) বেসরকারী সংস্থা ল্যাম্ব সিসিটি প্রজেক্টের সহযোগীতায় ও সিডার ফান্ড হংকং এর অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে এ ডাস্টবিন বিতরন করেন।

এ সময় ল্যাম্ব সিসিটি প্রকল্প ব্যবস্থাপক, উৎপল মিন্ধসঢ়;জ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

প্রকল্প ব্যবস্থাপক জানান, ১০ সরকারী ও ৭ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২টি করে সর্বমোট ৩২টি ডাস্টবিন বিতরণ হয়েছে।

 

সাউথ আফ্রিকায় করোনার নতুন ভয়ঙ্কর ধরন শনাক্ত, অকার্যকর সকল টিকা!

আন্তর্জাতিক ডেস্কঃ এবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভয়ঙ্কর ধরণ “সি-ওয়ান-টু” শনাক্ত হয়েছে। এ ধরনটি আগের প্রায় সব ধরনের চেয়ে বেশি সংক্রামক এবং প্রাণঘাতী বলে জানিয়েছেন গবেষকরা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, করোনার নতুন এই ধরন মোকাবিলায় যেকোনো ধরনের টিকা অকার্যকর বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুটি গবেষণা সংস্থা।

এদিকে গবেষকরা জানিয়েছেন, টিকা নেয়া থাকলেও তার কার্যকারিতা নষ্ট করে দেয়ার ক্ষমতা রাখে করোনার সি-ওয়ান-টু ধরন। মে মাসে প্রথম এই ধরন ধরা পরে সাউথ আফ্রিকায়। এরপর একে একে চীন, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডেও পাওয়া যায় এ ধরন। করোনার এই নতুন ধরনে খুব দ্রুত মিউটেশন হয় বলে এর সংক্রমণের মাত্রাও বেশি।

সিএনএনের বরাত দিয়ে, দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইন্সটিটিউট ফর কমিউনিকেবল ডিজিজের ভাইরোলজিস্ট পেনি মুর জানিয়েছেন, তারা নতুন এই ভ্যারিয়েন্টে নজর রাখছেন। বর্তমানে আমরা এই ভ্যারিয়েন্ট নিষ্ক্রিয় করতে দক্ষিণ আফ্রিকায় সার্স-কোভ-২ সংক্রমণ পরবর্তী বা ভ্যাকসিনেশন থেকে প্রাপ্ত অ্যান্টিবডির প্রভাব মূল্যায়ন করছি। অনলাইনে প্রি-প্রিন্টে প্রকাশিত এক প্রতিবেদনে জানান গবেষকরা।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালের মে মাস থেকে দক্ষিণ আফ্রিকাজুড়ে তৃতীয় ঢেউয়ের সংক্রমণের সময় এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়ার সাত দেশেও এই ভাইরাসের দেখা মিলেছে। সার্স-কোভ-২ এর ভ্যারিয়েন্ট শনাক্তকরণ মূলত সংক্রমণের নতুন ঢেউ সংশ্লিষ্ট।

তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ না কি ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে মনোনীত করবে তা জানতে আরও সময় অপেক্ষা করতে হবে বলে মনে করছেন গবেষকরা। আর তাই কোনো গ্রিক হরফে এর নামকরণ করা হয়নি।

সিএনএনের বরাত দিয়ে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-৯ বিষয়ক টেকনিক্যাল প্রধান মারিয়া ভ্যান কারখোভ বলেন, বিভিন্ন ভ্যারিয়েন্টের পর্যবেক্ষণ ও মূল্যায়ন কাজ এখনো চলমান। ভাইরাসের অভিযোজন বুঝতে বিষয়টি গুরুত্বপূর্ণ। সে অনুযায়ী আমাদের কোভিডের বিরুদ্ধে লড়াই করতে কৌশলগত ব্যবস্থা অবলম্বন করতে হবে।

চীন থেকে দেশে এলো আরও ৫৬ লাখ ডোজ টিকা

সিএনবিডি ডেস্কঃ সোমবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের সিনোফার্মের বিবিআইবিপি-করভি টিকার আরও ৫৫ লাখ ৫৩ হাজার ৬৫০ ডোজ দেশে পৌঁছেছে। চুক্তির পর দেশে আসা এটাই চীনের সবচেয়ে বড় টিকার চালান।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা টিকার চালান গ্রহণ করেছি। এয়ারপোর্ট থেকে ফ্রিজার ভ্যানে করে বেক্সিমকোর গাজীপুরের ওয়্যার হাউসে রাখা হবে। এই ভ্যাকসিন সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে। ওখান থেকে বেক্সিমকোর ব্যবস্থাপনায় জেলা-উপজেলায় বণ্টন করা হবে।

উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত টিকা পাওয়ার পরিমাণ ৩ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৬০৭ ডোজ। কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে এসেছে মডার্নার ৫৫ লাখ, ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ এবং জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ৫৯ হাজার ৩৮৭ ডোজ টিকা।

দেশের ১০ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

সিএনবিডি ডেস্কঃ ভারতের উজানের পাহাড়ি ঢলে দেশের ছয়টি নদ-নদীর পানি ১৩টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার দরুন দেশের উত্তর, উত্তর-মধ্যাঞ্চল ও মধ্যাঞ্চলের ১০টি জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে যমুনা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় উভয় নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি বাড়ছে। এই পানি বাড়ার ধারা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের অপার মেঘনা অববাহিকার মনু ও খোয়াই ব্যতীত প্রধান নদীগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানায়, যমুনা নদীর আটটি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ফুলছড়ি পয়েন্টে ১০ সেন্টিমিটার, বাহাদুরাবাদ পয়েন্টে ১৪ সেন্টিমিটার, সারিয়াকান্দি পয়েন্টে ৩২ সেন্টিমিটার, কাজিপুর পয়েন্টে ৩১ সেন্টিমিটার, সিরাজগঞ্জ পয়েন্টে ৩৪ সেন্টিমিটার, পোড়াবাড়ি পয়েন্টে ৭ সেন্টিমিটার, মথুরা পয়েন্টে ৬ সেন্টিমিটার ও আরিচা পয়েন্টে ৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি বইছে।

এদিকে, পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানি বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে আত্রাই নদীর বাঘাবাড়ি পয়েন্টে পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। ধলেশ্বরী নদীর এলাসিন পয়েন্টে পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানি ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়ায় পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার অন্তত ৩৫ হাজার পরিবার। তলিয়ে গেছে নিচু এলাকার কয়েক হাজার হেক্টর জমির রোপা আমনসহ সবজি ক্ষেত ও আমনের বীজতলা।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিন আরও পানি বাড়তে পারে। তবে বুধবার থেকে (১ সেপ্টেম্বর) পানি আবারও কমতে শুরু করবে।

আর গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের  শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩.৭৫ মিটার। সোমবার (৩০ আগস্ট) ভোর ৬টায় এই পয়েন্টে পানির সমতল ছিল ১৩.৬৯ মিটার। গত ২৪ ঘণ্টায় যমুনায় পানি বেড়েছে ৬ সেন্টিমিটার।