বিএনপির বিক্ষোভ পদযাত্রার দিনে আ.লীগের শান্তি সমাবেশ

রাজনীতিক ডেস্কঃ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে আজ বিভিন্ন মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দল ও জোট। অন্যদিকে বিরোধী দলগুলোর এই কর্মসূচির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল এবং ছয়টি স্থানে ‘শান্তি সমাবেশ’ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শনিবার (৪ মার্চ) পৃথকভাবে এই কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ-বিএনপি।

যুগপৎ আন্দোলনের এ কর্মসূচিতে বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। কেন্দ্রীয় নেতাদের প্রধান করে গঠন করা হয়েছে সমন্বয় টিম। মূলত ১০ ডিসেম্বর থেকে বিএনপির প্রায় প্রতিটি কর্মসূচির দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে এ পাল্টা কর্মসূচি দিয়ে আসছে। যদিও দলটির নেতারা এটাকে পাল্টা কর্মসূচি বলতে চান না।

জানা গেছে, বিএনপির এই কর্মসূচি থেকে সাধারণ জনগণের দাবিকে সামনে রেখে ১১ মার্চ ঢাকাসহ দেশব্যাপী জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিকালে একযোগে মহানগরের ৯৯ থানা এবং ৮ স্থানে পদযাত্রা বের করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তরে ২৬ থানায়, দক্ষিণে ২৪, নারায়ণগঞ্জে ৩, গাজীপুরে ৮, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ৪, খুলনায় ৫, বরিশালে ৩, রংপুরে ৬ ও সিলেট মহানগরের ৫ থানায় এ কর্মসূচি পালন করা হবে। এছাড়া ৩ মহানগরে থানা না থাকায় বিভিন্ন ওয়ার্ড মিলে ৮ স্থানে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে ৩৩ ওয়ার্ডে মিলে ৫ স্থানে, ফরিদপুরে ২৭ ওয়ার্ড মিলে এক স্থানে ও কুমিল্লা মহানগরের ২৭ ওয়ার্ড মিলে দুই স্থানে পদযাত্রা বের হবে।

‘গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে’ হবে পদযাত্রা।

এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশব্যাপী সব মহানগরের অন্তর্গত থানায় পদযাত্রা সফল করতে নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

অপরদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগ জানিয়েছে, ঢাকায় আজ ১০টি জায়গায় সমাবেশ করবে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। চারটি হবে উত্তরে। আর দক্ষিণে ছয়টি স্থানে নির্বাচনী আসন ধরে সমাবেশ হবে। সব থানা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে এই ছয় সমাবেশে যোগ দেবেন। বেলা তিনটায় এসব সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আবার বিএনপির পদযাত্রা হবে বেলা দুইটায়। প্রায় কাছাকাছি সময়ে দুই দলের মিছিল ও পদযাত্রাকে ঘিরে দুই পক্ষের মুখোমুখি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান জানান, তাদের কর্মসূচির নাম শান্তি সমাবেশ। তাদের দিক থেকে কোনো অশান্তি সৃষ্টি হবে না। তবে বিএনপি আঘাত করলে আত্মরক্ষায় সর্বাত্মক চেষ্টা করবেন।

মহানগর উত্তরে চারটি সমাবেশ হবে মিরপুর ১ নম্বর গোলচত্বর, মোহাম্মদপুর টাউন হল, মধ্য বাড্ডা ও উত্তরার আমির কমপ্লেক্সের সামনে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ সমাবেশে উপস্থিত থাকবেন।

খুলনায় চিকিৎসকদের ৭দিনের কর্মবিরতি স্থগিত

স্বাস্থ্য ডেস্কঃ খুলনায় সাতদিনের জন্য চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিএমএ। আজ শনিবার (৪ মার্চ) খুলনা বিএমএ ভবনে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে বিএমএ নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে বিএমএ সভাপতি ডাক্তার শেখ বাহারুল আলম জানান, সিটি মেয়র এবং আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে তারা কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এখন থেকে চিকিৎসকরা কাজে যোগদান করছেন। তবে তারা এক সপ্তাহের মধ্যে এএসআই নাঈমকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার শর্ত দিয়েছেন।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দেয়ার প্রেক্ষিতে তারা কর্মবিরতি স্থগিত করেছেন। রোগীদের দুর্ভোগ নিরসনের জন্য তারা কাজে যোগ দিচ্ছেন।

একই কথা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

এর আগে, গতকাল শুক্রবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। ওই সময় চিকিৎসকরা অভিযুক্ত এএসআই নাঈমকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মসূচি পালনে অনড় ছিলেন।

চিকিৎসকদের টানা ধর্মঘটে অবর্ণনীয় দুর্ভোগে পোহাচ্ছেন জেলার রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন অনেকে।

প্রসঙ্গত, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলাকারী পুলিশের এসআই নাঈমুজ্জামানকে গ্রেপ্তার ও তার স্ত্রী নুসরাত জাহানের দায়ের করা কাউন্টার মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা।

ক্যানসারে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষায় তার ত্বকে ক্যানসার শনাক্ত হয়েছে। এরই মধ্যে ক্যানসার আক্রান্ত টিস্যুগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর রয়টার্সের।

গতকাল শুক্রবার (৩ মার্চ) এক চিঠিতে হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর জানিয়েছেন, ক্যানসার আক্রান্ত সব টিস্যু সরিয়ে নেওয়া হয়েছে এবং এর জন্য আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে বাইডেন ত্বক বিশিষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে যাবেন।

তিনি বলেন, ‘বায়োপসি করার পর ক্ষতস্থানটি সুন্দরভাবে নিরাময় হয়েছে।’

চিকিৎসক আরও জানান, যদিও ক্ষত সেরে গেছে, তবু মার্কিন প্রেসিডেন্ট তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে চর্মরোগ-সংক্রান্ত সতর্কতা অব্যাহত রাখবেন।

গত মাসে ৮০ বছর বয়সী বাইডেনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। ওই সময়ই তার ত্বকে ক্যানসার শনাক্ত করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের স্কিন ক্যানসার ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৩৬ লাখ মানুষের এ ক্যানসার শনাক্ত হয়। এটি ধীরগতিতে ছড়ায়, নিরাময়যোগ্য এবং শুরুতেই চিকিৎসা নিলে কোনো আশঙ্কা থাকে না।

দল বেধে বন্যপ্রাণি নিধন করল সাঁওতালরা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দল বেধে শেয়াল, বেজি,বাগডাসা, বনবিড়াল শিকার করল দিনাজপুরের সাঁওতাল পল্লীর ১৬ জনের একটি দল। গত মঙ্গলবার বিকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি গ্রামের ভুট্টা ও গম ক্ষেতে নিধনযজ্ঞ চালিয়ে তারা অর্ধশতাধিক বন্যপ্রাণি হত্যা করে। এ সময় তীর ধনুক, বল্লম, লাঠিসোটা নিয়ে গম ও ভুট্টা ক্ষেতে লুকিয়ে থাকা বন্যপ্রাণি শিকার করা দেখতে ওই এলাকায় শতশত নারী পুরুষ শিশুর ভীড় জমে য়ায়।

প্রত্যক্ষদর্শী বাবুল হোসেন, মজিদুল হক, বাদশা মিয়া জানান, সাঁওতালরা ১২/১৩ জন মিলে একটি ক্ষেত চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর ২/৩ জন ওই ক্ষেতের ভিতর ঢুকে দৈঘ্য- প্রস্থে যাওয়া আসা করে। এতে ক্ষেতের ভিতর লুকিয়ে থাকা বন্য প্রাণিরা প্রাণ ভয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। তখন সাঁওতালরা তীর বা বল্লম ছুঁড়ে প্রাণিদের শিকার করে।

তারা আরও জানান, শেয়াল,বেজি, বনবিড়াল ও বাগডাসা মিলে আজ সারা দিনে তারা পঞ্চাশটিরও বেশি বন্যপ্রাণি শিকার করেছে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস জানান, বন্যপ্রাণি শিকার করা আইনত দন্ডনীয় অপরাধ। বিষয়টি সম্পর্কে  খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

প্রাথমিক বৃত্তির সংশোধিত ফলে বাদ পড়েছে অনেক শিক্ষার্থী

শিক্ষা ডেস্কঃ নরসিংদীর শিবপুর উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর প্রথম ফলাফলে বৃত্তি পাওয়া অনেক শিক্ষার্থী বাদ পড়েছে সংশোধিত ফলে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা, মন খারাপে ভুগছে বৃত্তি থেকে বাদ পড়া শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম ফলাফলে যারা বৃত্তি পেয়েছে, দ্বিতীয় ফলাফলে তাদের বেশীরভাগ শিক্ষার্থী বাদ পড়েছে। আবার প্রথম ফলাফলে বৃত্তি পায়নি এমন অনেকে পেয়েছে।
উপজেলার ৯২নং কারারচর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম ফলাফলে ৪ জন বৃত্তি পায়। যার মধ্যে দুইজন আপন মিয়া ও নিলয় চন্দ্র ধর ট্যালেন্টপুল এবং অপর দুইজন অংকিতা রাণী ও মিরাজ সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। দ্বিতীয় ফলাফলে তারা সবাই বাদ পড়ে। 
এ ব্যাপারে শিবপুর উপজেলা শিক্ষা অফিসার নূর মো. রুহুল ছগির বলেন, ‘ফলাফলের ওপর আমাদের কোনো হাত নেই। আমরা পরীক্ষা নেয়ার পর জেলা অফিসে খাতা পাঠিয়েছি। জেলা থেকে খাতা মূল্যায়ন করে অধিদফতরে পাঠানা হয়ে থাকে। এরপর অধিদফতর ফলাফল প্রকাশ করে।’

দুই রকম ফলাফল বিষয়ে জানতে নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ খানের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। একইভাবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতও কল রিসিভ করেননি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। দুপুরে ফল প্রকাশের পর বিকেলে কারিগরি ত্রুটি হয়েছে জানিয়ে ফলাফল স্থগিত করা হয়। পরে বুধবার (০১ মার্চ) রাতে পুনরায় ফলাফল প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত ফলাফলে দেখা যায় ব্যাপক পরিবর্তন।

ইন্দোনেশিয়ায় জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ মার্চ) রাতে দেশটির জাকার্তা শহরে এ ঘটনা ঘটে।

আলজাজিরার তথ্যমতে, বজ্রপাতের কারণে একটি পাইপলাইন ফেটে গেলে আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়লে অনেক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইন্দোনেশিয়ার জ্বালানি চাহিদার প্রায় ২৫ শতাংশ এই ডিপো থেকে আসত। যদিও কর্তৃপক্ষ বলছে, তেলের সরবরাহে কোনো সমস্যা হবে না।

দেশটির সরকার অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছে।

এলডিসি সম্মেলনে যোগ দিতে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন এলডিসি-ফাইভে অংশ নিতে পাঁচ দিনের সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৪ মার্চ) বেলা সোয়া ১১টায় ঢাকা ত্যাগ করেন তিনি।

কাতারের রাজধানী দোহায় ৫ থেকে ৯ মার্চ পঞ্চম এলডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণে বাংলাদেশকে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাবেন।

স্থানীয় সময় বিকেলে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে কাতার সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম শেখ হাসিনাকে স্বাগত জানাবেন।

সফরের প্রথম দিনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি এবং ইউএনডিপির প্রশাসক অসিম স্টেইনার বৈঠক করবেন শেখ হাসিনা।

সফরের দ্বিতীয় দিন ৫ মার্চ সম্মেলনের বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। এছাড়া একইদিনে প্রধানমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে বৈঠক করবেন।

তৃতীয় দিন ৬ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত বিজনেস সামিট, আঞ্চলিক দূত সম্মেলনে অংশ নেবেন। এদিন শেখ হাসিনা মালয়ের রাষ্ট্রপতি লাজারাস মাকারথির সঙ্গে বৈঠক করবেন।

এরপর ৭ মার্চ স্বল্পোন্নত দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ বাড়ানোর ওপর গোলটেবিল বৈঠক, স্মার্ট বাংলাদেশ সম্পর্কিত অনুষ্ঠান, কাতার প্রবাসী বাংলাদেশি নাগরিকদের আয়োজিত কমিউনিটি ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ মার্চ সকালে ঢাকার উদ্দেশ্যে দোহার ত্যাগ করবেন।

 

সীমান্তবর্তী জিরো পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন; প্রশাসন নিরব!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ছাড় মেলেনি জিরো লাইন ঘেঁষা মৌলভীবাজারের জুড়ীর ভারত সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে ও অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দীর্ঘদিন যাবত জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া খেঁয়াঘাটের উজানে ভারত বাংলাদেশের আন্ত: সীমান্তবর্তী জিরো পয়েন্ট থেকে স্থানীয় প্রভাবশালীরা বালু উত্তোলনে প্রতিযোগিতা করে আসছে। প্রতিদিন প্রায় শতাধিক ট্রাক বোঝাই করে উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে এসব বালু। উক্ত এলাকার বিভিন্ন স্থানে প্রায় ১৪-১৫ টি স্পটে প্রকাশ্যে দিবালোকে চলছে উৎসবমুখর পরিবেশে বালু হরিলুটের চিত্র। শিলুয়া খেয়াঘাট বালু মহালের ইজারাদার জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম। তাঁর ইজারার নির্ধারিত সীমানার বাহিরে উজানের জিরো পয়েন্ট এলাকা থেকে জুয়েল রানার নেতৃত্বে চলছে এসব অবৈধ কর্মকান্ড।

যুবলীগ নামধারী ভোগতেরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জুয়েল রানার নেতৃত্বে এবং বড়ইতলী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সুরমান এর রক্ষণাবেক্ষণে এ হরিলুটের প্রতিযোগিতাপূর্ণ পুরস্কার প্রাপ্তির আশায় প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন এমন কর্মকান্ড!

প্রতিদিন গড়ে শতাধিক গাড়ী বালু বিক্রয় করে জুয়েল রানা। প্রতি গাড়ী ৪-৫ হাজার টাকা পর্যন্ত বিক্রয় করা হয়। ঘাটের নৌকার মালিক আজির উদ্দিন নামক এক ব্যক্তি উজানের সমস্ত বালু জিরো পয়েন্ট এলাকা থেকে নৌকা দিয়ে পরিবহন করে। এতে করে পরিবেশের বিনষ্ট করার দায়িত্ব যেমন নিয়েছেন তেমনি সরকারের রাজস্ব প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হারাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় মোকামবাড়ী ও শিলুয়া বিজিবি ক্যাম্প, স্থানীয় ভূমি অফিসে বারবার অভিযোগ করা হলেও রহস্যজনক কারনে অদৃশ্য হয়ে যাচ্ছে অভিযোগের বার্তা নেওয়া হয় না কোন পদক্ষেপ! নদীপাড়ের বাসিন্দারা অভিযোগ করেন এইভাবে চলতে থাকলে যেকোন সময় আমাদের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

সরজমিনে ঘটনাস্থল ঘুরে দেখা গেলো বালু মহালের দায়িত্বে থাকা ম্যানেজার খসরু জানান, এগুলো আমাদের ইজারাদার বদরুল ইসলাম এর নয়। যুবলীগের জুয়েল রানা উজান থেকে বালু উত্তোলন করিয়ে আমাদের ঘাটে নির্ধারিত রয়েলটি প্রদান করে বিক্রি করে।

শাহরুখের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে থানায় অভিযোগ ভুক্তভোগীর

বিনোদন ডেস্কঃ এবার শাহরুখের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে থানা-পুলিশে অভিযোগ করল এক ভুক্তভোগী। টাকা দিয়েও দীর্ঘদিন ধরে পাননি ফ্ল্যাটের চাবি, তাইতো বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত শাহরুখ ঘরনিও।

গতকাল বুধবার (১ মার্চ) ভারতের উত্তর প্রদেশের লখনউয়ে গৌরীর বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৪০৯ ধারায় (অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ) মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারীর নাম যশবন্ত শান। তিনি মুম্বাইয়ের বাসিন্দা।

গৌরীর বিরুদ্ধে অভিযোগ, তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের এক কোম্পানিকে ৮৬ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট বুক করার পরেও তিনি সেই ফ্ল্যাট পাননি তিনি। সেই ফ্ল্যাটটি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌরী খান। গৌরীর মতো তারকা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেই কোম্পানির ওপর বিশ্বাস করেছিলেন সেই ব্যক্তি।

শুধু গৌরী নয়, অভিযোগকারী ব্যক্তি তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সিএমডি অনিল কুমার তুলসিয়ানি এবং কোম্পানির ডিরেক্টর মহেশ তুলসিয়ানির বিরুদ্ধেও মামলা করেছেন।

এদিকে, শাহরুখ কিংবা গৌরীর তরফ থেকে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

রান্নার প্রতিযোগিতায় বিচারকদের সামনে হোটেলের বিরিয়ানি প্রদর্শন

অনলাইন ডেস্কঃ পাকিস্তানে একটি রান্না প্রতিযোগিতায় এলাকার হোটেল থেকে বিরিয়ানি এনে বিচারকদের সামনে প্রদর্শন করলেন এক প্রতিযোগী। সেটা দেখে রেগে চেয়ার ছেড়ে উঠে যান বিচারক। এক প্রতিবেদনে এমনটি দাবি করছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ‘দ্য কিচেন মাস্টার’ নামে পাকিস্তানে একটি রান্নার প্রতিযোগিতা হচ্ছে। সম্প্রতি সেই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, একজন প্রতিযোগী তার এলাকার বিখ্যাত হোটেল থেকে বিরিয়ানি কিনে এনে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন। বিচারদের কাছে বিষয়টি স্বীকারও করেছেন। বিষয়টি জেনে বিচারকরা ওই প্রতিযোগীকে চলে যেতে বলেন, কিন্তু তিনি প্রতিযোগিতা ছেড়ে যেতে অস্বীকৃতি জানান।

ওই প্রতিযোগী জানান, তাকে কেউ বলেনি বাইরে থেকে খাবার এনে প্রতিযোগীতায় অংশগ্রহণ করা যাবে না। তিনি খুব কষ্ট করে এই খাবার কিনে এনে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি এমন খাবার বানাতে পারবেন। তাই প্রতিযোগিতা ছেড়ে যবেন না তিনি।

এ সময় বিচারকরাও বলেন, এটাতো একটা প্রতিযোগিতা, এখানে নিজের বানানো খাবার দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে হয়। খাবার যিনি বানাবেন, যার খাবার সবচেয়ে ভালো হবে তিনিইতো নির্বাচিত হবেন।

বিষয়টা নিয়ে ওই প্রতিযোগী ও বিচারকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে একজন বিচারক মঞ্চ ছেড়ে চলে যান। ভিডিও ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে। কেউ কেউ প্রতিযোগীর পক্ষে কথা বলছেন। তারা প্রতিযোগীর আত্মবিশ্বাসকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, অনেকে বলছে, এটা জালিয়াতি অথবা বোকামি।