নবাবগঞ্জে পথচারীদের বিমোহিত করে পথের ধারে শাপলার সমাহার

দিনাজপুর প্রতিনিধি : সড়ক সংলগ্ন নয়নজলিতে ফুটে আছে সারি সারি লাল শাপলা। যেন সবুজ পাতার ফাঁকে লাল চাদরে আবৃত করে রেখেছে নয়নজলিকে। পথের ধারে এমন শাপলা ফুল দেখে থমকে দাঁড়ান পথচারীরা। এ লাল শাপলার সমাহার পথচারীদের মুগ্ধ করছে প্রতিনিয়ত। দিনাজপুরের বিরামপুর-নবাবগঞ্জ সড়কের নবাবগঞ্জ উপজেলার ছোট মহেশপুর গ্রামের সামনে গেলেই চোখে পড়ে এমন দৃশ্য।

ঐ গ্রামের যুবক গোলাম রব্বানী জানান, গ্রামের সামনে রাস্তার নয়নজলিতে বিশ্রাম নেয়ার জন্য তিন বছর পূর্বে গ্রামের যুবকেরা যৌথ উদ্যোগে নয়নজলির পানির উপরে বসার জন্য বাঁশ দিয়ে বসার স্থান নির্মান করেন। পরে বসার স্থানটির সৌন্দর্য বর্ধনের জন্য নয়নজলির পানিতে শাপলা ফুলের চারা রোপন করেন। পাশাপাশি চলে পরিচর্যা। আর সেই থেকেই দিন দিন ফুলের পরিধি বৃদ্ধি পেতে থাকে। চলতি বর্ষা মৌসুমে ফুটেছে হাজারো লাল শাপলা ফুল।

পথচারীরা জানান, পথের ধারে এমন শাপলা ফুলের সমাহার সচরাচর দেখা যায় না। এখানে দাঁড়িয়ে কিছুটা বিশ্রাম নিলে শাপলাফুলের সৌন্দর্যে মনে এনে দেয় প্রশান্তি। তারা বলেন, এটি যুব সমাজের একটি ব্যতিক্রমী অসাধারণ উদ্যোগ।

বছরজুড়ে এই নয়নজলিতে লাল শাপলা ফুল ফোটে। বর্ষাকালে বৃষ্টির পানিতে নয়নজলি পানি ভর্তি থাকে। আর শুষ্ক মৌসুমে ইরি-বোরো সেচের পানি দিয়ে এই নয়নজলি ভর্তি হয়ে যায়। এতে করে সারা বছরই এই নয়নজলিতে পানি থাকে। তাই সারা বছর এখানে লাল শাপলা দেখা যায়।

লাশ নিতে আসেনি স্বজনরা, দাফন করলো ছাত্রলীগ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সন্তানরা থাকেন ঢাকায়। ভাইয়েরাও অতিদরিদ্র। তাই কুড়িগ্রামের ফুলবাড়ী হাসপাতালে মারা যাওয়া বৃদ্ধা ফাতেমা বেওয়া (৬৫)’র লাশ নিতে আসেন নি কেউই। পরে সেই লাশ দাফন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার রাত ১১ টার দিকে ফুলবাড়ী কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়েছে।

জানা গেছে, বছর খানেক আগে ফাতেমা বেওয়ার স্বামী আজাহার আলী মারা যান। আপনজন না থাকায় স্বামীর বাড়ী লালমনিহাটের ছিনাই এলাকা থেকে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার সমন্বয় পাড়ায় ভাইয়ের বাড়িতে চলে আসেন তিনি। তার তিন ভাই অতি দরিদ্র। আর এক ছেলে এক মেয়ে অনেক আগে থেকে পরিবার নিয়ে ঢাকয় থাকেন। মায়ের দেখভাল করেন না। প্রায় দেড় মাস আগে অসুস্থ্য হয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ফাতেমা বেওয়া। অসুস্থ থাকাকালীন সময়েও কোন আপনজন বা আত্মীয়স্বজন হাসপাতালে তাকে দেখতে আসেননি কোনদিন। এক পর্যায়ে শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে মারা যান তিনি।

এদিকে মারা যাওয়ার পর বৃদ্ধার লাশ নেয়ার জন্য পরিবারের কাউকে খুজে পাওয়া যাচ্ছিলনা। এ খবর জানাজানি হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তার ভাইদের সাথে যোগাযোগ করলেও তারা লাশ নিতে অনিহা প্রকাশ করেন। পরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা বৃদ্ধার লাশ দাফনের উদ্যোগ নেন। রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের সামনে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জানান, বৃদ্ধা দেড় মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ দীর্ঘ সময়ে কোন আত্মীয়-স্বজন তাকে দেখতে আসেনি। মৃত্যুর পরেও কেউ লাশ নিতে চাচ্ছে না । তাই আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা দাফন-কাফনের ব্যবস্থা করেছি।

ফুলবাড়ী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. উম্মে হাফসা জানান, ওই বৃদ্ধা প্রায় দেড় মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। কেউ একজন ভর্তি করে গেছেন। নানারোগে ভুগছিলেন তিনি। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। পরে রাতে ছাত্রলীগের ছেলেরা তার দাফনের ব্যবস্থা করে।

লোহাগাড়ায় প্রবাসী ফাউন্ডেশনের অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রবাসীদের সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় গরীব ও রোগীদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। গত শুক্রবার লোহাগাড়ার পদুয়াস্থ  ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ফোজুল আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব নেতা জহেদুল ইসলাম তালুকদার, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (১) আলী আক্কাস, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদুয়ার ইউ.পি সদস্য কাউছার উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতার হোসেন, যুবনেতা আদেল চৌধুরী, যুবনেতা সোহেল চৌধুরী, মোঃএরশাদ, জহিরুল হক, ফরমানুল হক, সংগঠনের আমিরাবাদ ইউনিয়ন প্রতিনিধি তরুণ সমাজসেবক ইয়াছিনুল হক ছোটনসহ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নের গরীব ও অসহায় ১১ জন  মানুষকে মোট ৫০৫০০ টাকা প্রদান করেন। সংগঠনের নেতারা জানান এই মানবিক সহায়তা সবসময় অব্যাহত থাকবে। পরে লোহাগাড়া ও বৈদেশিক ৮ টি সংগঠনটি ইউনিটের কমিটি ঘোষণা করা হয় এবং সাংবাদিকদের সাথে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য  ও কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।

ফুলবাড়ীতে ভিজিডি’র তালিকায় নাম থাকা সত্বেও ইউপি চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতায় কার্ড পায়নি অনেকেই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডির চাল বিতরণে অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ উপকারভুগিদের। ভিজিডির চালের ডিও উত্তোলনের পরেও দীর্ঘদিন ধরে ভিজিডির কার্ডধারী বেশকিছু ভাতাভোগীর কার্ডের বিপরীতে তাদের প্রতি মাসের বরাদ্দকৃত চাল সময় মতো বিতরণ না করে ফেলে রাখাসহ উপকারভোগীদের নাম তালিকায় থাকা সত্বেও তাদেরকে কার্ড না দিয়ে চাল আত্মসাত্বের অভিযোগ উঠেছে উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মামুনুর রশীদ চৌধুরীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ভুক্তভুগিরা।

ভিজিডি চক্রে ২০২১-২০২২ অনলাইন তালিকায় নাম থাকা সত্ত্বেও ৭নং শিবনগর ইউপি চেয়ারম্যান মো: মামুনুর রশীদ চৌধুরী বিপ্লব তাদের কার্ড দেননি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন জোসনা, নাছিমা মরজিনা, ছালেহা, নুরবানুসহ একাধিক ভূক্তভোগী। কার্ড নিয়ে প্রতারণার শিকার ভূক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও এখন পর্যন্ত কোন প্রতিকার না পেয়ে অসহায় হয়ে পড়েছেন । বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাক্ষরিত উপজেলা (বিএমডিএ) সহকারী প্রকৌশলী মো: রেজাউল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু তদন্ত কমিটির প্রধানের বদলী জনিত কারনে তদন্তটি পিছিয়ে পড়ে।

ভিজিডির উপকারভোগী মহিলা তালিকার শিবনগর ইউপির ৯নং ওয়ার্ডের চককবির পালপাড়া গ্রামের গরীব অসহায় গজেন চন্দ্রের স্ত্রী সুবাসীনি রানী, একই ওয়ার্ডের মো: ছাইমুন এর স্ত্রী উপকারভোগী বিউটি রানী,৮নং ওয়ার্ডের মো: নুর হোসেন এর স্ত্রী মোছা: রুবিনা বেগম, একই ওয়ার্ডের মৃত মহিদুল এর স্ত্রী গোলাপী বেগম, নাছিমা বেগম, ছালেহাসহ অনেকেই জানান, ভিজিডি চক্রের ২০২১-২০২২ অনলাইন তালিকায় তাদের নাম থাকলেও এখননো কার্ড পায়নি তারা একবারও চাল দেয়া হয়নি তাদের। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের কাছে দিনের পর দিন ধরণা দিয়ে কোন কুল কিনারা না পেয়ে গত ৩রা জুন তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। এর পরেও কোন ফল পায়নি তারা।২০২১-২০২২ অনলাইন তালিকায় নাম থাকা ৪৪০জন উপকারভোগীদের ভিজিডি কার্ড নিয়ে সঠিক তদন্ত করা হলে ৭নং শিবনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই সঞ্চয়ের টাকা চেয়ারম্যানের পকেটে রেখে দেয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র ফুটে উঠবে এমন অভিযোগ ভূক্তভোগীদের।

এদিকে বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মিরা নড়েচড়ে বসলে, তড়িঘড়ি করে গত বুধবার চাল বিতরণ করেন ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মামুনুর রশীদ চৌধুরী বিপ্লব, খবর পেয়ে সরেজমিনে শিবনগর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা মেলে, পরিষদে স্বাস্থ্য বিধি ছাড়াই এলোমেলো ভাবে চাল বিতরণ করা হচ্ছে, অনেকের মুখে মাক্স নেই এবং ট্যাগ অফিসারের উপস্থিতি ছাড়াই বিতরণ করা হচ্ছে চাল। চাল নিতে আসা উপকারভুগি, আদরি, রাজিয়া মঞ্জিলাসহ অনেকেই বলেন ভিজিডির চাল প্রতিমাসে দেবার কথা থাকলেও সময়মত চালগুলো তাদেরকে দেয়া হয়না। গত ঈদের এক সপ্তাহ আগে চাল পেয়েছেন, এরপর গত বৃহস্পতিবার আবার পেয়েছেন।

সংশ্লিষ্ট দপ্তর এবং ভুক্তভুগিদের অভিযোগ সুত্রে জানা গেছে, শিবনগর ইউনিয়নে ভিজিডির উপকারভোগী মোট ৪৪০জন, মে ও জুন মাসের ২৬,৪০০ মে.টন চাল দীর্ঘদিন আগে উত্তোলন করা হলেও ওই চাল উপকারভোগিদের মাঝে বিভিন্ন অজুহাতে সময়মত বিতরণ করেননি ইউপি চেয়ারম্যান মো: মামুনুর রশীদ চৌধুরী বিপ্লব । অপরদিকে উপজেলার অন্য ইউনিয়নগুলোতে মে মাসের ভিজিডির চাল ২৫ মে এবং জুন মাসের ভিজিডির চাল ১৪ জুন বিতরণ করা হলেও শুধুমাত্র শিবনগর ইউনিয়নে সময়মত চাল বিতরণ না করায় হতাশ হয়ে পড়েছেন নিম্নআয়ের ভিজিডি চক্রের ৪৪০জন উপকারভোগী। ভিজিডি চক্রের উপকারভোগীরদের মধ্যে অনেকের নাম তালিকায় থাকা সত্বেও তারা এখোনো কার্ড পায়নি,সংশ্লিষ্ট ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে দিনের পর দিন ধরণা দিয়েও কোন কুল কিনারা না পেয়ে করোনাকালীন এই মহামারীতে কর্মহীন হয়ে পড়া শিবনগর ইউনিয়নের উপকারভুগিরা গরিব অসহায় মানুষ গুলো তাদের কাঙ্খিত সেবা না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। এজন্য তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয়টি নিয়ে শিবনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়ন সচিবের সাথে ঝামেলা ও তার ব্যক্তিগত সমস্যার কারণে ভিজিডির দুমাসের চাল বিতরণে দেরী হয়েছে।

ভিজিডি চক্রের উপকারভোগীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন,যারা অভিযোগ করেছে তাদের বাদ দিয়ে চাল বিতরণ করা হচ্ছে। চাল বিতরণে ট্যাগ অফিসার নিতে হবে এরকম কোন বাধ্যবাধকতা আছে কি না আমার জানা নেই ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল জানান, শিবনগর ইউপি চেয়ারম্যান তাদের কোন সরকারী নির্দেশনা মানছেননা। ভিজিডির সরকারী চাল উত্তোলনের পর তিনি কোনভাবেই সেগুলো বিতরণ না করে দীর্ঘসময় রাখতে পারেননা। জনপ্রতি ভিজিটি উপকারভোগীদের সঞ্চয়ের টাকা একাউন্টে জমা হবার কথা থাকলেও তিনি (চেয়ারম্যান) তার নিজের কাছে টাকা রেখে দিয়েছেন। এমনকি ভিজিডির উত্তোলনকৃত চাল বিতরণের জন্য ট্যাগ অফিসার নেবার কথা থাকলেও তিনি ট্যাগ অফিসার না নিয়ে ইচ্ছেমত চাল বিতরণ করেন।

জানতে চাইলে উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী (ট্যাগ অফিসার) মো: সোহানুর রহমান সুমন জানান, চাল বিতরণের চিঠি এলে তিনি নিজে শিবনগর ইউপি চেয়ারম্যান মো: মামুনুর রশীদ চৌধুরীর সাথে দেখা করে বার বার চাল উত্তলনের বিষয়ে বললেও তিনি কথা শোনেনা এবং কোনো প্রকার যোগাযোগ রাখেননা। বেশির ভাগ সময় মোবাইল বন্ধ পাওয়া যায়। নিজ খেয়াল খুশিমতো চলেন। তিনি বলেন ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে এপর্যন্ত চাল বিতরণের সময় তাকে (ট্যাগ অফিসার) কে কিছুই জানাননি। লোক মুখে জানতে পারলে উপজেলা নির্বাহী অফিসারকে আবগত করি।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন,ভিজিডি চক্রের ২০২১-২০২২ অনলাইন তালিকাভূক্ত উপকারভোগীদের বাদ দিয়ে ইউপি চেয়ারম্যান তাঁর নিজ খেয়াল খুশি মতো চাল বিতরণ করছেন এমন অভিযোগ করেছেন ভুক্তভুগিরা। বিষয়টি নিয়ে তিন সদস্য বিশিষ্ট্র একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভূয়া পুলিশের বেশে পুলিশের সাথেই প্রতারণা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ জনসাধারণের সাথে প্রতারণার অপরাধে পুলিশ আটক করে প্রতারককে। কিন্তু এবার মৌলভীবাজারে দেখা গেলো পুলিশের বেশে প্রতারণা, তাও পুলিশের সাথেই।

মৌলভীবাজারে পুলিশ কর্মকর্তাদের ফোন করে এক প্রতারক চক্র ডিবি (গোয়েন্দা) পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইত্যাদির সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। সেই প্রতারক চক্রের মূলহোতা জাকির হোসেনকে (২৭) গ্রেফতার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ। গেল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন থেকে মৌলভীবাজার জেলার সদর মডেল থানা, শ্রীমঙ্গল থানা ও জেলা ডিবির ডিউটি অফিসারসহ কয়েকজন অফিসারের মোবাইলে ডিবি পুলিশ, পিবিআই ও দুদক পরিচয়ে বেশ কয়েকটি ফোন আসে এবং চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে তৎপরতা শুরু করে। জেলা গোয়েন্দা পুলিশ এসময় ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সিলেট, যাত্রাবাড়ি, কুমিল্লা, সাতক্ষীরা, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের ৭০টিরও বেশি থানা থেকে জানতে পারে যে, বিভিন্ন মামলার আসামীদের তথ্য সংগ্রহ করে তাদের আত্মীয়-স্বজনের  মোবাইল নাম্বারে বিভিন্ন থানার অফিসার পরিচয়ে সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায় করে নেয় এই প্রতারক চক্র।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা এসমস্ত ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রতারকের অবস্থান নিশ্চিত হয়। এর ধারাবাহিকতায়, মৌলভীবাজারের গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল ইন্সপেক্টর মোহাম্মদ বদিউজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে এই প্রতারক চক্রের মূলহোতা জাকিরকে গ্রেফতার করে। এসময় তাঁর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১৭ টি সিম ও ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেফতার জাকিরের নামে মাদক ও প্রতারণার মোট ৯ টি মামলা তদন্তাধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়াও এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত চলমান আছে।

ফুলবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার অর্থ বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৭৫০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২ টায় বড়ভিটা ইউনিয়ন পরিষদ চত্বরে জিআর কর্মসূচির আওতায় ইউনিয়নটির বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, করোনায় কর্মহীন, গরীব দুস্থ ও অসহায় ৭৫০টি পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা করে মোট ৩ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়।
এসময় বড়ভিটা ইউপি চেয়ারম্যান খয়বর আলী মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা (ট্যাগ অফিসার) রায়হান উদ্দিন সরদার, ইউপি সচিব বাবুল হোসেন সহ ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

লোহাগাড়ায় বিপ্লব বড়ুয়ার সহযোগীতায় ধর্মীয়প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ধর্ম মন্ত্রনালয় কর্তৃক লোহাগাড়ার বিভিন্ন এলাকার মসজিদ-মন্দির উন্নয়নের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহযোগীতায় অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক হলে ২০টি মসজিদ-মন্দিরের সভাপতি হাতে মোট ৮ লক্ষ ১৫হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু। এসময় উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,  দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব,মাস্টার মুহাম্মদ মিয়া ফারুক, সাবেক ছাত্রনেতা ও আওয়ামীলীগ নেতা শাহিদুল কবির সেলিম, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ  আহসান হাবীব জিতু বলেন, বর্তমান সরকার অসহায় ও দুঃখী মানুষের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধর্মের মানুষের কল্যাণে কাজ করছেন।ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া  ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। উপজেলার ২০টি মসজিদ মন্দিরের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহযোগীতায় মোট ৮ লক্ষ ২৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

অধ্যাপক আলী আশরাফ (এম.পি) স্কয়ার হসপিটালের ICU’তে ভর্তি

সিএনবিডি ডেস্কঃ অধ্যাপক মোঃ আলী আশরাফ (এম.পি, কুমিল্লা-৭) সাবেক ডেপুটি স্পিকার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালের (আইসিউ) তে চিকিৎসাধীন আছেন। গত কিছুদিন পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে তাকে (আইসিউ) তে নেওয়া হয়। এছাড়া তিনি বার্ধক্যজনিত কারনে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

গত ২ জুলাই তিনি পেটে ব্যথা অনুভব হওয়ার পর চিকিৎসকের পরামর্শে পিত্তথলীর পাথর অপারেশনের জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষায় তাঁর ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা উপসর্গ দেখা দেয়। গত ৯ জুলাই নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত আইসিইউ’তে স্থানান্তর করা হয় ৭৪ বছর  বয়সী প্রবীণ এই রাজনৈতিক নেতাকে।

অধ্যাপক আলী আশরাফ (এম.পির) পি.এস মোঃ জসিম উদ্দিন ডিজিটাল বাংলা নিউজ এর সাথে আলাপকালে তিনি জানান, অধ্যাপক মোঃ আলী আশরাফ (এম.পি) এর শারিরিক অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া তার নির্বাচনী এলাকা কুমিল্লা-৭, চান্দিনা উপজেলার সর্বস্তরোর মানুষ তার সুস্থতা কামনা করে গত শুক্রবার মসজিদে মসজিদে নেতাকর্মীরা দোয়ার আয়োজন করেন।

উল্লেখ্য, অধ্যাপক আলী আশরাফ কুমিল্লা-৭, আসনের সংসদ সদস্য এবং পাঁচবার তিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। বর্তমানে তিনি একাদশ সংসদের “সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

চলতি বছরের নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা

শিক্ষা ডেস্কঃ চলমান মহামারি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়া হবে। আবশ্যিক বিষয়ের পরীক্ষা না নিয়ে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে, নৈর্ব্যক্তিক বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষাগুলো নেয়া হবে। আর যদি তা সম্ভব না হয় তবে আগের পাবলিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে নম্বর যুক্ত করে ফল প্রকাশ করা হবে।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদসহ অন্যান্য বোর্ডের চেয়ারম্যান।
এর আগে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে একাধিক প্রস্তাবনা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবে বলা হয়েছে, রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন বাদ দিয়ে কেবল বহু নির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) পরীক্ষা নেওয়া। বিষয় ও পূর্ণমান (পরীক্ষার মোট নম্বর) কমিয়ে পরীক্ষা নেওয়া। এক্ষেত্রে প্রতি বিষয়ের দুই পত্র একীভূত করা। পাশাপাশি ২০০ নম্বরের বদলে ১০০ নম্বরে পরীক্ষা নেওয়ার প্রস্তাবও রয়েছে। কিন্তু উভয়ক্ষেত্রেই করোনা পরিস্থিতির উন্নতি জরুরি। সংক্রমণের হার ১০ শতাংশের নিচে নেমে এলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নেওয়া। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কেন্দ্রের সংখ্যা বর্তমানের তুলনায় দ্বিগুণ করে এই পরীক্ষা নেওয়া। এমনটি সম্ভব না হলে এসএসসির ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলের ৫০ শতাংশ এবং অ্যাসাইনমেন্ট ও ক্লাস অ্যাকটিভিটিসের ওপর ৫০ শতাংশ ফলাফল নিয়ে ফল প্রস্তুত করা। এইচএসসির ক্ষেত্রে শিক্ষার্থীর এসএসসির ফলের ৫০ শতাংশ, জেএসসির ২৫ শতাংশ এবং অ্যাসাইনমেন্টের ফলের ২৫ শতাংশ সমন্বয় করে ফল প্রকাশ করা হবে।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণে ৯ চীনা ইঞ্জিনিয়ারসহ নিহত ১২

আন্তর্জারতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি বাসে বিস্ফোরণে নয় চীনা ইঞ্জিনিয়ারসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। এসব ইঞ্জিনিয়ার আপার কোহিস্তান জেলার দাসু জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন। এছাড়া, এই বিস্ফোরণে অন্তত তিন পাকিস্তানিও নিহত হয়েছেন। বিস্ফোরণটি রাস্তার পাশে পেতে রাখা বোমা না বাসটিতে রাখা কোনো বোমার কারণে ঘটেছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।

পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃবিতে জানায়, তাদের ৯ জন নাগরিক নিহত হয়েছে এই বিস্ফোরণে।

খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জম আনসারি জানিয়েছেন, নাশকতা বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে।

পাকিস্তানের একজন প্রশাসনিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ৩০ জনেরও বেশি চীনা প্রকৌশলীকে নিয়ে আপার কোহিস্তানের দাসু জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় যাচ্ছিল বাসটি। চীনের ‘বেল্ট এন্ড রোড’ উদ্যোগের অধীনে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) অংশ এই দাসু জলবিদ্যুৎ প্রকল্প। বেশ কয়েক বছর ধরেই চীনা প্রকৌশলীরা ও পাকিস্তানি নির্মাণ শ্রমিকরা এই প্রকল্পটিতে কাজ করছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেইজিং এ বিস্ফোরণের নিন্দা করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্তের জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সংসদীয় কার্যক্রম বিষয়ক উপদেষ্টা বাবর আওয়ান এটাকে কাপুরুষোচিত হামলা অ্যাখ্যা দিয়েছেন।