ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু, পোড়া মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পৌর শহরের একটি মার্কেটের গলি থেকে আগুনে পোড়া শান্তনা রায় মিলি (৪৫) নামে শহরের প্রারম্ভিক কিন্ডার গার্টেনের সাবেক  শিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে।

গত সপ্তাহের বৃহস্পতিবার সকালে শহরের একটি মার্কেটের গলি থেকে শহরের পরিচিত এই শিক্ষিকার আগুনে ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শহরের চৌরাস্তার পাশে শহীদ মোহাম্মদ আলী সড়কের পাশের একটি মার্কেটের গলিতে লাশটি পরে থাকতে দেখে ৯৯৯ এ খবর  দেয় এলাকাবাসী।  পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিহত শান্তনা রায়ের স্বামী সমীর কুমার রায় পঞ্চগড় চিনিকলের একজন চাকুরিজীবী। শহরের লোটো জুতার দোকানের শো রূমের মালিক তিনি? তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। দুই সন্তানেরই বিয়ে হয়ে গেছে। তাদের বাড়ি শহরের তাতীপাড়ায়।

মিলির এই মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে সিআইডি, পিবিআই ও পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।

নিহত মিলির স্বামী সমীর কুমার রায় জানান, রাতে খেলা দেখে তিনি ঘুমিয়ে পড়েন। তাদের ছেলে রাহুল জানান, রাত ১১ টায়ও তিনি শেষ কথা বলেছেন মায়ের সাথে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির পেছনে মিলির মরদেহ পড়ে থাকতে দেখে তিনি পুলিশে ফোন করেন।

মিলির স্বামী সমীর জানায়, মিলি মৃত্যুর আগে বাসার ডায়েরিতে তার রোগাক্রান্তের কথা উল্লেখ্য করে তার মৃত্যুর জন্য কেউ দায়ি নয় বলে লিখে গিয়েছে।

তবে প্রতিবেশিরা তার এই অনাকাঙ্খিত মৃত্যু মানতে পারছেন না । এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মৃতদেহটি আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা ছাড়া কিছুই বলা যাচ্ছেনা।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুলতানা রাজিয়া বলেন, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মিলির মোবাইল ফোন ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

ফুলবাড়ী সীমান্তে গাঁজাসহ দুই নারী আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে গাঁজাসহ দুই নারী মাদক চোরাকারবারীকে আটক করেছে। গত শুক্রবার সকাল ৯ টার দিকে কাশিপুর ক্যাম্পের হাবিলদার মাসুদ রানার নেতৃত্বে বিজিবির টহলদল গোপন সংবাদ পেয়ে সীমান্তের ৯৪৩ নম্বর পিলারের নিকটবর্তী মধ্য-কাশিপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী হেলেনা বেগম (৪৯) ও একই গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৪৮)। এসময় বিজিবির সদস্যরা তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা দুইটি মোবাইল সিম ও নগদ ২ হাজার ৮৫ টাকা উদ্ধার করেন।

লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার ছাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

 

করোনায় মৃত্যুঃ

গত ৯ জুলাই করোনায় দুইশ একুশ জনের মৃত্যু হয়েছে দেশে। সংখ্যার দিক থেকে এই সংখ্যাটাই সর্বোচ্চ। সারা দেশে লক ডাউন চলছে কিন্তু মানূষের চলাচল বন্ধ হয়নি। অনেকেই সঠিকভাবে মাস্ক ব্যবহার করছেনা। নাক মূখ উম্মুক্ত রেখে কানের সঙ্গে ঝুলিয়ে রাখে মাস্কটি। ইতিমধ্যে গরুর হাটের ব্যবস্থা সম্পন্ন হয়েছে বহু জায়গায়। কয়েকটি জিলায় হাট বসেও গেছে। এই সব হাটে স্বাস্থ্যবিধি মানছেনা অনেকেই। অবস্থাটি অব্যহত থাকলে মৃতের সংখ্যা বৃদ্ধি পাবে সন্দেহ নেই। সোশাল মিডিয়াতে অনেকে লক ডাউন নিয়ে বিদ্রুপ করছে। অনেকে প্রত্যাহার করারও দাবী জানিয়েছে। যুক্তি হিসাবে বলেছে উপার্জন ব্যহত হচ্ছে মানুষের। ঈদ উপলক্ষে সরকার এক কোটি মানুষের জন্য স্বল্প মূল্যে চাল বিতরনের ঘোষনা দিয়েছে। সুষ্ঠভাবে বিতরন হলে স্বল্প আয়ের মানূষের জীবন কিছুটা হলেও সহজ হবে। কিন্তু গরুর হাট সহ যেখানেই লোকসমাগম হচ্ছে সেখানে স্বাস্থ্য বিধি মেনে চলা জরুরী। বিধিনিষেধ মেনে হাটে গেলে সংক্রমন রোধ করা সম্ভব হবে। নাহয় বড় ধরনের ঝুকির মূখে পরবে বাংলাদেশ। গরুর হাট বন্ধ করে দেওয়াই সমীচীন হত। কিন্তু ব্যবসায়ীরা মানবেনা। বিরোধীরাও ব্যঙ্গ করে মানূষদের ক্ষেপিয়ে তুলবে। তাই গরুর হাটে বিধি নিষেধ মান্য করার নীতিমালা জরুরী। এই সব নিয়মনীতি আগাম পৌছানো উচিৎ ব্যবসায়ী এবং ক্রেতাদের কাছে। গরুর হাটের প্রবেশদারে পুলিশের উপস্থিতি প্রয়োজন মাস্ক ব্যবহার নিশ্চিৎ করতে। কোরবানী জরুরী কিন্তু মানুষের জীবন রক্ষা করে স্বাস্থ্যবিধি মানা আরও বেশী জরুরী। কেউ জানেনা কে করোনার ভাইরাস বহন করছে।

অন লাইনেও গরু বেচাকেন হচ্ছে এখন। ছবি দেখে ঘরে বসেই গরু কিনছে অনেকে। দেশের গরুর ফার্ম গুলি এখন যথেষ্ঠ আধুনিক। করোনা রোধে পদ্ধতিটি মন্দ নয়। তাছাড়া গুরু হাট পরিস্কার করতেও ব্যয় হয় অনেক টাকা। বিষয়টি মাথায় রেখে অন লাইনের বেচাকেনাই এখন নিরাপদ। প্রতি বছরই ঈদ উপলক্ষে প্রচুর ভারতীয় গরু প্রবেশ করে বাংলাদেশে। ভারতীয় ভাইরাস রোধে এবার গরু প্রবেশ করতে দেওয়া উচিৎ হবেনা। তাই সব ক’টি প্রবেশদ্বার বন্ধ রাখা জরুরী। গরু চালানের চোরাই পথটি কঠোরভাবে নিয়ন্ত্রন করতে না পারলে বিপদ হবে। বর্ডার গার্ডের সদস্যরা সতর্ক হলে এই ঝুকি এড়ানো সম্ভব হবে।

বাংলাদেশ প্রথম দিকে ভালভাবেই করোনা নিয়ন্ত্রন করেছিল। কিন্তু এবার অবস্থাটি ক্রমেই খাড়াপের দিকে যাচ্ছে। সরকার কঠোর হলেও মানুষের সচেতনতা বৃদ্ধি পায়নি। করোনা হলে এখন অন্যকে জানতেও দেয়না। এই গোপনিয়তা অন্যের বিপদ ডেকে আনছে। যদিও সরকার ক্রমশই কঠোর হচ্ছে এবং বিপদজনক এলাকা বন্ধ করে দিয়েছে কিন্তু মানূষ বিধিনিষেধ না মানলে মৃতের সংখ্যা কমবেনা। তাই বিনীত ভাবে সকলের প্রতি নিবেদন রইলো স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন সাময়ীক অসুবিধা হলেও।

আজিজুর রহমান প্রিন্স,

কলামিস্ট, ঢাকা, বাংলাদেশ।

অতি গরমে ফসল ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষীদের মাঝে নগদ অর্থ বিতরণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে অতি গরমে ফসল ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগীতায় এবং উপজেলা প্রশাসন, আত্রাই, নওগাঁর আযোজনে করোনা ভাইরাস সামাজিক দূরত্ব বজায় রেখে ৬৮ জন ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষীকে তেরশত পঞ্চাশ টাকা ও ২ জন বাগান মালিককে চার হাজার একশত টাকা বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ।বিতরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা কৃষিবিদ কেএম কাওছার হোসন, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কমকর্তা মোঃ কেরামত আলী, আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী ইসমাইল হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলাআওয়ামী লীগ নেতা এসএম হাসান সেন্টুসহ উপজেলায় কমরত প্রিন্ট ও ইলেকট্রো মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩০০ দরিদ্রকে ত্রাণ দিল কালের কন্ঠ শুভসংঘ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় করোনা পরিস্থিতিতে ৩০০ হত দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে দৈনিক কালের কন্ঠের শুভসংঘ। এ সময় সকলের মাঝে মাস্কও বিতরণ করা হয়।

গত সপ্তাহের বৃহস্পতিবার রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ও মীরডাঙ্গী সরকারি প্রাইমারি স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই ত্রাণ সামগ্রী দেওয়া হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত  ইউএনও প্রীতম সাহা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রাণীশংকৈল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ওসি জাহিদ ইকবাল, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন,  উপজেলা শুভসংঘের সভাপতি মহাদেব বসাক, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী, দৈনিক করতোয়া প্রতিনিধি মো.বিপ্লব, ডেইলি সান প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, শিক্ষক, শুভসংঘের প্রতিনিধি, ও জেলা-উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সুবিধাভোগীদের প্রত্যেককে ১০ কেজি চাল, ৩ কেজি আটা ও ২ কেজি ডাল দেয়া হয়। এ ত্রাণ সামগ্রী পেয়ে তারা কালের কন্ঠের শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেনমার্ককে হারিয়ে প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ১-১ গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়ে পেনাল্টির কল্যাণে পাওয়া গোলে ম্যাচ জিতেছে ইংলিশরা। দারুণ এ জয়ে ১৯৬৬ বিশ্বকাপ জয়ের ৫৫ বছর পর মেজর কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল তারা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের শুরু থেকেই ডেনমার্ককে চাপে রেখেছিল ইংল্যান্ড। তবে ৩০ মিনিটে পুরো ওয়েম্বলি স্টেডিয়ামকে চুপসে দেন মাইকেল ডমসগার্ড। ডি বক্সের অনেক বাইরে পাওয়া ফ্রি কিক থেকে জোরালো শটে জালে জড়ান তিনি। ওয়েম্বলি স্টেডিয়ামের মতো স্তব্ধ হয়ে যাওয়া ছাড়া তেমন কিছু করার ছিল না ইংল্যান্ডের গোলরক্ষক পিকফোর্ডের। এটিই চলতি টুর্নামেন্টে ফ্রি-কিক থেকে প্রথম গোল।

অবশ্য বিরতির আগেই স্বস্তি ফেরায় ইংল্যান্ড। ৩৮তম মিনিটে দুর্দান্ত এক সেভ দেন ডেনমার্ক গোলরক্ষক স্মাইকেল। এর মাত্র ৪৮ সেকেন্ডের মাথায় ম্যাচে সমতা ফেরে দলটির অধিনায়ক কায়েরের আত্মঘাতি গোলে। আর ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। এরপর ডেনমার্কের ওপর চাপ বাড়াতে থাকে ইংলিশরা।কিন্তু কেউই জালের দেখা না পাওয়ায় অতিরিক্ত সময়ে যায় ম্যাচ। ১০২ মিনিটের সময় পেনাল্টি পায় ইংল্যান্ড। মিখেল বক্সের ভেতর স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

আগামী রোববার এই মাঠেই টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত ইতালির বিরুদ্ধে শিরোপা লড়াইয়ে নামবে ইংল্যান্ড।

প্রেসিডেন্ট জোভেনেল ময়েস নিহতের পর হাইতিতে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস নিজ বাড়িতে অস্ত্রধারীদের হামলায় নিহত হওয়ার ঘটনায় জড়িত ৪ সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ বাহিনী। এর আগে, হাইতিতে জরুরি অবস্থা জারি করেন দেশটির অন্তর্বতী প্রধানমন্ত্রী ক্লড জোসেফ।

প্রেসিডেন্টের হত্যাকারীদের বিচারের আওতায় প্রতিশ্রুতি দিয়ে এক বিবৃতিতে তিনি জানান, আমি সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি । খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে আমি এবং সব মন্ত্রী কাজ করে যাচ্ছি এবং আমরা আপনাদের আশ্বাস দিতে চাই যে, হত্যাকারীরা বিচারের আওতায় আসবে।

উল্লেখ্য, একদল ব্যক্তি হঠাৎই তার বাড়িতে চড়াও হয়। তারা স্প্যানিশ ভাষায় কথা বলছিল বলে জানা গেছে। এ হামলায় গুরুতর আহত হন রাষ্ট্রপ্রধান এবং তার মৃত্যু হয়। এছাড়া গুরুতর জখম অবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনাকে ‘জঘন্য, অমানবিক ও বর্বর আচরণ’ বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী ক্লড জোসেফ।

যুক্তরাষ্ট্রের মায়ামির ভবন ধসের ঘটনায় ৫৪ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বুধবার পর্যন্ত মোট ৫৪টি মরদেহ উদ্ধার করা হলো। খবর রয়টার্সের।

রয়টার্স জানিয়েছে, এ ভবন ধ্বসের ঘটনায় প্রায় একশজন নিখোঁজ হয়েছে। তবে বুধবার দমকল বিভাগ একটি ব্যক্তিগত ব্রিফিংয়ে হতাহতের পরিবারের সদস্যদের জানিয়েছে, ধ্বংসাবশেষ থেকে আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই।

এর আগে গত ২৪ জুন প্রথমে ১২ তলা ভবন এর অর্ধেক ইউনিট ধসে যায়। এর পর ভবনের বাকি অংশ ৪ জুলাই রবিবার রাতে বিস্ফোরণের মাধ্যমে ভেঙে ফেলা হয়। ওই অংশে কোনো মানুষ ছিল না। রবিবার রাত ১০টার দিকে বিস্ফোরণের মাধ্যমে এটি ভেঙে ফেলা হয়। ১৯৮০ সালে ওই ভবন নির্মাণ করা হয়েছিল। এতে ১৩০টি ইউনিট ছিল।

তবে বিস্ফোরণের আগে বন্ধ করে দেয়া হয় উদ্ধারকাজ। ভবন ধসের কারণ এখনো জানা যায়নি।

 

মৌলভীবাজারে ১৩০০০ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারে করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে জেলার ১৩ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেবে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে মৌলভীবাজার স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসানের সঞ্চালনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্তসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

প্রথম পর্যায়ে জেলার ১৩ হাজার দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণ সহায়তা হিসেবে থাকছে ১০ কেজি চাল এবং ৫০০ টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।

প্রথম পর্যায়ে এই ত্রাণ কর্মসূচিতে জেলার ৫টি পৌরসভা এবং  ৬৭টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন৷

ফুলবাড়ীতে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৫ টি পরিবার পেল ঢেউটিন ও নগদ টাকা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ১৫ টি পরিবারের মাঝে ত্রাণ মন্ত্রনালয় প্রদত্ত ঢেউটিন ও টাকা বিতরণ করেছে উপজেলা ত্রাণ,পূনর্বাসন ও প্রকল্প বাস্তবায়ন বিভাগ। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার অফিসার সুমন দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, বড়ভিটা ইউপি চেয়ারম্যান খয়বর আলী মিয়া উপস্থিত  ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ জুন সন্ধ্যায় হঠাৎ ঘুর্নিঝড় শুরু হলে ওই ইউনিয়নের চর বড়লই গ্রামের ১৫ টি পরিবারের ঘরবাড়ী বিধ্বস্ত হয়।