হোমনায় দৈনিক যায়যায় দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো.নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায়  দৈনিক যায়যায় দিন পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩০জুন) সকাল ১১ টায় দৈনিক  যায়যায় দিন  পত্রিকার হোমনা প্রতিনিধি সোনিয়া আফরিনের  আয়োজনে  উপজেলা পরিষদ মিলনায়তনে  কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকারের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভুইয়া, পৌর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ওসি মো. আবুল কায়েস আকন্দ, পৌর আওয়ামীলীগের  সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন, মোসলেম।
এছাড়া, এ সময় আন্যান্যের মধ্যে উপজেলা প্রেসক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু,থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আক্তার হোসেন, হোমনা প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক মো.আবুল কাশেম ভূইয়া, সাংবাদিক কবি দেলোয়ার, মো. তপন মিয়া সরকার, মো. নাছির উদ্দিন, মো. আবু হানিফ, মো. মাইনুল ইসলাম মিশুক , মো. হাফিজুল ইসলাম, মো. সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঢাকার বাস সার্ভিস- ২

বাংলাদেশের বেশিরভাগ মানুষই বাসে চলাচল করে। বাধ্য হয়ে কেউ কেউ ভিন্ন যানেও চড়ে। রিক্সা, সি এন জি’র সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে বাসের অব্যবস্থাপনার কারনেই। বাস সার্ভিসের সংস্কার নিয়ে একটি ভাবনা করা যেতে পারে। উন্নত দেশের মত সরকার চালিত বাস সার্ভিস হলে অবস্থাটির পরিবর্তন আশা করা যায়। পরিচালনায় থাকবে সিটি কর্পোরেশন। নিয়ন্ত্রন করবে শহরের মিউনিসিপ্যাল কতৃপক্ষ। শহরের সব ক’টি রুটে বাস চলবে সিটি কর্পোরেশনের অধীনে। প্রশিক্ষিত চালক বাস চালাবে। আধুনিক কায়দায় টিকিট বক্সে থেকে টিকিট ক্রয় করে বাসে চড়তে হবে। নির্দিষ্ট ষ্টপেজ ছাড়া কোথায়ও বাস থামবেনা। বাস ষ্টপেজের জায়গায় অন্যকোন গাড়ী দাড়াতে পারবেনা। টিকিট ছাড়া কেউ বাসে উঠলে বা পুরনো টিকিট দেখালে মেশিন শব্দ করে বেজে উঠবে। যাত্রী উঠানামার জন্য নির্দিষ্ট স্থানেই দাড়াতে হবে নামতে হবে। ভোর ৬ টা থেকে ৯ টা এবং বিকেল ৩ টা থেকে ৭ টা পর্যন্ত ৫ মিনিট ব্যবধানে বাস চলাচল করবে। বাকী সময় ১০ মিনিট অপেক্ষা করতে হবে বাসের জন্য। বাসের এই সার্ভিস নিশ্চিত হলে বেশীরভাগ মানুষ বাসে চলাচল করবে। রিক্সা, সি এন জি নিরুৎসাহিত হবে।

রাস্তায় যে সব চিহ্ন আঁকা রয়েছে তা আলপনা নয় আইন। চালকরা পথযাত্রী পারাপারের চিহ্নটিও মানেনা। চিহ্নের উপরই দাঁড়িয়ে যায় সকলে। রাস্তায় অঙ্কিত দাগের অর্থটিও বোঝেনা অনেকে। বাস সাধারনত কম গতীর লেনে চলাচল করে এবং রাস্তার কিনার ঘেষে দাঁড়ায় যাত্রী উঠানামার জন্য। এই নিয়মটি নিশ্চিত হলে রাস্তার গতিটি থেমে থাকবেনা। সব দেশেই হাত তুলে নয় ট্রাফিক বাতি রাস্তা নিয়ন্ত্রন করে। আইন অমান্য করলে জরিমানা গুনতে হয়। বাংলাদেশে ট্রাফিক আইন আরও কঠোর করতে হবে এবং পুলিশ শুধু অপরাধকে নিয়ন্ত্রন করবে। গাড়ী থামিয়ে ঘুষ নেওয়া বন্ধ করতে হবে। শহরে টাউন সার্ভিস পরিচালনা করবে সরকারী বাস। প্রাইভেট বাসগুলিকে আন্তনগর সার্ভিসে যুক্ত করা যেতে পারে। শ্রমীক সমিতি এবং মালিক সমিতি ছাড়াও স্থানীয় নেতারা চাঁদা আদায় করে বাস থেকে। প্রতিটি বাস টার্মিনাল এখন মস্তানদের বড় আখড়া। বাস সার্ভিসে উৎপাদিত আয়ের বড় অংশ নেতাদের তুষ্টিতেই ব্যয় হয়। কিছু না করেই শ্রমীক নেতারা ধনী। পুলিশের পকেটেও অর্থ ঢোকে প্রতিদিন। বাস শ্রমিকদের চুরি আর চঁদা পরিশোধ করে মালিকরাও প্রত্যাশিত আয় ঘরে তুলতে পারেনা। দেউলিয়া হয়ে নিঃশ্ব হয়ে গেছে অনেক বাসের মালিক। শ্রমিক নেতারাই এখন বাসের মালিক। রাজস্ব ভাগ হয়ে যায় বিভিন্ন টেবিলে আর পকেটে। উৎপাদিত রাজস্ব ভাগাভাগি হয় আর সরকার হারাচ্ছে রাজস্ব। বেপরোয়া বাস চলাচল দেখেও পুলিশ নিরব থাকে। এই নৈরাজ্য কেউ জানেনা তা সঠিক নয়। যোগসূত্রটি বহুদুর। এখন সরকারও এই চক্রের কাছে জিম্মি হয়ে পরেছে। কঠিন হলেই হুমকি দেয় যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার। চলবে…….

আজিজুর রহমান প্রিন্স,

কলামিস্ট, ঢাকা, বাংলাদেশ।

রাণীশংকৈলে করোনা ভাইরাস রোধে প্রশাসনের মনিটরিং এবং পথসভা

হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায়  করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার এরই প্রেক্ষিতে গত ২৯ জুন মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে এবং কঠোর লকডাউন বাস্তবায়ন করতে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ করা হয়।

পরে রাতে পৌর শহরের চৌরাস্তা মোড়ে সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

আরো বক্তব্য দেন, পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (সার্কেল)  তোফাজ্জল হোসেন, ওসি জাহিদ ইকবাল, ওসি তদন্ত আঃ লতিফ শেখসহ অনেকে। বক্তারা সবাইকে মাস্ক ব্যবহার করতে এবং অহেতুক বাড়ির বাইরে চলাচল বন্ধ করতে অনুরোধ জানান। সরকারি আদেশ মান্য করার জন্য সকলের প্রতি আহবান জানান এবং লকডাউন বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

শক্তিশালী জার্মানদের হারিয়ে অবিশ্বাস্য জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক /S.H:

জার্মানি বিপক্ষে ম্যাচ জয়টা সহজ নয়৷ সব চেয়ে বেশি বিশ্বকাপ খেলা এই দল ইউরো কাপ নিয়েছে তিনবার। তবে এই আসরের মত এতটা শোচনীয় অবস্থা হয়নি জার্মানির কখনোই। প্রথমবারের মত নক আউট থেকে বিদায় নিল শক্তিশালী জার্মানি। মঙ্গলবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইংলিশদের কাছে ২ -০ গোলে হেরে ২০২০ ইউরো আসর শেষ করে জার্মান শিবির।

২৯ জুন লন্ডনের ওয়েম্বলিতে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইউরোপের অন্যতম শক্তিশালী দল জার্মানি ও ইংল্যান্ড। নিজেদের আক্রমণাত্মক খেলা দিয়ে ম্যাচ শুরু করা জার্মান ফুটবলাররা গোলের দেখা পাচ্ছিলো না কোন ভাবে। ইংলিশদের তুলনায় অনেকটা ভালো খেলেও গোল করতে পারছিল না জার্মান বাহিনী। গোলের জন্য মরিয়া হয়ে উঠলে দু’দলের কেউ প্রথমার্ধের বল জালে পাঠাতে সক্ষম হয়নি। বিরতির পর জার্মান বাহিনী চাপ বাড়িয়ে দিলেও গোলের দেখা মিলছিল না কোন ভাবে। কিন্তু জার্মানির জন্য অঘটন ঘটে খেলার ৭৫ মিনিটে। ইংলিশ ফুটবলার পল রাহিম স্টার্লিং-এর করা গোলে আনন্দে ভেসে উঠে ইংলিশরা। গোল শোধের জন্য জার্মানি যখন একের পর এক আক্রমণ করছেন, তখন নিজেদের ডিফেন্স ঠিক রেখে ৮৬ মিনিটের মাথায় অধিনায়ক হ্যারি কেইন করেন আরও একটি গোল। এই গোলের মধ্যে দিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ হারিয়ে ফেলে শক্তিশালী জার্মান বাহিনী। শেষের কয়েক মিনিটের ম্যাচে কোন অসাধারণ খেলা দেখাতে সক্ষম হয়নি জার্মানরা। ইংলিশ কাছে হেরে প্রথমবারের মত শেষ ষোলোতে থামতে হলো ইউরোপের অন্যতম সেরা দল জার্মানিকে।

লঙ্কানদের হারিয়ে জয় দিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক /S.H:

শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাঁচ ইউকেটে জয় তুলে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১৮৫ রানে গুটিয়ে যাওয়া শ্রীলকাকে পাঁচ ইউকেটে হারিয়ে জয় ছিনিয়ে নেয় ইংলিশরা।

২৯ জুন থেকে শুরু হওয়া ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে টসে হেরে ব্যাট করতে নামেন লঙ্কানরা। ম্যাচে শুরু থেকেই ইংলিশ বোলারদের চাপে থাকেন লঙ্কান বাহিনী। অধিনায়ক কুশল পেরেরা, মিডল অর্ডারে হাসারাঙ্গা ও চামিকা করুনারত্নের ব্যাটে রান কোনমতে দুইশর কাছাকাছি যেতে পারেন দলটি। দলের হয়ে ৮১ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক কুশল পেরেরা। হাসারাঙ্গা করেন ৬৫ বলে ৫৪ রান এবং চামিকা করেন ৩৩ বলে ১৯ রান। এরপর লঙ্কানদের আর কেউ ১০ গন্ডিতেও পৌছাতে পারেনি। ৪২.৩ ওভারে মাত্র ১৮৫ রানে অল আউট হয় পেরেরা বাহিনী। ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেন ক্রিস ওকস। এছাড়া ডেভিড উইলি বল হাতে তুলে নেন দু’টি উইকেট ও মইন আলী বল হাতে নেন একটি উইকেট। আর বাকি দুটি ছিল রান আউট। জয়ের লক্ষ্যে মাঠে নেমে খুব বেশি কষ্ট করতে হয়নি মরগান বাহিনীদের। ২১ বলে ৪৩ রানের একটি দারুণ ইনিংস খেলেন জনি বেয়ারস্টো। কিন্তু ফার্নান্দোর বলে বোল্ড হয়ে ফিরতে হয় বেয়ারস্টোকে। অধিনায়ক মরগান দলের জন্য তেমন কোন কিছু করতে পারেনি। মাত্র ১৭ বলে ৯ রান করে মাঠ ছাড়েন ইংলিশ অধিনায়ক। এরপর মাত্র ৮ বলে ৩ রান করে আউট হয় আরেক ইংলিশ ব্যাটসম্যান বিলিংস। তারপর দলের হাল ধরেন ইংলিশ ব্যাটসম্যান রুট৷ দলের হয়ে ৮৭ বলে সর্বোচ্চ ৭৯ রান করেন এই ইংলিশ ব্যাটসম্যান। ৫৭ বলে ২৮ রান করেন মঈন আলী৷ ৯ বলে ৯ রানে অপরাজিত থাকেন স্যাম কুরান। সহজ জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। লঙ্কানদের হয়ে তিনটি উইকেট নেন দুশমন্থ চামিরা। ফার্নান্দো ও করুনারত্নে নেন একটি করে উইকেট। ১ জুলাই অনুষ্ঠিত হবে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু, নতুন শনাক্তের রেকর্ড

সিএনবিডি ডেস্কঃ দেশে চলমান মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৫০৩ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে নতুন আরও ৮ হাজার ৮২২ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন।

আজ বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছিল ১১২ জনের এবং শনাক্ত হয়েছিল ৭ হাজার ৬৬৬ জন।

এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১১২ জনের। সে পর্যন্ত এটি ছিল দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এরপর গত ২৫ জুন ২৪ ঘণ্টায় ১০৮ জনের মৃত্যু হয়ে দ্বিতীয় মৃত্যুর রেকর্ড হয়। তবে অতীতের সকল রেকর্ড ভেঙে রোববার (২৭ জুন) ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ১১৯ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৫৬৫টি ল্যাবরেটরিতে ৩৭ হাজার ৮৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ১০৫টি। দেশে এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৬ লাখ আট হাজার ৯২৭টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। দেশে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৮২ শতাংশ।

একই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫০ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ১৬ হাজার ২৫০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৭২ জন ও নারী ৪৩ জন। মোট মৃত ১১৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ জন, বেসরকারি হাসপাতালে ১৯ জন ও বাসায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বয়সের হিসাবে বিশোর্ধ্ব চারজন, ত্রিশোর্ধ্ব ১২ জন, চল্লিশোর্ধ্ব ১৭ জন, পঞ্চাশোর্ধ্ব ২৫ জন ও ষাটোর্ধ্ব ৫৭ জন।

বিভাগ হিসাবে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ২৩ জন, রাজশাহীতে ২৩ জন, খুলনায় ৩০ জন, বরিশালে ২ জন, সিলেটে ৩ জন, রংপুরে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে।

 

সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পাস

সিএনবিডি ডেস্কঃ আজ ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে ২০২১-২২ অর্থবছরের বাজেট। পাস হওয়া বাজেটের আকার ধরা হয়েছে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা যা মোট জিডিপির ১৭ দশমিক পাঁচ শতাংশ। এটি আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট। এর মাঝে পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে তিন লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

বুধবার (৩০ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২ সালের ৩০ জুন সমাপ্য অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনীত বিলটি (নির্দিষ্টকরণ বিল, ২০২১) পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদে উপস্থিত থাকলেও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ছিলেন না। আগামীকাল ১ জুলাই নতুন অর্থবছর শুরু হবে।

এর আগে বাজেট অধিবেশনে ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবি তুলে ধরেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। কয়েকজন সংসদ সদস্যের ছাঁটাই প্রস্তাব নিষ্পত্তির পর ‘নির্দিষ্টকরণ বিল ২০২১’ পাস হয়। এর মাধ্যমে শেষ হয় নতুন অর্থবছরের বাজেট পাস কার্যক্রম; রক্ষা হয়েছে ৩০ জুনের মধ্যে বাজেট পাসের সাংবিধানিক বাধ্যবাধকতা।

বাজেট পাসের পর বুধবারই রাষ্ট্রপতি তাতে সম্মতি দেবেন। পরদিন ১ জুলাই নতুন অর্থবছর থেকে তা বাস্তবায়ন ‍শুরু হবে।

এর আগে গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন। পরে দুই দিন আলোচনা করে চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয়।

 

মৌলভীবাজারে করোনা সংক্রমণের হার উর্ধ্বগতি, হাসপাতালে খালি নেই বেড ও আইসিইউ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ সীমান্ত জেলা মৌলভীবাজারে করোনার সংক্রমণের উর্ধ্বগতি ক্রমেই বেড়ে চলছে। সর্ব শেষ মঙ্গলবার ২৯ জুন রাত ৮ টায় ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে করোনা ইউনিটের ৫০ টি বেডের মধ্যে ৪৭ জন ভর্তি রয়েছেন। আইসিইউ যে ৫টি বেড ছিল তাও খালি নেই।

গত ২৪ ঘন্টায় ১১২ টি নমুনা পরীক্ষায় পাঠালে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪১ শতাংশ ।

স্বাস্থ্যবিধি মেনে চলা ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনই জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মৌলভীবাজার পৌরসভা করোনা নিয়ন্ত্রণে জনসাধারণকে সচেতন করতে প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণ করছে।

মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান জানান, জেলার করোনা পরিস্থিতি খারাপের দিকে দ্রুত চলে যাচ্ছে। হাসপাতালের করোনা ইউনিট প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। আইসিইতে একটি বেডও খালি নেই। তিনি সকলকে সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান করেন। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে না রাখতে পারলে মৌলভীবাজারে ভয়াবহ রুপ ধারণ করতে পারে।

এ বিষয়ে মৌলভীবাজার বিএমএ সভাপতি ডাঃ সাব্বির হোসেন খান জানান, হঠাৎ করে করোনা রোগী বেড়ে যাওয়ায় বিদ্যমান কোভিড ওয়ার্ডের নিকটবর্তী একটি ওয়ার্ডকে ২য় ওয়ার্ড হিসাবে ঘোষণা করার জন্য সিভিল সার্জনকে তিনি পরামর্শ দিয়েছেন। ওই ২য় ওয়ার্ডে বুধবার থেকে কোভিড ও সন্ধেহজনক কোভিড রোগী ভর্তি হতে পারে।

এদিকে সীমান্ত জেলা মৌলভীবাজারে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তাঁর ফেসবুকে ট্যাটাস দিয়ে মৌলভীবাজারবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবায়ন করেন। তিনি অত্যন্ত শংকার বিষয় উল্লেখ করে বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে করোনা রোগীদের জন্য ডেডিকেটেড বেডের প্রায় ৯০% পূর্ণ হয়ে গিয়েছে। আইসিইউ বেড সবগুলি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং সিলেট বিভাগে কোথাও কোন আইসিইউ বেড খালি নেই।

জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ১১২ টি নমুনা পরীক্ষায় পাঠালে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪১ শতাংশ । এ পর্যন্ত জেলায় ২ হাজার ৯‘শ ৭১ জনের শরীরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ২ হাজার ৬ শত ৩২ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪১ জন।

সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৩৫ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন।

নওগাঁয় যায়যায় দিনের ষোল তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বর্ণাঢ্য রালী ও কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে এগারো টায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে শহরের মুক্তির মোড়ে জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর সভার মেয়র আলহাজ্ব নাজমূল হক সনি।

যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি রুহুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ্যাড শহীদ হাসান সিদ্দিক স্বপন, সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ,যুগ্ন-সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন,সাংগঠনিক সম্পাদক এবাদুল হক,যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের নওগাঁ জেলার আহ্বায়ক স ম সুলতান মাহামুদ, সদস্য সচিব সালেকুর রহমান,সদস্য রিমা আক্তার প্রমূখ।

সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন যায়যায়দিন এর সফলতার সাথে দেশের সমস্যা ও সম্ভবনা নিয়ে দীর্ঘ পনর বছরের পথ চলা ও ষোল বছরে পদাপন উপলক্ষে পত্রিকাটির সফলতা কামনা করেন।আগামীতে আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মধ্যে দিয়ে সকলের আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর ও জাগো নিউজ এর নওগাঁ জেলা প্রতিনিধি আব্বাছ আলী, দৈনিক প্রতিদিনের সংবাদ ও নিউজ বাংলা জেলা প্রতিনিধি রিফাত হোসাইন সবুজ, ঢাকা পোষ্ট এর জেলা প্রতিনিধি শামিনুর রহমান, ডিজিটাল বাংলা নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি কামাল উদ্দিন টগর, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি আরমান হোসেনসহ যায়যায়দিন ফ্রেন্ডস এর সদস্য বৃন্দ।

কঠোর লকডাউনে যা যা করা যাবে আর যা যা করা যাবে না

সিএনবিডি ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সারা দেশ জুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিষয়ে আজ বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এই প্রজ্ঞাপনে করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে ১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ হয়েছে বলে জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা শর্তগুলো হচ্ছে-

১. সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

২. সড়ক, রেল ও নৌপথে গণপরিবহনসহ সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। অভ্যন্তরীণ বিমান চলাচলও বন্ধ থাকবে।

৩. শপিংমল/মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ থাকবে।

৪. সকল পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

৫. জনসমাবেশ হয় এই ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি) রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।

৬. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৭. ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৮. আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি) খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদান সাপেক্ষে যাতায়াত করতে পারবে।

৯. পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক-কাভার্ডভ্যান, কার্গো ভেসেল এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

১০. বন্দরসমূহ (বিমান, সমুদ্র ও স্থল) এবং এ সংশ্লিষ্ট অফিস এই নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

১১. শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।

১২. কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন/বাজার কর্তৃপক্ষ/স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

১৩. অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৪. টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।

১৫. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (অনলাইন/টেকওয়ে) করতে পারবে।

১৬. আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবে।

১৭. স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা দেবে।

১৮. ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন।

১৯. জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার নিয়োগ ও টহলের অধিক্ষেত্র, পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন। সেই সঙ্গে স্থানীয়ভাবে বিশেষ কোন কার্যক্রমের প্রয়োজন হলে সেই বিষয়ে পদক্ষেপ নিবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগসমূহ এ বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

২০. জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে।

২১. স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক তার পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় এর আগে গত ২৮ জুন থেকে তিন দিনের সীমিত বিধিনিষেধ দেয় সরকার। সেই বিধিনিষেধের মেয়াদ আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টায় শেষ হবে।

<<<মূল প্রজ্ঞাপন>>>