শাযুস এর পঞ্চাশ বছরপূর্তি সুবর্ণ জয়ন্তী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: স্বাধীনতা যুদ্ধে দেশ স্বাধীনের চারদিন পরেই মৌলভীবাজার শাহবন্দরে গড়ে ওঠা সাংস্কৃতিক সংগঠন শাহবন্দর যুব সংস্থা (শাযুস)। আজ সোমবার সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) শাহবন্দর শাযুস সংলগ্ন মাঠে দিনব্যাপী তিনপর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহবন্দর যুব সংস্থার সভাপতি শাহমোহাম্মদ রাজুল আলীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান ইকতিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোতাহার বিল্লাহ।

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের প্রথমপর্বে শুরু হয় জাতীয় পতাকা, শাযুস পতাকা ও ২২ টি প্রাথমিক বিদ্যালয়েরর এসপিএল পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, শাযুস প্রামাণ্যচিত্র আলোকপাত, শাযুসের গৌরবময় ৫০ বছর নামীয় স্মরণিকার মোড়ক উন্মোচন, শাযুস মনসুর মেধা বৃত্তি সনদ ও গরীব শিক্ষার্থীদের অনুদান। এছাড়া শ্রী নরেশ পন্ডিত ফাউন্ডেশন কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষক ও সেরা শিক্ষার্থী, শাযুস আর্দশ কৃষক, কৃতি প্রবীণ ফুটবলার, সামাজিক ব্যাক্তিত্ব,শাযুস এলাকার মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান।

অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, ৮ নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিন। দ্বিতীয়পর্বে শাযুস প্রামাণ্যচিত্র প্রদর্শন, শাযুস পৃষ্ঠপোষক সদস্যবৃন্দ, শাযুস সাবেক বর্তমান সভাপতি-সম্পাদক সম্মাননা প্রদান, শাযুস এলাকার ২০২১ সালের ৮ম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান, শাযুস এলাকার ৬৫ বছর উর্ধ্বে প্রবীর্ণদের স্মৃতি চারণ ও উপহার সামগ্রী প্রদান।

তৃতীয়পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিন। ৩য় পর্বে শাযুস প্রামাণ্য চিত্র প্রর্দশন এবং আগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাযুস পৃষ্ঠপোষক সদস্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন শাযুস পৃষ্ঠপোষক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, উপপ্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ, এস আর মসুদ, হোসেন আহমদ, আলাউদ্দিন আলা, সাইদুজ্জামান জয়নাল, মো. ইমদাদুল হক চৌধুরী, রুহেল আহমদ, নজমুল হক, নজরুল ইসলাম মুহিব। শাযুস সাবেক সভাপতি সম্পাদকদের মধ্যে যারা উপস্থিত ছিলেন।

শাযুস সাবেক সভাপতি সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুর রহমান বাবুল, আব্দুল মালিক বাবুল, হাফেজ আহমদ মাহফুজ, জুবায়ের আহমদ জুবের, ফেরদৌসুর রহমান টুটু, মফিদুল ইসলাম রানা, সাহেদ আহমদ। স্থানীয়দের মধ্যে যারা উপস্থিত ছিলেন স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংবাদিকদের সংগঠনের নেতৃবৃন্দ ও ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য;, শাহবন্দর যুব সংস্থা (শাযুস) ১৯৭১ সালে ২০ ডিসেম্বর, মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হওয়ার চারদিন পর মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠে।

বাংলাদেশের রাজনীতি নিয়ে চীনের মাথাব্যাথা নেইঃ তথ্যমন্ত্রী

রাজনীতিক ডেস্কঃ চীন কখনও বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায় না, আর এসব নিয়ে তাদের কোনো মাথাব্যাথা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে রূপান্তরের পথে সহযোগী হিসেবে থাকতে চায়। চীন কখনও বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায়নি, ভবিষ্যতেও ঘামাতে চায় না।

তিনি বলেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের উন্নয়ন ভাবনা ও উন্নয়ন প্রক্রিয়ায় চীন সরকারের যে ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে, দেশের অনেক বড় বড় প্রকল্প যেমন- বঙ্গবন্ধু টানেল, বিভিন্ন সেতু ও মেগা প্রকল্পের সঙ্গে চীন কাজ করেছে এবং করছে। চট্টগ্রামে এখন বহিঃসমুদ্র থেকে যাতে সরাসরি পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে তেল আসতে পারে, সেজন্য তারা পাইপলাইন নির্মাণ করছে। একটি ইপিজেডের কাজ চলছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের জানান, চীন উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক, অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নকাজে অংশীজন হিসেবে সহায়তা করে আসছে। এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরে তারা আনন্দিত।

ডায়াবেটিস, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ডুমুর ফলের গুণাগুণ

স্বাস্থ্য ডেস্কঃ ডুমুরের ফলের গুণাগুণ অনেক। ডুমুরে আছে জিংক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, আয়রনের মতো যৌগ। ডায়াবেটিস, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার সাথে সাথে শরীরের আরো অনেক উপকারে লাগতে পারে ডুমুর। চলুন জেনে নেই ডুমুর শরীরের আর যেসব উপকারে লাগতে পারে। 

রক্তে শর্করার ভারসাম্য নিয়ন্ত্রণ করেঃ বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে ডুমুর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এ ছাড়াও এই ফলে রয়েছে উচ্চমাত্রায় ফাইবার যা অন্ত্রের স্বাস্থ্য রক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু পুষ্টিবিদদের মতে, শুকনো ডুমুরের মিষ্টত্ব অনেক বেশি, তাই রক্তে শর্করা থাকলে তা বুঝে খাওয়া উচিত।

হজমশক্তি উন্নত করেঃ ডুমুরে রয়েছে উচ্চমাত্রায় ফাইবার, যা পেটের যাবতীয় সমস্যা দূর করে হজমশক্তি উন্নত করে তোলে। ‘প্রিবায়োটিক’ গোত্রের এই ফলটি অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে।

হার্টের স্বাস্থ্য ভালো রাখেঃ অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর ডুমুর কিন্তু হার্টের স্বাস্থ্যও ভালো রাখে। ডুমুরের মধ্যে থাকা না কি ‘পেকটিন’ রক্তে খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে আনতে সক্ষম। অন্তত গবেষণায় তেমনটাই বলছে। এ ছাড়াও ডুমুরে রয়েছে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম, যা রক্তে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখে। ফলে উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।

এছাড়া শিশু থেকে সব বয়সীদের এবং অন্তঃসত্ত্বা নারীদের রক্তে আয়রনের অভাব পূরণের জন্য ডুমুর খেতে বলা হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে পুষ্টিবিদরা অনেক সময়েই সকালে খালি পেটে ডুমুর ভেজানো পানি খাওয়ার পরামর্শ দেন।

 

শুরু হলো অগ্নিঝরা মার্চ মাস

আজ বুধবার মার্চ মাসের ১ তারিখ। বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী এই মার্চ মাস। এটি অগ্নিঝরা ইতিহাস, বিষাদ ও বেদনার মাস। ১৯৭১ সালের মার্চ মাসের তীব্র আন্দোলনের পরিণতিতেই শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ। মার্চের এক একটি দিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক একটি অধ্যায়।

১৯৭১ সালের ১লা মার্চ যখন সারাদেশের মানুষ উৎসুক হয়ে অপেক্ষায় ছিল প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ভাষণ শুনার জন্য কিন্তু ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন বাতিল করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তীব্র ক্ষোভে ফেটে পরলেন এবং একে পাকিস্তানি শাসকদের স্বৈরাচারী মনোভাব বলে আখ্যায়িত করলেন। মানুষ ২ মার্চ ও ৩ মার্চ সারাদেশে হরতাল মিছিল পালন করলো। অফিস-আদালত থেকে সব মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ করেন। স্লোগান ওঠে- “বীর বাঙালি অস্ত্র ধর/বাংলাদেশ স্বাধীন কর।”

৭ মার্চ সাবেক রেসকোর্স ময়দান আজকের সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। এ সময় পাকিস্তানি শাসকদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, ‘সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। মরতে যখন শিখেছি, তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। রক্ত যখন দিয়েছি, আরো দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।’

আর বঙ্গবন্ধুর এই ভাষণ মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তার ঘোষণার পর বীর বাঙালি সেই যে ঘর থেকে বেরিয়েছিল, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত, দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আর ঘরে ফেরেনি। মুক্তিযুদ্ধে অগণিত প্রাণ উৎসর্গ করতে হয়েছে, অগণিত মা-বোনকে হারাতে হয়েছে সম্ভ্রম। আহত ও পঙ্গু হতে হয়েছে এদেশের অগণিত মানুষকে। লাখো মানুষের অপরিসীম ত্যাগের বিনিময়ে দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে স্বাধীন হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

প্রসঙ্গত, প্রতি বছরের মার্চ মাসেই বাঙালি জাতি তার চেতনাকে নতুন করে শাণিত করে। নতুন শপথে বলীয়ান হয়। অত্যাচার, নিপীড়ন আর নির্যাতনের বিরুদ্ধে স্মারক মাস হিসেবে মার্চ প্রতিবারই আমাদের নতুন করে পথ দেখায়। আজকের দিনে ডিজিটাল বাংলা নিউজ পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই বীর শহীদদের, যারা স্বাধীনতা যুদ্ধে তাদের মূল্যবান জীবন দান করে প্রতিরোধ সংগ্রামে প্রেরণা যুগিয়েছিলেন।

ওমরাহ যাত্রীদের জন্য স্বাস্থ্যবীমা চালু করেছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্কঃ ওমরাহ যাত্রীদের জন্য স্বাস্থ্যবীমা চালু করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুসারে, এখন থেকে সৌদির নাগরিক ও বিদেশি উভয় শ্রেণির ওমরাহ যাত্রীরা সর্বোচ্চ ১ লাখ রিয়াল স্বাস্থ্যবীমা করাতে পারবেন। বাংলাদেশি মুদ্রায় যা ২৮ লাখ টাকার সমান। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন মতে, বীমা করা কোনো যাত্রী যদি ওমরাহ করার সময় অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে বীমার ওই টাকা থেকে তার ভিসার মেয়াদ বাড়ানোসহ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা ব্যয় বহন করা হবে। এছাড়া রোগীর চিকিৎসার জন্য ওষুধ ও অন্যান্য মেডিকেল সামগ্রীর ব্যয়ও মেটানো হবে। বীমা করা যাত্রীদের জন্য মেডিকেল শয্যার সর্বোচ্চ দৈনিক ভাড়া হবে ৬০০ রিয়াল।

ওমরাহ ভিসা ছাড়াও আরও তিন ধরনের ভিসায় সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বিশ্বের মুসলমানরা। এ ছাড়া এখন থেকে যতবার ইচ্ছা ততবার ওমরাহ করা যাবে।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব ওমরাহ পালনের জন্য ইচ্ছুক মুসলমানদের জন্য সুযোগ সুবিধা বাড়িয়েছে। ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ই-নিবন্ধনের মাধ্যমে ওমরাহ করার পাশাপাশি মদিনায় হযরত মুহম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন।

ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন করেছে সৌদি আরব। ভিসাধারীরা জল, স্থল ও আকাশপথের পাশাপাশি যেকোনো বিমানবন্দর হয়ে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে।

রেজিস্ট্রেশন ছাড়া কোনো যাত্রী টিকিট পাবেন নাঃ রেলমন্ত্রী

অনলাইন ডেস্কঃ রেজিস্ট্রেশন ছাড়া কোনো যাত্রী টিকিট পাবেন না। টিকিট কালোবাজারি যাতে না হয় সেই চেষ্টা করছি বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ বুধবার (১ মার্চ) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, রেজিস্ট্রেশন ছাড়া কোনো যাত্রী টিকিট পাবেন না। প্রাথমিকভাবে আন্তঃনগরে এটি বাস্তবায়ন হচ্ছে। পরবর্তীতে সব লোকাল ট্রেনেও এ সেবা চালু করা হবে। টিকিট থাকলেই ট্রেনে চড়া যাবে না। যার টিকিট তাকেই ভ্রমণ করতে হবে। অন্যের নামে কাটা টিকিটে ভ্রমণ করা যাবে না। করলে সেই যাত্রীকে জরিমানা দিতে হবে।

নুরুল ইসলাম বলেন, এখন থেকে টিকিট কেটে যাত্রা বাতিল করতে চাইলে অনলাইন পেমেন্ট গেটওয়ে দিয়েই টাকা ফেরত পাওয়া যাবে। যাত্রীরা ঘরে বসেই এই সেবা পাবেন। অনলাইনে যেকোনো জায়গা থেকে যাত্রী টিকিট সংগ্রহ করতে পারবেন বলেও জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, যাত্রীদের সুযোগ-সুবিধার জন্যই এ পদ্ধতি বাস্তবায়ন করছে রেলওয়ে। প্রয়োজনে যাত্রীদের মতামত নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রাথমিকে বৃত্তির সংশোধিত ফল আজ বিকেলে প্রকাশিত হবে

শিক্ষা ডেস্কঃ কারিগরি ত্রুটির কারণে স্থগিত হওয়া ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল আজ বুধবার (১ মার্চ) বিকেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এর আগে, গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশের চার ঘণ্টার মাথায় প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে তা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়। সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় প্রকাশিত ফল স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) ড. উত্তম কুমার দাশ জানান, বৃত্তি পরীক্ষার ফলে কোডিংসংক্রান্ত সমস্যা হয়েছিল। সেটি সমাধানে কাজ চলছে। তবে এ ধরনের ঘটনা কাম্য নয়।

এদিকে সমস্যা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিপিই। দ্রুত সময়ের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃত্তি পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া যাবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। DPE লিখে থানা বা উপজেলা কোড নম্বর লিখে রোল নম্বর ও সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৮৫ জন। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির লারিসার কাছে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরার তথ্যমতে, একটি যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রেনে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত ১৭টি ইউনিট কাজ করে।

যাত্রীবাহী ট্রেনে ৩৫০ জনের মতো যাত্রী ছিল। ট্রেনের ভেতর থেকে অন্তত ২৫০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

সংঘর্ষটি এতোটাই ভয়াবহ ছিল যে যাত্রীবাহী ট্রেনের প্রথম দুটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

কমলগঞ্জে ভি ডব্লিউ বি কার্ড ও চাল বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের সদর ইউনিয়নে ২০২৩- ২০২৪ অর্থ বছরের ভি ডব্লিউ বি কার্ডের আওতায় ১২২ হতদরিদ্র পরিবারের মাঝে কার্ড ও  ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারী)  দুপুরে কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের মিলনায়তন কক্ষের সামনে  প্যানেল চেয়ারম্যান ১ মোঃ সোলেমান হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ইউনিয়ন কর্মী রাজু দত্ত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সোলেমান হাসান, প্যানেল চেয়ারম্যান ২ আব্দুল মতিন, প্যানেল চেয়ারম্যান ৩ মোছাঃ আমিনা বেগমসহ সকল ইউপি সদস্যগন।

এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে চেয়ারম্যান  আব্দুল হান্নান  বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। এই চাউল বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে দিছেন আপনারা শেখ হাসিনা কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে।

ঠাকুরগাঁওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর থানা কর্তৃপক্ষে আয়োজনে গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানে এবং সামাজিক সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন।

এতে প্রধান অতিথির বক্তব্য দেস জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, বীর মুক্তিযোদ্ধা হরি প্রসাদ রায়, ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হরি কিশোর বর্মন, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুষার, স্থানীয় পুরোহিত নারায়ন কুমার রায়য় প্রমুখ।

ওপেন হাউজ ডে তে এলাকার বিভিন্ন সমস্যা ও তা চিহ্নিত করে সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে আকচা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানুষ, পরিষদের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন কমিটির সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তি,  বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির পেশার ৩ শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন।