সোমবার থেকে লকডাউন নিয়ে যা জানালো মন্ত্রিপরিষদ বিভাগ

সিএনবিডি ডেস্কঃ আজ রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকে সীমিত আকারের লকডাউনের অংশ হিসেবে সারাদেশে তিনদিনের জন্য সবধরনের গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, দেশের সব সরকারি-বেসরকারি অফিস খোলা রেখে আগামী তিনদিন লকডাউন চলবে। তবে বন্ধ থাকবে শপিংমল, মার্কেট ও পর্যটনকেন্দ্র।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, মাস্ক না পরলে আইনি ব্যবস্থা নেয়া হবে। খাবারের রেস্তোরাঁ সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে রেস্তোরাঁয় বসিয়ে কাউকে খাওয়ানো যাবে না। প্রয়োজনে খাবার অর্ডার দিয়ে বাসায় এনে খাওয়া যাবে।

এছাড়া, পণ্যবাহী যান ও রিকশা গণপরিবহনের আওতার বাইরে থাকবে।

বৃষ্টির পানিতে বালি সরতেই বেরিয়ে পড়লো সারি সারি লাশ

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা যাবার পর মৃতদের লাশ ফেলে দেয়া হয়েছে নদীর বালিতে।  আর সামান্য বৃষ্টির পানিতে বালি সরে যেতেই বেরিয়ে পড়লো সারি সারি লাশ। এরকম মর্মান্তিক দৃশ্যটির দেখা মিলেছে ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে রাজ্যে।

সুত্রে জানা গেছে, নদীর ধারে ধারে সারি দিয়ে পড়ে থাকা লাশগুলো বালির উপরে গেরুয়া কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। আর বর্ষাকাল আসতে না আসতেই বালি ধুয়ে গিয়ে বেরিয়ে আসলো একের পর এক লাশ। যাদের কারো কারো মুখে আবার অক্সিজেন মাস্কও লাগানো রয়েছে। কোথাও কোথাও আবার গ্লাভসে ঢাকা হাত।

এদিকে, উত্তরপ্রদেশের ইলাহাবাদে বর্ষায় গঙ্গার পানিস্তর বাড়তেই ভেসে উঠেছে একের পর এক লাশ। গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০টি লাশ একের পর এক ভেসে উঠতে দেখা গেছে। সংবাদমাধ্যমগুলোতে সেই ছবি ধরা পড়তেই সেখান থেকে লাশগুলোকে সরানোর চেষ্টা শুরু করে দেয় স্থানীয় প্রশাসন।

বালি দিয়ে এত দিন লাশগুলো বেশ ভালোই চাপা পড়েছিল। কিন্তু বিপত্তি দেখা দেয় বর্ষা বাড়ার সাথে সাথেই। বর্ষার পানিতে বালি সরতেই সেই লাশগুলো দেখা যেতে থাকে। খবর পেয়েই ঘাটে ছুটে যান পৌরপ্রশাসনের কর্মীরা। তড়িঘড়ি লাশগুলোর সৎকার করার ব্যবস্থাও করেন তারা। সুত্রঃ এনডি টিভি।

৮২ বছরের রেকর্ড ভেঙে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ আটে ইতালি

স্পোর্টস ডেস্কঃ ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোয় অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালি। দারুণ এই জয়ে ৮২ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙেছে ইতালি। নিজেদের ইতিহাসে টানা অপরাজিত থাকার রেকর্ড। এই নিয়ে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইল দলটি। এর আগে ১৯৩৫ থেকে ১৯৩৯ পর্যন্ত সময়ে ৩০ ম্যাচে অপরাজিত থেকে আগের রেকর্ডটি গড়েছিল তারা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে ইতালির নান্দনিক ফুটবল মুগ্ধ করেছিল সবাইকে। অস্ট্রিয়ার সামনে তাই চ্যালেঞ্জটা ছিল বেশ বড়। কিন্তু ম্যাচের শুরুর দিকে উল্টো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল তারাই। এরপর সময়ের সঙ্গে ইতালি খেলায় ফিরলেও পায়নি গোলের দেখা। জাল খুঁজে পাননি অস্ট্রিয়ার ফুটবলাররাও।

শেষ পর্যন্ত খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই ফেদেরিকো কিয়েসা ও মাতেও পেসিনা গোল করে ব্যবধান গড়ে দেন। অতিরিক্ত সময়ের শেষদিকে এক গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন সাশা কালাইজিচ। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে শেষ আটে পৌঁছে গেছে রবার্তো মানচিনির দল।

ম্যাচে পরিষ্কারভাবেই এগিয়ে ছিল ইতালি। কিন্তু ম্যাচের শুরুতে নিয়ন্ত্রণ নিয়ে নেয় অস্ট্রিয়া। তাদের দারুণ পাসিংয়ে বল নিয়ে এগিয়ে চলা ভালোভাবেই পরীক্ষায় ফেলে ইতালির রক্ষণভাগকে।

মাঝেমধ্যেই নিজেদের চেনা রূপে দেখা যাচ্ছিল ইতালিকেও। কিন্তু ম্যাচে মিলছিল না গোলের দেখা। প্রথমার্ধ গোলশূন্যভাবে কাটার পর দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন আনেন দুই দলের কোচ।

নিকোলাস ভেরেলার জায়গায় পেসিনা ও ডমিনিকো ভেরাডির বদলি হিসেবে মাঠে নামেন কিয়েসা। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ফল নির্ধারিত না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তখন গোল করে ইতালির জয় নিশ্চিত করেন এই দুই বদলি ফুটবলারই।

ম্যাচে প্রথম গোলের দেখা মিলে অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটে। লিওনার্দো স্পিনাজোলার কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের দারুণ শটে বল জালে জড়ান কিয়েসা। এর দশ মিনিট পর দ্বিতীয় গোল পেয়ে যায় ইতালি। ফ্রান্সেসকো আচেরবির অ্যাসিস্টে গোল করেন পেসিনা।

দুই গোলে এগিয়ে গিয়েও স্বস্তিতে থাকতে পারেনি ইতালি। ম্যাচের ১১৪ মিনিটে লুইস স্কাহোভের বাড়ানো বল হেডে গোল করেন সাশা। যদিও পরে আর কোনো নাটকীয়তা ঘটেনি। ২-১ গোলের জয় নিয়েই কোয়ার্টার ফাইনালে চলে গেছে রবার্তো মানচিনির দল।

বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে তিন বাহিনী

সিএনবিডি ডেস্কঃ আজ রোববার (২৭ জুন) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, “বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন থাকবে। ”

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “লকডাউন না মানলে মৃত্যুর সংখ্যা বাড়বে। হাসপাতালগুলো অলরেডি অকুপাইড হয়ে গেছে, মানে রোগী ফিলাপ হয়ে গেছে। কাজেই আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। না হলে হাসপাতালে চিকিৎসা দেওয়া মুশকিল হয়ে যাবে।

এছাড়া, মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পেতে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। চীনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামী মাসে টিকা আসবে। দেশীয় টিকা উৎপাদনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। বঙ্গভ্যাক্সকে সহযোগিতা করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন ধাপ উতরে এলেই তারা দেশে টিকা উৎপাদনের অনুমতি পাবে। ”

সামনে সংকটের সম্ভাবনার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সংকটটা এড়ানোর জন্যই তো লকডাউন দেওয়া হচ্ছে। আমাদের এখনও চিকিৎসা দেওয়ার যথেষ্ট লোক আছে। সারাদেশে প্রায় ১২-১৫ হাজার বেড করোনার জন্য ডেডিকেটেড করা আছে। আমাদের এখনও যথেষ্ট বেড আছে। আমাদের হাইফ্লো নাজাল লাগানো বেড আছে সরকারি-বেসরকারিভাবে প্রায় ১৬শ। অক্সিজেন আছে, ওষুধের কোনা ঘাটতি নেই। সেদিক থেকে আমরা মনে করি যে একটা সহনীয় পর্যায়ে আছি। আমাদের এখন থেকেই নিয়ন্ত্রণে আনতে হবে।”

খুলনা বিভাগে করোনায় আরও ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২০২

খুলনা প্রতিনিধিঃ খুলনা বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন।

আজ রোববার (২৭ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় পাঁচজন, বাগেরহাটে পাঁচজন, যশোরে চারজন, নড়াইলে চারজন, কুষ্টিয়ায় চারজন, ঝিনাইদহে দুজন, চুয়াডাঙ্গায় দুজন এবং মেহেরপুরে দুজন মারা গেছেন।

উল্লেখ্য, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫২ হাজার ১৬৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮১ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৬১৫ জন।

সোমবার থেকে বৃষ্টি বাড়বেঃ আবহাওয়া অধিদপ্তর

সিএনবিডি ডেস্কঃ আগামীকাল সোমবার (২৮ জুন) থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং দেশের কোথাও কোথাও মাঝারি ও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৯টা দিতে পরবর্তী ২৪ ঘন্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা,বরিশাল  ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ  হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী  ধরনের ভারী থেকে ভারী বর্ষণের  সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বেশ সক্রিয়। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে সারাদেশ দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

আগামী তিনদিনে বৃষ্টিপাত বাড়তে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা  রাজশাহীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং  সর্বনিম্ন তাপমাত্রা ডিমলায় ২৪ দশিমক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, সৈয়দপুরে  ৪৫ মিলিমিটার,ফেণীতে ৩১ মিলিমিটার,  দিনাজপুরে ২৮ মিলিমিটার,বগুড়ায় ২৭ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং কাল সোমবার  সূর্যোদয় ভোর ৫ টা ১৩ মিনিটে।

নওগাঁয় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭১, শনাক্তের হার ৩০.০৮ শতাংশ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির মহাদেবপুর উপজেলার জন্তিগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৩ জন।

নওগাঁ’র ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর-এ-মোর্শেদ জানিয়েছেন, নওগগাঁ সদর হাসপাতালে এ্যান্টিজেন ২৩৩ জন এবং বগুড়া টিএমএসএস হাসপাতাল পিসিআর ল্যাবে ৩ জন এই ২৩৬ ব্যক্তির নমুনা পরীক্সা করে ৭১ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই ২৪ ঘন্টায় আক্রান্তের হার ৩০ দশমিক ০৮ শতাংশ।

সূত্রমতে আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১৬ জন, রানীনগর উপজেলায় ৫ জন, আত্রাই উপজেলায় ৬ জন, মহাদেবপুর উপজেলায় ১০ জন. মান্দা উপজেলায় ৭ জন, বদলগাছি উপজেলায় ৩ জন, পত্নীতলা উপজেলায় ১১ জন, ধামইরহাট উপজেলায় ২ জন এবং নিয়ামতপুর উপজেলায় ৩ জন। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা হলো ৪১৫৯ জন।

এ সময় সুস্থ্য হয়েছেন ১০৫ জন এবং এ পর্যন্ত সর্বমোট সুস্থ্য হয়েছেন ২৮৬৯ জন। সুস্থ্য হওয়ার পর বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগি রয়েছেন ১২৯০ জন। আক্রান্ত রোগিদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন এবং বাকীরা
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজ নিজ বাড়িতে অবস্থান করে চিকিৎসা গ্রহণ করছেন।

এই ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেনটাইনে  নেয়া হয়েছে ৩০ ব্যক্তিকে এবং কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১১৫ জনকে। বর্তমানে প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৩৫৫৮ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৩৪৪ জনকে এবং এ পর্যন্তদ মোট কোয়ারেনটাইনে নেয়া হয় ২৭৩৬১ জনকে। গত ২৪ ঘন্টায় নতুন করে ছাড়পত্র দেয়া হয়েছে ২৪৫ ব্যক্তিকেএবং পর্যন্ত মোট ছাড়পত্র দেয়া হয়েছে ২৩৬৯৮ জনকে। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে ৫৯ জনসহ মোট কোয়ারেনটাইনে রয়েছেন ৩৬৬৩ জন।

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানালেন মির্জা ফখরুল

সিএনবিডি ডেস্কঃ আজ রোববার (২৭ জুন) দুপুরে গুলশানে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে দলীয় উদ্যোগ ‘সচল’ রয়েছে।

মির্জা ফখরুল বলেন, এই বিষয়টি (দলের উদ্যোগ) অন আছে। এ বিষয়ে অগ্রগতি হলে আমরা অবশ্যই আপনাদের জানাব।

বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, সি ইজ ফিলিং বেটার।

বিএনপি মহাসচিব বলেন, প্রত্যেকদিন ওনার (খালেদা জিয়া) চেকআপ হয়। টিম অব ডক্টরস আছেন, রাতে গিয়ে ডা. এএফএম সিদ্দিকী ও এজেডএম জাহিদ হোসেন সাহেব চেকআপ করেন। সপ্তাহে একদিন করে এখন গোটা টিম তাকে দেখবেন।

প্রসঙ্গত, গত ১৯ জুন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৩ দিন চিকিৎসা শেষে খালেদা জিয়া তার গুলশানের বাসায় ‘ফিরোজায়’ ফেরেন। তার পরের দিন ২০ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় বিএনপি চেয়ারপারসনকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। গতকাল স্থায়ী কমিটির বৈঠকেও চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি তুলে ধরে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিল সরকার

সিএনবিডি ডেস্কঃ আজ রোববার (২৭ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, সময়মতো বিদ্যুৎ উৎপাদনে না আসায় কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া, নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার লক্ষ্যে আগামী মাসে চূড়ান্ত চুক্তি সই হবে বলেও জানান তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দিয়েছেন যেগুলো সময়মতো উৎপাদনে আসতে পারেনি সেগুলো বাদ দেওয়ার।

বাতিল করা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো হলো- পটুয়াখালী ২×৬৬০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, উত্তরবঙ্গ ১ হাজার ২০০ মেগাওয়াট সুপার থারমাল পাওয়ার প্ল্যান্ট, মাওয়া ৫২২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, ঢাকা ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রাম ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প।

এছাড়া খুলনা ৫৬৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মহেশখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মহেশখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশ-সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও সিপিজিসিবিএল-সুমিতোমো ১ হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প।

পাওয়ার প্লান্টগুলো বাদ দেয়ার ফলে বিদ্যুতের ঘাটতি হবে না বলে জানিয়ে নসরুল হামিদ বলেন, ভবিষ্যতে কোনো অঞ্চলে কী পরিমাণ বিদ্যুৎ লাগবে, তার ওপর ভিত্তি করে ভবিষ্যত পরিকল্পনা তৈরি করা হচ্ছে। আমাদের হাতে যে পরিমাণ পাওয়ার প্লান্ট আছে এবং আগামীতে যে পরিমাণ আমরা পাব, এতে দেখা যাচ্ছে আমাদের প্রায় ১৩ হাজার মেগাওয়াট পাওয়ার প্লান্ট আগামী ২০৪১ সালের মধ্যে অতিরিক্ত থাকবে।  সুতরাং আমাদের এখানে কোনো সমস্যা হওয়ার কথা না।

প্রতি ৫ বছর পর পর বিদ্যুতের বিষয়ে ২০১০ সালে নেয়া মাস্টারপ্লান পর্যায়ক্রমে রিভিউ করা হয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেড় বছর ধরে কোভিড পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি ও বিদ্যুতের ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসছে। নতুন টেকনোলজি, নতুন সম্ভাবনা এবং জ্বালানির দাম ওঠা-নামায় নতুনভাবে চিন্তা করার বিষয় চলে আসছে। সব থেকে বড় বিষয় বাংলাদেশের যে ডেভেলপমেন্ট হতে যাচ্ছে এবং যে ধারা আমরা বজায় রাখতে চায়, এ বিষয়ে আমাদের চিন্তা করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সর্বপ্রথম যে চালিকা শক্তিটা ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে কাজ করে, তা হলো বিদ্যুৎ ও জ্বালানি। একে যদি আমরা সাশ্রয়ী ও নিরবিচ্ছন্ন রাখতে চায়, তাহলে আমাদেরকে বিশ্বের জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন ও টেকনোলজির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে।

অফিস সহকারীকে চুমু দেওয়ার ঘটনায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, নতুন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যে চলমান করোনা বিধিনিষেধের মধ্যে সহকারীকে চুমু খাওয়ার ঘটনায় অবশেষে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। শনিবার প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগপত্র দেন তিনি। হ্যানককের পরিবর্তে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় জানিয়েছে, ম্যাট হ্যানককের পরিবর্তে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ (সাবেক অর্থমন্ত্রী )

এর আগে প্রধানমন্ত্রী বরিস জনসনের চাওয়া অনুযায়ী নিজের রাজনৈতিক উপদেষ্টাদের অপসারণে অস্বীকৃতি জানিয়ে গতবছর অর্থমন্ত্রীর পদ ছেড়েছিলেন জাভিদ।

করোনা বিধি উপেক্ষা করে সহকারীকে জড়িয়ে ধরা ও চুম্বনের ঘটনাটি প্রকাশ্যে আসার পর ম্যাট হ্যানকক বরিস জনসনকে লেখা তার পদত্যাগপত্রে লিখেছেন- “আমার এ ধরনের কাজ জনগণকে হতাশ করেছে।”

আর নিজের টুইটারে লেখেন- “আমাদের মধ্যে যারা এসব বিধিনিষেধ প্রণয়নের সঙ্গে জড়িত তাদের এগুলো মেনে চলা উচিত। এ জন্যই আমাকে পদত্যাগ করতে হলো।”

প্রসঙ্গত, গত ৬ মে যুক্তরাজ্যের দৈনিক দ্য সান-এ একটি ছবি প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক গিনা কোলাডঅ্যাঞ্জেলোকে জড়িয়ে ধরে তার গালে চুমু দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। ছবিটি মন্ত্রণালয়ের ভেতর থেকে তোলা হয়, যা ছিল সিসিটিভির ছবি। ছবি প্রকাশের পর তারা দু’জনেই দুঃখ প্রকাশ করেছিলেন।

এই ছবি প্রকাশের পর দেশটির লেবার পার্টি থেকে শুরু করে অনেকে তার পদত্যাগের দাবি তুলেন। তারা দাবি করেন, করোনা বিধিনিষেধ আইন প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন ম্যাট হ্যানকক। আর তিনিই সেই আইন ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ। দেশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা হিসেবে তার পদত্যাগ করা উচিত।

তবে শনিবার পদত্যাগের পর বিবিসিকে বরিস জনসন বলেন, তিনি হ্যানককের পদত্যাগপত্র পেয়ে ‘দুঃখিত’।

এছাড়া, পদত্যাগের আগে নানা চাপ ও সমালোচনার মুখে বিধিনিষেধ অমান্য করে সহকারীকে চুমু খাওয়ায় হ্যানকক দুঃখ প্রকাশ করেন এমন আচরণের জন্য ক্ষমাও চান।

ক্ষমা চাওয়ার পর ডাউনিং স্ট্রিট বলছে, প্রধানমন্ত্রী বরিস জনসন হ্যানকককে ক্ষমা করে দিয়েছেন। একই সঙ্গে বিষয়টি এখানেই শেষ হিসেবে ভাবতে বলেছেন তিনি।

ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীর ওপর পূর্ণ আস্থা রয়েছে বরিস জনসনের।