জর্জ ফ্লয়েড হত্যা: অভিযুক্ত পুলিশ কর্মকর্তার সাড়ে ২২ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে (৪৬) হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে সাড়ে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার (২৫ জুন) এই রায় ঘোষণা করা হয়। খবর সিএনএনের।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার কৌঁসুলি চৌভিনের ৩০ বছর কারাদণ্ড চেয়েছিলেন। আর চৌভিনের আইনজীবী চেয়েছিলেন তাকে মুক্তি দেয়া হোক। কিন্তু গত এপ্রিলে তার বিরুদ্ধে আনা ৩টি অভিযোগই আদালতে প্রমাণ হয়।

রায় ঘোষণার সময় আদালত বলেছেন, ফ্লয়েডের পরিবার যে যন্ত্রণা পোহাচ্ছে সেই দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে। ফ্লয়েডের মৃত্যুতে যুক্তরাষ্ট্রজুড়ে যে বেদনাহত পরিবেশের সৃষ্টি হয়েছিল তাও উল্লেখ করেছেন আদালত।

রায়ের পর ফ্লয়েডের আইনজীবী বেন ক্রাম্প এক টুইটে বলেছেন, ঐতিহাসিক এই রায় অপরাধীকে জবাবদিহিতার মুখোমুখি করেছে। রায়টি ফ্লয়েডের পরিবার এবং আমাদের সমাজকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।

ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড বলেছেন, পুলিশের নির্মমতাকে রাষ্ট্র শেষ পর্যন্ত গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে, এ রায় সে কথাই বলছে। তবে আমাদের আরও অনেক পথ যেতে হবে।

তবে রায়ে হতাশা প্রকাশ করেছেন মিনেসোটা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেইথ এলিসন। তিনি দাবি করেছেন, চৌভিনকে যে সাজা দেয়া হয়েছে তা যথেষ্ট নয়।

এদিকে চৌভিন আদালতকে বলেছেন, আমি ফ্লয়েডের পরিবারের প্রতি শোক জানাচ্ছি। ভবিষ্যতে আরও কিছু তথ্য বেরিয়ে আসবে। আমি আশা করি, এতে আপনারা মানসিকভাবে শান্তি পাবেন। যদিও ফ্লয়েডের মামলা নিয়ে ভবিষ্যতে আরও কী তথ্য আসবে তা জানাননি চৌভিন।

টাইগারদের জন্য নতুন দুই কোচ যুক্ত হলেন কোচিং স্টাফে

স্পোর্টস ডেস্কঃ টাইগাররা জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগেই বিশেষজ্ঞ ব্যাটিং ও বোলিং কোচ নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের উচ্চপর্যায়ের নির্ভরশীল এক সূত্র নিশ্চিত করেছে এ খবর।

টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে। পাশাপাশি ব্যাটিং কোচ হিসেবে নেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে।

আজ শনিবার (২৬ জুন) দুপুরের পর এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে বিসিবি।

এদিকে ভেট্টোরির অনুপস্থিতিতে সোহেল ইসলামকে দিয়ে স্পিন বোলিং কোচের কাজ চালিয়েছে বিসিবি। তবে ভেতরে ভেতরে ঠিকই খোঁজ করেছে বিদেশি কোচের। অবশেষে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার হেরাথকে দেয়া হয়েছে এ দায়িত্ব। আসন্ন জিম্বাবুয়ে সফর দিয়েই শুরু হবে হেরাথের বাংলাদেশ কোচিং অধ্যায়। বর্তমান চুক্তি অনুযায়ী, তিনি কাজ করবেন চলতি বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

প্রায় দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে টেস্ট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার হয়েই খেলা ছেড়েছেন ৪৩ বছর বয়সী হেরাথ। ১৯৯৯ থেকে ২০১৮ পর্যন্ত বিস্তৃত টেস্ট ক্যারিয়ারে ৯৩ ম্যাচ খেলে ৪৩৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া রঙিন পোশাকের ক্রিকেটে তার শিকার ৯২ উইকেট। বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে আইসিসি স্বীকৃত লেভেল-৩ কোচিং সার্টিফিকেট রয়েছে হেরাথের।

অন্যদিকে অ্যাশওয়েল প্রিন্সকে আপাতত জিম্বাবুয়ে সফরের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি স্থলাভিষিক্ত হলেন আগের ব্যাটিং কোচ জন লুইসের। যিনি সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দায়িত্ব পালন করেছেন।

প্রিন্সের আন্তর্জাতিক ক্যারিয়ার ততটা সাফল্যমণ্ডিত নয়। তিন ফরম্যাট মিলে দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৯ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ১১ সেঞ্চুরিতে করেছেন সাড়ে ৪ হাজারের বেশি রান। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামের পাশে রয়েছে প্রায় ১৯ হাজার রান। হেরাথের মতো প্রিন্সেরও রয়েছে লেভেল-৩ কোচিং সার্টিফিকেট। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা `এ’ দলের ব্যাটিং কোচ ও অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

 

সড়কে দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ, মিল্ক ভিটা গড়ে তোলার দাবি

কামাল উদ্দিন টগর, ব্যুরো প্রধান রাজশাহীঃ দুধ বিক্রি করতে না পেরে ও ন্যায্য দাম না পেয়ে সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছেন নাটোরের সিংড়া উপজেলার খামারিরা।

শুক্রবার ও শনিবার (২৫ ও ২৬ জুন) সকালে বাহাদুরপুর বটতলা এলাকায় প্রায় ৩০ জন খামারী দুধ ঢেলে বাড়িতে ফিরেছেন।

জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার ১২ টি ইউনিয়নে প্রায় ৬০০টি গরুর খামার রয়েছে। রয়েছে বিভিন্ন বাজার ও হাট। এসবস্থানীয় হাট ও বাজারে দুধ বিক্রি হয়। বাড়িতে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি মহাজনদের কাছে প্রতি দিন ৪০ থেকে ৬০ লিটার একেকজন খামারী বিক্রি করতে আসেন। কিন্তু লকডাউনের কারনে বাজার মন্দা থাকায় মহাজন না আসলে দুধ নেয়ার মত ক্রেতা ও থাকে না। দুধ নিয়ে বাড়ি ফেরাও কষ্টের কারন হওয়ায় বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি ফিরতে হয় তাদের। এজন্য মিল্ক ভিটা গড়ে তোলার দাবি খামারীদের।

উপজেলার বাহাদুরপুর গ্রামের খামারি সাদ্দাম হোসেন বলেন, বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খামার করেছেন। প্রতিদিন গাভীর খাবার ও পরিচর্যা বাবদ খরচ হয়। দুধ বিক্রি করতে না পারলে খামারিদের বিপদের সীমা থাকবে না।

আরেক খামারি কান্দিপাড়া গ্রামের শাহিরুল ইসলাম বলেন, খামার আর দুধ নিয়েই খামারিদের জীবন-জীবিকা চলে। দুধ বিক্রি করতে না পারলে পথে বসতে হবে।

তিনি আরও বলেন, ১৫ থেকে ২০ টাকা দরে কোনো কোনো দিন বিক্রি করতে হয়, এতে করে লোকসান গুনতে হচ্ছে আমাদের। বিশেষ করে খড় ও ভূষির দাম বেশি থাকায় এবং দুধের দাম কম হওয়ায় আগ্রহ হারিয়ে ফেলছে খামারীরা। এ কারনে সরকারি ব্যবস্থাপনায় দুগ্ধখামার গড়ে তোলার দাবি খামারীদের।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ খুরশিদ আলম জানান, কলম, চামারী, হাতিয়ান্দহ এলাকায় বহু খামারি আছে। চামারী ও হাতিয়ান্দহতে বেসরকারি ভাবে প্রাণ ও আরং দুগ্ধ ক্রয় করে। শুক্রবার কিংবা অন্যান্য ছুটির দিন দুধ ক্রয় বন্ধ থাকে।

তিনি আরও বলেন, ইটালী, ডাহিয়া ইউনিয়নে সরকারি ব্যবস্থাপনায় দুধ শীতলীকরন অর্থাৎ ক্রয় কেন্দ্র গড়ে তোলার জন্য সুপারিশ পাঠানো হয়েছে।

সুইজারল্যান্ডে এমপি হলেন বাংলাদেশি সুলতানা

প্রবাসী ডেস্কঃ সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশি সুলতানা খান দেশটির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জুরিখ জোন থেকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তিনি। গত সপ্তাহের মঙ্গলবার এ ফলাফল ঘোষণা করা হয়। সর্বোচ্চ ভোটে নির্বাচিতদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন সুলতানা। প্রথম কোনও বাংলাদেশি হিসেবে সুইজারল্যান্ডে এমপি নির্বাচিত হয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন সুলতানা।

সুইজারল্যান্ডের মূল ধারার বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন সুলতানা। বিভিন্ন সামাজিক ও পরিবেশ বিষয়ক সংগঠনের কর্মী হিসেবেও কাজ করে যাচ্ছেন তিনি। সুইজারল্যান্ড এবং ইউরোপে বাংলাদেশের শিল্প ও সাহিত্য চর্চার জন্য ‘বাংলায় স্কুলের’ অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সুলতানা। পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছেন তিনি।

নির্বাচনী জয়ের পর সুলতানা বলেন, আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই এখানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের, যারা আমার ওপর আস্থা রেখেছেন। এছাড়া সুইজারল্যান্ডের জনগণ যারা জয়ী হওয়ার জন্য আমাকে ভোট দিয়েছেন। আমার এই অর্জন তাদের সবার জন্য। নারী অধিকারের বিষয়ে কথা বলার পাশাপাশি আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা করা। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা। আমি সুইজারল্যান্ডে একটি স্থায়ী শহীদ মিনার ও স্মৃতি স্থাপনা স্থাপনের প্রস্তাব রাখবো। যাতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখানে এলে বাংলাদেশের গৌরবের ইতিহাস জানতে পারে।

প্রসঙ্গত, রাজবাড়ীর মেয়ে সুলতানার জন্ম ঢাকার মিরপুরে। তার বাবার নাম এসএম রুস্তম আলী। আর মায়ের নাম মাতা রাজিয়া সুলতানা। ৫ ভাই ও ২ বোনের মধ্যে তিনি সবার ছোট। সুলতানা ঢাকা সিটি কলেজ থেকে স্নাতক এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

২০০৪ সাল থেকে স্বামী প্রবাসী সাংবাদিক, সংগঠক এবং ব্যবসায়ী বাকি উল্লাহ খান এবং দুই ছেলেসহ সুইজারল্যান্ডের জুরিখ শহরে বসবাস করছেন তিনি।

ফুলবাড়ীতে গাঁজাসহ দুই নারী ও এক পুরুষ মাদক চোরাকারবারি গ্ৰেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ দুই নারী ও এক পুরুষ মাদক চোরাকারবারিকে গ্ৰেফতার করেছে। শুক্রবার দুপুরে আটককৃতদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ  জানায়, নিজেদের  শরীরে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায়  গাঁজা পরিবহনকালে শুক্রবার  সকালে উপজেলার আছিয়ার বাজার এলাকা থেকে  ওই তিন মাদক কারবারিকে গ্ৰেফতার করা হয় ‌।

গ্ৰেফতারকৃতরা হলেন, নাটোর জেলার তেবাড়িয়া গ্রামের হাসান আলীর স্ত্রী আকলিমা বেগম (৪৮), বগুড়া জেলার কাহালু থানার তেতুলিয়া পাড়ার জহুরুল ইসলামের স্ত্রী রাহেলা বেগম (৩৮) ও একই গ্রামের মৃত আবু জাফর সরকারের ছেলে জাকির হাসেন (২৪)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি রাজীব কুমার রায় জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়ায় গৃহবধুকে নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

তিমির বনিক,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউপি ছালেমা বেগম নামক এক গৃহবধু শুক্রবার ২৫ জুন স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তার উপর দেবর কর্তৃক নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ করেন।

ছালেমা বেগম টিলাগাঁও ইউপি চান্দপুর গ্রামের বিজিবি সুবেদার আব্দুল মোতালেবের স্ত্রী। তিনি ৩ দেবরের বিরুদ্ধে এই অভিযোগ করেন। গত ১৯ জুন ও ৩রা এপ্রিল তার উপর দুই দফা নির্যাতন করা হয়। এব্যাপারে তিনি কুলাউড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত বক্তব্যে ছালেমা বেগম জানান, তার স্বামী বিজিবিতে ও বড় ছেলে সরকারি চাকরিতে কর্মরত। বিধায় ছোট ছেলেকে নিয়ে তিনি গ্রামের বাড়িতে বসবাস করেন। দেবর আব্দুল হান্নান, আব্দুল মান্নান ও আব্দুল জলিল মিলে তাদের বাবা (আমার শ্বশুড়) আব্দুল লতিফকে ভুল পথে পরিচালিত করে নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি করে চলেছেন প্রতিনিয়তো। আমাকে বারবার শারীরিক ভাবে নির্যাতন করছেন। তাদের জন্য সবসময় আতঙ্কে থাকি। আমার দেবরেরা আমাকে প্রাণে হত্যার অপোতৎপরতায় লিপ্ত রয়েছে। এব্যাপারে সংবাদ সম্মেলন করে তিনি ন্যায় বিচারের জন্য আবেদন করেন।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, এটা তাদের পারিবারিক বিষয়। উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত ছাড়া এই মূহুর্তে কিছু বলা যাচ্ছে না।

 

চট্টগ্রামে দেড় কোটি টাকার ইয়াবা ও ট্রাকসহ আটক ২

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের কর্ণফুলী থানার চর ফরিদ এলাকায় র‌্যাব-৭ এক অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের ৪৮ হাজার ইয়াবাসহ একটি ট্রক জব্দ করেছে। এ ঘটনায় ট্রাকের চালকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৫ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক হযরত তৈয়বশাহ সিএনজি লিমিটের সামনে পাকা রাস্তার উপর শুক্রবার রাত সোয়া ১২টার দিকে একটি ট্রাক র‌্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদে নিজের দখলে থাকা ট্রাকের এয়ার সিলিন্ডারে মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ট্রাকটি (চট্ট মেট্টো-ট-১১-৫০৭৪) জব্দ করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছে।

উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা এবং জব্দ করা ট্রাকের অনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

 

সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে নতুন করে আরও ৪১ জন করোনা আক্রান্ত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ রোজ শনিবার (২৬ জুন) সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে সর্বশেষ গত ২৪ ঘন্টায় ১৬১ টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৫ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট ২৮৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থতা নেই। মোট সুস্থ হয়েছেন ২৫৭২ জন।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, মোট মারা গেছেন ৩৪ জন। উল্লেখ্যঃ মৌলভীবাজারের বাইরে সিলেট বা ঢাকা বা অন্য কোথাও করোনা পরীক্ষার নমুনা দিলে, সে তথ্য বা টেস্ট রিপোর্ট মৌলভীবাজারের হিসেবে অন্তর্ভুক্ত করেনা সিভিল সার্জন অফিস। সেটা সংশ্লিষ্ট জেলার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সে হিসেবে মৌলভীবাজারের মৃত্যু ও আক্রান্ত আরও অনেক বেশি হবে।

এদিকে করোনা প্রতিরোধে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন।

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও আট হাজারের বেশি মানুষ। শনিবারের (২৬ জুন) আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৮৯৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ৯৫৫। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ২৪ হাজার ৯৭২ জনে। এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৯ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৬১ জনে।

এদিকে বাংলাদেশে শুক্রবারের (২৫ জুন) আপডেট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনের মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৬ জনে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনে।

হোমনায় বিষধর সাপের ছোবলে এইচ এসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মো.নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর গ্রামে বিষধর সাপের ছোবলে তামিম নামে (১৮)  এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ২৪ শে জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে  চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তামিম (১৮) চান্দেরচর গ্রামের দক্ষিণ পাড়া পুকুর পাড়ের মো. আক্তার হোসেনের মেঝো ছেলে ও রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের এইচ এসসি বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র।

নিহতের  পিতা আক্তার হোসেন জানান, তামিম প্রতিদিনের মত বৈঠক ঘরে লেখা পড়া করতেছিল। হঠাৎ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টেবিলের নিচে পা দিলে বিষধর সাপ তার পায়ের আঙ্গুলে দংশন করে। পরে তামিম চিৎকার করলে পরিবারের লোকজন উদ্ধার করে আছাদপুর ইউনিয়নের পাথালিয়া কান্দি গ্রামের হযরত জোহর আলী মুন্সির মাজারে নিয়ে গেলে কবিরাজ চিকিৎসা দেয়ার(পান পড়া) পূর্বেই  তার মৃত্যু হয়।

পরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুছ সালাম সিকদার বলেন, হাসপাতালে আসার আগে রাস্তায় তার মৃত্যু হয় ।

এদিকে তার অকাল মৃত্যুতে তার প্রিয় শিক্ষাঙ্গন ও পরিবারে শোকের ছায়া  নেমে এসেছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর জানাযা শেষে পারিবারিক স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বাক প্রতিবন্ধী ও সেনা সদস্যের স্ত্রীকে ধর্ষণ

তিমির বনিক,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় একদিনেই দুই ইউপিতে বাক প্রতিবন্ধী নারী ও এক সেনাসদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

থানা-পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (২৩ জুন) সন্ধ্যায় কমলগঞ্জ সদর ইউপি ছাতকছড়া গ্রামের আব্দুল্লা মিয়ার বাক প্রতিবন্ধী মেয়েকে (২৫) ধর্ষণ করা হলে মেয়েটির পিতা বাদি হয়ে একজনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন। আসামীকে আটকের অভিযান চলছে।

অপরদিকে একই রাতে উপজেলার আদমপুর ইউপি কেয়ালীঘাট এলাকার সেনাসদস্য শহীদুল ইসলামের স্ত্রী এক সন্তানের জননী তামান্না আক্তার( ২০) তার মায়ের বাড়িতে সেলিনা বেগমের মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন। মা সেলিনা বেগম মেয়েকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সেনাসদস্যের স্ত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে কান্দিগাঁও গ্রামে ধুম্রজালের সৃষ্টি হয়েছ। কেউ কেউ বলছেন মেয়ের স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় সেনাবাহিনীর সদস্য শহীদুল ইসলামকে ফাঁসাতে নাটক সাজানো হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে তামান্না আক্তারের শাশুড়ি শহীদুল ইসলামের মা লাইরং বিবির সাথে যোগাযোগ করলে আলাপকালে তিনি জানান, তার পুত্রবধুর সাথে তাদের কোন যোগাযোগ নেই। সে দীর্ঘদিন থেকে তার মায়ের বাড়িতেই অবস্থান করছে। ঘটনার বিষয়ে জানতে কান্দিগাঁও গ্রামের ভিকটিমের খালাতো ভাই মামুন আহমেদ, এলাকার কামাল মিয়া, আনোয়ার হোসেন রানাসহ গ্রামবাসীর সাথে যোগাযোগ করলে তারা জানায়, গ্রামে এরকম কোন ঘটনার খবর তারা কেউ জানেনা। এরকম ঘটনা ঘটবে আর কেউ জানবে না সেটা কিভাবে সম্ভব? ঘটনাটি হয়তো সাজানো নাটক কাউকে ফাঁসানোর চেষ্টা হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার সাজেদুল কবীর বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে তামান্না আক্তার নামের এক নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

এদিকে খবর পেয়ে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল শহীদুল হক মুন্সির নেতৃত্বে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, এসআই ফজলে এলাহী, সিরাজুল ইসলাম সহ পুলিশের একটি দল রাত পৌনে ১ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় চেয়ারম্যানের উপস্থিতিতে ভিকটিমের আত্মীয়স্বজন ও এলাকাবসীর সাথে আলাপকালে ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি।

এ ব্যপারে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এসময় স্থানীয় চেয়ারম্যান সহ ভিকটিমের আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সাথে আলাপকালে ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে আশ্বাস প্রদান করেন।