ফুলবাড়ী সীমান্তে ৪০ কেজি গাঁজা উদ্ধার!

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি চল্লিশ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার  করেছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার গংগাহাট সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়,  ওই সীমান্তের ৯৪২ নম্বর পিলারের পাশ দিয়ে উভয় দেশের চোরাকারবারীরা গাঁজা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় কাশিপুর ক্যাম্পের হাবিলদার মাসুদ রানার নেতৃত্বে একদল বিজিবি’র সদস্য চোরাকারবারীদের ধাওয়া করে। বিজিবির ধাওয়ায় গাঁজার পোটলা ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে বিজিবি’র  সদস্যরা গাঁজার পোটলা গুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার গোলাম মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গলে মিললো মানব দেহের পায়ের দু খন্ডিত টুকরো

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে একটি মানব দেহের পায়ের ‍দুটি খন্ড টুকরো  পাওয়া গেছে। এটি নারীর পা হতে পারে বলে পুলিশের ধারণা।
শ্রীমঙ্গলের মির্জাপুর ইউপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাশি চক্রবর্তী জানান, সোমবার ২১ জুন সকালে মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশার দক্ষিণ পাচাউন গ্রামের একটি কচুক্ষেতে স্থানীয়রা টুকরো দুটি দেখতে পান।
তিনি বলেন, “ঊরুসহ হাঁঠু পর্যন্ত এক টুকরো এবং হাঁঠু থেকে নিচের আরেকটি টুকরো পচে দুর্গন্ধ বের হচ্ছে। তার পাশে একটি ছোট প্লাস্টিকের থলে রয়েছে। ধারণা করা হচ্ছে প্লাস্টিকের থলেতে ছিল টুকরো দুটি। তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত টিম আইনানুসারে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানা পুলিশের ইনচার্জ আব্দুস ছালেক (দুলাল)।

মালয়েশিয়ায় ১০২জন বাংলাদেশিসহ ৩০৯ জন আটক

আন্তর্জাতিক ডেস্কঃ আজ সোমবার (২১ জুন) ভোরে রাজধানী কুয়ালালামপুরের অদূরে ডেনকিলের বেশ কয়েকটি নির্মাণাধীন সাইট থেকে ১০২ বাংলাদেশিসহ ৩০৯ জনকে আটক করা হয়। মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই অবৈধ অভিবাসী প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিক রয়েছেন।

দেশটির ইমিগ্রেশন সুত্রে জানা যায়, ৭১৫ জনকে যাচাই-বাছাই শেষে ৩০৯ জনকে আটক দেখানো হয়েছে। আটককৃতরা ২০ থেকে ৫২ বছর বয়সের মধ্যে। তাদের বিরুদ্ধে অভিবাসী আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ইমিগ্রেশনের ডিজি ইন্দিরা খাইরুল জাইমি দাউদ। পুরো এ অভিযানে অংশ নেন ইমিগ্রেশনের ১৮৯ জন কর্মকর্তা।

ইমিগ্রেশনের ডিজি  ইন্দিরা খাইরুল জাইমি দাউদ বলেন, আমরা তথ্য পেয়ছিলাম যে এখানে এমসিও লঙ্ঘন করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে এবং স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। মূলত এ কারণেই আমরা কর্মকর্তাদের নিয়ে অভিযান চালাতে বাধ্য হয়েছি।

আটককৃতদের সিমুনি ক্যাম্পে নিয়ে করোনা পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান জাইমি দাউদ।

 

আগামীকাল থেকে দেশের ৭ জেলায় লকডাউন

সিএনবিডি ডেস্কঃ দেশে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে দেশের ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। লকডাউন চলাকালে ওই ৭ জেলায় সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আজ সোমবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মঙ্গলবার থেকে লকডাউনের আওতাভূক্ত জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ি, মাদারিপুর ও গোপালগঞ্জ। আর ঢাকা জেলাকে করোনা সংক্রমণ থেকে নিয়ন্ত্রণে রাখতেই এই ৭ জেলাকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, লকডাউনের মধ্যে এ ৭ জেলায় সবকিছু বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। মানুষও যাতায়াত করতে পারবে না।  মালবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া এর বাইরে যদি অন্য কোনো জেলা লকডাউন দেওয়ার প্রয়োজন হয়, তাহলে জেলা প্রশাসক লকডাউন ঘোষণা করতে পারবেন।

 

জোরপূর্বক টিলা ও গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পশ্চিম হাতলিয়া গ্রামে সরকারী বরাদ্দে ব্যক্তি মালিকানাধীন টিলা কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২০ জুন) ভুক্তভোগী জুড়ী উপজেলার গোয়ালবাড়ি গ্রামের মৃত তজমুল আলীর পুত্র আব্দুল খালিক ৪ ব্যক্তির বিরুদ্ধে বড়লেখা ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। জোরপূর্বক ব্যক্তি মালিকানাধীন টিলা কেটে মাত্র এক পরিবারের জন্য আড়াই লাখ টাকার সরকারী বরাদ্দ প্রদানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লিখিত অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, পশ্চিম হাতলিয়া গ্রামের মৃত রজব আলীর ছেলে আব্দুল খালিক, আব্দুল মুকিত তুলাই, আব্দুল বাছিত ও আব্দুর রাজ্জাক তাদের বসতবাড়িতে যাতায়াতের রাস্তা থাকা স্বত্বেও তাদের বাড়ির সম্মুখের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি গ্রামের আব্দুল খালিকের মালিকানাধীন টিলায় প্রায় শতাধিক গাছ ও ভূমি কেটে রাস্তা নির্মাণের পায়তারা করেন। তারা দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যানকে প্রভাবিত করে অতিগোপনে এখানে রাস্তা তৈরীর একটি সরকারী প্রকল্প গ্রহণ করে।

সম্প্রতি ইজিপিপি প্রকল্পের আড়াই লাখ টাকা বরাদ্দ পেয়ে আব্দুল খালিক, আব্দুল মুকিত তুলাই গংরা জোরপূর্বক টিলা কেটে রাস্তা নির্মাণ শুরু করে। খবর পেয়ে ভুমি মালিক আব্দুল খালিক তাদেরকে বাধাঁ দেন। ভুক্তভোগী আব্দুল খালিক জানান, কোনো ধরণের যোগাযোগ ছাড়াই তারা সরকারী প্রকল্পের মাধ্যমে আমার টিলা কেটে রাস্তা নির্মাণ শুরু করে। তাদের যাতায়াতের রাস্তা রয়েছে। এদিকে তাদের একটি পরিবার ছাড়া আর কোনো পরিবার নেই। মাত্র একটি পরিবারের জন্য সরকারের এত বড় প্রকল্প দেয়া রহস্যজনক ছাড়া কিছুই নয়।

এটি জনস্বার্থে নয়, আমার পরিবারের বিরাট ক্ষতির জন্য অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে। টিলা কাটার সময় আমার অসংখ্য গাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়েছে। আমি আপত্তি দিয়ে বন্ধ রেখেছি। আমার অগোচরে পুনরায় রাস্তা করে ফেলার আশংকা করছি।

এ ব্যাপারে বড়লেখা উপজেলা পি আই ও মোঃ ওবায়দুল্লা খাঁন বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের পক্ষ থেকে এ ধরণের কোন প্রকল্পের কাজের অনুমতি দেয়া হয়নি। অতি শীগ্রই সরজমিনে পরিদর্শন করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

অজয়ের শখের দাম ৫৪ কোটি টাকা

বিনোদন ডেস্ক /S.H:

বলিউডের তারকাদের প্রায় শখ করতে দেখা যায়। আর এইসব শখ পূরণের জন্য তারা ব্যয় করেন কোটি কোটি টাকা। এইবার শখ পূরণ করলেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। ভারতীয় মূদ্রা ১৮ কোটি টাকা ব্যাংক লোন নিয়ে মোট ৪৭.৫ কোটি  টাকা দিয়ে মুম্বাইয়ে বিলাসবহুল বাংলো কিনলেন এই বলিউড অভিনেতা।
এর আগে কাজল তার স্বামীর গাড়ির শখের কথা জানিয়ে ছিলেন। গোলমাল সিনেমা খ্যাত এই অভিনেতার কাছে রয়েছে পৃথিবীর সব দামি দামি গাড়ি। যার বাংলাদেশ বাজার মূল্য প্রায় ১ কোটি ৭১ লাখ টাকা থেকে শুরু । এছাড়াও রয়েছে নিজস্ব জেট, যার বাংলাদেশ বাজার মূল্য ৯৭ কোটি টাকা । এবার তিনি শখ করলেন মুম্বাইয়ের একটি বাংলোর। যার বাংলাদেশ বাাজার মূল্য ৫৪ কোটি টাকা। এই কারণেই তিনি ইন্ডিয়ান মূদ্রা ১৮ কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে বাংলোটি কিনেন। এই বাংলোটি ৪৪৭ স্কোয়ার মিটার ছাড়ানো। জানা গেছে ২০২১ সালের মে মাসে এই সম্পত্তির সকল কাগজ-পত্রের কাজ শেষ করেন তিনি। সম্প্রতি ভারতীয় মূদ্রা ৩১ কোটি দিয়ে আরও একটি সম্পত্তি কিনেন বলিউডের বিগ বি।

সারা দেশের ২০৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে!

সিএনবিডি ডেস্কঃ দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ সোমবার (২১ জুন) সকাল আটটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।

শুরু থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। প্রিসাইডিং অফিসাররা কেন্দ্রে আছেন। নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসারের প্রায় ৫০ হাজার সদস্য মাঠে আছেন। এ ছাড়াও রয়েছেন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউনিয়ন পরিষদ ছাড়াও লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন, ঝালকাঠী ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। এর বাইরে ২০টি ইউপিতে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি ১৮৪টি ইউপিতে ভোট হচ্ছে ব্যালটে।

একদিকে করোনা সংক্রমণের প্রকোপ, অপরদিকে ভারী বৃষ্টি-এমন পরিস্থিতিতেই ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন নির্বাচনি এলাকায় কোনও সাধারণ ছুটি থাকবে না। তবে ভোটকেন্দ্রসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে ২০৪ ইউপির মধ্যে ২৮টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। বাকি ১৩টি জেলার ৪১টি উপজেলায় চেয়ারম্যান পদে ৮৫৯ জন, সংরক্ষতি মেম্বার পদে ২ হাজার ১৫৪ জন ও সাধারণ মেম্বার পদে ৬ হাজার ৯৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কর্মকর্তা আছেন ৩২ হাজার ৭২৭ জন। মোতায়েন করা হয়েছে ৪৫ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কেন্দ্রের বাইরে পুলিশের মোবাইল টিম ২০৪টি, স্ট্রাইকিং টিম ৭৪টি, র‌্যাবের ১২৪টি ও বিজিবি ১২৩ প্লাটুন সদস্য রয়েছেন। ইউপিতে ৩৯৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

প্রথম ধাপে ৩৬৭টি ইউপিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত হলেও করোনার উচ্চসংক্রমণের কারণে ১০ জুন জরুরি সভা ডেকে খুলনা বিভাগের সবগুলোসহ চট্টগ্রাম, কক্সবাজার এবং নোয়াখালীরসহ মোট ১৬৩টি ইউপির ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।বরিশাল বিভাগের ১৭৩টি, নরসিংদীর দুটি, গাজীপুরের ছয়টি, মাদারীপুরের ১৩টি, সুনামগঞ্জের দুটি, লক্ষ্মীপুরের ৬টি এবং রংপুর ও বগুড়ার একটি করে ইউপিতে ভোট হবে!

 

উলিপুরে ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল যুবকের

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ফুটবল খেলার ধারাভাষ্য দি‌তে গি‌য়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে আতাউর রহমান আতা (২৩) না‌মে এক যুব‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। নিহত যুবক বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের আঠারপাইকা গ্রা‌মের সা‌বেত আলীর ছেলে। এ ঘটনায় একই গ্রা‌মের বিবুরু‌দ্দি‌নের ছেলে শিমুল মিয়া গুরুতর আহত হ‌য়ে‌ছেন।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, র‌বিবার (২০ জুন) সন্ধ‌্যা ৬টার দি‌কে উপ‌জেলার আঠার পাইকা ভা‌টিটা‌রি গ্রা‌মে পার্শ্বব‌র্তী সেচ লাইন থে‌কে বিদ‌্যুৎসং‌যোগ নি‌য়ে মাইক বা‌জি‌য়ে একদল যুবক ফুটবল খেল‌ছিল।

খেলার সময় একজন ফুটবল‌টি জো‌রে আঘাত কর‌লে বল‌টি খেলার মা‌ঠের পা‌শে বিদ‌্যু‌তের খুঁটির ট্রান্স‌মিটা‌রের তা‌রে ধাক্কা লা‌গে। প‌রে আক‌স্মিক মাই‌কে বিদ‌্যুতের লাইন সঞ্চালন হয়।

স্থানীয় ইউ‌পি সদস‌্য আশরাফুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

হাকালুকি হাওরে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রস্তাব স্বাগতঃ পরিবেশমন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ দূষণ রোধে সরকার ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুতের ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্যে হাকালুকি হাওরসহ অন্যান্য জলাভূমি সমৃদ্ধ অকৃষি জমিতে সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রস্তাব সরকার স্বাগত জানাবে।
২০ জুন রবিবার মন্ত্রীর সচিবালয়স্থ অফিস কক্ষে ইলিরিস এনার্জি গ্লোবাল এর প্রেসিডেন্ট ডেভিড টেইলর এর নেতৃত্বাধীন ইলিরিস এনার্জি ফর এশিয়ার প্রতিনিধিদল সোনাদিয়া দ্বীপে নির্মাণাধীন ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের পরিবেশ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা কালে এসব কথা বলেন।
আলোচনাকালে ইলিরিস এনার্জি গ্লোবাল এর প্রেসিডেন্ট ডেভিড টেইলর জানান, তার সংস্থা সোনাদিয়া দ্বীপ ও চট্টগ্রামের বাশখালীতে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে। সব কিছু ঠিক থাকলে ক্রমান্বয়ে এ বিদ্যুৎ কেন্দ্রদুটো ১০০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। তাই এ দুটি সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের জন্য পরিবেশগত প্রভাব মূল্যায়ন সম্পাদনে সহায়তার জন্য পরিবেশমন্ত্রীর সহায়তা কামনা করেন। তিনি আরো জানান, উপকূলীয় এলাকা সহ দেশের যে সকল স্থানে শক্তিশালী সূর্যরশ্মি পাওয়া যাবে সেখানেই তাদের এধরণের আরো সৌরবিদ্যুৎ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আলোচনাকালে পরিবেশমন্ত্রী জানান, উপকূলীয় এলাকা দুর্যোগপ্রবন এলাকা হওয়ায় হাকালুকি হাওর সহ অন্যান্য বৃহৎ জলাভূমি সমৃদ্ধ অকৃষিক্ষেত্রে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের প্রস্তাব এলে সরকার তাদের স্বাগত জানাবে। মন্ত্রী বলেন, বর্তমানে ক্লাইমেট ভালনার‌্যাবল ফোরামের সভাপতি হিসেবে বাংলাদেশ সরকার জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া হতে সরে আসার চেষ্টা করছে। পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানির শূন্য ব্যবহারের নীতির দিকে এগিয়ে যাচ্ছে তার সরকার। তাই প্রচলিত তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পরিবর্তে পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বাংলাদেশ সরকার ।
এসময় অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, ইলিরিস এনার্জি ফর এশিয়ার চিফ অপারেটিং অফিসার জেরি প্রাইস, কান্ট্রি ডিরেক্টর জাকির হোসেন খান এসময় উপস্থিত ছিলেন।

বাঞ্ছারামপুর-হোমনা উপজেলার সীমান্তবর্তী অপরাধ দমন সভা অনুষ্ঠিত

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর-হোমনা: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও কুমিল্লার হোমনা-দুই উপজেলার সীমান্তবর্তী অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে হোমনা-বাঞ্ছারামপুর দুইটি উপজেলার যৌথ আয়োজনে উপজেলার চান্দেরচর ইউনিয়ন রামকৃষ্ণপুর বাজার সংলগ্ন শেখ হাসিনা তিতাস সেতু ওয়াই ব্রীজের চত্ত্বরে এই অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তারা বলেন, হোমনা-বাঞ্ছারামপুর দুই উপজেলার সীমান্তবর্তী মধ্যে সড়ক পথের সংযোগ হওয়া শেখ হাসিনা তিতাস সেতুকে কেন্দ্র করে নানা অপরাধ সংগঠিত হয়ে আসছে। এখানে মাদক, ইভটিজিং, চুরি ডাকাতি সহ নানামুখী অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
তাই দুটি উপজেলার সীমান্তস্থল হওয়ায় অপরাধীরা সুযোগ গ্রহণ করে তাঁরা এবং অপরাধ কর্ম সংগঠিত করছে কৌশলে। এমন সংবাদের ভিত্তিতে বিষয়টি আমলে নিয়ে এসব অপরাধ নির্মূলে দুই উপজেলার পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের সম্মনয়ে একটি শক্তিশালী প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান।
হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (এসআই) সেকান্দর মোল্লার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. ফজলুল করিম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ, হোমনা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী নয়ন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হুমায়ুন কবির।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সেলিম, সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া, হোমনা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জান খোকন, যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ, চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মোল্লা, প্রবীণ আওয়ামীলীগ নেতা এমদাদ ম্যানেজার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হারুন মমিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, চান্দেরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রায়হান খন্দকার, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি জাকারিয়া, কলেজ ছাত্রলীগ নেতা শুভ রাজ প্রমুখ।