ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত

সিএনবিডি ডেস্কঃ ভারতের সঙ্গে স্থলসীমান্ত আরও ১৬ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ এপ্রিল থেকে চলমান এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রবিবার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মাশফি বিনতে সামস বলেন, ‘ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। আপাতত আমরা চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী স্থলবন্দর বন্ধ রেখেছি, বাকি পাঁচটি বন্দর দিয়ে আটকাপড়া বাংলাদেশিরা শর্ত মেনে দেশে ফিরতে পারবে।’

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল থেকে ভারতের স‌ঙ্গে সব ধর‌নের স্থলসীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। ত‌বে সেখানে আটকে পড়া বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের ম‌ধ্যে যা‌দের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চে‌য়ে কম ছিল, তা‌দের ১৪ দি‌নের বাধ্যতামূলক কোয়া‌রেন্টাইনের শ‌র্তে দে‌শে ফেরার সু‌যোগ দেওয়া হয়। এখনও এই শর্তে ভারত থেকে দেশে ফিরছে মানুষ। সীমান্ত বন্ধ করে দেওয়ার পর বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে মানুষ বাংলাদেশে প্রবেশ করেন। পরে দর্শনা, হিলি ও সোনামুখী বন্দর তিনটি দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরার সুযোগ দেয় সরকার।

তবে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনার প্রকোপ বাড়ায় সোনামুখী বন্দর নিয়ে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সরকার।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে স্থলবন্দর দিয়ে প্রবেশ বন্ধ থাকলেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত আছে।

সিলেট উপনির্বাচনে ৩-আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে হাবিবুর রহমান মনোনীত

মোঃ আমিন আহমেদ, সিলেটঃ সিলেটে মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিবকে মনোনীত করা হয়েছে।

গেল শনিবার (১২ জুন) সকাল ১১টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির খান। তিনি বলেন, নেত্রী হাবিবুর রহমান হাবিবকে মনোনীত করেছেন। এ সিদ্ধান্ত সকলে মেনে নিয়ে তাঁকে জয়ী করতে কাজ করবে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকলরকম সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মারা যান। মারা যাওয়ার কারণে সিলেটের সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৮ জুলাই এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিকে তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

অপরদিকে, সিলেট-৩ আসনে ক্ষমতাসীন এ দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের তিনবারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুবলীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, যুক্তরাজ্যের ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি স্যার এনাম উল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ শমসের জামাল, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কফিল আহমদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দেওয়ান গৌস সুলতান, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মনির হোসাইন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি সাইফুল আলম, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ ও বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ উপনির্বাচন হওয়ার কথা ছিল। পরে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নির্বাচন ২ সপ্তাহ পিছিয়ে ২৮ জুলাই তারিখ নির্ধারণ করেছে ইসি।

 

সাংবাদিক আব্বাস কে নির্যাতনকারী জামিন নিতে এসে গেলেন কারাগারে

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় প্রসাদপুর সাব-রেজিস্ট্রার অফিসে সাংবাদিক নির্যাতনের মামলায় এজাহারভুক্ত চারজন আসামী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে মহামান্য বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রোববার বিকেল ৩টার দিকে ২নং আমলী আদালত নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার বসাক এ নির্দেশ দেন।

আসামীরা হলেন- প্রসাদপুর দলিল লেখক সমিতির সভাপতি এরশাদ আলী(৫০), সাধারন সম্পাদক বাবুল আক্তার(৪৫), সাংগঠনিক সম্পাদক আলামিন রানা (৩০) ও খাদেমুল ইসলাম (৫৫)।আসামীপক্ষের আইনজীবি ছিলেন- অ্যাডভোকেট হারুনুর রশীদ এবং রাষ্ট্রপক্ষের ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুনুর রশীদ। পরবর্তী শুনানী হবে আগামী ০৯/০৮/২০২১ ইং।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের দাওইল গ্রামের তদন্তে প্রাপ্ত গ্রেফতার দলিল লেখক সমিতির সদস্য মিজানুর রহমান নামে একজনকে আটক করে পুলিশ রোববার দুপুরে জেল হাজতে পাঠায়। বর্তমানে পাঁচজন আসামী রয়েছে জেলহাজতে।

উল্লেখ্য, জেলার মান্দা উপজেলার প্রসাদপুর দলিল লেখক সমিতি সাধারণ মানুষদের সাথে প্রতারণা করে দীর্ঘদিন থেকে অতিরিক্ত চাঁদা আদায় করে। কেউ চাঁদা দিতে না চাইলে হয়রানি শিকার ও জমি রেজিস্ট্রি বন্ধ করে দেন তারা। গত ৮জুন দৈনিক যুগান্তর ও জাগোনিউজের জেলা প্রতিনিধি আব্বাস আলীর বড় ভাই আসাদ আলী তার পারিবারিক জমি রেজিস্ট্রি করতে প্রসাদপুর দলিল লেখক সমিতিতে যান।সেখানে দলিল লেখকের সাধারন সম্পাদকের বাবুল আক্তারের সঙ্গে আলোচনা করে একটি দলিল ১২ লাখ টাকা মূল্যে করতে চান। যেখানে ১০ দশমিক ৫ টাকা হারে ১২ লাখ টাকার দলিলে ১ লাখ ২৬ হাজার টাকা খরচ হবে বলে জানানো হয়। যা সরকারি মূল্যের চাইতে অতিরিক্ত চাঁদা দাবী করা হয়। বিষয়টি আসাদ আলী তার ছোট ভাই সাংবাদিক আব্বাস আলীকে জানালে তিনি স্বশরীরে সাধারন সম্পাদক বাবুল আক্তারের সঙ্গে দেখা করে খরচ কিছু করার অনুরোধ জানান। কোন কম হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। দলিল রেজিস্ট্রিতে সরকারি খরচের বিষয় জানতে চাইলে তারা আব্বাস আলীর ওপর ক্ষিপ্ত হয়ে মারমুখী আচরণ করে দলিল লেখক সমিতি চত্বর থেকে বের করে দেয়।

পরে তিনি বিষয়টি সাব-রেজিস্ট্রিারের সঙ্গে আলোচনা করতে তার এজলাস কক্ষে যান। এসময় দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক বাবুল আক্তার ও সাংগঠনিক সম্পাদক আলামিন রানার নেতৃত্বে ১০-১২ জন এজলাস কক্ষ থেকে টেনে হিচড়ে বের করে বারান্দায় শরীরের বিভিন্নস্থানে কিলঘুষি মেরে আহত করে কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। যার মধ্য জমি রেজিস্ট্রি বাবদ নগদ তিন লক্ষ টাকা, ভিডিও ক্যামেরা ও একটি ল্যাপটপ ছিল। পরে কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। ঘটনায় ভুক্তভোগী আব্বাস আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

 

চট্টগ্রাম নগরীর আসকার দিঘীর পশ্চিম পাড় এখন মাদক বিক্রি ও সেবনের নিরাপদ স্থান!

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের চারদিকে দিন দিন মাদকের উৎপাত বেড়েই চলেছে প্রশাসনের কড়া নজরদারির ভিতরেও থেমে নেই’ মাদক,কারবারিদের দৌরাত্ম। ক্রেতা-বিক্রেতা, একসাথে বসে সেবন করছে গাঁজা। এমনই দৃশ্য ধরা পড়লো সাংবাদিকের ক্যামেরায়। চট্টগ্রাম নগরীর আসকার দিঘীর পশ্চিম পাড় গাঁজা সেবনের নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে একদল মাদকসেবী।

প্রতিদিন সকাল সন্ধ্যায় রামকৃষ্ণ মন্দির এর অপর পাশে আস্কার দিঘীর যে ঘাট রয়েছে সেখানে নিয়মিত সকাল সন্ধ্যা দুপুর প্রকাশ্যে গাঁজা সেবন করে চলেছে একশ্রেণীর মাদকসেবীরা।

এছাড়াও উক্ত স্থানেকে তারা গাজা বেচাকেনার নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। বিষয়টির ব্যাপারে স্থানীয় মানুষজন মুখ খুলতে সাহস পায়না। খবর নিয়ে জানা গেছে গাঁজা সেবনকারী অনেকেই ওই এলাকার কিশোর গ্যাং এর সদস্য। তাছাড়া লক্ষণীয় বিষয় হলো সেবনকারীরা প্রকাশ্যে গাঁজা সেবনের দৃশ্যটি, আশেপাশের অনেকেই দেখেছেন। তারা প্রতিবাদ করছেন না। কিংবা সেবনকারীরা ও আশেপাশের মানুষকে কোন ধরনের তোয়াক্কা না করে করে নিজেরা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করে চলেছে।

এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় জনসাধারণ! স্থানীয় জনসাধারণ এ ব্যাপারে আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপও আশা করছেন।

 

সাবেক ছাত্রলীগ সম্পাদকের উপর হামলা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১৩জুন) রাত ৮ ঘটিকার দিকে মৌলভীবাজার জেলা জুড়ী উপজেলা জুড়ী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা দেন। সাথে জাকিরের স্ত্রী পিতা-মাতাও ছিলেন। জুড়ী বাজারে কাছে তাকে বহন করা গাড়ী আসা মাত্রই একদল যুবক গাড়িতে হামলা করে। ছি ভাবতেই ঘৃণা লাগছে বাড়ি থেকে ঢাকা যাচ্ছি আমার সাথে আমার বাবা-মা আছেন। আমার কোন শত্রুর বাবা-মার সামনেও যেন এরকম কিছু না ঘটে। এটাই কি তাহলে রাজনীতি।

এদিকে জাকিরের গাড়িতে হামলার খবর ছড়িয়ে পড়লে সিলেটসহ সারাদেশে ছাত্রলীগের নেতা কর্মীরা এ ঘটনার তীব্রনিন্দা এবং প্রতিবাদ জানিয়য়ে হামলা কারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।

এসএম জাকির হোসাইন তার নিজের ফেসবুক আইডিতে হামলার বিষয়টি উল্লেখ করে লিখেন এবং এর জন্য ছিঃ দেয়া ছাড়া কোন রকম বাক্য ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে না।

 

ফুলবাড়ীতে ইউপি সদস্যের স্ত্রীর নামে ভিজিডি কার্ড, নিজে সহ পরিবারের ২০ জনের নামে রেশন কার্ড

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হযরত আলীর বিরুদ্ধে স্ত্রীর নামে ভিজিডি ও রেশন কার্র্ড এবং পিতামাতা, ছোট ভাই, ভাইয়ের স্ত্রী, মামা, খালা, খালু মামাত খালাত ভাইবোন সহ নিজ পরিবারের ২০ জনের নামে রেশন কার্ড বরাদ্দ দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী ।

অভিযোগে জানা গেছে, ওই ইউপি সদস্যের স্ত্রী মমিনা বেগমের নামে দশ টাকা কেজির চাউলের রেশন কার্ড রয়েছে । তারপরও ২০২১-২০২২ ভিজিডি চক্রে তিনি স্ত্রীর নাম তালিকাভুক্ত করে চাউল উত্তোলন করছেন যাহার ক্রমিক নং ০৮। এ ছাড়াও ওই ইউপি সদস্যের পিতা আব্দুল খালেক , মা হাজরা বেগম, ছোট ভাই হুজুর আলী, অপর ছোট ভাই মজিবুল হক, মজিবুলের স্ত্রী লাভলী বেগম, মামা গোলাপ হোসেন, মামি ছকিনা বেগম, খালা হালিমা বেগম, খালু শাহজালাল, খালাত ভাই হারুন, খালাত ভাইয়ের স্ত্রী জান্নাতি বেগম, মামাত ভাই শাহিন, মামাত ভাইয়ের স্ত্রী মর্জিনা বেগম এবং হযরত আলী নিজে সহ পরিবার ও আত্নীয় স্বজনদের ২০ জনকে দশ টাকা কেজির চাউলের রেশন কার্ড প্রদান করেছেন বলে অভিযোগে উল্লেখ আছে।

ইউপি সদস্যের পরিবার ও আত্নীয় স্বজনদের মধ্যে সরকারী সহায়তার অধিক সংখ্যক কার্ড থাকায় ওই এলাকার দুস্থ্য জনসাধারণ বঞ্চিত হয়েছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

এ প্রসঙ্গে ইউপি সদস্য হযরত আলী জানান, এই রেশন কার্ডগুলো পুর্বের চেয়ারম্যানের আমলে হয়েছে। আর ভিজিডি কার্ডের তালিকায় আমার স্ত্রীর নাম অন্তর্ভুক্ত হলেও আমি চাউল তুলিনি। ইউনিয়ন পরিষদের অভ্যন্তরীন কোন্দলের কারনে আমার বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

রাজীবপুরে প্রত্যাশা সামাজিক সংগঠনের মাস্ক বিতরণ!

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুরে প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য সচেতনতায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টার উপজেলার বিভিন্ন স্থানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষদেরও মাস্ক পড়িয়ে দেওয়া হয়।  এ সময় প্রত্যাশা সামাজিক সংগঠনের সহ সভাপতি মোখলেছুর রহমান, মোঃ আকতার হোসেন, মোঃ আমজাদ হোসেন, মোঃ শাহাদাত হোসেন, মোঃ ওমর ফারুক, মোঃ সুমন মিয়া  সহ উক্ত সংগঠনের আরো অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উক্ত সংগঠনের সহ সভাপতি মোখলেছুর রহমান বলেন,সচেতনতাই পারে করোনাভাইরাসকে রুখে দিতে। আর এ কাজে এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে।

প্রত্যাশা সামাজিক সংগঠনের মুখপাত্র সাকিব আল হাসান রুবেল জানায়, ভাল কাজে সবার পাশে প্রত্যাশা সামজিক সংগঠনের এ ধারা অব্যাহত থাকবে।

 

কারিনাকে বয়কটের ডাক নেটিজনদের

বিনোদন ডেস্ক /S.H:

 

বলিউডে রামায়ণকে সিলভার স্ক্রিনে দেখাতে চায় পরিচালক অলৌকিক দেশাই। আর “সীতা” চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ বলিউডের প্রথম সারির অভিনেত্রী কারিনা কাপুর খান। তবে সিনেমার জন্য পারিশ্রমিক ১২ কোটি দাবি করায় নেট দুনিয়ায় “বয়কট কারিনা কাপুর”  নতুন ট্রেন্ড শুরু হয়েছে।

কারিনা কাপুর খান বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। যদিও কঙ্গনা রানাওয়াত বা বিদ্যা বালানের মত সিনেমা নেই, তবুও প্রথম সারির অভিনেত্রী হিসেবেই পরিচিত বলিউডের বেবো। সিনেমা প্রতি ৬ থেকে ৮ কোটি টাকা পারিশ্রমিক নেন কারিনা। তবে প্রস্তাবিত সিনেমা রামায়ণের “সীতা” চরিত্রের জন্য ১২ কোটি দাবি করেন এই অভিনেত্রী। মূলত সিনেমা প্রস্তুতি বিস্তর হওয়াই এই পারিশ্রমিক দাবি করেন বলিউডের নবাবের বধু। জানা গেছে সিনেমার “পিরিয়ড ড্রামা” য় সময় লাগবে ৮ থেকে ১০ মাস।

কিন্তু বলিউডের নেটিজেনরা এত কিছু আমলে নিচ্ছে না। তাদের মতে বেশি পারিশ্রমিক দাবি করেছেন বেবো। কারও মতে “সীতা” চরিত্রের জন্য কঙ্গনা রানাওয়াত উপযুক্ত। কেউ লিখেছেন, কীভাবে একজন মাদকাসক্ত অভিনেত্রী “সীতা” চরিত্র অভিনয় করতে পারে? আবার কেউ লিখেছেন, তৈয়মুরের মা কিভাবে সীতা হতে পারে ?  ক্ষুব্ধ নেটিজেনরা “বয়কট কারিনা কাপুর” ডাক দিয়ে টুইট করছেন টুইটারে। তবে আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে অভিনেত্রী বা নির্মাতা তরফ থেকে কোনো বিবৃতি এখন পাওয়া যায়নি।

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৩ জুন রবিবার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন দুপুরে লেহেম্বা ইউনিয়নের গোগর হাইস্কুল মাঠে ঐ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, রাণীশংকেল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি  অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শিক্ষক জমিরউদ্দিন প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে শতাধিক কৃ্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এলাকার ধান, গম, পাটসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের প্রয়োজনীয় সব সহযোগিতার কথা ব্যক্ত করেন। এই সাথে তারা উচ্চ ফলনশীল ব্রি-৮৯ জাতের ধান উৎপাদনে ও সরিষা ক্ষেতে মৌমাছি পালনের মাধ্যমে মধু উৎপাদনে কৃষকদের বিশেষ সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন  ইউনিয়ন উপ সহকারি কৃষি কর্মকর্তা মাসুদ রানা।

জুড়ীতে টিলা কাঁটার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার জেলাঃ মৌলভীবাজারের জুড়ীতে অবৈধ ভাবে টিলা কাটার দায়ে দুই জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান।
জানা যায়, জুড়ী উপজেলার সমাই বাজার এলাকায় টিলা কাটা হচ্ছে এমন খবরে জুড়ী থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে টিলা কর্তনকারী আব্দুল জব্বার ও জামাল উদ্দিনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।