ডিএনসিসি সদস্যদের অভিযানে ৪০ কেজি গাঁজা জব্দ, আটক-২

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের অভিযানে ৪০ কেজি গাঁজা ও অটোরিকশাসহ দুই চোরাকারবারি গ্রেফতার হয়েছে।

রবিবার বিকালে নাগেশ্বরী উপজেলার ভাঙ্গামোড় মনোদ্দির তেপতি নামক এলাকায় নাগেশ্বরী- কুড়িগ্রাম সড়কে কুড়িগ্রামগামী একটি অটোরিকশা তল্লাশি করে গাঁজা উদ্ধার পুর্বক তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় ফারুক মিয়া (২৫) নামের এক চোরাকারবারি পালিয়ে গেলেও অপর দুজন গ্রেফতার হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় এলাকার আজিবর রহমানের ছেলে আমিনুল ইসলাম (২৭) ও কুড়িগ্রাম সদর উপজেলার হিঙ্গনরায় ডাকবাংলো পাড়া এলাকার আকবর আলীর ছেলে আল-আমিন (২৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় কুড়িগ্রামগামী একটি অটোরিকশা তল্লাশি করে গাঁজা সহ তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে নাগেশ্বরী থানায় এনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জান্নাতুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের জন্যই কাজ করে

রাজনীতিক ডেস্কঃ আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের জন্যই কাজ করে। দেশের সমৃদ্ধি ও সুশাসনই আমাদের লক্ষ্য। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য সামনে নিয়েই আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে। তিনি (বঙ্গবন্ধু) নিজেকে প্রধানমন্ত্রী নন, জনগণের সেবক মনে করতেন। কিন্তু অবৈধ ক্ষমতা দখলকারীরা ক্ষমতায় এসে সব ধ্বংস করে দেয়।

তিনি বলেন, সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে দুর্নীতি বেশি হয়। কারণ জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না। আমরা জনগণের ভোটে নির্বাচিত, সুশাসনই প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

সরকারপ্রধান বলেন, আজকের নবীন কর্মকর্তাই হবেন ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার সৈনিক। ১৪ বছর আগের বাংলাদেশ আর নেই। তৃণমূল পর্যায়ে উন্নয়নের ধারা পৌঁছেছে। যা নবীন কর্মকর্তাদের অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, দুই দেশের যুদ্ধের কারণে বাংলাদেশসহ সারা বিশ্বই সংকটে। যুদ্ধ কতদিন চলবে, কেউ জানে না। তাই গ্যাস-বিদ্যুতসহ সবক্ষেত্রে সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে হবে।

তিনি বলেন, আমাদের উৎপাদন বাড়ানোর দিকে নজর দিতে হবে। তবে আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি অবস্থা মোকাবিলা করতে।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের ৭টি ঘর ভষ্মিভুত, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ টি পরিবারের  বসত ঘর, রান্নাঘর, গোয়াল ঘর,গরু, আসবাবপত্র, ধানচাল, নগদ টাকা পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। রবিবার দিবাগত রাত (সোমবার) দেড়টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  রাত  দেড়টার দিকে ওই গ্রামের ছালে মামুদের ছেলে নাদের আলীর ঘরে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। ঘুমন্ত মানুষ জেগে ওঠার আগেই আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে নাদের আলীর ৪টি টিনসেড ঘর, গোয়াল ঘর, রান্না ঘর এবং গোয়ালে রাখা ৩টি গাভী পুড়ে যায়। পরে আগুন পাশ্ববর্তী আব্দুল কাদের ও মজিদুলের ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়।

কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই আব্দুল কাদেরের ২ টি, মজিদুলের ১টি  ঘর, আসবাবপত্র, ধানচাল, নগদ টাকা সহ সবকিছু পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহসান হাবীব জানান, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।  তবে আগুন লাগার কারন জানা যায়নি।

ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ জানান, সর্বনাশী আগুন পরিবার ৩ টির সবকিছু শেষ করে দিয়েছে।  সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ইউনিয়ন পরিষদ থেকে প্রাথমিক সহায়তা দেয়া হয়েছে।

সিএনজি চালক ইয়াবাসহ গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সিএনজি চালক মোঃ রুমন খাঁনকে আটক করা হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিকালের দিকে ধৃত আসামিকে আটক করা হয়।

ডিবির এসআই মোহাম্মদ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের অন্তর্গত আটগাঁও গ্রাম থেকে তাকে আটক করে। সে সিলেটের বালাগঞ্জ থানার পৈলনপুর গ্রামের গেদা খানের ছেলে।

ডিবি সূত্রের বরাত দিয়ে জানা যায়, রবিবার বিকেলে মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধারে চেকপোস্ট পরিচালনাকালে আটগাঁও গ্রামের জনৈক বিপুল মাস্টারের বাড়ির সামনে মৌলভীবাজার-টু- শমশেরগঞ্জ বাজারগামী রাস্তায় সিএনজি অটোরিক্সাটি সন্দেহজনক মনে হলে থামাতে সিগন্যাল দেয়। পরে সিএনজি অটো রিক্সার চালক ও যাত্রীদের দেহ তল্লাশি করা হয়।

তল্লাশিকালে সিএনজি চালক মোঃ রুমন খাঁনের পরনের প্যান্টের পকেট থেকে একটি সিগারেটের প্যাকেটে রক্ষিত পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ডিবি পুলিশের দল এ ঘটনায় নিকটস্থ মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে হস্তান্তর করে।

এবিষয়ে জানতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশরাফুল ইসলাম জানান, আসামিকে সিএনজি ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পূর্বক মাদক মামলা দায়েরর মধ্যে দিয়ে নিকটস্থ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ মাদক কারবারী ২ নারী ও ১ পুরুষ আটক

হুমায়ুন কবির ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ফেন্সিডিলসহ ২ নারী ও এক পুরুষ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেনে করে রাজধানী ঢাকায় যাওয়ার সময় পীরগঞ্জ রেল ষ্টেশন প্ল্যাাটফর্ম থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়েছে।

পীরগঞ্জ এস আই রতন জানান, সোর্স মারফত তারা জানতে পারেন, মাদক কারবারীরা রবিবার সকালে ঢাকা গামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে রাজধানী ঢাকায় ফেন্সিডিল নিয়ে যাওয়ার জন্য পীরগঞ্জ রেল ষ্টেশনে অপেক্ষা করছিল কারবারীরা। এমন তথ্যের ভিত্তিতে ষ্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ষ্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষমান সন্দেহ ভাজন দুই নারীর ব্যাগ তল্লাসী করে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় ওই দুই নারী সহ তিন জনকে।

আটককৃতরা হলেন, পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার রামরাই হাজেরাদিঘি গ্রামের আলাউদ্দীনের ছেলে রানা ইসলাম, রানা ইসলামের স্ত্রী ময়না বেগম এবং একই এলাকার আরিফুলের স্ত্রী পারভিন আকতার। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, আককৃতদের থানায় আনা হলে ওই দুই নারীর কোলে থাকা দুই শিশু কান্না ভেঙ্গে পড়ে। শিশুদের সাথে তার মায়েরাও কান্না করতে থোকে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, শিশুসহ দুই মাদক কারবারী নারী ও এক পুরুষকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফুলবাড়ীতে দায়সারা ভাবে প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজনের অভিযোগ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দায়সারা ভাবে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করার অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনকের বিরুদ্ধে। বিগত বছরের প্রদর্শনী অপেক্ষা এ বছরের প্রদর্শনী মানসম্মত না হওয়ায় প্রদর্শনীতে অংশ নেয়া প্রাণির মালিক এবং সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ফুলবাড়ী কুড়িগ্রামের বাস্তবায়নে গত ২৫ ফেব্রুয়ারী ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর বরাদ্দ ছিল ২ লাখ ৪৯ হাজার টাকা। প্রদর্শনীতে প্রাণি প্রদর্শনের জন্য ৩২ টি স্টল স্থাপন করা হলেও দর্শনীয় প্রাণি ও পাখির সংখ্যা ছিল খবই নগন্য।

তাছাড়া অনুষ্ঠানের সাজসজ্জা, আপ্যায়ণ ও পুরস্কার ছিল নিন্মমানের। কোটেশনের মাধ্যমে সাজসজ্জা ও আপ্যায়নের প্রতিষ্ঠান নিয়োগ করার নিয়ম থাকলেও তা না করে কর্মকর্তার ইচ্ছামত প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। এমনকি প্রদর্শনীর জন্য করা হয়নি কোন মাইকিং বা প্রচার- প্রচারণা।

সাজসজ্জার দায়িত্বে নিয়োজিত ভাই ভাই ডেকোরেটরের মালিক নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার কাছে ৬৯ হাজার টাকার চেক এ স্বাক্ষর নিয়ে টাকা উত্তোলন করে আমাকে মাত্র ৩০ হাজার টাকা দেয়া হয়েছে। বাকি টাকা স্যার রেখে দিয়েছেন।

খাদ্য সরবরাহকারী রাধুনি হোটেলের মালিক আমিনুল ইসলাম নোলা জানান, আমার কাছে মাত্র ৩৬ হাজার টাকার খাদ্য নেয়া হয়েছে। শুনেছি খাওয়া বাবদ ৮০ হাজার টাকা বরাদ্দ ছিল।

প্রদর্শনীতে অংশ নিয়ে ২য় স্থান অর্জনকারী নুরুজ্জামান ডেইরি ফার্মের মালিক নুরুজ্জামান মিয়া আক্ষেপ করে বলেন, গত গতবছর ২য় স্থান অধিকারকারীকে ৪ হাজার টাকা পুরস্কার দেয়া হয়েছে। এ বছর দেড় হাজার টাকা দেয়া বড়ই বেমানান হয়েছে।

পাখি প্রদর্শনে প্রথম পুরস্কার বিজয়ী রেদোয়ানুল ইসলাম জানান, বিগত বছরের প্রদর্শনীতে প্রথম স্থান অধিকারকারীদের কত টাকা পুরস্কার দেয়া হয়েছে তা জানিনা। এবছর দুই হাজার টাকা পেয়েছি ।

এ প্রসঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) আরিফুর রহমান কনক বলেন, নিয়মমাফিক প্রাণিসম্পদ প্রদর্শনী করা হয়েছে, তবে কোটেশন করিনি,পরে করবো।  আর যাবতীয় তথ্য ওয়েবসাইটে আছে।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস এ প্রসঙ্গে বলেন, আমার জানা মতে সরকারী নিয়ম অনুযায়ী প্রদর্শনী করা হয়েছে। এর বাইরে কারও কোন অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল হাই জানান, এ বিষয়ে জেলা কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার সাথে কথা বলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

ট্রেনে ৭০০ টাকায় যাওয়া যাবে ঢাকা-কক্সবাজার

জাতীয় ডেস্কঃ সর্বনিম্ন ৭০০ টাকায় ঢাকা থেকে যাওয়া যাবে কক্সবাজার। প্রতিদিন রাজধানী থেকে ছাড়বে ১০ জোড়া পর্যটক ট্রেন। বছরে প্রায় ২ কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা নিয়ে পর্যটন নগরীতে নতুন বছর চালু হচ্ছে ঝিনুক আকৃতির রেলস্টেশন।

এই ঝিনুক আকৃতির স্টেশন চালু হলে ঢাকা থেকে মাত্র ৮ ঘন্টায় সমুদ্র নগরীতে পৌঁছানো যাবে। আর চট্টগ্রাম থেকে যেতে সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, ঢাকা থেকে কক্সবাজার চলাচলে সর্বোচ্চ টিকিটের মূল্য হবে ১৫০০ টাকা।

এশিয়ার একমাত্র পর্যটন স্টেশন চালু হলে এটি দেখতে অনেক মানুষ ছুটে আসবেন কক্সবাজারে। আবার যাতায়াত সহজ হওয়ায় সমুদ্র নগরীতে বাড়বে কয়েক গুণ পর্যটক।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে রেলপথ নিয়ে সবার অপেক্ষা, সেই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ এই রেলস্টেশন। ছয় শতাধিক শ্রমিক ও প্রকৌশলীর শ্রমে চার বছরে এটি এখন দৃশ্যমান। চারদিকে চলছে গ্লাস ফিটিংস, ছাদের স্টিল ক্যানোফি আর নানা ধরনের ফিটিংস বসানোর কাজ।

প্রকল্প পরিচালক মফিজুর রহমান বলেন, এ ধরনের স্টেশন বাংলাদেশে এটিই প্রথম। এমনকি আমাদের উপমহাদেশেও এখন পর্যন্ত এমন কোনো স্টেশন নেই। এই রেলস্টেশন চালু হলে বিদেশি পর্যটকের আগমন বাড়বে।

স্টেশনটি অনেকটা উন্নত বিশ্বের কোনও বিমান বন্দরের মতো। ভবনের নিচতলায় আছে টিকিট কাউন্টার, লকারসহ নানা সুবিধা। দ্বিতীয় তলায় শপিংমল, রেস্তোরাঁ। তিন তলায় আছে তারকামানের হোটেল, যেখানে ৩৯টি রুমে থাকার সুযোগ পাবেন পর্যটকরা।

এই স্টেশনটি ২৯ একর জমির উপর ২১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই স্টেশন। যার সম্পূর্ণ ফ্লোর এরিয়া ধরা হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩৫ বর্গফুট। যেখানে প্রতিদিন যাওয়া আসা করতে পারবেন প্রায় ১ লাখ যাত্রী। বিশ্বের সকল পর্যটকের কথা মাথায় রেখে নান্দনিকভাবে স্টেশনটিকে সাজানো হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাদেশে এ ধরনের স্টেশন আমাদের জন্য খুবই গর্বের বিষয়। এর মধ্য দিয়ে ঢাকা ও কক্সবাজার যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

ঢাকা থেকে প্রতিদিন ১০ জোড়ার পাশাপশি চট্টগ্রাম থেকে সরাসরি ও লোকাল মিলে আরো বেশ কিছু ট্রেন যাবে কক্সবাজার। পর্যটকবাহী এক একটি ট্রেনে থাকবে ৮০০ থেকে ১২০০ যাত্রী। সবমিলিয়ে এ রেলপথে বছরে যাত্রী আসা যাওয়া করবে প্রায় ২ কোটি।

মফিজুর রহমান রহমান আরও বলেন, আন্তঃনগর পর্যটকদের জন্য আমরা প্রায় ১০ জোড়া আধুনিক ট্রেন চালাবো। এছাড়া সবার জন্য লোকাল ট্রেন থাকবে।

চট্টগ্রাম কক্সবাজার রেলপথে এটিসহ মোট নয়টি স্টেশন থাকবে। যার মাধ্যমে স্থানীয় অর্থনীতির যোগসূত্র তৈরি হবে। স্টেশন ঘিরে হোটেল-মোটেল ও পরিবহন খাতে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা। সমৃদ্ধ হবে আশপাশের কয়েক কিলোমিটারের অর্থনৈতিক কর্মকাণ্ড।

উক্ত প্রকল্পের পরিচালক বলেন, ব্যবসায়ী বা শিল্পপতিরা তাদের পণ্য ঢাকা থেকে কম খরচে কক্সবাজারে নিয়ে যেতে পারবেন। কারণ সাধারণ যানবাহনে খরচ দ্বিগুণ।

চলতি বছরে সব কিছু ঠিক থাকলে, বিশ্বমানের এ স্টেশনের যাত্রী হওয়ার সুযোগ পাবেন পর্যটকরা।

দেশে বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতির রেকর্ড সর্বোচ্চ : খাদ্যমন্ত্রী

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বাংলাদেশে খাদ্যের কোন সংকট নেই। দেশে কখনও কোন দুর্ভিক্ষ হবেনা। কারন স্বাধীনতার পর বর্তমানে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ খাদ্যের মজুদ রয়েছে।বাংলাদেশে ১০ লক্ষ মেট্রিকটন খাদ্য মজুদ খাকলেই যথেষ্ঠ। কিন্তু বর্তমানে আমাদের মজুদ ২১ লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে গেছে। স্বাধীনতার পর মজুদের এই রেকর্ড সর্বোচ্চ। কর্মসূচীর আওতায় বিতরন পরিস্থিতিও ঠিক একইরুপ।

খাদ্যমন্ত্রী রবিবার সকাল ১০টায় নওগাঁ শহরে খোলা বাজারে চাল ও আটা বিক্রির বিভিন্ন দোকান পরিদর্শনের সময় সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন। এ সময় রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক পাটোয়ারি, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবিরসহ খাদ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা বৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী বলেছেন, কিছুদিন আগেই দেশে মানুষের ঘরে ঘরে আমন ধান উঠেছে। ওএমএস কর্মসূচী চালু রাখার সময় এটা নয়। দেশের নিম্নআয়ের মানুষ যাতে খাদ্যে কষ্ট না পান সে লক্ষেই সরকার দেশে এই কর্মসূচী চালু রেখেছে। এই কর্মসূচীতে সারাদেশে দুই হাজার ৫শ ৫০ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ১৪ হাজার থেকে সাড়ে ১৪ হাজার মেট্রিকটন চাল ও আটা বিক্রি করা হচ্ছে। সাধারন মানুষের যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে ডিলারের সংখ্যা বৃদ্ধি করে এই কর্মসূচীকে আরও জোরদার করা হবে।

মন্ত্রী আরও বলেন, যতদিন পর্যন্তু মানুষ ওএমএস-এর চাল আটা আর চাইবেনা ততদিন সরকার এই কার্যক্রম চালিয়ে যাবে। আমরা শুধু গভীরভাবে পর্যবেক্ষন করবো ওএমএস ডিলাররা কোন অনিয়ম করছে কিনা, কোন স্মাগলিং করছে কিনা, সাধারন ক্রেতারা ঠিকমত খাদ্য ক্রয় করতে পারছেন কিনা, ওজনে কম দেয়া হচ্ছে কিনা এবং নিম্নমানের খাদ্য সরবরাহ করা হচ্ছে কিনা। এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি রয়েছে। এ বিষয়ে কোন অনিয়ম দেখা গেলে সাথে সাথে ঐ ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেছেন, সরকার আগামী ১লা মার্চ থেকে পুনরায় খাদ্যবান্ধব কর্মসূচী চালু করা হচ্ছে। এই কর্মসূচীর আওতায় দেশের ৫০ লক্ষ পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা করে মাসে ৩০ কেজি করে চাল সরবরাহ করা হবে। পাশাপাশি ওএমএস কার্যক্রমও চালু থাকবে।

খাদ্যমন্ত্রী বলেছেন, কৃষি ও কৃষকদের কল্যানে প্রধামন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন, যার ফলে বাংলাদেশে কৃষিতে বিপ্লব ঘটেছে। বিগত আমন মওসুমে ধান উৎপাদনে বাম্পার ফলন হয়েছে। সার বীজ কীটনাশক সহজলভ্য হওয়ায় আগামী বোরো মওসুমেও বোরো’র বাম্পার ফলন হবে।

খাদ্যমন্ত্রী বলেছেন, ওএমএস কর্মসূচীতে যে চাল ও আটা দেয়া হচ্ছে সেগুলো উন্নতমানের সম্পূর্ন খাওয়ার উপযোগি। বিশেষ করে বাজারের প্যাকেট আটার থেকেও ওএমএস কর্মসূচীতে দেয়া আটা বেশী পরিস্কার এবং প্রোটিনযুক্ত। তারপরও কিছু মানুষ অভিযোগ করে বলছেন ওএমএস-এর আটা ও চাল নিম্নমানের পচা। খাওয়ার উপযোগি নয়। আবার তারাই আবার বলছে ওএমএস-এর খাদ্য সামগ্রী স্মাগলিং হচ্ছে।

তিনি এসব গুজব রটনাকারীদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন এসব খাদ্য সামগ্রী যদি নিম্নমানের হয়, পচা হয়, তাহলে সেগুলো আবার স্মাগলিং হয় কিভাবে???

ওজন কমাতে খিচুড়ি যেভাবে রান্না করবেন

লাইফস্টাইল ডেস্কঃ খিচুড়ি খুবই মুখরোচক ও জনপ্রিয়  খাবার। সবজি খিচুড়িতে প্রচুর মাত্রায় ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং বেশ কিছু খনিজ থাকে। এগুলো হজম ক্ষমতার উন্নতি ঘটায়। মুগ ডালের খিচুড়ি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। ওজন কমাতে খিচুড়ি পরোক্ষভাবে সাহায্য করে।

চলুন তাহলে দেখে নেই ওজন কমাতে খিচুড়ি রান্নার রেসিপি-

উপকরণঃ বাসমতি চাল- ২/৩ কাপ, মুগ ডাল-  ১/৩ কাপ, পেঁয়াজ কুচি- ১ টি, শাকসবজি(পছন্দমতো)- ১ কাপ,  ঘি- ২ টেবিল চামচ, লবঙ্গ- ৪টি, কারি পাতা-  ৫-৬টি, কালো গোলমরিচ- ৫টি, তেজপাতা- ২টি, দারুচিনি- ১ টি, আস্ত জিরা- ১/৪ চা চামচ, হলুদ গুঁড়া-  ১/৪ চা চামচ, লাল মরিচ গুঁড়া-  ১/২ চা চামচ, পানি- ৩ কাপ, লবণ স্বাদমত।

প্রস্তুত প্রণালীঃ প্রথমে চাল ও মুগ ডাল ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর পানি ঝরিয়ে অন্য পাত্রে রাখুন। একটি প্যানে ঘি গরম করুন। এরপর গরম ঘি তে কারি পাতা, জিরা, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি, কালো গোলমরিচ যোগ করুন। এটি ৩০-৪০ সেকেন্ড ভেজে নিন। এবার এর মধ্যে কাটা পেঁয়াজ দিয়ে দিন। এটি হালকা বাদামী রঙ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

পেঁয়াজের রঙ বাদামী হয়ে এলে কেটে রাখা সবজি মিশান। এক্ষেত্রে মটরশুটি, আলু, গাজর, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি মিশাতে পারেন। এবার সবজিগুলো ২ মিনিট ভেজে নিন।এখন লবণ, মুগ ডাল, ভেজানো চাল, হলুদ, লাল মরিচ গুঁড়া, এবং মরিচ গুঁড়া একসাথে দিয়ে দিন। এগুলো ভাল করে মিশিয়ে নিন। ২ থেকে ৩ মিনিট রান্না করুন।

এবার ৩ কাপ পানি মিশান। এটি ফুটতে শুরু করার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবার ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। চাল সিদ্ধ হয়ে এলে এবং পানি শুষে নিলে চুলা থেকে নামিয়ে ফেলুন। স্বাদ বাড়ানোর জন্য কিছু ধনেপাতা দিয়ে দিতে পারেন। এবার গরম গরম পরিবেশন করুন সবজি খিচুড়ি।

 

স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ১৬৬ টাকা

অর্থনীতিক ডেস্কঃ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে নতুন দর কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

এর আগে, চলতি মাসের প্রথম সপ্তাহে আরও এক দফা স্বর্ণের দর কমানো হয়। বিশ্ববাজারে দাম নিম্নমুখী থাকায় দেশের বাজারেও স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। অর্থাৎ, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম হচ্ছে ৯১ হাজার ৯৬ টাকা।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি নতুন দাম নির্ধারণ করেছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৮৭ হাজার ১৩ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৬৯৮ টাকা কমিয়ে ৬২ হাজার ১৬৯ টাকা করা হয়েছে।

এদিকে, স্বর্ণের দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভ‌রি রূপা কিনতে গুনতে হবে ১ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।